Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলির মঞ্চে রোহিত শর্মার ‘শো’ দেখল কোটলা। হিটম্যানের দাপটে খড়কুটোর মতোই উড়ে গেল আফগানিস্তান। ভাল খেললেন কোহলিও।  বিশ্বকাপে দ্রুততম হাজার রান,  সপ্তম শতরান একাধিক রেকর্ড গড়েও ম্যাচ শেষে নিরুত্তাপ ভারত অধিনায়ক। বললেন,  ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা বেশি ভাবতে চাই না। দীর্ঘ পথ চলতে হবে। রেকর্ড করলে সব সময়ই ভালো লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা।’

    কী বললেন রোহিত

    পর পর দুটো ম্যাচ জিতে শনিবার চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত-ব্রিগেড।  ভারত অধিনায়কের কথায়, “পাকিস্তানকেও হারাতে হবে। ফোকাস নষ্ট করা চলবে না। পর পর দুটো ম্যাচ জিতে ভালো লাগছে। তবে জয়ের ধারা বজায় রাখতে হবে। ” তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্বকাপে শতরান করা সব সময়েই আনন্দের। আমি ভালোই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি।’

    দিল্লি দেখল অন্য দৃশ্য

    রোহিতের রেকর্ডের সঙ্গে সঙ্গেই এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আরও অনেক কিছুর। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় ছিল বিরাট কোহলি বনাম নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাদের বিতর্ক ‘মুখরোচক’ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোটলা দেখল অন্য ছবি। বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে। সমর্থকরা কী চাইছিলেন, তা অজানা। তবে সবটাই যে অতীত, বুঝিয়ে দিলেন কিং কোহলি। যাঁরা নানা সময়ে নবীন-বিরাটের ঘটনায় বিদ্রুপ করেছিলেন, তাঁদের ধুয়ে দিলেন কমেন্ট্রি বক্সে থাকা গৌতম গম্ভীর। তেমনই প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি এবং নবীন উল হককে।আফগানিস্তান ইনিংসে নবীন উল হক ব্যাটিংয়ে নামতেই, স্প্লিট স্ক্রিনে ধরা হল বিরাটকে। জায়ান্ট স্ক্রিনে দু-জনকে একসঙ্গে দেখাতেই গ্যালারিতে ব্যাপক আওয়াজ। বিরাট হাসতে থাকেন পুরনো ঘটনা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়।

    ঈশানের আউটে বিরাট কোহলি ক্রিজে নামতেই বোলিংয়ে আনা হয় নবীনকে। কয়েকটি ডেলিভারি সামলে নিলেন। রান নেওয়ার সময় নবীনের পাশ দিয়ে দৌড়ছিলেন বিরাট। ক্যামেরা ধরল তাঁদেরই। কিছুক্ষণ পরই অনবদ্য একটা দৃশ্য। বিরাট-নবীন হাত মেলাচ্ছেন। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিচ্ছেন বিরাট কোহলি। গ্যালারির দিকেও ইশারা করলেন, উৎসাহ দাও এই তরুণকে। গ্যালারিও ভুলে গেল। গালি নয় তালিতে ভরে উঠল চারপাশ। সমালোচকদের জাবাব দিয়ে ধারাভাষ্যে থাকা গৌতম গম্ভীরও প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাটকে। বললেন, “বিরাট মানের ক্রিকেটারের থেকে এমন পরিণত আচরণই প্রত্যাশা করেন।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিতদের। পরপর দুই ম্যাচে জিতে মনোবল তুঙ্গে মেন-ইন-ব্লু-এর। বুধবার রোহিতের শতরান, বুমরার পেস-অ্যাটাকে বিদ্ধ আফগানরা। এদিন হেলায় আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত। রেকর্ডের বন্যা বইল রোহিতের ব্যাটে। ফর্মে ফিরল ইন্ডিয়ার টপ অর্ডার। ভারত-পাকিস্তান ম্যাচের আগে যা স্বস্তি দেবে কোচ দ্রাবিড়কে।

