Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Magnus Carlsen vs D Gukesh: রাগে টেবিলে ঘুষি! বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারালেন ভারতের ডি গুকেশ

    Magnus Carlsen vs D Gukesh: রাগে টেবিলে ঘুষি! বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারালেন ভারতের ডি গুকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশের (Magnus Carlsen vs D Gukesh) কাছে কেরিয়ারে প্রথম বার হার মানলেন ম্যাগনাস কার্লসেন। তা-ও আবার ক্লাসিক্যাল দাবায়। বিশ্বের এক নম্বর দাবাড়ুর ঘরে গিয়ে তাঁকে হারালেন গুকেশ। রবিবার সন্ধ্যায় নরওয়ের স্টাভেঙ্গারে দাবার বোর্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আবেগ। জেতা ম্যাচ হেরে গিয়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা ম্যাগনাস কার্লসেন। হতাশা প্রকাশ করলেন টেবিলে ঘুষি মেরে। স্বতঃস্ফূর্ত সেই আবেগের মুহূর্ত নিমেষে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

    কার্লসেনের বিরুদ্ধে দাপট

    নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে ম্যাচের বেশির ভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। সেখান থেকে ফিরে আসেন ভারতীয় দাবাড়ু। তাঁর কাছে হার মানতে পারেননি কার্লসেন। রেগে টেবিলে ঘুষি মারেন তিনি। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। কালো ঘুঁটি নিয়ে খেললেও ম্যাচের শুরু থেকে দাপট দেখান কার্লসেন। ৩৪ বছরের নরওয়ের তারকাকে দেখে মনে হচ্ছিল, আরও একটা ম্যাচে গুকেশকে হারাবেন তিনি। খেলা শেষে গুকেশ জানান, একটা সময় তাঁর মনে হয়েছিল, খেলা ছেড়ে দেবেন। কিন্তু লড়াই চালিয়ে যান তিনি। তারই ফল পান গুকেশ।

    শৃঙ্খলা-সংযমের পরিচয় দিলেন গুকেশ

    কার্লসেনের (Magnus Carlsen vs D Gukesh) আক্রমণের জবাবে ভাল রক্ষণ ছিল গুকেশের। বেশির ভাগ সময় নিজের ঘর সামলাতেই ব্যস্ত ছিলেন তিনি। তাঁর হাতে সময়ও কম ছিল। কিন্তু ৪০ চালের পর খেলাটা বদলায়। ৪৪তম চালে ভুল করে বসেন কার্লসেন। তা কাজে লাগান গুকেশ। একটা সময় পর কার্লসেনেরও সময় কমে যায়। তাঁকেও তাড়াহুড়ো করতে হয়। এন্ডগেমে হার মানেন কার্লসেন। হারের পর টেবিলে জোরে একটা ঘুষি মারেন কার্লসেন। তাতে দু’একটা ঘুঁটি টেবিল থেকে নীচেও পড়ে যায়। তার পরে অবশ্য গুকেশের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। তবে গোটা ম্যাচে শৃঙ্খলা-সংযমের পরিচয় দিয়েছেন গুকেশ। নরওয়ে দাবায় এত বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাবায় কার্লসেনকে পরাজিত করেছে কোনও ভারতীয় কিশোর। গত বছর ছিল আর প্রজ্ঞানন্দ, আর এবার বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। বিশেষজ্ঞদের মতে, এই জয় শুধুমাত্র গুকেশের কেরিয়ারের এক বড় মাইলস্টোন নয়। বরং আন্তর্জাতিক দাবার মঞ্চে ভারতের ক্রমবর্ধমান আধিপত্যেরও প্রমাণ।

  • Shubman Gill: অধিনায়ক শুভমন গিলই, ডেপুটি পন্থ! ইংল্যান্ড সিরিজের ভারতীয় দল ঘোষণা বোর্ডের

