Author: user

  • North 24 Parganas: বসিরহাটে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি, হামলাকারীর বাড়ি ভাঙচুর করে আগুন

    North 24 Parganas: বসিরহাটে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি, হামলাকারীর বাড়ি ভাঙচুর করে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল ভোটে জয়ের পরও অশান্ত উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট। জানা গিয়েছে, শুক্রবার রাতে বসিরহাটের বাঁশতলা এলাকায় আলতাফ মালি নামে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়া একজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বাঁশতলা (North 24 Parganas) এলাকায় শুক্রবার সন্ধ্যায় আলতাফসাহেব একটি দোকানে বসেছিলেন। সেই সময় এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি করে। এরপরই জনবহুল রাস্তায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছুটে পালায়। তার সঙ্গে আরও কয়েকজন দুষ্কৃতী আশপাশের এলাকায় দাঁড়িয়ে ছিল। একজন তৃণমূল কর্মীকেও মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে, অবস্থার অবনতি হলে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে পিফা এলাকায় রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী -সমর্থকরা। ঘটনার পর পুলিশ সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে। আয়ুব গাজি নামে এক যুবক এই হামলার সঙ্গে জড়িত। তার বাড়ি শঙ্করপুর এলাকায়। উত্তেজিত জনতা আয়ুব গাজির বাড়িতে চড়াও হয়। তার দোকানপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূলের (Trinamool Congress) অঞ্চল সভাপতি অহিদুল শাহজি বলেন, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিরোধীরা। কোনও কারণ ছাড়াই দলীয় কর্মীকে গুলি করে খুন করার চেষ্টা করে। এরপরই স্থানীয় মানুষ একটু উত্তেজিত হয়ে পড়েছিল। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে, বসিরহাটের বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, বিরোধীরা এই হামলার সঙ্গে জড়িত নই। আসলে তৃণমূলের ক্ষমতা দখলের লড়াই। নিজেদের কোন্দলে এই ঘটনা ঘটেছে। এখন বিরোধীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ইউরো কাপ ২০২৪ (UEFA Euro 2024)। খুব একটা জমকালো না হলেও ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের সূচনা হল। তারপরই মাঠে নেমে পড়ল জার্মানি ও স্কটল্যান্ড। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানরা নিজেদের জাত চেনালো। উদ্বোধনী ম্যাচের শুরুতেই দেশের মাটিতে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে (Germany Beat Scotland) ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে জার্মানরা ৫-১ গোলে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। এর মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধে। তিন তরুণ ফুটবলার গোল করেন জার্মানির হয়ে।  

    ম্যাচের ১০ মিনিটেই প্রথম গোল জার্মানির (UEFA Euro 2024)

    প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব খারাপ না হলেও জার্মানির সামনে দাঁড়াতে পারল না তারা। জার্মানির হয়ে গোল দিয়েছেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ এবং এমরে চ্যানের। আর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোল আন্তোনিয়ো রুডিগারের। ম্যাচ শুরুর ১০ মিনিটেই প্রথম গোল করে জার্মানি। তবে খেলায় কিছুতেই ফিরতে পারছিল না স্কটল্যান্ড (Germany Beat Scotland)। উল্টে যত সময় এগচ্ছিল ততই জার্মানির দাপট বাড়ছিল। তাই বিরতির আগেই তৃতীয় গোল করে ফেলে তারা। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। জার্মানির দাপট যত বাড়ছিল, তত কোণঠাসা হয়ে পড়ছিল স্কটল্যান্ড। এরপর খেলার ৬৩ মিনিটে হ্যাভার্ৎজকে তুলে ফুলক্রুগকে নামান জার্মান কোচ ৷ ৬৮ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শটেই ব্যবধান ৪-০ করেন ডর্টমুন্ড স্ট্রাইকার৷ ৮৭ মিনিটে আন্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কটল্যান্ড ব্যবধান কমালেও খেলার শেষ মুহূর্তে জার্মানির পাঁচ গোলের (Germany Beat Scotland) বৃত্ত সম্পূর্ণ করেন ক্যান৷  

    আরও পড়ুন: অভিষেকের মতো একই জায়গায় ধর্নায় বসতে চান শুভেন্দু! কী নির্দেশ বিচারপতি সিনহার?

