Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India vs England: ইংল্যান্ডে লাল বলের ক্রিকেটে নামার অপেক্ষায় রোহিত-কোহলিহীন নতুন ভারত

    India vs England: ইংল্যান্ডে লাল বলের ক্রিকেটে নামার অপেক্ষায় রোহিত-কোহলিহীন নতুন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের রেশ কাটিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের (India vs England) এবার ফরম্যাট বদলের পালা। শুক্রবার হেডিংলিতে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।  অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির পর অবশেষে লাল বলের ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের নতুন পর্বও। এর মাঝে বদলে গিয়েছে অনেক কিছু। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া নামবে টিম ইন্ডিয়া। শুভমন গিলের নেতৃত্বে শুরু হবে এক নতুন যুগ। দুই মহাতারকার অনুপস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত যশস্বী-পন্থরা।

    নতুন ভারতের যাত্রা শুরু

    ইংল্যান্ডের (India vs England) পিচ ও আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সিরিজ শুরুর ১৪ দিন আগে ইংল্যান্ডে পৌঁছেছে তরুণ ভারতীয় দল। সেখানে ১০ দিনের একটা শিবির করেছে তারা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে। আগে থেকে পুরো তৈরি হয়ে তার পর সিরিজ খেলতে নামতে চাইছে ভারত। নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলের সামনে বড় চ্যালেঞ্জ। কোহলির আগ্রাসন ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিল। রোহিত ছিল ঠান্ডা, ধীর-স্থির, লড়াকু। ও এই দু’জনের থেকেই শিখেছে শুভমন। এবার মাঠে প্রয়োগের পালা। কোচ হিসেবে গৌতম গম্ভীরও এই প্রথম ইংল্যান্ডে গিয়েছেন। ফলে বলা যেতে পারে, তরুণ ভারতীয় দল নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এখন দেখার শুরুটা কেমন করেন শুভমনেরা।

    কখন-কোথায় খেলা দেখবেন

    ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারতীয় দল (India vs England)। ২০ জুন অর্থাৎ শুক্রবার প্রথম টেস্ট। লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে প্রথম ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটে থেকে। ম্যাচ দেখার দুটো বিকল্প রয়েছে। টেলিভিশনে এই সিরিজ সম্প্রচার হবে সোনি স্পোর্টসে। তেমনই মোবাইলে খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপে। ইংল্যান্ড শুধুমাত্র প্রথম টেস্টের জন্যই দল ঘোষণা করেছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড প্রাথমিক ভাবে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন করে ঢুকেছেন তরুণ পেসার হর্ষিত রানা।

    ভারতের স্কোয়াড- শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা

    ইংল্যান্ডের স্কোয়াড- বেন স্টোকস (ক্যাপ্টেন), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।

  • Big Data In Indian Sports: খেলা শুধু মেধার বিষয় নয়, তথ্যেরও! ‘ডেটা ড্রিভেন’ চ্যাম্পিয়ন তৈরির জন্য প্রস্তুত ভারত

    Big Data In Indian Sports: খেলা শুধু মেধার বিষয় নয়, তথ্যেরও! ‘ডেটা ড্রিভেন’ চ্যাম্পিয়ন তৈরির জন্য প্রস্তুত ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ক্রীড়াজগতে (Big Data In Indian Sports) এখন এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। আর সেই বিপ্লবের নাম ‘বিগ ডেটা’। একসময় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পাওয়ার উপায় ছিল কোচের চোখ, অভিজ্ঞতা, আর কিছুটা ভাগ্য। কিন্তু এখন সময় বদলেছে। আধুনিক প্রযুক্তি ও তথ্যের বিশ্লেষণ মিলে বদলে দিচ্ছে খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণের ধরণ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI in Sports) থেকে অগমেন্টেড রিয়েলিটি—আধুনিক ক্রীড়া জগতে প্রযুক্তির (Technology in Sports) প্রভাব ক্রমশ বাড়ছে। প্রযুক্তি এখন ক্রীড়ার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তি ক্রীড়ায় একটি নতুন যুগের সূচনা করেছে, যা খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে সহায়ক।

    কী এই ‘বিগ ডেটা’?

    বিভিন্ন সূত্র থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করাই হল ‘বিগ ডেটা’। খেলোয়াড়ের পারফরম্যান্স, ম্যাচের ভিডিও, ফিটনেস ডেটা, এমনকি মানসিক আচরণ—সবকিছুই এখন বিশ্লেষণের আওতায় পড়ে। যেমন, একজন ক্রিকেটারের ব্যাটিং অ্যাভারেজ, স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেট, এমনকি চাপের মুহূর্তে হৃদস্পন্দনের মাত্রা পর্যন্ত নথিভুক্ত করা যায় এখন। গ্রামীণ স্তরেও এখন কিছু অ্যাকাডেমিতে ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যানালাইসিস, জিপিএস ট্র্যাকার। অন্যদিকে, জাতীয় স্তরের খেলোয়াড়দের ঘুম, রিকভারি টাইম, ক্লান্তি—সবকিছুই ট্র্যাক হচ্ছে স্মার্ট ওয়্যারেবল দিয়ে।

    কীভাবে বদলে যাচ্ছে প্রতিভা অন্বেষণ পদ্ধতি?

    পারফরম্যান্স বিশ্লেষণে প্রযুক্তির সাহায্য: আগে কোচরা ট্রায়াল বা কয়েকটি ম্যাচ দেখে খেলোয়াড় বেছে নিতেন। এখন ফুটবল ক্লাব যেমন বেঙ্গালুরু এফসি বা কেরালা ব্লাস্টার্স তাদের অ্যাকাডেমিতে খেলোয়াড়দের দৌড়, পাসিং অ্যাকুরেসি, স্ট্যামিনা সব কিছুই বিশ্লেষণ করছে প্রযুক্তির সাহায্যে।

    চোট প্রতিরোধ: খেলোয়াড়দের চোট ভারতে এক বড় সমস্যা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এখন বায়োমেট্রিক মনিটরিং চালু করেছে, যাতে চোটের আগেই শনাক্ত করা যায় ক্লান্তি বা অতিরিক্ত ট্রেনিংয়ের প্রভাব।

    মানসিক প্রস্তুতি ও আচরণগত বিশ্লেষণ: খেলোয়াড়রা কতটা চাপ নিতে পারেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে কিনা—এসব কিছুই এখন সাইকোলজিকাল টেস্ট দিয়ে যাচাই করা হচ্ছে। কিছু প্রাইভেট অ্যাকাডেমি ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছে।

    দূরবর্তী প্রতিভা খোঁজার সুযোগ: ডিজিটাল ভিডিও, অনলাইন ডেটাবেসের মাধ্যমে এখন মফস্বল বা গ্রামের প্রতিভাদের পারফরম্যান্সও উঠে আসছে জাতীয় স্তরে কর্তৃপক্ষের দৃষ্টির আওতায়। যেমন ড্রিম১১, খেলো ইন্ডিয়া প্রজেক্ট—সবই এখন ডেটা-ভিত্তিক স্কাউটিং শুরু করেছে।

    কী কী সুবিধা দিচ্ছে বিগ ডেটা ও এআই?

