Tag: Abhay Yojana

  • Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের পরিবারে সম্পত্তি-বিবাদ! মুম্বইয়ের ‘জলসা’ নিয়ে জয়া বচ্চনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ রামোলার

    Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের পরিবারে সম্পত্তি-বিবাদ! মুম্বইয়ের ‘জলসা’ নিয়ে জয়া বচ্চনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ রামোলার

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পরিবারে এবার সম্পত্তি ঘিরে আইনি জটিলতা। মুম্বইয়ে বচ্চন পরিবারের বিখ্যাত বাসভবন ‘জলসা’র মালিকানা নিয়ে প্রকাশ্যে এসেছে নয়া  বিবাদ। ১৯৯৩ সালের একটি দানপত্রকে চ্যালেঞ্জ করে মহারাষ্ট্রের একাধিক সরকারি দফতরে অভিযোগ দায়ের করেছেন রামোলা বচ্চন। তাঁর অভিযোগ, ওই নথির মাধ্যমে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হলেও, সেই (Property Dispute) প্রক্রিয়া সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি। এমনকি তাঁর সম্মতিও নেওয়া হয়নি।

    অমিতাভ বচ্চনের সঙ্গে অনুরাগীদের নিয়মিত সাক্ষাতের অন্যতম ঠিকানা এই জলসা। দীর্ঘদিন ধরে প্রতি রবিবার বাড়ির বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অভিনেতা। তাঁর এই বিশেষ সাক্ষাৎপর্ব ‘সানডে দর্শন’ নামেও পরিচিত। ফলে জলসার মালিকানা নিয়ে পারিবারিক বিবাদ স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনার কেন্দ্রে।

    অভিযোগ জমা দিয়েছেন রামোলা বচ্চন (Amitabh Bachchan)

    সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সাত মাসে মহারাষ্ট্রের নিবন্ধন দফতর এবং সমবায় আবাসন সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ জমা দিয়েছেন রামোলা। তাঁর দাবি, ১৯৯৩ সালে তৈরি হওয়া যে দানপত্রের ভিত্তিতে জলসার মালিকানা জয়া বচ্চনের হাতে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটি তাঁর অজ্ঞাতসারেই প্রস্তুত করা হয়েছিল।

    এই দানপত্রের বৈধতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। নথিটি কী পরিস্থিতিতে তৈরি হয়েছিল, মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় কীভাবে সেটিকে স্ট্যাম্প শুল্ক সংক্রান্ত নিয়মিতকরণের অনুমতি দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন রামোলা।

    ১৯৯৩ সালে তৈরি হলেও দানপত্রটি সরকারি ভাবে নথিভুক্ত হয় ২০০৬ সালে। অথচ জলসার সরকারি সম্পত্তি-সংক্রান্ত নথিতে এখনও মালিক হিসেবে রামোলার নাম রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি সেই নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়া বচ্চনের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। আর তার পরেই আইনি লড়াই শুরু করেন তিনি।

    মুম্বই মিররের প্রতিবেদন অনুযায়ী, রামোলা মহারাষ্ট্রের নিবন্ধন মহাপরিদর্শক ও পুনের স্ট্যাম্প নিয়ন্ত্রক এবং আন্ধেরির সমবায় সমিতির ডেপুটি রেজিস্ট্রার-সহ একাধিক আধিকারিকের কাছে (Amitabh Bachchan) আবেদন জানিয়েছেন।

    অভিযোগে রামোলা জানিয়েছেন, ১৯৯৩ সালের ওই দানপত্রটি স্ট্যাম্প পেপারে নয়, সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল। নথি তৈরির সময় প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্কও জমা দেওয়া হয়নি বলে তাঁর দাবি। পাশাপাশি, ওই দলিলে কোনও সাক্ষীর স্বাক্ষর ছিল না, সেখানে শুধু জয়া বচ্চনের স্বাক্ষর রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।নথিতে রামোলার স্বাক্ষর কীভাবে এবং কোন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

    প্রশ্ন যেখানে…

    বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় কীভাবে সাধারণ কাগজে তৈরি ওই দানপত্রকে স্ট্যাম্প শুল্কের নিয়মিতকরণের জন্য গ্রহণ করা হয়েছিল। নিবন্ধন মহাপরিদর্শক রবীন্দ্র লক্ষ্মণ বিনওয়াড়ের কাছে পাঠানো আবেদনে রামোলা ৪ মার্চের একটি তথ্যের অধিকার আইনের জবাবের উল্লেখ (Amitabh Bachchan) করেছেন। তাঁর বক্তব্য, নিবন্ধন দফতরের ওই জবাবে স্পষ্ট করা হয়েছিল, ১৯৮০ সাল বা তার পরের সময়ে সাধারণ কাগজে তৈরি নথি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়।

    এছাড়া, ৭ অগাস্ট স্ট্যাম্পের অতিরিক্ত নিয়ন্ত্রক সুনীল মহিন্দ্রকরের একটি চিঠিতেও উল্লেখ করা হয়েছিল, স্ট্যাম্প শুল্ক নিয়মিত করা হলেই কোনও নথির সত্যতা কিংবা তাতে থাকা স্বাক্ষরের বৈধতা প্রমাণিত হয় না।

    মালিকানা নিয়ে নথিতে অসঙ্গতি, শুরু শুনানি

    জলসার মালিকানা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিতর্কিত নথির ভিত্তিতে সমবায় আবাসন সমিতিতে বাংলোটির শেয়ার জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের সম্পত্তি-সংক্রান্ত সরকারি নথিতে সেই পরিবর্তন করা হয়নি।

    এই বিষয়ে সমবায় সমিতির ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেআইনিভাবে মালিকানা হস্তান্তরের অভিযোগ নিয়ে শুনানি চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

    উল্লেখ্য, জলসার আগের নাম ছিল মানসা। একসময় চলচ্চিত্র পরিচালক এনসি সিপ্পির মালিকানাধীন এই বাংলোটি (Property Dispute) পরবর্তী সময়ে বচ্চন পরিবার কিনে নেয় এবং সংস্কার করে।

    এই বিতর্ক নিয়ে অমিতাভ বচ্চনের কাছে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনও উত্তর দেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। রামোলা বচ্চনও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বিষয়টিকে পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করে মন্তব্য করতে (Amitabh Bachchan) অস্বীকার করেছেন অভিষেক বচ্চনের মুখপাত্র।

     

LinkedIn
Share