    রোহিতের ঝড়ো ইনিংস

    ৬৩ বলে ঝোড়ো সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। সেই সঙ্গে ইতিহাস লিখলেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত। সেই সঙ্গে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন। তেন্ডুলকর ১৯৯২ থেকে ২০১১ সালের মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন এবং ছ’টি সেঞ্চুরি করেছেন। শেষ বার সচিন তাঁর ৪১তম ইনিংসে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান করেছিলেন। রোহিত বিশ্বকাপে শুধুমাত্র ১৯তম ইনিংসেই তাঁর সপ্তম সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ইনিংসের দিক থেকে যেমন তিনি সচিনকে ছাপিয়ে গিয়েছেন, তেমনই বিশ্বকাপে করা মোট শতরানের বিচারেও তিনি সচিনকে ছাপিয়ে গেলেন। দ্রুততম সর্বাধিক সেঞ্চুরির নজিরও গড়েন রোহিত। তিনি পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফারুকিকে ছক্কা মেরে বিশ্বকাপের দ্রুততম হাজার রান করেন। ১৯টি ইনিংস খেলে বিশ্বকাপে হাজার রান করলেন রোহিত। এই নজির রয়েছে ডেভিড ওয়ার্নারেরও। 

    আরও পড়ুন: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    ছন্দে ভারতের ব্যাটিং

    দিল্লিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৭২ রান। ভারত সেই রান তুলল ১৫ ওভার বাকি থাকতে। ‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলি নিলেন উইনিং শট। ঘরের মাঠে ৫৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। বিরাট নামার আগেই ম্যাচ ভারতের পকেটে চলে গিয়েছিল। এদিন রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। তিনিও আজ সফল। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। ৪৭ রান করে রশিদ খানের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঈশান কিষাণ।  ঝড়ো ১৩১ রান করে রশিদ খানের বলেই বোল্ড হন রোহিত। 

    দুরন্ত বোলিং বুমরাহর

    এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান (Afghanistan)। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তোলে আফগানিস্তান। দলের ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান যখন চাপে পড়ে গিয়েছিল। সেই সময়ে হাল ধরেন শাহিদি এবং ওমরজাই। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ১২৮ বলে ১২১ রানের জুটি। এই জুটিতেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৪টি ছয়, ২টি চারের সাহায্যে ওমরজাই করেন ৬৯ বলে ৬২ রান। ৮৮ বলে ৮০ করেন শাহিদি। মারেন ১টি ছয়, ৮টি চার। ইনিংসে আর কোনও উল্লেখযোগ্য জুটি নেই বললেই চলে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭২ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বুমরাহ। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন> বার্থডে বয় হার্দিকের ঝুলিতে রয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট শার্দুল এবং কুলদীপের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক! এশিয়ান গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাত প্রধা‌নমন্ত্রীর

    Asian Games 2023: এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক! এশিয়ান গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাত প্রধা‌নমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানম‌ন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠানে এশিয়াডে পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে মিলিত হলেন মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০২৩ এশিয়া‌ন গেমসে ভারতের অভিযান সমাপ্ত হয়েছে শনিবার। চিনের মাটিতে দাঁড়িয়েই ১০০ পদকের লক্ষ্যপূরণ হয়েছে ভারতের। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে এটাই ভারতের সেরা সাফল্য। এবারের গেমসে ভারত ২৮টি সোনা, ৩৮টি রুপো, ৪১টি ব্রোঞ্জ সহ মোট ১০৭টি পদক জিতেছে।

    কী বললেন প্রধানমন্ত্রী

    এই অনুষ্ঠা‌নে পদকজয়ীদের উদ্দেশ্য মোদি বলেন, ‘১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের (অ্যাথলিটদের) সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কঠোর পরিশ্রম ও অর্জনের কারণে সারাদেশে উৎসবের পরিবেশে মুখরিত হয়েছে। আমাদের দেশে কখনই প্রতিভার অভাব ছিল না কিন্তু বিভিন্ন বাধার কারণে আমাদের ক্রীড়াবিদরা তাঁদের প্রতিভাকে পদকে রূপান্তর করতে পারেননি।’

