Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rohit Sharma: সাদা জার্সি গায়ে আর মাঠে নামবেন না রোহিত, অবসরের নেপথ্যে কি অভিমান না অন্য কারণ?

    Rohit Sharma: সাদা জার্সি গায়ে আর মাঠে নামবেন না রোহিত, অবসরের নেপথ্যে কি অভিমান না অন্য কারণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হয়ে গেল একটা যুগ। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলের মাঝেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। এ বার থেকে ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক কুড়ি-বিশের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। হঠাতই নয় বেশ কয়েক মাস ধরেই চলছিল গুঞ্জন। তরুণদের জন্য সরতে তো হবেই। তাই করলেন রোহিত। মহেন্দ্র সিং ধোনির পরবর্তী যুগে ভারতের সফল অধিনায়ক রোহিত। তিনি জানেন কোথায় থামতে হয়। তিনি জানেন অধিনায়কের আর্ম ব্যান্ড কখন খুলতে হয়। জানেন হিসেব কষে চলতে।

    লাল বলকে বিদায়

    কোনও সাংবাদিক বৈঠক করেননি রোহিত। ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতিতে রোহিত লিখেছেন, “সকলকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালোবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।” ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত (Rohit Sharma)। করেছেন ৪৩০১ রান। ব্যাটিং গড় ৪০.৫৭। টেস্টে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান করেছেন রোহিত। সর্বাধিক রান ২১২। টেস্ট ক্রিকেটে রোহিতের পথচলা শুরু ক্রিকেটের নন্দনকাননে। ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ভারতের সাদা জার্সি গায়ে খেলতে নেমেছিলেন রোহিত। টেস্ট ডেবিউ ম্যাচে ৩০১ বলে ১৭৭ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত। হয়েছিলেন ম্যাচের সেরাও। এরপর দেশের হয়ে খেলেছেন আরও ৬৬টা টেস্ট। বিরাট কোহলি ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার টেস্ট দলের নেতৃত্ব যায় রোহিত শর্মার কাঁধে। তারপর ২৪টি টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তাতে ১২টি ম্যাচ জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার অন্যতম সফল ১০ অধিনায়কের তালিকায় রয়েছেন রোহিত। ভারতের হয়ে টেস্টে ১২টি সেঞ্চুরি করেছেন রোহিত। সেই সঙ্গে রয়েছে ১৮টি হাফসেঞ্চুরিও। টি-২০ ও ওডিআইতে রোহিতের ব্যাট যতটা উজ্জ্বল, সেই তুলনায় টেস্টে উজ্জ্বলতা খানিক কম।

    অধিনায়কত্ব নিয়ে জল্পনা

    আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ টেস্টের সেই সিরিজ থেকে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে মেন ইন ব্লু। শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সিরিজের আগে রোহিতকে (Rohit Sharma) টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সেই জল্পনার মাঝেই অবসর নিলেন তিনি। জাতীয় নির্বাচকরা তাঁকে বার্তা দিয়েছিলেন ইংল্যান্ড সফরের টিমে তাঁকে ক্যাপ্টেন হিসেবে আর ভাবা হচ্ছে না। কারণ বোর্ড সামনের দিকে তাকাতে চাইছে। এ ছাড়া, রোহিত শর্মার বয়স ৩৮ পেরিয়েছে, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে (২০২৫-২৭) একজন নতুন নেতার প্রয়োজন আছে বলে বোর্ডও মনে করছে। শুভমনের বয়স ২৫, এর আগে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন ছিলেন। তা ছাড়া বুমরার মতো তাঁর চোট সমস্যা নেই। ফলে, স্বাভাবিকভাবেই অগ্রাধিকার পেয়ে ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে শুভমন। সেক্ষেত্রে রোহিতের সামনে অবসর ছাড়া রাস্তা ছিল না।

    ব্যাটে রানের খরা

    ক্যাপ্টেন না থাকলে তিনি টিমে ব্যাটার হিসেবেও জায়গা পেতেন কি না সন্দেহ। গত আট টেস্টে তাঁর রান মাত্র ১৬৫। গড় ১০.৯৩। এই পারফরম্যান্স নিয়ে ইংল্যান্ডে তাঁর সফল হওয়া কঠিন বলেই বিশেষজ্ঞদের ধারণা। তিনিও জানতেন লাল বলের ক্রিকেটে আর যেন মানাতে পারছিলেন না। আগে অবসরের প্রশ্নে রোহিত বলেছিলেন, দুই সন্তানের পিতা জানে কখন সরে যেতে হবে। শেষপর্যন্ত নিখুঁত ‘টাইমিং’য়ে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারার মতো করেই অবসরের সরণিতে হাঁটলেন ‘শর্মাজি কা বেটা’।