    Shubman Gill: অধিনায়ক শুভমন গিলই, ডেপুটি পন্থ! ইংল্যান্ড সিরিজের ভারতীয় দল ঘোষণা বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: রোহিত-কোহলি জমানা অতীত। সম্পূর্ণ নতুন দল নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছে ভারত। প্রত্যাশামতোই ইংল্যান্ড সফরের জন্য টেস্ট ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হল শুভমন গিলকেই (Shubman Gill)। অতীতে ভারতের টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করেছেন। ওয়ান ডে টিমে তাঁকে ডেপুটি করা হয়েছিল। তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের ডেপুটি ছিলেন। সেই শুভমন গিলকেই ক্যাপ্টেন করা হল। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্থকে। টিমে জায়গা হয়নি মহম্মদ শামির। তরুণ ব্রিগেডেই ভরসা রেখেছে কোচ গৌতম গম্ভীর।

    কেন সুযোগ পেলেন না শামি

    মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে মিটিংয়ের পর ইংল্যান্ড সফরের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। নির্বাচক প্রধান অজিত আগরকর পরিষ্কার করে দেন, গত কয়েক মাস ধরেই শুভমনকে (Shubman Gill) ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছিল। সেই সিদ্ধান্তটাই নেওয়া হল। স্কোয়াডে মহম্মদ শামির জায়গা না পাওয়ার কারণ হিসেবে, ফিটনেস সমস্য়াকেই তুলে ধরেছেন নির্বাচক প্রধান। বলেন, ‘গত কয়েক মাসে প্রচুর চোটে ভুগেছে। আমাদের মনে হয় না, ও পাঁচ ম্যাচ খেলার মতো জায়গায় রয়েছে। আশা করেছিলাম, কয়েক টেস্ট হলেও পাব। কিন্তু ওর মতো বোলারকে না পাওয়া খুবই কষ্টের।’ ভারত এ টিমে থাকলেও টেস্টের দরজা খোলেনি ঈশান কিষাণের। ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় কিপার হিসেবে স্কোয়াডে ধ্রুব জুরেল জায়গা করে নিলেন। টেস্ট টিমের দরজা খুলল বাঁ হাতি তরুণ পেসার অর্শদীপ সিংয়ের। তেমনই প্রত্যাবর্তন হল করুণ নায়ার এবং শার্দূল ঠাকুরের।

    কে কোথায় খেলবে

    ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে প্রথমেই আসবে যশস্বী জয়সওয়ালের নাম। তবে তাঁর সঙ্গে বাংলার অভিমন্যু নাকি সাই সুদর্শন, কে নামেন সেটাই দেখার। তিন নম্বরে শুভমান গিল, চতুর্থ স্থানে কেএল রাহুল। তারপর আসতে পারেন ঋষভ পন্থ। আবার শুভমন ওপেনিংয়ে গিয়ে সুদর্শনকেও চতুর্থ বা পঞ্চম স্থানে খেলতে পারেন। এরপর আসবেন নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা। তিনি স্পিনের কাজটিও সামলে দেবেন। পিচ বুঝে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর বা করুণ নায়ার। যিনি সাত বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন। ইংল্যান্ডের পিচে তিন পেসারেই যেতে পারেন গম্ভীর। সেক্ষেত্রে সিরাজ, বুমরা তো থাকবেনই। পরে পেসারদের ‘ওয়ার্কলোড’ বা ফর্ম বুঝে ঢুকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ।

    কবে কবে খেলা

    ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের সফর। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি প্রস্তুতি টেস্টও খেলবে টিম ইন্ডিয়া।

    ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াড- শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব, আকাশ দীপ।

  • Sikkim: প্রথমবার দিন রাতের ম্যাচ সিকিমে, অত্যাধুনিক এলইডি ফ্লাডলাইট বসানো হল মাইনিং ক্রিকেট স্টেডিয়ামে

    Sikkim: প্রথমবার দিন রাতের ম্যাচ সিকিমে, অত্যাধুনিক এলইডি ফ্লাডলাইট বসানো হল মাইনিং ক্রিকেট স্টেডিয়ামে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাহাড় ঘেরা সবুজে মোড়া ক্রিকেট স্টেডিয়াম। ধর্মশালার পর এবার সিকিম (Sikkim)। রংপোর মাইনিং-এ অবস্থিত সিকিম ক্রিকেট গ্রাউন্ডটি উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। যেখানে অত্যাধুনিক এলইডি ফ্লাডলাইট লাগানো হয়েছে। গত ১৮ মে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর ফলে সিকিমে প্রথমবারের মতো দিন রাতের ম্যাচ খেলা হবে। এর ফলে দিন রাতের ম্যাচের লাইভ সম্প্রচারও সম্ভব।

