Tag: Amit Shah

Amit Shah

  • Bengal BJP: জুন মাসেই কি রাজ্যে পা রাখছেন মোদি-শাহ-নাড্ডা?

    Bengal BJP: জুন মাসেই কি রাজ্যে পা রাখছেন মোদি-শাহ-নাড্ডা?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারও বেশ কয়েকটি জনসভা করার কথা রয়েছে। প্রসঙ্গত, বুধবার ৩১ মে রাজস্থানের আজমেড়ে প্রধানমন্ত্রী সূচনা করেছেন বিজেপির একমাসব্যাপী মহা-জনসম্পর্ক অভিযান। সরকারের ন’বছরের সাফল্যগাথা তুলে ধরতে বিজেপি নেতাকর্মীরা গৃহ সম্পর্ক অভিযান, পথসভা, জনসভা, মিছিল, সাংবাদিক সম্মেলন, নাগরিক সেমিনার এ সমস্ত কিছুই করবেন আগামী এক মাস ধরে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গেও (Bengal BJP) শুরু হচ্ছে মহা-জনসম্পর্ক অভিযান।

    কী কী কর্মসূচি রয়েছে?

    বিজেপি (Bengal BJP) সূত্রে খবর, পশ্চিমবঙ্গে তিনটি বড় জনসভা করবেন তাঁরা। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই তিন জনসভায় উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। জানা গিয়েছে, নরেন্দ্র মোদি দক্ষিণবঙ্গে সভা করবেন, অমিত শাহ রাঢ়বঙ্গে এবং জেপি নাড্ডার সভা হওয়ার কথা উত্তরবঙ্গে। দেশের প্রতিটি রাজ্যে মোট ৫১টি জনসভা করবে বিজেপি, যার মধ্যে তিনটি জনসভা হবে বাংলায়। বিজেপির সাংগঠনিক মণ্ডল কমিটিগুলি গ্রামীণক্ষেত্রে তৈরি হয় জেলা পরিষদের আসনকে ধরে। অন্যদিকে এক একটি শহরকে ধরে বিজেপির (Bengal BJP) নগর মণ্ডল তৈরি হয়। শহর বড় হলে নগর মণ্ডলের সংখ্যাও বাড়ে। বিজেপি সূত্রে খবর, এই সমস্ত মণ্ডলগুলিতে এক হাজারেরও বেশি জনসভা করবেন তাঁদের দলের রাজ্য নেতৃত্ব। হাজির থাকবেন এরাজ্য থেকে নির্বাচিত সাংসদ-বিধায়করাও।

    আরও পড়ুন: অভিষেকের একদিনের নিরাপত্তায় মোতায়েন ২২৪৫ পুলিশকর্মী! ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু

    বাংলার প্রতিটি বিধানসভায় যাবে বিজেপি (Bengal BJP) নেতৃত্ব

    বিজেপি সূত্রে খবর, জুন মাসে রাজ্যের ২৯৪টি বিধানসভাতেই জনসভা করবে বিজেপি নেতৃত্ব (Bengal BJP)। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোদি সরকারের ৯ বছরের সাফল্যগাথা তুলে ধরবেন সর্বানন্দ সোনোয়াল, সুশীল মোদির মতো নেতারা। তালিকায় রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিও।

    কী বলছেন সুকান্ত মজুমদার?

    বিজেপির (Bengal BJP) রাজ্য সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘‘শুধু কেন্দ্রীয় নেতারাই নয়, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন বাংলার নেতারাও। আগামী ২১ থেকে ৩০ জুন মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক কর্মসূচি পালন করবে বিজেপি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: সোমবার অশান্ত মণিপুরে তিন দিনের সফরে যাচ্ছেন অমিত শাহ

    Amit Shah: সোমবার অশান্ত মণিপুরে তিন দিনের সফরে যাচ্ছেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার (২৯ মে) মণিপুর পরিদর্শনে যাবেন তিনি। বৃহস্পতিবার শাহ বলেছিলেন, ‘‘কিছু দিনের মধ্যেই আমি নিজে মণিপুর যাব। সেখানে আমি ৩ দিন থাকব। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মণিপুরবাসীর সঙ্গে কথা বলব।’’ তারপরই শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই কথা জানান।

    অশান্ত মণিপুর

    বেশ কয়েকদিন শান্ত থাকলেও গত বুধবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে মণিপুরে। রাজধানী ইম্ফল-সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় নতুন করে কারফিউ জারি করতে হয়েছিল প্রশাসনকে। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় শুক্রবার কারফিউ শিথিল করা হয়।

    গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিংয়ের ইম্ফলের বাড়িতে হামলা হয়েছিল। মণিপুরের বেশ কয়েকটি জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে। স্থানীয় জনগোষ্ঠী মেইতেই এবং কুকি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুরের বিভিন্ন অংশ। যার মধ্যে নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। 

    আরও পড়ুন: দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন চলবে ইলেকট্রিক এবং হাইড্রোজেনে

    তিনদিনের জন্যে মণিপুরে শাহ

    এই পরিস্থিতিতে তিনদিনের জন্যে মণিপুরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah)। শুধু যাওয়া নয়, উত্তর-পূর্বে এই রাজ্যের মানুষের কথা শুনবেন বলেও জানিয়েছেন তিনি।  সম্প্রতি এক বার্তায় মণিপুরের দুই জনজাতি গোষ্ঠীর মানুষকেই শান্ত থাকার অনুরোধ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বলেন, মণিপুর খুব শীঘ্রই আমি যাব। সেখানে থেকে সবার কথা শোনার কথাও জানান তিনি। সবাই সুবিচার পাবেন বলেও আশ্বাস দিয়েছেন শাহ। সূত্রের খবর, ২৯ মে মণিপুরে পৌঁছবেন শাহ। থাকবেন ১ লা জুন পর্যন্ত। ইতিমধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই অশান্ত মণিপুরে গিয়েছেন। সেখানে থেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    Amit Shah: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসনে জিতে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি (PM Modi)।” বৃহস্পতিবার একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন অসম সরকারে চাকরির জন্য ৪৪ হাজার ৭০৩ জনকে নিয়োগপত্র বিলি করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই দেশে যে তৃতীয়বারের জন্য মোদি-রাজ কায়েম হতে চলেছে, সে ব্যাপারে আত্মবিশ্বাসী শাহ।

    কী বললেন শাহ (Amit Shah)?

    তিনি বলেন, “কংগ্রেস বিরোধী দলের তকমা হারিয়েছে। লোকসভায় এখন তাদের যা আসন রয়েছে, সেটাও ধরে রাখতে পারবে না।” কংগ্রসের নেতিবাচক রাজনীতিরও কড়া সমালোচনা করেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “কংগ্রেসের নেতিবাচক মনোভাব রয়েছে। ২৮ মে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। কিন্তু, কংগ্রেস এটাকে বয়কট করে রাজনীতি করছে। তাদের যুক্তি, এর উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির।” শাহ বলেন, “কংগ্রেস এবং একাধিক বিরোধী-শাসিত রাজ্যে এমন উদাহরণ রয়েছে, যেখানে রাজ্যপালের পরিবর্তে বিধানসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেখানকার মুখ্যমন্ত্রীরা এবং সোনিয়া ও রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতারা।”

    কারা যোগ দিচ্ছেন অনুষ্ঠানে?

    এদিকে, নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ছত্রখান হচ্ছেন বিরোধীরা। বৃহস্পতিবার ১৭টি দল অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেলেও, পরের (Amit Shah) দিনই জানা গিয়েছে ওই অনুষ্ঠানে যোগ দেবেন ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বিজেপি ছাড়াও অনুষ্ঠানে যোগ দেবে শিবসেনার একনাথ শিন্ডে শিবির, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, সিকিম ক্রান্তিকারি মোর্চা, জননায়ক জনতা পার্টি, এআইএডিএমকে, ইন্ডিয়া মক্কাল কালভি মুনেত্রা কাজগাম, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া, মিজো ন্যাশনাল ফ্রন্ট, তামিল ম্যানিলা কংগ্রেস, আইটিএফটি, বোড়ো পিপলস পার্টি, পাত্তালি মাক্কাল কাচ্চি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, আপনা দল, অসম গণ পরিষদ, নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, ওয়াই এসআর কংগ্রেস, শিরোমণি অকালি দল এবং জনতা দল (সেক্যুলার)। আগে থেকেই কর্মসূচি থাকায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। এদিকে, রবিবারের ওই অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস, তৃণমূল, আপ সহ মোট ২০টি দল। যার অর্থ, ক্রমেই পাল্লা ভারী হচ্ছো মোদির।

    আরও পড়ুুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Amit Shah: আজ অসমে ৪৫,৭০৩ চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র দেবেন অমিত শাহ

