Tag: Abhishek Sharma

Abhishek Sharma

  • T20 World Cup 2026: শেষ চারের ভাগ্য নির্ধারণ ইডেনে! এবার চিন্তা বোলিং, জিম্বাবোয়েকে হারিয়ে কী বললেন ভারত অধিনায়ক?

    T20 World Cup 2026: শেষ চারের ভাগ্য নির্ধারণ ইডেনে! এবার চিন্তা বোলিং, জিম্বাবোয়েকে হারিয়ে কী বললেন ভারত অধিনায়ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ক্যারিবিয়ান ক্যালিপসো থামাতে পারলেই টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men’s T20 World Cup) শেষ চারে পৌঁছে যাবে ভারত। চিপকে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল টিম ইন্ডিয়া (India vs Zimbabwe)। ভারতের সামনে সেমিফাইনালে ওঠার একটাই রাস্তা। কলকাতায় ম্যাচ জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পয়েন্টের বিচারেই উঠে যাবে শেষ চারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার দুপুরেই নিজেদের জায়গা পাকা করেছে। ভারতের সামনে এবার সুযোগ। তবে, বৃষ্টি হলে বা কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে নেট রান রেটের বিচারে ওয়াংখেড়েতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

    সেমির পথে সূর্যরা, কারা প্রতিপক্ষ

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ৮-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হারের ফলে ভারতীয় ক্রিকেট দলের সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ৭৬ রানের এই পরাজয় তাদের নেট রান রেটে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছিল। অঙ্ক ছিল, টিম ইন্ডিয়াকে তাদের দুটি ম্যাচই জিততে হবে, এবং তাও বড় ব্যবধানে। গ্রুপ – ১ পয়েন্ট টেবিলে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ছিটকে গিয়েছে জিম্বাবোয়ে। দুটো দলই ২টো করে ম্য়াচ খেলেছে। এবার তৃতীয় ম্য়াচটা নিজেদের মধ্যেই খেলতে হবে। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণ করতে কোনও সমস্যা হবে না। গ্রুপের বাকি ২ দল অর্থাৎ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজও ২টো ম্য়াচ খেলেছে। তৃতীয় ম্য়াচে এই ২ দলকে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। আপাতত দুটো দলের কাছেই ২-২ পয়েন্ট রয়েছে। এই পরিস্থিতিতে তারা একে অপরের বিরুদ্ধে জিততে চাইবে। যে দলই জিতুক না কেন, ৪ পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে। কিন্তু এই ম্যাচ কোনও কারণে ভেস্তে গেলে রান রেট ভালো থাকায় সেমিফাইনালে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে পৌঁছলে মুম্বই-এর ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। কারণ, নিয়ম অনুসারে গ্রুপ-এ-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ২-এর দুই নম্বরে থাকা দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এক নম্বর ধরে রাখার সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে গ্রুপ-২-এর দুই নম্বরে থাকা দলের মুখোমুখি হবে তারা।

    ইডেনের লড়াই নিয়ে কী ভাবছেন সূর্য

    রবিবার, ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তাও আবার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা, আলোচনা শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার কি ইতিমধ্যেই ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন? সূর্য জানাচ্ছেন, ‘‘দেখুন আমাদের ইতিবাচক হওয়া ছাড়া তো আর কোনও বিকল্প নেই। আমরা কলকাতায় পৌঁছাই, তারপরেই সেখানে বসে ওই ম্যাচ নিয়ে ঠিকঠাকভাবে পরিকল্পনা তৈরি করব। আপাতত একদিনের ছুটি, আর সফরও করতে হবে আমাদের, সেই সঙ্গে বিশ্রামও নেওয়াটা জরুরি।’’ চিপকে খেলার শেষে সূর্যকুমার বলেন, ‘‘আমার মনে হয় আমরা সবকিছু পিছনে ফেলেই আসতে চেয়েছিলাম। লিগ পর্বে বা অমদাবাদে শেষ ম্যাচে আমরা কী করেছি, তা নিয়ে আমরা খুব বেশি ভাবিনি। আমাদের ভিডিও বিশ্লেষক সমস্ত ব্যাটার এবং বোলারদের জন্য একটি স্লাইড তৈরি করেছিলেন। সেখানে বিগত কয়েক বছর ধরে আমরা কী করেছি তা তুলে ধরেছিলেন। আমরা সেটি দেখেছি, এখান থেকে অনেক পজিটিভিটি পেয়েছি এবং স্পষ্টতা নিয়ে এখানে এসেছি। তার ফল মিলেছে।’’

    চিন্তায় ভারতীয় বোলিং

    জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ব্যাটাররা ভালো করলেও ইডেনে নামার আগে ভারতের বোলিং কিন্তু রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়াল। যা স্বীকারও করে নিলেন সূর্যকুমার, তিনি বলেন, ‘‘সত্যি বলতে, আমরা বলের সঙ্গে আরও কিছুটা ক্লিনিকাল হতে পারতাম। কিন্তু দিনের শেষে, জয় মানে জয়। আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটি গ্রহণ করব। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে খেলতে গেলে আমরা বেশ কিছু স্ক্রু টাইট করেই যাব। আমি জিম্বাবোয়ের ব্যাটারদের কাছ থেকে কোনও কৃতিত্ব কেড়ে নিতে চাই না। আমার মনে হয় তারা সুন্দর ব্যাট করেছে। হ্যাঁ, উইকেট ভালো ছিল, পাওয়ারপ্লেতে সময় নিয়ে, তাঁরা যেভাবে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছিল তাতে করে স্মার্টলি খেলার গতি বাড়িয়েছিল – তা চিত্তাকর্ষক ছিল। কৃতিত্ব তাঁদেরও। বোলিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু বিকল্প নিয়ে আমরা আরও একটু বুদ্ধিমান হতে পারতাম। এই ধরনের পরিস্থিতিতে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসী হতে হবে।’’ সূর্য বুঝিয়েই দিলেন যে তিনি ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামার আগে বোলিং নিয়ে সামান্য হলেও চিন্তিত।

    টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ

    জিম্বাবোয়ের বিরুদ্ধে এদিন রানের পাহাড় গড়ে ভারত। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সিকন্দর রাজা। প্রথমে ফিল্ডিং করে নিতে চেয়েছিল জিম্বাবোয়ে। যাতে রাতের শিশিরের সমস্যা এড়াতে পারেন বোলাররা। তবে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে বোলিংকে দুরমুশ করলেন ভারতীয় ব্যাটাররা। বৃহস্পতিবার অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করেন সঞ্জু স্যামসন। ভারতকে শুরুতেই চালকের আসনে বসিয়ে দেন দুই ওপেনার। সঞ্জু বড় রান পাননি। তবে ১৫ বলে ২৪ রান করে ইনিংসের গতিটা শুরুতেই ফিফথ গিয়ারে বেঁধে দেন। মাত্র ২২ বলে ৪৮ রান যোগ করেন দুই ওপেনার। এরপর সঞ্জু ফিরলেও অভিষেক ও ঈশান কিষাণ মিলে ধ্বংসলীলা চালান। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মার টুর্নামেন্ট কাটছিল দুঃস্বপ্নের মতো। টানা তিন ম্যাচে শূন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫। অবশেষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরলেন বাঁহাতি ব্যাটার। ২৬ বলে হাফসেঞ্চুরি। ৩০ বলে ৫৫ রান করলেন। ২৪ বলে ৩৮ ঈশান কিষাণের। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭২ রান যোগ করলেন দুজনে। সেই ভিতের ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালালেন তিলক বর্মা (১৬ বলে অপরাজিত ৪৪ রান), হার্দিক পান্ডিয়া (২৩ বলে অপরাজিত ৫০ রান), সূর্যকুমার যাদবরা (১৩ বলে ৩৩ রান)। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৬/৪। টি-২০ বিশ্বকাপে যা ভারতের রেকর্ড। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮/৪ তুলেছিল ভারত।

    প্রয়াত রিঙ্কু সিং-এর পিতা

    শেষরক্ষা হল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রয়াত হলেন রিঙ্কু সিং-এর বাবা খাচান্দ্র সিং। ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে গত মঙ্গলবার হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পর দিনই ফিরে আসেন। গ্রেটার নয়ডার হাসপাতালে রিঙ্কুর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খাচান্দ্র মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চেন্নাইয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রিঙ্কু হঠাৎ শিবির ছেড়ে চলে যান। বাবাকে দেখে রিঙ্কু দ্রুত চেন্নাই ফিরে আসেন। যদিও বৃহস্পতিবারের ম‍্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসেবে ফিল্ডিং করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

  • T20 World Cup 2026: চিপকে বড় জয়ই লক্ষ্য ভারতের, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারে সূর্যরা?

    T20 World Cup 2026: চিপকে বড় জয়ই লক্ষ্য ভারতের, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারে সূর্যরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men’s T20 World Cup) বৃহস্পতিবার সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ (India vs Zimbabwe) খেলতে নামছে ভারত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ৮-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হারের ফলে ভারতীয় ক্রিকেট দলের সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ৭৬ রানের এই পরাজয় তাদের নেট রান রেটে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে। এখন, টিম ইন্ডিয়াকে তাদের দুটি ম্যাচই জিততে হবে, এবং তাও বড় ব্যবধানে।

    সেমিফাইনালের সম্ভাবনা

    দক্ষিণ আফ্রিকার কাছে হারের সঙ্গে সঙ্গে, টিম ইন্ডিয়ার নেট রান রেটেরও উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে, যার ফলে সেমিফাইনালে (T20 World Cup 2026) পৌঁছানোর সম্ভাবনা কমে গিয়েছে। তবে, ভারতের জন্য প্রত্যাবর্তন সম্ভব। এর জন্য, তাদের বাকি দুটি ম্যাচে সেমিফাইনালের হিসেব-নিকেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। টিম ইন্ডিয়া যদি বাকি সুপার ৮ ম্যাচগুলিতে বড় জয় অর্জন করে, তাহলে সেমিফাইনালের দৌড়ে থাকার সুযোগ তাদের রয়েছে। ভারত যদি প্রথমে ব্যাট করে এবং ১৯০ রানের বেশি করে, তাহলে টিম ইন্ডিয়াকে জিম্বাবোয়েকে ১৩০ রানের কম রানে অলআউট করতে হবে এবং ৬০ রানের বেশি রানে জিততে হবে। তবে, ৮০ বা তার বেশি রানের জয়ই সেরা বলে বিবেচিত হবে। ভারত যদি লক্ষ্য তাড়া করে, অর্থাৎ পরে ব্যাট করে তাহলে টিম ইন্ডিয়াকে জিম্বাবোয়েকে ১৩০ রানের কম রানে সীমাবদ্ধ রাখতে হবে এবং ১০ থেকে ১২ ওভারে লক্ষ্য অর্জন করতে হবে।

    দলে যোগ দিচ্ছেন রিঙ্কু সিং

    বৃহস্পতিবার ম্যাচের আগেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন রিঙ্কু সিং। তবে তিনি এই ম্যাচে খেলবেন কি না, তা এখনও স্পষ্ট হয়। বুধবার সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) জানিয়েছেন, বুধবার সন্ধেতেই ফের দলে যোগ দিচ্ছেন রিঙ্কু। তিনি বৃহস্পতিবার চিপকে (Chepauk) থাকবেন। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, তাহলে তিনি খেলবেন। পারিবারিক সমস্যার কারণে ভারতীয় দল ছেড়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন রিঙ্কু। তাঁর বাবা খানচাঁদ সিং (Khanchand Singh) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি গ্রেটার নয়ডার (Greater Noida) এক হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট রিঙ্কুকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়। বাড়ির পরিস্থিতি সামলে চেন্নাইয়ে ফিরছেন রিঙ্কু।

    চিপকে চাপে ভারত

    সোমবার মুম্বইয়ে সুপার এইটের ম্যাচে জিম্বাবোয়েকে ১০৭ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এমনিতেই চাপে ছিল ভারত। তার উপর ওয়েস্ট ইন্ডিজের এই বিশাল জয়ের ফলে ভারতের নেট রান রেটের সমীকরণ আরও কঠিন হয়ে গিয়েছে। সেমিফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততেই হবে। ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে। একই দিনে অন্য ম্যাচে আমেদাবাদে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। তবে অন্যের দিকে না তাকিয়ে নিজেদের গুছিয়ে নিতে চাইবেন গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে সবকিছু ভুলে রানে ফিরতে হবে অভিষেক শর্মা, ঈশান কিষাণদের। ভারতের ব্যাটিং তেজই চিপকে ফের সূর্যোদয় ঘটাতে পারে টিম ইন্ডিয়ার।

  • T20 World Cup 2026: থামল বিজয়রথ! দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক হারের পরও বিশ্বকাপ নিয়ে প্রত্যয়ী সূর্য