    প্রকল্পের ব্যায় ও সুবিধা

    সিকিম ক্রিকেট অ্যাসোসিয়েশন (SICA) ও সিকিম সরকারের সহায়তায় ১২.২ কোটি টাকা মূল্যের এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এবং চলতি বছর ১৮ এপ্রিল সম্পন্ন হয়। এই ফ্লাড লাইটে চারটি ৪৪ মিটার উঁচু মাস্ট রয়েছে, প্রতিটিতে ৬৪টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন এলইডি আলো লাগানো রয়েছে। যাতে মোট ২৫৬টি আলো রয়েছে। প্রতিটি আলোর ক্ষমতা ১.২ কিলোওয়াট। এই আধুনিক আলোর ফলে স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট ম্যাচ টেলিভিশনে প্রচারিত করতে অসুবিধা হবে না। এই আলোর সূচনা লগ্নে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, মন্ত্রী, বিধায়ক, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অগ্রগতির পথে সিকিম

    এই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য সিকিম ক্রিকেট অ্যাশোসিয়েশনের সভাপতি টিকা সুব্বা রাজ্য সরকার এবং বিসিসিআই উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “সরকারকে ধন্যবাদ, সরকার জানান, শীঘ্রই প্রধানমন্ত্রী মোদি সিকিম সফরে আসবেন। তার আগে রাজ্যকে ঢেলে সাজানো হচ্ছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির সফরের বিষয়ে সিকিম সরকার নিশ্চিত হয়েছে। বেশ কয়েকটি বৈঠক হয়েছে…২৯ মে সম্ভাব্য তারিখ, যদিও এটি এখনও ১০০ শতাংশ নিশ্চিত নয়।” তার আগে সিকিম ক্রিকেট স্টেডিয়ামের আধুনিকীকরণ রাজ্যকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে।

  • India vs Pakistan: বাইশ গজেও বয়কট পাকিস্তান! এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের পথে ভারত

    India vs Pakistan: বাইশ গজেও বয়কট পাকিস্তান! এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্ত উত্তেজনার রেশ ফের বাইশ গজে। ভারত-পাকিস্তান (India vs Pakistan) সাম্প্রতিক সম্পর্কের কথা মাথায় রেখে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) আসন্ন প্রতিযোগিতাগুলি থেকে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

    কেন সরছে ভারত

    আগামী মাসেই শ্রীলঙ্কায় মহিলাদের এমার্জিং এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে চলেছে। এরপর আগামী সেপ্টেম্বর মাসে পুরুষদের এশিয়া কাপের আসর বসবে। এই দুটো টুর্নামেন্ট থেকেই ভারতীয় ক্রিকেট দল নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষপদে রয়েছেন পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। তিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (PCB) চেয়ারম্যান। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দুরত্ব বজায় রাখার জন্যই এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘ভারতীয় দল এমন কোনও টুর্নামেন্ট খেলবে না যেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজন করবে। কারণ এই কাউন্সিলের শীর্ষপদে একজন পাকিস্তানের মন্ত্রী রয়েছেন। এই ঘটনার সঙ্গে দেশের আবেগ জড়িয়ে রয়েছে। আমরা মৌখিকভাবে এসিসি-কে এই ব্যাপারে জানিয়ে দিয়েছি। বলে দিয়েছি যে আসন্ন মহিলা এমার্জিং এশিয়া কাপে টিম ইন্ডিয়া অংশগ্রহণ করতে পারবে না। এমনকী, ভবিষ্যতেও অন্য টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। ভারত সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি।’

