মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বুধবার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বিজেপির দুই নবনির্বাচিত বিধায়ক হাসিরানি রথ ও শাখারভ সরকার। স্পিকার রথীন্দ্র বসুর উপস্থিতিতে বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই বিধায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি উপনির্বাচনের ফলাফল, বিরোধী শিবিরের রাজনৈতিক অবস্থান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী।
‘এ তো সবে ব্রেকফাস্ট’, বিরোধীদের উদ্দেশে বার্তা
শপথগ্রহণ অনুষ্ঠানে দুই নবনির্বাচিত বিধায়কের কাঁধে উত্তরীয় পরিয়ে তাঁদের নতুন দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে বিজেপির সাফল্যকে সরকারের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে ব্যাখ্যা করেন তিনি। তাঁর দাবি, ফলতায় দেবাংশু পণ্ডা ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, রেজিনগরে শাখারভ সরকারের ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়ও তাৎপর্যপূর্ণ।
উপনির্বাচনের ফলাফল নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে। যা দেখছেন, তা সকালের চা-বিস্কুট। এখনও লাঞ্চ হয়নি। দেখতে থাকুন।” নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন, নন্দীগ্রামে বিরোধীরা ভোটের আগেই ময়দান ছেড়ে পালিয়েছিল। রেজিনগরে বিরোধীরা জামানতের টাকাও বাঁচাতে পারেনি বলে কটাক্ষ করেন তিনি।
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি
এদিনের অনুষ্ঠানে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। হাসিরানি রথের ছেলে চন্দ্রনাথ একসময় তাঁর সহযোগী ছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর সহযোগী হওয়ার কারণেই চন্দ্রনাথকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছিল।
শুভেন্দুর বক্তব্য, এই ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের জন্য ২ কোটি টাকার সুপারি কে দিয়েছিল, তদন্তে সেই বিষয়টি এখনও স্পষ্ট হওয়া বাকি। এ প্রসঙ্গে তিনি বলেন, “সেই সুপারি কি ক্যামাক স্ট্রিট থেকে দেওয়া হয়েছিল, নাকি ডায়মন্ড হারবার কিংবা কালীঘাট থেকে—সেটা স্পষ্ট হলেই গোটা তদন্তের বৃত্ত সম্পূর্ণ হবে।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সুপারি দেওয়ার অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনও সামনে আসেনি।
মমতাকে নিশানা, নন্দীগ্রাম বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা
কেন ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রাম আসনটি বেছে নিয়েছিলেন, সেই প্রসঙ্গও এদিন ফের সামনে আনেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “আমি যদি ওই আসন ছেড়ে আসতাম, তবে উনি ফের উপনির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। কিন্তু এই বয়সে আর ওসব করা উচিত নয়, অনেক বয়স হয়েছে, ওঁর এখন বিশ্রাম নেওয়া উচিত।”
নন্দীগ্রাম ও রেজিনগরের ফলাফলকে সামনে রেখে বিরোধীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আত্মবিশ্বাসী বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট, উপনির্বাচনের ফলকে আগামী দিনের রাজনীতিতে বিজেপির শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবেই তুলে ধরতে চাইছে শাসক শিবির।
‘সাম্প্রদায়িক’ তকমা খারিজে রেজিনগরের উদাহরণ
বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আক্রমণ করার বিরোধী প্রচারকেও এদিন চ্যালেঞ্জ করেন শুভেন্দু অধিকারী। রেজিনগরের উপনির্বাচনের ফলাফলকে উদাহরণ হিসেবে তুলে ধরে তাঁর দাবি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও বিজেপির প্রতি সমর্থন বেড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “সেখানকার সংখ্যালঘু মুসলিম বোনেরা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের সরকারি সুবিধা পেয়েছেন, তাঁরাও আমাদের ভোট দিয়েছেন।”
রেজিনগরের বুথভিত্তিক ফলাফলের প্রসঙ্গ তুলে শুভেন্দুর দাবি, প্রায় ৩০০টি বুথের মধ্যে মাত্র ১০০টি বুথ সনাতনী অধ্যুষিত। বাকি সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতেও বিজেপি প্রার্থী শাখারভ সরকার উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা মাথায় টিকা লাগাই। কিন্তু সরকার চালাতে গেলে আমরা দলের সংকীর্ণতা পেরিয়ে সমস্ত মানুষের উন্নয়কেই সর্বোচ্চ অগ্রাধিকার দিই।”
দুই বিধায়কের শপথগ্রহণকে কেন্দ্র করে এদিন বিধানসভায় যেমন নতুন জনপ্রতিনিধিদের আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণ সম্পন্ন হল, তেমনই উপনির্বাচনের ফলাফলকে ঘিরে রাজ্যের রাজনৈতিক তরজাও আরও তীব্র হল। বিজেপির জয়ের ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী উন্নয়ন, সংখ্যালঘু সমর্থন এবং বিরোধীদের রাজনৈতিক অবস্থান—এই তিনটি বিষয়কেই বিশেষ গুরুত্ব দিলেন।