    রোহিতের পরবর্তী পরিকল্পনা

    রোহিতের (Rohit Sharma) ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৭ বিশ্বকাপ খেলার জন্য রোহিত মরিয়া। মেগা ইভেন্টে খেলার জন্য ফিটনেস ঠিক রাখতে যা খুশি করতে পারেন। রোহিতের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রোহিত। রোহিতের ঘনিষ্ঠ সেই সূত্র জানিয়েছে, ‌চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই রোহিতের মাথায় টেস্ট থেকে অবসরের কথা ঘুরছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু হচ্ছে জুন থেকে। রোহিত জানত টেস্টে সেরা সময়টা ফেলে এসেছে। রোহিতের সেই ইচ্ছাপূরণ হবে কি না, সেটা কেউ জানেন না। তবে বোর্ড আপাতত জানিয়েছে, ওয়ানডে ক্রিকেটে তিনিই অধিনায়ক থাকছেন। সেটা হলে দীর্ঘদিন বাদে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া।

  • Operation Sindoor: ভারতীয় সেনাকে কুর্নিশ জানাল ইডেন, অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত সচিন থেকে গম্ভীর

    Operation Sindoor: ভারতীয় সেনাকে কুর্নিশ জানাল ইডেন, অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত সচিন থেকে গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর (Operation Sindoor) এর সাফল্যে ভারতীয় সেনাকে সম্মান জানাল ইডেন গার্ডেন্স। বৃহস্পতিবার, ইডেন ছিল অন্য মেজাজে। আইপিএলের ম্যাচে সাধারণত জাতীয় সঙ্গীত বাজানো হয় না। কখনও টুর্নামেন্টের শুরুর ম্যাচে কিংবা ফাইনালে এমনটা দেখা যায়। আন্তর্জাতিক ম্যাচ থাকলে অবশ্য় জাতীয় সঙ্গীত দিয়েই ম্যাচের শুরু হয়। আইপিএলে (IPL 2025) প্রথম বার ম্যাচ শুরুর আগে বাজল জাতীয় সঙ্গীত। এদিন ভারতীয় সেনাকে সম্মান জানাতে ইডেনে কেকেআর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হয় জাতীয় সঙ্গীতে। স্ক্রিনেও ভেসে ওঠে ভারতীয় সেনাকে গর্ব এবং সম্মানের বার্তা। ভারতীয় সেনার সাফল্যকে কুর্নিশ জানাতে এই পদক্ষেপ করে বিসিসিআই।

    সেনাকে কুর্নিশ বিসিসিআই-এর

    মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা হিসেবেই মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করে। বুধবার ইডেনে খেলার শুরুর আগেই দুই দল ভারতীয় সেনাকে স্যালুট জানায়। খেলা চলাকালীন একাধিকবার ডিজিটাল স্ক্রিনে দেখানো হয় ভারতীয় সেনাকে স্যালুট জানানোর কথা। বহু সমর্থক এদিন খেলা দেখতে আসেন তেরঙ্গা হাতে। খেলা চলাকালীন বাউন্ডারি লাইনের ধারের স্ক্রিনগুলিতেও বার্তা হিসেবে দেখানো হয়, “ভারতীয় সেনার জন্য আমরা গর্বিত।” এদিন ইডেন গার্ডেন্সে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। এই ম্য়াচটি শেষ ওভার পর্যন্ত চলে। টান টান ম্যাচে ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনিদের কাছে ২ উইকেটে হেরে যায় কেকেআর। এই হারের ফলে চলতি আইপিএল থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে নাইটরা।

    সেনাকে সেলাম ক্রিকেটারদের

    ভারতীয় সেনার অপারেশন সিঁদুর-কে (Operation Sindoor) কুর্নিশ জানিয়েছেন বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন জয় হিন্দ। নিজের ব্যাটিংয়ের মতোই অ্যাটাকিং স্টাইলে লিখেছেন, ‘‘কেউ যদি পাথর ছোড়ে, আপনিও ফুল ছুড়ে দিন, তবে গামলার সঙ্গে। অপারেশন সিঁদুর, একেবারে নিখুঁত নাম।’’ দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, অপারেশন সিঁদুরের ছবি সহ পোস্ট করেছেন জয় হিন্দ। সঙ্গে দেশের পতাকা। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘‘একতা ভয়ডরহীন। একতাই শক্তি। ভারতের শক্তি দেশের প্রত্য়েকটা মানুষ। এখানে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। জয় হিন্দ।’’ দেশের আর এক কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী লিখেছেন, ‘‘ভারত এভাবেই জবাব দেয়।’’ ভারতীয় ক্রিকেটের গব্বর শিখর ধাওয়ান কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। সেনার জবাবের পর ধাওয়ান লিখেছেন, ‘‘ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ভারত মাতা কি জয়।’’ অনিল কুম্বলে, চেতন শর্মা, সুরেশ রায়না, বরুণ চক্রবর্তীর মতো প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররাও অপারেশন সিঁদুর নিয়ে নানা পোস্ট করেছেন।

