Category: পরম্পরা

Get updated History and Heritage and Culture and Religion related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jarawas: ১৫ বছর একসঙ্গে ওঠাবসা, জারোয়াদের কাছের মানুষ পদ্মশ্রী ডাঃ রতনচন্দ্র কর

    Jarawas: ১৫ বছর একসঙ্গে ওঠাবসা, জারোয়াদের কাছের মানুষ পদ্মশ্রী ডাঃ রতনচন্দ্র কর

    মাধ্যম নিউজ ডেস্ক: সমগ্র পৃথিবীর এমন অনেক উপজাতি বা আদিবাসী গোষ্ঠী আছে, যাঁরা এখনও সভ্য সমাজের আলোতে পৌঁছাতে পারেনি। সেরকমই ভারতীয় উপ মহাদেশের এক জাতিগোষ্ঠী হল জারোয়া, যাঁদের বসবাস দক্ষিণ আন্দামান এবং মধ্য আন্দামানের পূর্ব দিকে। এই আদিবাসী গোষ্ঠী (Jarawas) তাঁদের অঞ্চল ছাড়া বাকি সভ্য সমাজের সাথে যে কোনও রকম সম্পর্ক রাখা এড়িয়ে চলে। তাঁরা নিজস্ব সমাজ, সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যেই সীমাবদ্ধ। বর্তমানে এই আদিবাসী গোষ্ঠীর আনুমানিক সংখ্যা ২০০ থেকে ৪০০-র মধ্যে। এই জারোয়া নামের অর্থ “পৃথিবীর মানুষ”। শুনলে অবাক হবেন, এক বাঙালি ডাক্তার এই জারোয়া আদিবাসী গোষ্ঠীর সাথে জড়িয়ে ছিলেন দীর্ঘ সময় ধরে।

    কী পরিচয় এই ডাক্তারের?

    ডাক্তার রতনচন্দ্র কর একজন জেনারেল ফিজিশিয়ান এবং কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের একজন প্রাক্তন ছাত্র। তিনি আন্দামান দ্বীপপুঞ্জে একজন স্বাস্থ্য আধিকারিক হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জারোয়া উপজাতিদের (Jarawas) সামনে থেকে চিকিৎসা করেছেন। আন্দামান দ্বীপপুঞ্জে থাকাকালীন নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি “জারোয়াস অফ দ্য আন্দামান” নামক একটি বইও লেখেন। ভারত সরকার সাম্প্রতিক বছরে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে।

    কীভাবে তিনি জারোয়াদের (Jarawas) সঙ্গে সম্পর্ক স্থাপন করেন?

    প্রচলিত তথ্য অনুযায়ী, জারোয়া (Jarawas) উপজাতিরা যেহেতু সভ্য সমাজ থেকে অনেকটাই পিছিয়ে, তাই এঁরা সভ্য সমাজের মানুষদের সাথে সম্পর্ক রাখা এড়িয়ে চলে। ১৯৯৮ সালে আন্দামান দ্বীপপুঞ্জে হামের মতো রোগের প্রাদুর্ভাব খুব বেড়ে যায়। সেই সময় ডক্টর রতনচন্দ্র কর নিজে সমস্ত ঝুঁকি নিয়ে জারোয়াদের মধ্যে উপস্থিত থেকে তাঁদের সামনে থেকে চিকিৎসা করেন। তিনি জারোয়াদের এই সময় খুব সাহায্য করেছিলেন। কিন্তু এটি মোটেও প্রথমে সহজ কাজ ছিল না। যখন জারোয়ারা হামের মতো সংক্রামক রোগে আক্রান্ত হতে শুরু করে, তখন অনেকে মারাও গিয়েছিল। এই ঘটনাটি উপজাতি পরিদর্শনকারী কল্যাণ কর্মকর্তাদের নজরে এলে কেন্দ্র সরকারকে তাঁরা অনুরোধ করে, তাঁদের চিকিৎসার জন্য একজন ডাক্তার নিয়োগ করার। এই সূত্রেই ডাক্তার রতনচন্দ্র করের জারোয়াদের সাথে সংযোগ স্থাপনের ভিত তৈরি হয়।

    প্রথম দিন জারোয়াদের (Jarawas) মাঝে পৌঁছানোর অভিজ্ঞতা কেমন ছিল?

    ডাক্তার রতনচন্দ্র কর যেদিন প্রথম জারোয়া দ্বীপে গিয়ে পৌঁছান, সেদিন তিনি লক্ষ্য করেন, তীর-ধনুক হাতে অনেক জারোয়া তাঁর দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে আছে। প্রথমে মনে হয়েছিল, তাঁরা যেন সভ্য সমাজের মানুষ দেখে ভীত। কিন্তু সেই উপদ্বীপে থাকা জারোয়া (Jarawas) বাচ্চাদের জন্য ডাক্তার নারকেল এবং কলা নিয়ে গিয়েছিলেন তাঁদের উপহার দেওয়ার জন্য। সেই উপহার দেওয়াতে তাঁদের ডাক্তারের ওপর বিশ্বাস জন্মায় এবং তাঁকে একটি কুঁড়ে ঘরে নিয়ে যায় তাঁরা। সেখানে তাঁকে মাংস রান্না করে খাওয়ায় জারোয়ারা। এদের কাছে জারোয়া ভাষা শিখেছিলেন তিনি, যাতে আরও ভালো সংযোগ স্থাপন করতে পারেন।

    ভাষার সমস্যা কীভাবে কাটালেন?

    জারোয়াদের আস্থা অর্জন এবং তাঁদের সাথে তাদের মতানুযায়ী আচরণ করা মোটেও সহজ কাজ ছিল না ডাক্তারের পক্ষে। সেখানকার সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য তাঁকে এক দরজা থেকে আরেক দরজাতে ভিজিট করতে হয়েছিল। সেখানে ছিল ভীষণ ভাষার বাধা। তাই তাঁদের সাথে যোগাযোগ স্থাপনে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছিল। আস্তে আস্তে তিনি তাঁদের চিকিৎসার জন্য তাঁদের বিশেষ সম্মান প্রদান করেন এবং ওষুধগুলির সঠিক ব্যবহার তাঁদেরকে শেখাতে শুরু করেন। এসবের মাঝেই কয়েক মাসের মধ্যে তিনি জারোয়া ভাষা শিখেছিলেন এবং এক বছরের মধ্যে তিনি সাবলীল ভাবে জারোয়া (Jarawas) ভাষায় কথা বলতে শুরু করেন। অপরদিকে জারোয়াদেরও তিনি অনেক বাংলা ভাষা শিখিয়েছিলেন। আস্তে আস্তে ডাক্তারের প্রতি এবং তাঁর চিকিৎসার প্রতি জারোয়ারা সম্মান প্রদর্শন করতে থাকে এবং খুব পরিচিত এবং কাছের মানুষ হয়ে ওঠেন তিনি।

    পদ্মশ্রী সম্মানে ভূষিত

    ডাক্তার রতনচন্দ্র কর এই জারোয়া (Jarawas) দ্বীপে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তাঁদের সেবায় এবং চিকিৎসায় নিয়োজিত ছিলেন। এখনও পর্যন্ত সেখানকার মানুষ তাকে মনে রেখেছে।
    সম্প্রতি ২০২৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং তিনি বর্তমানে জারোয়াদের ডাক্তার নামেই পরিচিতি লাভ করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durga Puja: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু! কীসে আসছেন দেবী? গমনই বা কীসে?

