Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India England 2nd Test: শুভমনের দ্বিশতরান, ছাপিয়ে গেলেন সচিন-কোহলিকে! যোগ্য হাতেই ভারতের টেস্ট ক্রিকেটের ব্যাটন

    India England 2nd Test: শুভমনের দ্বিশতরান, ছাপিয়ে গেলেন সচিন-কোহলিকে! যোগ্য হাতেই ভারতের টেস্ট ক্রিকেটের ব্যাটন

    মাধ্যম নিউজ ডেস্ক: এজবাস্টনে ইতিহাস লিখলেন শুভমন গিল (Shubman Gill)। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে (India England 2nd Test) তাঁর ২৬৯ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৮৭ রান করল ভারত। ১৮ বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে ৫০০ রানের বেশি করল ভারত। একের পর এক নজির গড়লেন ভারত অধিনায়ক। ছাপিয়ে গেলেন সুনীল গাভাসকর, শচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের। প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে থেকে এজবাস্টনে প্রথম ইনিংসে একাই প্রায় ৬৫ ওভারের বেশি ব্যাট করে ফেলেছেন শুভমন গিল।

    শুভমনের নজির

    ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেললেন শুভমন। এর আগে সেই রেকর্ড ছিল কোহলির দখলে। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান করেছিলেন। শুভমনই এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করেছেন। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশান ইংল্যান্ডের মাটিতে ১৯৩ রান করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করলেন শুভমন। এত দিন সেই রেকর্ড ছিল সুনীল গাভাসকরের দখলে। ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন তিনি। ৪৬ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন শুভমন। এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন শুভমন। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ২৪১ রান করেছিলেন তিনি। ২১ বছর পর এজবাস্টনে ভাঙল সেই রেকর্ড।

    শক্ত হাতে ভারতীয় ক্রিকেট

    ত্রিশতরান হাতছাড়া হলেও কঠিন পরিস্থিতিতে যে সামনে থেকে নেতৃত্ব দিতে ভালবাসেন, তা বুঝিয়ে দিলেন শুভমন গিল। তাঁর হাতে দলের ব্যাটন তুলে দিয়ে বিসিসিআই যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তা-ও বুঝিয়ে দিলেন আইপিএলে গুজরাট-টাইটান্সের ক্যাপ্টেন। গত ৫০ বছরে টেস্টে ভারতীয় ক্রিকেটের ব্যাটন বদলেছে। সুনীল গাভাসকরের কাছ থেকে পেয়েছিলেন শচিন তেন্ডুলকর। দুই দশকের বেশি সময় ধরে তিনি সেই দায়িত্ব সামলেছেন। নিজের চার নম্বর জায়গা তিনি ছেড়ে গিয়েছিলেন কোহলিকে। শচিনের মান রেখেছেন কোহলি। শুধু ব্যাটার হিসেবে নয়, অধিনায়ক হিসেবে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। কোহলির ছেড়ে দেওয়ার চার নম্বর জায়গা মাত্র দুই টেস্টেই নিজের করে নিয়েছেন শুভমন। মাত্র দুই টেস্টেই তিনি বুঝিয়ে দিয়েছেন, শক্ত হাতে রয়েছে ভারতের টেস্ট ক্রিকেট।

    কোন রসায়নে সাফল্য

    শুভমন যখন ১৯৯ রানে খেলছেন তখনও তাঁকে বাউন্সার করেন জশ টং। তাতে শুভমনের কোনও সমস্যা হয়নি। ফাইন লেগে পুল মেরে নিজের প্রথম দ্বিশতরান করেছেন তিনি। তার পরেও থামেননি। শেষ পর্যন্ত থেমেছেন ২৬৯ রানে। তাঁর ইনিংসে ছিল ৩০টি চার ও তিনটি ছক্কা। ধুম-ধারাকা আইপিএলের পর ক্লাসিকাল ক্রিকেটে ধ্রুপদী ইনিংস। শুভমন বলেন, ‘আমাদের দল ভাল জায়গায় আছে। আমি কয়েকটা দিক নিয়ে পরিশ্রম করেছিলাম। আইপিএল শেষ হওয়ার পর বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম যা টেস্ট ক্রিকেটের আগে খুব জরুরি ছিল। এখনও পর্যন্ত যা দেখছি, সেগুলো আমাকে সাহায্য করেছে।’

    মুগ্ধ ইংল্যান্ডও

    শুভমনের ইনিংস দেখে উচ্ছ্বসিত ইংল্যান্ড শিবিরও। মুগ্ধতার ছবিটা কেমন? প্রসিদ্ধ কৃষ্ণ দিনের শেষ বলটা করতেই ব্যাট বগলদাবা করে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করলেন হ্যারি ব্রুক। অপর অপরাজিত ব্যাটার জো রুটকে দেখা গেল উল্টো দিকে হাঁটা দিলেন। তিনি এগিয়ে গেলেন শুভমন গিলের দিকে। করমর্দন করলেন ভারতের অধিনায়কের সঙ্গে। ইংল্যান্ড তো বটেই, বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার অভিনন্দন জানাতে এগিয়ে যাচ্ছেন, এটাই শুভমনের ইনিংসের সার্থকতা।

    অ্যাডভান্টেজ ভারত

    এজবাস্টনে শুভমনের সামনে অসহায় দেখিয়েছে ইংরেজ বোলিংকে। এখানকার পাটা উইকেটে ২১১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। শুভমন জানতেন, অন্তত ৪০০ রান করার লক্ষ্য ছিল তাঁর। শুভমনকে সাহায্য করলেন রবীন্দ্র জাদেজা। তিন বছর আগে এই মাঠেই শতরান করেছিলেন জাদেজা। তিনি ভাল খেললেন। দু’জনের মধ্যে ২০৩ রানের জুটি হল। তাতে চাপ অনেক কমে গেল শুভমনের উপর। জাদেজা আউট হওয়ার পর শুভমনের ঢাল হয়ে দাঁড়ালেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। বাংলার পেসার আকাশ দীপ পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন। তৃতীয় ওভারে দুই উইকেট খুইয়ে ইংল্যান্ড যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল, তখন আবার মহম্মদ সিরাজ বাধা হয়ে দাঁড়ান। অপর ওপেনার ক্রলিকে ফেরান তিনি। মাত্র ২৫ রানে তিন উইকেট খুইয়ে বসে ইংরেজ বাহিনী। এরপর জো রুট ও হ্যারি ব্রুক ম্যাচের হাল ধরেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ৩ উইকেটে ৭৭ রানে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ম্যাচের যা পরিস্থিতি তাতে বলাই যায়, অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।

  • India vs England: দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুরন্ত! একাধিক নজির, শুভমনের শতরানে ভালো জায়গায় ভারত

    India vs England: দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুরন্ত! একাধিক নজির, শুভমনের শতরানে ভালো জায়গায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে দলকে জয় দিতে না-পারলেও ব্যাট হাতে এসেছিল শতরান। ইংল্যান্ড (India vs England) সফরের দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুরন্ত গিল। লিডস টেস্টের পর বার্মিংহ্যামেও ধ্রুপদী শতরান এল ভারত অধিনায়কের ব্যাটে। আর ক্যাপ্টেনের ব্যাটেই পাঁচ উইকেটের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টের প্রথমদিন ঘুরে দাঁড়াল ভারত। অপরাজিত ষষ্ঠ উইকেটে ৯৯ রানের জুটি। ২১১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ধসে পড়তে পারত ভারতের ইনিংস। বিশেষ করে প্রথম টেস্টে যে ভাবে মিডল এবং লোয়ার-মিডল অর্ডার ব‍্যর্থ হয়েছিল। সেখান থেকে পরিস্থিতি সামলালেন অধিনায়ক শুভমন গিল (Shubhman Gill) ও রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩১০। দিনের শেষে ১১৪ রান করে শুভমন এবং ৪১ রান করে জাদেজা অপরাজিত রয়েছেন।