    সরকারের পদক্ষেপ

    বর্তমান সরকার  ক্রীড়াবিদদের জন্য বিশেষ কী কী প্রকল্প নিয়েছে সেটাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অ্যাথলিটদের সেরাটা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এইবার আমরা ১০০টি পদক জিতেছি। পরের বার, আমরা এই রেকর্ডটি অতিক্রম করব। প্যারিস অলিম্পিকের জন্য আপনারা সর্বোত্তম প্রচেষ্টা বজায় রাখুন।’ মোদি উল্লেখ করেন, ‘অ্যাথলিটরা তাদের সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করেছে। ভারতে প্রতিভার অভাব ছিল না। জেতার ইচ্ছা সবসময় ছিল। তারা আগেও ভাল করত, কিন্তু তাদের পথে অনেক বাধা-বিপত্তি ছিল। কিন্তু ২০১৪ এর পরে, ভারতীয় ক্রীড়াবিদরা বিদেশে সেরা প্রশিক্ষণ, সুবিধা পাচ্ছেন। খেলো ইন্ডিয়া, টপসের মতো প্রকল্প চালু করা হয়েছে।’

    মিশন প্যারিস

    একইসঙ্গে মোদি জানান, ‘এই এশিয়ান গেমসে আমরা যে ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা সেখানেই পদক জিতেছি। পদকের সংখ্যা বাড়ছে, যা ভারতের জন্য একটি ভালো ইঙ্গিত। আপনারা নতুন পথ খুলে দিয়েছেন, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই পারফরম্যান্স প্যারিস অলিম্পিকের জন্যও নতুন প্রেরণা দেবে।’ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: কোহলির মাঠে বিরাট-নবীন দ্বৈরথ দেখার অপেক্ষায় অনুরাগীরা

    India vs Afghanistan: কোহলির মাঠে বিরাট-নবীন দ্বৈরথ দেখার অপেক্ষায় অনুরাগীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করেছে ভারত। প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। বুধবার রাজধানীতে রোহিত বাহিনীর সামনে আফগানিস্তান (India vs Afghanistan)। যাঁরা দ্রুত উন্নতি করছে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে কোহলি, রাহুলরা যেমন ফর্মে আছেন, তাতে মনে হয় না কাবুলিওয়াল দেশের ক্রিকেটাররা বড় অঘটন ঘটাতে পারবে। এই ম্যাচের বড় চমক হল মুখোমুখি হবেন বিরাট কোহলি (Virat Kohli) ও নবীন উল হক (Naveen Ul Haq)। আইপিএলের (IPL)গত সংস্করণে চর্চায় উঠে এসেছিলেন আফগান পেসার নবীন উল-হক। লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের ম্যাচ চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান তিনি। কোহলির সঙ্গে শত্রুতার খেলায় মাতেন নবীন। সেই বিতর্ক শুধু বাইশ গজেই সীমাবদ্ধ ছিল না। জল গড়ায় অনেক দূর।

    কোহলির ডেরায় নবীন

    আজ, নবীনকে খেলতে হবে কোহলির খাস তালুকে। দিল্লি মানেই প্রাক্তন ভারত অধিনায়কের ডেরা। তার উপর এই মাঠে কোহলির নামে বিশেষ স্ট্যান্ডও তৈরি হয়েছে। ফলে সহজেই অনুমান করা যাচ্ছে দিল্লির দর্শকরা নবীনকে স্বাগত জানাতে কীভাবে তৈরি থাকবেন। আইপিএল হোক বা বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ভারতের মাটিতে খেলতে ‌নামলেই নবীনকে এখন কোহলির নামে স্লোগান শুনতে হয়। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ধরমশালায় বাংলাদেশের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচেই নবীন উল হককে দেখে ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করতে থাকেন বিরাট সমর্থকরা। ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে যেতেই গ্যালারি থেকে ভেসে আসে বিরাট জয়ধ্বনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। সেই আন্দাজ করেই নবীন বলে রেখেছেন, “জানি আমায় দেখে কোহলি, কোহলি চিৎকার হবে। আমি অবশ্য এই নিয়ে ভাবিত নই, বরং ওইসব চিৎকার হলে আরও বেশি খেলায় মন ঢালতে পারি।”

