Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Udaipur Killing: উদয়পুর হত্যাকাণ্ডে দাওয়াত-ই-ইসলামির যোগ! জানুন কী এই সংগঠন

    Udaipur Killing: উদয়পুর হত্যাকাণ্ডে দাওয়াত-ই-ইসলামির যোগ! জানুন কী এই সংগঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের উদয়পুরে (Udaipur Case) ঘটে যাওয়া ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিয়ে আলোড়ন পড়েছে গোটা দেশ জুড়ে। রাজস্থান পুলিশের পাশাপাশি উদয়পুর হত্যাকান্ড নিয়ে তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার দুপুরে উদয়পুর শহরের ধানমান্ডি এলাকায় দোকানে ঢোকে কুপিয়ে খুন করা হয় কানহাইয়া লাল তেলিকে ৷ গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছিলেন কানহাইয়া ৷ এই খুনের দায়ে ধৃত মহম্মদ গাউসের সঙ্গে যোগ ছিল পাকিস্তানের চরমপন্থী সংগঠন দাওয়াত-ই-ইসলামের। 

    ১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে দাওয়াত-ই-ইসলামির প্রতিষ্ঠা করেছিলেন মওলানা ইলিয়াস আত্তারি। সুন্নি মুসলিমদের এই সংগঠন নিজেদের নবী মহম্মদের বাণী প্রচারকারী একটি অলাভজনক সংস্থা বলে দাবি করে। বর্তমানে বিশ্বের প্রায় ১৯৪টি দেশে এই সংগঠন ছড়িয়ে পড়েছে। এই সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের নামের সঙ্গে আত্তারি যোগ করেন। উদয়পুর হত্যাকাণ্ডে অভিযুক্ত মহম্মদ রিয়াজও তার নামের সঙ্গে আত্তারি ব্যবহার করেন।

    আরও পড়ুন: উদয়পুর হত্যাকাণ্ডে খুনিদের আইসিস যোগ! জড়িত নয় পাকিস্তান, জানাল পাক বিদেশমন্ত্রক

    ১৯৮৯ সালে পাকিস্তান থেকে এই সংগঠনের প্রতিনিধি দল ভারতে প্রবেশ করে। আলোচনার মাধ্যমে ভারতে এই সংগঠনের প্রতিষ্ঠা করা হয়। প্রথমে মুম্বই ও দিল্লিতে এই সংগঠনের দফতর ছিল। সংগঠনের শীর্ষ নেতা সৈয়দ আরিফ আলি আত্তারি ভারতে প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করছে। দাওয়াত-ই- ইসলামির মতাদর্শ প্রচারের জন্য একটি টেলিভিশন চ্যানেল রয়েছে। মাদানি নামের এই টেলিভিশন চ্যানেলে উর্দুর পাশাপাশি ইংরেজি ও বাংলাতে অনুষ্ঠান প্রচার করে। নবীর জন্মদিনে এই সংগঠনটি মুসলিম প্রধান অঞ্চলে মিছিল বের করে।

    গত তিন দশকে দাওয়াত-ই-ইসালামির বিরুদ্ধে ধর্মান্তকরণের একাধিক অভিযোগ রয়েছে। এই সংগঠন শরিয়া প্রচারের জন্য ৩২টি ইসলামিক কোর্স চালু করেছে। এই কোর্সগুলো অনলাইনেও করা যায়। অভিযোগ, এই কোর্সের মাধ্যমে দাওয়াত-ই-ইসলামি ধর্মান্তরিত করার বিশেষ প্রশিক্ষণ দেয়। কট্টর মুসলিম তৈরি করার প্রশিক্ষণও দেওয়া হয়। উদয়পুর হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত এই সংগঠনের উগ্র প্রচারক ছিল কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। খুনের পর দুই অভিযুক্ত আজমির শরিফ যাচ্ছিল বলে সন্ত্রাস দমন শাখার পুলিশ জানিয়েছে।