    Amit Shah: আজ অসমে ৪৫,৭০৩ চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র দেবেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম সরকারের বিভিন্ন বিভাগে ৪৫ হাজার ৭০৩ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম কোনও সরকারি অনুষ্ঠানে এতজনের হাতে একসঙ্গে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। আগামী কাল বৃহস্পতিবার অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আগমনকে কেন্দ্র করে গুয়াহাটি-সহ সমগ্র রাজ্যকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

    প্রতিশ্রুতি পূরণ

    সরকারি সূত্রে খবর, ২৫ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গুয়াহাটি আসছেন। সেখানে অসম সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগের জন্য আনুমানিক ৪৫ হাজারেরও বেশি ছেলেমেয়ের হাতে নতুন নিয়োগ পত্র তুলে দেবেন তিনি। রাজ্যের বিজেপি সরকারের ১ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হবে আগামী কাল, দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।

    গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি ময়দানে এক অনুষ্ঠানে ওইসব নিয়োগপত্র বিতরণ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে জানিয়েছেন, আগামী কালের কর্মসূচির সময় ৪৫,৭০৩ জন সফল প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই দিনে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

    আরও পড়ুুন: “কোভিডের চেয়েও মারাত্মক অতিমারির জন্য প্রস্তুত থাকুন”, সাবধানবাণী হু কর্তার

    প্রসঙ্গত অসমে সরকার গঠন করার আগেই এক লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই ওই চাকরি দেওয়ার কথা ছিল। সেই চাকরির কী হল তা নিয়ে প্রশ্ন তোলেন অসমের নির্দল বিধায়ক অখিল গগৈ। গত মার্চে সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে অসমের অর্থমন্ত্রী অজন্তা নেয়োগ বলেন, ১ লাখ ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Building: সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’ বসানো হবে নয়া সংসদ ভবনে, জানেন এর ইতিহাস?

    New Parliament Building: সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’ বসানো হবে নয়া সংসদ ভবনে, জানেন এর ইতিহাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী রবিবার নয়া সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই দিন ঐতিহাসিক সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’ (Sengol) স্পিকারের আসনের পাশে প্রতিস্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানান।

    চোল রাজাদের সঙ্গে যোগ

    কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার ৯ বছর সম্পন্ন করল। সেই উপলক্ষেই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোনার রাজদণ্ডের (Sengol) কথা জানান। তিনি বলেন, এই রাজদণ্ডের নাম ‘সেঙ্গল’৷ তামিল শব্দ ‘সেম্মাই’ থেকে এর উৎপত্তি৷ যার অর্থ ‘ন্যায়পরায়ণতা’৷ চোল রাজত্বের সময় থেকেই এই ‘সেঙ্গল’-এর ঐতিহ্য এ দেশে চলে আসছে৷ বিশেষত, দক্ষিণ ভারতে এর গুরুত্ব অপরিসীম৷ প্রধান পুরোহিত রাজার হাতে রাজদণ্ড তুলে দেন৷ তখন থেকেই রাজক্ষমতা পান রাজা।

    ক্ষমতা হস্তান্তরের প্রতীক

    ১৯৪৭ সালের ১৪ অগাস্ট রাত পৌনে ১২টা নাগাদ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে এই রাজদণ্ড হস্তান্তরিত করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। শোনা যায়, লর্ড মাউন্টব্যাটেন নাকি জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করেছিলেন, ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে কী ব্যবহার করা যায়৷ মাউন্টব্যাটেনের কাছে এই প্রস্তাব পাওয়ার পরে বিষয়টি নিয়ে তৎকালীন গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারীর সঙ্গে কথা বলেন নেহরু৷ রাজাগোপালাচারীই তখন নেহরুকে ‘রাজদণ্ডের’ কথা বলেন৷ রাজাগোপালাচারীর উদ্যোগেই তৈরি হয় ৫ ফুটের সোনা-রুপো নির্মিত ওই রাজদণ্ড৷ যার মাথার উপরে ছিল নন্দী। এতদিন সেই রাজদণ্ড ছিল এলাহাবাদের এক মিউজিয়ামে৷ রবিবার তা স্থাপিত হবে নতুন সংসদ ভবনে৷