    মানবিক পক্ষপাত কমানো: গ্রাম বা শহরের পার্থক্য নেই, পারফরম্যান্সই মুখ্য।

    খরচ বাঁচানো: খেলোয়াড়দের সরাসরি দেখতে না গিয়েও ভিডিও ও ডেটা বিশ্লেষণে অনেকটা এগোনো সম্ভব হচ্ছে। কোন খেলোয়াড় ভবিষ্যতে আন্তর্জাতিক মানের হতে পারেন, বা কে চোটপ্রবণ—এমন তথ্য আগেই জানিয়ে দিতে পারে এআই।

    প্রতিপক্ষের দুর্বলতা ধরতে: প্রযুক্তির সাহায্যে প্রতিপক্ষের দুর্বলতাও ধরা যায়। হাজার হাজার খেলা স্ক্যান করে প্যাটার্ন দেয় এআই। আমরা প্রতিপক্ষের খেলা অধ্যয়ন করতে পারি। এটি প্রস্তুতিতে সাহায্য করে।

    চ্যালেঞ্জ এখনো রয়েছে

    প্রযুক্তির সীমিত প্রবেশ: বেশিরভাগ স্কুল, স্থানীয় ক্লাবে এখনও প্রযুক্তির প্রবেশ ঘটেনি। নেই নানা ধরনের ডিভাইস বা সফটওয়্যার।

    বিশেষজ্ঞ বিশ্লেষকের অভাব: ডেটা আছে, কিন্তু যারা সেটা খেলার দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করবেন, এমন মানুষ খুব কম।

    প্রাইভেসি ও নৈতিকতা: খেলোয়াড়, বিশেষ করে নাবালকদের স্বাস্থ্য বা মানসিক তথ্য কিভাবে ব্যবহৃত হবে, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

    ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সাফল্য

    বিসিসিআই: ভারতীয় ক্রিকেট বোর্ড বাইশ গজে আধুনিক প্রযুক্তি প্রয়োগে সবচেয়ে এগিয়ে। জাতীয় ও অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের চোট ও ওয়ার্কলোড নিয়ন্ত্রণে ডেটা বিশ্লেষণ হচ্ছে নিয়মিত। প্রতিভা অন্বেষণ, খেলোয়াড় তৈরিতে ব্যবহৃত হচ্ছে আধুনিক পদ্ধতি।

    আইএসএল ফুটবল ক্লাব: ভারতের ফুটবল ময়দানে জিপিএস ভেস্ট, ভিডিও অ্যানালাইসিস ব্যবহার করে নতুন তারকাদের তুলে আনছে আইএসএল খেলা ক্লাবগুলো। সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা এর অন্যতম উদাহরণ।

    খেলো ইন্ডিয়া ট্যালেন্ট হান্ট: ডিজিটাল পারফরম্যান্স ডেটাবেস তৈরি করে ভবিষ্যতের প্রতিভা গড়ে তুলছে সরকার। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের খেলো ইন্ডিয়া প্রকল্প এর মধ্যে অন্যতম।

    প্রযুক্তি প্রয়োগে সমতার প্রয়োজন

    এআই এখন সবচেয়ে আলোচিত শব্দ। অগমেন্টেড রিয়েলিটি ক্রীড়ায় ব্যাপকভাবে গৃহীত হয়েছে। এটি ক্ষমতা বাড়ায়। এতে প্রচুর বিনিয়োগ হয়েছে এবং এটি ভালোভাবে কাজ করছে। তবে প্রশ্ন হলো, এটি কীভাবে ব্যবহার করা হবে। এআই পারফরম্যান্সে সাহায্য করে। খেলোয়াড়রা (Big Data In Indian Sports) এটি ব্যবহার করে নিজেদের উন্নত করছে। আগামী দিনে এটি আরও বেশি শোনা যাবে। কিন্তু প্রযুক্তির ব্যবহারে সমতার ওপর জোর দিতে হবে। একজন ক্রীড়াবিদকে গড়ে তোলার সময় সঠিক জিনিস দরকার। প্রযুক্তি ঘাটতি বোঝাতে সাহায্য করে। তবে প্রযুক্তি সবার জন্য অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত। এমন পরিস্থিতি হওয়া উচিত নয় যে কিছু মানুষের প্রযুক্তি আছে আর অন্যদের নেই। এটি সবার জন্য সমান হওয়া দরকার।

    ডিজিটাল ইন্ডিয়া

    কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সময় থেকেই ভারতে ডিজিটাল বিপ্লব ঘটেছে। ভারতের ক্রীড়াক্ষেত্রে (Technology in Sports) আগামীর পথ দেখাবে রিয়েল-টাইম ডেটা, এআই-ভিত্তিক বিশ্লেষণ, ও ডিজিটাল স্কাউটিং। এমনকি এআর বা অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে লাইভ ম্যাচেই দেখা যাবে খেলোয়াড়ের পারফরম্যান্সের পরিসংখ্যান। প্রযুক্তি হল মূলত ডেটার অ্যাক্সেস। এটি দুর্বলতা এবং শক্তি পরিমাপে বড় ভূমিকা নেয়। প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য এটি ভালো। কিন্তু প্রযুক্তি এবং তার অ্যাক্সেস একসঙ্গে চলা উচিত। প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি ক্রীড়াবিদদের জন্য বড় সুবিধা হতে পারে, অভিমত ক্রীড়াবিদদের। এআই এবং অগমেন্টেড রিয়েলিটির মতো উদ্ভাবন খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়াতে এবং কোচদের কৌশল উন্নত করতে সাহায্য করছে। তবে এর ব্যবহারে ভারসাম্য রক্ষা করা জরুরি। প্রযুক্তি ডেটা সরবরাহ করে, কিন্তু সাফল্য নির্ভর করে তার প্রয়োগের ওপর। প্রযুক্তি ক্রীড়ায় অনেক সুবিধা এনেছে। এটি খেলোয়াড়দের দুর্বলতা চিহ্নিত করতে, প্রতিপক্ষের কৌশল বোঝাতে এবং প্রশিক্ষণকে আরও কার্যকর করতে সাহায্য করে। প্রযুক্তির প্রসারে বাংলার গ্রাম কিংবা উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকেও উঠে আসবে আগামী দিনের তারকা, এমনই মনে করছে ক্রীড়ামহল। ভারতের ক্রীড়াক্ষেত্রে এখন তথ্যই ভবিষ্যতের চাবিকাঠি। একসময় যাদের বেছে নেওয়া হতো অভিজ্ঞ কোচের চোখে, এখন তাদের খুঁজে বের করছে ডেটা ও প্রযুক্তি। শুধু ভাগ্যের জোরে নয় পরবর্তী প্রজন্মের ভারতীয় তারকারা এবার উঠে আসবে ডেটার বলেই।