    আরও পড়ুন: বাদ অশ্বিন! আজ আফগানিস্তানের বিরুদ্ধে কোন প্লেয়ারে ভরসা ভারতের

    স্মৃতিতে শামির হ্যাটট্রিক

    এই ম্যাচে চর্চায় আরও একটি নাম মনে আসছে মহম্মদ শামি। ২০১৯ বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করেন শামি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে পর পর আউট করেন মহম্মদ নবী, আফতাব আলম, মুজিব উর রহমানকে। চার বছর আগে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১১ রানে জয় পেয়েছিল ভারত। ভারত ৮ উইকেটে ২২৪ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে ‌‌নেমে ২১৩ রানেই অল আউট হয়ে যায় আফগানরা। শেষ ওভারে হ্যাটট্রিক করেন শামি। তাই চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে শামি দলে না থাকলেও, দিল্লিতে আফগানদের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে চলেছেন শামি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: বাদ অশ্বিন! আজ আফগানিস্তানের বিরুদ্ধে কোন ক্রিকেটারে ভরসা ভারতের

    India vs Afghanistan: বাদ অশ্বিন! আজ আফগানিস্তানের বিরুদ্ধে কোন ক্রিকেটারে ভরসা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত (India vs Afghanistan)। এই ম্যাচ জিতেই চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হতে চাইছেন রোহিতরা। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন না শুভমান গিল, এই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দ্বিতীয় ম্য়াচে একটা বড় পরিবর্তন ভারত করতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম ম্যাচে ভারতের স্পিনাররা রাজত্ব করেছেন। স্পিনাররা ৬টা উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা সবথেকে বেশি উইকেট নিয়েছেন। গত ম্য়াচে তিন স্পিনারে খেলানোটা কাজে দিয়েছে। তবে দিল্লির পিচ অন্যরকম। তাই এখানে দুই স্পিনার খেলানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে।

    দলে আসতে পারেন শামি

    দলে একাধিক বিকল্প রয়েছে। প্রথম ম্য়াচে মহম্মদ শামিকে দল থেকে বাদ দেওয়ায় বিতর্ক হয়েছিল। তাঁর মত অভিজ্ঞ প্লেয়ার থাকলেও কেন তাঁকে নেওয়া হয়নি দলে তা জানতে চেয়েছেন সমর্থকরা। এছাড়াও দলে ছিলেন শার্দূল ঠাকুর। তাও পেস আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছিল বুমরাহ ও সিরাজকে। তবে এই ম্যাচে শামিকে সুযোগ দেওয়া হতে পারে বলে খবর। 

    ব্যাটিংয়ের স্বর্গরাজ্য

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে আফগানিস্তানের (India vs Afghanistan) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) সফর শুরু হয়েছে বাংলাদেশের কাছে হার দিয়ে। তাই এখানে জিততে মরিয়া দুই দলই। দিল্লির পিচ যদি ব্যাটিংয়ের স্বর্গরাজ্য হয়, তাতে অবশ্য আপত্তি করবে না ভারত। কারণ চেন্নাইয়ের মতো স্পিনিং পিচ হলে হিতে-বিপরীত হতে পারে। আফগানিস্তানে রশিদ খান, মুজিব উর রহমানের মতো তারকা স্পিনার আছেন। সেক্ষেত্রে চেন্নাইয়ের মতো স্পিনিং ট্র্যাক হলে ভারতীয় দলই হাঁসফাঁস করতে পারে। সেইসঙ্গে দিল্লির পিচে কিছুটা বাড়তি বাউন্স থাকলেও ভারতীয় দলের মুখে হাসি ফুটবে বলে সংশ্লিষ্ট মহলের মত। 

    আরও পড়ুন: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    ম্যাচের খুঁটিনাটি