    T20 World Cup 2026: থামল বিজয়রথ! দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক হারের পরও বিশ্বকাপ নিয়ে প্রত্যয়ী সূর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিনা লড়াইয়ে থামল সূর্যের বিজয়রথ। সুপার এইটে বড় ধাক্কা। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৭৬ রানে হেরে গেল ভারত। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ রানে অল আউট টিম ইন্ডিয়া। ১২ ম্যাচে জয়ের পর হার। অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) স্পষ্ট দাবি—হারের দায় ব্যাটিংয়ের। ২০২৩ সালের বিশ্বকাপে এই আমেদাবাদেই ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল, রোহিতদের বিজয়রথ থেমেছিল, সেখানেই ফের মুখ থুবড়ে পড়ল সূর্যের ভারত (Indian Cricket Team)। শুধু হার নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া এতই বড় ব্যবধানে পরাজিত হলে যে ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

    ২০২২ সালের পর আইসিসি টি-টোয়েন্টি-তে হার

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রান তাড়া করতে নেমে রবিবার মাত্র ১১১ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত কমজোরি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও রকমে সামাল দেওয়া গিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনও ম্যাচেই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি গুরু গম্ভীরের ছাত্ররা। সুপার এইটে নামতেই বাস্তব পরিস্থিতির সামনে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিরাট ব্যবধানে হেরে গেল সূর্যকুমার যাদবের দল। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই প্রথম কোনও একাধিক দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরাজিত হল ভারতীয় দল। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের পর এই প্রথম আইসিসি প্রতিযোিগতার ম্যাচে হারের সম্মুখীন হল মেন ইন ব্লু-রা।

    পাওয়ারপ্লেতেই ভাঙন

    রান চেজের শুরুতেই ভাঙন। প্রথম ওভারে শূন্য রানে আউট ঈশান কিষাণ (Ishan Kishan)। তিলক বর্মা (Tilak Varma) ১, অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৫—পাওয়ারপ্লের শেষে স্কোর ৩১/৩। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এই কারণে ম্যাচের পর সূর্যকুমার বলেন, ‘১৮৮ তাড়া করতে গেলে পাওয়ারপ্লেতে ম্যাচ জেতা না গেলেও হেরে যাওয়া যায়। আমরা এই পর্যায়েই বেশি উইকেট হারিয়েছি। ছোট ছোট জুটি গড়তে পারিনি।’ পরিসংখ্যান বলছে, কাল ভারতের ব্যাটাররা থিতু হতে পারেননি। বড় শট খেলতে গিয়ে নিয়মিত উইকেট পড়েছে। স্ট্রাইক রোটেশনও হয়নি ঠিকমতো। ফলে রান তোলার চাপ ক্রমশ বেড়েছে।

    মিডল অর্ডারে ধীরগতি

    পাওয়ার-প্লে-তে ব্যাকফুটে চলে গিয়েও নিজেদের কৌশল থেকে সরলেন না গম্ভীর, সূর্যকুমাররা। ঈশান, অভিষেক ফিরে যাওয়ার পরেও চলল সেই টুকটুক করে ব্যাটিং। পরিস্থিতির বিচার না করেই ধরে খেলতে গিয়ে বিপদ ঘনিয়ে এল। দক্ষিণ আফ্রিকাও ২০ রানে ৩ উইকেট হারিয়েছিল। তাই বলে ডেভিড মিলার এবং ডেওয়াল্ড ব্রেভিস ‘টেস্ট’ খেলার রাস্তায় হাঁটেননি। পাল্টা মারের রাস্তায় হেঁটে ভারতীয় বোলারদের চাপে ফেলে দিয়েছিলেন। ভারত সেটাই করতে পারল না। ধরে খেলতে গিয়ে নিজেদের উপর চাপ এতটাই বাড়িয়ে ফেলল যে পরের দিকে আর সামলানো গেল না।

    ব্যাটিং ব্যর্থতাই দায়ী

    ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের কারণ হিসেবে দেখিয়েছেন অধিনায়ক সূর্য কুমার। কিন্তু পরিকল্পনা কই? ভারতের ব্যাটারদের খেলা নিয়ে প্রতি ম্যাচেই প্রশ্ন থাকছে। কেউ না কেউ পারফরম্যান্স করে ম্যাচ বার করে দিচ্ছিলেন ঠিক, কিন্তু কঠিন প্রতিপক্ষের সামনে সেই চাল চলে না। তখন টি-টোয়েন্টি হোক বা টেস্ট, ক্রিকেট বুঝিয়ে দেয় এটা ওয়ান-ম্যান গেম নয়, টিম গেম। দক্ষিণ আফ্রিকার বোলাররা যেখানে একের পর এক মন্থর বল করছেন, তা খেলার জন্য কেন পরিকল্পনা থাকবে না ব্যাটারদের? অনুশীলনে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের কাজটা কী? আগের চারটি ম্যাচে ওপেনিং জুটি টিকতে পারেননি। মূলত অভিষেক শর্মার ব্যর্থতার জন্যই। এ দিন সেই তালিকায় নাম লেখালেন ঈশান কিশন। অভিষেকের বদলে তিনি স্ট্রাইক নিয়েছিলেন। চতুর্থ বলেই তাঁকে ফিরিয়ে দিলেন এডেন মার্করাম। অভিষেক কোনও মতে খোঁড়াতে খোঁড়াতে ১৫ রান করলেন। তবে যে বলে আউট হলেন তাতে শিক্ষানবিশ ক্রিকেটারও লজ্জা পাবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতি ম্যাচে ওপেনারেরা এ ভাবে ব্যর্থ হলে সাফল্যের আশা করা যায় না।

    কেন নেই অক্ষর প্যাটেল

    আমেদাবাদের পিচে কী ভাবে বোলিং করতে হয়, তা ভারতকে শিখিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজের মতো বোলার যেখানে এক ওভারে তিনটি উইকেট তুলে নিলেন, সেখানে ভারতের স্পিনারদের প্রাপ্তি মাত্র একটি উইকেট। বরুণ চক্রবর্তী ভারতের স্ট্রাইক বোলার। তিনি এমন বল করলেন যে লোকানো যাচ্ছিল না। শেষ ওভারে ডেভিড মিলারকে আউট করলেন ঠিকই। তত ক্ষণে মিলার যা ক্ষতি করার করে দিয়েছেন। আমেদাবাদের পিচে খেলে বড় হয়েছেন অক্ষর প্যাটেল। মাঠ থেকে ৬০ কিলোমিটার দূরে নাদিয়াদে থাকেন। তিনি দলের সহ-অধিনায়কও বটে। তাঁকেই কি না এই ম্যাচ থেকে বাদ দেওয়া হল? যে কোনও দিন অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটনের থেকে অক্ষর এগিয়ে থাকবেন। তার উপর তাঁর ঘরের মাঠে দলের বাইরে অক্ষর। মাঠে বল হাতে থাকলে দক্ষিণ আফ্রিকার আরও ২০ রান হয়তো কমতে পারত। যে ২০ রানই ২০ ওভারের ক্রিকেটে মানসিক ফারাক গড়ে দেয়।