    রেকর্ড বুকে শুভমন

    অধিনায়ক (India vs England) হিসেবে প্রথম দু’টি টেস্টে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়ে বুধবার বার্মিংহ্যামে গিল স্পর্শ করলেন বিজয় হাজারে, সুনীল গাভাসকর এবং বিরাট কোহলিকে। এই তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যালিস্টার কুক (পাঁচ)। তারপর আছেন স্টিভ স্মিথ (তিন)। আর তারপর যুগ্মভাবে অধিনায়ক হিসেবে প্রথম দুটি টেস্টে শতরান হাঁকানোর খেলোয়াড়দের মধ্যে আছেন বিজয় হাজারে, জ্যাক ম্যাকগ্লিউ, সুনীল গাভাসকর, বিরাট কোহলি এবং গিল। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি এল গিলের ব্যাটে। ধর্মশালা (2024) এবং লিডসে (2025) এর আগের দু’টি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন পাঞ্জাব ক্রিকেটার। এই নজির গড়ে গিল মহম্মদ আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকর এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে বসে পড়লেন একাসনে। আর বার্মিংহ্যামে শতরান করা ভারতের দ্বিতীয় অধিনায়ক হলেন শুভমন গিল। এর আগে একমাত্র ভারত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এই ভেন্যুতে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডে প্রথম দিনেই দু’বার শতরান হাঁকানোর নজির গড়লেন শুভমন।

    ঝলমলে যশস্বীর ব্যাটও

    ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। ১৩ রানের জন্য শতরান হাতছাড়া হলেও একটি নজির গড়েছেন তিনি। তরুণ ওপেনার ব্যাটারের ব্যাটে ভেঙে গিয়েছে ৫১ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৪ সালে এজবাস্টনে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক। এত দিন পর্যন্ত ইংল্যান্ডের এই মাঠে কোনও ভারতীয় ওপেনিং ব্যাটারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটাই। বুধবার ৮৭ রানের ইনিংস খেলে সুধীরের সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। এজবাস্টনে টেস্ট ম্যাচে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন যশস্বী। দ্বিতীয় স্থানে চলে গেলেন সুধীর। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ১৯৭৯ সালে সুনীল গাওস্করের ৬৮ রানের ইনিংস।

    বুমরাহীন দলে ভরসা ব্যাটাররাই

    টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম দু’ম্যাচে শতরান করলেও, টস হারলেন শুভমন গিল (Shubhman Gill)। ইংল্যান্ড (India vs England) টসে জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। লিডসে পরাজয়ের পর এজবাস্টনে সমতা ফেরানোর লড়াই টিম ইন্ডিয়ার। যদিও দ্বিতীয় ব্যাট করা দল এজবাস্টনে শেষ চারটি টেস্টের প্রতিটিতেই জিতেছে। এখানে ভারতের অতীতও ভালো নয়। তার ওপর দলে নেই ভারতের ব্রহ্মাস্ত্র বুমরা। টসের পর এদিন অধিনায়ক শুভমন জানিয়েছেন, তাঁদের মনে হয়েছে লর্ডসে তৃতীয় টেস্টে পিচ থেকে বেশি সাহায্য পাবেন বুমরা। তাই তাঁকে সেখানে খেলানো হবে। কিন্তু লর্ডসে যাওয়ার আগে যদি ভারত ০-২ পিছিয়ে পড়ে, তা হলে বুমরা তৃতীয় টেস্টে একা কী করবেন? সে ক্ষেত্রে তো সিরিজ জিততে হলে বাকি তিনটে টেস্টই জিততে হবে ভারতকে।

    অভিজ্ঞতার অভাব প্রকট

    এজবাস্টন টেস্টে (India vs England) প্রথম দিনের শেষে আরও ভালো জায়গায় থাকা উচিত ছিল ভারতীয় দলের। বার্মিংহামের ২২ গজে ব্যাট করা কঠিন নয়। বল পিচে পড়ে ভালো ভাবে ব্যাটে আসছে। আকাশও মেঘলা ছিল না। পরিবেশ ব্যাটারের জন্য কঠিন ছিল না। তবু অকারণে পরিস্থিতি কঠিন করলেন ভারতীয় ক্রিকেটারেরা। করুণ নায়ার (৩১) দ্বিতীয় টেস্টেও ভরসা করার মতো খেলতে পারলেন না। নীতীশ কুমার রেড্ডি (১) ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে আউট হলেন বলের লাইন-লেংথ বুঝতে না পেরে। অভিজ্ঞ লোকেশ রাহুলও এ দিন ব্যর্থ (২)। সহ-অধিনায়ক ঋষভ পন্থ (২৫) উইকেট উপহার দিলেন অহেতুক আগ্রাসী হতে গিয়ে। শুভমন-যশস্বী-জাদেজা ধরে না খেললে দিনের শেষে কোহলি-রোহিতদের অভিজ্ঞতার অভাব ফের প্রকট হত ভারতীয় দলের সাজঘরে।

  • India vs England 2nd Test: সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, রেকর্ড বলছে অন্য কথা! এজবাস্টনে আজ শুরু দ্বিতীয় টেস্ট

    India vs England 2nd Test: সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, রেকর্ড বলছে অন্য কথা! এজবাস্টনে আজ শুরু দ্বিতীয় টেস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার এজবাস্টনে দ্বিতীয় টেস্টে (India vs England 2nd Test) মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। সিরিজ নিজেদের দখলে রাখতে হলে দ্বিতীয় ম্যাচেই সমতা ফেরাতে হবে ভারতকে। বিদেশ সফর, তার উপর আবার অনভিজ্ঞ দল। পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়া সমস্যায় ফেলেছে গৌতম গম্ভীরের দলকে। এজবাস্টন টেস্ট হাতছাড়া হলে, বাকি ৩ ম্যাচই জিততে হবে। সেটা বেশ কঠিন কাজ। তাই কাজটা একেবারেই কঠিন করতে নারাজ শুভমন গিলরা। লাল বলের ক্রিকেটে এজবাস্টনে কোনও সুখস্মৃতি সরবরাহ নেই ভারতের। কারণ, এ মাঠে কখনও টেস্ট জেতেনি ভারত।

    অনিশ্চিত বুমরা

    এজবাস্টনে সচরাচর ফাস্ট বোলাররা (Jasprit Bumrah) মদত পেয়ে থাকেন। প্রায়শই আকাশে মেঘ দেখা যায় ফলে টেস্টের শুরুর দিকে বিশেষত বল স্যুইং করানোর জন্য একেবারে ঠিকঠাক পরিবেশ থাকে। এই ম্যাচের পিচ দেখেও কিন্তু তেমনটারই পূর্বাভাস মিলছে। টেস্টের প্রথম দুই দিনে ডিউক বলে ফাস্ট বোলাররা মদত পেতে পারেন। তাই এই ম্যাচে বুমরাকে প্রয়োজন ভারতের। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। আগেই জানা গিয়েছিল তিনি সিরিজের সব ম্যাচ খেলবেন না। ফলে বার্মিংহ্যামে তাঁর বদলে খেলতে পারেন আকাশ দীপ ও অর্শদীপ সিং-এর মধ্যে এক জন। তবে বুমরা ছাড়া দল নামাতে ব্যাকফুটে ভারত। দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অধিনায়ক শুভমন বলেছেন, ‘‘জসপ্রীত বুমরাকে পাওয়া যাবে। আমরা সঠিক বোলিং আক্রমণ বেছে নেওয়ার চেষ্টা করছি, যাতে বিপক্ষের ২০টি উইকেট নেওয়া যায় এবং কিছু রানও হয়। অনুশীলনের পর পিচ দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ আসলে, ব্যাটাররা পাঁচটি সেঞ্চুরি করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারতে হয়েছে ভারতীয় দলকে। জসপ্রীত বুমরা ছাড়া বাকি বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই হারতে হয় টিম ইন্ডিয়াকে।