    কখন-কোথায় ম্যাচ: ভারত-আফগানিস্তান ম্যাচটি দুপুর ২ টোয় শুরু হবে।  টস হবে দুপুর ১.৩০ টায়।  ম্যাচটি দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ম্যাচটির লাইভ সম্প্রচার দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।

    ভারতের সম্ভাব্য একাদশ:  রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব

    আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শা, হসমতউল্লাহ শাহিদি, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জারদান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমন, নবীন উল হক, ফজলহক ফারুকি

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ind Vs Pak: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    Ind Vs Pak: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তানের (Ind Vs Pak) ম্যাচ মানেই টানটান উত্তেজনা। চলতি ২০২৩ সালের বিশ্বকাপে (ICC World Cup 2023) শনিবারই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দিনকয়েক আগে এনআইএ-র কাছে আসা একটি হুমকি-ইমেলকে। ওই চিঠিতে অবিলম্বে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর মুক্তির দাবি করা হয়েছে। একইসঙ্গে ৫০০ কোটি টাকা দিতে হবে বলেও দাবি করা হয়েছে। চিঠি অনুযায়ী, এটা না করলে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশ তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ওই ইমেলে। এসমস্ত কারণেই নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ind Vs Pak)।

    ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন  

    জানা গিয়েছে, ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন শনিবারের ম্যাচে। এর পাশাপাশি থাকছে বম্ব স্কোয়াডও। ভারত পাকিস্তান (Ind Vs Pak) ম্যাচকে ঘিরে আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলছেন, ‘‘গত কুড়ি বছরে আহমেদাবাদে কোনও ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হিংসা বা দাঙ্গা হয়নি। তবু শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়ন করা হবে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকবেন  ৭ হাজার পুলিশ কর্মী এবং ৪ হাজার হোমগার্ড। এছাড়াও বোম্ব স্কোয়াডের ন’টি দলকে তৈরি রাখা হবে বলে জানা গিয়েছে। চারজন আইপিএস অফিসার এই গোটা নিরাপত্তা ব্যবস্থাকে তদারকি করবেন। থাকবেন ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।

    কোন বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে?

    পুলিশ কমিশনার জানান, ত্রিস্তরীয় নিরারত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরস্থিতি এড়াতে তিনটে ‘হিট টিম’ও তৈরি রাখা হবে। থাকবে এনএসজির অ্যান্টি ড্রোন টিম। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টা সংস্থার পাশাপাশি ব়্যাপিড অ্যাকশন ফোর্সও থাকবে। ব়্যাফ কড়া নজর রাখবে স্পর্শকাতর এলাকায়। শনিবারের ম্যাচের আগেই তাঁরা দখল নিয়ে নেবেন শহর ও স্টেডিয়ামের। 

    থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও

    নিরাপত্তার পাশাপাশি থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও। সাধারণভাবে যে কোনও ক্রিকেট ম্যাচকে (Ind Vs Pak) ঘিরে এমন নিরাপত্তার ব্যবস্থা নজিরবিহীন। বোম স্কোয়াড, নিরাপত্তা রক্ষী মোতায়েন দেখে যে কোনও জনের মনেই হবে যে নিশ্চয়ই কোন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে ভারতে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা দিতে কোন ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান! কবে ফিরবেন বাইশ গজে?

    ICC World Cup 2023: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান! কবে ফিরবেন বাইশ গজে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দাজ করা গিয়েছিল ভাল নেই শুভমান গিল (Shubman Gill)। এবার জানা গেল, সোমবার বিকেলেই চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি করা হয়েছে ভারতীয় দলের তারকা ওপেনারকে। তাঁর প্লেটলেট কাউন্ট সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। তড়িঘড়ি চেন্নাইয়ের হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সূত্রের খবর, হু হু করে শুভমানের প্লেটলেট কমছিল তাঁর। তাই চিকিৎসকেরা অপেক্ষা করেননি। তবে আপাতত তাঁর প্লেটলেট ঠিক হওয়ায় তাঁকে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এখনও অসুস্থ তিনি। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সম্ভাবনা বেশি। আপাতত বোর্ডের চিকিৎসকেরা তাঁকে নজরে রেখেছেন।