    সূর্যদের শেষ-চারের পথ

    এই পরাজয়ের পর ভারতের আর ভুলত্রুটির কোনও অবকাশ নেই। সুপার এইটে সব দলই তিনটি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল নিজেদের পরের ম্যাচগুলি খেলবে জিম্বাবোয়ে (Zimbabwe) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে। ভারতীয় দলকে এই দুই ম্যাচে জিততে তো হবেই। পাশাপাশি টিম ইন্ডিয়াকে আশা করতে হবে প্রোটিয়া দলও যেন বাকি দুই প্রতিপক্ষকে পরাজিত করে। তাহলে সেক্ষেত্রে দুই ম্যাচ জিতে গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে এর অন্যথা হলে? দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজিত হয়, তাহলে সমস্যায় পড়বে ভারত।

    বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

    প্রোটিয়াদের বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারের ফলে ভারতের (India vs South Africa) নেট রান রেটও বেশ ধাক্কা খেয়েছে। এই হারে ভারতের নেট রান রেট নেমে গেছে মাইনাস ৩.৮০০-তে। সুপার এইটে এখন পরিস্থিতি জটিল। তাই ভারতীয় দলকে সেক্ষেত্রে নিজেদের ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় শুধু পয়েন্ট নয়, আত্মবিশ্বাসেও ধাক্কা। তবে অধিনায়ক সূর্যকুমার পরিষ্কার জানিয়েছেন, এটা ঘাবড়ানোর নয়, ঘুরে দাঁড়ানোর সময়। সূর্য বলেন, ‘আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেটই খেলব। ব্যাট, বল, ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি করতে হবে। তারপর সময় বলবে।’

  • Abhishek Sharma: বিশ্বকাপের মাঝে বড় ধাক্কা! গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা

    Abhishek Sharma: বিশ্বকাপের মাঝে বড় ধাক্কা! গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা

    মাধ্যম নিউজ ডেস্ক: নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। পেটের সংক্রমণের কারণে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা। ভারতের এই তারকা ব্যাটার গত কয়েক দিন ধরেই অসুস্থ। সূত্রের খবর, আমেরিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার পর তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। জ্বর ও পেটের সংক্রমণে কাবু এই ভারতীয় ওপেনার। অসুস্থতা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফলে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

    পেটের সমস্যায় কাবু অভিষেক

    অসুস্থ থাকায় অভিষেকের খেলা নিয়ে অনিশ্চয়তা আগেই তৈরি হয়েছিল। জ্বরে মাথা তুলতে পারছিলেন না। স্যালাইন পর্যন্ত দিতে হয়। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে ১২ ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে গ্রুপ-স্টেজ ম্যাচে অভিষেককে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্র্যাক্টিসে দেখা যায়নি ভারতের বাঁ-হাতি এই ওপেনারকে। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন,‘অভি পেটের সমস্যায় পুরো ফিট নয়।’

    মাঠে নামবেন বুমরা

    সূত্রের খবর, অভিষেক শর্মার বদলে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। চোট সারিয়ে ফিট হয়ে টিমের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সে ক্ষেত্রে তিনি ওপেনও করতে পারেন। অন্য ওপেনার হিসেবে থাকবেন ঈশান কিষান। দ্বিতীয় বিকল্প হিসেবে নাম উঠে আসছে সঞ্জু স্যামসনের। অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে পারেননি ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। তবে নামিবিয়া ম্যাচে ফেরার সম্ভাবনা প্রবল। এরপরই ভারত-পাকিস্তান মহারণ। তার আগে বুমরাকে খেলাতে চাইবে ভারতীয় শিবির। রবিবার বিশ্বক্রিকেটের (T20 World Cup 2026) সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ। তার আগে পুরো দল খেলিয়ে মহড়া সেরে নিতে চাইবেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবরা। কিন্তু অভিষেকের পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

  • India Vs Pakistan: “ফারহানের বন্দুকের জবাবে ব্রহ্মস নিক্ষেপ অভিষেকদের”, অকপট প্রাক্তন পাক স্পিনার কানেরিয়া

    India Vs Pakistan: “ফারহানের বন্দুকের জবাবে ব্রহ্মস নিক্ষেপ অভিষেকদের”, অকপট প্রাক্তন পাক স্পিনার কানেরিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরির পর ব্যাটকে বন্দুকের মতো ধরে সেলিব্রেশন করেন। গান (বন্দুক)-এর জবাব রানে দিলেন ভারতীয় ব্যাটাররা। সাহিবজাদার বন্দুকের জবাবে ব্রহ্মস মিসাইল নিক্ষেপ করলেন অভিষেক ও গিল, এমনই অভিমত পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। তার আগেই অবশ্য দেশে-বিদেশে নিন্দিত হচ্ছে পাকিস্তান দল। সৌজন্যে পাক ওপেনার সাহিবজাদা ফারহানের উচ্ছ্বাসের একটি ধরন। অর্ধশতরানের পর ব্যাটটিকে নিয়ে বন্দুক ধরার মতো একটি বিশেষ কায়দায় উচ্ছ্বাস করেছেন তিনি, যা সমালোচনার মুখে পড়েছে।

