মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রতিবেশী পাকিস্তানকে সামরিক সহযোগিতা দিতে কোনও আপত্তি নেই তুরস্কের। অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানের পাশে দাঁড়ানোর অভিযোগ উঠেছিল আঙ্কারার বিরুদ্ধে। এমনকী, কাশ্মীর ইস্যুতে বারবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের সুরে সুর মিলিয়েছে তারা। অথচ, এবার ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির সম্ভাবনা নিয়ে সেই রাষ্ট্রসংঘেরই দ্বারস্থ তুরস্ক! নিশানায় ভারত ও সাইপ্রাসের সম্ভাব্য ব্রহ্মস ক্ষেপণাস্ত্র চুক্তি। আর্মেনিয়া, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও অস্বস্তি বাড়ছে আঙ্কারার। প্রশ্ন উঠছে, ভারতের প্রতিবেশীকে অস্ত্র সরবরাহ করতে পারলে তুরস্কের প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তিতে আপত্তি কেন? তুরস্কের এই দ্বিচারিতাই এখন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনার বিষয়।
পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ!
ভারত-তুরস্ক সম্পর্কের অবনতির অন্যতম কারণ পাকিস্তানের সঙ্গে আঙ্কারার দীর্ঘদিনের সামরিক সহযোগিতা। নৌবাহিনীর আধুনিকীকরণ, যুদ্ধজাহাজ নির্মাণ, বিমান সংক্রান্ত প্রকল্প এবং ড্রোন প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে পাকিস্তানকে সহযোগিতা করে এসেছে তুরস্ক। অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। বিশেষ করে ইয়িহা কামিকাজে ড্রোন সরবরাহের বিষয়টি সামনে এসেছিল।
অন্যদিকে, কাশ্মীর ইস্যুতে বারবার আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে তুরস্ক। ভারতের আপত্তি সত্ত্বেও জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করার চেষ্টা করেছে আঙ্কারা। নয়াদিল্লির বক্তব্য, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
কিন্তু এবার সাইপ্রাসের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাষ্ট্রসংঘে অভিযোগ জানিয়ে কার্যত উল্টো অবস্থান নিল তুরস্ক। যে দেশ নিজে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করছে, সেই দেশই ভারতের প্রতিরক্ষা রফতানির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন তুলছে।
ব্রহ্মস নিয়ে কেন এত আপত্তি আঙ্কারার?
গত ৪ নভেম্বর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) এবং সাধারণ পরিষদে (UNGA) একটি চিঠি পাঠান উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের প্রতিনিধি মুরাত সোয়সাল। সেখানে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ তোলা হয় সাইপ্রাসের বিরুদ্ধে।
সাইপ্রাসের একাধিক প্রতিরক্ষা উদ্যোগের উল্লেখ করা হয় ওই চিঠিতে। এর মধ্যে রয়েছে ইজরায়েলের বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, ফ্রান্সের কাছ থেকে সাঁজোয়া যান সংগ্রহ, গ্রিসের ট্যাঙ্ক নিয়ে আলোচনা, সামরিক মহড়া এবং প্রতিরক্ষা পরিকাঠামোর উন্নয়ন। তবে তুরস্কের বিশেষ আপত্তি ভারতের তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে।
সাইপ্রাসের ব্রহ্মস কেনার আগ্রহ এবং ভারত-সাইপ্রাসের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে তুলে ধরেছে আঙ্কারা। চিঠিতে ক্ষেপণাস্ত্রটির সম্ভাব্য পাল্লা ৬৫০ কিলোমিটার বলেও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের মে মাসে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের ভারত সফরের পর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও মজবুত হয়। যদিও ব্রহ্মস কেনা নিয়ে এখনও কোনও চূড়ান্ত চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও বিষয়টি রাষ্ট্রসংঘে তুলে ধরেছে তুরস্ক।
ভারতের প্রতিবেশীকে অস্ত্র দিতে আপত্তি নেই, তুরস্কের প্রতিবেশীকে দিলেই সমস্যা!