    কেন হাসপাতালে গিল

    বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। টিম হোটেলে নিজের রুমেই থেকে গিয়েছিলেন। ডেঙ্গি আক্রান্তকে প্রথম কয়েকটা দিন টানা স‌্যালাইন ড্রিপ দিয়ে যেতে হয়। যেহেতু প্রথম দিকে শরীরে তরল পদার্থের অভাব দেখা দেয়। সোমবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। তবে শুভমানের যা অবস্থা তাতে আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও গিল খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। এখনও সে বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও গিলের না থাকার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট মহলের মত। 

    আরও পড়ুন: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

    বাইশ গজে ফিরবেন কবে

    গত কয়েকদিন ধরেই গিলের প্লেটলেটের সংখ্যা কম থাকছে। সেই পরিস্থিতিতে গিলকে বিমানে না ওঠার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে দিল্লিতে যাননি গিল। সুস্থ হয়ে উঠে কবে ফের খেলার মাঠে নামবেন শুভমান, তা এখন ধোঁয়াশায়। তাঁর মেডিক্যাল রিপোর্টও প্রকাশ্যে আনা হয়নি। এই পরিস্থিতিতে গিলের মাঠে ফেরা অনিশ্চিত। কারণ প্লেটলেট ঠিক হলেও তাঁর দুর্বলতা থাকবে। ম্য়াচের জন্য় ফিট হতে আরও সময় লাগবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গিল যদি পাকিস্তান ম্যাচের আগে সুস্থ হয়ে যান, তাহলে তাঁকে আমেদাবাদে যেতে হবে ১৩ তারিখের মধ্যে। তিনি গেলেও তাঁর ম্য়াচ ফিটনেস বড় প্রশ্ন হবে। আমেদাবাদের গরমে ১০০ ওভার খেলাটা বেশ চাপের হবে গিলের পক্ষে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Shubman Gill: আফগানিস্তানের বিরুদ্ধেও নেই শুভমান! ভারত-পাক মহারণে থাকবেন কি গিল?

    Shubman Gill: আফগানিস্তানের বিরুদ্ধেও নেই শুভমান! ভারত-পাক মহারণে থাকবেন কি গিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না শুভমান গিল (Shubman Gill)। শুভমানের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘‘সোমবার দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি শুভমান। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমান খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল ওর উপর নজর রেখেছে।’’

    কবে খেলবেন গিল

    ডেঙ্গির জন্য বিশ্বকাপের (ICC World Cup 2023)  প্রথম ম্যাচে গিলকে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে চাপে পড়লেও বিরাট কোহলি (Virat Kohli) ও লোকেশ রাহুল (KL Rahul) জুটিতে ম্যাচ জিতেছে ভারত। তবে টপ অর্ডার ব্যর্থ হয়েছে। রোহিত শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার রান পাননি। যা নিয়ে চলছে আলোচনা। দুরন্ত ছন্দে থাকা শুভমান গিলের (Shubman Gill) না থাকা খানিকটা হলেও পরিকল্পনা ঘেঁটে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। চলতি বছর একদিনের ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং ফর্মে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পরপর ২ ম্যাচে টিম ইন্ডিয়ার এই তরুণ তুর্কির অনুপস্থিতি রোহিতদের কাছে যে একটা বড় ধাক্কা। আইসিসি বিশ্ব ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে শুভমান গিল আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন।

    আরও পড়ুন: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

    কেমন আছেন শুভমান

    বোর্ড সূত্রে খবর, আপাতত দুটো দিন গিলকে চেন্নাইয়ে থাকতে হবে। ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিমের নজরদারিতেই থাকবেন তিনি। প্রথম দুই ম্যাচে শুভমান (Shubman Gill) না খেলতে পারলেও তৃতীয় ম্যাচের আগে তাঁকে দলে চাইছেন রোহিতেরা। কারণ, আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ডেঙ্গি হলে সাধারণত সাতদিন লাগে জ্বর কমতে। অধিকাংশ ক্ষেত্রেই তা বেড়ে যায়। যে কারণে আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান ম্যাচেও হয়তো পাওয়া যাবে না তাঁকে। আফগানিস্তানের পর আমদেবাদে পাকিস্তানকে হারাতে পারলে ভারতীয় টিমের মনোবল আরও বেড়ে যাবে। যে কারণে সেরা টিম নিয়েই পাক-বধের পরিকল্পনা সাজাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rashid Khan: ভূমিকম্পে দেশে মৃত আড়াই হাজার, বিশ্বকাপের উপার্জিত অর্থ ত্রাণে দান রশিদ খানের