    নতুন কোচের কোচিংয়েই ইউরো কাপে দুর্দান্ত জয় জার্মানির 

    আসলে জার্মান ফুটবলের অবনমনটা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ থেকেই। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি জার্মানি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এখানেই শেষ নয়। বিশ্বকাপের বেশ কয়েক মাস পর এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল জার্মানি। সেই ম্যাচেও হার হয়েছিল। একের পর এক খারাপ পারফরম্যান্সের জেরে জার্মান ফুটবলের ইতিহাসে প্রথম বার কোচ ছাঁটাই হয়েছিল। জাপানের কাছে ওই হারের পরই হ্যান্সি ফ্লিককে ছাঁটাই করা হয়। এরপর দীর্ঘসময় হেড কোচ ছিল না জার্মান টিমে। দীর্ঘ গ্যাপের পর জুলিয়েন নাগেলসম্যানকে কোচ নিয়োগ করে জার্মানি। আর তাঁর কোচিংয়েই এবার ইউরো কাপে (UEFA Euro 2024) দুর্দান্ত জয় হয় জার্মানির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • KC Tyagi: “স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে জেডিইউ”, বললেন ত্যাগী

    KC Tyagi: “স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে জেডিইউ”, বললেন ত্যাগী

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভার স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং তেলগু দেশম পার্টি (টিডিপি)।” শুক্রবার সাফ জানিয়ে দিলেন জেডিইউ নেতা কেসি ত্যাগী (KC Tyag)। তিনি বলেন, “জেডিইউ এবং টিডিপি এনডিএতেই রয়েছে। স্পিকার পদে বিজেপি যাঁকেই প্রার্থী করবে, আমরা তাঁকেই সমর্থন করব।”

    কী বললেন ত্যাগী? (KC Tyagi)

    গত রবিবারই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এখনও স্পিকার নির্বাচন হয়নি। স্পিকার পদে কাকে বসানো হবে, তা নিয়েই চলছে জল্পনা। এই প্রসঙ্গেই জিজ্ঞাসা করা হয়েছিল ত্যাগীকে। বিজেপির নেতৃত্বেই গঠিত হয়েছে তৃতীয় এনডিএ সরকার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। এনডিএর সম্মিলিত শক্তি ২৯৩। এমতাবস্থায় স্পিকার পদে যে বিজেপিরই কাউকে বসানো হবে, তা জলের মতো পরিষ্কার। এনডিএর শরিকদলগুলি যে বিজেপির প্রার্থীকেই স্পিকার পদে সমর্থন করবে, এদিন তারই ইঙ্গিত মিলল ত্যাগীর (KC Tyag) কথায়।

    আপের অভিযোগের জবাব

    প্রসঙ্গত, ২৩ জুন বিশেষ অধিবেশন বসছে লোকসভার। ২৬ জুন হবে অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচন। সেই নির্বাচনেই বিজেপির প্রার্থীকে সমর্থন করবে জেডিইউ এবং টিডিপি।প্রত্যাশিতভাবেই এদিনের সাক্ষাৎকারে উঠে আসে নিট-ইউজি রেজাল্ট প্রসঙ্গও। ত্যাগী বলেন, “বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।” দিল্লির জলসঙ্কট নিয়ে আম আদমি পার্টির অভিযোগ প্রসঙ্গে ত্যাগী বলেন, “হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং দিল্লির সরকারের উচিত এই ইস্যুটি নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকা। সমস্যা সমাধানের পথ খুঁজতে এক সঙ্গে বসে আলোচনা করা উচিত। কারণ ভোগান্তির শিকার হচ্ছেন দিল্লিবাসী।”

    আরও পড়ুন: জি৭ সম্মেলনে হাজির মোদি, মাক্রঁ-সুনকের সঙ্গে কী আলোচনা হল প্রধানমন্ত্রীর?

