তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
কেউ বয়ঃসন্ধিকালের চৌকাঠে দাঁড়িয়ে, আবার কেউ সদ্য স্কুলে ভর্তি হয়েছে! কিন্তু ইতিমধ্যেই তাদের শরীরে জাঁকিয়ে বসেছে জটিল সমস্যা। আক্রান্তের বয়স আর ব্যতিক্রম থাকছে না। বরং, আক্রান্তের বয়স এখন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।
ভারতে শিশুদের মধ্যে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন চিকিৎসক মহল। তাঁরা জানাচ্ছেন, প্রথম থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে আরও বড় স্বাস্থ্য সঙ্কট তৈরি হতে চলেছে। ১৪ নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে-তে তাই বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, প্রথম পদক্ষেপ থেকেই সজাগ থাকা জরুরি। তবেই সুস্থ দীর্ঘ জীবন যাপন সম্ভব।
কেন ভারতীয় শিশুদের নিয়ে বাড়তি উদ্বেগ?
আধুনিক জীবনে বদলে গিয়েছে খাদ্যাভ্যাস। জীবন যাপনের ধরনেও পরিবর্তন হয়েছে। স্বাস্থ্যে যার সরাসরি প্রভাব পড়ছে। শিশুদের মধ্যে এই প্রভাব আরও গভীর। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে ৩ লাখের ও বেশি শিশু ডায়াবেটিস আক্রান্ত। এমনকি ভারতীয় শিশুদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের দাপট ক্রমশ বাড়ছে। যা জানান দিচ্ছে, অস্বাস্থ্যকর জীবন যাপন ভারতের আগামী প্রজন্মের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।
চিকিৎসকেরা জানাচ্ছেন, খুব কম বয়স থেকেই রক্তে শর্করার মাত্রার ভারসাম্য না থাকলে, পরবর্তী জীবনে একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিডনি, লিভার, হৃদপিন্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা দ্রুত নষ্ট হয়ে যায়। তাছাড়া হরমোনের ভারসাম্য শরীরে একাধিক সমস্যা তৈরি করতে পারে। স্কুল পড়ুয়াদের মধ্যে ডায়াবেটিসের সমস্যা বাড়লে ভবিষ্যতে তাদের সুস্থ জীবন যাপনে নানান জটিলতা তৈরি হতে পারে। তাই ভবিষ্যত নাগরিকদের জীবন কতখানি সুস্থ থাকবে, সেই নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।
ভারতীয় শিশুদের ডায়াবেটিসের দাপটের নেপথ্যে কি ঘুমের ঘাটতি?
চিকিৎসকেরা জানাচ্ছেন, ঘুমের ঘাটতি এখন অন্যতম বড় সমস্যা হয়ে উঠছে। বিশেষত শিশুদের শরীরে ঘুমের ঘাটতি ব্যাপক প্রভাব পড়ে। একাধিক পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ভারতীয় শিশুদের মধ্যে ঘুমের ঘাটতি ক্রমশ বাড়ছে। নিয়মিত পর্যাপ্ত ঘুম না হওয়ার জেরে শরীরে গভীর প্রভাব পড়ছে। পর্যাপ্ত ঘুমের অভাব ডায়াবেটিসের অন্যতম কারণ বলেও মনে করছেন চিকিৎসকদের একাংশ।
ডায়াবেটিসের প্রকোপ ঠেকাতে কেন ঘুমে বাড়তি গুরুত্ব?
চিকিৎসকেরা জানাচ্ছেন, কয়েকটি দিকে নজর দিলেই স্পষ্ট হয়ে যায়, শিশুর সুস্থ শরীরের জন্য ঘুম বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষত ডায়াবেটিসের মতো রোগ ঠেকাতে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইনসুলিনের ভারসাম্যের জন্য জরুরি!
শরীরে ইনসুলিন হরমোনের ভারসাম্য রক্ষা করার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনসুলিন হরমোনের ভারসাম্য নষ্ট হলে ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি বাড়ে। ঘুম কম হলে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। শিশুদের জন্য যা যথেষ্ট বিপজ্জনক।
একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট!
রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ শরীরে হরমোনের ভারসাম্যের অভাব। অপর্যাপ্ত ঘুম শরীরের একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট করে। বিশেষত খিদে পাওয়া, হজম হতে সাহায্য করে এমন হরমোনের সমস্যা দেখা দেয়। শিশুদের তাই ঘুমের ঘাটতি হলে রক্তে শর্করার পরিমাণও ওঠা নামা করতে পারে।
শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার ঝুঁকি!
শিশুদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার অন্যতম কারণ শারীরিক সক্রিয়তা কমে যাওয়া। অর্থাৎ শারীরিক কসরত করা, দৌড়াদৌড়ি, খেলাধুলা না করলে শিশুদের এই ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ক্লান্তি বাড়ে। পেশি ও স্নায়ু ক্রমশ দূর্বল হয়ে পড়ে। ফলে, শারীরিক সক্রিয়তা কমে। অতিরিক্ত ওজনের সমস্যা বাড়ে। ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে।
কতখানি ঘুম জরুরি?
শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা জরুরি। সন্তানের ঘুমের সময় কতখানি বরাদ্দ থাকছে, সেদিকে যেমন নজর দিতে হবে, তেমনি কোন সময়ে সন্তান ঘুমোচ্ছে, নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম হচ্ছে কিনা, সেদিকে নজর দেওয়াও প্রয়োজন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের সময় নির্দিষ্ট থাকলে শরীরে হরমোনের ভারসাম্য ঠিক থাকে। অনিয়মিত ঘুম শরীরের ক্লান্তি বাড়িয়ে দেয়। নানান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তাই বাড়ে।
চিকিৎসকেরা জানাচ্ছেন, ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের নিয়মিত ৯ থেকে ১১ ঘণ্টা ঘুমোনো জরুরি। আবার ১২-১৭ বছর বয়সিদের নিয়মিত ঘুমের জন্য ৮ থেকে ১০ ঘণ্টা বরাদ্দ করা প্রয়োজন। কিন্তু একাধিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতীয় শিশুরা নিয়মিত প্রয়োজনের তুলনায় ৩-৪ ঘণ্টা কম ঘুমোয়। এর ফলে শরীরে একাধিক দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হচ্ছে।
কেন ভারতীয় শিশুদের ঘুমের ঘাটতি?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জীবন যাপনে বদল ঘুমের ঘাটতির অন্যতম কারণ। বহু পরিবারেই বাবা-মা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। পেশাগত কারণে বা নানান ব্যক্তিগত কারণেও এখন গভীর রাত পর্যন্ত জেগে থাকাই অভ্যাস হয়ে উঠছে। দেখা যাচ্ছে, অভিভাবকদের মতো পরিবারের শিশুরাও অনেক রাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু অধিকাংশ স্কুল সকালে শুরু হয়। ফলে শিশুদের ভোরে উঠতে হয়। তাই তারা ঘুমের জন্য যথেষ্ট সময় পাচ্ছে না। কিন্তু গভীর রাত পর্যন্ত জেগে থাকার জেরে এবং অনিয়মিত ভাবে ঘুমের জন্য শরীরে নানান সমস্যা তৈরি হচ্ছে। তাই ডায়াবেটিসের মতো জটিল সমস্যা রুখতে শিশুর ঘুমে বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি। শিশুর ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, সেদিকেও নজর দিতে হবে।