    ভারত না থাকলে প্রভূত ক্ষতি

    আগামী সেপ্টেম্বর মাসে যে পুরুষদের এশিয়া কাপে ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা খেলতে নামার কথা। গোটা বিষয়টা নিয়ে আপাতত চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, বিসিসিআই খুব ভালো করেই জানে যে ভারত ছাড়া এশিয়া কাপ আয়োজন কার্যত দুষ্কর ব্যাপার। কারণ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অধিকাংশ স্পনসরই ভারত থেকে আসে। তার উপরে এশিয়া কাপে যদি ভারত-পাকিস্তান ম্য়াচেরই আয়োজন করা না হয়, তাহলে সম্প্রচারকারী সংস্থাকেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ২০২৪ সালে এশিয়া কাপের স্বত্ত্ব আগামী ৮ বছরের জন্য সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। এই চুক্তির জন্য সোনি পিকচার্সকে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে। যদি এই বছর এশিয়া কাপে ভারত না খেলে, তাহলে এই চুক্তি নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।

  • Neeraj Chopra: অবশেষে লক্ষ্যপূরণ, জ্যাভলিনে ৯০ মিটারের দূরত্ব পেরোলেন নীরজ চোপড়া

    Neeraj Chopra: অবশেষে লক্ষ্যপূরণ, জ্যাভলিনে ৯০ মিটারের দূরত্ব পেরোলেন নীরজ চোপড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে লক্ষ্যপূরণ। ৯০ মিটারের স্বপ্ন ছুঁলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে (Doha Diamond League) পুরুষদের জ্যাভলিন‌ থ্রোয়ে ৯০.২৩ মিটার বর্শা ছুড়লেন অলিম্পিকে ভারতের সোনার ছেলে। অলিম্পিকে সোনা এবং রুপো থাকলেও, এর আগে কোনওদিন ৯০ মিটার পেরোতে পারেননি নীরজ। কেরিয়ারে প্রথম বার ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ক্রীড়াবিদ। তবু প্রথম হওয়া হল না নীরজের। দ্বিতীয় স্থানে শেষ করতে হল তাঁকে। প্রথম হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

    প্রথম হওয়া হল না

    দোহায় (Doha Diamond League) এদিন প্রথম থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ (Neeraj Chopra)। তখনই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ছন্দে রয়েছেন। দ্বিতীয় থ্রোটি ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। তাতেই বাকি প্রতিযোগীদের থেকে উপরে চলে যান এবং পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেন। চতুর্থ থ্রোয়ে তিনি ৮০.৬০ মিটার ছোড়েন। পঞ্চম থ্রো আবার ফাউল হয়। ষষ্ঠ থ্রোয়ে নীরজ ৮৮.২০ মিটার ছোড়েন। তখন মনে হচ্ছিল তিনিই এই প্রতিযোগিতা জিতবেন। কিন্তু নাটকের বাকি ছিল। শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার ছুড়ে নীরজকে পেরিয়ে যান ওয়েবার।

    স্বপ্ন সফল নীরজের

    এর আগে সর্বোচ্চ ৮৯.৯৪ মিটার ছুড়েছিলেন নীরজ (Neeraj Chopra)। ২০২২-এ স্টকহোম ডায়মন্ড লিগে এই কৃতিত্ব অর্জন করেন। গত বছর লুসেন ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলেন। গত বছর অলিম্পিক্সে ছুড়েছিলেন ৮৯.৩৪ মিটার। কিন্তু রুপো পান। ৯২.৯৭ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। এত দিন পর্যন্ত বার বার নীরজ বলেছিলেন ৯০ মিটারের দূরত্ব পেরনোর কথা। আপ্রাণ চেষ্টা করছিলেন। কিছুতেই স্বপ্ন সফল হচ্ছিল না। এক সাক্ষাৎকারে নীরজ বলেছিলেন, “৯০ মিটার দূরে কবে ছুড়ব এই প্রশ্ন ২০১৮ সাল থেকে শুনে আসছি। তার পর অনেক কিছু হয়েছে। কনুইয়ে চোট পেয়েছি। অস্ত্রোপচার হয়েছে। ৮৮ থেকে ৯০ মিটারের মধ্যেই আটকে ছিলাম। কিন্তু মনেপ্রাণে ৯০ মিটারের বেশি দূরত্বে ছুড়তে চাইছি।” অবশেষে সেই দোহাতেই (Doha Diamond League) নিজের স্বপ্ন পূরণ করলেন নীরজ।

  • IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কেন জানেন?

    IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক উঠল আইপিএলে (IPL 2025)। আচমকা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #boycottdelhicapitals। আইপিএলে কোনও দলকে বর্জন করার ডাক উঠছে, এরকম ঘটনা কোনও দিন ঘটেনি। তাহলে এরকম ঘটার কারণ। বুধবার দিল্লি ক্যাপিটালস জানায়, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-মার্গক বাকি আইপিএলে খেলতে না পারায় তার বদলি হিসেবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে নেওয়া হয়েছে। ব্যাস চটে লাল ভক্তরা।

    দিল্লি ক্যাপিটালসকে বয়কটের কারণ

    ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে টুর্নামেন্ট। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে। তবে আইপিএলের এই চূড়ান্ত পর্যায়ে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সমস্যায় অনেক দলই । অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএলের শেষ পর্বে খেলতে আসতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। আর সেই আবহে কপাল খুলে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালস আইপিএলের শেষ পর্বে পাবে না অস্ট্রেলিয়ার ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ককে (Australian opener Jake Fraser-McGurk)। তাঁর পরিবর্ত হিসাবে তারা ৬ কোটি টাকায় সই করিয়েছে বাংলাদেশের মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। যিনি এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন। ২০২২ ও ২০২৩ সালে।

    মুস্তাফিজুরের খেলা নিয়ে সংশয়

    আইপিএলের নিলামে বাংলাদেশের কোনও ক্রিকেটারকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনও দল। অবিক্রিত থেকে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তবে আইপিএলের চূড়ান্ত পর্বে বিদেশি ক্রিকেটারদের না যোগ দেওয়ার সিদ্ধান্তের পর দরজা খুলতে শুরু করল বাংলাদেশের। সুযোগ পেলেন মুস্তাফিজুর। যদিও বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন আর তারপর সে দেশে প্রবল ভারত বিদ্বেষী হাওয়ায় মুস্তাফিজুরকে আইপিএলে নেওয়ার দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরক্ত হয়ে তাই দিল্লি ক্যাপিটালস বয়কটের ডাক উঠেছে। তবে মুস্তাফিজুরের আইপিএলে খেলা নিয়ে সংশয় রয়েছে। কারণ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে সে দেশে যাচ্ছে বাংলাদেশ। সেই দলে রয়েছেন মুস্তাফিজুরও।

  • IPL 2025: ফাইনাল হচ্ছে না ইডেনে! কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই ফের শুরু আইপিএল

    IPL 2025: ফাইনাল হচ্ছে না ইডেনে! কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই ফের শুরু আইপিএল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরে আবার শুরু হতে চলেছে আইপিএল (IPL 2025)। ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ক্রীড়া বিনোদনের মহাযজ্ঞ। তবে আইপিএল শুরু হলেও মন ভার কলকাতার ক্রিকেটপ্রেমীদের। আইপিএল ফাইনাল হচ্ছে না ক্রিকেটের নন্দনকানন ইডেনে। হচ্ছে না কোয়ালিফায়ার ম্যাচও। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী অবশ্য ইডেনেই ওই দুটো ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত নতুন সূচিতে ইডেনে কোনও ম্যাচ দেওয়া হয়নি। অনেকের মতে, ওই সময় কলকাতায় বৃষ্টির ভালোরকম পূর্বাভাস রয়েছে, তাই বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে চায়নি।

    কবে থেকে শুরু খেলা

    ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও, প্লে-অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড। আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড ১০ দলকে জানিয়ে দিয়েছিল, যে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ দেশে ফিরে গিয়েছেন, তাঁরা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁদের। সেই নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই আশাবাদী বিদেশি ক্রিকেটাররাও নিশ্চিন্তে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।