    বন্দুকের জবাবে ব্রহ্মস

    দুবাইয়ে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করে ‘গান সেলিব্রেশন’ করেছিল পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। বন্দুক যেমনভাবে ধরে, সেরকম কায়দায় ব্যাট করে গুলি চালানোর মতো সেলিব্রেশন করেছিল। আর সেই অদৃশ্য ‘গুলিটা’ ফারহানদের শরীর ফুঁড়ে ঢুকে গেল। শুধু তাই নয়, ব্রহ্মস মিসাইলে যেরকমভাবে পাকিস্তানি অসংখ্য সামরিক ছাউনির অবস্থা হয়েছিল, ফারহানদের হাল সেরকমই করে দিলেন অভিষেক শর্মা এবং শুভমন গিলরা। রবিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান তোলে পাকিস্তান। ভারত যদি ঠিকঠাক ক্যাচ ধরত, তাহলে সলমন আঘাদের রান এতটা হত না। কিন্তু ভারতের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নেন তাঁরা। ক্যাচ ফস্কানোর মাশুল হিসেবে গুনতে হয় প্রায় ৯০ রান। পাকিস্তানেরর হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন গান-সেলিব্রেশন করা ফারহান। যদিও ব্যাট করতে নেমেই তাঁর এই আচরণের জবাব দেন দুই ভারতীয় ওপেনার। শাহিন আফ্রিদিকে ছয় মেরে ইনিংসের শুরু করেন অভিষেক। গিল-অভিষেকের ইনিংসের প্রশংসা করে পাক স্পিনার কানেরিয়া বলেন, “ফারহানের বন্দুকের জবাবে ব্রহ্মস নিক্ষেপ করেছেন অভিষেকরা।”

    বিতর্কিত উচ্ছ্বাস

    পাকিস্তানের হয়ে শুরুটা ভালই করেছিলেন ফারহান। হার্দিক, বুমরার উপর দাপট দেখিয়ে দ্রুত গতিতে রান তুলছিলেন। দশম ওভারে অক্ষর প্যাটেলের একটি বল মিড উইকেটের উপর শট খেলে অর্ধশতরান পূরণ করেন। এর পরেই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে এমন ভাবে উচ্ছ্বাস করেন, যেন মনে হচ্ছে বন্দুক চালাচ্ছেন। খেলাধুলোর জগতে এই ধরনের উচ্ছ্বাস ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সমালোচনা। পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক মোটেই ভালো নয়। এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হবে কি না, তা নিয়েই নিশ্চয়তা ছিল না। তার উপর প্রথম ম্যাচের পর করমর্দন-বিতর্কে তোলপাড় হয় ক্রিকেটবিশ্ব। সে সবের মাঝে ফারহানের এই উচ্ছ্বাস বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-কে কটাক্ষ করতেই এই উচ্ছ্বাস করেছেন ফারহান। সাধারণ সমর্থকরা তো বটেই, ধারাভাষ্যকারেরাও এই আচরণ মেনে নিতে পারেননি। বিষয়টি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে।

    ভারতের পাল্টা জবাব

    ম্যাচের শুরুতেই অভিষেক শর্মা শাহিন আফ্রিদির প্রথম বলেই ছক্কা মেরে ইনিংস শুরু করেন। এই শটের মাধ্যমে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের হয়ে একাধিকবার ইনিংসের প্রথম বলে ছক্কা মারা প্রথম ব্যাটার হন। ম্যাচে অভিষেক ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান এবং গিলের সঙ্গে প্রথম উইকেটে মাত্র ৯.৫ ওভারে ১০৫ রানের জুটি গড়েন। গিলও নিজের ইনিংসে ৮টি চার মারেন। অভিষেক তাঁর ৫০তম টি-টোয়েন্টি ছক্কাটি হাঁকান নিজের ৩৩১তম বল খেলার মধ্যেই, যা তাকে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত এই মাইলফলক ছোঁয়া ব্যাটার করে তোলে। এছাড়াও, পাকিস্তানের বিরুদ্ধে ২৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে তিনি যুবরাজ সিং-এর রেকর্ড (২৯ বল) ভেঙে দেন। প্রাক্তন পাক স্পিনার কানেরিয়া মনে করেন, ব্যাট হাতেই জবাব দিয়েছেন অভিষেক। এমনকি অর্ধশতরানের পর অভিষেকে ‘ফ্লাইং কিস সেলিব্রেশন’ নিয়ে কানেরিয়া বলেন, “ভালোবেসে মুখের উপর জবাব দিয়েছে ভারত।”

    গিল-অভিষেকের ট্যুইট ভাইরাল

    দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। ম্যাচে ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিলের আগ্রাসী ব্যাটিংয়ে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারায়। অভিষেক ৩৯ বলে ৭৪ এবং গিল ২৮ বলে ৪৭ রান করেন, যার সৌজন্যে পাকিস্তানের দেওয়া ১৭২ রানে লক্ষ্য ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া। ম্যাচ চলাকালীন অভিষেক ও গিলের সঙ্গে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিষেক শর্মা যখন পাকিস্তানি পেসার হারিস রউফের একটি বল বাউন্ডারির বাইরে পাঠান, তখন রউফ রেগে যান এবং অভিষেককে স্লেজ করতে শুরু করেন। অভিষেকও চুপ করে থাকেননি। দু’জনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। পাকিস্তানি প্লেয়াররা তাদের গালি দিচ্ছিল বলেও ম্যাচ শেষে জানিয়েছেন অভিষেক শর্মা। মাঠে বিপক্ষকে নিজেদের ব্যাটের মাধ্যমে জবাব দেওয়ার পর ম্যাচ শেষে অভিষেক শর্মা ও শুভমান গিল এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। যেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দুজনেই এক্সে চার শব্দের বার্তা দিয়ে কটাক্ষ করেন পাকিস্তান দলকে। গিল লেখেন, “খেলাই কথা বলে, শব্দ নয়” (Game speaks, not words) এবং অভিষেক লেখেন, “তোমরা কথা বলো, আমরা জয় করি” (You talk, we win)। চলতি প্রতিযোগিতাতে চারটি ম্যাচেই জিতেছে ভারত।

  • India Beats Pakistan: ‘‘ভারত-পাকিস্তান আর কোনও লড়াই-ই নয়’’! অভিষেক-গিলের দাপটে ম্যাচ জিতে সাহসী জবাব সূর্যর

    India Beats Pakistan: ‘‘ভারত-পাকিস্তান আর কোনও লড়াই-ই নয়’’! অভিষেক-গিলের দাপটে ম্যাচ জিতে সাহসী জবাব সূর্যর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ ৬ উইকেটে জিতে পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও মাইন্ড গেমে নেমেছিল পাকিস্তান। সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগের হুংকার, এশিয়া কাপ বয়কটের দাবি, একাধিক সমস্যা তৈরি করে আলোচনায় থাকার চেষ্টায় ছিল। কিন্তু খেলার মাঠে পারফরম্যান্স সেই তলানিতেই। ম্যাচ শেষ হওয়ার পর এ দিনও দু’দলের ক্রিকেটারেরা হাত মেলাননি। তবে আগের দিনের মতো ভারত সাজঘরের দরজা বন্ধ করেনি। আসলে খেলাটা তো মাঠেই জিতে গিয়েছে ভারত।