  • Tendulkar Foundation: ফের স্বপ্ন দেখাচ্ছেন সচিন! একদা মাও-গড় দান্তেওয়াড়ায় গড়ে তুলছেন ৫০টি খেলার মাঠ

    Tendulkar Foundation: ফের স্বপ্ন দেখাচ্ছেন সচিন! একদা মাও-গড় দান্তেওয়াড়ায় গড়ে তুলছেন ৫০টি খেলার মাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের মাওবাদী-অধ্যুষিত জেলা দান্তেওয়াড়ায় (Dantewada) শুরু হয়েছে এক ব্যতিক্রমী ক্রীড়া আন্দোলন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সচিন তেন্ডুলকার ফাউন্ডেশন (Tendulkar Foundation) ও মান দেশি ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ময়দান কাপ’ প্রকল্পের আওতায় গড়ে তোলা হচ্ছে ৫০টি খেলার মাঠ। এই প্রকল্পের মধ্য দিয়ে খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে চায় জেলা তথা রাজ্য প্রশাসন।

    ২০টি মাঠ নির্মাণ সম্পন্ন

    দান্তেওয়াড়ার কালেক্টর কুণাল দুদাওয়াত বলেন, গত বছর, রাজ্য সরকার দান্তেওয়াড়া এবং অন্যান্য ছয়টি জেলা সহ বাস্তার অঞ্চলের ক্রীড়া প্রতিভাদের উৎসাহিত করার জন্য বাস্তার অলিম্পিক ২০২৪ আয়োজন করেছিল। লক্ষ্য ছিল নকশাল-প্রভাবিত এবং সংবেদনশীল জেলাগুলির ক্রীড়া প্রতিভাদের খেলার মাধ্যমে সমাজের সাথে সংযুক্ত করা। তারই অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং পোর্টা-কেবিন স্কুলের ক্যাম্পাসে নির্মিত হচ্ছে এই মাঠগুলো। ইতিমধ্যেই ২০টি মাঠ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকি ৩০টি অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। মাঠগুলিতে থাকছে ১৩ ধরনের খেলাধুলার সুযোগ—দৌড়, লং জাম্প, শটপুট, জ্যাভলিন থ্রো এবং ওয়াল ক্লাইম্বিং সহ বিভিন্ন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট। প্রতিটি মাঠ নির্মাণে খরচ হচ্ছে ৪ লক্ষ্য টাকা। এই মাঠ তৈরিতে ব্যবহৃত হচ্ছে স্থানীয় উপকরণ। এর ফলে দেশ আত্মনির্ভরতার পথে এগোচ্ছে, বলে জানান দুদাওয়াত।

    সচিন তেন্ডুলকরের মতো আইকনিক ব্যক্তিত্বদের দরকার

    দুদাওয়াত বলেন, জেলা প্রশাসন স্বাধীনভাবে খেলার মাঠ তৈরি করতে পারত, তবে পিছিয়ে পড়া এই অঞ্চলের যুবক ও শিশুদের আকৃষ্ট করার জন্য সচিন তেন্ডুলকরের মতো আইকনিক ব্যক্তিত্বদের জড়িত করা প্রয়োজন। এই প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যেই দান্তেওয়াড়ার চিন্দনার, কাসোলি ও হিটামেটা গ্রামের মাঠ নির্মাণ শেষ হয়েছে, যার সুফল পাচ্ছে প্রায় ১০,০০০ শিশু। শুধু খেলার মাঠ নয়, দান্তেওয়াড়ায় গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক ‘স্পোর্টস সিটি’। সেখানে থাকবে ক্রিকেট, ফুটবল, হকি মাঠ, সুইমিং পুল ও আবাসন সুবিধাসহ উন্নত প্রশিক্ষণ কেন্দ্র।

  • WTC Final 2025: ২৭ বছরে ‘শাপমোচন’! অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

    WTC Final 2025: ২৭ বছরে ‘শাপমোচন’! অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাল ১৯৯৯! বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে জুটেছিল চোকার্স তকমা। সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই তা মুছল দক্ষিণ আফ্রিকা। অ্যালান ডোনাল্ড, শন পোলক, জ্যাক কালিস, এবি ডিভিলিয়ার্সেরা যা পারেননি, তা করলেন টেম্বা বাভুমা, এডেন মার্করাম, কাগিসো রাবাডারা। ২৭ বছর পর আরও এক বার আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। নির্বাসন কাটিয়ে ফেরার সাড়ে তিন দশক পর টেস্ট ক্রিকেটের সিংহাসনে বসল তারা। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর কোনও আইসিসি ট্রফি ঘরে তুলল প্রোটিয়ারা।

    মার্করাম-বাভুমার লড়াকু ইনিংস

    এই ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্য দেয়। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২১২ রান এবং দ্বিতীয় ইনিংসে ২০৭ রান করে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৩৮ রানেই সব উইকেট হারায়। প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ৭৪ রানের লিড পেলেও, দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায়। এখান থেকে ক্রিজ ধরে রাখেন এইডেন মার্করাম এবং অধিনায়ক টেম্বা বাভুমা। তৃতীয় উইকেটে দুজনের মধ্যে ১৪৭ রানের জুটি দক্ষিণ আফ্রিকার জয়ের পথ তৈরি করে দেয়। মার্করাম ১০১ বলে ১১টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। বাভুমা ৬৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। তারপর এই জয় ছিল সময়ের অপেক্ষা। লর্ডসে ইতিহাস গড়ে এই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো প্রোটিয়ারা। ব্যর্থ হল না বাভুমা এবং মার্করামের লড়াই। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে নজির গড়লেন টেম্বা বাভুমা। জয়ের নিরিখে অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। বাভুমার নেতৃত্বে ফাইনাল সহ ১০টি টেস্ট ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৯টি জয় ও ১টি ড্র করেছে প্রোটিয়ারা।