  • Sunil Gavaskar: এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান! পহেলগাঁও হামলা প্রভাব ফেলবে পাক ক্রিকেটে, দাবি গাভাসকরের

    Sunil Gavaskar: এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান! পহেলগাঁও হামলা প্রভাব ফেলবে পাক ক্রিকেটে, দাবি গাভাসকরের

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পাক ক্রিকেটের ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে ফেলেছে, এমনই দাবি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)। এমনকী তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে ফেলার পক্ষেও সওয়াল করেছেন।

    কী বললেন গাভাসকর?

    সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গাভাসকর (Sunil Gavaskar) বলেন, ‘‘বিসিসিআই সবসময় ভারত সরকারের কথা অনুযায়ী চলে। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রেও এর কোনও বদল হবে। ভারত ও শ্রীলঙ্কা এশিয়া কাপের আয়োজক। তাই এটা নির্ভর করবে পরিস্থিতি কতটা পরিবর্তিত হবে তার উপর। আমি তো কোনওভাবেই পাকিস্তানকে এশিয়া কাপের অংশ হতে দেখছি না। আসলে দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার উপর অনেককিছু নির্ভর করছে।’’ তাঁর সংযোজন, ‘‘যা ঘটছে তাতে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায়, তবে মোটেও অবাক হব না। যদি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির থাকে, তবে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন।’’

    কী বললেন গাভাসকর?

    পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি ক্রিকেটাররা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে কুমন্তব্য করছেন। কিন্তু এর পরিণতি পাকিস্তানকে ভোগ করতে হতে পারে। ভারত সরকার ইতিমধ্যেই বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন বিসিসিআই-ও পাহেলগাঁও আক্রমণের প্রতিশোধ নিতে পারে। আসলে, এশিয়া কাপ এই বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা এবং এর আয়োজক দেশ ভারত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট টিমকে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হতে পারে। সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না বলে অভিমত সানির। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ দুই দেশের ক্রিকেটের ওপরেও বড়ো প্রভাব ফেলেছে। এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকে আর আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে লড়াই করতে দেখা যাবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) আয়োজনের বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে। পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে চাইছে ভারত। এইরকম আবহে সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) গুরুত্বপূর্ণ মন্তব্যে চাপের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট। তার করা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে।

  • Vaibhav Suryavanshi: বিস্ময় বালক! আইপিএলে ৩৫ বলে ১০০ করে ৫টি বিশ্বরেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব

    Vaibhav Suryavanshi: বিস্ময় বালক! আইপিএলে ৩৫ বলে ১০০ করে ৫টি বিশ্বরেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব

    মাধ্যম নিউজ ডেস্ক: বিস্ময় বালক, বৈভব সূর্যবংশী! ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল অভিষেক (IPL 2025) করে তিনি আগেই রেকর্ড করেছিলেন। এখনও পর্যন্ত টুর্নামেন্টের কনিষ্ঠতম ক্রিকেটার বৈভবই (Vaibhav Suryavanshi)। তবে সোমবার যা করলেন তা হয়তো কেউ কল্পনা করেননি। মাত্র ৩৫ বলে শতরান এল তাঁর ব্যাট থেকে! আইপিএলে সবথেকে কম বলে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হয়ে গেলেন তিনিই। তাঁর শতরানে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানালেন স্বয়ং রাহুল দ্রাবিড়। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছো জানিয়েছেন প্রাক্তন ‘হার্ড হিটার’ ইউসুফ পাঠান, মহম্মদ শামি, যুবরাজ সিংরা। যুবি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘১৪ বছর বয়সে তুমি কী করছ! পলক না ফেলে দুনিয়ার সেরা বোলার নিয়ে ছেলেখেলা করলে। বৈভব সূর্যবংশী-নামটা মনে রেখো। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত।’

    রেকর্ড বুকে সূর্যবংশী

    সোমবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঐতিহাসিক ইনিংস খেলেছেন ১৪ বছরের রাজস্থান রয়্যালস তারকা বৈভব সূর্যবংশী। শুধু ২১০ রান তাড়া করে দলকে সহজ জয় এনে দেওয়া নয়, সেঞ্চুরি করে নিজেও গড়েছেন ৫টি বড় রেকর্ড।

    আইপিএলের ইতিহাসে সবথেকে কম বয়সে আইপিএলের হাফ সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৭ বলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজের অর্ধশতরান পূরণ করেন ১৪ বছরের তারকা।

