Tag: 84th Constitutional Amendment

  • Delimitation Politics: আসন পুনর্বিন্যাস নিয়ে অবস্থান বদল ডিএমকের, মোদি সরকারের প্রস্তাবে সমর্থন দক্ষিণের দলগুলির! কেন এই সিদ্ধান্ত?

    Delimitation Politics: আসন পুনর্বিন্যাস নিয়ে অবস্থান বদল ডিএমকের, মোদি সরকারের প্রস্তাবে সমর্থন দক্ষিণের দলগুলির! কেন এই সিদ্ধান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সংসদীয় আসন পুনর্বিন্যাস বা নির্বাচনী কেন্দ্রের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে এসেছে দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল। বিশেষ করে জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন বণ্টনের (Delimitation Politics) বিরোধিতা করে এসেছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম)। তাদের যুক্তি ছিল, যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে, নতুন আসন পুনর্বিন্যাসের ফলে তারাই শেষ পর্যন্ত রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে বঞ্চিত হতে পারে। কিন্তু ২০২৬ সালে সেই অবস্থানেই বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদি সরকারের সংশোধিত আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাবকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। শুধু তাই নয়, দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দলও (South India) এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সংসদে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের পক্ষে দক্ষিণের সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    কেন প্রতিনিধিত্ব হারানোর আশঙ্কা? (Delimitation Politics)

    এই বিতর্কের শিকড় রয়েছে সাতের দশকে। ১৯৭২ সালে তামিলনাড়ুর শালেমের ডিএমকে সাংসদ ই আর কৃষ্ণন সংসদে আসনসংখ্যা বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—কেন্দ্রীয় সরকারের আহ্বানে সাড়া দিয়ে যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে, শেষ পর্যন্ত কি সেই সাফল্যের জন্যই তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের মূল্য চোকাতে হবে?

    কৃষ্ণনের উদ্বেগের পিছনে নির্দিষ্ট কারণও ছিল। ১৯৬৩ সালের আসন পুনর্বিন্যাসের সময় তামিলনাড়ুর লোকসভা আসনসংখ্যা ৪১ থেকে কমে ৩৯ হয়েছিল। তাঁর আশঙ্কা ছিল, ভবিষ্যতে আবার জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টন হলে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সফল রাজ্যগুলি আরও বেশি ক্ষতির মুখে পড়বে।

    তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের তরফে বারবার জনসংখ্যা বৃদ্ধিকে উন্নয়নের পথে বাধা হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু কোনও রাজ্য সেই পরামর্শ মেনে জন্মহার কমাতে সফল হলে সংসদে তার প্রতিনিধিত্বের অনুপাত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল। ১৯৭৩ সালে কৃষ্ণন সতর্ক করে বলেছিলেন, “পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের পুরস্কার যদি এই হয়, তা হলে কিছু রাজ্য এমনকি এই কর্মসূচি বন্ধও করে দিতে পারে।”

    দক্ষিণের রাজ্যগুলির নতুন অবস্থান

    ২০২৬ সালে পরিস্থিতি অনেকটাই বদলেছে। আগে জনসংখ্যাভিত্তিক আসন পুনর্বিন্যাসের বিরোধিতায় দক্ষিণ ভারতের দলগুলি অনেকটা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু এবার সেই ঐক্যে পরিবর্তন এসেছে।

    ডিএমকের পাশাপাশি ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, তেলুগু দেশম পার্টি, জনসেনা পার্টি এবং জনতা দল (ধর্মনিরপেক্ষ) কেন্দ্রের সংশোধিত প্রস্তাবকে সমর্থন করেছে।

    কর্নাটক, তামিলনাড়ু, তেলঙ্গানা, কেরল এবং অন্ধ্রপ্রদেশ—এই পাঁচটি দক্ষিণী রাজ্যের মোট ১২৯ জন সাংসদের মধ্যে ৭৫ জন কেন্দ্রের প্রস্তাবের পক্ষে রয়েছেন। অর্থাৎ, ওই পাঁচ রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের প্রায় ৬০ শতাংশই এই প্রস্তাবকে সমর্থন করছেন।

    কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভা ও সংসদের মোট আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হবে। তবে রাজ্যগুলির মধ্যে বর্তমানে যে অনুপাতে আসন বণ্টন রয়েছে, তা অপরিবর্তিত রাখা হবে। এই ব্যবস্থা ২০৫১ সাল পর্যন্ত কার্যকর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সমর্থকদের দাবি, দক্ষিণের রাজ্যগুলির রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখার ক্ষেত্রে এটিই সবচেয়ে কার্যকর সমাধান।

    আসন বণ্টনে স্থগিতাদেশই তৈরি করেছে বৈষম্য

    সংসদীয় গণতন্ত্রে সাধারণত প্রতিটি নির্বাচনী কেন্দ্রে প্রায় সমান সংখ্যক ভোটার থাকার কথা। এর পিছনে রয়েছে ‘এক ব্যক্তি, এক ভোট’ নীতি। কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার এক নয়। ফলে দীর্ঘদিন ধরে লোকসভার আসন বণ্টন স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে বিভিন্ন রাজ্যে একজন সাংসদের প্রতিনিধিত্বাধীন মানুষের সংখ্যায় বড় পার্থক্য তৈরি হয়েছে।