    পুরনো ভারতের সঙ্গে নতুন ভারতের যোগ

    এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘সেঙ্গল’ একটা ভাবনার প্রতীক। পুরনো ভারতের সঙ্গে নতুন ভারতকে জোড়ার একটা বড় প্রক্রিয়া এটা। অধিনামের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে এই ‘সেঙ্গল’ বানানো হয়েছে। সংসদ ভবনের উদ্বোধনের দিন আধিনামের ২০ জন অধ্যক্ষ উপস্থিত থাকবেন। তাঁরা প্রধানমন্ত্রীর হাতে এই রাজদণ্ড তুলে দেবেন। তাঁরা আশীর্বাদও দেবেন। শাহর কথায়, “আমাদের সরকার মনে করে, এই পবিত্র ‘সেঙ্গল’ কে সংগ্রহশালায় রাখা অনুচিত। এটি স্থাপনের জন্য সংসদ ভবনের (New Parliament Building) থেকে উপযুক্ত স্থান আর কিছুই হতে পারে না। তাই যেদিন দেশের উদ্দেশে সংসদ ভবন উৎসর্গ করা হবে সেদিনই প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ু থেকে আসা এই রাজদণ্ড স্বীকার এবং স্থাপন করবেন। এই সেঙ্গলের স্থাপনা ১৯৪৭ সালকে আরও একবার মনে করাবে।”

    আরও পড়ুন: মন্দিরে হামলা বরদাস্ত করা হবে না, অস্ট্রেলিয়ায় সাফ জানালেন মোদি

    প্রসঙ্গত, আমন্ত্রণ পাঠানো হলেও সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধনের দিন থাকছে না কোনও বিরোধী দল। কংগ্রেস সহ ১৯টি বিরোধী দল যৌথভাবে নয়া সংসদ ভবনের উদ্বোধনকে বয়কট করেছে। শাহ বলেন, “এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিত থাকা উচিত। ভারত সরকার সবাইকেই আমন্ত্রণ জানিয়েছে। এবার সবাই নিজের ভাবনা অনুযায়ী কাজ করবেন।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে নয়া বিল আনছে কেন্দ্র, সুবিধা কী জানেন?

    Amit Shah: জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে নয়া বিল আনছে কেন্দ্র, সুবিধা কী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে নয়া বিল আনছে কেন্দ্র (Centre)। এর মাধ্যমে নাগরিকদের জন্ম-মৃত্যুর পরিসংখ্যান নথিভুক্ত করা হবে জাতীয় তালিকায়। ভোটার তালিকা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হবে এই তথ্য। সোমবার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ও সেনসাস কমিশনারের নয়া সদর দফতর জনগণ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাদল অধিবেশনেই বিলটি আনা হবে বলে জানান শাহ। প্রস্তাবিত বিলটি পাশ হলে, তা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাজের সহায়ক হয়ে উঠবে বলেও জানান তিনি। 

    নির্বাচন কমিশনের কাজ হবে অনায়াস

    বিশ্বের যে কোনও দেশেই জন্ম-মৃত্যুর পরিসংখ্যান রাখা হয়। এতে সরকারের পক্ষে জনগণের জন্য বিভিন্ন পরিকল্পনা করার কাজ হয় সহজতর। তাছাড়া, ভুয়ো ভোটার ধরতেও প্রয়োজন হয় জন্ম-মৃত্যুর সঠিক হিসেব রাখা। ভোটার তালিকার সঙ্গে জন্ম-মৃত্যুর তথ্য যুক্ত করার ভাবনা নতুন নয়। রাজ্য প্রশাসনের কাছ থেকে মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে প্রয়াত ভোটারদের নাম বাদ দেয় নির্বাচন কমিশন। তবে কমিশন এটা করে প্রশাসনিক নির্দেশে। আইন তৈরি হয়ে গেলে কমিশন সরাসরি এই কাজ করতে পারবে।

    নয়া আইনের সুবিধা

    বিলটি পাশ হয়ে আইনে পরিণত হল নতুন ভোটারদেরও সুবিধা হবে। তাঁদের আর আলাদা করে ভোটার তালিকায় নাম তুলতে হবে না। ১৮ বছর বয়স হলেই নাম উঠে যাবে তালিকায়। মৃত ভোটারদের নামও বাদ যাবে একইভাবে। জানা গিয়েছে, ১৯৬৯ সালের জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণ আইন কিছুটা (Amit Shah) সংশোধন করে প্রস্তুত করা হচ্ছে নয়া বিলটি। এর মাধ্যমে জন্ম-মৃত্যুর যে পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে, তা ব্যবহার করা হবে ভোটার তালিকা তৈরিতে। কেন্দ্রীয় জনসংখ্যার তালিকা ও সরকারি প্রকল্পের সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রস্তুত করতেও কাজে লাগবে এই পরিসংখ্যান। ইতিমধ্যেই কেন্দ্র বিলের খসড়া পাঠিয়ে দিয়েছে রাজ্যগুলিতে।