    সংসদের বাদল অধিবেশনে পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। ত্যাগীর কথায় উঠে এসেছে বাজেটের প্রসঙ্গও। তিনি (KC Tyag) বলেন, “পার্লামেন্টে এই বিষয়ে সদর্থক আলোচনা হবে। নির্বাচিত সাংসদরা তাঁদের আশা-আকাঙ্খার কথা জানাবেন। তাঁদের লোকসভা কেন্দ্রের ইস্যুগুলিও তুলে ধরবেন।” প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে ২৪ জুন। রাজ্যসভার অধিবেশন বসবে ২৭ জুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 15 June 2024: সন্ধ্যাবেলায় সাবধানে গাড়ি চালান

    Daily Horoscope 15 June 2024: সন্ধ্যাবেলায় সাবধানে গাড়ি চালান

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান পাবেন।

    ২) ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা বাতিল করুন।

    ৩) পরিবারের সঙ্গে দিন কাটান।

    বৃষ

    ১) ব্যবসাতে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ২) লগ্নির জন্য সময় অনুকূল।

    ৩) ভাগ্যের সহায়তা লাভ করবেন।

    মিথুন

    ১) পারিবারিক সম্পত্তি বাড়বে।

    ২) নতুন প্রকল্প শুরুর সুযোগ পাবেন।

    ৩) শারীরিক রোগ নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

    কর্কট

    ১) মা-বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

    ২) ভাইবোনের সাহায্যে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ৩) পরিবারের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন।

    সিংহ

    ১) চোখের সমস্যা হতে পারে।

    ২) এখনই এর চিকিৎসা না-করালে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন।

    ৩) ঋণ নেবেন না, লোকসান হবে।

    কন্যা

    ১) সন্তানের কাছ থেকে আনন্দ সংবাদ পেতে পারেন।

    ২) ধর্মীয় কাজে রুচি বাড়বে।

    ৩) দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    তুলা

    ১) প্রেম সম্পর্ক গড়ে উঠবে।

    ২) বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতায় সমস্ত কাজ এক এক করে সম্পন্ন হবে।

    ৩) ছাত্রছাত্রীরা গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন।

    বৃশ্চিক

    ১) ধৈর্য ধরে ও নিজের প্রতিভার সাহায্যে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন।

    ২) শত্রুদের পরাজিত করতে সফল হবেন।

    ৩) প্রেমীরা ভেবেচিন্তে শব্দ ব্যবহার করুন।

    ধনু

    ১) ব্যবসা সম্প্রসারণ হবে।

    ২) সন্ধ্যাবেলায় সাবধানে গাড়ি চালান।

    ৩) বুদ্ধি, শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি হবে।

    মকর

    ১) ঋণমুক্তির চেষ্টা সফল হবে।

    ২) কঠিন পরিশ্রম করলে কোনও মূল্যবান বস্তু লাভ করতে পারবেন।

    ৩) ব্যবসায়িক যাত্রার দ্বারা লাভ হবে।

    কুম্ভ

    ১) আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করবেন।

    ২) প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করুন।

    ৩) কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হবেন।

    মীন

    ১) আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ২) প্রেমের জন্য দিনটি ভালো নয়।

    ৩) সামাজিক সম্মান পাওয়ায় মনোবল বাড়বে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Bird Flu: মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    Bird Flu: মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কালিয়াচকের শেরশাহী মিস্ত্রিপাড়া গ্রামে বার্ড ফ্লুতে (Bird Flu) আক্রান্ত শিশুর বাড়িতে যান স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। পাশাপাশি ওই প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। এলাকা ছাড়ার সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, আমরা শুধু নজরদারি করতেই এসেছিলাম।

    মালদার কালিয়াচকে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল (Bird Flu)

