Tag: Alipur Weather Office

Alipur Weather Office

  • Weather Update: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাবে বৃষ্টি! কলকাতার পাশ দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ নিম্নচাপের, জেলায় জেলায় লাল সতর্কতা

    Weather Update: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাবে বৃষ্টি! কলকাতার পাশ দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ নিম্নচাপের, জেলায় জেলায় লাল সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের (Rain in Bengal) পূর্বাভাস ছিল। কিন্তু তা হয়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শুক্রবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে চলেছে। নিম্নচাপ কিছুটা সরে যাওয়ায় শুক্রের সকালে কলকাতার আকাশে রোদের দেখা মিলেছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। স্বাধীনতা দিবসের সকালেও হতে পারে হালকা থেকে ভারী বর্ষণ। আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, ঝাড়খণ্ডের দিকে এগোনোর পথে নিম্নচাপের জেরেই শুক্রবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দফায় দফায় ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি।

    শহরে বৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একটি বড় অংশে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটার ছাপিয়ে ‘চরম ভারী’ আকার ধারণ করতে পারে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের গতিপথ কলকাতার অতি নিকটে হওয়ায় শহরে বৃষ্টির তীব্রতায় ওঠানামা দেখা যাবে। এই পরিস্থিতিতে জরুরি দরকারে যাঁরা বাইরে বেরোবেন, ঝড়-বৃষ্টির সময় তাঁদের গাছপালা, বিদ্যুতের খুঁটি ও পুরানো বা দুর্বল নির্মাণ থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের গতিপথ শেষ মুহূর্তে কিছুটা বদলে যাওয়াতেই কলকাতায় পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ উপগ্রহচিত্র ও রাডারে দেখা যায়, নিম্নচাপের মূল অংশ কলকাতার উপর দিয়ে এগোচ্ছে। কিন্তু পরে সেটি আচমকাই দক্ষিণ-পশ্চিমে সরে যায়। ফলে কলকাতা, হাওড়া ও হুগলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির বলয় থেকে বেরিয়ে যায়। বিপরীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। তবে এ দিন নিম্নচাপটি কলকাতার খুব কাছ দিয়ে অতিক্রম করায় শহরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিপথের একেবারে কাছে থাকায় কলকাতায় বৃষ্টির তীব্রতাও বাড়তে পারে।

    দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগের কালো মেঘ

    শুক্রবারের জেলাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রামের কিছু অংশে ভারী (৭–১১ সেমি) থেকে অতিভারী (৭–২০ সেমি) বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে; অন্য জেলাগুলিতে ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামী কাল, শনিবারও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় রয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    ভিজবে উত্তরবঙ্গও, পাহাড়ে ভারী বৃষ্টি

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ারও পারদ চড়ছে। আজ পাহাড়ি জেলা দার্জিলিঙে তুমুল বৃষ্টির বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। তেমনই উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি যেমন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃষ্টির আবেশ বজায় থাকবে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দিনভর দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা, কোচবিহার-সহ একাধিক জেলায়।

  • Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ প্রবল বর্ষণের পূর্বাভাস! শরতের শুরুতে কেন বৃষ্টি?

    Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ প্রবল বর্ষণের পূর্বাভাস! শরতের শুরুতে কেন বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলা কী কারণে এত বৃষ্টি ? শরতের শুরুতে কেন এই আবহাওয়ার খামখেয়ালিপনা? বর্ষাকালে সেভাবে বৃষ্টির দেখা নেই। পুজোর আগে শেষ লগ্নে বর্ষার ঝড়ো স্পেলে ব্যহত জীবনযাত্রা। সকাল থেকেই আকাশের মুখ ভার। মুষলধারায় বৃষ্টির জন্য খানাখন্দ ভরা শহরের রাস্তার হাল খারাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টাও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও।

    কেন অসময়ে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। বাংলা ও ওড়িশা উপকূলে এর বর্তমান অবস্থান। এটি এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খন্ড অতিক্রম করবে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রাঁচির উপর দিয়ে বাংলা ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত। এর জেরেই প্রবল বর্ষণের সম্ভাবন বঙ্গের একাংশে।

    ব্যহত জীবনযাত্রা

    পুজোর আর এক মাসও বাকি নেই।  তার আগে বৃষ্টির ফলে বিঘ্ন ঘটছে পুজোর বাজারেও। মাসের শুরুতে রাজ্যের বিভিন্ন জায়গায় জমে উঠতে শুরু করেছিল পুজোর বাজার। কলকাতাতেও পুজোর বাজার নিয়ে দোকানদারদের ব্যস্ততা ছিল তুঙ্গে। তার মধ্যে নিম্নচাপ হওয়ায় তাই চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে। সপ্তাহান্তে বৃষ্টি না থামলে শনি, রবিবারও পুজোর বাজারে মন্দা দেখা দেবে মত হাতিবাগান-গড়িয়াহাটের ছোট ব্যবসায়ীদের। বৃষ্টির ফলে  নীচু জায়গায় জমতে পারে জল।  দিনভর বৃষ্টিতে শহরের একাধিক জায়গা জলমগ্ন হওয়ার আশঙ্কা বাসিন্দাদের মনে। রাস্তায়ও যানজট চোখে পড়েছে। 

    আরও পড়ুন: আজ রাজ্যে আসছে প্রায় ৪ হাজার টন পদ্মার ইলিশ! বাজারে মিলবে কবে থেকে?

    কবে থেকে কমবে বৃষ্টি

    আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২০, ২১ ও ২২ তারিখ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বৃষ্টির পূর্বাভাস থাকায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আজ ২১ সেপ্টেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা  ৮৫ শতাংশ।

    উত্তরবঙ্গের তিনটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। বৃষ্টির দাপট চলতে পারে সোমবার পর্যন্ত। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! দক্ষিণে কত দেরি? কী বলছেন আবহবিদরা

    Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! দক্ষিণে কত দেরি? কী বলছেন আবহবিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে প্রবেশ করল মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তরফে সোমবারই জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। রাজ্যের একাংশে দক্ষিণ-পশ্চিম বায়ু ঢুকে পড়েছে গতকালই। বাংলায় এবার পাঁচ দিন দেরিতে বর্ষার আগমন ঘটল। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) কবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও জানায়নি আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা, মালদার ওপর দিয়ে অবস্থান করছে। মেই তা আরও এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে। সিকিম ও বিহারেও ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। 

    কলকাতার আবহাওয়া

    মঙ্গলবার, সকাল থেকে শহরের আকাশে ফের রোদের তেজ। আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল। তবে আগের থেকে তা অনেকটাই কম। সোমবার কলকাতাতে বৃষ্টি হয়েছে ১৪.৬ মিলিমিটার। বিকেল হতেই ঘনিয়ে এসেছে মেঘ। সঙ্গে ঝোড়ো হাওয়া আর ঝাঁপিয়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে শহরতলির বিভিন্ন অংশ। তবে মঙ্গলবার সকাল হতেই ফের ঘামে নাকানিচোবানি অবস্থা শহরবাসীর। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কবে আসবে বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, এখনই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনও ইঙ্গিতই নেই। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৭ শতাংশ। 

    আরও পড়ুন: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত

    উত্তরবঙ্গে বৃষ্টি শুরু 

    উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বুধবার সেই বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে। অন্যদিকে, আগামী ১৬ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share