    বহু অপেক্ষার ফল

    দ্বিতীয় ইনিংসে কামিন্স, স্টার্ক, হেজলউডদের তেমন সুযোগ দিলেন না বাভুমা ও মার্করাম। উল্টে যত সময় গড়াল তত কাঁধ ঝুঁলে গেল কামিন্সদের। নইলে কেন এত রক্ষণাত্মক হয়ে পড়লেন অসি অধিনায়ক। যেখানে উইকেট তোলা ছাড়া গতি নেই সেখানে বাউন্ডারিতে ফিল্ডার রাখলেন। বোঝা গেল, দক্ষিণ আফ্রিকার জয়ের পথে বিলম্ব করা ছাড়া আর কোনও পরিকল্পনা নেই তাঁর। হার মেনে নিয়েই বোধহয় চতুর্থ দিন খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। তাদের শরীরী ভাষা সেটাই বুঝিয়ে দিচ্ছিল। তাই কামিন্স, স্টার্কেরা একক দক্ষতায় উইকেট তুললেও তাতে দক্ষিণ আফ্রিকার জয় আটকাতে পারলেন না। ম্যাচ শেষে গ্যালারিতে সন্তানকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন ডিভিলিয়ার্স, মুখে তৃপ্তির হাসি প্রাক্তন অধিনায়ক গ্রেমি স্মিথের। বোঝা যাচ্ছিল এই জয় যে তাদের কাছে বহু অপেক্ষার ফল। অধরা মাধুরী স্পর্শ করার আনন্দ।

  • Boundary Catch Rule: কঠিন হবে ফিল্ডারদের কাজ, বদলাচ্ছে বাউন্ডারির বাইরে লাফিয়ে ক্যাচ ধরার নিয়ম

    Boundary Catch Rule: কঠিন হবে ফিল্ডারদের কাজ, বদলাচ্ছে বাউন্ডারির বাইরে লাফিয়ে ক্যাচ ধরার নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলাতে চলেছে বাউন্ডারি লাইনে ক্যাচ (Boundary Catch Rule) ধরার নিয়ম। এখন বাউন্ডারি লাইনের কাছে যে ভাবে বল শূন্যে ছুড়ে দিয়ে ক্রিকেটারেরা ছয় বাঁচান বা ক্যাচ ধরেন, আগামী দিনে তা আর করা যাবে না। এবার চ্যালেঞ্জ বাড়ছে ফিল্ডারদের। ক্যাচ ধরার নিয়মে পরিবর্তন করতে চলেছে আইসিসি এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। আগামী মাস থেকেই বাউন্ডারি লাইনের ধারে চোখ ধাঁধানো ‘বানি হপ’ ক্যাচ ধরার নতুন নিয়ম কার্যকর হবে।

    ‘বানি-হপ’ ক্যাচ কী?

    অনেক সময়েই দেখা যায়, বাউন্ডারি লাইনের বাইরে থেকে লাফিয়ে বলটিকে মাঠের ভিতরে এনে ক্যাচ ধরেন ফিল্ডাররা। এই ধরনের ক্যাচকে বলা হয় ‘বানি-হপ’ ক্যাচ। এই ক্যাচের নিয়মেই পরিবর্তন আনতে চলেছে এমসিসি এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ ধরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বাউন্ডারি লাইনের বাইরে প্রথম বার লাফিয়ে ভাল ভাবে বল ধরতে পারেননি ব্রিসবেন হিটের মাইকেল নেসের। দ্বিতীয় বারের চেষ্টায় বল ধরে মাঠের ভিতরে পাঠান তিনি। তার পর ভিতরে ঢুকে ক্যাচ সম্পূর্ণ করেন। সেই বিতর্কের পর নিয়ম পরিবর্তনের কথা ভাবা হয়।

    নতুন নিয়ম

    নতুন নিয়মে বলা হয়েছে, বাউন্ডারি লাইনের বাইরে একাধিক বার স্পর্শ করা যাবে না বল। ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে শূন্যে (লাফিয়ে) থাকলে এক বার বল ছুঁতে পারবেন। তার পর ক্যাচ ধরতে হবে বাউন্ডারি লাইনের ভিতর ঢুকে। অনেক সময় চার বা ছয় বাঁচানোর জন্য ফিল্ডারেরা লাফিয়ে বল মাঠের মধ্যে (বাউন্ডারি লাইনের ভিতর) পাঠিয়ে দেন। নতুন নিয়মে বল ‘ডেড’ না হওয়া পর্যন্ত ফিল্ডারকে থাকতে হবে বাউন্ডারি লাইনের ভিতরে। ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে চলে গেলে, চার বা ছয় দেওয়া হবে। পরিবর্তন আনা হচ্ছে রিলে নিয়মেও। অনেক ক্ষেত্রেই দেখা যায় দু’জন ফিল্ডারের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাচ ধরা হয়, যা পরিচিত রিলে ক্যাচ নামে। অনেক সময়েই একজন ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে থেকে বলটি ঠেলে দেন ভিতর। অন্য একজন সেই ক্যাচ ধরেন। নতুন নিয়ম অনুযায়ী, দু’জনকেই থাকতে হবে বাউন্ডারি লাইনের মধ্যে। তা না হলে, বাউন্ডারি বা ছক্কা হিসেবে গণ্য করা হবে।

    কবে থেকে চালু নয়া নিয়ম

    আইসিসি সূত্রে জানা গিয়েছে, চলতি জুন মাসের শেষ দিকে নতুন নিয়ম চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে যুক্ত হবে নতুন নিয়ম। আগামী জুলাই থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। আগামী বছরের অক্টোবরে এমসিসির ক্রিকেট ম্যানুয়ালে অন্তর্ভুক্ত করা হবে নিয়মটি।

  • WTC Final 2025: বিমান দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নীরবতা পালন ক্রিকেটারদের

    WTC Final 2025: বিমান দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নীরবতা পালন ক্রিকেটারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2025) তৃতীয় দিনের খেলা শুরুর আগে দুই দেশের ক্রিকেটাররা আমেদাবাদ (Ahmedabad Plane Crash) বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করলেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা – উভয় দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। বৃহস্পতিবারই আমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহলও। শুক্রবার, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়া নেমেছিল ইন্টার-স্কোয়াড অনুশীলন ম্যাচে। সেখানেও নীরবতা পালন করা হয়। ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেন।