    শুধু আইপিএলের ইতিহাসে নয়, বিশ্বে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বয়সে সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। এর আগে ১৮ বছরের আগে কেউ বিশ্বে যে কোনও ধরনের টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেনি।

    আইপিএলের ইতিহাসে সবথেক কম বয়স মাত্র ১৪ বছর ৩২ দিনে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে আউট হন। ১১টি ছয় ও ৭টি চারে সাজানো তাঁর ইনিংস।

    এই সেঞ্চুরির সৌজন্যে আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে দ্রুততম ৩৫ বলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। এর আগে ইউসুফ পাঠান ৩৭ বলে সেঞ্চুরি কলেছিলেন।

    আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে সেঞ্চুরি গড়লেন বৈভব সূর্যবংশী। ৩০ বলে শতরান করে শীর্ষে ক্রিস গেইল। ১৮ বছর হওয়ার আগে আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছে বৈভব। ইতিমধ্যেই ১৬টি ছয় হয়ে গিয়েছে তার।

    অবাক বিশ্ব

    লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজের আইপিএল (IPL 2025) জীবনের প্রথম ম্যাচ খেলেছিলেন বৈভব (Vaibhav Suryavanshi)। সেই ম্যাচেই রেকর্ড করতে পারতেন হাফ সেঞ্চুরি করে। তবে অল্পের জন্য সেটা করতে পারেননি। বৈভব ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যাতে ছিল ২টি চার ও ৩টি বিশাল ছক্কা। অর্ধ শতরান হাতছাড়া করে কেঁদে ফেলেছিলেন। তবে সোমবার গুজরাটের বোলারদের বলে বলে কাঁদালেন ১৪ বছরের ‘শিশু’।

  • Abhishek Nayar: ভারতীয় দলের থেকে অপসারিত সহকারী কোচ অভিষেক নায়ার, ছাঁটাই আরও ৩! কেন এমন সিদ্ধান্ত?

    Abhishek Nayar: ভারতীয় দলের থেকে অপসারিত সহকারী কোচ অভিষেক নায়ার, ছাঁটাই আরও ৩! কেন এমন সিদ্ধান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছেঁটে ফেলা হল ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের (Team India) হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। একইসঙ্গে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়েরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, চাকরি গিয়েছে দলের ম্যাসারেরও। যদিও সরকারী ভাবে বোর্ড এখনও কিছু জানায়নি। আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেটাই তাদের প্রথম সিরিজ। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডে গিয়েও যাতে দুরবস্থার মধ্যে পড়তে না হয়, সেই লক্ষ্যেই হাল ফেরানোর নীতি নেওয়া হয়েছে।

    কাদের কাদের সরতে হচ্ছে

    বোর্ডের এক সূত্র জানান, সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ব্যর্থতার জন্যই নায়ারকে সরানো হচ্ছে। কিন্তু বোর্ডের অনেকেই মনে করছেন, তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। একজন সিনিয়র তারকার সঙ্গে সাপোর্ট স্টাফের এক গুরুত্বপূর্ণ সদস্যের ঝামেলার জেরেই তাঁকে সরতে হচ্ছে। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছাঁটাই করা হবে। ভারতীয় দলে তিন বছর হয়ে গিয়েছে তাঁদের। শুধু তাই নয়, দলের ম্যাসারেরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ফিল্ডিং কোচ হিসাবে আর এক সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। এ ছাড়া সোহমের জায়গায় আসতে পারেন আদ্রিয়ান ল্য রু, যিনি এখন আইপিএলের দল পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। ২০০৩ বিশ্বকাপের সময় সৌরভ গঙ্গোপাধ্যায়েরর দলে ফিটনেস সংস্কৃতি তৈরি করেছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি বিসিসিআই সচিব। দেবজিৎ সাইকিয়া বলেন, ‘‘কিছু জিনিস ঠিক করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই বোর্ডের পক্ষ থেকে প্রেস নোট চলে যাবে।’’ অভিষেক এবং দিলীপের পরিবর্ত হিসাবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি।

    কেন এই সিদ্ধান্ত

    ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, পারফরম্যান্সটা আসল কারণ নয়। ভারতীয় দল তার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এই কোচ এবং সাপোর্ট স্টাফদের নিয়েই। ফলে আসল কারণটা শৃঙ্খলাজনিত। অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টের পর ভারতীয় দলের সাজঘরে গম্ভীর ধমক দিয়েছিলেন ক্রিকেটারদের। তিনি কাকে কী বলেছেন, তা সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তখন জানা গিয়েছিল, সেই সফরে ভারতীয় দলে থাকা ক্রিকেটার সরফরাজ খান সংবাদমাধ্যমে এই কথা ফাঁস করেছিলেন। কিন্তু এখন মনে করা হচ্ছে, সাপোর্ট স্টাফেদের মাধ্যমেই সাজঘরের কথা বাইরে বেরিয়েছিল। সরফরাজ এই কাজ করবেন— এটা ভাবা একটু কঠিন। কারণ, তিনি সদ্য জাতীয় দলে খেলছেন। তা-ও নিয়মিত নন। ফলে তাঁর মতো এক জন ক্রিকেটার নিজের কেরিয়ার নিয়ে এত বড় ঝুঁকি নেবেন, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য ঠেকেনি।