    দলে বাংলার আকাশ দীপ

    বুমরা এজবাস্টনে না খেলা মানে, ভারতের উপর চাপ আরও কয়েকগুণ বেড়ে যাওয়া। সমর্থক থেকে প্রাক্তনী, সকলেই প্রবলভাবে চাইছেন বুধবার বুমরাকে নামিয়ে দেওয়া হোক। ঘুরে দঁড়াতে মরিয়া ভারতীয় দল আসলে বড় বেশি বুমরা নির্ভর হয়ে পড়েছে। ম্যাচ জেতালে তিনিই জেতাবেন। বাকিরা তালপাতার সেপাই। হেডিংলে টেস্টে ৩৭১ রানের টার্গেট দিয়েও ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার, সেই ধারণাকে আরও দৃঢ় করেছে। তাই বুধবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বুমরাকে নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে বার বার হোঁচট খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে বুমরাকে না পাওয়া গেলে তাঁর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। এজবাস্টনের নেটে চেনা ছন্দে দেখা গেল আকাশ দীপকে। আরেকটা সুবিধা হচ্ছে, দুদিকেই বল ঘোরাতে পারেন তিনি।

    কেমন হবে দল

    প্রথম টেস্টে হারের পর একাধিক প্লেয়ারের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। ফলে দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd Test) ভারতের একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। প্রথম টেস্টে ভারতীয় দলে যার সুযোগ পাওয় নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠেছে তিনি শার্দুল ঠাকুর। না বোলিংয়ে, না ব্যাটিংয়ে কোনও কিছুতেই নিজের সেরাচা দিতে পারেনি তিনি। ফলে দ্বিতীয় ম্যাচে তার বাদ পড়ার সম্ভাবনা প্রবল। শার্দুলের জায়গায় সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। এছাড়া মিডল অর্ডারে প্রথম ডাউন অভিষেক টেস্টে হতাশ করেছেন সাই সুদর্শনও। প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন তিনি। ফলে দ্বিতীয় টেস্টে তারও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তার বাদলে দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর, অভিমন্যু ঈশ্বরণ, নীতিশ কুমার রেড্ডি। সমস্যা হচ্ছে, প্রথম টেস্টে ভারতকে ভুগিয়েছে ফিল্ডিংও। একাই চারটি ক্যাচ মিস করেছেন যশস্বী জয়সওয়াল। জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টের স্লিপ কর্ডনে থাকবেন না যশস্বী।

    এজবাস্টনে জেতেনি ভারত

    ইংল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। লিডস টেস্টে জয়ের কাছে পৌঁছেও হার মানতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে। এই অবস্থায় এজবাস্টনের (India vs England 2nd Test) রেকর্ডও ভারতের অনুকূলে নয়। ১৯৬৭ সালে ভারতীয় দল এজবাস্টনে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামে। তারপর থেকে ৫৮ বছর কেটে গিয়েছে। এই মাঠে আরে সাতবার ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। দুর্ভাগ্যবশত আটবারের মধ্যে টিম ইন্ডিয়া এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট ম্য়াচ জিততে পারেনি। তিন ম্যাচে তো ইনিংসে হেরেছে টিম ইন্ডিয়া। কেবল ১৯৮৬ সালে টেস্ট ম্য়াচ ড্র করতে সক্ষম হয়েছিল ভারতীয় দল। বাকি সাত ম্যাচেই পরাজিত হয়েছে ভারত। শেষবার তিন বছর আগেও সাত উইকেটে হেরেছিল ভারত। তবে কাজটা কঠিন হলেও শুভমন-গম্ভীরের তরুণ ভারত অবশ্য ইতিহাস পাল্টানোর অপেক্ষাতেই রয়েছে।

  • Cricket News: বাংলাদেশ সফর বাতিল হলে, রোহিত-বিরাটকে ফের কবে মাঠে দেখা যাবে?

    Cricket News: বাংলাদেশ সফর বাতিল হলে, রোহিত-বিরাটকে ফের কবে মাঠে দেখা যাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। চলতি বছরের মে মাসে রোহিত আরও ঘোষণা করেন যে, তিনি টেস্ট ক্রিকেট (Cricket News) থেকেও সরে দাঁড়াচ্ছেন। এরই মাঝে আগামী অগাস্ট মাসে ভারতীয় দলের বাংলাদেশ (Bangladesh) সফরের সম্ভাবনার কথা আছে। এই সফরে ভারত ছয়টি সীমিত ওভারের ম্যাচ খেলতে পারে—যার মধ্যে থাকবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে সফর এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। এতেই রোহিত ও বিরাটের ভক্তরা ভাবছেন, এই দুই তারকাকে ফের আবার কবে দেখা যাবে ক্রিকেট মাঠে?

    অগাস্ট মাসের ক্রীড়াসূচির কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ (Cricket News)

    বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ড (বিসিবি) গত এপ্রিল মাসে জানিয়েছিল, ভারতীয় দল ১৭, ২০ এবং ২৩ অগাস্ট তিনটি ওডিআই ম্যাচ খেলবে। এছাড়াও ২৬, ২৯ এবং ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে সফরটি এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি (Cricket News)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও আনুষ্ঠানিকভাবে সফর নিশ্চিত করেনি। ফলে সফর আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

    কবে মাঠে দেখা যাবে রোহিত-বিরাটকে?

    এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—রোহিত ও কোহলিকে আবার কবে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে (Cricket News)? যদি বাংলাদেশ সফর বাতিল হয়ে যায়, তাহলে হয়তো তাঁদের আবার মাঠে দেখতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণ ১৯ অক্টোবর থেকে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর নির্ধারিত রয়েছে, যেখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তবে, বাংলাদেশ সফর একেবারেই বাতিল হয়ে যাচ্ছে, এমনটাও নয়। সম্প্রতি শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ের পর বিসিবি (Cricket News) সভাপতি আমিনুল জানান, বিসিসিআই-এর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সফরসূচি চূড়ান্ত করার ব্যাপারে তিনি আশাবাদী।

  • ICC New Rule: পাওয়ারপ্লে নিয়ে নয়া নিয়ম! টি-২০ থেকে টেস্ট, ক্রিকেটে একগুচ্ছ বিধি চালু আইসিসি-র

    ICC New Rule: পাওয়ারপ্লে নিয়ে নয়া নিয়ম! টি-২০ থেকে টেস্ট, ক্রিকেটে একগুচ্ছ বিধি চালু আইসিসি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ও একদিনের ক্রিকেটে একগুচ্ছ নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি (ICC New Rule)। ২২ গজে স্বচ্ছতা রাখতে, ক্রিকেটের মাঠে দুই প্রতিপক্ষকে সমান সুবিধা দিতে সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি ঘোষণা করেছে টি-টোয়েন্টি এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচের নতুন খেলার নিয়ম, যেখানে বৃষ্টির কারণে খেলা সংক্ষিপ্ত হলে নির্দিষ্ট করে দেওয়া হবে পাওয়ারপ্লে ওভারের সংখ্যা।  জুলাই মাস থেকে এই নিয়ম কার্যকর হবে। এর লক্ষ্য হল খেলার দৈর্ঘ্য যাই হোক না কেন, ফিল্ডিং বিধিনিষেধে একধরনের মানসম্পন্নতা ও সামঞ্জস্য বজায় রাখা।

    সংক্ষিপ্ত ইনিংসে পাওয়ারপ্লে কত হবে?