  • Katra Theme Park: বৈষ্ণোদেবী মন্দিরের কাছে তৈরি হচ্ছে কাটরা থিম পার্ক

    Katra Theme Park: বৈষ্ণোদেবী মন্দিরের কাছে তৈরি হচ্ছে কাটরা থিম পার্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশেষ করে রামায়ণ, মহাভারতের কাহিনীর উপর ভিত্তি করে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের কাছে তৈরি হচ্ছে পুরাণ কেন্দ্রিক একটি থিম পার্ক। পর্যটন মানচিত্রে জম্মু-কাশ্মীরের  আরও একটি দিক তুলে ধরবে কাটরা থিম পার্ক এমনটাই দাবি প্রশাসনের। 

    ওই পার্ক তৈরির জন্য প্রায় ৫০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের এক সরকারি আধিকারিকের কথায়, ওই পার্ক তৈরির জন্য অর্থ বরাদ্দ করবে এমন সংস্থার খোঁজ চলছে। ডিজনির ধাঁচে ওই পার্ক তৈরি করা হবে। এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে বলে দাবি প্রশাসনের। শিক্ষা এবং বিনোদনের মিশেলে তৈরি হবে এই পার্ক।

    পর্যটন শিল্প কাশ্মীরের অর্থনৈতিক ভিত্তি। এখানকার পর্যটন শিল্পের কর্তারাও দাবি করেন, সীমান্ত সমস্যা নানা সংশয় জম্মু-কাশ্মীরের পর্যটনের ক্ষেত্রে মাঝেমাঝেই বাধা হয়ে দাঁড়ায়। তবুও দেশের পর্যটন মানচিত্রে বরাবরই উজ্জ্বল বিন্দু জম্মু-কাশ্মীর। এখানকার কাটরায় একটি প্রাচীন গুহার ভেতরে অবস্থিত প্রাচীন বৈষ্ণোদেবী মন্দির। বহু দূর থেকে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মনে করা হয় মাতা বৈষ্ণো দেবীর কাছে একবার কোনও জিনিস চাইলে মা সবসময় তাঁর ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করেন। যে ভক্তরা এখানে মন্দির দর্শন করতে আসবেন, তাঁদের কাছে এই থিম পার্ক আরেকটি আকর্ষণ হবে বলে দাবি করা হচ্ছে। আশা, সময়ের সঙ্গে সঙ্গে এই পার্ক সেখানকার অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রও হতে পারে। 

  • Lunar eclipse: বছরের প্রথম চন্দ্রগ্রহণের আগের রাতে আকাশে দেখা যাবে লাল চাঁদ

    Lunar eclipse: বছরের প্রথম চন্দ্রগ্রহণের আগের রাতে আকাশে দেখা যাবে লাল চাঁদ

    মাধ্যম নিউজ ডেস্ক : বছরের ‌প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে  চলতি মাসের ১৬ তারিখ। ২০২২ সালে দু’‌টি চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং উভয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। কিছুদিন আগেই ৩০ এপ্রিল গোটা বিশ্ব আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে। আর তার ১৫ দিন পরই ১৬ মে বৈশাখী পূর্ণিমার দিন হবে চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমাতে হয়।

    ১৬ মে চন্দ্রগ্রহণটি দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার মতো দেশগুলি থেকে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। এদিন চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৭টা ২ মিনিট থেকে এবং তা শেষ হবে দুপুর ১২ টা ২০ মিনিটে।  যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। 

    পূর্ণিমার সময়, কখনও কখনও পৃথিবীর ছায়া চাঁদের উপর আংশিক বা সম্পূর্ণ পড়ে, যার ফলে চন্দ্রগ্রহণ হয়। গ্রহণের সময় চাঁদের রং মর্চে পড়া লোহার মতো লাল হয়ে যায়। যাকে মানুষ ব্লাড মুন (Blood Moon) বলে। সাধারণত, যখন সূর্যের আলো পৃথিবীর চার দিক থেকে চলে গিয়ে চাঁদের ওপর পড়ে তখন চাঁদ লাল দেখায়। পৃথিবীর ছায়ার কারণে যখন সূর্যের আলো চাঁদকে লাল রঙ দেয়, তখন তাকে ব্লাড মুন বলে। আগামী ১৫ মে গ্রহণের আগের রাতে আকাশে চাঁদ থাকবে লাল। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৮ নভেম্বর, ২০২২।