    ভারতকে থামানোর ক্ষমতা নেই

    ভারতকে থামানোর ক্ষমতা নেই পাকিস্তানের। সেটাই ফের দেখা গেল এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে। ভারত জেতার পরে শোনা গেল ‘চক দে’। ম্যাচ জেতায় সুপার ফোরের পয়েন্ট তালিকায় সবার উপরে চলে গেল ভারত। সূর্যকে সাংবাদিক সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক জিজ্ঞাসা করেন, এই ‘ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে তিনি কী বলবেন? ভারত অধিনায়ক বলেন, ‘‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার প্রশ্ন করা বন্ধ করা উচিত।’’ এখানেই থেমে থাকেননি ভারত অধিনায়ক। বলেন, ‘‘আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভালো ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়।’’ সত্যিই ক্রিকেটে গত ১৫ বছরে ভারত পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে। ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে ভারত।

    পাকিস্তানকে জবাব দেওয়ার প্রয়োজন ছিল

    পরিসংখ্যান যাই হোক, ভারত-পাকিস্তান লড়াই তা সে বাইশ গজেও হোক আর সীমান্তে সবসময় উত্তেজনার। রবিবাসরীয় সন্ধ্যায় বারবার তা চোখে পড়েছে। ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন শাহিন আফ্রিদিকে কোনও কথার জবাব দিতে এগিয়ে গিয়েছিলেন শুভমন গিল। কয়েক বল পরেই আবার অন্য এক দৃশ্য। এ বার হ্যারিস রউফের সঙ্গে ঝামেলা হয় অভিষেক শর্মার। তখন স্পষ্ট বোঝা যায়নি কী হয়েছে। তবে বিষয়টি যে গুরুতর ছিল এটা ম্যাচের পরেই বুঝিয়ে দিয়েছেন অভিষেক। জানিয়েছেন, পাকিস্তান বড্ড বেশি বাড়াবাড়ি করছিল। সেটারই জবাব ব্যাট হাতে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে অভিষেক বলেন, “পাকিস্তানের বোলারেরা বেশি বাড়াবাড়ি করছিল। কোনও কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল, তর্ক করছিল। আমার সেটা একেবারেই পছন্দ হয়নি। তাই জন্যই ওদের জবাব দেওয়া দরকার ছিল। দলকে জেতাতে চেয়েছিলাম। সেটা পেরেছি।” এশিয়া কাপের চারটি ম্যাচেই ভালো খেলেছেন অভিষেক। রবিবারই প্রথম অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। সাফল্যের নেপথ্যে দলের সমর্থনের কথা উল্লেখ করেছেন অভিষেক। বলেছেন, “যখন দেখবেন কোনও ব্যাটার এত ভালো খেলছে, তখন বুঝবেন নিশ্চয়ই তাঁর পাশে দল রয়েছে। কোচ এবং অধিনায়ক আমাকে খুবই সমর্থন করে। তাই জন্যই এত ভালো খেলার সাহস পাই।”

    শুভমন-অভিষেক ঝড়

    টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭১ খুব একটা খারাপ স্কোর নয়। পাকিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল ৫ উইকেটে ১৭১ রান। সেই রান তাড়া করতে নেমে ভারত দাদাগিরি দেখাল। অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাট শুরু থেকেই চলতে শুরু করল। শাহিন আফ্রিদিকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে অভিষেক রান তাড়া শুরু করেছিলেন। খেলা যত এগোল ভারতের দুই ওপেনার ততই মারমুখী ব্যাটিং শুরু করে দিলেন। অভিষেক শর্মা ও শুভমান গিলের আগ্রাসী ব্যাটিংয়ে ধুয়ে গেল পাক বোলিং আক্রমণ। ৯.৫ ওভারেই ভারত ১০৫ করে ফেলে। শুভমন গিল ৪৭ রানে আশরাফের বলে বোল্ড হন। রুদ্রমূর্তি ধরেন অভিষেক। নাগাড়ে আক্রমণ করে যান পাক বোলারদের। পাক বোলাররা কোথায় বল ফেলবেন তাই বুঝে উঠতে পারছিলেন না। শেষমেশ আবরারের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। যাওয়ার আগে ৩৯ বলে ৭৪ করে যান তিনি। ৬টি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। আউট হওয়ার আগের বলেই ছক্কা মেরেছিলেন অভিষেক। পরের বলেও মারতে গিয়ে ডাগ আউটে ফেরেন। বাকি কাজটা সারেন তিলক (১৯ বলে ৩০ অপরাজিত) ও হার্দিক। ৭ বল বাকি থাকতে ছয় উইকেটে ভারত ম্যাচ জেতে।

    পাকিস্তান ম্যাচই রানে ফেরার মঞ্চ

    তিন ম্যাচে ৩৫ রান করা শুভমনকে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য রানে ফিরতেই হত। পাকিস্তান ম্যাচেই সেই মঞ্চটা বেছে নিয়েছিলেন শুভমন। শনিবার ঐচ্ছিক অনুশীলন থাকলেও তিনি অনুশীলন করেছিলেন। আর অনুশীলন করিয়েছিলেন তাঁর ওপেনিং সতীর্থ তথা ছোটবেলার বন্ধু অভিষেক শর্মা। তার প্রতিফলন দেখা গেল রবিবার। আকাশে শট খেলার দিকে নজর দেননি শুভমন। বরং মাটিতে রেখে বল বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেছেন। ইনিংসে আটটি চারই তার প্রমাণ। গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমনের সঙ্গে শতরানের জুটি গড়ে ভারতের চাপ অনেকটাই হালকা করে দেন অভিষেক। ছোটবেলা থেকেই দু’জনে একসঙ্গে খেলেছেন। সেই প্রসঙ্গে বললেন, “স্কুলে পড়ার সময় থেকেই আমরা একসঙ্গে খেলছি। একে অপরকে সঙ্গ দিতে পছন্দ করি। আগেই ঠিক করে নিয়েছিলাম, আজই কিছু একটা করতে হবে। যে ভাবে শুভমন খেলছিল সেটা দারুণ লেগেছে।”

  • Abhishek Sharma: আক্রমণাত্মক ক্রিকেটই লক্ষ্য গম্ভীরের, অভিষেকের আগ্রাসনেই হারিয়ে গেল ইংল্যান্ড