    গত ১২ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে জানায়, পশ্চিমবঙ্গে দু’জন বার্ড ফ্লু (Bird Flu) আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে আড়াই বছরের একটি শিশু আছে, যে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। বিমানে কলকাতায় ফিরেছিল। দ্বিতীয় শিশুটি মালদার (Malda) কালিয়াচকের। তার বয়স চার বছর। দুজনেই বিরল এইচ নাইন এন টু ভাইরাসে আক্রান্ত। হু’র রিপোর্টে আরও বলা হয়েছিল, কালিয়াচকের শিশুটি বাড়ির পোলট্রি ফার্ম থেকে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। এরপরই আতঙ্ক ছড়ায় রাজ্যে। শুক্রবার দীপঙ্কর মাঝির নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দল কালিয়াচকে যায়। প্রথমেই দলের সদস্যরা সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে তাঁরা যান ওই শিশুর বাড়িতে। যদিও সেখানে ওই শিশুকে দেখতে পাননি বলে দাবি করেছেন তাঁরা।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের কর্মকর্তা কী বললেন?

    রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের পক্ষ থেকে দীপঙ্কর মাঝি বলেন, “এখানে বিভিন্ন রোগের সার্ভিল্যান্স নিয়ে আলোচনা হয়েছে। যে শিশুটি বার্ড ফ্লুতে (Bird Flu) আক্রান্ত হয়েছিল, তাকে নিয়েও আলোচনা হয়েছে। তবে, এই ভাইরাস আর কারও মধ্যে পাওয়া যায়নি। এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। যা পদক্ষেপ করার তা করা হয়েছে। কীভাবে নজরদারি চালানো হবে, তা প্রাণী কল্যাণ বিকাশ দফতর সঠিক ভাবে বলতে পারবে।”

    আক্রান্ত শিশুর পরিবারের লোকজন কী বললেন?

    আক্রান্ত শিশুর বাবা বলেন, “পেটে ব্যাথা নিয়ে ছেলেকে মালদা মেডিক্যালে ভর্তি করেছিলাম। কয়েকদিন চিকিৎসার পর ওকে ছেড়েও দেওয়া হয়। বাড়ি ফেরার পর ছেলে ফের অসুস্থ হয়ে যায়। ওকে আবার মালদা মেডিক্যালে নিয়ে যাই। চিকিৎসকরা জানান, ছেলেকে পোকা কামড়েছে। তা থেকে গোটা শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। ছেলেকে এখান থেকে নীলরতনে রেফার করে দেওয়া হয়। সেখানে দু’মাস ওর চিকিৎসা চলে। জানা যায়, এইচ নাইন এন টু ভাইরাসে আক্রান্ত হয়েছে। সব কিছু বিক্রি করে প্রচুর টাকা ঋণ নিয়ে ছেলের চিকিৎসা করেছি। তাই সরকারের কাছে আমার আবেদন, আমাকে আর্থিক সহায়তা করা হোক। অথবা বিনা পয়সায় অক্সিজেনটুকু দেওয়া হোক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: দলেরই পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ, চলল গুলিও, অভিযুক্ত তৃণমূলের অন্যগোষ্ঠী

    Nadia: দলেরই পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ, চলল গুলিও, অভিযুক্ত তৃণমূলের অন্যগোষ্ঠী

    মাধ্যম নিউজ ডেস্ক: দলেরই পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকী গুলি চালানোর অভিযোগও উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) তেহট্ট থানার বিনোদনগর গ্রামে। জখম ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম লতিফ শেখ। এই ঘটনায় তৃণমূলের দলীয় কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    এমনিতেই তেহট্টের (Nadia) বিনোদনগর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি লেগেই থাকে। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে আক্রান্ত লতিফ শেখ নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েতে লড়াই করেছিলেন। ভোটের ফলাফলে দেখা যায় লতিফ শেখ তৃণমূল প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। এরপর তেহট্টের বিধায়ক তাপস সাহার হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করেন। এরপরেই শুরু হয় ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ছোটখাটো গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকত ওই এলাকায়। শুক্রবার সকালে হঠাৎ  তৃণমূলের ওই সদস্যকে অপর গোষ্ঠীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি কোপ মারে। গুলিও চালায় বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা আরও দুজন কর্মী জখম হন। এরপর ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে তেহট্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আহত তৃণমূল (Trinamool Congress) কর্মী।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    আক্রান্ত তৃণমূল কর্মীর প্রতিবেশী কী বললেন?

    অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। পুলিশ এসে লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের উদ্দেশ্যেও তদন্ত শুরু করে পুলিশ। যদিও এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পঞ্চায়েত সদস্য লতিফ শেখের প্রতিবেশী নারায়ণ সাহা বলেন, “হঠাৎ আমি খবর পাই রক্তাক্ত অবস্থায় লতিফ পড়ে রয়েছে। প্রথমে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি। সকালে কী ঘটনা ঘটেছিল তা আমি জানি না।” ভোট মিটে গেলেও এই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও নতুন করে অনেকটাই সমস্যায় ফেলেছে রাজ্যের শাসক দলকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • PSC Scam: নতুন ছকে নিয়োগ দুর্নীতি! গ্রেফতার দুই সরকারি আধিকারিক

    PSC Scam: নতুন ছকে নিয়োগ দুর্নীতি! গ্রেফতার দুই সরকারি আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা হলে এসএমএসে উত্তর পাঠিয়ে সিআইডির জালে দুই আধিকারিক। ছাত্রদের টোকাটুকির (PSC Scam) বরাত নেওয়া ধৃত সরকারি কর্মকর্তারা হলেন শঙ্কর বিশ্বাস ও পাপাই দাস। ধৃতদের নদিয়া জেলার দুই আলাদা ঠিকানা থেকে সিআইডির গোয়েন্দারা গ্রেফতার করেছেন। ধৃতদের মধ্যে একজন গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি তদন্তকারীদের। এদের কাছ থেকে ১১ টি মোবাইল ফোন ও একাধিক ব্যাংকের পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে।

    নতুন ছকে নিয়োগ দুর্নীতি

    জানা গিয়েছে যেহেতু সরকারি পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে নম্বর পাওয়ার দিন অতীত হয়েছে তাই (PSC Scam) দুর্নীতির নতুন ছক কষা হয়। যে সকল পরীক্ষার্থীদের সঙ্গে ডিল হয়েছে তাঁদের মোবাইল ফোনে প্রশ্নপত্রের উত্তর পৌঁছে দেওয়ার ঠিকা নিয়েছিলেন এই সরকারী কর্মীরা। রাজ্যের ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরেই তদন্তে নামে রাজ্যের সিআইডির গোয়েন্দারা। সিআইডির কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল রাজ্যের খাদ্য দপ্তরের ফুড এস আই পদে নিয়োগের পরীক্ষায় টোকাটুকি হয়েছে। পরীক্ষার হলে এসএমএস-এর মাধ্যমে প্রশ্নের উত্তর পাঠানো হয়েছিল বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে। এরপর থেকে এরপরেই নদিয়ার কল্যাণী থেকে শঙ্কর বিশ্বাস এবং ধুবুলিয়া থেকে পাপাই দাসকে গ্রেফতার করা হয়। কলকাতার সার্ভে পার্ক থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার সূত্র ধরে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।  

    খাদ্য দফতরের পরীক্ষাতেও দুর্নীতি! (PSC Scam)

    এছাড়াও পিএসসি পরীক্ষায় একাধিক (PSC Scam) দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেলের সিনিয়র অডিটর শঙ্কর বিশ্বাস কীভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত হলেন। রাজ্যে প্রভাবশালীদের দুর্নীতির সঙ্গে যোগ কিছুতেই থামাতে পারছে না প্রশাসন। একইসঙ্গে শঙ্করের সঙ্গে আর কাদের যোগ ছিল সেই বিষয়গুলিও সামনে আসা দরকার।