    আরও পড়ুুন: “১০০ চাকরি বিক্রি করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত”, দাবি শুভেন্দুর

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এর মাধ্যমে জাতীয় তালিকায় জন্ম-মৃত্যুর পরিসংখ্যান অনবরত নিজে থেকেই নথিভুক্ত হতে থাকবে। প্রত্যাশিতভাবেই সহজতর হবে সরকারি কর্মীদের কাজ। তিনি (Amit Shah) জানান, আইন চালুর পর জন্ম সংক্রান্ত তথ্য স্বাস্থ্য দফতরের সিস্টেমে ওঠা মাত্রই তা নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur CM: ‘হিংসায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন’, মণিপুরের মুখ্যমন্ত্রীকে নির্দেশ শাহের

    Manipur CM: ‘হিংসায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন’, মণিপুরের মুখ্যমন্ত্রীকে নির্দেশ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে (Manipur) অব্যাহত হিংসা। রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ব্যাপারে সোমবার মুখ্যমন্ত্রীকে (Manipur CM) নির্দেশ দিয়েছেন শাহ। এদিন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকেই হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন শাহ। হিংসা থামাতে কেন্দ্র সব রকম সাহায্য করবে বলেও জানান তিনি। মেইতে সহ রাজ্যের সমস্ত জনগোষ্ঠী সুবিচার পাবে বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    এক সপ্তাহ আগেও মণিপুরে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন শাহ। গত সোমবার তিনি বলেছিলেন, মণিপুরের (Manipur CM) পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যদিও এখনও মণিপুরে কারফিউ জারি রয়েছে। রাজ্যে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছিলেন তিনি। যে ইস্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য, সে ব্যাপারে মণিপুর সরকার আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন শাহ।

    মুখ্যমন্ত্রীর (Manipur CM) দাবি… 

    মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় সেনা ও মণিপুর পুলিশের টিম জঙ্গি গোষ্ঠী ক্যাম্পগুলি ঘুরে দেখেছে। দেখা গিয়েছে, সেখানে অস্ত্র রয়েছে। ওই অস্ত্রগুলি বেআইনিভাবে মায়ানমার থেকে আনা হয়েছিল। বীরেন সিংহ বলেন, অমিত শাহ জানিয়েছেন, যারা বেআইনি অস্ত্র ব্যবহার করে হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। তিনি জানান, এই হিংসায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে থাকার জন্য কী করতে হবে সে সংক্রান্ত একটা বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে কেন্দ্র। শান্তি বিঘ্নিত হতে পারে এমন মিছিল বা কর্মসূচি গ্রহণ না করার ব্যাপারেও আবেদন করা হয়েছে। কোথাও কোনও গুজবে বা প্ররোচনায় পা না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

    আরও পড়ুুন: জঙ্গি নিশানায় কাশ্মীরের জি-২০ সম্মেলন! উপত্যকায় অভিযান এনআইএ-র

    এদিকে, রবিবার মণিপুর (Manipur CM) সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংহ জানান, মণিপুরে হিংসায় এ পর্যন্ত নিহত ৭৩ জনের দেহ পাওয়া গিয়েছে। জখম হয়েছেন ২৪৩ জন। তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি জানিয়েছেন মেইতেই জনগোষ্ঠীর লোকজন। প্রতিবাদ করে কুকিরা। তার জেরে ৩ মে থেকে আক্ষরিক অর্থেই জ্বলছে মণিপুর। তার পরের দিন মেইতেই ও কুকিদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। হিংসা ছড়িয়ে পড়ে ৮টি জেলায়। মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন প্রায় তিনশো বাসিন্দা। সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ২৩ হাজারেরও বেশি মানুষ। ধূলিসাৎ করে দেওয়া হয়েছে বহু বাড়ি, দোকান, হোটেল এবং ধর্মস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। নামানো হয় সেনা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: রবীন্দ্র-প্রভাবেই জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় জোর মোদির, জানালেন শাহ