    উদাহরণ হিসেবে বিহার ও তামিলনাড়ুর কথা বলা যায়। ১৯৭১ সালে, অর্থাৎ যে জনগণনাকে ভিত্তি করে রাজ্যগুলির মধ্যে সংসদীয় আসন বণ্টন করা হয়েছিল, সেই সময় দুই রাজ্যের জনসংখ্যা প্রায় কাছাকাছি ছিল। ফলে লোকসভায় তাদের প্রতিনিধিত্বও জনসংখ্যার অনুপাতে প্রায় সমান ছিল।

    কিন্তু পরবর্তী পাঁচ দশকে বিহারের জনসংখ্যা তামিলনাড়ুর তুলনায় অনেক দ্রুত বেড়েছে। অথচ দুই রাজ্যের লোকসভা আসনসংখ্যা একই থেকেছে। ফলে বর্তমানে বিহারের একজন সাংসদকে গড়ে তামিলনাড়ুর একজন সাংসদের তুলনায় অনেক বেশি মানুষের প্রতিনিধিত্ব করতে হয়।

    এই পরিস্থিতির কথা মাথায় রেখেই পরপর কেন্দ্রীয় সরকারগুলি আসন পুনর্বণ্টন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলি যাতে সেই সাফল্যের জন্য সংসদে প্রতিনিধিত্ব হারিয়ে না ফেলে, তা নিশ্চিত করাই ছিল (Delimitation Politics) মূল উদ্দেশ্য।

    ১৯৭১ সালের পর থেকে ভারতের জনসংখ্যা ১৫০ শতাংশেরও বেশি বেড়েছে। তবে এই বৃদ্ধি সব রাজ্যে সমানভাবে হয়নি। উত্তর ভারতের একাধিক জনবহুল রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণের রাজ্যগুলির তুলনায় বেশি। দক্ষিণের রাজ্যগুলি তুলনামূলকভাবে আগে এবং দ্রুত জন্মহার নিয়ন্ত্রণ করতে পেরেছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ উত্তর ভারতের রাজ্যগুলিতে বসবাস করেন। ১৯৭১ সালে এই অনুপাত ছিল প্রায় ৪৩ শতাংশ।

    আসন পুনর্বিন্যাস

    স্বাধীনতার পর ভারতে মোট চারবার বড় ধরনের আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলি হল ১৯৫২, ১৯৬৩, ১৯৭৩ এবং ২০০২ সালে। তবে লোকসভার আসনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ১৯৭৩ সালের পুনর্বিন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ওই সময়েই শেষবার লোকসভার আসনসংখ্যা বাড়ানো হয়েছিল। ১৯৫২ সালের প্রথম পুনর্বিন্যাসে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫০০ নির্ধারণ করা হয়েছিল। এর এক দশক পরে, ১৯৬৩ সালে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে সর্বোচ্চ আসনসংখ্যা বাড়িয়ে ৫২৫ করা হয়।

    এরপর ১৯৭৩ সালে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা বাড়িয়ে ৫৪৫ করা হয়। জনসংখ্যা বৃদ্ধি এবং নতুন রাজ্য গঠনের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ৫২৫টি আসন রাজ্যগুলির জন্য এবং ২০টি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ করা হয়েছিল।

    সেই পুনর্বিন্যাসে কোনও রাজ্যের আসনসংখ্যা কমানো হয়নি। ১৩টি রাজ্যের প্রতিনিধিত্ব বেড়েছিল। বাকি ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসনসংখ্যা অপরিবর্তিত ছিল।

    সবচেয়ে বেশি লাভবান হয়েছিল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। দুই রাজ্যই তিনটি করে অতিরিক্ত আসন পেয়েছিল। গুজরাত, রাজস্থান ও পশ্চিমবঙ্গের আসনসংখ্যা বেড়েছিল দু’টি করে। অন্ধ্রপ্রদেশ, বিহার, হরিয়ানা, কর্ণাটক, কেরল, ওড়িশা, সিকিম এবং অরুণাচলপ্রদেশ পেয়েছিল একটি করে অতিরিক্ত আসন।

    অন্যদিকে, তামিলনাড়ুর আসনসংখ্যা ৩৯-এই অপরিবর্তিত ছিল। সেই সময় উত্তরাখণ্ড-সহ অবিভক্ত উত্তরপ্রদেশের আসনসংখ্যাও ৮৫-তেই স্থির রাখা হয়েছিল।

    কেন অবস্থান বদলাল ডিএমকে?

