Tag: লং রেঞ্জ অ্যাটাক ড্রোন

  • KAL Attack Drone: পোখরানে সফল ‘কাল’-এর পরীক্ষা! ১০০০ কিমি পাল্লার দেশীয় কামিকাজে ড্রোনে বড় সাফল্য ভারতের

    KAL Attack Drone: পোখরানে সফল ‘কাল’-এর পরীক্ষা! ১০০০ কিমি পাল্লার দেশীয় কামিকাজে ড্রোনে বড় সাফল্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘপাল্লার একমুখী আক্রমণাত্মক ড্রোন (Long-Range One-Way Attack Drone) তৈরির ক্ষেত্রে আরও এক ধাপ এগোল ভারত। সম্প্রতি, নয়ডার প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা আইজি ডিফেন্স (IG Defence)-এর দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘কাল’ (KAL) ড্রোন রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। এই পরীক্ষা দীর্ঘপাল্লার স্বয়ংক্রিয় ড্রোন-ভিত্তিক আক্রমণ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে জানিয়েছে সংস্থাটি।

    ১০০০ কিলোমিটার পর্যন্ত পাল্লা

    সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ‘কাল’ ড্রোনের সর্বোচ্চ পাল্লা ১০০০ কিলোমিটার পর্যন্ত। এর ফ্লাইট এন্ডিওরেন্স বা একটানা উড়ে থাকার ক্ষমতা ৭ থেকে ৮ ঘণ্টা। সর্বোচ্চ ৫০ কেজি পেলোড (বিস্ফোরক) বহন করতে পারে এই ড্রোন। অপারেটিং অল্টিটিউড সর্বোচ্চ ৫০০০ মিটার এবং সর্বোচ্চ টেক-অফ ওজন প্রায় ২০০ কেজি। ড্রোনটি ঘণ্টায় প্রায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার গতিতে ক্রুজ করতে পারে। দীর্ঘপাল্লার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটিকে তৈরি করা হয়েছে। তবে নির্দিষ্ট অস্ত্র বা মিশন কনফিগারেশন এবং কার্যকরী অনুমোদনের উপর এর ব্যবহার নির্ভর করবে।

    কীভাবে কাজ করবে ‘কাল’?

    ‘কাল’-এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্বয়ংক্রিয় নেভিগেশন ব্যবস্থা। ম্যানুয়াল পাইলটিংয়ের প্রয়োজন কমাতে এতে মাল্টি-ব্যান্ড জিএনএসএস (GNSS) এবং ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম (INS)-এর সমন্বিত নেভিগেশন স্যুট ব্যবহার করা হয়েছে। এর ফলে নির্ধারিত মিশন প্রোফাইল অনুযায়ী ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে এবং নির্দিষ্ট এলাকায় পৌঁছতে সক্ষম হওয়ার কথা। সংস্থার তথ্য অনুযায়ী, ‘কাল’-কে গুরুত্বপূর্ণ পরিকাঠামো, রেডার, এয়ার-ডিফেন্স ব্যবস্থা এবং অন্যান্য কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্দিষ্ট আঘাতের জন্য কনফিগার করা যেতে পারে।

    ইউক্রেন যুদ্ধের পর বদলেছে ড্রোন যুদ্ধের সমীকরণ

    দীর্ঘপাল্লার ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোনের গুরুত্ব গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরানি উৎসের শাহেদ-১৩৬ (Shahed-136) এবং রুশ গেরান-২ (Geran-2)-এর ব্যবহার দেখিয়েছে, তুলনামূলক কম খরচের ড্রোন দিয়েও দীর্ঘপাল্লার হামলা চালিয়ে শত্রুর এয়ার-ডিফেন্স ব্যবস্থার উপর দীর্ঘস্থায়ী চাপ তৈরি করা সম্ভব।

    পরবর্তী সময়ে শাহেদ-শ্রেণির ড্রোনের ব্যবহার মধ্যপ্রাচ্য এবং লোহিত সাগরকেন্দ্রিক সামুদ্রিক সংঘাতেও দেখা গিয়েছে। ফলে দীর্ঘপাল্লার স্বয়ংক্রিয় স্ট্রাইক ড্রোন এখন আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হয়ে উঠছে। এই পরিবর্তিত যুদ্ধকৌশলের প্রেক্ষাপটেই দেশীয় প্রযুক্তিতে ‘কাল’-এর মতো প্ল্যাটফর্ম তৈরির গুরুত্ব বাড়ছে।

    ‘গ্রিড স্ট্রাইক’ প্রকল্পের অংশ ‘কাল’

    আইজি ডিফেন্সের ‘গ্রিড স্ট্রাইক’ (GRID STRIKE) দীর্ঘপাল্লার প্রিসিশন-স্ট্রাইক পোর্টফোলিওর অংশ ‘কাল’। সংস্থার গ্রিড ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেমের (GRID Battle Management System) সঙ্গেও এটি সংযুক্ত করা যেতে পারে। এই ব্যবস্থা একটি এআই-চালিত সি৫আইএসআরটি (C5ISRT) আর্কিটেকচার, যার লক্ষ্য যুদ্ধক্ষেত্রের তথ্য এবং বিভিন্ন আনম্যানড প্ল্যাটফর্মকে সমন্বয় করা।

    আইজি ডিফেন্সের প্রতিষ্ঠাতা ও সিইও বোধিসত্ত্ব সংঘপ্রিয় বলেন, পোখরানে ‘কাল’-এর সফল পরীক্ষা সংস্থার পাশাপাশি ভারতের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। তাঁর বক্তব্য, সাম্প্রতিক যুদ্ধগুলি দেখিয়েছে যে দীর্ঘপাল্লার ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন আর কোনও প্রান্তিক সক্ষমতা নয়; আধুনিক যুদ্ধে প্রিসিশন স্ট্রাইক, এয়ার-ডিফেন্স এবং কৌশলগত প্রতিরোধের হিসাবেও এগুলির গুরুত্ব বাড়ছে।

    ‘কাল’-এর পোখরান পরীক্ষা তাই শুধু একটি নতুন ড্রোনের ট্রায়াল নয়; দীর্ঘপাল্লার, স্বয়ংক্রিয় এবং দেশীয় মানববিহীন স্ট্রাইক প্রযুক্তি গড়ে তোলার ভারতের বৃহত্তর প্রচেষ্টারও একটি গুরুত্বপূর্ণ ধাপ।

LinkedIn
Share