    আইসিসির (ICC New Rule) ওয়েবসাইটে প্রকাশিত চার্ট অনুযায়ী, ৮ ওভারের ইনিংসে পাওয়ারপ্লে হবে ২.২ ওভার, যেখানে ৩০ গজ বৃত্তের বাইরে সর্বোচ্চ ২ জন ফিল্ডার থাকতে পারবে। পূর্বে সংক্ষিপ্ত ম্যাচে প্রায়শই রাউন্ড ফিগারে পাওয়ারপ্লে নির্ধারণ করা হতো, যেমন ৮ ওভারের খেলায় ৩ ওভারের পাওয়ারপ্লে দেওয়া হতো।

    ৫ ওভার: ১.৩ ওভার

    ৬ ওভার: ১.৫ ওভার

    ৭ ওভার: ২.১ ওভার

    ৮ ওভার: ২.২ ওভার

    ৯ ওভার: ২.৪ ওভার

    ১০ ওভার: ৩.০ ওভার

    ১১ ওভার: ৩.২ ওভার

    ১২ ওভার: ৩.৪ ওভার

    ১৩ ওভার: ৩.৫ ওভার

    ১৪ ওভার: ৪.১ ওভার

    ১৫ ওভার: ৪.৩ ওভার

    ১৬ ওভার: ৪.৫ ওভার

    টেস্টে কী কী নতুন নিয়ম

    স্টপ ক্লক চালু: স্লো ওভার রেট রুখতে টেস্ট ক্রিকেটেও এবার স্টপ ক্লক চালু করা হয়েছে। প্রতি ওভার শেষের ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার শুরু করতে হবে ফিল্ডিং দলকে। মাঠে ইলেকট্রনিক ক্লক থাকবে যা ৬০ সেকেন্ড পর্যন্ত গণনা করবে। ফিল্ডিং দলকে দু’টি ওয়ার্নিং দেওয়া হবে। তৃতীয়বার নিয়ম ভাঙলে ব্যাটিং দল পাবে ৫ পেনাল্টি রান। এই ওয়ার্নিং ৮০ ওভারের পর থেকে আবার নতুন করে শুরু হবে।

    শর্ট রানের ক্ষেত্রে বদল:  অবৈধ শর্ট রানের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন নিয়ম অনুসারে, যদি ব্যাটার ইচ্ছাকৃতভাবে ক্রিজে ব্যাট না ছুঁইয়ে দ্বিতীয় রানের জন্য ছুটে যান, তাহলে ব্যাটিং টিমের ৫ রান কেটে নেওয়া হবে। নট আউট ব্যাটারকে ব্যাটিং প্রান্তে ফিরিয়ে দেওয়া হবে। ফিল্ডিং দল নির্ধারণ করবে পরবর্তী বলে কোন ব্যাটার স্ট্রাইকে থাকবে।

    লালার ব্যবহারেও নতুন ব্যাখ্যা: বলে লালার ব্যবহার নিষিদ্ধ রয়েছে আগের মতোই। তবে এখন থেকে বলের উপর লালার প্রয়োগ হলে বল পরিবর্তন বাধ্যতামূলক নয়। তবে কেউ ইচ্ছাকৃত ভাবে বল পাল্টানোর উদ্দেশ্যে এমন করলে সেটিও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    ডিআরএস-এ দু’দিক থেকে রিভিউ হলে: যদি একই সিদ্ধান্তে ক্রিকেটার ও অন-ফিল্ড আম্পায়ার দু’জনেই রিভিউ চায়, তবে আগে যে রিভিউ এসেছে, তা আগে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, কেউ ক্যাচ আউট চ্যালেঞ্জ করলে যদি রিভিউতে দেখা যায় বল প্যাডে লেগেছে, তাহলে পরবর্তীভাবে এলবিডব্লিউ রিভিউ হবে এবং ‘আউট’ সিদ্ধান্তই প্রাধান্য পাবে। বল ট্র্যাকিংয়ে যদি ‘আম্পায়ার্স কল’ দেখায়, তাহলে ব্যাটারকে আউট বলে ধরা হবে।

    নো-বলে ক্যাচ: নো-বলে ক্যাচ নেওয়া হলে এখন থেকে ভিডিও আম্পায়ার দেখবেন ক্যাচটি সঠিকভাবে নেওয়া হয়েছে কি না। যদি ক্যাচ ঠিকঠাক ধরা হয়ে থাকে, তবে ব্যাটিং দল পাবে নো-বলের জন্য একটি অতিরিক্ত রান। যদি ক্যাচ পরিষ্কার না হয়, তবে ব্যাটাররা যত রান নেন তা দেওয়া হবে।

  • The Rising Indian Chess: ৯ বছরের ভারতীয় খুদের কাছে হার বাঁচালেন কার্লসেন, ৪২ জন দাবাড়ুকে ৪২.৩ লক্ষ বৃত্তি কেন্দ্রের

    The Rising Indian Chess: ৯ বছরের ভারতীয় খুদের কাছে হার বাঁচালেন কার্লসেন, ৪২ জন দাবাড়ুকে ৪২.৩ লক্ষ বৃত্তি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ৯ বছরের ভারতীয় দাবাড়ুর (The Rising Indian Chess) কাছে প্রায় হেরেই যাচ্ছিলেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন। কোনও মতে বাঁচলেন তিনি। দিল্লির খুদে দাবাড়ু আরিত কপিলের (Aarit Kapil vs Magnus Carlsen) বিরুদ্ধেই লজ্জার মুখে পড়েছিলেন কার্লসেন। ‘আর্লি টাইটেল্ড টিউসডে’ নামক একটি দাবা প্রতিযোগিতায় এমনটাই দেখা গেল। আসলে সরকারি সহায়তায় গত কয়েক বছরে ভারতে দাবার আমূল পরিবর্তন হয়েছে। অন্য খেলার মতোই দাবার উন্নতিতেও সক্রিয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সম্প্রতি নতুন প্রজন্মের প্রতিভাবান দাবা খেলোয়াড়দের আর্থিক সহায়তা দিতে অল ইন্ডিয়া চেস ফেডারেশন (AICF) চালু করেছে ‘টপ ন্যাশনাল প্লেয়ার্স স্টাইপেন্ড স্কিমও (TNPSS)’।

    ভারতীয় দাবাড়ুর কাছে বেকায়দায় কার্লসেন

    জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল আরিত। কার্লসেনের বিরুদ্ধে খেলতে বসে বিশ্বের এক নম্বর দাবাড়ুকে চাপে ফেলে দিয়েছিল সে। খুদে দাবাড়ু পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নকে প্রায় হারিয়েই দিয়েছিল। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় সুবিধাজনক জায়গায় থাকলেও কার্লসেনকে হারাতে পারেনি সে। হারের মুখ থেকে ম্যাচ ড্র করে স্বস্তি পান কার্লসেন। ‘আর্লি টাইটেল্ড টিউসডে’ প্রতিযোগিতাটি ছিল অনলাইনে। আরিত খেলছিলেন জর্জিয়ার একটি হোটেল থেকে। কিছু দিন আগে ভারতের গুকেশের বিরুদ্ধে হেরেছিলেন কার্লসেন। নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে ম্যাচের বেশির ভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। সেখান থেকে ফিরে আসেন ভারতীয় দাবাড়ু। তাঁর কাছে হার মানতে পারেননি কার্লসেন। রেগে টেবিলে ঘুষি মেরেছিলেন তিনি।