  • Coronavirus: হাসপাতালই দায়ী! রোগী-ভর্তির সঠিক ব্যাখ্যা নেই, তাই মিলছে না করোনা-বিমার টাকা

    Coronavirus: হাসপাতালই দায়ী! রোগী-ভর্তির সঠিক ব্যাখ্যা নেই, তাই মিলছে না করোনা-বিমার টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দুটো বছর ধরে চলছে করোনা (Coronavirus) পরিস্থিতি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই মারণ ভাইরাসে (Covid19) আক্রান্ত হয়েছেন। ওমিক্রন, ডেল্টা ভ্যারিয়েন্ট, ফ্লোরিনা ভ্যারিয়েন্টের হানায় সাঁড়াশি চাপের মতো অবস্থা গিয়েছে মানুষের। ইতিমধ্যেই করোনার চিকিৎসার জন্য বহু মানুষ বিমা (Covid Health Insurance) করিয়ে রেখেছেন। কিন্তু বিমা করিয়ে রেখেও মেলেনি টাকা। অনেক ক্ষেত্রেই করোনা বিমাতে টাকা পাওয়া যায়নি। এ প্রসঙ্গে হাসপাতালগুলোকে দায়ী করছে বিমা সংস্থাগুলি।

    বিমা সংস্থাগুলির তরফে বলা হয়েছে, অনেককেই হাসপাতালে দেখে বাড়িতে থেকে চিকিৎসা করার পরামর্শ দেওয়া যেত, কিন্তু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বহু ব্যক্তিকে হাসপাতালে কেন ভর্তি করা হয়েছে বা তাঁদের কী বিশেষ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে, তা বিশদে ব্যাখ্যা করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই অনেকক্ষেত্রেই বিমার টাকা পাননি রোগী বা তাঁর পরিবার। সহজে বিমার টাকা পেতে হলে, হাসপাতাল কর্তৃপক্ষকে ভালভাবে রোগীর বিষয়ে জানাতে হয় নাহলেই সমস্যা দেখা দেয়,বলে দাবি বিমা সংস্থাগুলির।

    আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ছে উদ্বেগও, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    বিমার টাকা মেলেনি কোভিড টিকাকরণের ক্ষেত্রেও। কোভিড -টিকা না নেওয়া থাকলে বা যথাযোগ্য শর্ত না মানা হলে বিমার টাকা দেওয়া যায়নি। হোটেলে বা কোনও বিশেষ কোরেন্টাইন সেন্টারে থাকলে বিমা সংস্থা সে টাকাও দিতে পারেনি। কারণ হাসপাতাল ছাড়া অন্য কোনও জায়গার টাকা মেটানো বিমা-বিধির আওতায় নয়।

    প্রসঙ্গত, দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের দাপট। যদিও শুক্রবারের তুলনায় শনিবার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। শুক্রবারের থেকে ৮.১ শতাংশ কমল সংক্রমণ। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৭৯। দৈনিক সুস্থতার হার ৪.৩৯ শতাংশ। এক দিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। দেশে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।

     

  • Ukraine-Russia War: রুশ সেনাদের হাতে প্রায় বন্দি হয়ে গিয়েছিলেন পরিবার-সহ জেলেনস্কি

    Ukraine-Russia War: রুশ সেনাদের হাতে প্রায় বন্দি হয়ে গিয়েছিলেন পরিবার-সহ জেলেনস্কি

    মাধ্যম নিউজ ডেস্ক:  রুশ সেনারা প্রায় ধরেই ফেলেছিলেন, অল্পের জন্য বেঁচে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক। ইউক্রেন যুদ্ধের প্রথম দিকের কথা স্মরণ করে ইয়ারমাক জানান, রুশ সেনারা প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের বন্দি করার খুব কাছে চলে এসেছিলেন।  