    Abhishek Sharma: আক্রমণাত্মক ক্রিকেটই লক্ষ্য গম্ভীরের, অভিষেকের আগ্রাসনেই হারিয়ে গেল ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরল সুদিন। টেস্টে মানিয়ে নিতে একটু সময় লাগলেও টি২০ ক্রিকেটে তাঁর চিন্তাভাবনা বরাবরই সফল। আইপিএলে চ্যাম্পিয়ন অধিনায়ক। মেন্টর হিসেবেও তাঁর জাদু স্পর্শেই গতবার আইপিএল খেতাব ঘরে তুলেছে কলকাতা। তিনি গৌতম গম্ভীর। টি২০-তে তাঁর লক্ষ্য পরিষ্কার। ভারতীয় দলের কোচ হিসেবেও ক্রিকেটের এই ফরম্যাটে ১০০ শতাংশ সফল গম্ভীর। তাঁর মাস্টার-মাইন্ডেই ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ হারাল ভারত। শুধু হারাল নয়, শেষ ম্যাচে ভারতের কাছে ১৫০ রানে হেরে লজ্জার মুখে ইংল্যান্ড। ইংরেজদের তৈরি বাজবলেই তাঁদের ঘায়েল করেছেন গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই টি-টোয়েন্টির মেজাজ নিয়ে খেলতে নামবে ভারত, জানিয়ে দিয়েছেন গুরু গম্ভীর।

    আগ্রাসী ক্রিকেট গম্ভীরের

    উইকেট পড়লেও কমবে না রান তোলার গতি। লক্ষ্য ২৫০ রান। সেটা করতে গিয়ে যদি ১২০ রানে দল অলআউট হয়ে যায়, তা-ও কোনও সমস্যা নেই। আপাতত এই মেজাজ নিয়ে টি-টোয়েন্টি খেলছে ভারত। শুধু টি২০ নয়, এক দিনের ক্রিকেটেও একই ধরনের মানসিকতা চান কোচ গম্ভীর। গম্ভীর জানিয়েছেন, হারের ভয় নিয়ে খেলতে নামেন না তাঁরা। তিনি বলেন, “টি২০-তে এই ক্রিকেটটাই খেলতে চাই। আমাদের হারের ভয় নেই। ঝুঁকি না নিলে পুরস্কার পাওয়া যাবে না। দলের সকলে এই মানসিকতা নিয়েই খেলে। গত ছ’মাস ধরে সকলে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। নিঃস্বার্থ ক্রিকেট খেলছে।” গম্ভীরের কথায়, “আমরা প্রতি ম্যাচে ২৫০-২৬০ রান করতে চাই। সেটা করতে গিয়ে যদি কোনও ম্যাচে ১২০-১৩০ রানে অলআউট হয়ে যাই তাতে কোনও সমস্যা নেই। ঝুঁকি না নিলে হবে না। আমার মতে, আমরা ঠিক দিকে এগোচ্ছি। বড় প্রতিযোগিতাতেও এই একই ভাবে খেলব।” গুরু গম্ভীরের আশু লক্ষ্য যে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা বুঝিয়ে দিলেন।

    অভিষেকের আভিজাত্য

    গুরু গম্ভীরের কথামতোই আগ্রাসী ক্রিকেট উপহার দিয়েছেন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শতরান করেছেন তিনি। ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংসে ৪’টি নজির গড়েছেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অভিষেক। ওয়াংখেড়েতে ১৩টি ছক্কা মেরেছেন অভিষেক। আন্তর্জাতিক টি২০-তে এক ইনিংসে ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক। ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-র মধ্যেই ৫৮ রান করেছেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে এই রান সর্বাধিক। ১০.১ ওভারের মাথায় নিজের শতরান পূর্ণ করেছেন অভিষেক। এক ইনিংসে ওভারের নিরিখে এটি দ্রুততম শতরান।

    যুবরাজকে ধন্যবাদ

    আক্রমণাত্মক ক্রিকেটের জন্য নিজের মেন্টর যুবরাজ সিংকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। তাণর কথায়, “যুবি ভাই তিন-চার বছর আগে থেকে আমাকে নিয়ে পরিশ্রম করছে। ওই একমাত্র যে আমার উপর ভরসা রেখেছিল। আমাকে বলেছিল, এক দিন আমি ভারতের হয়ে খেলব। দলকে জেতাব। সেটা এখন সত্যি। এই ইনিংসের পর তাই আমি যুবি ভাই ছাড়া আর কারও কথা মনে করতে পারছি না।”

  • Abhishek Sharma: ম্যাচ জেতানো ইনিংস অভিষেকের, কোহলির পরিবর্ত কি খুঁজে পেল ভারত?

    Abhishek Sharma: ম্যাচ জেতানো ইনিংস অভিষেকের, কোহলির পরিবর্ত কি খুঁজে পেল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন রোহিত ও কোহলি। এই ফরম্যাটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন কিং কোহলি। জিম্বাবোয়ে সফর থেকেই সেই পরীক্ষা চলছে। লক্ষ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ম্যাচে ভারত ১৩ রানে হারার পর সমালোচনাও শুরু হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানেই টিম ইন্ডিয়া  বুঝিয়ে দিল তাঁদের রিজার্ভ বেঞ্চ তৈরি। দ্বিতীয় ম্যাচে অভিষেকের ঝোড়ো শতরানে জিতল ভারত। একই সঙ্গে প্রশ্ন উঠল রোহিতের পরবর্তী যদি গিল হন, তাহলে কোহলির জায়গায় কে? অভিষেক শর্মা (Abhishek Sharma) না বিশ্বকাপজয়ী ভারতীয় দলের (Team India) সদস্য যশস্বী জয়সওয়াল। দুই বাঁহাতি-ওপেনারকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেট মহল। 

    যুবরাজকে ফোন

    এদিন ভারত প্রথম ব্যাট করে ২৩৪ রান তোলে। অভিষেকের (Abhishek Sharma) শতরান, ঋতুরাজ অপরাজিত ৭৭ ও রিঙ্ক অপরাজিত ৪৮ রান করেন।  জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। ১০০ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। ম্যাচের পরই যুবরাজকে ফোন করেন অভিষেক। তিনি বলেন, “প্রথম ম্যাচের পরেও আমি যুবিপাজিকে ফোন করেছিলাম। কেন জানি না, ও খুব খুশি ছিল। বলেছিল ভাল শুরু হয়েছে। আজ আমার পরিবার যতটা খুশি, যুবিপাজিও ততটাই খুশি। তাই আমিও খুশি। ও যে পরিশ্রম আমার জন্য করেছে তা অকল্পনীয়। গত দু’তিন বছর ধরে যুবিপাজি আমাকে শেখাচ্ছে। শুধু ক্রিকেট নয়, তার বাইরেও অনেক কিছু শিখেছি।” অভিষেক জানান, ভারতের হয়ে ছয় ছক্কা মারা ব্যাটার যুবি তাঁর সাফল্যে খুশি। অভিষেকের কথায় যুবরাজ তাঁকে বলেছেন,“খুব ভাল খেলেছ। এই সাফল্য তোমার প্রাপ্য। আরও অনেক শতরান করবে। এটা সবে শুরু।”

