Tag: শীতের স্বাস্থ্য

  • Winter Digestion Problems: শীত পড়তেই বাড়ছে হজমের সমস্যা? কোন ৩ ঘরোয়া পানীয়তে মিলবে স্বস্তি, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

    Winter Digestion Problems: শীত পড়তেই বাড়ছে হজমের সমস্যা? কোন ৩ ঘরোয়া পানীয়তে মিলবে স্বস্তি, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলাচ্ছে আবহাওয়া! তাপমাত্রার ওঠানামার প্রভাব পড়ছে শরীরে। শীতের মরশুমে অনেকেই হজমের সমস্যায় ভোগেন। তবে চিকিৎসকদের একাংশের মতে, শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তন নয়, শীতকালের কয়েকটি অভ্যাসও হজমের সমস্যার অন্যতম কারণ। এই সময়ে অনেকেই পেটে ব্যথা, অম্বল এবং হজমের নানা সমস্যায় ভোগেন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি বিষয়ে নজর রাখলেই এই ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

    শীতে কেন হজমের সমস্যা বাড়ে?

    চিকিৎসকদের একাংশের মতে, শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তনের জেরেই শীতকালে হজমের সমস্যা বাড়ে না। বরং দৈনন্দিন জীবনযাপনের কয়েকটি অভ্যাসও এর জন্য দায়ী হতে পারে।

    জল কম খাওয়ার অভ্যাস!

    গরম কমতেই অনেকেই জল খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গরমকালে ঘাম বেশি হয় এবং তেষ্টা পায়। ফলে ঘন ঘন জল খাওয়া হয়। কিন্তু তাপমাত্রার পারদ নামতেই তেষ্টা কমে যায়। এর ফলে জল খাওয়ার পরিমাণও কমে যায়। অথচ শীতকালেও শরীরে পর্যাপ্ত জলের প্রয়োজন থাকে। সেই চাহিদা পূরণ না হলে হজমের গোলমাল দেখা দিতে পারে।

    শারীরিক সক্রিয়তা কমে যাওয়া!

    শীতের মরশুমে অনেকের মধ্যেই জড়তা বাড়ে। বিশেষত বয়স্কদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, নিয়মিত হাঁটাচলা এবং শারীরিক কসরত করলে অন্ত্রের স্বাভাবিক সক্রিয়তা বজায় থাকে। ফলে হজম প্রক্রিয়াও ঠিক থাকে। তাই শীতকালে শারীরিক সক্রিয়তা কমে গেলে অন্ত্রের কার্যক্ষমতায় তার প্রভাব পড়তে পারে এবং হজমের সমস্যা দেখা দিতে পারে।

    সংক্রমণের ঝুঁকি বাড়ে!

    আবহাওয়ার পরিবর্তনের সময়ে বিভিন্ন ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। চিকিৎসকদের মতে, এই সময় সর্দি, কাশি ও জ্বরের প্রকোপও বাড়ে। কিছু ভাইরাসঘটিত সংক্রমণের কারণে পেটের সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে হজমের গোলমালে ভুগতে পারেন অনেকে।

    খাদ্যাভ্যাসের পরিবর্তন!

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শীতকাল মানেই নানা রকম উৎসব ও উদযাপন। আর তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে খাওয়াদাওয়া। শীতকালে পিঠে, পায়েস এবং নানা ধরনের মশলাদার খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। অতিরিক্ত পরিমাণে বা অনিয়মিতভাবে এই ধরনের খাবার খেলে অনেকের হজমের সমস্যা হতে পারে।

    কাদের হজমের সমস্যা বেশি হতে পারে?

    স্বাস্থ্যকর জীবনযাপন না করলে যে কেউ হজমের সমস্যায় ভুগতে পারেন। তবে এই মরশুমে বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতকালে প্রবীণদের মধ্যে জড়তা বাড়ে এবং শারীরিক সক্রিয়তা কমে যায়। ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে।

    বিশেষত ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হতে পারে। কারণ, ডায়াবেটিসের প্রভাবে পাকস্থলী ও অন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। ফলে হজমের সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। এছাড়া যাঁরা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস)-এ আক্রান্ত, তাঁদেরও বছরের এই সময়ে হজমের সমস্যা বেড়ে যেতে পারে।

    কোন ঘরোয়া পানীয় এই সমস্যা কমাতে সাহায্য করবে?

    বিশেষজ্ঞদের একাংশের মতে, কয়েকটি ঘরোয়া পানীয় হজমের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে।

    জিরে ভেজানো জল!

    জিরে হজমের ক্ষেত্রে উপকারী বলে পরিচিত। বিশেষজ্ঞদের একাংশের মতে, সকালে জিরে ভেজানো জল খেলে হজমের সমস্যা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। তাঁদের পরামর্শ, রাতে এক গ্লাস জলে এক চামচ জিরে ভিজিয়ে রাখতে হবে। সকালে সেই জল ছেঁকে পান করা যেতে পারে।

    এক টুকরো আদা দিয়ে ফোটানো গরম জল!

    শীতকালে আদা খাওয়ার প্রচলন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আদায় থাকা কিছু উপাদান হজম প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। বিশেষত পেটের অস্বস্তি ও বমিভাব কমাতে আদা কিছুটা উপকার করতে পারে। তাই তাঁদের পরামর্শ, সকালে এক টুকরো আদা দিয়ে জল ফুটিয়ে পান করলে হজমের অস্বস্তি কমতে পারে।

    তুলসী পাতা দেওয়া লস্যি!

    গরমে স্বস্তি পেতে অনেকেই লস্যি খান। তবে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শুধু গরমকালেই নয়, শীতকালেও হজমের সমস্যা মোকাবিলায় লস্যি উপকারী হতে পারে। টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের জন্য সহায়ক। তাই টক দই দিয়ে তৈরি লস্যি হজমের ক্ষেত্রে উপকার করতে পারে। তাঁদের পরামর্শ, লস্যির সঙ্গে দু-তিনটে তুলসী পাতা মিশিয়ে খাওয়া যেতে পারে। তুলসী পাতায় থাকা কিছু উপাদান শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করতে পারে বলেও মনে করা হয়।

    শীতকালে হজমের সমস্যা এড়াতে পর্যাপ্ত জল পান, নিয়মিত হাঁটাচলা এবং সুষম খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা জরুরি। তবে দীর্ঘদিন পেটের সমস্যা চলতে থাকলে কিংবা তীব্র পেটব্যথা, বমি বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

LinkedIn
Share