  • ISL 2024-25: যুবভারতী সবুজ-মেরুন! চ্যাম্পিয়ন মোহনবাগান, ম্যাকলারেনের গোলে ইতিহাস মেরিনার্সদের

    ISL 2024-25: যুবভারতী সবুজ-মেরুন! চ্যাম্পিয়ন মোহনবাগান, ম্যাকলারেনের গোলে ইতিহাস মেরিনার্সদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জোড়া মুকুট  মোহনবাগানের (Mohun Bagan Super Giants)। লিগ-শিল্ডের পর আইএসএল কাপের (ISL 2024-25) রংও সবুজ-মেরুন। এই ম্য়াচে মেরিনার্স ব্রিগেডের হয়ে একটি করে গোল করলেন জেমি ম্য়াকলারেন এবং জেসন কামিন্স। ফাইনাল ম্য়াচে ২-১ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবারের রাতে যুবভারতীতে উৎসবে মাতল মেরিনার্সরা।

    সমানে সমানে লড়াই

    আইএসএল কাপ ফাইনালে এদিন মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan Super Giants) ও বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠ যুবভারতীতে দ্বিমুকুট জয়ের লক্ষ্যে নেমেছিল মোলিনার দল। অন্যদিকে টক্কর দিতে প্রস্তুত সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। লিগ শিল্ড জয়ের পর আইএসএল কাপও যাতে সবুজ-মেরুন হয়, তার জন্য মাঠ ভরিয়েছিল মেরিনার্সরা। ৬০ হাজারের যুবভারতী ছিল কানায় কানায় পূর্ণ। এই হাই-ভোল্টেজ ম্যাচে প্রথমার্ধ শেষে উভয় দলই গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে। তবে ম্যাচের শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং উত্তেজনা মাঠের চারপাশে ছড়িয়ে পড়ে। মোহনবাগানের ঘরের মাঠে খেলা হলেও বেঙ্গালুরু এফসি সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়িয়ে ম্যাচে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে।

    সাফল্য মানেই মোহনবাগান

    সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে এদিন স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন ভক্তরা। এর আগে ২০২২-২৩ মরশুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। যেখানে পেনাল্টি শুটআউটে ম্যাচ জেতে শতাব্দী প্রাচীন ক্লাব (Mohun Bagan Super Giants)। ঘরে ওঠে ট্রফি। কিন্তু এবার লড়াইটা জমে উঠছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটেছিল সেই অঘটন। অ্যালবার্তো রডরিগসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কিন্তু, পেনাল্টিতে কামিন্সের শট সমতা ফেরাল মোহনবাগান। ম্য়াচের ফলাফল ১-১। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন জেসন কামিন্স। বলটা লেফট বটম কর্নার দিয়ে বেঙ্গালুরুর জালে জড়িয়ে যায়। গুরপ্রীত শরীর ভাসিয়ে বলটা আটকানোর চেষ্টা করলেও, কামিন্সের শটে যে গতি ছিল, তার সঙ্গে এঁটে উঠতে পারেননি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে পাঁচ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দিলেন জেমি ম্যাকলারেন। বক্সের মধ্যে বল বাড়ান গ্রেগ স্টুয়ার্ট। বেঙ্গালুরুর ডিফেন্ডার চিংলেনসানার ভুল থেকে বল পান ম্যাকলারেন। গোল করতে ভুল করেননি তিনি। এগিয়ে যায় মোহনবাগান। আর ম্যাচে ফিরতে পারেনি বেঙ্গালুরু। রেফারি বাঁশি দিতেই গোটা সল্টলেক স্টেডিয়ামের ৬০,০০০ দর্শক একসঙ্গে গর্জন করে ওঠে। তাঁরাই চ্যাম্পিয়ন।

  • Olympics 2028: ১২৮ বছর পরে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট! টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে ৬ দেশ