    শোকজ্ঞাপন ২২ গজেও

    আমেদাবাদের বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। মোট ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এবার শোকজ্ঞাপন ২২ গজেও। ইংল্য়ান্ডে খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল, আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে দু দেশের পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। আজ থেকে ভারত ও ভারতীয় এ দল ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ খেলতে নামবে। আবার ইংল্যান্ডেই লর্ডসে এই মুহূর্তে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দিনের খেলা শুরুর আগেই দুটো ম্য়াচেই প্লেয়ারদের দেখা গেল কালো আর্মব্য়ান্ড পরে মাঠে নামতে। বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া যাত্রীদের ও মেডিক্যাল কলেজের প্রয়াত স্টুডেন্টদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ মৌনব্রত পালন করার পরই খেলা শুরু হয়।

    ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা

    বৃহস্পতিবার সব মিলিয়ে ২১৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে অজিরা। নবম উইকেট পেতে দেরি হয়নি দক্ষিণ আফ্রিকার। রাবাডা ফেরান নাথান লিয়ঁকে। মাত্র ২ রানে সাজঘরে ফেরেন এই অফ স্পিনার। তবে, উইকেটের অন্যপ্রান্তে থিতু হয়ে লড়াই জারি রাখেন মিচেল স্টার্ক। হ্যাজেলউডও স্টার্ককে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। প্রথম দিন অস্ট্রেলিয়া ২১২ রানের বেশি তুলতে পারেনি। মনে করা হচ্ছিল প্রোটিয়ারা দারুণ জায়গায় রয়েছে। কিন্তু দিনের শেষে দক্ষিণ আফ্রিকা পৌঁছয় ৪ উইকেটে ৪৩ রানে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। ম্যাচে ফিরতে গেলে দ্বিতীয় দিনের শুরুতে একটা পার্টনারশিপ দরকার ছিল প্রোটিয়াদের। সেই লক্ষ্য নিয়েই নেমেছিলেন বাভুমা এবং বেডিংহ্যাম। তাঁদের জুটিতে উঠল ৬৪ রান। এরপর এক প্রকার সেট হয়েই সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ৩৬ রানের মাথায় তাঁকে ফেরান প্যাট কামিন্স।

  • MS Dhoni: আইসিসির হল অফ ফেমে জায়গা করে নিলেন ধোনি, তালিকায় আর কোন কোন ভারতীয়?

    MS Dhoni: আইসিসির হল অফ ফেমে জায়গা করে নিলেন ধোনি, তালিকায় আর কোন কোন ভারতীয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC Hall of Fame)। ধোনি হলেন একাদশতম ভারতীয় ক্রিকেটার, যিনি এই সম্মানে ভূষিত হলেন। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। টি-২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি-সবই জিতেছেন। অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যেই আইসিসির হল অফ ফেমে স্থান পেলেন ক্যাপ্টেন কুল। ধোনির সঙ্গেই আইসিসি-র ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছেন ম্যাথু হেডেন, ড্যানিয়েল ভেট্টোরি, হাশিম আমলা, গ্রেম স্মিথ, সানা মির এবং সারা টেলর।

    অসাধারণ অনুভূতি, বললেন মাহি

    ২০০৪ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল ধোনির (MS Dhoni)। তিন বছর পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পান। এর পর টেস্ট এবং এক দিনের ক্রিকেটে সফল ভাবে নেতৃত্ব দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতকে দু’বার এশিয়া কাপ জিতিয়েছেন। এক দিনের ফরম্যাটে দু’বার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। ভারতের হয়ে ৩৫০টি এক দিনের ম্যাচ খেলে ১০,৭৭৩ রান করেছেন ধোনি। ৯০টি টেস্টে করেছেন ৪৮৭৬ রান। আইসিসি-র ওয়েবসাইটে ধোনি বলেছেন, “হল অফ ফেমে সুযোগ পেয়ে আমি আপ্লুত। গোটা বিশ্বে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটারেরা যে অবদান রাখে, তার স্বীকৃতি জানানো হয় এই সম্মানের মাধ্যমে। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অসাধারণ অনুভূতি। সারাজীবন এই সম্মান মনে রাখব।”

    হল অফ ফেমে যে ভারতীয়রা (ICC Hall of Fame)

    সুনীল গাভাসকর: আইসিসির হল অফ ফেমে স্থান পাওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। লিটল মাস্টার প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ১০ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন।

    বিষেণ সিং বেদী: গাভাসকরের সঙ্গেই ২০০৯ সালে হল অফ ফেমে জায়গা পেয়েছিলেন বিষেণ সিং বেদী। কিংবদন্তি বাঁহাতি স্পিনার ৬৭টি টেস্ট খেলে ২৬৬ উইকেট পেয়েছিলেন।

    কপিল দেব: প্রথম বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবকে ২০১০ সালে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। নিজের সময়ের সেরা অলরাউন্ডার ১৩১টি টেস্ট এবং ২২৫টি ওয়ানডে খেলেছেন।

    অনিল কুম্বলে: এক ইনিংসে ১০ উইকেট। টেস্টে সর্বোচ্চ উইকেটপ্রাপকদের তালিকায় চতুর্থ। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে ২০১৫ সালে আইসিসি হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হয়।

    রাহুল দ্রাবিড়: ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়কে ২০১৮ সালে হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হয়। টেস্টে সবচেয়ে বেশি রানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

    সচিন তেণ্ডুলকর: ক্রিকেটের ঈশ্বর সচিন তেণ্ডুলকরকে ২০১৯ সালে হল অফ ফেম সম্মান দেয় আইসিসি। প্রথম ক্রিকেটার হিসাবে ২০০ টেস্ট খেলা, ১০০ সেঞ্চুরি হাঁকানো-হাজারো রেকর্ডের মালিক শচীন।

    বিনু মানকড়: ভারতের অন্য়তম সেরা অলরাউন্ডারদের মধ্যে জ্বলজ্বল করে বিনু মানকড়ের নাম। দেশের হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন, ২১০৯ রান এবং ১৬২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

    বীরেন্দ্র শেহওয়াগ: ২০১১ বিশ্বকাপজয়ী বীরেন্দ্র শেহওয়াগ। ১৪ বছরের কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন তারকা ওপেনার। সবচেয়ে বেশিবার ট্রিপল সেঞ্চুরির নজিরও রয়েছে তাঁর দখলে।