    কোথায় কোথায় হবে ম্যাচ

    সোমবার ভারতীয় বোর্ডের তরফ থেকে টুর্নামেন্টের বাকি ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়, ফাইনাল-সহ টুর্নামেন্টের বাকি সতেরো ম্যাচ হবে ছ’টা শহরে। সেই তালিকায় নেই ইডেন। যে ছ’টা শহরে ম্যাচ দেওয়া হয়েছে, সেগুলো যথাক্রমে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই আর আমেদাবাদ। গ্রুপ পর্বে কেকেআরের আর কোনও ম্যাচ নেই ইডেনে। ফলে কলকাতায় এবারের মতো আইপিএল যজ্ঞ শেষই বলা যায়। নতুন সূচি অনুযায়ী, কেকেআর ১৭ মে খেলবে আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে। অজিঙ্ক রাহানের টিমের গ্রুপের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওই ম্যাচ হায়দরাবাদের ঘরের মাঠে দেওয়া হয়নি। তা হবে দিল্লিতে।

  • Virat Kohli: টেস্ট ক্রিকেটে শেষ বিরাট অধ্যায়! লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কিং কোহলি

    Virat Kohli: টেস্ট ক্রিকেটে শেষ বিরাট অধ্যায়! লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কিং কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটে শেষ হল বিরাট অধ্যায় (Virat Kohli)। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কিং কোহলি। রোহিত শর্মার অবসর ঘোষণার পর বিরাট কোহলিও সোমবার সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। রাখলেন না বিসিসিআই-এর অনুরোধ। দেশের হয়ে আর সাদা জার্সিতে দেখা যাবে না ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারকে। সাদা জার্সিটা তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন কোহলি। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিজের ইনস্টা অ্যাকাউন্টে এই সিদ্ধান্ত জানান ‘চেজ মাস্টার’।

    বিদায়-বার্তায় কী লিখলেন কোহলি 

    সমাজমাধ্যমে কোহলি (Virat Kohli) লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারাজীবন এই শিক্ষা বহন করব।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’

    হাসিমুখেই বিদায়!

    গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তারপর কোহলির এমন সিদ্ধান্তের প্রভাব এতটাই ছিল যে, খবর অনুযায়ী, বিসিসিআই মরিয়া হয়ে কোহলিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে। যাতে জুন-জুলাইয়ের গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরে ভারতীয় দল অনভিজ্ঞ না থেকে যায়, বোর্ডের তরফে সেই চেষ্টাই করা হচ্ছে বলে খবর। তবে, দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে সম্পূর্ণ বিপরীত দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে যে, কোহলিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়নি। বরং, সিদ্ধান্ত গ্রহণকারীরা কোহলিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, খারাপ ফর্মের কারণে ভারতের টেস্ট দলে তাঁর জায়গা পাওয়ার নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ায় তাঁর শেষ টেস্ট সিরিজে কোহলি পাঁচটি টেস্টে সাকুল্যে ১৯০ রান করেন। তাঁর ব্যাটিং গড় ছিল ২৩-এর সামান্য বেশি। আসলে সেই ১৯০ রানের মধ্যে ১০০ রান বিরাট একটি ইনিংসেই করেছিলেন। বাকি সিরিজে তাঁর সার্বিক অবদান ৯০ রানের। তবে পারফরম্যান্স যাই হোক তিনি কিং কোহলি। মাঠে তাঁর উপস্থিতি যে কোনও দলের কাছেই বড় ফ্যাক্টর।

    খুব একটা সহজ ব্যাপার নয়

    সচিন-গাভাসকর পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং ম্যস্ট্রো বিরাট কোহলি (Virat Kohli)। আবেগঘন এক পোস্টে লিখলেন, ‘‘আমি কৃতজ্ঞতায় ভরা এক হৃদয় নিয়ে সরে যাচ্ছি, এই খেলাটাকে কৃতজ্ঞতা জানাই, যাদের সঙ্গে আমি মাঠ শেয়ার করেছিলাম তাঁদের কৃতজ্ঞতা জানাই এবং প্রতিটি ব্যক্তিকে আলাদা করে কৃতজ্ঞতা জানাতে চাই। এই ফরম্যাট থেকে সরে আসার পরে মনে হচ্ছে খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু এখন মনে হচ্ছে, আমি সর্বস্ব দিয়েছি এই ফরম্যাটে এবং এই ফরম্যাট আমাকে প্রত্যাশার থেকেও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে।’’ শেষে কোহলি লেখেন, ‘‘আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাবো।’’ দিনান্তে কোহলির নামের পাশে লেখা রইল ১২৩টি টেস্ট ম্যাচ। ৯২৩০ টেস্ট রানের মালিক তিনি। ৩০টি সেঞ্চুরি তাঁর ঝুলিতে। সর্বোচ্চ রান ২৫৪। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাঁর টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট পরিক্রমা শেষ হল কোহলির। মাঝে কেটে গেল দীর্ঘ ১৪ বছর।