    Amit Shah: রবীন্দ্র-প্রভাবেই জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় জোর মোদির, জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের গুরুত্ব বোঝালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শাহ বলেন, “যে শিশু মাতৃভাষায় কথা বলতে পারবে না, পড়তে পারবে না, মাতৃভাষায় পড়ার সুযোগ দেওয়া হবে না, সেই শিশুর ভাবনা, বিচার করার ক্ষমতা থাকবে না”। তিনি জানান, সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার ওপর জোর দিয়েছেন। রবীন্দ্র-তীর্থ শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থারও ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনুকরণযোগ্য হল শান্তিনিকেতন। আগামিদিনে শান্তিনিকেতনই সমস্ত বিশ্বকে শিক্ষার নয়া পথ দেখাবে”। তিনি বলেন, “শান্তিনিকেতন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Thakur) শিক্ষাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন”।

    অমিত শাহ (Amit Shah) উবাচ…

    স্বাধীনতা আন্দোলনেও যে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল, এদিন তাও স্মরণ করিয়ে দেন শাহ। তিনি (Amit Shah) বলেন, “স্বাধীনতা আন্দোলনের প্রতিটি নেতার অনুপ্রেরণা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। বিশ্বের দরবারে ভারতের সাহিত্য-সংস্কৃতিকে তিনিই তুলে ধরেছিলেন। প্রথমবার সাহিত্যে নোবেল পুরস্কারও তিনি এনেছিলেন। দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও ছিলেন রবীন্দ্রনাথ”। কেবল বাংলা নয়, শাহের রাজ্য গুজরাটের সঙ্গেও যে কবিগুরুর বিশেষ সম্পর্ক ছিল, এদিন তাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “গুজরাট ও গুজরাটি সাহিত্যের সঙ্গে গুরুদেবের বিশেষ সম্পর্ক ছিল। গুজরাটের অনেক সাহিত্য রবীন্দ্রনাথ বাংলায় অনুবাদ করেছেন এবং আহমেদাবাদের অনেকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আজও আহমেদাবাদের মানুষ রবি ঠাকুরকে স্মরণ করেন”।

    আরও পড়ুুন: “স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো না থাকা সরকারের ব্যর্থতা,” রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

    এদিন সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে শাহ শ্রদ্ধা জানান কবিগুরুকে। ঘুরে দেখেন ঠাকুরবাড়ি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত রবীন্দ্র সন্ধ্যায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শো-র উদ্বোধনও করেন তিনি। তার আগে তিনি (Amit Shah) গিয়েছিলেন পেট্রাপোল সীমান্তে। সেখানে একটি থানার উদ্বোধন করেন শাহ। শিলান্যাস করেন দ্বিতীয় কার্গো গেটের। প্রশংসা করেন বিএসএফের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আর্থিক উন্নয়নে বড় ভূমিকা পেট্রাপোলের। পেট্রাপোল সীমান্তে বাণিজ্যের অঙ্ক বেড়েছে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সীমান্তবর্তী গ্রামগুলির যে ব্যাপক উন্নতি হয়েছে, তাও জানান শাহ।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে কলকাতায় অমিত শাহ, জেনে নিন চূড়ান্ত কর্মসূচি

    Amit Shah: রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে কলকাতায় অমিত শাহ, জেনে নিন চূড়ান্ত কর্মসূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ তিনি কাটিয়েছিলেন বাংলায়। বাঙালির আরও একটি উৎসব ২৫ বৈশাখ। এদিনও বাংলায় কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যোগ দেবেন রবীন্দ্রজয়ন্তীর (Rabindra Jayanti) অনুষ্ঠানে। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সোজা নিউটাউনের হোটেলে। এই হোটেলেই বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শাহের। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী। এদিন সকাল ১০টা ৪০ মিনিটে শাহ যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন বিশ্বকবিকে।

    অমিত শাহের (Amit Shah) সূচি…

    সেখান থেকে তিনি যাবেন ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে। সেখানে একটি থানা উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতায় ফিরে বিকেল ৫টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে। ওই অনুষ্ঠান শেষে এখানেই হবে আরও একটি অনুষ্ঠান। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতেই আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানের। তাতেও যোগ দেবেন শাহ। রাত পৌনে ৮টার বিমানে দিল্লি রওনা দেবেন তিনি।

    এদিকে, বিজেপি-বিরোধী যে জোট গড়তে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন তাকেও কটাক্ষ করেছেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “কাল যদি মমতাজি ইউপিতে সভা করতে যান, কটা লোক তাঁর কথা শুনতে যাবেন বলতে পারেন”। শাহ বলেন, “মমতাজির সেই সভা থেকে অখিলেশ যাদবের কী লাভ হবে? তিনি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কী লাভ হবে যদি তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কেজিআরজি তাঁর রাজ্যে প্রচারে যান”। তাঁর প্রশ্ন, “কর্নাটকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী গিয়ে কংগ্রেসের হয়ে প্রচার করলেই কি লোকে হাত চিহ্নে ভোট দেবে”?