    Olympics 2028: ১২৮ বছর পরে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট! টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে ৬ দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে (Olympics 2028) একবারই জায়গা পেয়েছিল ক্রিকেট। ১৯০০ সালে। প্যারিস অলিম্পিক্সে খেলা হয়েছিল ক্রিকেট। তার পর কেটে গিয়েছে দীর্ঘ ১২৮ বছর। ফের একবার অলিম্পিক গেমসের আসরে প্রত্যাবর্তন করতে চলেছে ‘জেন্টলম্যান্স গেম’। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আসরে দেখা যাবে ক্রিকেটকে। বুধবার রাতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (আইওসি) জানিয়েছে, ছ’টি দেশ অংশগ্রহণ করবে ক্রিকেটে (Cricket)। জানা যায়, ১৯০০ সালের অলিম্পিক্সে ছিল ক্রিকেট। সেবছর মাত্র একটি ম্যাচই খেলা হয়েছিল। অলিম্পিক্সে (Olympics 2028) দীর্ঘ দিন ধরেই ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল আইসিসি। অবশেষে তা সফল হল।

    ছটি দল খেলবে ক্রিকেট, কীভাবে যোগ্যতা অর্জন?

    প্রসঙ্গত, ছ’টি দল অলিম্পিক্সে (Olympics 2028) খেলবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ এবং মহিলা, দুই বিভাগের ক্ষেত্রেই এই সংখ্যা একই থাকছে। জানা যাচ্ছে, প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য। আইসিসির অধীনে এই মুহূর্তে ১২টি দেশ পূর্ণ সদস্যের মর্যাদা পায়। আরও ৯৪টি দেশ সহযোগী সদস্য হিসেবে অংশ গ্রহণ করে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে যোগ্যতা অর্জন কী ভাবে হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ওয়াকিবহাল মহলের ধারণা, সারা বছর ধরেই চলে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট। এই আবহে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইসিসি ব়্যাঙ্কিংকেই যোগ্যতা অর্জনের মাপকাঠি হিসেবে বিবেচনা করতে পারে। অনেকের মতে, এক্ষেত্রে আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে আমেরিকা।

    কমছে ফুটবলের দেশের সংখ্যা

    ক্রিকেট (Cricket) যেমন ১২৮ বছর ফিরছে একইসঙ্গে ফুটবলে দেশের সংখ্যা কমছে বলেও জানিয়েছে অলিম্পিক্স (Olympics 2028) কর্তৃপক্ষ। পুরুষদের ফুটবলে এত দিন পর্যন্ত ১৬টি দেশ খেলত। তবে বর্তমান তা কমে হচ্ছে ১২। অন্যদিকে মহিলাদের ফুটবলে দেশের সংখ্যা বেড়েছে। ১৬টি দেশ এ বার থেকে অংশ নিতে পারবে বলে জানানো হয়েছে। এ দিকে, এবছরের অলিম্পিক্সে কম্পাউন্ড তিরন্দাজি অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • Mohun Bagan: সাক্ষী ঋষভ পন্থ, জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

    Mohun Bagan: সাক্ষী ঋষভ পন্থ, জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার ইডেনে যিনি প্রতিপক্ষ, সোমবার সন্ধ্যায় তাঁর জন্যই গলা ফাটাল কলকাতাবাসী। তিনি সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস-এর মালিক। কিন্তু ফুটবল ময়দানে তো মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার। আর কলকাতার ফুটবলপ্রেমীদের রক্তে সবুজ-মেরুন। আইএসএল (ISL 2024-25) সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের বিরুদ্ধে ১-২ পিছিয়ে থাকায় সোমবার মোহনবাগানকে (Mohun Bagan) জিততেই হত। অন্তত এক গোলের ব্যবধানে। তার বেশি হলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ না হলে টাইব্রেকার। তাই আক্রমণ করা ছাড়া আর কোনও পথ ছিল না জেমি ম্যাকলারেনদের কাছে। তার ফল প্রথম পর্বে ১-২ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় পর্বে ২-০ গোলে জিতে মোহনবাগান পৌঁছে গেল আইএসএল কাপের ফাইনালে।

    যুবভারতীতে ঋষভ পন্থ

    গত মরসুমে ইডেনে সবুজ মেরুন জার্সিতেই নেমেছিল লখনউ। তেমনই গত বারও মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ দেখতে গিয়েছিলেন লখনউ ক্রিকেটাররা। এ দিন যুবভারতীতে মোহনবাগান ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ। মোহনবাগানের প্রত্যাবর্তন দেখলেন। জামশেদপুরে মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়লেও সমতা ফিরিয়েছিল। শেষ অবধি ১-২ ব্যবধানে হারে। এ দিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে জেসন কামিংসের পেনাল্টি গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। এগ্রিগেট দাঁড়ায় ২-২। ফলে আরও এক গোলের প্রয়োজন। নয়তো ম্যাচ অতিরিক্ত সময়, টাই ব্রেকারে গড়াত। ম্যাচের ইনজুরি টাইমে রালতের অনবদ্য গোল। ম্যাচ ২-০ ব্যবধান এবং দুই লেগ মিলিয়ে ৩-২ এগ্রিগেটে আইএসএল ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনবাগান।

