Tag: Assam accident

  • Assam Road Accident: অসমে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত অন্তত ২৬! শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

    Assam Road Accident: অসমে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত অন্তত ২৬! শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৬ জন। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার একটি মিনিবাসের সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

    মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে এই অর্থ দেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজমাধ্যমে শোকবার্তায় লেখেন, অসমের কাজিরাঙায় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

    দ্রুত উদ্ধারে সচেষ্ট রাজ্য সরকার

    অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণের কাজে যুক্ত রয়েছে। এই কঠিন সময়ে নিহতদের পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কাজিরাঙার ভয়াবহ দুর্ঘটনায় এতগুলি মূল্যবান প্রাণ চলে যাওয়ায় তিনি মর্মাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের গোলাঘাট জেলার এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কাজিরাঙার এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

    ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মিনিবাসের

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ২টো থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে অসমের কাজিরাঙায় মিনিবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও যাচ্ছিল। কাজিরাঙার কাছে রঙ্গাজানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসের। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, বাসটি দ্রুত গতিতে ছুটছিল। পার্কের সামনে সেটি এক বার ট্রাফিক আইন ভাঙে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মিনিবাসের।

LinkedIn
Share