    ডায়ানা এডুলজি: ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ডায়ানা এডুলজি। তিনবার বিশ্বকাপ খেলেছেন, তার মধ্যে দু’বার নেতৃত্ব দিয়েছেন দলকে। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে প্রথম কিংবদন্তি হিসেবে ডায়ানাকে মনে করে ক্রীড়ামহল।

    নীতু ডেভিড: দেশের হয়ে ১০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতীয় স্পিনার নীতু ডেভিড। ১৮২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। চার বছর মহিলা দলের নির্বাচক প্রধানও ছিলেন।

  • India England Cricket: সরছে পটৌডীর নাম! সচিন-অ্যান্ডারসনের নামে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

    India England Cricket: সরছে পটৌডীর নাম! সচিন-অ্যান্ডারসনের নামে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন ভারত ইংল্যান্ডে টেস্ট সিরিজ (India England Cricket) খেলতে গেলে সেই ট্রফি ছিল পটৌডীর নামে। প্রসঙ্গত, ভারতের দুই প্রাক্তন অধিনায়ক ইফতিখর আলি খান পটৌডী এবং মনসুর আলি খান পটৌডীর নামেই ছিল এই ট্রফির নাম। তবে এবারে তা বদলে যাচ্ছে। ট্রফির নাম হচ্ছে সচিন-অ্যান্ডারসন। চলতি মাসের ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই ট্রফির নাম হতে চলেছে জেমস অ্যান্ডারসন এবং সচিন তেন্ডুলকরের নামে। ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম এমনই দাবি করেছে।

    ২০০৭ সালে ভারত-ইংল্যান্ডের মধ্যে শুরু হয় পটৌডী ট্রফি (India England Cricket)

    প্রসঙ্গত, আজ থেকে ১৮ বছর আগে ২০০৭ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম হয়েছিল পটৌডী ট্রফি। ভারত-ইংল্যান্ড টেস্টের সেটা ছিল ৭৫তম বছর। সেই উপলক্ষ্যেই পটৌডী পরিবারের দুই ক্রিকেটারকে সম্মান জানাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে খবর। এ বার তবে সেই নাম বদলে যাচ্ছে। কিছু দিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিসিআইকে (India England Cricket) এই বিষয়টি জানিয়ে দেয়। তখনই নতুন ট্রফি দু’দেশের দুই প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে করার প্রস্তাব দেয় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (India England Cricket Series)।

    দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন-অ্যান্ডারসন (India England Cricket Series)

    ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটের (India England Cricket) ইতিহাসে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। যাঁর রান ১৫,৯২১। ১৯৮৯ থেকে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সাল পর্যন্ত তিনি ২০০ টেস্ট খেলেছেন। অন্যদিকে অ্যান্ডারসন হলেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী। যার মধ্যে ৭০৪ উইকেট রয়েছে। তথ্য বলছে, এই দুই কিংবদন্তি ক্রিকেটার ১৪টি টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। দুই দেশের সেরা ক্রিকেটারকে সম্মান জানাতে এই ট্রফিটি তাঁদের উভয়ের নামেই নামকরণ করা হচ্ছে।

  • Virat Kohli : ‘ই সালা কাপ নামদু’! অবশেষে স্বপ্ন পূরণ, চোখের জলে মাটি স্পর্শ, আইপিএল ট্রফিতে চুম্বন বিরাটের

    Virat Kohli : ‘ই সালা কাপ নামদু’! অবশেষে স্বপ্ন পূরণ, চোখের জলে মাটি স্পর্শ, আইপিএল ট্রফিতে চুম্বন বিরাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: শাপমোচন! স্বপ্নপূরণ! অধরা মাধুরী ধরা দিল। ১৮ বছর পর বিরাট কোহলির (Virat Kohli) ট্রফি ক্যাবিনেটে এল আইপিএল (IPL Final 2025) খেতাব। রাজার মতোই ট্রফি হাতে অনুগতদের ভিড়ে মিশে গেলেন কিং কোহলি। আঠারোর উপাখ্যান লিখলেন ক্রিকেট দেবতা। ফাইনালে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে আইপিএলের অষ্টাদশ মরশুমে প্রথমবার আইপিএল জিতল ‘নম্বর ১৮’ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই ২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর সঙ্গে বিরাটের পথ চলা শুরু। দীর্ঘ ১৮ বছর কোহলি কখনও ট্রফি ছোঁয়ার স্বাদ পাননি। ট্রফির জন্য আরসিবি ছেড়ে অন্য দলে যাওয়ার অনেক সুযোগ ছিল। তাঁকে পেতে মুখিয়ে ছিল অসংখ্য দল। কিন্তু ট্রফি জয়ের থেকে বরাবরই আনুগত্যকে এগিয়ে রাখেন বিরাট। আর সেই আনুগত্যের দাম দিল ক্রিকেট দেবতা।

    চার বল বাকি থাকতেই আবেগের বিস্ফোরণ

    খেলা শেষ হতে তখনও চার বল বাকি। জশ হেজলউডের বলটা শশাঙ্ক সিং বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন তিনি। দু’হাতে ঢাকলেন চোখ। পাশ থেকে দুই সতীর্থের পিঠ চাপড়ানি, গোটা মাঠের গর্জন, সতীর্থদের পাগলপারা উচ্ছ্বাস— কিছুই ছুঁতে পারছিল না তাঁকে। বাউন্ডারিতে দাঁড়িয়ে চোখ ঢেকে ফেললেন কোহলি। চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ল জল। খেলা শেষ না হলেও তত ক্ষণে বেঙ্গালুরুর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। তাই নিজের আবেগ ধরে রাখতে পারেননি কোহলি। প্রতীক্ষার পালা সাঙ্গ হল। এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, দেশের হয়ে সবই জিতে ফেলেছেন। এ বার ক্লাবের হয়ে আইপিএলও হয়ে গেল। এই ট্রফি ক্রিকেটজীবনে কতটা গুরুত্বপূর্ণ? কোহলির জবাব, “সত্যি বলতে, অনেকটা উপরের দিকেই থাকবে। গত ১৮ বছর ধরে নিজের সবটা এই দলকে দিয়েছি। যা-ই হোক না কেন, এই দলের প্রতি দায়বদ্ধ থেকে। কখনও কখনও মনের মধ্যে বিভিন্ন ভাবনাচিন্তা এসেছে (দল ছাড়ার)। তবু এই দলের সঙ্গে থেকে গিয়েছি। সমর্থকদের পাশে দাঁড়িয়েছি, ওঁরাও আমার পাশে দাঁড়িয়েছে। ওঁদের সঙ্গেই জেতার স্বপ্ন দেখেছি। ট্রফি জয়টা আরও ভাল লাগছে কারণ আমার হৃদয় এবং আত্মা রয়েছে বেঙ্গালুরুর সঙ্গেই। আইপিএলের শেষ দিন পর্যন্ত এই দলের সঙ্গেই থাকব।”