    সমর্থকদের দুঃখ ভুলিয়ে ফাইনালে মোহনবাগান

    সোমবার ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করলেও মোহনবাগানকে (Mohun Bagan) গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হল ৫১ মিনিট পর্যন্ত। কামিংস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার। যে কারণে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। সেখান থেকে গোল করতে ভুল করেননি কামিংস। কামিংসের সেই গোল যদিও মোহনবাগানের ফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারেনি। সেটা করলেন আপুইয়া। ৯৪ মিনিটের মাথায় গোল করেন তিনি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাবে বলে মনে করা হচ্ছিল, সেই সময় গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন মোহনবাগানের মিজ়ো ফুটবলারটি। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন আপুইয়া। সেই সঙ্গে গোটা যুবভারতী জুড়ে শুরু হয়ে যায় উৎসব। বাজি, আবির এবং চিৎকারের ভরে যায় সবুজ-মেরুন গ্যালারি। মোহনবাগান সমর্থকদের জামশেদপুরে মার খেতে হয়েছিল। ম্যাকলারেনরা বলেছিলেন, মাঠেই জবাব দেবেন। দলকে ফাইনালে তুলে সমর্থকদের দুঃখ ভোলালেন। আইএসএল (ISL 2024-25)  লিগ জয়ের পর এবার কাপ ফাইনালে মোহনবাগান। বিপক্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

  • India’s Sports Industry: ভারতে ক্রীড়া শিল্পের বাজার ২০০ কোটি ডলারের দিকে এগোচ্ছে, দাবি সমীক্ষায়

    India’s Sports Industry: ভারতে ক্রীড়া শিল্পের বাজার ২০০ কোটি ডলারের দিকে এগোচ্ছে, দাবি সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ক্রীড়া অর্থনীতি ২০২৪ সালে ১৬,৬৩৩ কোটি টাকা উপার্জন করেছে, যা ২০২৩ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। এই রিপোর্টে বলা হয়েছে যে, ক্রিকেট এখনও প্রধান ক্রীড়া হিসেবে রাজত্ব করছে, এবং এটি মোট উপার্জনের প্রায় ৮৫ শতাংশ অবদান রাখছে। গ্রুপএম ইএসপি-এর প্রকাশিত ‘স্পোর্টিং নেশন’ রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রীড়া (India’s Sports Industry) শিল্প ২০০ কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার কোটি) কাছাকাছি পৌঁছাচ্ছে। ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত এই শিল্পের পরিমাণ ক্রমে ৭ গুণ বৃদ্ধি পেয়েছে। ক্রীড়া শিল্পের আয়ের মধ্যে স্পনসরশিপ, অ্যাথলিটদের বিজ্ঞাপন এবং মিডিয়া ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

    ক্রিকেটই মূল

    গ্রুপএম ইএসপি হল ভারতের এন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস ডিভিশন। ১২তম ‘স্পোর্টিং নেশন’ রিপোর্টে বলা হয়েছে যে, ২০২৪ সালে ক্রীড়া স্পনসরশিপ খাতে ব্যয় করা হয়েছে ৭,৪২১ কোটি টাকা। এই খাতে ক্রিকেটের অবদান ৫,৬১০ কোটি টাকা, যা মোট স্পনসরশিপ খরচের ৭৬ শতাংশ। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতীয় ক্রিকেট দলের ম্যাচের সংখ্যা কম হওয়ার কারণে (২০২৪ সালে ৪৪টি ম্যাচ, ২০২৩ সালে ৬৪টি ম্যাচ), ক্রীড়া স্পনসরশিপ খাতে বৃদ্ধির হার কমেছে। তাছাড়া, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) উভয়ই তাদের নতুন স্পনসরশিপ চক্র শুরু করেছে। তবে ম্যাচের সংখ্যা কমে যাওয়া এবং নতুন ফরম্যাট সত্ত্বেও, বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে, যা ভারতের ক্রীড়া শিল্পের শক্তিশালী বাণিজ্যিক ভিত্তির প্রতিফলন। ক্রিকেটের অবদান স্পনসরশিপ ব্যয়ে ৭৬ শতাংশ। অলিম্পিক বছর হওয়ায়, নতুন ক্রীড়াগুলিতে স্পনসরশিপ ব্যয় ২০২৪ সালের থেকে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৮১১ কোটি টাকা।

