Tag: মংলা বন্দর

  • China Bangladesh Missile Chemical: ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান বাংলাদেশে পাঠাচ্ছিল চিন? ইন্দোনেশিয়ায় আটক জাহাজ ঘিরে চাঞ্চল্য!

    China Bangladesh Missile Chemical: ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান বাংলাদেশে পাঠাচ্ছিল চিন? ইন্দোনেশিয়ায় আটক জাহাজ ঘিরে চাঞ্চল্য!

    সুশান্ত দাস

    চিন থেকে বাংলাদেশে আসছিল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক। সঙ্গে ছিল লক্ষ লক্ষ অনিবন্ধিত ৪জি সিম কার্ড। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে আটক হল কমোরোসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। জাহাজটি থেকে উদ্ধার হয়েছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট (Sodium Perchlorate)। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর দাবি, উদ্ধার হওয়া এই রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান জোগানো সম্ভব। প্রশ্ন উঠছে, বাংলাদেশে এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের কাঁচামাল পাঠানোর উদ্দেশ্য কী? কারাই বা এর প্রকৃত প্রাপক? আর এই চালানের নেপথ্যে কি রয়েছে চিনের কোনও বৃহত্তর সামরিক ও ভূরাজনৈতিক পরিকল্পনা?

    চিন থেকে বাংলাদেশ, মাঝপথে জাহাজ আটক

    বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর (TBS) প্রতিবেদন অনুযায়ী, এমভি স্টার লাইনস (MV Star Lines) নামে কমোরোসের পতাকাবাহী জাহাজটি চিনের লিয়ানইউনগ্যাং বন্দর থেকে বাংলাদেশের মংলা বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের কাছে ইন্দোনেশিয়ার জলসীমায় জাহাজটিকে আটক করে সে দেশের নৌবাহিনী। পরদিন, অর্থাৎ ৮ নভেম্বর মংলা বন্দরে পৌঁছনোর কথা ছিল জাহাজটির।

    আবার ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত পথের বাইরে গিয়ে বেলাওয়ান জলসীমায় জ্বালানি ভরার জন্য অস্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল জাহাজটি। তার গতিবিধিতে সন্দেহ হওয়ায় নজরদারি শুরু করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। নৌবাহিনীর টহলদারি জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ (KRI Sigalu-857) রেডারে জাহাজটির গতিপথে অসংগতি শনাক্ত করে। বারবার বেতার বার্তা পাঠানো হলেও কোনও উত্তর মেলেনি। এরপরই জাহাজটিতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়।

    ২০ নভেম্বর বেলাওয়ানের নৌবাহিনীর আঞ্চলিক সদর দফতরে সাংবাদিক বৈঠক করে গোটা অভিযানের কথা প্রকাশ্যে আনে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। তদন্তকারীদের সন্দেহ, যাত্রাপথে জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ রাখা হয়ে থাকতে পারে। তবে এই অভিযোগ এখনও তদন্তের আওতায় রয়েছে।

    ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, তৈরি হতে পারে ১০০ ক্ষেপণাস্ত্র!

    জাহাজটির ৩৬টি কন্টেনার পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারীরা। তার মধ্যে ১৫টি কন্টেনারে ছিল মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫৪টি প্যালেটে রাখা লক্ষ লক্ষ অনিবন্ধিত ফাঁকা ৪জি এলটিই সিম কার্ড।

    সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক। শিল্পক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহারের পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতেও এর ব্যবহার রয়েছে। এটি নিজে বিস্ফোরক বা জ্বালানি নয়, তবে দহনে সহায়তা করে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান জানিয়েছেন, এই রাসায়নিক ক্ষেপণাস্ত্র ও রকেট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান। উদ্ধার হওয়া পরিমাণ দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান জোগানো সম্ভব বলে তাঁর দাবি।

    এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশে কি এই পরিমাণ কৌশলগত রাসায়নিকের প্রয়োজন রয়েছে? যে দেশের নিজস্ব সামরিক শিল্পে গোলাবারুদ ও হালকা আগ্নেয়াস্ত্র তৈরি হলেও রকেট ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় পরিকাঠামো নেই, সেখানে ৪০৫ টন এই রাসায়নিক পাঠানোর উদ্দেশ্য কী? এটি কি নিছক বাণিজ্যিক চালান, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও সামরিক হিসেব?

    বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর নেপথ্যে কি চিন?

    বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা থাকলেও উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকাঠামো সীমিত। ফলে চিন থেকে এত বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট আমদানির সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এই রাসায়নিকের চূড়ান্ত ব্যবহার কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। এর সঙ্গে কোনও ক্ষেপণাস্ত্র প্রকল্পের সরাসরি যোগ রয়েছে, এমন প্রমাণও সামনে আসেনি।

    তবে বিষয়টিকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেখার অবকাশ রয়েছে। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরেই চিনের ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বেজিংয়ের সহযোগিতা সুপরিচিত। এবার পূর্ব সীমান্তে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পিছনেও কি চিনের কোনও দীর্ঘমেয়াদি কৌশল কাজ করছে?