    আরও পড়ুন: ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, নোটিস পেলেন তৃণমূল সাংসদ

    জানা গিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে সিআইডি। রাজ্যের শিক্ষাক্ষেত্র, পুরসভায় নিয়োগ দুর্নীতির পাশাপাশি এবার যে খাদ্য দফতরের প্রাক্তন মন্ত্রী জেলে রয়েছেন সেই দফতরেও পুনরায় দুর্নীতির ঘটনার সামনে এল। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে রাজ্য থেকে কি দুর্নীতি কোনদিনও দূর হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: অভিষেকের মতো একই জায়গায় ধর্নায় বসতে চান শুভেন্দু! কী নির্দেশ বিচারপতি সিনহার?

    Suvendu Adhikari: অভিষেকের মতো একই জায়গায় ধর্নায় বসতে চান শুভেন্দু! কী নির্দেশ বিচারপতি সিনহার?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিঃসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত বছরের শেষ দিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্নায় বসেছিলেন, ঠিক সেখানেই এবার ধর্নায় বসতে চান তিনি। ইতিমধ্যেই ধর্নার অনুমতি চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ তুলেছে বিজেপি। একইসঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে। এসব ইস্যু সামনে রেখেই আগামী ১৯ জুন থেকে ধর্নায় বসার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী।

    হাইকোর্টের নির্দেশ (Calcutta High Court) 

    এ প্রসঙ্গে, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজ্যপালের কাছে নতুন করে আবেদন জানাতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা। বিচারপতি জানিয়েছেন, রাজ্যপালের অনুমতি সাপেক্ষে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও নির্বাচন পরবর্তী অশান্তিতে ‘আক্রান্ত’ ব্যক্তিরা। তবে রাজ্যপালের সঙ্গে কতজন দেখা করতে যাবেন, সেটা পুলিশকে জানাতে হবে। পাশাপাশি বিচারপতির নির্দেশ, যদি গাড়ি নিয়ে রাজ ভবনের (Raj Bhavan) ভেতরে যাওয়া হয়, তাহলে কতগুলি গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে, সেটাও জানাতে হবে পুলিশকে। 
    তবে শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী এদিন আদালতে জানিয়ে দেন, তাঁদের কোনও গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে না। সকলেই হেঁটে রাজভবনের ভিতরে প্রবেশ করবেন। অন্যদিকে রাজ্যের তরফে আবার সওয়াল করা হয়, যাঁরা রাজভবনের ভিতরে প্রবেশ করবেন, তাঁদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পক্ষ থেকে কোনও ব্যক্তিকে করতে হবে। রাজ্যের এই দাবিতে বিচারপতি সম্মতি দিলেও, তিনি জানিয়ে দিয়েছেন, কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। কারণ, সেরকম হলে পরে আবার তাঁদের হেনস্থা করার আশঙ্কা থেকে যায় বলেই মনে করছেন বিচারপতি অমৃতা সিনহা।

    আরও পড়ুন: ছাত্রীকে ‘কপালে তিলক’ ও ‘গলায় মালা’ নিয়ে স্কুল প্রবেশে নিষেধাজ্ঞা! শোরগোল রঘুনাথগঞ্জে

    কেন এই ধর্নার সিদ্ধান্ত? 