    ক্রীড়া ব্যক্তিত্বদের ওপর বড় বিনিয়োগ

    ২০২৪ সালে অ্যাথলিটদের বিজ্ঞাপন ব্যয় এক হাজার কোটি টাকা অতিক্রম করেছে। ২০২৩ সালের তুলনায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে এর পরিমাণ ১,২২৪ কোটি টাকা। গ্রুপএম ভারতের কনটেন্ট, এন্টারটেইনমেন্ট ও স্পোর্টস বিভাগের ম্যানেজিং ডিরেক্টর বিনীত কার্নিক বলেন, “ভারতের ক্রীড়া (India’s Sports Industry) অর্থনীতি একটি উচ্চ-বৃদ্ধি খাত হিসেবে দৃঢ়ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, যা ২০০৮ থেকে ৭ গুণ বৃদ্ধি পেয়ে ২০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে। অ্যাথলেটদের বিজ্ঞাপন ব্যয় শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, নীরজ চোপড়া, পিভি সিন্ধু এবং মনু ভাকের মতো ক্রীড়া ব্যক্তিত্বদেরও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যার ফলে ক্রিকেট ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও লাভ হচ্ছে।” ২০২৪ সালে ক্রীড়ার মিডিয়া ব্যয় ২০২৩ সালের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন ৭,৯৮৯ কোটি টাকা। ডিজিটাল মিডিয়া খাতে ২৫ শতাংশ ব্যয় বেড়েছে।

  • IPL 2025: হারের পর পিচকে দোষারোপ! আইপিলে পিচ বিতর্কে সব ফ্রাঞ্চাইজিকে কড়া নির্দেশ বোর্ডের

    IPL 2025: হারের পর পিচকে দোষারোপ! আইপিলে পিচ বিতর্কে সব ফ্রাঞ্চাইজিকে কড়া নির্দেশ বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠের পিচ (IPL 2025) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস,  লখনউ সুপার জায়ান্টস দলগুলি। সবার অভিযোগ, ঘরের মাঠের সুবিধা তারা পাচ্ছে না। এই পরিস্থিতিতে পিচ নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে, মরসুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভালো করে কথা বলে নেওয়া উচিত ছিল দলগুলির। মরসুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়। পিচ নিয়ে শেষ কথা বলবেন কিউরেটরই, এমন নির্দেশও দিয়েছে বিসিসিআই।

    পিচ বিতর্কে কড়া বোর্ড

    বোর্ডের এক আধিকারিকের কথায়, “এখনও পর্যন্ত প্রতিটা মাঠের পিচ ভালোই লাগছে। দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মরসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত। আইপিএল শুরু হওয়ার পরে এই ধরনের অভিযোগ ঠিক নয়।” ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর কলকাতা নাইট রাইডার্সে অধিনায়ক অজিঙ্ক রাহানে আর্জি জানিয়েছিলেন, ইডেনে আরও স্পিন সহায়ক উইকেট হওয়া উচিত। কিন্তু সেই আর্জি নাকচ করে দিয়েছেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়।

    ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখেই পিচ

    বোর্ডের নির্দেশ অনুযায়ী, আইপিএলে কী ধরনের পিচ (IPL 2025) হবে তা নিয়ে কোনও দল বা ক্রিকেটার কিছু বলতে পারবেন না। ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখে পিচ তৈরি করবেন প্রস্তুতকারক। লখনউয়ের পিচ নিয়ে বোর্ডের ওই কর্তা বলেন, “লখনউয়ের পিচের চরিত্র মন্থর। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, পিচের উপর ঘাস রাখতে হয়েছে। যাতে পুরো প্রতিযোগিতা জুড়ে পিচ ভাল থাকে। বাকি সব মাঠেও একই প্রক্রিয়ায় পিচ তৈরি হয়েছে। তা হলে অসুবিধা কোথায়?” পিচ বিতর্কের মধ্যেই আজ, বৃহস্পতিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামছে কেকেআর। ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। ঘরের মাঠে হায়দরাবাদকে হারাতে মরিয়া কলকাতা। অন্যদিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নিজামের শহরের দল। গত বারের আইপিএলের ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। সানরাইজার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অনেকেই বলছে অতীতের প্রতিশোধ নিতে মরিয়া রয়েছে হায়দরাবাদ।

    ঘুরে দাঁড়ানোর লড়াই

    ১৮ তম আইপিএলের (IPL 2025) শুরুর মোটেও ভালো হয়নি কেকেআরের। উদ্বোধনী ম্যাচেই আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে এই ইডেন গার্ডেন্সেই হারতে হয়েছিল কেকেআরের। পরবর্তীতে রাজস্থানকে হারিয়ে জয়ের অভিযান শুরু করলেও গত ম্যাচে মুম্বইয়ের কাছে পরাজিত হতে হয় কলকাতাকে। এই ম্যাচ শুধুমাত্র পয়েন্ট টেবিলে ওপরে ওঠার জন্য নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও লড়াই নাইটদের কাছে। চলতি আইপিএল পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আছে পাঞ্জাব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে দিল্লি ও বেঙ্গালুরু। তালিকায় একদম নীচে রয়েছে কলকাতা।

LinkedIn
Share