    আরও পড়ুুন: ‘দৌড়’ থেমে গেল ‘কালবেলা’র স্রষ্টার, প্রয়াত সমরেশ মজুমদার

    হিংসাদীর্ণ মণিপুর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “মণিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যদিও এখনও মণিপুরে কারফিউ জারি রয়েছে”। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাহ বলেন, “কোর্ট একটি নির্দেশ পাশ করে দিয়েছে। তবে এই নির্দেশনামার সঙ্গে জড়িতদের সঙ্গে আলোচনা করা হবে। আলাপ-আলোচনার পরেই মণিপুর সরকার যথোপযু্ক্ত সিদ্ধান্ত নেবে”। তিনি বলেন, “কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Clash: আক্রান্ত বিজেপি বিধায়ক! অবস্থা সঙ্কটজনক, ‘‘পরিস্থিতি অনেকটাই শান্ত’’, বলছে সেনা

    Manipur Clash: আক্রান্ত বিজেপি বিধায়ক! অবস্থা সঙ্কটজনক, ‘‘পরিস্থিতি অনেকটাই শান্ত’’, বলছে সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: জনজাতি সংঘর্ষে জ্বলছে মণিপুর (Manipur Clash)। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। একদিকে যেমন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। তেমনই সংঘাতপূর্ণ এলাকায় শান্তি বজায় রাখতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছে নয়াদিল্লিও। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে সেনা। যদিও, এর মধ্যেই বৃহস্পতিবার আক্রান্ত হন মণিপুরের এক বিজেপি (BJP) বিধায়ক। 

    সঙ্কটজনক আক্রান্ত বিজেপি বিধায়ক

    জানা গিয়েছে, রাজ্যের অশান্তি (Manipur Clash) নিয়েই ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন মণিপুরের ফেরজাওয়াল জেলার থানলনের তিনবারের বিধায়ক ভুংজাগিন ভালতে (Vungzagin Valte)। সেই সময় তাঁর গাড়ির ওপর হামলা চালায় একদল বিক্ষোভকারী। বাড়ি ফেরার পথে হঠাৎ বেশ কিছু ক্ষিপ্ত জনতা বিধায়কের গাড়ি ঘিরে ধরে। গাড়ি লক্ষ্য করে ঢিল-পাথর ছোড়া হয়। সেই সময় গাড়ির ভিতরে ছিলেন বিধায়ক ভুংজাগিন ভালতে, তাঁর ব্যক্তিগত সচিব ও গাড়ির চালক। হামলার পরই বিধায়কের ব্যক্তিগত সচিব পালিয়ে যান। 

    জানা যায়, ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে যান ওই বিধায়ক ও তাঁর গাড়ির চালক। দুজনকেই বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল (Manipur Clash) থেকে বিধায়ককে উদ্ধার করে এবং বিধায়ককে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর অবস্থা অতি সঙ্কটজনক বলে জানা গিয়েছে। আইসিইউ-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। উল্লেখ্য, কুকি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ভুংজাগিন ভালতে। তিনি গত বারের বিজেপি সরকারের আদিবাসী ও পর্বত মন্ত্রী ছিলেন।

    জ্বলছে মণিপুর

    মণিপুরে সংঘাতের (Manipur Clash) সূত্রপাত বুধবার থেকে। গত মাসে সেখানকার হাইকোর্ট সরকারের উদ্দেশে নির্দেশ দেয়, মৈতেই সম্প্রদায়কে তফশিলি তালিকাভুক্ত করা যায় কি না তা বিবেচনা করতে। তাকে ঘিরে ক্রমশ মৈতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে, মৈতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার একটি মিছিল বের করা হয়েছিল। বুধবার এই সংহতি মিছিলকে ঘিরেই অশান্তি বাধে।

    আরও পড়ুন: জ্বলছে মণিপুর, জারি কারফিউ, অশান্তির কারণ কী জানেন?