    আরিত কে

    রাজধানী দিল্লি থেকে উঠে আসা ৯ বছর বয়সি আরিত কপিল ইতিমধ্যেই দেশের এক উজ্জ্বল দাবা প্রতিভা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-৯ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করার পর, বর্তমানে তিনি অংশ নিচ্ছেন অনূর্ধ্ব-১০ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে, যা জর্জিয়াতেই অনুষ্ঠিত হচ্ছে। অনূর্ধ্ব-১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম দু’টি পর্বে জিতেছে আরিত। তৃতীয় পর্বের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে সে। এটাই আরিতের প্রথম আন্তর্জাতিক সাফল্য নয়। ২০২৪ সালের ডিসেম্বরে, ক্লাসিক্যাল দাবায় আমেরিকান গ্র্যান্ডমাস্টার রাসেত জিয়াতদিনোভকে পরাজিত করে আরিত। ভুবনেশ্বরে অনুষ্ঠিত কিআইআইটি ইন্টারন্যাশনাল ওপেন টুর্নামেন্টে রাসেতকে হারিয়ে সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে এক গ্র্যান্ডমাস্টারকে হারানোর নজির গড়ে আরিত। ভারতীয় দাবা দুনিয়ায় এই ক্ষুদে তারকার উত্থান নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য এক বড় আশার বার্তা বহন করছে। তবে কার্লসেনের সঙ্গে ড্র করলেও ‘আর্লি টাইটেল্ড টিউসডে’ প্রতিযোগিতা জিততে পারেনি আরিত। ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতেরই দাবাড়ু ভি প্রণব। কার্লসেন পেয়েছেন ৯.৫ পয়েন্ট। একই পয়েন্ট পান হান্স মোকে নিয়েমানও। টাইব্রেকারে জিতে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনিই।

    সরকারি সাহায্য ভারতে দাবার ক্রম উন্নতি

    গত কয়েক বছর ধরে দাবায় এগোচ্ছে ভারত। রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসিরা বিশ্ব দাবায় ভারতের নাম উজ্জ্বল করেছেন। সেই তালিকায় প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। নতুন প্রজন্মের প্রতিভাবান দাবা খেলোয়াড়দের আর্থিক সহায়তা দিতেই অল ইন্ডিয়া চেস ফেডারেশন (AICF) চালু করেছে ‘টপ ন্যাশনাল প্লেয়ার্স স্টাইপেন্ড স্কিম (TNPSS)’। এই প্রকল্পের আওতায় ২০২৫ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে মোট ৪২ জন জাতীয় পর্যায়ে শীর্ষ স্থান অধিকারকারী দাবাড়ুকে মোট ৪২,৩০,০০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতি খেলোয়াড় পেয়েছেন ৬০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত। এই ৪২ জন দাবাড়ু বাছাই করা হয়েছে গত বছরের জাতীয় প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে। বৃত্তিপ্রাপ্ত খেলোয়াড়রা অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব ১৯ বিভাগ পর্যন্ত খেলে। ছেলে ও মেয়ে উভয়কেই এই টাকা দেওয়া হবে।

    কত টাকার বাজেট

    টপ ন্যাশনাল প্লেয়ার্স স্টাইপেন্ড প্রকল্পের জন্য মোট বাজেট বরাদ্দ ৬.১৫ কোটি টাকা। এই তহবিল খেলোয়াড়দের কোচিং, ভ্রমণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যয় বহনে সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “খেলো ইন্ডিয়া” ও “গ্রাসরুট অ্যাথলিটস”-এর উন্নয়নের আহ্বানে অনুপ্রাণিত হয়ে, অল ইন্ডিয়া চেস ফেডারেশন (AICF) এই উদ্যোগ গ্রহণ করেছে। এআইসিএফ-এর সভাপতি নিতিন নারাং বলেন, “দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিবন্ধকতা আমাদের অনেক প্রতিভাবান দাবা খেলোয়াড়ের স্বপ্নকে থামিয়ে দিয়েছে। ‘টপ ন্যাশনাল প্লেয়ার্স স্টাইপেন্ড স্কিম (TNPSS)’ এই সমস্যার বিরুদ্ধে আমাদের জবাব। খেলোয়াড়-কেন্দ্রিক নীতির মাধ্যমে আমরা চেসে প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে চাই। এই প্রথমবার, আমরা আমাদের ‘স্বর্ণ কন্যা ও পুত্রদের’ ভবিষ্যতের জন্য সরাসরি বিনিয়োগ করছি। এটি কেবল এককালীন সহায়তা নয়, বরং তাদের স্বপ্ন পূরণে আমাদের দৃঢ় অঙ্গীকার।” এই প্রকল্প দেশের দাবা পরিকাঠামোকে মজবুত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে দাবা মহল। এর ফলে ভবিষ্যতে ভারতের দাবা বিশ্বমঞ্চে আরও উচ্চতায় পৌঁছবে, এই আশাই করছেন সবাই।

    বৃত্তিপ্রাপ্ত দাবা খেলোয়াড়দের পূর্ণ তালিকা:

    অনূর্ধ্ব-৭ (U7)
    ছেলে: দেবনারায়ণ কল্লিয়াথ, প্রয়াঙ্ক গাঁওকর, আরাধ্য গুইন
    মেয়ে: আরন্যা আর, অর্পিতাংশী ভট্টাচার্য, সাইআস্তা সিংপেন

    অনূর্ধ্ব-৯ (U9)
    ছেলে: নিধিশ শ্যামল, আরিত কপিল, দিবিথ রেড্ডি আদুল্লা
    মেয়ে: কিয়ান্না পরিহার, দিবি বিজেশ, বংশিকা রাওয়াত

    অনূর্ধ্ব-১১ (U11)
    ছেলে: মাধবেন্দ্র প্রতাপ শর্মা, অদ্বিক অমিত আগরওয়াল, আরাভ এ
    মেয়ে: প্রতিতি বরদলৈ, আদ্যা গৌড়া, দিবি বিজেশ

    অনূর্ধ্ব-১৩ (U13)
    ছেলে: রেয়ান মোঃ, শেরলা প্রতমেশ, প্রণব সাই রাম আর এস
    মেয়ে: সারণ্য দেবী নারাহারী, নিবেদিতা ভি সি, নিহিরা কৌল

    অনূর্ধ্ব-১৫ (U15)
    ছেলে: ইলামপারথি এ আর, ভাজ ইথান, শেরলা প্রতমেশ
    মেয়ে: প্রিশিতা গুপ্ত, জৈন আশিতা, সপর্যা ঘোষ

    অনূর্ধ্ব-১৭ (U17)
    ছেলে: শ্রীরাম আদর্শ উপ্পালা, অর্পিথ এস বিজয়, জয়বীর মহেন্দ্রু
    মেয়ে: তেজস্বিনী জি, কীর্তিকা বি, অনুপম এম শ্রীকুমার

    অনূর্ধ্ব-১৯ (U19)
    ছেলে: আদিরেড্ডি অর্জুন, সৌরথ বিশ্বাস, জয়বীর মহেন্দ্রু
    মেয়ে: মৃত্তিকা মল্লিক, ভেলপুলা সারায়ু, স্নেহা হালদার

  • India vs England: গিল জমানার ‘শুভ’ সূচনা হল না! হতশ্রী বোলিং, জঘন্য ফিল্ডিং, ইংল্যান্ডের কাছে কেন হার ভারতের?

    India vs England: গিল জমানার ‘শুভ’ সূচনা হল না! হতশ্রী বোলিং, জঘন্য ফিল্ডিং, ইংল্যান্ডের কাছে কেন হার ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, সকাল বুঝিয়ে দেয় সারা দিনটা কেমন যাবে। ভারতের শুরুটা ভয় ধরাচ্ছে সমর্থকদের মনে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫টি শতরান করেছেন ভারতীয় ব্যাটারা, তারপরও হার মানতে হল শুভমনদের। হেডিংলেতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেলেন বেন স্টোকসেরা। এখনও চারটে টেস্ট বাকি। প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে ফেরা কঠিন ভারতের। হেডিংলে টেস্টের শেষ দিন নাটকীয় একটা লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন বেন স্টোকসের দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫০ রান। আর ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল ১০টি উইকেট। কিন্তু শেষটা ভালো হল না ভারতের। ইংরেজদের হাতে নিঃশর্ত আত্মসমর্পণ করল ভারতের বোলার-ফিল্ডাররা।