    Durga Puja: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু! কীসে আসছেন দেবী? গমনই বা কীসে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রথের দিন থেকেই দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি শুরু হয়ে যায়। সেদিন কাঠামো পুজো হয়। কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জনপ্রিয় পুজোতে খুঁটি পুজোর কাজও সম্পন্ন হয় সেদিন। এবারের দুর্গাপুজোর মহালয়া ১৪ অক্টোবর। সেসময় প্রকৃতি সাজবে নতুন ভাবে। কাশফুলে ভরে যাবে চারিদিক। প্রকৃতি জানান দেবে ‘মা আসছেন’।

    ২০২৩ সালে দেবীর আগমন ও গমন কীসে হবে? এর ফলাফলই বা কী?

    হিন্দু পঞ্জিকা অনুযায়ী ২০২৩ সালে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায়। শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ঘোড়ায় আগমন খুব একটা শুভ বার্তা দেয় না। পঞ্জিকা অনুসারে ঘোড়ায় আগমন ‘ছত্রভঙ্গ’এর প্রতীক। ফলে দেবীর আগমন কালে ধ্বংস ও অস্থিরতার বার্তা রয়েছে। আবার মা উমার (Durga Puja) গমনও হবে ঘোড়ায়। অর্থাৎ ফলাফল সেই একই থাকছে। অস্থিরতা ও ধ্বংস।

    দেবীর (Durga Puja) আগমন ও গমনে সপ্তমী তিথি তাৎপর্যপূর্ণ কেন?

    হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর দেবীর আগমন ও গমনের বাহন নিয়ে নির্দিষ্ট ব্যাখা রয়েছে। কোনওটাতে শুভফল এবং কোনওটাতে অশুভ! শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ‘‘প্রতি বছরের দুর্গাপুজোয় সপ্তমীর দিনটি সপ্তাহের কোন বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবী কোন বাহনে আসছেন, সেই বিষয়টি। চলতি বছরে দুর্গাপুজোর সপ্তমী পড়েছে শনিবার।’’ চলতি বছরে দেবীর আগমন ও গমন দুটোই ঘোড়াতে। ঘোড়ায় আগমন বা গমন এমনিতেই অশুভ মানা হয়। তার উপর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে, তা খুব একটা শুভ ফল দেয় না বলেই জানাচ্ছেন শাস্ত্রবিদরা।

    ২০২৩ সালের দুর্গা পুজোর (Durga Puja) নির্ঘণ্ট

    মহালয়া- ১৪ অক্টোবর। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে। দেবীপক্ষের সূচনা হয় সেদিন থেকেই। মহালয়ার পরের দিন দেবীপক্ষের প্রতিপদ তিথি শুরু হয়।

    মহাষষ্ঠী- ২০ অক্টোবর, ২০২৩, শুক্রবার

    মহাসপ্তমী- ২১ অক্টোবর, ২০২৩, শনিবার

    মহাঅষ্টমী – ২২ অক্টোবর, ২৩২৩, রবিবার

    মহানবমী- ২৩ অক্টোবর, ২০২৩, সোমবার

    বিজয়া দশমী- ২৪ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার

    কোজাগরী লক্ষ্মীপুজো- ২৮ অক্টোবর, ২০২৩, শনিবার

    কালীপুজো – ১২ নভেম্বর, ২০২৩, রবিবার

    ভাইফোঁটা- ১৪ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tala Tank: কলকাতায় মাথা তুলে দাঁড়িয়ে আছে টালা ট্যাঙ্ক, চমকপ্রদ এর ইতিহাস!

    Tala Tank: কলকাতায় মাথা তুলে দাঁড়িয়ে আছে টালা ট্যাঙ্ক, চমকপ্রদ এর ইতিহাস!

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটিশদের কথা ভাবলে ভারতীয়দের ওপর অত্যাচার, জোর-জুলুমের কথাই বেশি মাথায় আসে। কিন্তু তাদের শাসিত ভারতে ব্রিটিশরা এমন সব স্থাপত্য দিয়ে গিয়েছে, যেগুলির ভূমিকাও উপেক্ষা করার নয়। ব্রিটিশদের এই ধরনের কৃতিত্বের মধ্যে অন্যতম হল কলকাতায় অবস্থিত ‘টালা ট্যাঙ্ক’। এই সুবিশাল ওভারহেড রিজার্ভারটি শুধু ভারত নয়, সমগ্র বিশ্বের বৃহত্তম ওভারহেড জলের ট্যাঙ্ক (Tala Tank)। এটি কোনও সাধারণ ট্যাঙ্ক নয়। এর পিছনে আছে অনেক ইতিহাস।

    কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই ট্যাঙ্ক (Tala Tank)?

    ব্রিটিশ আমলে ধীরে ধীরে কলকাতা যখন একটি পূর্ণ শহরে পরিণত হচ্ছে, সেই সময় পরিষেবা বাড়ানো ছিল ব্রিটিশদের মূল লক্ষ্য। তার মধ্যে সব থেকে বেশি যেটির প্রয়োজন ছিল, তা হল নাগরিকদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা। আর সেই উদ্দেশ্যেই কয়েকটি পুকুর খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়। হেদুয়া, ওয়েলিংটন স্কোয়ার, ভবানীপুরের পুকুর থেকে সেই সময় কলকাতায় পানীয় জল সরবরাহ শুরু হয়। কিন্তু, শহর আরও বাড়তে থাকলে পানীয় জলের প্রয়োজনও বাড়তে থাকে। এই সমস্যাকে মাথায় রেখে তৎকালীন পৌর ইঞ্জিনিয়ার মিস্টার ডেভেরাল তাঁর সহকারী মিস্টার পিয়ার্স-এর সাথে মিলিতভাবে ১৯০১ সালে একটি ওভারহেড ট্যাঙ্ক (Tala Tank) তৈরির প্রস্তাব তুলে ধরেন। এই প্রস্তাবটি ১৯০২ সালে গ্রহণ করা হয়। 

    কত খরচ হয় এই ওভারহেড জলের ট্যাঙ্ক (Tala Tank) নির্মাণে?