তুরস্কের আপত্তির নেপথ্যে রয়েছে আরও বড় একটি কৌশলগত সমীকরণ। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে এমন তিন দেশ—আর্মেনিয়া, গ্রিস এবং সাইপ্রাস—তুরস্কের প্রতিবেশী এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। ফলে এই দেশগুলির হাতে ভারতের তৈরি আধুনিক অস্ত্র পৌঁছনোর সম্ভাবনাকে সহজভাবে নিচ্ছে না আঙ্কারা।
আর্মেনিয়াকে ইতিমধ্যেই আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার-সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে ভারত। এই সহযোগিতা নিয়ে তুরস্ক ও আজারবাইজানের অস্বস্তি নতুন নয়। ‘ওয়ান নেশন, টু স্টেটস’ নীতিতে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রাখা এই দুই দেশ ভারতের আর্মেনিয়া-নীতির বিরোধিতা করে এসেছে।
একইভাবে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গেও প্রতিরক্ষা, সামরিক মহড়া এবং কৌশলগত আলোচনার পরিসর বাড়িয়েছে নয়াদিল্লি। তুরস্কের সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ, ভারতের এই পদক্ষেপ আসলে তুরস্ক-বিরোধী জোট তৈরির চেষ্টা।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে দ্বিচারিতা নিয়ে। পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করে ভারতের নিরাপত্তা উদ্বেগকে কার্যত উপেক্ষা করছে তুরস্ক। অথচ, ভারতের সঙ্গে তুরস্কের প্রতিবেশী দেশগুলির প্রতিরক্ষা সহযোগিতা বাড়লেই আঞ্চলিক শান্তির দোহাই দিচ্ছে আঙ্কারা। অর্থাৎ, নিজেদের কৌশলগত স্বার্থে অন্য দেশের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তোলা তাদের কাছে স্বাভাবিক, কিন্তু ভারতের ক্ষেত্রে সেই একই নীতি মেনে নিতে নারাজ তারা।
ব্রহ্মস কেন গুরুত্বপূর্ণ সাইপ্রাসের কাছে?
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। স্থলভাগের পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতেও নিখুঁত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এর গতি, নির্ভুল আঘাত হানার ক্ষমতা এবং প্রতিপক্ষের পক্ষে প্রতিহত করার কঠিন চ্যালেঞ্জ একে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পদ করে তুলেছে।
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের দক্ষিণ উপকূলের কাছাকাছি অবস্থিত সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র হাতে এলে সমুদ্রপথে সম্ভাব্য প্রতিপক্ষের মোকাবিলা এবং উপকূলীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করার সুযোগ পাবে দেশটি।
আঙ্কারার উদ্বেগও মূলত সেখানেই। ভারতের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা থেকেই সাইপ্রাসের সম্ভাব্য ব্রহ্মস চুক্তিকে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলে মনে করা হচ্ছে।
ভূমধ্যসাগরেও বাড়ছে ভারতের প্রতিরক্ষা প্রভাব
শুধু সাইপ্রাস নয়, ইজরায়েল, মিশর, গ্রিস-সহ পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের একাধিক দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করছে ভারত। একইসঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রেও ক্রমশ গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে নয়াদিল্লি। দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতার পথও খুলছে।
এই পরিস্থিতিতে তুরস্কের রাষ্ট্রসংঘে অভিযোগ শুধু একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র চুক্তির বিরোধিতা নয়, বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আঙ্কারার উদ্বেগেরও ইঙ্গিতবাহী।
সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি দেশেরই নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার অধিকার রয়েছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা যদি তাদের নিজস্ব সিদ্ধান্ত হয়, তাহলে সাইপ্রাস, গ্রিস কিংবা আর্মেনিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়েও আপত্তি তোলার নৈতিক ভিত্তি কতটা? এই প্রশ্নই তুরস্কের অবস্থানকে অস্বস্তিতে ফেলছে। ভারতের অস্ত্র রফতানি নিয়ে আঙ্কারার এই সরব অবস্থান তাই শুধু কূটনৈতিক প্রতিবাদ নয়, বরং দক্ষিণ এশিয়া থেকে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত বদলে যাওয়া কৌশলগত সমীকরণেরও প্রতিফলন।