    জারি কারফিউ, দেখা মাত্র গুলির নির্দেশ

    পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বৃহস্পতিবার বিকালে রাজ্যপালের অনুমতিক্রমে মণিপুরের বিজেপি সরকার দেখা মাত্রই গুলি অর্থাৎ ‘শ্যুট অ্যাট সাইট অর্ডার’, অর্থাৎ দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করে। বুধবার বিকেলেই অধিকাংশ জেলায় কারফিউ জারি করেছিল প্রশাসন। কিছু জায়গায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আগেই। সংঘর্ষ (Manipur Clash) শুরু হওয়ার পরপরই বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় সামরিক ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। 

    হিংসার মূল চক্রী মায়ানমারের অনুপ্রবেশকারীরা?

    মণিপুর পুলিশের দাবি, মায়ানমার থেকে যে অনুপ্রবেশকারীরা উত্তর-পূর্বের এই রাজ্যে ঢুকে পড়েছিল, তারাই সমস্ত হিংসার (Manipur Clash) মূল চক্রী। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে গত বুধবার থেকে টানা পাঁচদিন চুড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ওই দিন থেকেই নতুন করে উত্তাপ ছড়ায় মণিপুরের একাংশে।

    ব্যাহত রেল পরিষেবা

    মণিপুরে (Manipur Clash) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সমস্ত মণিপুরগামী ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনও ট্রেন মণিপুরে প্রবেশ করছে না৷ মণিপুর সরকার ট্রেন চলাচল বন্ধ করার পরামর্শ দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মোকাবিলায় তৎপর সেনা-বায়ুসেনা

    তবে এরই মধ্যে, ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে যে, পরিস্থিতি (Manipur Clash) এখন অনেকটাই স্বাভাবিকের দিকে এগোচ্ছে। মোরে এবং কাংগোপি এলাকা এখন অনেকটাই শান্ত, স্থিতিশীল। ইম্ফল এবং চূড়াচাঁদপুর এলাকার অবস্থাও ভাল করার জন্য সব রকম চেষ্টা চলছে। তবে পরিস্থিতি শান্তির দিকে মুখ ঘোরালেও সেনা এখনই সরছে না সে রাজ্য থেকে, বরং আগাম সতর্কতা হিসেবে মোতায়েন হতে চলেছে আরও কিছু বাহিনী। পড়শি রাজ্য নাগাল্যান্ড থেকেও আনা হয়েছে সেনা। চুরাচাঁদপুর সহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ-মার্চ করছে সেনা। স্থলসেনার পাশাপাশি, মণিপুরে তৎপর বায়ুসেনাও। গতকাল সেনা জওয়ানদের নিয়ে গুয়াহাটি এবং তেজপুর থেকে সি-১৭ গ্লোবমাস্টার ও এএন-৩২ বিমান মণিপুরে পৌঁছয়। পাশাপাশি, সাধারণ নাগরিকদের হিংসা-কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করছে বায়ুসেনা।

    প্রশাসনের মাথাব্যথা ভুয়ো ভিডিও!

    সংঘর্ষের (Manipur Clash) আবহে প্রশাসনের মাথাব্যথা বাড়াচ্ছে ভুয়ো ভিডিও (Fake video)। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর তরফে এই নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়। জানানো হয়, ‘শত্রুভাবাপন্ন একাংশের তরফে’ এই ধরনের ভুয়ো ভিডিও ভেবেচিন্তে ছড়ানো হচ্ছে। ‘অসম রাইফেলস’-র উপর হামলা-সহ একাধিক এমন ভিডিও রয়েছে সেই তালিকায়। ভারতীয় সেনার তরফে মণিপুরের বাসিন্দাদের কাছে আর্জি জানানো হয়, একমাত্র সরকারি এবং নির্ভরযোগ্য জায়গা থেকে পাওয়া তথ্য এবং ভিডিওতেই তাঁরা যেন বিশ্বাস করেন।

    কেন্দ্রকে সাহায্যের আর্জি মেরি কমের

    পরিস্থিতির (Manipur Clash) দিকে কড়া নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যেই অনলাইনে দু’টি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। এমনকী পড়শি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গেও একপ্রস্ত কথাবার্তা সেরে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কম (Mary Kom)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে (Rajnath Singh) ট্যাগ করে ট্যুইট করেছেন তিনি। আবেদন জানিয়ে বলেছেন, ‘‘আমার রাজ্য জ্বলছে। দয়া করে সাহায্য করুন।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share