    ১৯০৩ সালে পুরসভায় নিযুক্ত হন নতুন ইঞ্জিনিয়ার ডব্লু বি ম্যাকক্যাবে। তিনি এই প্রস্তাব দেখেন এবং কিছু রদবদল করার সিদ্ধান্ত নেন, যাতে কলকাতার মানুষ আরও উন্নত জল পরিষেবা পেতে পারে। আর এই প্রস্তাবে সম্মতি জানায় সমস্ত পৌরসভা। এই সময় ট্যাঙ্কটি (Tala Tank) নির্মাণ করতে তিনি ৬৯ লক্ষ ১৭ হাজার ৮৭৪ টাকা খরচ ধার্য করেন, যা ছিল আগের অঙ্কের থেকে অনেকটাই বেশি। কিন্তু এতে পূর্ণ সমর্থন ছিল সবার।

    কোথায় এবং কীভাবে নির্মিত হয় এই ট্যাঙ্কটি (Tala Tank)?

    ১৯০৯ সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড বেকার এই ট্যাঙ্ক নির্মাণের (Tala Tank) সূচনা করেন। ফাউন্ডেশনের কাজ শুরু করে টি সি মুখার্জি অ্যান্ড কোম্পানি। কংক্রিট ফাউন্ডেশনের কাজ শুরু করে স্যার রাজেন্দ্রলাল মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানি। আর তার সাথে বাকি কাজে যুক্ত ছিল লিডসের ক্লেটন কোম্পানি। 
    প্রথমে যে স্থানে ট্যাঙ্কটি নির্মাণ করা হবে, সেখানে পুকুরগুলি বোজানোর কাজ শুরু হয়। পুকুরগুলিকে জলশূন্য করে চারদিকে শালবল্লার খুঁটি দিয়ে ২০-২৫ ফুট পাইল করে খোয়া দিয়ে ভর্তি করে স্টিম রোলার দিয়ে সমান করা হয়। এর ওপর বোল্ড স্টিল জয়েন্টের ওপর স্তম্ভগুলিকে দাঁড় করানো হয়। ১৯১১-র ১২ জানুয়ারি এর কাজ শেষ হয় এবং এই বছরেই ১৬ই মে এটি চালু করা হয়। এটি ছিল ১১০ ফুট উঁচু, ১৬ ফুট গভীরতা বিশিষ্ট, ১ লক্ষ বর্গফুট আয়তনের। এর জলধারণ ক্ষমতা  ৯ লক্ষ গ্যালন। গোটাটা চারটি কম্পার্টমেন্টে ভাগ করা হয়, যাতে জল পরিষেবা বন্ধ না রেখেই অন্য একটি ট্যাঙ্ক পরিষ্কার করা যায়। 

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ১৯৬২ ও ১৯৭১-এর যুদ্ধে লক্ষ্য ছিল টালা ট্যাঙ্ক (Tala Tank) ধ্বংস করা

    ভারতীয় ইতিহাসের ঐতিহ্যবাহী অতীত বহন করে চলেছে এই টালা ট্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ট্যাঙ্ককে লক্ষ্য করে জাপানিরা পর পর অনেকগুলি বোমা নিক্ষেপ করে। কিন্তু ধ্বংস করতে পারেনি একে। মাত্র নয়টি বোমার ক্ষতচিহ্ন পাওয়া যায়। ১৯৬২ ও ১৯৭১-এর যুদ্ধেও চিন ও পাকিস্তানের লক্ষ্য ছিল এই ট্যাঙ্ক। কিন্তু তারাও কোনও ক্ষতি করতে পারেনি। আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে এই টালা ট্যাঙ্ক। আজও তা (Tala Tank) কলকাতার জল পরিষেবার একমাত্র আধার হিসাবে জল পৌঁছে দিচ্ছে গোটা শহর জুড়ে।

    আর বর্তমানে পরিচিতি পেয়েছে বিশ্বের বৃহত্তম ওভারহেড জলের ট্যাঙ্ক হিসেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hul Diwas: ৩০ জুন ‘হুল’ দিবস! জানুন সাঁওতাল বিদ্রোহের ইতিহাস

    Hul Diwas: ৩০ জুন ‘হুল’ দিবস! জানুন সাঁওতাল বিদ্রোহের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ শক্তির ভিত কেঁপে উঠেছিল সাঁওতাল বিদ্রোহে। এই আন্দোলনের ধ্বনি ছিল ‘হুল’ (Hul Diwas), যার আক্ষরিক অর্থ বিদ্রোহ। ফি বছর ৩০ জুন পালিত হয় ‘হুল দিবস’। একই পরিবারের ছয় ভাইবোনের (সিধু, কানু, বিরসা, চাঁদ, ভৈরব, আর দুই বোন ফুলমণি এবং ঝানু মুর্মু ) নেতৃত্বে এই জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারত নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। ‘সাঁওতাল বিদ্রোহ’ এক দৃষ্টান্তও বটে। শাসকের শোষণ, অত্যাচার, বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়ার এই সংগ্রাম আজও প্রেরণার স্রোত। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল ১৮৫৭ সালে। তার আগে ১৮৫৫ তে এই বিদ্রোহ ব্রিটিশ ভারতের প্রথম সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন অনেক ঐতিহাসিক।

    কেন অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিলেন সহজ, সরল সাঁওতালরা?

    সহজ, সরল জনজাতিদের জল-জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভূমির ওপর কর চাপায় তারা। যা আদায় করত কোম্পানির লেঠেল বাহিনী। এছাড়া সাঁওতাল রমণীদেরও খারাপ নজরে দেখা হত। যা কখনও মেনে নিতে পারেনি সাঁওতালরা। বঞ্চিত ক্ষোভ পূঞ্জীভূত হতে হতে তা বিদ্রোহের আকার নেয়। বর্তমান ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার ভাগনাদিহির মাঠে শুরু হয় জমায়েত। গবেষকদের মতে, আশপাশের চারশোর বেশি গ্রামের সাঁওতাল সেদিন জড়ো হয়েছিলেন অধিকার আদায়ের লড়াইয়ে। সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। ঐতিহাসিকদের মতে, সেদিন জমায়েত হয়েছিল প্রায় ৩০ হাজারেরও বেশি জনজাতি সমাজের মানুষজন। শুধুমাত্র ইংরেজ নয়, পাশাপাশি স্থানীয় জমিদার ও মহাজনরাও সাঁওতালিদের ওপর জোর-জুলুম ও অত্যাচার চালাত। সেখানেই প্রাপ্য দাবি ছিনিয়ে নিতে অস্ত্র তুলে নিয়েছিলেন জনজাতির বীর সন্তানরা। এরপরেই শুরু হয় যুদ্ধ। বিদ্রোহের থেকে যুদ্ধ বলাই ভালো। কারণ ব্রিটিশ সেনাকে সেদিন নামতে হয়েছিল বীর জনজাতিদের বিরুদ্ধে লড়তে। ‘হুল’ ‘হুল’ ধ্বনিতে সেদিন আকাশ-বাতাস কেঁপে উঠেছিল বর্তমান ভারতের বিহার, ঝাড়খণ্ড, বাংলার পুরুলিয়া প্রভৃতি এলাকার।