    হতশ্রী বোলিং-ফিল্ডিং

    ভারতের বোলিং ও ফিল্ডিং নিয়ে যেন যত কম বলা যায় ততই ভালো! এ কথা বলার জায়গা আসতই না, যদি টিম ইন্ডিয়ার বোলাররা মান রাখতে পারতেন। যদি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ফিল্ডিংয়ে কিছুটা গোছানো হতেন। যে টিমের ফিল্ডারদের নিয়ে এত প্রশংসা হয়, সেখানে এমন ফিল্ডিং দেখে, ক্যাচের পর ক্যাচ মিস দেখে হতবাক অনেকে! গোটা ম্যাচে সাতটা ক্যাচ ফসকেছে ভারত। এর মধ্যে চারটি ফেলেছেন যশস্বী, দুটি পন্থ। যে জসপ্রীত বুমরাকে নিয়ে এত আলোচনা, যিনি প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন, সেই তিনিই কি না দ্বিতীয় ইনিংসে একটি উইকেটের দেখাও পেলেন না। স্টোকসদের বিরুদ্ধে হেডিংলে টেস্টের শেষ দিন বোলিংয়ে বুমরার ঝাঁঝ দেখাই গেল না। যার ফল চোখের সামনে বেন ডাকেটের ১৪৯, জ্যাকের ৬৫, রুটের ৫৩ নট আউট! সেই সুবাদে ৮৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জয় ইংল্যান্ডের।

    কোহলি-হীন ব্যাটিংয়ে ব্যর্থ লোয়ার-অর্ডার

    ইংল্যান্ডে রওনা হওয়ার আগে কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, সেরা দল নিয়ে যাচ্ছেন তাঁরা। এই যদি সেরা দলের নমুনা হয়, তা হলে খারাপ দল কোনটা? চারটে ব্যাটার (যশস্বী, শুভমন, রাহুল ও পন্থ) আর দেড়খানা বোলার (বুমরা ও জাডেজা) নিয়ে আর যা-ই হোক, টেস্ট ম্যাচ জেতা যায় না। সিরিজ তো অনেক দূরের কথা। দুই ইনিংসেই ভারতের লোয়ার অর্ডার হতাশ করেছে। প্রথম ইনিংসে ৪১ রানে পড়েছে শেষ ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে শেষ ৬ উইকেট পড়েছে ৩১ রানে। সেই কারণেই দুই ইনিংস মিলিয়ে পাঁচটা শতরানের পরেও হারতে হয়েছে ভারতকে। ব্যাটিংয়ের এই রোগ সারাতে না পারলে পরের টেস্টেও ফেরা মুশকিল। কারণ মার্ক উড, জফ্রা আর্চাররা ফিরলে আর করুণ দশা হবে বিরাট হীন ভারতীয় ব্যাটিংয়ের।

    মনে পড়ল অধিনায়ক রোহিতকে

    প্রশ্ন উঠতে বাধ্য অধিনায়ক শুভমনের নেতৃত্ব নিয়েও। দেখে মনে হল না, প্ল্যান বি, সি রয়েছে তাঁর কাছে। একই গতে বল করিয়ে গেলেন। প্রসিদ্ধ রান দিচ্ছেন দেখেও তাঁকে সরালেন না। রানের গতি কম থাকলে হয়তো এই ম্যাচ ড্র হতে পারত। শার্দূল নতুন বলে উইকেট নিতে পারেন। তাঁকে প্রথম ইনিংসে নতুন বল দিলেনই না শুভমন। প্রশ্ন উঠল তাঁর ফিল্ডিং সাজানো নিয়েও। রান বাঁচাবেন, না উইকেট তুলবেন, সেই ধন্দ কাটিয়ে উঠতে পারলেন না। টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব যে কতটা কঠিন তা হয়তো বুঝতে পারলেন শুভমন। ভারতের ক্রিকেট অনুরাগীরা বারবার মিস করলেন অধিনায়ক রোহিতকে।

  • India vs England: ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’! রাহুল-পন্থের শতরান, হেডিংলিতে দুই ভিন্ন চরিত্রের যুগলবন্দি

    India vs England: ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’! রাহুল-পন্থের শতরান, হেডিংলিতে দুই ভিন্ন চরিত্রের যুগলবন্দি

    মাধ্যম নিউজ ডেস্ক: হেডিংলি টেস্টের চতুর্থ দিনে এক অনন্য ব্যাটিং মহাকাব্যের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভিন্ন মেজাজের দুই ব্যাটার—কেএল রাহুল ও ঋষভ পন্থ, লিখলেন ইতিহাস। ১৯৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ, ভারতকে নিয়ে গেল শক্তপোক্ত অবস্থানে। একদিকে বরফের মতো ঠান্ডা মাথার রাহুল অন্যদিকে, আগুনের মতো তেজী পন্থ। একদিক, দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার রাহুল অন্যদিকে, পন্থের ব্যাটিং কখনোই প্রথাগত টেস্ট ক্রিকেটের ছাঁচে ফেলা যায় না। এই দুই চরম ভিন্ন স্বভাবের ব্যাটার মিলে গড়ে তুললেন ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’-এর মতো এক অনবদ্য কাহিনি—ঠিক যেন জর্জ আর আর মার্টিনের কাল্পনিক রাজ্য ওয়েস্টেরস-এর দুই ত্রাতা মিলে এক নতুন রাজাকে সিংহাসনে বসাতে যুদ্ধ করছে।

    নতুন রাজার জন্য নয়া যোদ্ধা

    শুভমান গিলের নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ভারতের ‘নতুন যুগের সূচনা’ করলেন রাহুল-পন্থ। শুরুর দিকে পন্থ নিজের স্টাইলে দ্বিতীয় বলেই ডাউন দ্য ট্র্যাকে এসে বাউন্ডারি হাঁকালেন। আর রাহুল খেললেন টেস্ট বইয়ের আদর্শ উদাহরণ—আউটসাইড অফ স্টাম্পে বল হলে ব্যাট লুকিয়ে রাখলেন, শৃঙ্খলা বজায় রাখলেন। তবে পন্থের আগ্রাসন ছিল একেবারে নিখুঁত পরিকল্পনার ফল। স্টোকস-কার্সের অসাধারণ স্পেলের মাঝেও তিনি ধৈর্য ধরলেন, কিন্তু যখন সময় এলো, তখন ছুটে বেরোলেন যেন আগুনের ড্রাগন। ওয়েস্টেরসের যোদ্ধাদের মতোই ইংল্যান্ডের প্রতিরোধকে ছিন্ন করে দিলেন ব্যাট হাতে। চেতেশ্বর পূজারা তাদের ইনিংসের প্রশংসা করে বললেন, “প্রথম সেশনটা খুব কঠিন ছিল। ইংল্যান্ডের বোলাররা দারুণ বল করছিল—বিশেষ করে ব্রাইডন কার্স। কিন্তু রাহুল আর পন্থ সেই সময়টা সামলে নিল খুবই বুদ্ধিমত্তার সঙ্গে।” তিনি আরও যোগ করেন, “ঋষভকে বেশিক্ষণ চুপ করিয়ে রাখা যায় না, এটা আমি জানি। কিন্তু আজ সে দারুণ সময়জ্ঞান দেখিয়ে আগ্রাসন চালিয়েছে। রাহুল সবসময়ের মতো ধৈর্য দেখিয়েছে, আর পন্থ সেটা মেনেই এগিয়েছে।”

