Tag: Ashwini vaishnaw

Ashwini vaishnaw

  • BSNL: বিএসএনএলের হাল ফেরাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

    BSNL: বিএসএনএলের হাল ফেরাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সঞ্চার নিগম লিমিটেডের (Bharat Sanchar Nigam Limited) হাল ফেরাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সাংবাদিক বৈঠকে বিষয়টি জানিয়েছেন টেলি কমিউনিকেশন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানান, ফাইবার নেটওয়ার্ক বাড়ানোই এবার বিএসএনএলের (BSNL) মূল লক্ষ্য। 

    আরও পড়ুন: ইউরোপের বৃহত্তম স্টার্টআপ সম্মেলনে বিশেষ স্বীকৃতি প্রদান ভারতকে

    কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৩৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে বিএসএনএলের মাথায়। সেই চাপ কমাতেও এই আর্থিক প্যাকেজ ব্যবহার করা হবে। এছাড়া বিএসএনএলের বন্ড বিক্রির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বন্ড বিক্রি করে যে টাকা আসবে, সেই টাকা থেকে ঋণের কিছু টাকা মেটানোরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফোরজি এবং ফাইভজি পরিষেবার জন্য স্পেকট্রামও বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে বিএসএনএল এবং ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেডের সংযুক্তিকরণের বিষয়েও অনুমোদন পাওয়া গিয়েছে। 

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বরাদ্দ চেম্বার ছাড়লেন জগদীপ ধনখড়, কেন জানেন?

    কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, “এই আর্থিক প্যাকেজের তিনটি লক্ষ্য রয়েছে। বিএসএনএলের পরিষেবার মান উন্নত করা, ঋণের বোঝা কমানো এবং ফাইবার নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি করা। প্যাকেজটিতে মোট ৪৩,৯৬৪ কোটি টাকার নগদ সহায়তা এবং ১.২০ লক্ষ কোটি টাকার অন্যান্য সহায়তা দেওয়া হবে।”  

    মন্ত্রী এদিন আরও জানান, “এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ২৪,৬৮০টি গ্রামে এখনও কোনও মোবাইল নেটওয়ার্ক সংযোগ নেই। ভারত জুড়ে মোট ২৫,০০০টি প্রত্যন্ত গ্রামে মোবাইল নেটওয়ার্ক সংযোগ পৌঁছে দিতে ২৬,৩১৬ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।” 

    প্রসঙ্গত, সংস্থাটির হাল ফেরানোর জন্যে চার বছরের সময় বেঁধে দিয়েছে কেন্দ্র। ২০২৭ অর্থবর্ষের আগেই সংস্থাটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। যদিও যাবতীয় পরিকল্পনা প্রথম দুবছরের মধ্যেই বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

    মন্ত্রী আরও বলেন, “বিএসএনএল এবং বিবিএনএলের (BBNL) সংযুক্তিকরণের পরে মোট ফাইবার নেটওয়ার্ক হবে ১৪ লক্ষ কিলোমিটার। আগামী দুবছরেই বিএসএনএলের আয় অনেকটা বাড়বে বলে আশা করছে কেন্দ্র।” 

     

  • Viva Tech 2022: ইউরোপের বৃহত্তম স্টার্টআপ সম্মেলনে বিশেষ স্বীকৃতি প্রদান ভারতকে

    Viva Tech 2022: ইউরোপের বৃহত্তম স্টার্টআপ সম্মেলনে বিশেষ স্বীকৃতি প্রদান ভারতকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের সেরা দেশের স্বীকৃতি পেল ভারত (India)। সম্প্রতি হয়ে গেল ইউরোপের (Europe) বৃহত্তম স্টার্টআপ সম্মেলন ভিভাটেক ২০২২ (Viva Tech 2022)। সেখানেই মিলেছে এই স্বীকৃতি।

    সেরা দেশের খোঁজ পেতে ইউরোপে হয় স্টার্টআপ কনফারেন্স ভিভাটেক ২০২২। এটি ইউরোপের বৃহত্তম স্টার্টআপ সম্মেলন। ফ্রান্সের (France) প্যারিসে আয়োজিত ওই সম্মেলনে ভারতের তরফে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, সেরা দেশের স্বীকৃতি হিসেবে ভিভাটেক ২০২২-তে অংশ নিতে পারাটা ভারতের কাছে সম্মানের। এটার কারণ হল, সারা বিশ্বে ভারতের স্টার্টআপগুলির অবদান।এই সম্মান ভারতীয় স্টার্টআপগুলির স্বীকৃতি। আমরা এক রোমাঞ্চকর যাত্রায় শামিল হয়েছি।

    আরও পড়ুন : পাসওয়ার্ডহীন সাইন ইন স্ট্যান্ডার্ড আনার পরিকল্পনা তিন প্রযুক্তি জায়ান্টের

    তিনি বলেন, এটা এমন এক যাত্রা যেখানে কয়েক কোটি স্মার্টফোন, ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল পরিচয়পত্রকে এই যাত্রায় শামিল করা গিয়েছে।ভারতীয় তরুণদের মধ্যে যে উদ্যম রয়েছে, বিশ্বের আর কোনও দেশে তা পাবেন না বলেও মন্তব্য করেন ভারতের যোগাযোগ মন্ত্রী।

    ভিভাটেক নামের এই প্রদর্শনীতে গিয়ে এদিন অশ্বিনী উদ্বোধন করেন ভারতীয় প্যাভেলিয়নের। ব্যাংক অ্যাকাউন্ট তৈরি, ডিজিটাল পরিচয়পত্র এবং স্মার্টফোন তৈরিতে ভারতে ইউনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি। ভারতের যোগাযোগ মন্ত্রী বলেন, এ দেশ (ফ্রান্স) থেকে একটা জিনিস আমাদের নিয়ে যাওয়া উচিত, সেটা হল চিন্তাভাবনার নয়া পথ। ব্যর্থতার মোকাবিলা কীভাবে করতে হবে, তা শিখতে  হবে ফরাসিদের কাছ থেকে। কী ব্যর্থ হতে পারে? কী কী ব্যর্থ হতে পারে? আপনি যদি তা জানতে পারেন, তখনই আপনার প্রোডাক্ট কখনওই ব্যর্থতার মুখ দেখবে না।

    আরও পড়ুন : আইফোন ১৪ ফোনে থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি? পড়ুন বিস্তারিত

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন অশ্বিনী। বলেন, আপনি যদি নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন সেগুলো কীভাবে ডিজিটালি হয়। এর সব চেয়ে বড় উদাহরণ ইউপিআই। এর পরেই আসতে চলেছে আমাদের হেল্থ মিশন।

     

LinkedIn
Share