    অভিষেকের রেকর্ড

    ভারতের (Team India) প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টানা তিনটি ছয় মেরে অভিষেক (Abhishek Sharma) এদিন শতরানে পৌঁছন। এর আগে, শুভমান গিল পরপর ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ২০০-তে পৌঁছেছিলেন। সাতটি চার ও আটটি ছয় দিয়ে সাজানো অভিষেকের ৪৭ বলে ১০০ রানের ইনিংস। শতরান পূর্ণ করতে মাত্র ৪৬ বল নেন অভিষেক। যা টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে যুগ্ম তৃতীয় দ্রুততম। ২০১৭ সালে রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে ও গত বছর সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধেই ৪৫ বলে শতরান করেন। ২০১৬ সালে লোকেশ রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বলে টি২০ আন্তর্জাতিক শতরান পান।

    বাবাকে ধন্যবাদ

    শতরান করে অভিষেক ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবাকে। তিনি বলেন, “বাবা ছোটবেলা থেকেই বলত বড় শট খেলার জন্য। সাধারণত কোচেরা এই উপদেশ দেয় না। কিন্তু বাবা বলত এমন শট মারো, যাতে বল মাঠে না থাকে।”

    গিলের ব্যাটই বন্ধু

    নিজের শতরান প্রসঙ্গে অভিষেক (Abhishek Sharma) আরও জানান, এদিন নিজের ব্যাট নিয়ে খেলেননি তিনি। খেলেছেন শুভমনের ব্যাটে। দু’জনেই পাঞ্জাবের। ছোটবেলা থেকে একসঙ্গে খেলছেন। অভিষেক বলেন, “শুভমনের ব্যাট নিয়ে খেলেছি। তাই ওই ব্যাটকেও ধন্যবাদ। এটা সেই অনূর্ধ্ব-১২ থেকে করে আসছি। যখনই মনে হয় চাপে আছি, এমন কোনও ম্যাচ যেখানে রান করতেই হবে, আমি ওর থেকে ব্যাট নিয়ে নিই।” অভিষেক জানান, গিলের মতোই শুভমনের ব্যাটও তাঁর বন্ধু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল (IPL 2024) পর পর দু’টি ম্যাচে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৬৫ রান। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যে পিচ থেকে বোলাররা ১০০ শতাংশ সাহায্য পেয়েছে সেখানে ১২ বলে ৩৭ রান করে অফ দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা।   

    টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিবম!

    এদিন টসে জিতে ঋতুরাজদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত সঠিক ছিল। দলের ২৫ রানের মাথায় চেন্নাই প্রথম উইকেট হারায়। ৯ বলে ১২ রান করে চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন রাচিন রবীন্দ্র। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান। দুই ওপেনারকে হারানোর পর এক দিক ধরে রেখেছিলেন অজিঙ্ক রাহানে। উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেন শিবম দুবে। শুক্রবার চারটি ছক্কা মারেন শিবম। তাঁর ছক্কা দেখে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার দাবিও তোলেন যুবি। তিনি বলেন, “এত সহজ ভাবে শিবম শটগুলো মারছে দেখে ভাল লাগছে। আমার মনে হয় ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে ও। সেই ক্ষমতা ওর আছে।” শুক্রবার কামিন্সের দেওয়া মন্থর বাউন্সার বুঝতে পারেননি শিবম। অর্ধশতরান থেকে ৫ রান দূরে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। এরপর চেন্নাইয়ের হয়ে কেউ দাগ কাটতে পারেনি।

    ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স ঝোড়ো সূচনা করে। ১২ বলে ৩৭ রান করে আউট হন অভিষেক শর্মা। তাঁকে আউট করেন দীপক চাহার। ট্র্যাভিস হেড ২৪ বলে ৩১ রান করেন। একটা সময়ে ৯.৪ ওভারে ১০৬ রানে ২ উইকেট হারিয়েছিল হায়দরাবাদের। তখনই তাদের জয় স্পষ্ট হয়ে যায়। এরপরে মার্কমার ৩৬ বলে ৫০ রান করেন। হেনরি ক্লাসেন এবং নীতীশ রেড্ডি জয়ের বাকি কাজটা করে দেন। পরাজয়ের কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘পিচ ধীরগতির ছিল। ব্যাক এন্ডে ওরা খুব ভালো বোলিং করেছে। শেষ পাঁচ ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি। আমাদের বোলিংও খুব একটা ভালো হয়নি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। বেঙ্গালুরুতে ভারত-পাক ম্যাচ ঘিরে গ্যালারি হাউসফুল ছিল। দা ফুটবল থেকে এ বার ক্রিকেট। এমার্জিং এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান। আমিরশাহি ও নেপালকে হারিয়ে ইতিমধ্যেই এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। তবে খেলাটা নিয়মরক্ষার হলেও প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। বাইশ গজে যখন যেখানে ভারত-পাক লড়াই হয় তা নিয়ে উত্তেজনার পারদ চড়তেই থাকে।

    নজরে কারা

    ছেলেদের ক্রিকেটে এটিই বছরের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এর পরে সিনিয়র দলের এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপে দু’দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। ভারত-পাকিস্তান, যে দল আজ জিতবে, গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে যাবে তারা। ভারত প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে শতরান করেছিলেন অধিনায়ক যশ ধূল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর, স্পিন বোলিং অলরাউন্ডার নিশান্ত সিন্ধু অনবদ্য পারফর্ম করেন। তেমনই ব্যাটিংয়ে নজর কাড়েন আইপিএলের ১৬তম সংস্করণে সাড়া ফেলে দেওয়া সাই সুদর্শন। অনবদ্য ইনিংস খেলেন আর এক উঠতি প্রতিভা অভিষেক শর্মা। ভারত-পাকিস্তানে ম্যাচের চাপ সামলে কে বা কারা নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারেন তারই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    কবে, কখন, কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ

    ১৯ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিটে। স্টার স্পোর্টস, ফ্যান কোডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share