    Rashid Khan: ভূমিকম্পে দেশে মৃত আড়াই হাজার, বিশ্বকাপের উপার্জিত অর্থ ত্রাণে দান রশিদ খানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে আফগান অল-রাউন্ডার রশিদ খান (Rashid Khan) এখন ভারতে। কিন্তু, তাঁর মন পড়ে দেশে। শনিবার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থা আপগানিস্তানের। মৃত্যু ছাড়িয়েছে আড়াই হাজার। আর এই মর্মে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন এই আফগান অল-রাউন্ডার। তিনি যোষণা করেছেন, চলতি বিশ্বকাপে তিনি যা অর্থ উপার্জন করবেন, তার সবটাই ভূমিকম্প কবলিত এলাকায় দুর্গতদের ত্রাণে দান করবেন। সামজিক মাধ্যম ট্যুইটারে নিজের দেশে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে ক্রিকেট মহলের মন জয় করে নিলেন তিনি।

    আফগানিস্তানের পশ্চিম প্রান্ত অত্যন্ত ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্প এতটাই শক্তশালী ছিল যে ১২টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে পড়েছে। ইতিমধ্য়েই মৃতের সংখ্যা আড়াই হাজারে পৌঁছেছে। লাফিয়ে লাফিয়ে সেই সংখ্যা বাড়ছে। নিখোঁজ আরও কয়েক হাজার। মার্কিন ভূতাত্ত্বিকদের সমীক্ষায় বলা হয় এই ভূমিকম্পের উৎস দেশের হেরাত প্রদেশের রাজধানী ৪০ কিমি উত্তর-পশ্চিম কেন্দ্রে ছিল। আহতের সংখ্যা ১০ হাজার। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত।

    কী বলেছেন রশিদ খান (ICC World Cup 2023)?

    এক্স হ্যান্ডলে (সাবেক ট্যুইটার) রশিদ খান (Rashid Khan) লেখেন, “আফগানিস্তানের পশ্চিম ভাগ হেরাট, ফারাহ, বাদঘিসে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, তার বিষয়ে জানতে পেরেছি। তাই বিশ্বকাপের সব ম্যাচ খেলে যে টাকা পাবো সেটা আমার দেশের দুর্গত মানুষর উদ্দেশ্যে নিবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দ্রুত আরও অর্থ জোগাড় করার ব্যবস্থা করছি। আমরা আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”

    এই বছরে আরও ভূমিকম্প হয়েছিল

    উল্লেখ্য এই বছর ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে আনুমানিক ৫০ হাজার মানুষ মারা গিয়েছিলেন। আবার সেপ্টেম্বর মাসে মরক্কোতে ভূমিকম্পের জেরে প্রায় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকা হল পাকিস্তান এবং হিন্দুকুশ পর্বত সংলগ্ন এলাকা। এখনে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ধারকার্য এবং ত্রাণ পাঠানো অত্যন্ত কষ্টকর হয়। এই অবস্থায় ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup 2023) টাকা না নিয়ে, সেই টাকা দেশের ভূমিকম্প কবলিত এলাকায় দেওয়ার সিদ্ধান্তে রশিদ (Rashid Khan) মানবতার বিশেষ পরিচয় দিলেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

    ICC ODI World Cup 2023: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। চেন্নাইয়ে এই ম্যাচে একাধিক রেকর্ড তৈরি হল। একদিকে একের পর এক কীর্তি গড়লেন কিং কোহলি। অন্যদিকে টিম ইন্ডিয়া তৈরি করল অনভিপ্রেত রেকর্ড। কোহলি-রাহুল জুটিতেও রেকর্ডের বন্যা।

