মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগামে পরপর দুটি হামলার তদন্তে এবার সরাসরি লস্কর-ই-তৈবার যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। গত ১১ নভেম্বর মীরবাজারে সিআরপিএফের উপর হামলা এবং গত ১ অগস্ট কুলগামের কিলাম এলাকায় হামলা—দুটির পিছনেই লস্কর জঙ্গি সংগঠনের ভূমিকা রয়েছে বলে নিশ্চিত তদন্তকারী সংস্থাগুলি। সংগঠনটি কখনও ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), কখনও ‘পাসদারান-ই-হুরিয়ত কাশ্মীর’, আবার কখনও ‘কাশ্মীর রেভলিউশনারি আর্মি’র নাম ব্যবহার করে হামলার দায় নিজেদের উপর থেকে সরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ। তদন্তকারীদের নজরে এখন লস্করের সক্রিয় জঙ্গি মহম্মদ লতিফ ভাট।
দুই হামলাতেই লতিফ ভাটের যোগ, মিলেছে গুরুত্বপূর্ণ প্রমাণ
তদন্তকারী সূত্রের দাবি, ১১ নভেম্বর মীরবাজারে সিআরপিএফের উপর হামলাকারী ছিল লস্কর অপারেটিভ লতিফ ভাট। ঘটনাস্থলে উপস্থিত সিআরপিএফ জওয়ানদের বক্তব্যেও তার পরিচয় নিশ্চিত হয়েছে। শুধু সাম্প্রতিক হামলাই নয়, ১ অগস্ট কিলাম এলাকায় হামলার পিছনেও লতিফ ও তার সহযোগীদের হাত ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। দুটি হামলার পদ্ধতি ও ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণের মধ্যেও মিল রয়েছে।
তদন্তে ঘটনাস্থল থেকে একটি মটোরোলা মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার হয়েছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত কার্তুজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সেগুলির সঙ্গে ১ অগস্টের কিলাম হামলার ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজের মিল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীরের কোথাও আত্মগোপন করে রয়েছে লতিফ ভাট। তাকে খুঁজে বের করতে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। অনন্তনাগে হেড কনস্টেবল আশিক হুসেনকে হত্যার ঘটনাতেও তার যোগ রয়েছে বলে অভিযোগ। বিদেশি জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সঙ্গে সমন্বয় করেই সে কাজ করছে বলে দাবি নিরাপত্তা আধিকারিকদের।
৫০০ জনকে জিজ্ঞাসাবাদ, নজরে তিন ওভারগ্রাউন্ড ওয়ার্কার
তদন্তে নতুন করে গুরুত্ব পাচ্ছে জঙ্গিদের মদতদাতা ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW) নেটওয়ার্ক। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে আগাম ও নির্দিষ্ট তথ্য লতিফ ও তার সহযোগীদের কাছে পৌঁছে দিয়েছিল এই নেটওয়ার্কের সদস্যরা। সেই তথ্যের ভিত্তিতেই হামলা চালানো সম্ভব হয়েছিল।
১১ নভেম্বরের হামলার পর একাধিক ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেককে পরে ছেড়ে দেওয়া হলেও অন্তত তিনজনের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিরাপত্তা বাহিনীর দাবি, গত দু’দিনে ৫০০-রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও অন্তত ২০ জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
তদন্তকারীদের মতে, এই নেটওয়ার্কের সন্ধান পাওয়া অত্যন্ত জরুরি। কারণ, একই মদতদাতা চক্রের সাহায্যে লতিফ ভাট অনন্তনাগের হামলা এবং কিলামের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল বলে সন্দেহ। কিলামে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নিশানা করা হয়েছিল।
পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে নতুন নেটওয়ার্ক?
গোয়েন্দা সূত্রের দাবি, উপত্যকায় ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের পুরনো নেটওয়ার্কের বড় অংশ ভেঙে দেওয়া সম্ভব হলেও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে নতুন নতুন চক্র তৈরি হচ্ছে। পহেলগাঁও হামলার পর একাধিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছিল। কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের বিরুদ্ধেই পুলিশের কাছে আগে থেকে নথি ছিল।
তদন্তকারীদের বক্তব্য, স্থানীয়দের ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে ব্যবহার করতে আইএসআই কখনও অর্থের প্রলোভন দেখায়, আবার কখনও সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বাধ্য করে। ফলে পুরনো নেটওয়ার্ক ধ্বংস হলেও নতুন করে মদতদাতা চক্র গড়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে।
নাম বদলে হামলার দায় এড়াতে চাইছে লস্কর
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। গত কয়েক বছরে লস্কর-ই-তৈবা বিভিন্ন ছদ্মনাম ও সহযোগী সংগঠনের পরিচয় সামনে এনে হামলার দায় আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ। রেজিস্ট্যান্স ফ্রন্ট-সহ একাধিক সংগঠনের নাম ব্যবহার করে প্রকৃত সংগঠনের পরিচয় গোপন রাখাই তাদের কৌশল বলে মনে করছেন তদন্তকারীরা।
এর ফলে তদন্তে বিভ্রান্তি তৈরি হয় এবং আন্তর্জাতিক স্তরে সরাসরি লস্করের নাম উঠে আসার সম্ভাবনাও কমে। পাকিস্তানের আইএসআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মদতপুষ্ট সংগঠন হিসেবে লস্কর আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে। তাই বিভিন্ন প্রক্সি সংগঠনের নাম সামনে রেখে দায় অস্বীকারের সুযোগ তৈরি করাই তাদের উদ্দেশ্য বলে গোয়েন্দাদের ধারণা।
তদন্তে এনআইএ, জড়িত অন্তত তিন জঙ্গি
এদিকে বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেখান থেকে নমুনা ও বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ১১ নভেম্বরের হামলায় অন্তত তিনজন জঙ্গি যুক্ত ছিল। তাদের মধ্যে লতিফ ভাট ছাড়াও দু’জন বিদেশি জঙ্গি রয়েছে।
তদন্তের এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, লতিফ ভাট ও দুই বিদেশি জঙ্গির যোগসূত্র যেমন সামনে এসেছে, তেমনই হামলার পিছনে সরাসরি লস্কর-ই-তৈবার ভূমিকার বিষয়টিও স্পষ্ট হয়েছে বলে দাবি আধিকারিকদের।
এখন তদন্তের মূল লক্ষ্য দুটি—লতিফ ভাটকে খুঁজে বের করে তার নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং হামলায় তথ্য ও অন্যান্য সহায়তা জুগিয়েছিল যে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা, তাদের চিহ্নিত করা। নিরাপত্তা সংস্থাগুলির মতে, শুধু হামলাকারীদের নির্মূল করলেই হবে না, জঙ্গিদের স্থানীয় মদতদাতা চক্রের শিকড় উপড়ে ফেলতে না পারলে ভবিষ্যতেও একই ধরনের হামলার আশঙ্কা থেকে যাবে।