    ভারতকে কি পশ্চিম ও পূর্ব—দুই দিক থেকেই কৌশলগত চাপে রাখার পরিকল্পনা করছে বেজিং? পাকিস্তানকে সামরিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশকেও কি ধীরে ধীরে আরও উন্নত সামরিক প্রযুক্তি ও উপাদানের জোগান দেওয়ার চেষ্টা চলছে? ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে চিনের দীর্ঘদিনের কৌশলগত আগ্রহের প্রেক্ষাপটে এই প্রশ্নগুলি আরও তাৎপর্যপূর্ণ। যদিও, ইন্দোনেশিয়ায় আটক হওয়া এই চালান একাই এমন কোনও পরিকল্পনার প্রমাণ নয়, তা সত্ত্বেও বাংলাদেশে এই বিপুল পরিমাণ রাসায়নিক এবং উপর্যুপরি আন-রেজিস্টার্ড সিম কার্ড পাঠানো যে একেবারে, কোনওভাবেই যে নিছক নয়, তা আন্দাজ করাই যায়।  এর নেপথ্যে বেজিংয়ের আসল অভিসন্ধি নিয়ে একাধিক প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

    জাহাজের নথিতেও অসঙ্গতি, সন্দেহ আরও বাড়ছে

    শুধু পণ্য নয়, জাহাজটির পরিচয় ও নথিপত্র নিয়েও একাধিক অসঙ্গতি পেয়েছেন ইন্দোনেশিয়ার তদন্তকারীরা। ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, জাহাজের নথিতে তার নিবন্ধনের মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত বৈধ বলে উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট রেজিস্ট্রিতে সেটির অবস্থা ‘সাসপেন্ডেড’ বা স্থগিত দেখানো হয়েছে।

    অন্যদিকে, ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম এসআইবি নিউজ নেটওয়ার্কের দাবি, জাহাজটির নিবন্ধনের মেয়াদ ২০২৬ সালের ৮ অক্টোবর শেষ হয়েছিল এবং তার বৈধতা স্থগিত ছিল। নথির এই অসঙ্গতিও তদন্তের আওতায় রয়েছে।

    এছাড়া জাহাজটির লাইফ র‍্যাফ্ট, অগ্নিনির্বাপক যন্ত্র এবং উদ্ধারকারী নৌকা সংক্রান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘনের সম্ভাবনাও খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। বর্তমানে জাহাজের কর্মী, পণ্য পরিবহণের নথি এবং চালানের সঙ্গে যুক্ত সংস্থাগুলির ভূমিকা পরীক্ষা করা হচ্ছে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাসায়নিকের প্রকৃত মালিক বা বাংলাদেশের কোন সংস্থা তা আমদানি করার কথা ছিল, তা এখনও প্রকাশ্যে আসেনি। পণ্যবাহী জাহাজের ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (Import General Manifest) থেকে আমদানিকারক ও পণ্যের পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

    মংলা বন্দর ঘিরে চিন-ভারতের কৌশলগত প্রতিযোগিতা?

    এই ঘটনার গুরুত্ব আরও বাড়ছে মংলা বন্দরের ভূরাজনৈতিক অবস্থানের কারণে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা, দেশের দক্ষিণ-পশ্চিমে বাগেরহাট জেলায় পশুর নদীর তীরে অবস্থিত। বঙ্গোপসাগরের কাছাকাছি এই বন্দর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ২০১৫ ও ২০১৮ সালে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহণের সুযোগ পেয়েছে ভারত। এর ফলে দেশের মূল ভূখণ্ড থেকে দীর্ঘ ও ঘুরপথে পণ্য পাঠানোর নির্ভরতা কমেছে। পাশাপাশি মংলা বন্দরের সঙ্গে যোগাযোগ উন্নত করতে খুলনা-মংলা রেলপথ নির্মাণেও অর্থায়ন করেছে নয়াদিল্লি।

    অন্যদিকে, এই বন্দরকে ঘিরে নিজেদের অর্থনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে চিনও। ২০২৬ সালের জুনে বাংলাদেশের সঙ্গে চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (CCECC) একটি চুক্তি হয়। মংলা বন্দরের সংলগ্ন ১১০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৫ সালের একটি চুক্তি অনুযায়ী ওই জমিতে ভারত-সহযোগিতায় অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৫ সালে সেই প্রকল্প বাতিল হয়ে যায়। পাশাপাশি মংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য প্রায় ৩৩৬ মিলিয়ন ডলার ঋণও দিয়েছে চিন।

    অর্থাৎ, মংলা বন্দরকে কেন্দ্র করে একদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক স্বার্থ, অন্যদিকে চিনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উপস্থিতি—দুইয়েরই গুরুত্ব রয়েছে। সেই প্রেক্ষাপটে চিন থেকে বাংলাদেশগামী একটি জাহাজে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের কাঁচামাল উদ্ধারের ঘটনা নিছক একটি চোরাচালানের তদন্তে সীমাবদ্ধ থাকছে না।

    চিনের উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন

    সব মিলিয়ে, প্রশ্ন একটাই— বাংলাদেশে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাঠানোর পিছনে আসল উদ্দেশ্য কী? চিন কি শুধুই বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে, নাকি পদ্মাপারের দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে চাইছে? পাকিস্তানের মাধ্যমে ভারতের পশ্চিম সীমান্তে কৌশলগত চাপ বজায় রাখার পাশাপাশি পূর্ব সীমান্তেও কি নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে বেজিংয়ের? ভারতের সামনে কি ভবিষ্যতে আরও জটিল ‘টু-ফ্রন্ট’ নিরাপত্তা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে? উত্তর মিলবে ইন্দোনেশিয়ার তদন্তে। আপাতত অজানা রয়ে গেল এই বিপুল পরিমাণ কৌশলগত রাসায়নিকের প্রকৃত মালিক এবং চূড়ান্ত গন্তব্য।

LinkedIn
Share