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান ঘোষণার পরের দিন জেলেনস্কি আর তাঁর স্ত্রী  ওলেনা জেলেনস্কার ঘুম ভেঙে গেলে তাঁদের ১৭ বছর বয়সী মেয়ে ও ৯ বছর বয়সী ছেলে জানায় যে বোমাবর্ষণ শুরু হয়ে গেছে। সেদিন খুব জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল বলে সাক্ষাৎকারে দাবি করা হয়েছে। শীঘ্রই জেলেনস্কি বুঝতে পারেন যে তিনিই হামলার লক্ষ্য এবং প্রেসিডেন্টের অফিস আর  নিরাপদ নয়। জেলেনস্কি বলেন, তাঁকে জানানো হয়েছিল যে একটি রাশিয়ান দল তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যা বা বন্দি করার জন্য কিয়েভে নামছে।

    কীভাবে প্রেসিডেন্টের গার্ড কম্পাউন্ডটি সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন তা জানিয়েছেন জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক। তিনি বলেন, “সেই রাতের আগে, আমরা কেবল সিনেমাতেই এসব দেখেছি।” পিছনের প্রবেশদ্বারের একটি গেট পুলিশ ব্যারিকেড এবং প্লাইউড বোর্ডের স্তূপ দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল। রাশিয়ান আক্রমণের প্রথম রাতে, লাইট বন্ধ করে দেওয়া হয় এবং কম্পাউন্ডের ভেতরের রক্ষীরা জেলেনস্কি এবং তাঁর সহযোগীদের জন্য বুলেটপ্রুফ ভেস্ট এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে আসেন। ওই রাতে রাশিয়ান সেনারা দুইবার কম্পাউন্ডের ভেতরে ঢোকার চেষ্টা করেন। সে সময়  জেলেনস্কি এবং তাঁর স্ত্রী-সন্তান ভেতরেই ছিলেন বলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ কর্মকর্তা ওলেক্সি আরেস্তোভিচ জানিয়েছেন। 

    প্রসঙ্গত, রাশিয়ার আক্রমণের মুখে প্রতিরোধ গড়ে তোলায় বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন জেলেনস্কি। রুশ আগ্রাসন শুরুর পর দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন তিনি। 

  • Monsoon Hits Andamans: সময়ের আগেই বর্ষা ঢুকল আন্দামানে, রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস

    Monsoon Hits Andamans: সময়ের আগেই বর্ষা ঢুকল আন্দামানে, রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক:  সময়ের আগেই এবার এসে গেল বর্ষা (Monsoon)। ইতিমধ্যে আন্দামান (Andaman)সাগরে ঢুকে পড়েছে বর্ষা। দিল্লির মৌসম ভবন (IMD) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সৌজন্যে ১৬ মে বর্ষা প্রবেশ করেছে আন্দামান-নিকোবরে ৷ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশেও সক্রিয় রয়েছে বর্ষা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের নির্ধারিত দিন ছিল ২২ মে। কিন্তু এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷  আগামী ৫ দিন আন্দামানে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৬০  কিমি প্রতি ঘণ্টা হতে পারে ৷

    তবে, আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশ করে গেলেও এখনই বর্ষা আসছে না দেশের মূল ভূ-খণ্ডে ৷ কেরল (Kerala) হয়েই দেশে বর্ষার আগমন হয় ৷ নির্ঘণ্ট অনুযায়ী কেরলে বর্ষা ঢোকার কথা ১ জুন। তবে মৌসম ভবনের খবর,কেরলে এ বার বর্ষা ঢুকতে পারে ২৭ মে নাগাদ। মৌসম ভবনের নির্ঘণ্ট অনুযায়ী বঙ্গে বর্ষা পৌঁছনোর স্বাভাবিক তারিখ ১০ জুন। কেরলে এ বার আগেভাগে ঢুকলেও বর্ষা সেই ধারা বজায় রেখে কিছুটা আগে বঙ্গেও হাজির হবে কি না, তা এখনই বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন আবহবিজ্ঞানীরা।

    বাংলায় এখনই বর্ষা না এলেও আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন দুয়েক উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ওই দুই জেলায় ভারী বৃষ্টি এখন চলতে পারে বলে আবহবিজ্ঞানীরা মনে করছেন। বঞ্চিত হবে না দক্ষিণবঙ্গও। আগামী দিন দুয়েক গাঙ্গেয় বঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারা জানাচ্ছে,বৃষ্টি হবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর,মালদহেও। আবহবিজ্ঞানীদের ব্যাখ্যা, সদ্য বিদায় নেওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলেই আকাশ মেঘলা থাকছে এবং সন্ধ্যার পরে ঝড়বৃষ্টি হচ্ছে। কলকাতার ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • What is AYUSH visa: আয়ুর্বেদ চিকিৎসা করাতে চাইলে বিদেশিদের দেওয়া হবে সুযোগ, ভারত চালু করবে আয়ুষ ভিসা