    স্বপ্নপূরণের কান্নায় ভাসল মোতেরা

    এদিন খেলা শেষে মাঠে নামলেন কোহলির (Virat Kohli) প্রিয় বন্ধু এবি ডিভিলিয়ার্স। তাঁকে গিয়ে জড়িয়ে ধরলেন কোহলি। খেলা ছেড়ে দেওয়ার পরেও এই দলকে ডিভিলিয়ার্স কতটা ভালবাসেন তা বোঝা যাচ্ছিল। কোহলি পরে জানালেন, তাঁদের উৎসবের মঞ্চে থাকবেন এবি। মাঠে নামলেন কোহলির আর এক বন্ধু ক্রিস গেইলও। তিনিও বেঙ্গালুরুর জার্সি পরেছিলেন। তাঁকেও দেখা গেল বেঙ্গালুরুর উৎসবে। সতীর্থ, কোচ, বন্ধুরা পাশে থাকলেও তখনও কোহলির চোখ এক জনকে খুঁজছিল। বার বার গ্যালারির দিকে তাকাচ্ছিলেন তিনি। অবশেষে তাঁকে দেখতে পেলেন কোহলি। তিনি অনুষ্কা শর্মা। তাঁর সব লড়াইয়ের সাক্ষী। বেঙ্গালুরুর মেয়ে অনুষ্কা। দু’বছর আগে এক দিনের বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরে কাঁদতে কাঁদতে স্ত্রী অনুষ্কাকে জড়়িয়ে ধরেছিলেন কোহলি। এ বারও তাই করলেন। তবে সেই কান্না ছিল দুঃখের। স্বপ্নভঙ্গের। এই কান্না আনন্দের। স্বপ্নপূরণের। কোহলির কথায়, “এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য। আঠারোটা বছর পেরিয়ে গিয়েছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেক মরসুমে ট্রফি জেতার আপ্রাণ চেষ্টা করেছি, নিজের সবটা দিয়েছি। তাতেও ট্রফি পাইনি। অবশেষে এই দিনটা দেখতে পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি।”

    ই সালা কাপ নামদু

    আইপিএলের (IPL Final 2025) ইতিহাসে কোহলিই (Virat Kohli) একমাত্র ক্রিকেটার, যিনি ১৮ বছর ধরে একটা দলেই খেলছেন। চেন্নাই টুর্নামেন্ট থেকে দু’বছর নির্বাসিত হওয়ায় মহেন্দ্র সিং ধোনিকে অন্য দলে খেলতে হয়েছে। রোহিত শর্মা দলবদল করেছেন। কিন্তু কোহলি বেঙ্গালুরু ছাড়েননি। অধিনায়ক না থেকেও পর্দার পিছনের নায়ক তিনিই। তাঁকে বাদ দিয়ে কোনও সিদ্ধান্ত, কোনও পরিকল্পনা করে না বেঙ্গালুরু। রজত পাতিদারের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার আগেও কোহলির সবুজ-সঙ্কেত নেওয়া হয়েছিল। অনেকে বলেন, পাতিদার কোহলিরই ‘নির্বাচিত’। অধিনায়কত্বে তরুণ রক্ত আনতে চেয়েছিলেন বিরাট। সেই তরুণ তুর্কিরাই কোহলিকে চ্যাম্পিয়ন করতে মাঠে উজাড় করে দিয়েছেন। যেমন ২০১১ সালে এক দিনের বিশ্বকাপটা সচিন তেন্ডুলকরকে জেতানোর পণ করেছিল গোটা ভারতীয় দল। আইপিএল ফাইনালের আগে পাতিদার বলে দিয়েছিলেন, “আমরা এ বার বিরাটভাইয়ের জন্য চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। এত বছর ধরে এই দলের জন্য বিরাটভাই লড়েছে। এটা ওর প্রাপ্য।” অবশেষে সফল বেঙ্গালুরুর স্লোগান ‘ই সালা কাপ নামদু’ বাংলা তর্জমায় ‘এ বছর কাপ আমাদের’।

    বিরাট-রেকর্ড

    মঙ্গলবার আইপিএল ২০২৫-এর (IPL Final 2025) ফাইনালের মঞ্চে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে দুর্দান্ত একটি ব্যক্তিগত রেকর্ড গড়েন। তিনি এক্ষেত্রে ভেঙে দেন শিখর ধাওয়ানের সর্বকালীন আইপিএল নজির। আপতত এই নিরিখে বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসেন কোহলি। তিনি বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে সব থেকে বেশি ৪৩ রান সংগ্রহ করেন। ৩৫ বলের ইনিংসের কোহলি মোট ৩টি চার মারেন। ফাইনালে এই ৩টি চার মারার সুবাদেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন কোহলি। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের মালিক বিরাট (৮৬৬১)। সব থেকে বেশি সেঞ্চুরি (৮টি) করেছেন তিনি। সব থেকে বেশি হাফ-সেঞ্চুরির (৬৩টি) রেকর্ডও আগে থেকেই ছিল বিরাট কোহলির দখলে। মঙ্গলবার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি চার মারা ক্রিকেটারে পরিণত হন কোহলি। তিনি আইপিএলের ২৬৭টি ম্যাচের ২৫৯টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৭৭১টি চার মেরেছেন। এতদিন আইপিএলে সব থেকে বেশি চার মারার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সাকুল্যে ৭৬৮টি চার মেরেছেন। সুতরাং, ধাওয়ানের কাছ থেকে সেই রেকর্ড ছিনিয়ে নিলেন বিরাট। বিরাট কোহলি আইপিএল ২০২৫-এর ১৫টি ম্যাচে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৬৫৭ রান সংগ্রহ করেছেন। কোনও শতরান না করলেও তিনি মোট ৮টি হাফ-সেঞ্চুরি করেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। আরসিবির হয়ে সব থেকে বেশি রান করেছেন কোহলিই।

  • Asian Athletics Championships: পাশে মোদি সরকার, দুরন্ত পারফরম্যান্স অ্যাথলিটদের, ২৪ পদক নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ভারত