    ভাগনাদিহি থেকে কলকাতার অভিমুখে সশস্ত্র পদযাত্রা

    সিধু-কানুর নেতৃত্বে ভাগনাদিহি থেকে কলকাতার অভিমুখে পদযাত্রা শুরু করে প্রায় ৩০ হাজার সাঁওতাল। পরবর্তীকালে দেশ অনেক গণপদযাত্রার সাক্ষী থেকেছে। কিন্তু আজ থেকে ১৬৮ বছর আগে অধিকারের দাবিতে এমন পদযাত্রা যে কোনও স্বাধীনতাকামী মানুষের মনকে নাড়া দেয়। ঐতিহাসিকদের মতে, পদযাত্রার সময় অত্যাচারী দারোগা মহেশাল দত্ত ছয়-সাতজন সাঁওতাল নেতাকে বিনা অপরাধে গ্রেফতার করে। এরপর ব্রিটিশ পুলিশ সিধু ও কানুকে গ্রেফতার করতে উদ্যত হলে বিক্ষুব্ধ সাঁওতাল বিপ্লবীরা ৭ জুলাই পাঁচকাঠিয়া নামক স্থানে মহাজন কেনারাম ভগত, মহেশাল দত্ত সহ ইংরেজ পক্ষের ১৯ জনকে হত্যা করেন এবং সেখানেই সাঁওতাল বিদ্রোহের আগুন প্রজ্বলিত হয়। গবেষকরা বলছেন, এরপর টানা আট মাস ধরে চলে সাঁওতাল বিদ্রোহ। দাপট, শৌর্য, বীরত্বে তখন ওই অঞ্চলগুলিতে শেষ হয় ব্রিটিশ আধিপত্য। ২১ জুলাই কাতনা গ্রামে ইংরেজ বাহিনী বিপ্লবীদের কাছে পরাজয় স্বীকার করে। রণে ভঙ্গ দেয় ব্রিটিশরা।

    জুলাই মাসেই বীরভূম জেলার তৎকালীন জনপদ নাগপুর বাজার ধ্বংস করে বিদ্রোহীরা। অভিযোগ, সেখানে সাঁওতাল জনগণকে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার পরিবর্তে অত্যাচার করা হত। ১৮৫৫ সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সিধু-কানুর বিরুদ্ধে ইংরেজ সরকার ‘অস্বা সামরিক আইন’ (অস্ত্রশস্ত্র বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা) জারি করে। কিন্তু আন্দোলনের সামনে এখানেও পিছু হঠতে হয় ব্রিটিশদের। ১৮৫৬ সালের ৩ জানুয়ারি সামরিক আইন প্রত্যাহার করে তারা। আট মাসব্যাপী বিদ্রোহের শেষ পর্যায়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইংরেজদের সঙ্গে লড়াইয়ে সিধু নিহত হন এবং বিপ্লব সংগঠিত করার অপরাধে কানু মুর্মুকে ফাঁসি দেওয়া হয়। বিদ্রোহের অন্যতম বীরাঙ্গনা ফুলমণি মুর্মুকে ব্রিটিশ সেপাইরা নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করে তাঁর লাশ রেললাইনে ফেলে রেখে যায়, এমনটাই মত কোনও কোনও গবেষকদের। আজও এই বীরাঙ্গনা জনজাতি সমাজে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছেন।

    সাঁওতাল বিদ্রোহ (Hul Diwas) আমাদের সামনে এক দৃষ্টান্ত। যা স্মরণ করায় অন্যায়ের শিকার হয়ে সারাজীবন মাথা নিচু করার থেকে, মাথা উঁচু করে প্রতিবাদ অনেক সম্মানের, অনেক মর্যাদার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kirtan: কীর্তনের জনপ্রিয়তা ফেরাতে রিসার্চ অ্যাকাডেমি, তথ্যচিত্র তৈরির উদ্যোগ

    Kirtan: কীর্তনের জনপ্রিয়তা ফেরাতে রিসার্চ অ্যাকাডেমি, তথ্যচিত্র তৈরির উদ্যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রী চৈতন্যের হাত ধরে একটা সময় কীর্তন (Kirtan) গান জনপ্রিয় হয়ে উঠেছিল অবিভক্ত বাংলায়। বাংলার গ্রামে-শহরে গড়ে ওঠে কীর্তনের দল। বর্তমান সময়ে আধুনিক সঙ্গীতের সঙ্গে তাল মেলাতে গিয়ে কীর্তন ক্রমশ তার জনপ্রিয়তা হারাচ্ছে৷ বাংলার ঐতিহ্যবাহী সেই কীর্তন সঙ্গীতের পুরনো ঐতিহ্য ও গরিমা ফিরিয়ে আনতে কীর্তন রিসার্চ অ্যাকাডেমি গড়ে তুলছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার। পাশাপাশি গড়ে তোলা হচ্ছে কীর্তনের একটি আর্কাইভ। সারা বছর ধরে, বিভিন্ন সময়ে আয়োজন করা হবে কীর্তন বিষয়ক সম্মেলন, সঙ্গীতানুষ্ঠান, কর্মশালা ইত্যাদি। শুরু হতে চলেছে একটি তথ্যচিত্রের কাজ। কলকাতার মতিলাল নেহরু রোডে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের প্রধান কার্যালয় গীতা ভবনে এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয় ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের গ্রন্থাগার গীতা ভবনে।

    কীর্তন (Kirtan) নিয়ে আলোচনায় কী উঠে এল?