    ডিএমকের বক্তব্য, তারা কখনও আসন পুনর্বিন্যাসের নীতিগত বিরোধিতা করেনি। বরং তাদের আপত্তি বরাবরই এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলিকে সংসদে আপেক্ষিক প্রতিনিধিত্ব হারাতে হতে পারে। এবার কেন্দ্রের প্রস্তাবকে সমর্থনের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, সংশোধিত প্রস্তাবে তামিলনাড়ুর বর্তমান আসনসংখ্যার অনুপাত বজায় রাখার কথা বলা হয়েছে। বর্তমানে লোকসভার ৫৪৩টি নির্বাচিত আসনের মধ্যে তামিলনাড়ুর আসনসংখ্যা ৩৯। অর্থাৎ, মোট আসনের প্রায় ৭.১৮ শতাংশ।

    নতুন প্রস্তাব কার্যকর হলে রাজ্যগুলির আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়বে। তবে বর্তমান আনুপাতিক বণ্টন বজায় থাকবে। ফলে তামিলনাড়ুর আসনসংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হতে পারে।

    ডিএমকে নেতা এ রাজা বলেন, “তামিলনাড়ুর কোনও ক্ষতি হচ্ছে না। বরং লোকসভায় রাজ্যের ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বেড়ে ৭.২১ শতাংশ হবে। সমস্ত রাজনৈতিক দলের দাবি ছিল একটি ন্যায্য আসন পুনর্বিন্যাস। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতেই প্রতিনিধিত্বের অনুপাত নির্ধারিত হবে।”

    দ্বিতীয়ত, ১৯৭১ সালের জনগণনাকে ভিত্তি করে আসন বণ্টনের ব্যবস্থা ২০৫১ সাল পর্যন্ত বজায় রাখার প্রস্তাব রয়েছে। অর্থাৎ, পরবর্তী ২৫ বছরও রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত পরিবর্তন করা হবে না। এর মাধ্যমে ২০০১ সালের ৮৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে স্থগিতাদেশের ব্যবস্থা চালু হয়েছিল, তার ধারাবাহিকতা বজায় থাকবে।

    তৃতীয়ত, ডিএমকের আশঙ্কা, সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভবিষ্যতে তামিলনাড়ুকে আরও বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের যুক্তি, বর্তমানে এই সুযোগ হাতছাড়া হলে কেন্দ্র ভবিষ্যতে এমন কোনও পুনর্বিন্যাস করতে পারে, যেখানে জনসংখ্যা বৃদ্ধিই আসন বণ্টনের প্রধান মাপকাঠি হয়ে উঠবে। তাতে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্বের অনুপাত কমে যাওয়ার আশঙ্কা থাকবে।

    চতুর্থত, ডিএমকে বোঝাতে চাইছে যে তারা আসন পুনর্বিন্যাসের বিরোধী নয়, বরং ন্যায্য আসন পুনর্বিন্যাসের পক্ষে। দলের নেতৃত্বের মতে, নতুন প্রস্তাব তাদের পুরনো অবস্থানের পরিপন্থী নয়। বরং এত দিন ধরে যে দাবিগুলি জানানো হয়েছিল, সংশোধিত প্রস্তাবে সেগুলিই অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ডিএমকে সাংসদের বক্তব্য

    ডিএমকে সাংসদ কানিমোঝি বলেন, “আমরা আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি, কারণ ডিএমকের উত্থাপিত সমস্ত দাবিই এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংসদে আমরা আগে যে অবস্থান নিয়েছিলাম এবং ২০২৪ সালে দল যে প্রস্তাব গ্রহণ করেছিল, তার সঙ্গেও এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ। আগেরবার বিলটি পেশ হওয়ার সময় আমরা চেয়েছিলাম, সাংসদদের সংখ্যা বাড়ানো হোক এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টন করা হোক। কিন্তু তখন সরকার তাতে সম্মত হয়নি। বরং ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করার কথা বলা হয়েছিল। আমরা তা মেনে নিতে পারিনি, কারণ তাতে তামিলনাড়ুর সাংসদসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা ছিল। পাশাপাশি, আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়লেও সব রাজ্যের মধ্যে তা সমান অনুপাতে বণ্টনের কোনও নিশ্চয়তা ছিল না। কিন্তু এবার সেই শর্ত বিলে অন্তর্ভুক্ত হয়েছে। ২৫ বছরের জন্য আসন পুনর্বিন্যাস স্থগিত রাখার দাবিও মেনে নেওয়া হয়েছে। আমাদের সমস্ত দাবি পূরণ হওয়ায় এখন আর এই প্রস্তাবে (Delimitation Politics) আপত্তির কোনও কারণ নেই।”

    সব মিলিয়ে, আসন পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণ ভারতের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির প্রতিনিধিত্ব সুরক্ষিত রাখার দাবি, অন্যদিকে সংসদে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার প্রশ্ন—এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটানোর চেষ্টা করছে কেন্দ্রের সংশোধিত প্রস্তাব (South India)। ডিএমকের মতো দীর্ঘদিনের বিরোধী দলের সমর্থন পাওয়ায় এই বিতর্কে যোগ হয়েছে নয়া রাজনৈতিক মাত্রা।

     

LinkedIn
Share