মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে কার্যত ঝড় তুলে দিলেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ২০২৬ এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন এই তরুণ বাঁহাতি ব্যাটার। মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের নজির গড়েছেন তিনি। তাঁর এই ইনিংসকে ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। নেপাল ও পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচগুলিতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি বৈভব। তবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ব্যাট হাতে যেন অন্য মেজাজে ধরা দিলেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের কার্যত দিশেহারা করে দেন।
মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করেন বৈভব। এরপর মাত্র ৪০ বলে পৌঁছে যান ১৫০ রানে। আর দ্বিশতরানের মাইলফলক স্পর্শ করেন মাত্র ৫২ বলে। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে অপরাজিত থাকেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা এবং ৭টি চার। স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯১। ইনিংসের প্রথম ওভার থেকেই ছক্কা হাঁকিয়ে নিজের বিধ্বংসী মেজাজ বুঝিয়ে দিয়েছিলেন বৈভব। তাঁর ব্যাটিংয়ের সামনে সংযুক্ত আরব আমিরশাহির কোনও বোলারই কার্যত প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এই ইনিংসের সৌজন্যেই একসঙ্গে পাঁচটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরান
মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বৈভব। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। তিনি ২৯ বলে শতরান করেছিলেন। এক বল কম খেলেই সেই নজির ভেঙে দিলেন ভারতের এই কিশোর।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রান
দ্রুততম ১৫০ রানের ক্ষেত্রেও নিজের পুরনো রেকর্ড ভেঙেছেন বৈভব। এর আগে ৫৯ বলে ১৫০ রান করার নজির ছিল তাঁরই। এবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৪০ বলে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান
মাত্র ৫২ বলে ২০০ রান পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছেন বৈভব। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের দখলে। তিনি ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন। সেই রেকর্ডকে অনেকটা পিছনে ফেলে দিলেন ভারতের এই তরুণ ব্যাটার।
এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড
একটি লিস্ট ‘এ’ ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়ে নতুন নজির গড়েছেন বৈভব। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের। তিনি একটি ইনিংসে ২৩টি ছক্কা মেরেছিলেন। সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন বৈভব।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে দলের সর্বাধিক ছক্কা
বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে দলগত ছক্কার রেকর্ডও ভেঙেছে ভারত ‘এ’। এর আগে এক ইনিংসে সর্বাধিক ২৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ইংল্যান্ডের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই নজির গড়েছিল তারা। এবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’ মোট ৩১টি ছক্কা হাঁকিয়েছে। যার মধ্যে একাই ২৮টি ছক্কা মেরেছেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য এক উল্লেখযোগ্য ঘটনা। ৫৩ বলে ২০৪ রানের এই ইনিংসের মাধ্যমে বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন, আগামী দিনে ভারতীয় ক্রিকেটে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ আরও অনেকটাই চড়তে চলেছে।