    আলোচনার বিষয় ছিল ‘কীর্তন: বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ’। বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য, অধ্যাপিকা ডঃ কঙ্কণা মিত্র (বাংলা গান-কীর্তন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক বিশ্বজিত রায় (বাংলা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়)। সম্মেলনে আলোচনা করা হয় কীর্তনের সামাজিক প্রভাব, সাহিত্যমূল্য নিয়ে। বক্তব্য রাখেন  বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার দেবজ্যোতি মিশ্র। সংস্থার ডিন সুমন্ত রুদ্র বলেন, তাঁদের উদ্দেশ্য শুধু কীর্তন গানের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনাই নয়, বাংলা কীর্তনের প্রাচীন রূপটির সংরক্ষণ ও সংস্কার করা। সঠিক পদ্ধততিতে কীর্তন গান ও শ্রীখোলের শিক্ষার প্রসার ঘটানোও এই কর্মসূচির একটি লক্ষ্য। একদিকে যেমন তাত্ত্বিক দিক থেকে কীর্তন (Kirtan) বিষয়ক যত প্রামাণ্য গ্রন্থ বা প্রাচীন নথি আছে, সেগুলিকে সংরক্ষণ করে তাদের গ্রন্থাগারে গবেষণার জন্য রাখা হবে, তেমনই কীর্তনের প্রায়োগিক দিকটি সংরক্ষিত করা হবে তথ্যচিত্র, অডিও ও ভিডিওগ্রাফি, স্বরলিপি ইত্যাদির মাধ্যমে। তিনি বলেন, ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশে ঘুরে ঘুরে সংস্থার পক্ষ থেকে কীর্তনের দলগুলির সঙ্গে যোগাযোগ করে কীর্তন গানকে রেকর্ড করে আর্কাইভ করা হবে। এছাড়া কীর্তন শিল্পীদেরও নানাভাবে সহযোগিতা করা হবে।

    কেন কীর্তন (Kirtan) ক্লাসিক লোকশিল্প?

    সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য বলেন, কীর্তন দিনের পর দিন চর্চায় চর্চায় নানা ভাবে ছড়িয়ে পড়েছে সর্বত্র। কীর্তনকে সংরক্ষণ করার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। বিশিষ্ট কীর্তন বিশেষজ্ঞ ও ‘দেবুজ’ দরবারের অধ্যক্ষ দেবলীনা ঘোষ কীর্তন গেয়ে শোনান। পরে তিনি বলেন, দ্বাদশ শতাব্দী থেকে বাংলায় ভগবান শ্রীকৃষ্ণের গান ও সাহিত্যের প্রমাণ পাওয়া যায়। ১২ শতকের শেষের দিকে, কবি জয়দেব ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভা-কবি। তিনি রাধাকৃষ্ণের প্রেমের গল্প নিয়ে সংস্কৃত কাব্য ‘গীত গোবিন্দ’ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈথিলী কবি বিদ্যাপতি প্রাচীন ভাষা মৈথিলীতে অনেক জনপ্রিয় রাধা-কৃষ্ণ পদ (গীতিমূলক কবিতা) রচনা করেন।চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের সময়, জয়দেব, বিদ্যাপতি এবং আরও অনেক প্রাচীন কবির এই প্রাচীন কীর্তন গানগুলি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। শ্রী চৈতন্য দেব তাঁর ‘গৌড়ীয় বৈষ্ণববাদ’ দর্শন প্রচারের মাধ্যম হিসেবে ‘সংকীর্তন’ ব্যবহার করেছিলেন। তার পরেই ক্রমশ ‘কীর্তনের’ (Kirtan) আবেগে আপ্লুত হতে থাকে বাংলা। বাংলার পাশাপাশি ভারতের অন্য রাজ্যেও বিভিন্নভাবে কীর্তনের বিকাশ ঘটেছিল। কিন্তু বাংলায় এর ‘আখর’ হিসাবে বিশদ ব্যাখ্যামূলক অংশ সহ নাটকীয় উপস্থাপনা, অনেক প্রাচীন তাল ও রাগের সংমিশ্রণ, গল্প বলার ধরন, ধর্মীয় আচার, তাৎপর্যপূর্ণ দর্শন ইত্যাদি শত শত বছর ধরে এটিকে একটি অনন্য ক্লাসিক-লোকশিল্পের রূপ দিয়েছে।

    বৃহত্তর উদ্যোগের সূচনা

    কীর্তন বাংলার সমস্ত অঞ্চলে এত জনপ্রিয় ছিল যে এটি ধর্ম, বর্ণ-প্রথা এবং সামাজিক অবস্থানের বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছিল। এক সময় প্রভাতী-কীর্তন শুনে বাংলার মানুষের ঘুম ভাঙত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি অনুষ্ঠানে কীর্তন পরিবেশনের সুযোগ ছিল সেই সময়। কীর্তনের (Kirtan) পদগুলি বাংলা সাহিত্যের অমূল্য অংশ। এছাড়াও কীর্তন বাংলার সমাজ, সাহিত্য ও ইতিহাসে অভূতপূর্ব প্রভাব ফেলেছিল। এমন গৌরবময় ইতিহাস এবং শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও, বর্তমানে কীর্তন ক্রমশ তার আগের গুরুত্ব হারিয়ে ফেলেছে। কীর্তন গানের পুনরুদ্ধার, পুন:চর্চা, তার সংরক্ষণ  এবং আরও অগ্রগতির লক্ষে  ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার ও দেবুজ দরবারের যৌথ উদ্যোগে একটি দীর্ঘমেয়াদী গবেষণা এবং ডকুমেন্টেশন প্রোগ্রামের কর্মসুচি নেওয়া হয়েছে। তার প্রাথমিক পদক্ষেপ এদিন শুরু হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Coffee: মধ্যপ্রাচ্যের কফি ভারতে এল কীভাবে? জানুন সেই চমকপ্রদ ইতিহাস

    Coffee: মধ্যপ্রাচ্যের কফি ভারতে এল কীভাবে? জানুন সেই চমকপ্রদ ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কফি এমন এক পানীয়, যা অবসর সময় হোক বা কর্মব্যস্ততা, সব কিছুরই সঙ্গী। মুহূর্তের মধ্যে রিফ্রেশমেন্ট নিয়ে আসার ক্ষমতা আছে এর। কফিকে সহজ ভাষায় একটি এনার্জি ড্রিংকও বলা যেতে পারে। কারণ এতে থাকে ক্যাফেনাইন নামক পদার্থ, যা আমাদের এনার্জিকে বৃদ্ধি করতে সাহায্য করে। বাঙালির চা-এর আড্ডা কখনও কখনও কফির (Coffee) আড্ডাতেও পরিণত হয়। সেই কারণেই তো অনেকে ছুটে যান কলেজ স্ট্রিটের কফি হাউসে।

    ভারতে কফি উৎপাদনের অবস্থান কী?