    সচিনের একশোয় একশো ধরা হল না

    সচিনের একশোয় একশো ধরা আর হল না কোহলির। বিরাট (Virat Kohli) লিখলেন, #২৬৯, সাইনিং অফ। আসলে টেস্টে বিরাট যে ভারতীয় দলের ক্যাপ পরতেন, সেটার নম্বর ছিল ২৬৯। কারণ তিনি ভারতের ২৬৯তম খেলোয়াড় হিসেবে টেস্ট খেলেছিলেন। কয়েকদিন আগে রোহিত শর্মাও যখন অবসর গ্রহণ করেছিলেন, তখন নিজের টেস্ট ক্যাপের ছবি দেখিয়েছিলেন। তাতে লেখা ছিল ২৮১। কারণ ভারতের ২৮১ তম খেলোয়াড় হিসেবে রোহিতের টেস্টে অভিষেক হয়েছিল। টেস্ট ক্রিকেট ছাড়তে চান তিনি। সে কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে আগেই জানান কোহলি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে অনুরোধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। সামনে ইংল্যান্ড সফর। কয়েক দিন আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। এই অবস্থায় কোহলিকে হারানো মানে এক ধাক্কায় ভারতের ব্যাটিং লাইনআপ থেকে বিশাল অভিজ্ঞতা সরে যাওয়া। আর সেই আশঙ্কাই সত্যি হল।

    নিজের সিদ্ধান্তে অনড় কোহলি

    ব্যাটার কোহলিকে (Virat Kohli) আর লাল বলে দেখা না গেলে সেটা টেস্ট ক্রিকেটের জন্য ভালো নয়। এমনটাই মনে করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাই লারা বলেছিলেন, কোহলিকে বুঝিয়ে টেস্টে আরও খেলতে রাজি করানো হবে। শুধু তা-ই নয়, কেরিয়ারের বাকি সময়টা কোহলি টেস্টে ৬০-এর বেশি গড়ে রান করবে। তবে লারার সেই ভবিষ্যদ্বাণী মিলল না। কোহলি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। টেস্ট ক্রিকেটে এখন শূন্যতা। বহু স্মৃতি রেখে গেলেন বিরাট কোহলি। সচিনের উত্তরসূরী দ্রুতই পাঠিয়ে দিয়েছিলেন ক্রিকেট ঈশ্বর। কিন্তু কোহলির পর সেই শূন্যতা কি পূরণ করতে পারবেন গিল, যশস্বীরা?

  • Virat Kohli: টেস্টকে বিদায় জানাতে চান কোহলিও! ইংল্যান্ড সিরিজের আগে বিপাকে বোর্ড

    Virat Kohli: টেস্টকে বিদায় জানাতে চান কোহলিও! ইংল্যান্ড সিরিজের আগে বিপাকে বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: রোহিত শর্মার পর লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন বিরাট কোহলি। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোহলি জানিয়ে দিয়েছেন, তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে চান না। বুধবার টেস্ট ক্রিকেটকে (Test Cricket) আলবিদা জানিয়েছেন রোহিত (Rohit Sharma)। দু’দিন বাদে বন্ধুর পথেই হাঁটার ইচ্ছেপ্রকাশ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রসঙ্গত, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হওয়া এবং তারপর অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক পরাজয়ের জেরে বিরাট ও রোহিতকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। লাগাতার ও দীর্ঘমেয়াদি অফ ফর্মের জেরে রোহিতকে আলাদা করে টার্গেট করা হয়। বিরাটকে নিয়েও সমালোচনার কমতি ছিল না।

    বিরাটকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি

    গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজমাধ‍্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলি (Virat Kohli) এখনও সরকারি ভাবে কিছু জানাননি। তবে সূত্রের খবর, বোর্ডকে চিঠি দিয়েছেন তিনি। জানিয়েছেন টেস্ট থেকে এবার অবসর নিতে চান তিনি। তবে, বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে যান বিরাট। খারাপ ফর্মে থাকলেও, তিনি যে কিং কোহলি। যে কোনও সময় জ্বলে উঠবে তাঁর ব্যাট। রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের (BCCI) পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু ৩৬ বছর বয়সি কোহলির থেকে কোনও জবাব এখনও আসেনি।

    টেস্টে বিরাট আধিপত্য

    টেস্ট ক্রিকেটে তো বটেই, সব ফর্ম্যাটে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কোহলি (Virat Kohli)। টেস্টে ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি, ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন। তাঁর নামে রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। ২০১১ সালের ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে তাঁর টেস্ট অভিষেক হয়। ২০১৪ সালে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণকারী কোহলি ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক হিসেবে স্বীকৃত। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অসাধারণ সাফল্য অর্জন করে। এর মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় অন্যতম। তাঁর নেতৃত্বে ভারত ৬৮টি টেস্ট ম্যাচ খেলে, এর মধ্যে ৪০টি জয়, ১৭টি হার এবং ১১টি ড্র করে। এই ৪০ জয়ের মধ্যে ২৫টি ঘরের মাঠে এবং ১৫টি বিদেশে।

  • IPL 2025: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে সিদ্ধান্ত বিসিসিআই-এর

    IPL 2025: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে সিদ্ধান্ত বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ভারত–পাক সংঘর্ষের জেরে আপাতত স্থগিত হয়ে গেল আইপিএল (IPL 2025)। কবে শুরু হবে তা সময়ে জানিয়ে দেবে বিসিসিআই। বিসিসিআইয়ের এক আধিকারিক সংসবাদংস্থা পিটিআইকে জানিয়েছেন, দেশের যখন এই পরিস্থিতি। একটা যুদ্ধের আবহ রয়েছে। তখন ক্রিকেট খেলা ভাল লাগে না।

    নিরাপত্তাই প্রাধান্য

    গত বুধবার গভীর রাতে ‌অপারেশন সিঁদুর এর পর ইডেন ম্যাচে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ায় জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। তারপর বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ পাকিস্তানের ড্রোন হামলার জেরে মাঝপথেই বন্ধ করে দিতে হয়। তাই আর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। জানিয়ে দেওয়া হল আপাতত স্থগিত আইপিএল। যার ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে ইডেনে। আইপিএলে (IPL 2025) দেশের ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশি ক্রিকেটার খেলেন। তাঁদের নিরাপত্তার দিকটি বোর্ডকে দেখতে হবে। ফলে ভারত-পাক যুদ্ধের আবহে ক্রিকেটার থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফ ও অন্যান্যরা যাতে নিরাপত্তার অভাব না বোধ করেন, সেটা দেখাও বোর্ডের কাজ। সূত্রের খবর, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা। পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড। কীভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায়, তারও ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে খবর।

    ফের কবে আইপিএল

    জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিল বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করে পাক-মদতপুষ্ট সন্ত্রাসীরা। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের সকল চেষ্টা ব্যর্থ করছে ভারত। এই পরিস্থিতিতে আইপিএলের মতো টুর্নামেন্ট আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। তিনি বলেন, ‘দেশ যখন যুদ্ধে লিপ্ত, সেই সময় ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকা ভালো দেখায় না।’ সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে আইপিএলের শেষ পর্ব। যদিও বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড। কবে, কীভাবে টুর্নামেন্টের বাকি অংশের আয়োজন হবে, বা আদৌ হবে কিনা, সেটা নিয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বোর্ড। সব পক্ষের সঙ্গে আলোচনার পরই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

LinkedIn
Share