    ভিন্ন দুই চরিত্রের মিশেল

    রাহুলের সৌন্দর্য্যপূর্ণ ড্রাইভ আর পন্থের হঠাৎ বিস্ফোরণের এই মিশেলই ভারতীয় ব্যাটিংকে নতুন উচ্চতায় নিয়ে গেল। তাঁরা যেন নাইটস ওয়াচের রেঞ্জার হয়ে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের ‘উইন্টার’ মোকাবিলায়। এখনও সিরিজের অনেকটা বাকি, আরও আটটি ইনিংস পড়ে আছে। কিন্তু এই জুটি যে এক রাজ্য রক্ষার প্রতিজ্ঞা নিয়েছে, তা হেডিংলির যুদ্ধেই প্রমাণ হয়ে গেল। এখন শুধু সময়ের অপেক্ষা—শুভমন গিলের রাজত্বে আরও কতবার এই দুই ‘যোদ্ধা’ ব্যাট হাতে অস্ত্র তুলে নেবে, সেটাই দেখার। ম্যাচটা ভারতের দিকে ঝুঁকেছিল তৃতীয় দিনের শেষেই। প্রথম ইনিংসে তিনটে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসটাও ছিল ব্যাটারদের। শুরুটা করেন কেএল রাহুল। ২০২ বলে তিনি সেঞ্চুরি করেন। এরপর পন্থের সেঞ্চুরি ছিল সময়ের অপেক্ষা, রাহুলের সেঞ্চুরির পরে পন্থ সেঞ্চুরি পেলেন। চলতি টেস্টে জোড়া সেঞ্চুরি করলেন তিনি। ১৩০ বলে সেঞ্চুরি পেলেন পন্থ। সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক ম্যাচে পরপর দুটো সেঞ্চুরি করলেন পন্থ। সঙ্গে রেকর্ডবুকে নাম লিখিয়ে ফেললেন।

    পন্থের রেকর্ড

    আইপিএলে তাঁকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে ইংল্যান্ডে গিয়ে সমালোচনার জবাব গুনে গুনে দিচ্ছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন তিনি। একাধিক নজির তৈরি করলেন ভারতীয় উইকেটকিপার হিসেবে। বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই শতরান করার নজির গড়লেন পন্থ। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ়িম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ১৪২ এবং অপরাজিত ১৯৯ করেছিলেন। পন্থ ১৩৪ এবং ১১৮ রান করলেন। বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডে একই টেস্টে জোড়া শতরান করলেন তিনি। এক টেস্টে জোড়া শতরানের নজির রয়েছে অনেক ভারতীয়েরই। বিজয় হজারে প্রথম এই নজির গড়েন। ১৯৪৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান করেছিলেন। যদিও ম্যাচটি হেরেছিল ভারত। এর পর এই নজির গড়েন সুনীল গাভাস্কর। তিন বার একই টেস্টে জোড়া শতরান করেছেন তিনি। দু’বার এই কীর্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের। এক বার করে এই নজির গড়েছেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা। সোমবার পন্থ সেই তালিকায় ঢুকে পড়লেন। এ ছাড়া, একটি টেস্টে ন’টি ছক্কা মারলেন পন্থ। এই কীর্তি রয়েছে অ্যান্ড্রু ফ্লিনটফ (২০০৫, বনাম অস্ট্রেলিয়া) এবং বেন স্টোকসের (২০২৩, বনাম অস্ট্রেলিয়া)।

    রেকর্ড-বুকে রাহুল

    লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে ভাল খেললেও ৪২ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অভাব মিটিয়ে দিলেন তিনি। ১৮ মাস পর শতরান এল টেস্টে। নজিরও গড়েছেন ভারতের ক্রিকেটার। প্রথম ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডে গিয়ে তিনটি শতরান করলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে ১৮টি ইনিংস খেলে তিন নম্বর শতরান করেছেন রাহুল। তার আগে রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর, বিজয় মার্চেন্ট এবং রবি শাস্ত্রীর দু’টি করে শতরান ছিল। টেস্টে এই নিয়ে নবম শতরান হল রাহুলের। আগেও ইংল্যান্ডে দু’টি শতরান রয়েছে তাঁর। তাঁর ১৩৭ রানের ইনিংসের গুরুত্বও কম নয়। ওপেন করতে নেমে ৮৫তম ওভার পর্যন্ত ২২ গজের এক প্রান্ত আগলে রাখলেন। দলকে নির্ভরতা দিলেন। যতটা সম্ভব ঝুঁকিহীন থাকার চেষ্টা করেছেন। দলের অভিজ্ঞতম ব্যাটারের ভূমিকা যেমন হওয়া উচিত, ঠিক সেটাই করেছেন। ২৪৭ বলের ইনিংসে নিজে রান তোলার গতি বজায় রাখার চেষ্টা করেছেন। পাশাপাশি পন্থকে সামলে রেখেছেন। দায়িত্বশীল রাহুল সম্পদ হয়ে উঠতে পারেন বিরাট কোহলি-রোহিত শর্মাহীন ভারতীয় শিবিরের। চতুর্থ উইকেটে তাঁদের ১৯৫ রানের জুটি একটা সময় দিশেহারা করে তুলেছিল বেন স্টোকসদের।

  • India Vs England: টেস্টে শুরু তরুণ প্রজন্মের দাপট! যশস্বী-গিলের যাদুতে ইংল্যান্ডের মাটিতে শুভ সূচনা ভারতের

    India Vs England: টেস্টে শুরু তরুণ প্রজন্মের দাপট! যশস্বী-গিলের যাদুতে ইংল্যান্ডের মাটিতে শুভ সূচনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দাপটের সঙ্গেই টেস্টে নতুন যুগে পা রাখল ভারত। তরুণ দল, অকুতোভয়। ইংল্যান্ডের (India Vs England) মাটিতেই ইংরেজ বোলারদের শাসন করলেন ভারতীয় ব্যাটাররা। প্রথমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তার পর শুভমন গিল (Shubman Gill)। দুই তরুণ ক্রিকেটারের শতরানে লিডসে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। ক্রিজে রয়েছেন শুভমন গিল (১২৭) এবং ঋষভ পন্থ (৬৫)। ইংল্যান্ডে কোনও টেস্টের প্রথম দিনে এটাই ভারতের সর্বোচ্চ রান। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই কিংবদন্তি সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাঁদের পরবর্তী সময়ে প্রথম সিরিজ। নিজেদের নামের প্রতি সুবিচার করলেন গিল-যশস্বীরা। বুঝিয়ে দিলেন ২২ গজে ভারতের পতাকা উড়ছে, উড়বে।

    ক্যাপ্টেন্স নক, গিল-যুগের শুরু!

    টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম দিনটা টস হেরে শুরু করলেও ব্যাট হাতে আত্মবিশ্বাসের শিখরে দেখাল শুভমনকে। ইংল্যান্ডের (India Vs England) বহুচর্চিত ‘বাজবল’ যেন গিলের ব্যাটেই জীবন্ত হয়ে উঠল। ধ্রুপদী ঘরানার ব্যাকরণ মেনেই স্টোকসদের উপর ছড়ি ঘোরালেন গিল। অধিনায়কোচিত ইনিংসে ভরসা দিলেন ড্রেসিং-রুমকে। ১৪০ বলে দুর্দান্ত একটা ড্রাইভে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন। সব মিলিয়ে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে শুভমন শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সার্বিক ভাবে ইংল্যান্ডে এর আগে তিনটে টেস্ট খেলেছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হয়েছিলেন। প্রবল সমালোচনাও হয়েছিল। ক্যাপ্টেন হিসেবে পরীক্ষা। তেমনই ব্যাটিংয়ে কিং কোহলির জায়গায় নামা। সব মিলিয়ে পাহাড়প্রমাণ চাপ। সিরিজের শুরুতেই সেঞ্চুরিটা যেন সব চাপ দূরে সরিয়ে দিল। শুভমনের নেতৃত্ব ভারতীয় ক্রিকেটকে কোন পথে নিয়ে যাবে, সময় তার জবাব দেবে। তার আগে শুভমানের সাফল্য নিয়ে মজে রয়েছেন তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা।

    অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই শতরান

    অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই (India Vs England) শতরান করা ২৩তম ক্রিকেটার হলেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্যাপ্টেন্সি অভিষেকেই সেঞ্চুরির রেকর্ড ছিল বিজয় হাজারে, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, বিরাট কোহলির মতো কিংবদন্তিদের। এ বার এই তালিকায় নাম লেখালেন শুভমন গিল (Shubman Gill)। কে বলতে পারে, সচিন-কোহলি পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে গিল-যুগের শুরু! টেস্ট শুরুর আগে আগ্রহ ছিল, বিরাটের চার নম্বর পজিশনে কে ব্যাট করবেন? এমআরএফ-এর লোগো দেওয়া ব্যাটই দেখা গেল চার নম্বরে। ক্যাপ্টেন শুভমন গিল নামলেন। ক্যাপ্টেন্সি অভিষেক, সেই এমআরএফ ব্যাট এবং চার নম্বরে নেমে সেঞ্চুরি, হেলমেট খুলে মাথানত করে গ্যালারিকে সম্মান জানানো। বারবার কোহলিকে মনে করিয়ে দিলেন গিল।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডে টেস্টের (India Vs England) পয়লা দিনের সকাল মানেই ওপেনারের অগ্নিপরীক্ষা— প্রচলিত ধারণা এটাই। মজা করে বলা হয়, টিকে থাকতে হলে প্রথম দু’ঘণ্টায় সব শট ড্রেসিং-রুমে রেখে এসো। কিন্তু প্রথম ওভারেই ক্রিস ওকসকে চার মেরে শুরু করেছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। বিলেতে এটাই ছিল যশস্বীর জীবনের প্রথম টেস্ট ইনিংস। দুরন্ত সেঞ্চুরিতে তিনি বড় ইনিংসের ভিত মজবুত করার পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই কিংবদন্তির অবসরের আক্ষেপকেও টের পেতে দিলেন না। লিডস বরং সাক্ষী থাকল ২৩ বছর বয়সির তারুণ্যের দাপটের। আর সেটাও দু’হাতে টান নিয়ে, বারবার অস্বস্তিতে পড়ে। ১০১ রানের ইনিংসে কার্যত সিরিজের সুরটাই বেঁধে দিলেন বাঁহাতি ওপেনার।

    দাপট ভারতের

    লোকেশ রাহুলকেও দেখাচ্ছিল প্রত্যয়ী। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে যোগ করেন ৯১। মনে হচ্ছিল লাঞ্চে বিনা উইকেটেই যেতে চলেছে ভারত। তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো ব্রাইডন কার্সের দেরিতে ভাঙা সুইংয়ে ব্যাট চালিয়ে ফিরলেন রাহুল। টেস্ট অভিষেক অবশ্য মধুর হল না সাই সুদর্শনের। চেতেশ্বর পূজারার হাতে থেকে টেস্ট ক্যাপ নেওয়া বাঁ-হাতি লেগসাইডে অনেক বাইরের বলে অহেতুক খোঁচা দিলেন। সঙ্গে সঙ্গে হল লাঞ্চ। স্কোর তখন ৯১-২। লড়াইয়ে ফেরার পথ খুঁজে পাওয়া ইংল্যান্ড মুহূর্তে উজ্জীবিত। কিন্তু পরের দু’ঘণ্টায় যশস্বী-গিল পকেটে পুরে ফেললেন ম্যাচের রিমোট। শেষ লগ্নে ঋষভ পন্থ। আইপিএলে ব্যর্থ পন্থ বোঝালেন, লাল বলের ক্রিকেটে তিনি আলাদা জাতের ব্যাটার। স্টোকসকে এগিয়ে এসে মাথার উপর দিয়ে যে চারটা মারলেন তা দেখে তাজ্জব হয়ে গেল গোটা স্টেডিয়াম। পরিচিত কায়দায় স্টোকস চাইছিলেন পন্থকে স্লেজিং করতে। পাত্তাই দিলেন না ভারতের উইকেটকিপার। অর্ধশতরান করলেন। অতীতে কবে সিরিজের (Tendulkar Anderson Trophy) প্রথম দিনে ভারতের দুই ব্যাটার শতরান করেছেন তা জানতে গেলে মাথা চুলকোতে হবে। অবিশ্বাস্য ভাঙন না ধরলে প্রথম ইনিংসে ভারতের সাড়ে চারশো নিশ্চিত। সেক্ষেত্রে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক হওয়ার যথেষ্ট রসদ থাকবে।

  • India vs England: ভারত-ইংল্যান্ড টেস্টে কালো ‘আর্মব্যান্ড’, আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা

    India vs England: ভারত-ইংল্যান্ড টেস্টে কালো ‘আর্মব্যান্ড’, আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা

    মাধ্যম নিউজ ডেস্ক: হেডিংলেতে কালো ‘আর্মব্যান্ড’ পরে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামলেন ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা। ‘আর্মব্যান্ড’ পরেছেন আম্পায়ারেরাও। গত ১২ জুন আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য কালো আর্মব্যান্ড পরেছেন সকলে। এ ছাড়া খেলা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

    ম্যাচ শুরুর আগে শ্রদ্ধা

    গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই১৭১’। কিন্তু রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ২৭৪। যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন খেলা শুরু হয়। উল্লেখ্য, টেস্ট বিশ্বকাপ ফাইনালের তৃতীয় দিনও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা একই কারণে কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছিলেন। প্রথম টেস্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতে ইংল্যান্ডের আবহাওয়া স্যাঁতসেঁতে থাকে। রোদ-বৃষ্টির খেলা চলে সেখানে। তাই মাঝে মাঝেই খেলায় বিঘ্ন ঘটে। তবে প্রথমদিন বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু গোটা দিনই আকাশ অংশত মেঘলা থাকবে। তবে দ্বিতীয়দিন থেকে পঞ্চমদিন বৃষ্টির ভ্রুকুটি থাকবে বলে পূর্বাভাস। ‘ওভারকাস্ট কন্ডিশনে’র সুবিধা পেতে পারেন পেসাররা।

    অভিষেকে শূন্য, ইতিহাসের পাতায় সুদর্শন

    অভিষেক টেস্ট ভুলে যেতে চাইবেন সাই সুদর্শন। প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরলেন। মাত্র ৪ বল উইকেটে টেকেন। বেন স্টোকসের লেগ সাইডের বলে খোঁচা মেরে আউট হলেন বাঁ হাতি তরুণ ক্রিকেটার। যা মেনে নেওয়া যায় না। অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে তিন নম্বরে নামানো হয়েছিল। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ৯২। শেষ দশ মিনিট বাদ দিলে বাকি সময়টা ছিল ভারতের। এদিন দারুণভাবে নতুন বল সামলান যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। খুব বেশি সুযোগ দেয়নি তাঁরা। প্রথম উইকেটে ৯১ রান যোগ করে ওপেনিং জুটি। রাহুলকে শুরুতে নামানো সঠিক সিদ্ধান্ত। ঠাণ্ডা মাথায় ইংল্যান্ডের বোলারদের সামলান। ভারতের ব্যাটিংয়ের ভীত শক্ত করেন। যেভাবে খেলছিলেন অর্ধশতরান নিশ্চিত ছিল। কিন্তু ৭৮ বলে ৪২ রান করে আউট হন। ইনিংসে রয়েছে ৮টি চার। কার্সের বলে খোঁচা মেরে প্রথম স্লিপে রুটের হাতে ধরা পড়েন। ৪২ রানে অপরাজিত যশস্বী। লিডসে ভারতের ৩১৭ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেলেন পেলেন সাই সুদর্শন। সাই সুদর্শনের টেস্ট অভিষেকের মধ্য দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো আরেকটি স্মরণীয় অধ্যায়। ব্যাটিং করতে নামার আগেই ইতিহাসের পাতাতেও নাম তুলে ফেললেন সাই সুদর্শন। ঐতিহাসিক দিনে টেস্ট অভিষেক হল তাঁর। ১৯৯৬ সালে ২০ জুন লর্ডসে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। ২০১১ সালে ঠিক একই দিনে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এবার সেই ২০ জুন টেস্ট ক্যাপ মাথায় তুললেন সাই সুদর্শন।

LinkedIn
Share