    ভারতে কিন্তু এই কফির (Coffee) আগমনের এক ইতিহাস আছে, যা অনেকেরই অজানা। আসলে এই পানীয় একটি মধ্যপ্রাচ্যের আভিজাত্য পানীয় হিসাবেই পরিচিত ছিল, যা আস্তে আস্তে সমগ্র বিশ্বে ও আমদের ভারতেও ছড়িয়ে পড়ে। ভারতে সব থেকে বেশি কফি উৎপন্ন হয় দক্ষিণ ভারতে। মূলত পৃথিবীর সব থেকে বেশি কফি উৎপাদনকারী দেশ গুলি হল ব্রাজিল, ভিয়েতনাম, কলম্বো, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া। এই দেশগুলির মধ্যে বাদ যায় না ভারতও। কারণ কফি উৎপাদনের দিক থেকে ভারতও অনেক বড় স্থান দখল করেছে বিশ্ব দরবারে। ২০১৫ অর্থবর্ষতে ভারতে প্রায় ৫.৫ মিলিয়ন ব্যাগ কফি উৎপাদন হয়েছিল। প্রত্যেক বছর ভারত থেকে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কফি রফতানি হয় বিদেশের মাটিতে। ভারতে এই কফির প্রচলন কীভাবে শুরু হয়?

    ভারতে কীভাবে কফি উৎপাদন শুরু হয়? কী এর ইতিহাস?

    অনেক তথ্য সূত্র থেকে জানা যায়, সপ্তদশ শতাব্দীতে প্রথম ভারতে কফির আগমন হয়। এর আগে কফি মূলত মধ্যপ্রাচ্যের একটি পানীয় হিসেবে পরিচিত ছিল। এরপর সেখান থেকে আস্তে আস্তে তুরস্ক এবং আশপাশের বিভিন্ন দেশে এই কফির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। 
    ভারতে কফির আগমন হয়েছিল একটু অন্যরকম ভাবে, যা শুনলে অনেকেই অবাক হন। শোনা যায়,১৭৬০ খ্রিস্টাব্দে বাবাবুুদান নামক এক মুসলিম হজ যাত্রী মক্কা থেকে ফেরত আসার সময় নিজের দাড়িতে লুকিয়ে মোট সাতটি কফির (Coffee) বীজ ভারতে নিয়ে আসেন। এইভাবে নিয়ে আসার কারণ ছিল তখন মধ্যপ্রাচ্য থেকে কাঁচা কফির বীজ আনা ছিল দণ্ডনীয় অপরাধ।  তাই ওই ব্যক্তি আরব থেকে এইভাবে কফি বীজ ভারতে নিয়ে  আসেন। ভারতে আসার পর কর্নাটকের চন্দ্রগিরি পাহাড় এলাকায় এগুলি রোপন করেন।  সেই সময় থেকে শুরু হয় ভারতের মাটিতে এই কফির চাষ।

    কফির বাণিজ্যিক বিক্রি কবে ও কারা শুরু করেন?

    ভারতে এই কফি জনপ্রিয় হওয়া এবং চারদিকে ছড়িয়ে পড়ার সব থেকে বেশি অবদান রেখেছেন ওলন্দাজরা। ওলন্দাজরা সপ্তদশ শতাব্দীতে ভারত দখল করেছিল। সেই সময় তারাই ভারতে কমার্শিয়াল ভাবে কফি (Coffee) বীজ রফতানি ও বিক্রি শুরু করে।

    ব্রিটিশ আমলেও কফি উৎপাদন থেমে থাকেনি, বরং পায় আরও বেশি জনপ্রিয়তা

    ব্রিটিশরা ওলন্দাজদের মতো কফির জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করেছিল। উনবিংশ শতাব্দীর সময় ভারতে কফি চাষ আরও বেশি করে বৃদ্ধি পেতে শুরু করে। ভারতে কফি চাষের শুরু থেকে আরবিকা কফির উৎপাদন সব থেকে বেশি ছিল। কিন্তু এই কফি (Coffee) প্রচুর ব্যয়বহুল এবং উৎপাদনে পরিশ্রম ছিল অনেক বেশি। তাই ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকল এই আরবিকা কফি।  তাই উৎপাদন হতে শুরু করল রোবাস্টা কফি। এটি খেতেও যেমন স্ট্রং তেমন জনপ্রিয়তাও অর্জন করে বেশি।

    কফি বোর্ডের ইতিহাস

    এরপর ১৯০৭ সালে তৈরি হয় ভারতীয় কফি বোর্ড।  কফি নিয়ে শুরু হয় নানান গবেষণা।  ভারতীয়দের জন্য কফি (Coffee) কিভাবে আরও সস্তায় রফতানি করা যেতে পারে, তা নিয়েও শুরু হয় অনেক গবেষণা। ১৯৯৫ সালে কফির জনপ্রিয়তা যখন শীর্ষে পৌঁছে যায় তখন এটিকে নিয়ন্ত্রণ করার সমস্ত দায়ভার গ্রহণ করে ভারতীয় কফি বোর্ড।  ভারতে অনেক কফি ব্র্যান্ড জন্ম নেয় এই সময়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ambubachi: অম্বুবাচী কেন পালন করা হয়? কোন কাজগুলি এই সময় করবেন না জেনে নিন

    Ambubachi: অম্বুবাচী কেন পালন করা হয়? কোন কাজগুলি এই সময় করবেন না জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় প্রবাদ রয়েছে, ‘কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।’ হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচী (Ambubachi)। লোককথা অনুসারে, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়ই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনও নারী রজঃস্বলা হলে, তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয়, বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজঃস্বলা হন। এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে লাঙ্গল চালানো যায় না। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। যে কোনও শুভ কাজ যেমন, গৃহপ্রবেশ এসবও বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনও জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক নাম রয়েছে। যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব, রজঃ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব।

    বৃহস্পতিবার ২২ জুন অম্বুবাচী শুরু (Ambubachi)

    চলতি বছরে অম্বুবাচী শুরু হয়েছে ২২ জুন, বৃহস্পতিবার (বাংলা ৬ আষাঢ়) ভোর রাত ২ টো ৩২ মিনিটে। চলবে ২৬ জুন, সোমবার (বাংলা ১০ আষাঢ়) দুপুর ২ টো ৫৬ মিনিট পর্যন্ত।

    কামাখ্যা মন্দিরে অম্বুবাচী 

    প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই সময় দেবী কামাখ্যা রজঃস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত, ৫১ সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা। যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয়, সেইদিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজঃস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে, সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন।

    অম্বুবাচীর (Ambubachi) ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম!