    Asian Athletics Championships: পাশে মোদি সরকার, দুরন্ত পারফরম্যান্স অ্যাথলিটদের, ২৪ পদক নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) ২৪টি পদক জিতে দ্বিতীয় স্থানে শেষ করল ‘টিম ইন্ডিয়া’। দক্ষিণ কোরিয়ার গুমিতে সম্পন্ন হলো ২৬তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এই পদকের মধ্যে ছিল ৮টি সোনা, ১০টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। ক্রীড়াক্ষেত্রেও ভারতকে সবার আগে নিয়ে যাওয়ার অনবরত চেষ্টা করে চলেছে মোদি সরকার। খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে গ্রামীন ভারত থেকে তুলে আনা হচ্ছে ছোট ছোট অ্যথলিটদের। যাঁদের প্রতিভা সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে।

    প্রতিযোগিতায় ভারতের সাফল্য

    এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) ৩২ পদক নিয়ে শীর্ষস্থানে চিন। তার মধ্যে রয়েছে ১৯টি সোনা, ৯টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। অন্যদিকে, জাপান ৫টি সোনা, ১১টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ সহ তৃতীয় স্থানে রয়েছে। এই চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রীড়াবিদদের অর্জন শুধু পদক জয়েই সীমাবদ্ধ ছিল না, তারা একটি জাতীয় রেকর্ড স্থাপন করার পাশাপাশি একাধিক ব্যক্তিগত সেরা ফলাফলও অর্জন করেছে। প্রতিযোগিতার শেষ দিনে ভারতের ঝুলিতে ৬টি পদক এসেছে। শনিবার পুরুষদের জ্যাভলিন ফাইনালে তাঁর প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন সচিন যাদব। তিনি রুপোর পদক নিশ্চিত করেছেন। সচিন ছাড়াও মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন পারুল চৌধুরী। ১৫:১৫.৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। এর আগে তিনি ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পদক জিতেছিলেন।

    দুরন্ত ভারতের মেয়েরা

    মহিলাদের ৪x১০০ মিটার রিলে টিমের ঝুলিও ভরে উঠেছে একটি রুপোর পদকে। অবিনায়া রাজারাজন, স্নেহা এসএস, শ্রাবণী নন্দা এবং নিত্য গান্ধের রিলে টিম ৪৩.৮৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন। অন্যদিকে, স্প্রিন্টার অনিমেষ কুজুর পুরুষদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতে ২০.৩২ সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েন। মহিলাদের ৮০০ মিটার রেসে ব্রোঞ্জ জিতেছেন পূজা। তাছাড়াও এশিয়ান গেমসের পদকজয়ী ভিথ্যা রামরাজ মহিলাদের ৪০০ মিটার হার্ডলেসে তৃতীয় হন। গতবারের তুলনায় এবার সোনার পদক বেশি পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার ভারত পেয়েছিল ৬টি সোনা। এবার তা বেড়ে হয়েছে ৮।

    খেলাধূলার উন্নতিতে সক্রিয় মোদি সরকার

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই ভারতের খেলাধূলার উন্নতিতে সক্রিয় থেকেছেন। ক্রিকেট মাঠ বা অ্যাথলেটিক্স সব জায়গাতেই ক্রীড়াবিদদের পাশে থেকেছে মোদি সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ‘খেলো ইন্ডিয়া’র জন্য মোট ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত অর্থবর্ষের থেকে ২০০ কোটি টাকা বেশি। সব মিলিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রকের জন্য ৩৭৯৪.৩০ কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। যা গত অর্থবর্ষের থেকে ৩৫১.৯৮ কোটি টাকা বেশি। মূলত তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনা ও তাদের বিকাশ খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় চলে। ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে সাহায্য করার জন্যও ক্ষমতায় আসার পর থেকে বারবার অর্থ বরাদ্দ বাড়িয়েছে মোদি সরকার। অনবরত চলছে প্রতিভা অন্বেষণ ও সেই প্রতিভার বিকাশের চেষ্টা। অন্যদিকে ২০৩৬-এর অলিম্পিক আয়োজনের কথাও বারবার বলছে মোদি সরকার। গত অলিম্পিক, কমনওয়েলথ বা এশিয়ান গেমসেও ভালো ফল করেছে ভারত। এবার ভারতীয় ক্রীড়াবিদরা এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) নিজেদের দাপট দেখাল।

    পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সম্পূর্ণ তালিকা

    সোনা

    পুরুষদের ১০ হাজার মিটার: গুলবীর সিং
    মিক্সড ৪x৪০০ মিটার রিলে: রূপাল চৌধুরী, সন্তোষ কুমার, বিশাল টিকে এবং শুভা ভেঙ্কটেশন
    পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ: অবিনাশ সাবলে
    মহিলাদের ১০০ মিটার হার্ডলেস: জ্যোতি ইয়ারাজি
    মহিলাদের ৪x৪০০ মিটার রিলে: জিসনা ম্যাথু, রূপাল চৌধুরী, কুঞ্জ রাজিথা এবং সুভা ভেঙ্কটেশন
    পুরুষদের ৫ হাজার মিটার: গুলবীর সিং
    মহিলাদের হাই জাম্প: পূজা
    হেপ্টাথলন: নন্দিনী আগাসরা

    রুপো

    মহিলাদের ৪০০ মিটার: রূপল চৌধুরী
    মহিলাদের ১৫০০ মিটার: পূজা
    ডেকাথলন: তেজস্বিন শঙ্কর
    পুরুষদের ট্রিপল জাম্প: প্রবীণ চিত্রভেল
    পুরুষদের ৪x৪০০ মিটার রিলে: জয় কুমার, ধর্মবীর চৌধুরী, মনু থেক্কিনালিল সাজি এবং বিশাল টিকে
    মহিলাদের লং জাম্প: অ্যান্সি সোজা
    মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজ: পারুল চৌধুরী
    পুরুষদের জ্যাভলিন থ্রো: শচীন যাদব
    মহিলাদের ৫ হাজার মিটার: পারুল চৌধুরী
    মহিলাদের ৪x১০০ মিটার রিলে: শ্রাবণী নন্দা, অভিনয় রাজারাজন, স্নেহা এসএস, এবং নিথ্যা গান্ধে

    ব্রোঞ্জ

    পুরুষদের ২০ কিমি রেস ওয়াক: সার্ভিন সেবাস্টিয়ান
    পুরুষদের ১৫০০ মিটার: ইউনুস শাহ
    মহিলাদের লং জাম্প: শৈলী সিং
    পুরুষদের ২০০ মিটার: অনিমেষ কুজুর
    মহিলাদের ৪০০ মিটার হার্ডলেস: ভিথ্যা রামরাজ
    মহিলাদের ৮০০ মিটার: পূজা

LinkedIn
Share