    What is AYUSH visa: আয়ুর্বেদ চিকিৎসা করাতে চাইলে বিদেশিদের দেওয়া হবে সুযোগ, ভারত চালু করবে আয়ুষ ভিসা

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়ুর্বেদ শাস্ত্র ভারতের ঐতিহ্য। আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন জটিল এবং দুরারোগ্য অসুখেও আয়ুর্বেদ কাজ করে। ভারতে এসে আয়ুর্বেদ চিকিৎসা করাতে চাইলে এবার থেকে বিদেশিরা বিশেষ সুযোগ পাবেন। এ ক্ষেত্রে নতুন ভিসা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। খুব শীঘ্রই ভারত চালু করতে চলেছে আয়ুষ ভিসা। সম্প্রতি গান্ধীনগরে তিন দিনের জন্য চলা গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট এবং ইনোভেসন সামিট (Global AYUSH Investment and Innovation Summit)-এর উদ্বোধন করতে এসে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,”নতুন এই ভিসার বিষয়ে এগোচ্ছে ভারত।” ভারতের প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসাকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য এটি একটি অভিনব প্রচেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    AYUSH কাকে বলা হয়?
    ভারতের প্রাচীন পাঁচটি চিকিৎসা পদ্ধতিকে একসঙ্গে আয়ুষ বলা হয়। এর মধ্যে রয়েছে ৬টি শাস্ত্র। আয়ুর্বেদ,যোগাসন, নেচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি।

    প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক বছরে এই আয়ুষ নিয়ে দেশের তো বটেই বিদেশের মানুষের মধ্যেও আকর্ষণও অনেকখানি বেড়ে গিয়েছে। ফলে এই বিদ্যাচর্চার জন্য এবং এগুলির সাহায্য নিতে এখন বহু মানুষ ভারতে আসছেন। আর সেই কারণেই এই ভিসার কথা ভাবা হয়েছে সরকারের তরফে। কোভিড-কালে এই ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে বলে জানান মোদী। এই সময়ে ‘আয়ুষের কাড়হা’ এবং অন্যান্য অনুরূপ পণ্যগুলি মানুষকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে। দেশ থেকে হলুদ রপ্তানিও করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর কথায়, প্রত্যেক বছর বহু মানুষ কেরলে যান এই ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে। এগুলি ভারতের নিজস্ব বিদ্যা। এগুলিকে ঠিক করে পৃথিবীর সামনে তুলে ধরা গেলে দেশের উপকার হবে, সুনাম বাড়বে, বিদ্যাগুলি বহু মানুষের কাজে লাগবে এবং এগুলি নিয়ে ভবিষ্যতে চর্চা বাড়বে। এদিন তাঁর ভাষণে, প্রধানমন্ত্রী মোদী জানান, যে আয়ুষের ক্ষেত্রে বিনিয়োগ এবং উদ্ভাবনের সম্ভাবনা সীমাহীন। তিনি আরও যোগ করেন, ‘আমরা ইতিমধ্যেই আয়ুষ ওষুধ, পুষ্টিপরিপূরক এবং প্রসাধনী উৎপাদনে একটি অভূতপূর্ব বৃদ্ধি প্রত্যক্ষ করছি। এবার আমরা একটি বিশেষ আয়ুষ হলমার্ক তৈরি করার পথে রয়েছি। এই হলমার্কটি ভারতে তৈরি সর্বোচ্চ মানের আয়ুষ পণ্যগুলিতে প্রয়োগ করা হবে।’ঔষধি গাছের চাষের সঙ্গে জড়িত কৃষকদের সহজেই বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা পাওয়া উচিত বলে মনে করেন মোদী। এর জন্য, সরকার আয়ুষ ই-মার্কেটপ্লেসের আধুনিকীকরণ এবং সম্প্রসারণের জন্যও কাজ করছে।

