Tag: জইশ-ই-মহম্মদ

  • Gujarat ATS: ভদোদরায় সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট এটিএস, উদ্ধার একে-৪৭ ও ২৩টি কার্তুজ

    Gujarat ATS: ভদোদরায় সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট এটিএস, উদ্ধার একে-৪৭ ও ২৩টি কার্তুজ

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে জঙ্গি কার্যকলাপের ছক বানচাল করার দাবি অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (ATS)। জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের সন্দেহে অসমের এক যুবককে গ্রেফতার করেছে গুজরাট এটিএস। ধৃতের নাম মহম্মদ শাহরুল ইসলাম। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল এবং ২৩টি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। এই অস্ত্র নিয়ে কেন সে গুজরাটে এসেছিল এবং কোথাও হামলার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    ভদোদরায় এটিএসের অভিযান

    পুলিশ সূত্রে খবর, ভদোদরা জেলার ওয়াঘোড়িয়া তালুকের জারোদ থানার অধীন একটি এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে শাহরুলকে গ্রেফতার করে এটিএস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসমের বাসিন্দা ওই যুবক বাস ও ট্রেনে চেপে গুজরাটে এসেছিল। ভদোদরা রেলস্টেশনের কাছাকাছি এলাকায় সে কিছুদিন ছিল বলেও খবর। কোনও জনবহুল এলাকায় হামলার উদ্দেশ্যেই তার গুজরাটে আসা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এটিএস সূত্রে খবর, গত ছ’মাসেরও বেশি সময় ধরে সন্দেহভাজন ওই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তার মোবাইল ফোন পরীক্ষা করে জইশ-ই-মহম্মদ সংক্রান্ত কিছু তথ্য ও নথিরও সন্ধান মিলেছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতের সঙ্গে ওই জঙ্গি সংগঠনের যোগাযোগ কতটা গভীর, তা জানার চেষ্টা চলছে।

    ধৃতের সঙ্গে কারা যুক্ত, খতিয়ে দেখার দাবি গ্রামবাসীদের

    ঘটনাকে কেন্দ্র করে জারোদ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জারোদ গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চের স্বামী রূপেশভাই কান্তিভাই সোলাঙ্কি জানিয়েছেন, বাইরের রাজ্য থেকে আসা এক ব্যক্তিকে রাইফেল ও কার্তুজ-সহ ধরার ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। এটিএস ও পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেও তাঁর দাবি।

    গ্রামবাসীদের একাংশের দাবি, ধৃতের পরিচয়, তার গুজরাটে আসার উদ্দেশ্য এবং তার সঙ্গে আর কারা যুক্ত, তা দ্রুত সামনে আনা হোক। এই ঘটনার নেপথ্যে কোনও যোগসাজশ থাকলে সংশ্লিষ্ট প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। যদিও সোলাঙ্কির বক্তব্য, এটি কোনও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে তাঁর মনে হয় না। তিনি নিজে ধৃত ব্যক্তিকে দেখেননি বলেও জানিয়েছেন।

    অন্যদিকে, ধৃতকে জেরা করে অস্ত্রের উৎস, সম্ভাব্য হামলার পরিকল্পনা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে তার যোগাযোগের প্রকৃত স্বরূপ জানার চেষ্টা করছে গুজরাট এটিএস। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।

LinkedIn
Share