    ১) অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃ শক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন। তার পর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন।

    ২) অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত না। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। 

    ৩) অম্বুবাচীতে গুরুপুজো করতে কোনও বাধা নেই। এমনকী গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে জপ করতে পারবেন। 

    ৪) বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না।

    ৫) কোনও শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। এমনকী কৃষিকাজ বন্ধ রাখা হয়। অম্বুবাচীর তিনদিন পর, ফের কোনও মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়।

    ৭) প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একই ভাবে মনে করা হয়, পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। সেজন্যই এই তিন দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগীপুরুষ এবং বিধবা মহিলারা ‘অশুচি’ পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই তিনদিন কাটাতে হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Music Day: শারীরিক ও মানসিক শান্তি এনে দিতে পারে গান বা সঙ্গীত

    World Music Day: শারীরিক ও মানসিক শান্তি এনে দিতে পারে গান বা সঙ্গীত

    মাধ্যম নিউজ ডেস্ক: মন খারাপ হোক বা ভালো। সব কিছুর সঙ্গী গান বা সঙ্গীত। এই সঙ্গীতের আছে এমন শক্তি, যা আপনাকে ও আপনার মস্তিষ্ককে শান্তি এনে দিতে পারে। এই সঙ্গীত মনের অবস্থা ব্যক্ত করতে, সমাজের বিভিন্ন দিক তুলে ধরতে ভীষণ ভাবে উপযোগী। প্রত্যেক বছর ২১ শে জুন বিশ্ব সঙ্গীত দিবস (World Music Day) পালন করা হয়। সমস্ত সঙ্গীত প্রেমীদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম।

    কীভাবে ও কবে শুরু হয় এই বিশ্ব সঙ্গীত দিবস (World Music Day)?

    ১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং-এর হাত ধরে এই দিবসের সূচনার প্রস্তাব দেওয়া হয়। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এই দিবস পালন শুরু করে। পরে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এই দিবস। ‘গান হতে হবে মুক্ত, সংশয়হীন’-এই স্লোগানটি তখন জনপ্রিয় হয় এবং এই স্লোগানকে সামনে রেখে ১১০ টি দেশ যুক্ত হয় এই বিশ্ব সঙ্গীত দিবসের সাথে। বিশ্ব সঙ্গীত দিবসকে (World Music Day) ফরাসি ভাষায় বলে, ‘ফেট ডে লা মিউজিক’।

    কেন পালন করা হয় এই দিবস (World Music Day)?

    বর্তমানে বিশ্বের সমস্ত সঙ্গীতজ্ঞদের সম্মান জানাতে এই বিশেষ দিনটিকে (World Music Day) বেছে নেওয়া হয়। বিশ্বের বিভিন্ন জায়গায় আজকের দিনে অনেক অনুষ্ঠান এবং বিশেষ বিশেষ অভিজ্ঞ সঙ্গীতকারদের সম্মান জানানো হয়। প্রত্যেক বছর একটি নির্দিষ্ট থিম নির্বাচন করা হয় এই দিনটির জন্য। একটি বিশেষ দিন ও সময়কে এই বিশ্ব সঙ্গীত দিবস হিসাবে পালন করা হয় কেন? তার পিছনে আবার আছে একটি ইতিহাস। পৃথিবী সূর্যের চারপাশে যখন প্রদক্ষিণ করে, তখন ২১ শে জুন পৃথিবীর উত্তর গোলার্ধ থাকে সূর্যের সব থেকে কাছাকাছি। দিন সব থেকে বড় হয় এবং রাত সব থেকে ছোট হয়। এর ওপর নির্ভর করে পশ্চিমী দেশগুলিতে এই দিনটি থেকেই গ্রীষ্মকালের সূচনা হিসেবে ধরে নেওয়া হয়। বিশেষ করে পশ্চিমে কয়েকটি দেশে গ্রীষ্মকাল খুবই সুখদায়ক। কারণ সেখানে বেশিরভাগ অঞ্চল শীতপ্রধান। তাই এই বিশেষ দিনটিকে গান-বাজনার সাথে সেলিব্রেট করার মাধ্যমে পালন করা শুরু হয়। ১৯৮২ সালে প্রথম ফ্রান্সে এই দিনটির সূচনা হয়। এর পর ভারত সহ আরও ১২০ টি দেশ এই দিবস পালন শুরু করে। সারা বিশ্ব জুড়ে নানান ঘরানার সঙ্গীত গেয়ে পালন করা হয় এই দিনটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Metro Rail: গঙ্গার নিচে সুড়ঙ্গপথে ছুটবে মেট্রো, পরিকল্পনা হয়েছিল ১০০ বছর আগেই!

    Metro Rail: গঙ্গার নিচে সুড়ঙ্গপথে ছুটবে মেট্রো, পরিকল্পনা হয়েছিল ১০০ বছর আগেই!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে প্রথম বার গঙ্গার নিচে সুড়ঙ্গ পথে ছুটবে মেট্রো রেল (Metro Rail)। ভারতের ইতিহাসে এ এক নতুন মাইল ফলক বলা যেতেই পারে। চলতি বছরের ডিসেম্বরেই শহরবাসী এই সুবিধা পেতে চলেছেন। ইতিমধ্যে গঙ্গার তলা দিয়ে পরীক্ষমূলক ভাবে চালানো হয়েছে মেট্রো রেল। কিন্তু অনেকেরই হয়তো অজানা, প্রায় ১০০ বছর আগেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আর তা করেছিলেন একজন বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার হার্লে ডালরিম্পল।

    কে এই হার্লে ডালরিম্পল?

    হার্লে ডালরিম্পল ছিলেন একজন বাঙালি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার, যিনি ১৮৬১ সালে রাজ্যেরই বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করেন যুক্তরাজ্যের এডিনবরায়। এর পর তিনি লন্ডনের আন্ডারগ্রাউন্ড নামের একটি পরিবহণ সংস্থায় কাজ শুরু করেন। তাঁর পরিকল্পনা ছিল, কলকাতার মাটির নিচ দিয়ে প্রায় ১০ কিলোমিটারের কাছাকাছি একটি রেলপথ তৈরি করবেন। এটি হুগলি নদীর নিচ দিয়ে যাবে এবং হাওড়াকে সরাসরি কলকাতার সাথে যুক্ত করবে। এর সাথে যুক্ত মোট ১০টি স্টেশন (Metro Rail) রাখার পরিকল্পনা ছিল তাঁর। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, তাঁর পরিকল্পনা আরও বহুদূর বিস্তৃত ছিল। তিনি কলকাতার জন্য সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড একটি নকশা তৈরি করেছিলেন, যা কলকাতার  উত্তর ও দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ছিল। হার্লে এই পরিকল্পনা যখন তৈরি করেন, তখন আগে থেকেই লন্ডন, প্যারিস এবং নিউইয়র্কে ভূগর্ভস্থ রেলপথ চালু ছিল।

    কী উদ্দেশ্য (Metro Rail) ছিল এই টানেলের?