    বিজেপি জানিয়েছে, এ বছর লোকসভা ভোটের ফলাফলে কিছুটা আশাহত দলের নিচুতলার কর্মীরা। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতারা পাশে না থাকলে সংগঠন আরও দুর্বল হয়ে পড়বে। তাই শুভেন্দু অধিকারীর এই ধর্নার উদ্যোগকে দলের কর্মীদের চাঙ্গা রাখার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে দলের নেতাকর্মীদের মনোবল বাড়ানোই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। তাই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  নগরপালকে জানিয়েছেন, তিনি আক্রান্ত দলীয় কর্মীদের নিয়েই ধর্নায় বসতে চান। তবে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের (kolkata police) পক্ষ থেকে এ বিষয়ে কোনো উত্তর মেলেনি।

    প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এবং রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে রাজভবনের সামনে টানা ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ওই একই স্থানে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Darjeeling: সিকিমে বিপর্যয়ের জের, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, দার্জিলিংয়ে পর্যটনে ধাক্কা

    Darjeeling: সিকিমে বিপর্যয়ের জের, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, দার্জিলিংয়ে পর্যটনে ধাক্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সিকিমে প্রাকৃতিক দুর্যোগ। তিস্তার ভয়াল রূপে তছনছ দার্জিলিং (Darjeeling), কালিম্পং পাহাড়ের পর্যটন। গত বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি এবং তিস্তার ভয়াল রূপে বিচ্ছিন্ন সিকিমের একটি বড় অংশ। দেড় হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই দার্জিলিং, কালিম্পংয়ের বুকিং বাতিল হতে শুরু করেছে।

    কেন কালিম্পঙ, দার্জিলিং থেকে মুখ ফেরাচ্ছেন পর্যটকরা? (Darjeeling)

    সিকিমের এই বিপর্যয়ে দার্জিলিং ও কালিম্পঙে কোনও পর্যটক আটকে নেই। তিস্তার তান্ডবে কালিম্পং-দার্জিলিংয়ের (Darjeeling) রাস্তা বন্ধ। ১০ নম্বর জাতীয় সড়ক ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পাহাড়ি পর্যটনের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাড় করিয়েছে। কালিম্পং থেকে দার্জিলিং ও সিকিম যাওয়ার রাস্তা বন্ধ। কালিম্পংয়ে জেলাশাসক বালাসুব্রামনিয়াম বলেন, “এই পরিস্থিতিতে পর্যটকদের ঘুরপথে নিরাপদ রাস্তা দিয়ে যাতায়াতেরর জন্য আবেদন জানানো হয়েছে। বাংলা-সিকিম সীমানা রংপো-শিলিগুড়ির মধ্যে সমস্ত গাড়িকে কার্যত আলগাড়া, লাভা, গরুবাথান হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বর্ষণের জেরে জাতীয় সড়কের কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কিন্তু, সকলেই বুঝেছেন, ঘুরিয়ে বলা হচ্ছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের না আসাই ভালো। ফলে, এই বিপর্যয়ের কারণে পর্যটকরা মুখ ফেরাচ্ছেন।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    কী বলছেন পর্যটন ব্যবসায়ীরা?

     ট্যুর অপারেটরদের বক্তব্য, সিকিম (Sikkim), কালিম্পং ও দার্জিলিং (Darjeeling) প্যাকেজ করেই পর্যটকরা আসেন। শিলিগুড়ি দিয়ে শুধু দার্জিলিং, কালিম্পং কেউ যেতে চাইবেন না। সেই রাস্তাতেও বিপদের ঝুঁকি রয়েছে। তাই পর্যটকরা ঝুঁকি নিয়ে আসতে চাইছেন না। কালিম্পং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্ধান্ত সুদ বলেন, পর্যটন মরশুম শুরুর মুখেই দিনের পর দিন জাতীয় সড়ক বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে সেই রাস্তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রভাব পড়েছে এখানকার পর্যটনে। গত অক্টোবরে সাউথ লোনাক লেক বিপর্যয়ের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ১০ নম্বর জাতীয় সড়কটি। বারবার রাস্তা বন্ধ রেখে তাহলে কী কাজ হয়েছে। ফের  উত্তর সিকিম বিপন্ন হয়ে পড়ার প্রভাব এই অঞ্চলের পর্যটনেও পড়বে।

