Tag: ভাইফোঁটার ইতিহাস

  • Bhai Phonta 2026: ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেন বোনেরা, কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই রীতি?

    Bhai Phonta 2026: ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেন বোনেরা, কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই রীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাইফোঁটা বাঙালির চিরকালীন সম্প্রীতি ও ভালোবাসার উৎসব। ভাই-বোনের মিষ্টি-মধুর সম্পর্কের উদযাপন এই দিন। বাংলার ঘরে ঘরে পালিত এই উৎসব মহারাষ্ট্র ও গুজরাটের মতো পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ‘ভাই দুজ’ নামে পরিচিত। আবার কর্নাটক ও গোয়ায় একে বলা হয় ‘ভাই বিজ’। উত্তরবঙ্গে প্রচলিত নাম ‘ভাই টিকা’। হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনি (Mythological Stories)। কীভাবে শুরু হয়েছিল ভাইফোঁটা পালনের রীতি? এর নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি প্রচলিত উপাখ্যান।

    যম-যমুনার গল্প (Yama-Yamuna)

    কথিত আছে, সূর্যদেব ও তাঁর স্ত্রী সংজ্ঞার এক পুত্র ও এক কন্যা ছিল। তাঁদের নাম যম ও যমুনা। সন্তানদের জন্মের পর সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে সংজ্ঞা নিজের প্রতিরূপ ছায়াকে তাঁদের কাছে রেখে চলে যান। সংজ্ঞার প্রতিরূপ হওয়ায় প্রথমদিকে কেউ ছায়াকে চিনতে পারেননি। কিন্তু ছায়ার কাছে যম ও যমুনা কখনও মায়ের প্রকৃত স্নেহ-ভালোবাসা পাননি। বরং দিনের পর দিন তাঁদের প্রতি অবহেলা ও অত্যাচার চলতে থাকে। অন্যদিকে, সংজ্ঞার প্রতিরূপ ছায়ার আসল পরিচয় বুঝতে না পেরে সূর্যদেবও কোনও পদক্ষেপ করেননি।

    একসময় ছায়ার চক্রান্তে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হন যমুনা। পরে তাঁর বিয়ে হয় এবং তিনি যমের থেকে অনেক দূরে সংসার পাতেন। দীর্ঘদিন দিদির সঙ্গে দেখা না হওয়ায় যমের মন কেঁদে ওঠে। অবশেষে একদিন তিনি দিদির বাড়িতে হাজির হন। প্রিয় ভাইকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন যমুনা। ভাইয়ের জন্য নানা পদের খাবারের আয়োজন করেন এবং স্নেহ-যত্নে আপ্যায়ন করেন।

    ফিরে যাওয়ার সময় দিদির আতিথেয়তায় মুগ্ধ যম তাঁকে একটি বর চাইতে বলেন। তখন যমুনা প্রার্থনা করেন, এই দিনটি যেন প্রতি বছর ভাইদের মঙ্গল কামনায় বোনেরা পালন করেন। যম সেই প্রার্থনা মঞ্জুর করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সেই থেকেই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় ভাই-বোনের এই মিলনোৎসব পালিত হয়ে আসছে। এই কাহিনির সঙ্গে জড়িয়ে রয়েছে ভাইফোঁটার অন্যতম পরিচিত নাম ‘যমদ্বিতীয়া’।

    কৃষ্ণ-সুভদ্রার কাহিনি (Lord Krishna-Subhadra)

    ভাইফোঁটা পালনের নেপথ্যে আরও একটি পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে। কথিত আছে, একসময় রাজা বলির হাতে পাতালে বন্দি হয়েছিলেন বিষ্ণু। এর ফলে বিপদের মুখে পড়েন স্বর্গের দেবতারা। কোনওভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছিল না, তখন দেবী লক্ষ্মীর উপর ভরসা করেন সকলে। স্বামী নারায়ণকে উদ্ধার করার জন্য লক্ষ্মী রাজা বলিকে ভাই পাতিয়ে নেন। এমনকী তাঁকে ফোঁটাও দেন। দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি। ফোঁটা পেয়ে বলি লক্ষ্মীকে উপহার দিতে চাইলে তিনি স্বামীর মুক্তির কথাই উপহার হিসেবে চান। বোনের আবদার রাখতে রাজি হন বলি এবং বিষ্ণুকে মুক্তি দেন। এই কাহিনিও ভাইফোঁটার প্রচলিত পৌরাণিক উপাখ্যানগুলির মধ্যে অন্যতম।

    অন্যদিকে, ভাইফোঁটা নিয়ে কৃষ্ণ ও সুভদ্রার উপাখ্যানও বেশ পরিচিত। কথিত রয়েছে, নরকাসুরকে বধ করার পর দ্বারকায় ফিরে আসেন শ্রীকৃষ্ণ। ভাইকে দীর্ঘদিন পর কাছে পেয়ে আনন্দের সীমা ছিল না বোন সুভদ্রার। তিনি কৃষ্ণকে সাদরে বরণ করে নেন। তাঁর কপালে বিজয়তিলক পরিয়ে দেন, আরতি করেন এবং মিষ্টিমুখ করান। সেই থেকেই নাকি ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর মঙ্গল কামনার রীতি শুরু হয়।

    জৈন ধর্মের কাহিনি

    ভাইফোঁটার সঙ্গে জৈন ধর্মেরও একটি কাহিনি জড়িয়ে রয়েছে। চতুর্দশ শতাব্দীর একটি পুঁথির উল্লেখ অনুসারে, জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীর বর্ধমানের মহাপ্রয়াণের পর তাঁর দাদা রাজা নন্দীবর্ধন মানসিকভাবে ভেঙে পড়েন। ভাইয়ের এই শোকের সময়ে তাঁর বোন সুদর্শনা তাঁকে সান্ত্বনা দেন এবং নিজের কাছে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করেও ভাই-বোনের সম্পর্কের এই উৎসবের প্রচলনের একটি কাহিনি শোনা যায়।

    মহাবীরের নির্বাণলাভের সময়কাল ধরা হয় ৫২৭ খ্রিস্টপূর্বাব্দ। সেই হিসেব অনুযায়ী, এই কাহিনির সঙ্গে ভাইফোঁটার যোগসূত্র সত্য বলে ধরে নিলে উৎসবটির ইতিহাস আড়াই হাজার বছরেরও বেশি পুরনো হতে পারে। তবে এই সময়কালকে ভাইফোঁটা পালনের নিশ্চিত ঐতিহাসিক সূচনা হিসেবে ধরা যায় না।

    এমনই নানা পৌরাণিক কাহিনি ও লোকবিশ্বাসকে ঘিরে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে, কালীপুজোর পর ভাইফোঁটা উৎসব পালিত হয়। এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় উপবাস রাখেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে, মিষ্টিমুখ করিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন। অন্যদিকে, ভাইয়েরাও বোনকে উপহার দিয়ে ভালোবাসা ও দায়িত্বের বন্ধন আরও দৃঢ় করেন। ভাই-বোনের এই চিরন্তন সম্পর্কের উদযাপনেই আজ মেতে উঠেছে বাঙালির ঘরবাড়ি।

LinkedIn
Share