    ব্রিটিশ আমলে কলকাতা ছিল মূল কেন্দ্রবিন্দু। আর হাওড়া ছিল বিভিন্ন কলকারখানার মূল জায়গা। তাই কলকাতা ও হাওড়াতে ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজ করতে আসতেন। তখন হাওড়া থেকে কলকাতা যাওয়ার একমাত্র পথ ছিল হুগলির ওপর নির্মিত একটি সেতু। তাছাড়া নৌকাতেও যাতায়াত করতেন মানুষ। এই সব পর্যবেক্ষণ করে তিনি সিদ্ধান্ত নেন, লন্ডনের মতো টিউব রেলপথ নির্মাণ করার, যা ভূগর্ভ পথে কলকাতা-হাওড়াকে সরাসরি যুক্ত করবে (Metro Rail)। তিনি কলকাতাতে না এসেই সুদূর বিদেশে বসে শহরের জন্য টিউবের নকশা তৈরি করেন। এমনকী সব বিষয়ে তথ্য পেতে এক সহকারীকের কলকাতায় পাঠান।
    তাঁর প্রথম উদ্দেশ্য ছিল, হাওড়ার বাগমারি নামক এক জায়গাকে বেনারস রোড নামক আরেক জায়গার সাথে যুক্ত করা (Metro Rail)। একশো বছর আগে এই পরিকল্পনার জন্য বাজেট নির্ধারণ করা হয় ৩৫ লাখ পাউন্ড, যা ছিল তখন অনেক ব্যয় বহুল। তাই এই প্রজেক্ট অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু হার্লে কলকাতায় তাঁর এই পরিকল্পনার ছোঁয়া রেখে যান। ১৯২৮ সালে শহরের বিদ্যুৎ বণ্টন কোম্পানি সিইএসসি হার্লেকে কলকাতা থেকে হাওড়ায় বৈদ্যুতিক তার পরিবহণের জন্য টানেল বানানোর দায়িত্ব দেয়। ১৯৩১ সালে কলকাতায় এই আন্ডার ওয়াটার টানেলটি স্থাপিত হয়, যা আজও আছে। এটি দিয়ে এখনও বৈদ্যুতিক তার পরিবহণ করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lord Jagannath: মঙ্গলবার রথযাত্রা! জেনে নিন জগন্নাথদেবের পুজোবিধি

    Lord Jagannath: মঙ্গলবার রথযাত্রা! জেনে নিন জগন্নাথদেবের পুজোবিধি

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যাবেন প্রভু জগন্নাথ। সঙ্গী হবেন বলরাম ও সুভদ্রা। রথযাত্রার তিথি হিন্দু ধর্মে এক পুণ্য ও পবিত্র উৎসব। ভক্তরা এদিন ভক্তি সহকারে প্রভু জগন্নাথের উপাসনা করেন। ভক্তদের বিশ্বাস, রথের দড়ি টানলে সংসারের সকল অমঙ্গল দূর হয়। সারা দেশের সঙ্গে বিদেশেও সাদরে এবং ভক্তিপূর্ণভাবে পালিত হয় রথযাত্রা।

    প্রায় সাতশো বছর আগে পুরীতে শুরু হয় রথযাত্রা

    আনুমানিক সাতশো বছরের পুরনো পুরীর রথযাত্রা (Puri Rath yatra) উৎসব। এই বিশেষ উৎসব ঘোষাযাত্রা বলেও পরিচিত। রথযাত্রার দিন এই তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে (Gundicha Temple) জগন্নাথদেবের (Lord Jagannath) মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। মোট ১১ দিন ধরে জগন্নাথ-সুভদ্রা-বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। রথযাত্রা ঘিরে রয়েছে একাধিক আচার-অনুষ্ঠান। রয়েছে একাধিক পুজোবিধি।

    রথযাত্রার নির্ঘণ্ট আমরা দেখে নেব একনজরে

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

    তৃতীয়া তিথি আরম্ভ

    বাংলার–৫ আষাঢ়, মঙ্গলবার।

    ইং–২০ জুন, মঙ্গলবার।

    সময়–দিবা ১ টা ৯ মিনিট।

    গুপ্ত প্রেস পঞ্জিকা মতে

    তৃতীয়া তিথি আরম্ভ

    বাংলার–৪ আষাঢ়, মঙ্গলবার।

    ইং–২০ জুন, মঙ্গলবার।

    সময়–ঘ ১১ টা ২৫ মিনিট ১৪ সেকেন্ড।

    তৃতীয়া তিথি শেষ

    বাংলার–৬ আষাঢ়, বুধবার।

    ইং–২১ জুন, বুধবার।

    সময়–দিবা ৩ টে ১০ মিনিট।

    রথযাত্রা উৎসবের বিভিন্ন পবিত্র অনুষ্ঠান 

    আনসারী-স্নানযাত্রার পর অর্থাৎ পূর্ণিমার পরে কাঠের মূর্তিগুলি শোভাযাত্রার (রথযাত্রা) তারিখ অবধি গর্ভগৃহের একটি ঘরে রাখা হয়।

    চেরা পাহারা-মন্দিরের সিংহদ্বারের উত্তর দিকে পাশাপাশি রেখে দেওয়া হয়। এদিন ওড়িশার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন, পথও পরিষ্কার করেন এবং চন্দন ছিটিয়ে দেন।

    রথযাত্রা-মূল উৎসব। রথযাত্রা শুরু হয় এদিন। গুণ্ডিচাতে মাসির বাড়িতে যাওয়ার প্রথা জগন্নাথ, বলরাম ও শুভদ্রার।

    হেরা পঞ্চমী-প্রথম পাঁচ দিন গুণ্ডিচা মন্দিরে থাকেন তিন ভাই-বোন। পঞ্চম দিন ভগবান জগন্নাথের স্ত্রী দেবী লক্ষ্মীর এক অনুষ্ঠান ও পুজো করা হয়।

    সন্ধ্যা দর্শন-এই দিনে জগন্নাথ দর্শন করা ১০ বছর ধরে শ্রী হরির পুজো করার সমান পুণ্য লাভ হয়। 

    বহুদা যাত্রা-অর্থাৎ উল্টো রথযাত্রা। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং বোন সুভদ্রার ঘরে প্রত্যাবর্তন। 

    সুনা বেসা-রথযাত্রা শেষে যখন নিজের বাড়িতে জগন্নাথ ফিরে আসেন, তখন নিয়ম মেনে জগন্নাথ-সুভদ্রা-বলরামকে ফের নতুন পোশাক পরানো হয়। সুন্দর সাজে সজ্জিত করা হয়।

    আধার পানা-আষাঢ়ের শুক্ল দ্বাদশীতে দিব্য এই রথে একটি বিশেষ পানীয় নিবেদন করা হয়। একে পানা বলা হয়, যা দুধ, পনির, চিনি এবং শুকনো ফল দিয়ে তৈরি হয়।

    নীলাদ্রি বিজে- জগন্নাথ দেবের রথযাত্রার অন্যতম আকর্ষণীয় আচার হল নীলাদ্রি বিজে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share