  • Boris Johnson spins Charkha: ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষে গান্ধীর চরকায় সুতো কাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    Boris Johnson spins Charkha: ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষে গান্ধীর চরকায় সুতো কাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পট পরিবর্তন।  তখন সময়টা ছিল ১৯৩০। ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে পরাধীন রাষ্ট্র। মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনে হাতিয়ার হয়ে উঠেছিল এই চরকা। পরে, যা স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গান্ধীর চরকা রাতের ঘুম কেড়ে নিয়েছিল ব্রিটিশদের। অচিরেই, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল এই দেশ।

    এখন ২০২২। ভারত স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি পালন করছে মহা ধুমধামের সঙ্গে। আর ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আগমন নতুন কিছু নয়। তবে, জনসনের এই সফর, অনেক দিক দিয়ে উল্লেখযোগ্য বটে।  কারণ, এই প্রথম কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীর সবরমতী আশ্রমে পা রাখলেন। তার চেয়েও বড় কথা, যে চরকা একদিন ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যে চরকা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত গড়ে দিয়েছিল, এখন সেই সবরমতী আশ্রমে সেই চরকার সামনে পা মুড়ে বসে সুতো কাটলেন এক ব্রিটিশ প্রধানমন্ত্রী। ছবিও তুললেন। 

    স্বাধীনতা উত্তর ভারতের এই ছবি, যেন ১৩৩ কোটি দেশবাসীর কাছে একটা গর্বের মুহূর্ত। যে ছোটখাটো মানুষটির অহিংস আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যকে, আজ তাঁরই ঘরে পা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আজ থাকলে হয়তো খুব খুশি হতেন মোহনদাস কর্মচন্দ গান্ধী। 

    বৃহস্পতিবার, আহমেদাবাদ হয়ে দু’দিনের ভারত সফর শুরু করার পরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রথম গন্তব্যই ছিল মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং আশ্রমের ট্রাস্টি কার্তিকেয় সারাভাই সেখানে তাঁকে স্বাগত জানান। প্রায় আধ ঘণ্টা আশ্রমে ছিলেন জনসন। গান্ধী যেখানে থাকতেন, সেই ‘হৃদয় কুঞ্জ’, গান্ধীর বিদেশিনি শিষ্যা মীরাবেন (মেডেলিন স্লেড)-এর বাসস্থান ‘মীরা কুটির’ ঘুরে দেখেন তিনি। গান্ধীর মূর্তিতে মালা দেন। চলে যাওয়ার ঠিক আগে বরিস বসে পড়েন চরকায়।  পাশে বসে এক মহিলা তাঁকে শিখিয়ে দেন, কী ভাবে চালাতে হয় চরকা। 

    ১৯১৭ থেকে ১৯৩০ পর্যন্ত গুজরাতের এই সবরমতী আশ্রমই ছিল মোহনদাস কর্মচন্দ গান্ধীর ঠিকানা। এখান থেকেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন গান্ধী। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গান্ধীকে ‘হাফ ন্যাকেড ফকির’ বলে সম্মোধন করেছিলেন। আজ তাঁর উত্তরসূরীর কথায় গাঁধী ছিলেন ‘এক অসামান্য মানুষ’। এদিন সবরমতী আশ্রম ছেড়ে যাওয়ার সময় সেখানকার ভিজিটার্স বুকে জনসন লেখেন, ‘‘এই অসামান্য মানুষটি কীভাবে দুনিয়ায় বদল আনতে সত্য ও অহিংসার সহজ নীতিকে কাজে লাগিয়েছিলেন, এখানে এসে তা বুঝতে পেরে সমৃদ্ধ হলাম।’’