    কোহলি-রাহুল জুটির রেকর্ড

    জুটিতে লুটি। কেএল রাহুল এবং বিরাট কোহলির পার্টনারশিপে একেবারে জয়ধ্বজা ওড়াল ভারত। ২ রানে ৩ উইকেট থেকে এই জুটি ১৬৭-তে নিয়ে গেল স্কোর। চতুর্থ উইকেট পড়ে ১৬৭ রানে। কোহলি-রাহুল মিলে করে ১৬৫ রানের পার্টনিরশিপ। ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে চতুর্থ উইকেটে এটাই কোহলি-রাহুলের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ উইকেটে ১৪২ রান করেছিলেন নভজোৎ সিং সিধু এবং বিনোদ কাম্বলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি-রাহুলের জুটিতে ১৬৫ রান ভারতের সর্বোচ্চ পার্টনারশিপেরও নজির হয়ে থাকল।  এর আগে ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অজয় জাদেজা এবং রবিন সিং মিলে ১৪১ রানের পার্টনারশিপ করেছিলেন। এটাই ছিল এতদিন বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে পুরুষ টিমের সর্বোচ্চ পার্টনারশিপ। সেই নজির এদিন ভাঙলেন কোহলি-রাহুল। এছাড়াও ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা-শিখর ধাওয়ান মিলেও অজিদের বিরুদ্ধে করেছিলেন ১২৭ রানের পার্টনারশিপ। 

    লজ্জার নজির টপ অর্ডারের

    প্রথম ম্যাচেই লজ্জার নজির গড়ল ভারত। এক দিনের ক্রিকেটে এই প্রথম বার ভারতের প্রথম চার ব্যাটারের তিন জন শূন্য রানে আউট হলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুই ওপেনার ঈশান কিশন, রোহিত শর্মা ও চার নম্বরে নামা শ্রেয়স আয়ার শূন্য রানে ফেরেন। ফলে এই নজির হয়েছে ভারতের। বিশ্বকাপে এই নিয়ে সাত বার কোনও ম্যাচে দুই ওপেনারই শূন্য রানে আউট হয়েছেন। ভারতের হয়ে প্রথম বার এই ঘটনা ঘটল। 

    কোহলিয়ানায় ভাসল চিপক

    ম্যাচের তৃতীয় ওভারেই স্লিপে ফিল্ডিং করার সময় জসপ্রীত বুমরাহর বলে অজি ওপেনার মিচেল মার্শের অনবদ্য ক্যাচ ধরেন বিরাট কোহলি। সেই সুবাদে তিনি ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ক্যাচ ধরা ভারতীয় ফিল্ডারে পরিণত হন। বিশ্বকাপে কোহলির এটি ১৫ নম্বর ক্যাচ। এই নিরিখে তিনি ভেঙে দেন অনিল কুম্বলের রেকর্ড। কুম্বলে ওয়ান ডে বিশ্বকাপে মোট ১৪টি ক্যাচ ধরেছেন। 

    বিরাট কোহলি এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ৩ নম্বরে ব্যাট করতে নেমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩ নম্বরে ব্যাট করে ১১ হাজার ওয়ান ডে রান সংগ্রহ করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নন-ওপেনার হিসেবে সব থেকে বেশিবার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে যান বিরাট কোহলি। ইনিংসের ওপেন না করে কোহলি এই নিয়ে মোট ১১৩ বার ৫০-এর গণ্ডি টপকান। 

    আরও পড়ুন: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    রান তাড়া করে জয় তুলে নেওয়া ওয়ান ডে ম্যাচের ইতিহাসে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানে পরিণত হন বিরাট। এই নিরিখে তিনি ভেঙে দেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। রান তাড়া করে জয় তুলে নেওয়া ম্যাচে কোহলির সার্বিক সংগ্রহ ৫৫১৭ রান। সচিন রান তাড়া করে জয় তুলে নেওয়া ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ৫৪৯০ রান সংগ্রহ করেছেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share