Tag: নিম্নচাপ ও বৃষ্টি

  • Winter Dengue: নভেম্বরের বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গির ঝুঁকি? শীতেও সংক্রমণ চলতে পারে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

    Winter Dengue: নভেম্বরের বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গির ঝুঁকি? শীতেও সংক্রমণ চলতে পারে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    আর মাত্র কয়েক সপ্তাহ! শীত দরজায় কড়া নাড়বে! বছরের এই সময়ে আপামর বাঙালি নানান উৎসব-উদযাপনে থাকতে। এই সময়ে আবহাওয়া সারা বছরের থেকে আলাদা! তাই খাওয়া দাওয়া, পিকনিকে হৈ হৈ করে ইংরেজি বছর শেষ হয়। বছরের এই সময়ে কিছুটা মশাবাহিত নানান সংক্রামক রোগের দাপট ও কমে। কিন্তু এবছরে বিপদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেপথ্যে নভেম্বরের নিম্নচাপ! এমনটাই আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্তারা।
    নভেম্বর মাসেও একের পর এক নিম্নচাপ! আর তার জেরে বৃষ্টি হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কোথাও ভারি আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত! আর তার জেরেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! শীতেও ডেঙ্গির প্রকোপ পুরোপুরি কমবে না বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    কেন নভেম্বরের নিম্নচাপ ডেঙ্গির বিপদ বাড়াতে পারে?

    জল জমে থাকা!

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, নভেম্বরের বৃষ্টির পরে ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, নারকেলের খোলা, প্লাস্টিকের পাত্র, নির্মীয়মাণ বাড়ি ও নর্দমার আশপাশে জল জমতে পারে। এগুলি এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই জমা জল দ্রুত পরিষ্কার না করলে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির ঝুঁকি বাড়বে।

    তাপমাত্রার প্রভাব!

    আবহবিদদের একাংশ জানাচ্ছেন, শীতের শুরুতে দিনের তাপমাত্রা খুব বেশি কমে না।‌ তাই মশার উৎপাত থাকতে পারে। অতিরিক্ত ঠান্ডায় মশার বংশবিস্তার ও ভাইরাসের বিকাশের গতি কমে, কিন্তু ঝুঁকি একেবারে শেষ হয় না। তবে কবে তাপমাত্রার পারদ অনেকটা কমে আসবে, সেটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ফলে এই সময়ে মশাবাহিত রোগের সংক্রমণের ঝুঁকি থাকছে।

    সংক্রমণের সময়কাল দীর্ঘায়িত হওয়া

    বিশেষজ্ঞদের মতে, বর্ষার শেষে এবং শীতের শুরুতে জমে থাকা জল থেকে নতুন মশার জন্ম হলে ডেঙ্গির সংক্রমণ আরও কিছুদিন চলতে পারে। নভেম্বরের শেষে নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় আবার জমা জলের সমস্যা দেখা দিচ্ছে। তাই শীতেও ডেঙ্গি সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

    নগরায়ণ ও অপরিকল্পিত নির্মাণ

    প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, কলকাতা, হাওড়া এবং শহরতলির বিভিন্ন এলাকায় নির্মীয়মাণ বাড়ি, খোলা জলাধার ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার বংশবিস্তারে সাহায্য করতে পারে। সে সম্পর্কে জনসচেতনতায় এখনো ঘাটতি রয়েছে। অনেকেই মনে করেন, শীত পড়লেই ডেঙ্গি সংক্রমণ পুরোপুরি কমে যাবে। কিন্তু মশার বংশবিস্তার কমাতে না পারলে, বিপদ কমবে না।

    চলতি বছরে ডেঙ্গি পরিস্থিতি কেমন?

    স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যে ১৫ হাজার ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা,‌ হাওড়া এবং কলকাতাতে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদার মতো জেলাগুলোতেও ডেঙ্গি প্রকোপ মারাত্মক ছিলো। বিশেষত কাকদ্বীপ এবং সুন্দরবন এলাকায় অক্টোবর মাসে ডেঙ্গি সংক্রমণ মারাত্মক হারে বেড়েছিল। স্বাস্থ্য কর্তাদের একাংশ জানাচ্ছেন, শীতের শুরুতে ডেঙ্গি মোকাবিলায় বাড়তি তৎপরতা এবং সচেতনতা না থাকলে শীতেও এই জেলাগুলো নিয়ে আশঙ্কা থাকবে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

    শীতে ডেঙ্গির দাপট কমাতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, শীতে ডেঙ্গির প্রকোপ কমাতে এখন থেকেই সক্রিয়তা জরুরি। বাড়ির আশপাশের এলাকায়, বাগানে কিংবা ছাদে রাখা টবে যাতে জল না জমে সে দিকে নজর রাখতে হবে। মশার বংশবিস্তার রুখতে এলাকা পরিষ্কারের দিকে বাড়তি নজরদারি জরুরি।‌ হাত-পা ঢাকা পোশাক পরা প্রয়োজন। তাহলে মশার কামড় আটকানো সহজ হয়। ডেঙ্গির বিপদ ও কমে।

    প্রয়োজনে মাশারি টাঙিয়ে ঘুমোতে হবে। কারণ, তাহলে মশার বাহিত রোগের সংক্রমণ আটকানো যাবে।
    তবে, ডেঙ্গি সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনদিন একটানা জ্বর,‌ মাথা ব্যথা কিংবা পেটে যন্ত্রণা করলে দেরি না যাবে না। বিশেষজ্ঞের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করিয়ে রোগ নির্ণয় করতে হবে। ডেঙ্গি সংক্রমণ ধরা পড়লে উপযুক্ত চিকিৎসা দ্রুত শুরু করা প্রয়োজন! তবেই বড় বিপদ আটকানো সহজ হবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং প্রতিবেদনে উল্লিখিত কোনও তথ্য বা পরামর্শের দায় মাধ্যম নিচ্ছে না। এখানে দেওয়া কোনও উপদেশ অনুসরণ করার আগে অবশ্যই চিকিৎসক বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
LinkedIn
Share