    এদিন তাঁর হাতে সবরমতী আশ্রম প্রিজ়ার্ভেশন অ্যান্ড মেমোরিয়াল ট্রাস্টের তরফে দু’টি বই তুলে দেন বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের পুত্র কার্তিকেয়। আর দেওয়া হয় একটি চরকার প্রতিরূপ। আশ্রমের মুখপাত্র বিরাট কোঠারি বলেন, ‘‘ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া দু’টি বইয়ের একটি হল, ‘গাইড টু লন্ডন’। এটি গান্ধীর লেখা প্রথম বই, যা কখনও প্রকাশিত হয়নি। লন্ডনে কী ভাবে থাকতে হয়, তা নিয়েই গান্ধী এখানে নিজের মতামত লিখেছিলেন। তাঁর রচনাবলি থেকে লেখাটি সংগ্রহ করে সেটিকে আলাদা বইয়ের চেহারা দিয়েছি আমরা।’’ অন্য বইটি মীরাবেনের আত্মজীবনী— ‘দ্য স্পিরিট’স পিলগ্রিমেজ’। 

    ভারতে পা দিয়েই জনসন টুইট করেছিলেন, ‘‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে এসে দারুণ লাগছে। একসঙ্গে আমাদের দুই দেশ বিরাট সম্ভাবনা ছুঁতে পারে। আমাদের অংশীদারিত্বেই আসবে চাকরি, বৃদ্ধি, সুযোগ। ভবিষ্যতে এই সহযোগিতা আরও মজবুত করতে চাই।’’ বিমানবন্দরে জনসনকে স্বাগত জানান গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী পটেল-সহ অন্য কয়েক জন মন্ত্রী ও রাজ্য সরকারের শীর্ষ কর্তারা। আহমেদাবাদ বিমানবন্দর থেকে শুরু করে শহরে জনসনের ঠিকানা পাঁচতারা হোটেলটি পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার ধারে গোটা চল্লিশেক মঞ্চ বাঁধা হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কনভয় যখন যাচ্ছে, তখন সেই মঞ্চগুলিতে আঞ্চলিক নাচগান করছিলেন শিল্পীরা। বিমানবন্দর থেকে দফনালা, রিভারফ্রন্ট হয়ে আশ্রম রোডের হোটেলে পৌঁছন জনসন। একটু পরেই যান গান্ধী আশ্রমে। সেখান থেকে আহমেদাবাদ-লাগোয়া শান্তিগ্রামে আদানি গোষ্ঠীর সদর দফতরে এসে বৈঠকে বসেন শিল্পপতি গৌতম আদানির সঙ্গে।

    গুজরাতি শিল্পপতিদের সঙ্গে বৈঠক বা সবরমতী আশ্রমে তাঁর সফর ব্রিটেনে বসবাসকারী গুজরাতিদের মন গলাতে সাহায্য করবে, বলে মনে করে কুটনৈতিক মহল। ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের ৫০ শতাংশ গুজরাতি বংশোদ্ভূত। জনসনকে ক্ষমতায় আনার জন্য পরোক্ষভাবে ব্রিটেনে বসবাসকারী ভারতীয়েরা সাহায্য করেছিল বলে মনে করা হয়।

     

  • IPL 2022: রাজস্থানের কাছে হারলেও খুশি নাইট অধিপতি শাহরুখ

    IPL 2022: রাজস্থানের কাছে হারলেও খুশি নাইট অধিপতি শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের কাছে কেকেআর হারলেও খুশি দলের মালিক শাহরুখ খান। ওই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন কলকাতার অধিনায়ক শ্রেয়স ও ওপেনার ফিঞ্চ। যত ক্ষণ তাঁরা ক্রিজে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে কেকেআর। দু’জনেই অর্ধশতরান করেন। কিন্তু তাঁরা দু’জন আউট হতেই খেলার ছবি বদলে যায়।
    আইপিএলে (IPL)রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)কাছে হারের পরেও কলকাতা নাইট রাইডার্সের লড়াইয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই প্রশংসা শোনা গেল নাইটদের দলের অন্যতম মালিক শাহরুখ খানের গলাতেও। তাঁর বার্তা, হারলে এ ভাবেই হারা উচিত। টুইট করে দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘খুব ভাল খেলেছ। শ্রেয়স আয়ার, অ্যারন ফিঞ্চ ও উমেশ যাদব দারুণ চেষ্টা করেছে। সুনীল নারাইনকে ১৫০তম ম্যাচের জন্য ও ব্রেন্ডন ম্যাকালামকে ১৫ বছর আগের ওই ইনিংসের জন্য শুভেচ্ছা। জানি আমরা হেরেছি। কিন্তু যদি হারতেই হয় তবে এ ভাবে হারা উচিত। নিজেদের মাথা উঁচু রাখ।’
    সোমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ২১৭ রান তোলে রাজস্থান। এ বারের আইপিএলের দ্বিতীয় শতরান করেন জস বাটলার। ভাল খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও শিমরন হেটমেয়ার। নারাইন ছাড়া কলকাতার কোনও বোলার ছন্দে ছিলেন না।