    প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন

    হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যালের মতে,  এই অঞ্চলের অর্থনৈতিক কাঠামো দাঁড়িয়ে রয়েছে পর্যটনের ওপর। সেই পর্যটনই উপেক্ষিত। তাই, পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয় হলেই এখানকার ট্যুরিস্ট সার্কিট লন্ডভন্ড হয়ে যাচ্ছে বারবার। এই ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ছাত্রীকে ‘কপালে তিলক’ ও ‘গলায় মালা’ নিয়ে স্কুল প্রবেশে নিষেধাজ্ঞা! শোরগোল রঘুনাথগঞ্জে

    Murshidabad: ছাত্রীকে ‘কপালে তিলক’ ও ‘গলায় মালা’ নিয়ে স্কুল প্রবেশে নিষেধাজ্ঞা! শোরগোল রঘুনাথগঞ্জে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কপালে তিলক’, ‘গলায় মালা’ নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ করেছেন স্কুলের শিক্ষিকারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। তীব্র প্রতিবাদ জানিয়ে খোল-করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালেন ইসকনের ভক্তবৃন্দরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই প্রেক্ষিতে স্কুলে এই নিষেধাজ্ঞার ঘটনায় শোরগোল পড়েছে।

    ছুটির আগেই নিষেধাজ্ঞা করা হয় (Murshidabad)!

    মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে গরমের ছুটি পড়ার আগে, এই স্কুলের কয়েকজন শিক্ষিকা, অষ্টম শ্রেণীর ছাত্রী অনু মন্ডলকে তিলক পরে স্কুলে আসাতে বারণ করেছিলেন। তখন ছাত্রী এই ব্যাপার নিয়ে অতটা ভাবেনি, কারণ ঠিক পরের দিন থেকেই স্কুলে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল। এইবার ছুটি শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার আবার যখন ওই ছাত্রী স্কুলে প্রবেশ করে, তখন পুনরায় কয়েকজন শিক্ষিকা তাকে বলে, “তোমাকে তিলক কেটে আসতে মানা করা সত্ত্বেও কেন তুমি তিলক কেটে এসেছো? এগুলি স্কুল ড্রেসের সঙ্গে মানায় না।” অবশেষে ছাত্রী, স্কুলের দিদিমণিকে উদ্দেশ্য করে জানতে চায়, “কী কারণে তিলক কেটে আসা যাবে না? কারণ খাতায় লিখে দিতে হবে আপনাদের।”

    ছাত্রীর বক্তব্য

    স্কুলের ছাত্রী অনু মণ্ডল বলে, “স্কুলের (Murshidabad) দিদিমণিকে আমি জানাই, আমার বাবা-মা তিলক কেটে স্কুলে আসতে বলেছেন, সেই কারণে আমি এসেছি। কিন্তু স্কুলে আমার উপর ফতোয়া জারি করায়, বিষয়টি বাড়িতে গিয়ে বাবা-মাকে জানাই। কিন্তু আমাকে একপ্রকার স্কুল থেকে ভয় দেখানো হয়েছে। স্কুলের ড্রেসের সঙ্গে তিলক কাটা যাবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল। আমি ভীষণ ভয় পেয়েছি।” ফলে এতে এলাকায় চাঞ্চাল্য তৈরি হয়। তীব্র প্রতিবাদ জানিয়ে, খোল-করতাল বাজিয়ে, নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান ইসকনের ভক্তবৃন্দরা।

    আরও পড়ুন: কোচবিহারে আক্রান্ত নেতা-কর্মীদের পাশে থেকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি নিশীথের

    প্রধান শিক্ষিকার বক্তব্য

    স্কুলের (Murshidabad) প্রধান শিক্ষিকার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার জানা নেই ঠিক কোন শিক্ষিকা এইরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। আমি এ বিষয়ে জিজ্ঞাসা করব, তিলক-মালা কেন পরতে বারণ করা হল।” পরবর্তীতে স্কুলের পক্ষ থেকে ওই ছাত্রীকে জানানো হয়, তিলক কেটে স্কুলে আসতে পারে, এক্ষেত্রে কেউ বারণ করবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share