Tag: বিশ্ব পোলিও দিবস

  • India Polio-Free Status: পোলিওমুক্ত ভারত, তবুও কাটেনি বিপদ! কোন ৫টি সতর্কতা শিশুদের জন্য জরুরি?

    India Polio-Free Status: পোলিওমুক্ত ভারত, তবুও কাটেনি বিপদ! কোন ৫টি সতর্কতা শিশুদের জন্য জরুরি?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    পোলিও মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি পাওয়া গিয়েছে। কিন্তু তারপরেও পুরোপুরি বিপদ মুক্ত নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। তাই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই নিতে হবে। ওয়ার্ল্ড পোলিও ডে উপলক্ষে দেশজুড়ে একাধিক সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।
    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পোলিওমুক্ত দেশের স্বীকৃতি পেয়েছে। কিন্তু পোলিওমুক্ত হওয়া মানেই পোলিওর ঝুঁকি চিরতরে শেষ হয়ে যাওয়া নয়। যত দিন বিশ্বের অন্য কোথাও পোলিও ভাইরাসের সংক্রমণ থাকবে, তত দিন ভারতেও বিদেশ থেকে ভাইরাস প্রবেশের আশঙ্কা এবং টিকাবিহীন শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে।
    বিশেষ করে শিশুদের সম্পূর্ণ টিকাকরণ, নিয়মিত নজরদারি এবং পোলিও সম্পর্কে অভিভাবকদের সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

    ভারত পোলিওমুক্ত হলেও ঝুঁকি কোথায়?

    বিদেশ থেকে ভাইরাসের প্রবেশ!

    পোলিও মুক্ত হলেও পোলিও-র বিপদ কমেনি। কারণ বিদেশ থেকে পোলিও-র ভাইরাস সংক্রমণ হতেই পারে। আফগানিস্তান ও পাকিস্তানে প্রচুর পোলিও ভাইরাসের সংক্রমণ এখনও রয়েছে। আন্তর্জাতিক যাতায়াতের মাধ্যমে ভাইরাস অন্য দেশেও পৌঁছতে পারে।

    টিকাবিহীন শিশুদের ঝুঁকি

    কোনও এলাকায় পর্যাপ্ত সংখ্যক শিশু টিকা না পেলে ভাইরাস ছড়ানোর সুযোগ তৈরি হয়। তাই শিশুদের ঠিকমতো টিকা দেওয়া হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। বিশেষত সদ্যোজাতেরা যাতে কোনো টিকার ডোজ থেকে বাদ না পড়ে, সেদিকে নজর দিতে হবে।

    ওয়ার্ল্ড পোলিও ডে উপলক্ষে কী বিশেষ বার্তা?

    এ বছরে ওয়ার্ল্ড পোলিও ডে- উপলক্ষে বিশেষ ভাবে বলা হচ্ছে, পোলিও রুখতে একটি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ! অর্থাৎ, টিকা করণের দিন সবচেয়ে জরুরি। একদিন পোলিও টিকা করণ পোলিও বিপদ অনেকটাই কমিয়ে দেবে। তাই এ বছরের বার্তা, “One day, one focus, ending polio for good: Together let us build a polio-free future.” অর্থাৎ, একটি দিন, একটি লক্ষ্য—চিরতরে পোলিও নির্মূল। এবছর প্রচারের মূল লক্ষ্য হলো, বিশ্ব থেকে পোলিও সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত টিকাকরণ, জনসচেতনতা ও নজরদারি অব্যাহত রাখা কতখানি প্রয়োজন, সেদিকে নজর দেওয়া।

    পোলিও রুখতে কোন কোন দিকে বাড়তি নজরদারি জরুরি?

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, পোলিও ভাইরাসের বিপদ কমাতে কয়েকটি দিকে বাড়তি সতর্কতা ও নজরদারি জরুরি।

    পালস পোলিও কর্মসূচিতে অংশগ্রহণ!

    নিয়মিত টিকা নেওয়া থাকলেও সরকারি নির্দেশ অনুযায়ী পালস পোলিও অভিযানে শিশুকে নিয়ে যেতে হবে। অভিযানের অতিরিক্ত ডোজ এবং নিয়মিত টিকাকরণ পরস্পরের বিকল্প নয়।

    প্রান্তিক গোষ্ঠী ও পরিযায়ী পরিবারের কাছে টিকাকরণ কর্মসূচি পৌঁছনো!

    পরিযায়ী শ্রমিকের পরিবার, বস্তি, দুর্গম এলাকা, নবজাতক এবং নিয়মিত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত শিশুদের টিকাকরণে বিশেষ নজর প্রয়োজন। বিশেষত পরিযায়ী শ্রমিকদের পরিবার দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করেন। সেই শিশুদের নিয়মিত টিকাকরণ হচ্ছে কিনা, সেদিকে বাড়তি নজর রাখতে হবে। কোনো ভাবেই যাতে পোলিও-র ডোজ বাদ না পড়ে সেটা নিশ্চিত করতে হবে।

    সংক্রমণের দ্রুত শনাক্তকরণ

    স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পোলিও-সদৃশ উপসর্গ, বিশেষত হঠাৎ হাত-পা দুর্বল বা অবশ হয়ে যাওয়ার ঘটনা দ্রুত রিপোর্ট করতে হবে। মল পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় এবং পরিবেশগত নজরদারিও গুরুত্বপূর্ণ।

    অভিভাবকদের জন্য কোন বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ?

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি সহজ বিষয়ে নজর রাখলেই সন্তানের পোলিও সংক্রমণের ঝুঁকি নিশ্চিহ্ন করা যাবে। তাই পোলিও রুখতে চিকিৎসকদের কিছু বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে—

    • ● শিশুর টিকাকরণের কার্ড দেখে সমস্ত ডোজ সম্পূর্ণ হয়েছে কি না যাচাই করতে হবে।
    • ● সরকারি পালস পোলিও অভিযানের ঘোষণা অনুসরণ করতে হবে। তাহলে টিকার ডোজ বাদ পড়ার ঝুঁকি থাকবে না।
    • ● শিশুর টিকা বাদ পড়লে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা না করে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
    • ● পোলিওমুক্ত দেশ বলে টিকা বন্ধ করলে চলবে না বা ঝুঁকিকে হালকাভাবে নেওয়া যাবে না।
    • ● শিশুর হঠাৎ হাত-পা দুর্বল হয়ে যাওয়া বা অবশ হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষত সন্তানের বয়স পাঁচ বছরের কম হলে বাড়তি নজরদারি প্রয়োজন।
LinkedIn
Share