    [tw]


    [/tw]
    তবে সেই রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন কলকাতার অধিনায়ক শ্রেয়স ও ওপেনার ফিঞ্চ। যত ক্ষণ তাঁরা ক্রিজে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে কেকেআর। দু’জনেই অর্ধশতরান করেন। কিন্তু তাঁরা দু’জন আউট হতেই খেলার ছবি বদলে যায়। এক ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নেন যুজবেন্দ্র চহাল। শেষ পর্যন্ত সাত রানে ম্যাচ হারে কলকাতা।

  • Nirmala Sitharaman: পেট্রল-ডিজেলে ভর্তুকি দেবে কেন্দ্রই, দাবি অর্থমন্ত্রীর

    Nirmala Sitharaman: পেট্রল-ডিজেলে ভর্তুকি দেবে কেন্দ্রই, দাবি অর্থমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পেট্রল-ডিজেলের দাম কমানোর জন্য সরকারের ২.২ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানান, কেন্দ্র এই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষতিগ্রস্ত হবে রাজকোষ। পেট্রল-ডিজেলের দাম (fuel tax) কমার একমাত্র রাস্তা ছিল শুল্কের হার কমানো। অবশেষে কেন্দ্র সেই রাস্তাতেই হাঁটল। নভেম্বরে শেষবার শুল্কের হার কমানো হয়েছিল। অর্থমন্ত্রী জানান, এই ভর্তুকিতে রাজ্যের আমদানি শুল্কের উপর কোনও প্রভাব পড়বে না। পুরোটাই সেস থেকে প্রাপ্ত কেন্দ্র সরকারের টাকা থেকে দেওয়া হবে। পেট্রল-ডিজেলের উপর থেকে কেন্দ্র এক্সাইজ ডিউটি কমাতেই সস্তা হচ্ছে জ্বালানি । পেট্রলের উপর থেকে ৮ টাকা ও ডিজেলের উপর থেকে ৬ টাকা এক্সাইজ ডিউটি কম করেছে কেন্দ্র। 

    সূত্রের খবর, এক্সাইজ ডিউটি কমানোর ফলে লিটার পিছু পেট্রল সস্তা হবে সাড়ে ৯ টাকা। অন্যদিকে সস্তা হবে ডিজেলও। প্রতি লিটার পিছু ডিজেলের দাম কমবে প্রায় ৬ টাকা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এর ফলে প্রায় ৯ কোটি গ্রাহকের মুখে হাসি ফুটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সাধারণ মানুষের কাঁধ থেকে দৈনন্দিন খরচের বোঝা লাঘব করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

    কেন্দ্র সরকার দু’দফা শুল্ক কমানোর পরই বিজেপি শাসিত রাজ্যগুলি পেট্রল-ডিজেলের দাম কমানোর কথা জানায়। পেট্রল-ডিজেলের ভ্যাট কমিয়ে দিয়েছে  তারা। দেশের একমাত্র বাম শাসিত রাজ‌্য কেরল (Kerala) দুই জ্বালানি তেলের উপর যথাক্রমে ২.৪১ টাকা এবং ১.৩৬ টাকা কর কমিয়েছে। একই পথে হেঁটেছে কংগ্রেস শাসিত রাজস্থানও। রাজস্থানে (Rajasthan) লিটারপ্রতি পেট্রলে ভ্যাট কমানো হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি কমেছে ১ টাকা ১৬ পয়সা। বাকি বিরোধী শাসিত রাজ্যগুলি অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। মহারাষ্ট্র,বাংলা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডে পেট্রল-ডিজেলের দাম বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলির থেকে ১০-১২ টাকা করে বেশি। 

LinkedIn
Share