Tag: bangla khabar Petroleum Supplier

  • India Mocks at Pakistan: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কটাক্ষ, ‘ফর্ম ৪৭ সরকার’ বলে তোপ! কী এই শব্দবন্ধ, কারা ব্যবহার করে?

    India Mocks at Pakistan: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কটাক্ষ, ‘ফর্ম ৪৭ সরকার’ বলে তোপ! কী এই শব্দবন্ধ, কারা ব্যবহার করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমালোচনার জবাব দিতে গিয়ে সে দেশের সরকারকে ‘ফর্ম ৪৭ সরকার’ (Form 47 Government) বলে কটাক্ষ করল ভারত। গত ২৪ অক্টোবর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী (Raghoo Puri) পাকিস্তানের (India Mocks at Pakistan) অভিযোগের জবাব দিতে গিয়ে দাবি করেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতেই ভারতকে নিশানা করছে ইসলামাবাদ। একই সঙ্গে তাঁর অভিযোগ, পাকিস্তানে নির্বাচিত সরকারের উপরে সেনাবাহিনীর প্রভাবই সবচেয়ে বেশি।

    কী এই ‘ফর্ম ৪৭ সরকার’?

    ‘ফর্ম ৪৭ সরকার’ কথাটি মূলত পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের সঙ্গে যুক্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং তাদের সমর্থকদের অভিযোগ, নির্বাচনে জনসমর্থন পেলেও তাঁদের প্রার্থীদের জিততে দেওয়া হয়নি। বরং নির্বাচনের ফলাফল বদলে দিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র সমর্থনপুষ্ট জোট সরকারকে ক্ষমতায় আনা হয়েছে। পিটিআইয়ের দাবি, এই নির্বাচনী কারচুপির নেপথ্যে ছিল পাকিস্তানের সেনাবাহিনী। যদিও এই অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে দেখা যায় না; বিষয়টি নিয়ে পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।

    ফর্ম ৪৫ ও ফর্ম ৪৭-এর পার্থক্য কী?

    পাকিস্তানের নির্বাচন কমিশন ভোটগ্রহণ ও ফলাফল সংক্রান্ত তথ্য নথিবদ্ধ করতে একাধিক সরকারি ফর্ম ব্যবহার করে। তার মধ্যে ফর্ম ৪৫ এবং ফর্ম ৪৭ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

    ফর্ম ৪৫: প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গণনার পর প্রিসাইডিং অফিসার এই ফর্মে ফলাফল নথিবদ্ধ করেন। সেখানে প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসেব-সহ সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচনী তথ্য থাকে। নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে প্রার্থীদের পোলিং এজেন্টদেরও এই নথি দেওয়ার ব্যবস্থা রয়েছে।

    ফর্ম ৪৭: একটি নির্বাচনী কেন্দ্রের অধীন সমস্ত ভোটকেন্দ্রের ফলাফল একত্র করে রিটার্নিং অফিসার এই ফর্ম প্রস্তুত করেন। এতে প্রার্থীদের মোট প্রাপ্ত ভোট-সহ সামগ্রিক ফলাফলের হিসেব থাকে। প্রাথমিকভাবে প্রকাশিত এই ফলাফল পরবর্তী যাচাই ও চূড়ান্ত প্রক্রিয়ার অংশ।

    পিটিআইয়ের অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনে একাধিক আসনে ফর্ম ৪৫-এ তাদের সমর্থিত নির্দল প্রার্থীরা এগিয়ে ছিলেন বা জয়ী হয়েছিলেন। কিন্তু ফর্ম ৪৭-এ প্রকাশিত সামগ্রিক ফলাফলে অন্য প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। তাদের আরও দাবি, বেশ কিছু ক্ষেত্রে প্রার্থীদের প্রতিনিধিদের ফর্ম ৪৫-এর কপি পেতেও সমস্যার মুখে পড়তে হয়েছিল। ইমরান খানের দাবি ছিল, সরকারি ফলাফলের তুলনায় তাঁর দল অনেক বেশি আসনে জয়ী হয়েছিল। ফর্ম ৪৫-এর হিসাবের ভিত্তিতে পিটিআই-সমর্থিত প্রার্থীরা ১৭০টি আসনে জয় পেয়েছিলেন বলেও দাবি করা হয়েছিল। তবে এই সংখ্যাকে সরকারি ভাবে স্বীকৃত ফলাফল হিসেবে দেখা যায় না। ভোটের ফল প্রকাশে বিলম্ব এবং নির্বাচনের সময় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনাও সেই সময় কারচুপির অভিযোগকে ঘিরে বিতর্ক বাড়িয়েছিল।

    রাষ্ট্রসংঘে ঠিক কী বলেছে ভারত?

    রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত আলোচনায় পাকিস্তানের বক্তব্যের জবাব দেন ভারতের প্রতিনিধি রঘু পুরী। তাঁর অভিযোগ, নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার, অর্থনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি এবং মানবাধিকার সংক্রান্ত অভিযোগ থেকে নজর সরাতেই ভারতকে নিশানা করছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীকে ইঙ্গিত করে তিনি বলেন, সে দেশের প্রকৃত ক্ষমতা সেনার হাতেই রয়েছে। তাঁর বক্তব্য, সেনাবাহিনীর নির্দেশ অগ্রাহ্য করার মতো স্বাধীনতা পাকিস্তানের বর্তমান সরকারের নেই। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে পুরী বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাঁর বক্তব্য, পাকিস্তানের উচিত নিজেদের দেশের নাগরিকদের কল্যাণে মনোযোগ দেওয়া এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে সরে আসা। ‘ফর্ম ৪৭ সরকার’ শব্দবন্ধ ব্যবহার করে পাকিস্তানের বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা নিয়েও কটাক্ষ করেন ভারতীয় প্রতিনিধি।

    ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিতর্ক কেন?

    ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সরাসরি দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় তাদের বহু প্রার্থী নির্দল হিসেবে লড়েছিলেন। ফলাফল ঘোষণার পর পিটিআই-সমর্থিত প্রার্থীদের আসনসংখ্যা এবং সরকার গঠনের সমীকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। পিটিআইয়ের অভিযোগ ছিল, ভোটের প্রকৃত ফলাফল বদলে দেওয়া হয়েছে। অন্যদিকে, নির্বাচনের সরকারি ফলাফলের ভিত্তিতে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। নির্বাচনী অনিয়মের অভিযোগ নিয়ে দেশ-বিদেশে সমালোচনা হলেও ‘ফর্ম ৪৭ সরকার’ শব্দবন্ধটি মূলত পিটিআইয়ের রাজনৈতিক প্রচার এবং বিরোধিতার একটি পরিচিত ভাষা হয়ে ওঠে। ২০২৪ সালের মার্চে মার্কিন কংগ্রেসের প্রায় ৩১ জন সদস্য তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি লিখে পাকিস্তানের নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত না হওয়া পর্যন্ত নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

    ইমরান খানের ক্ষমতাচ্যুতি 

    ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তাঁর সমর্থকদের একাংশের অভিযোগ, তাঁর সরকারকে সরানোর পিছনে বিদেশি শক্তির ভূমিকা ছিল। বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ তোলেন ইমরান খান। তবে এই অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। ২০২২ সালের ৭ মার্চ ওয়াশিংটনে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং মার্কিন বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক তৎকালীন সহকারী বিদেশসচিব ডোনাল্ড লু-র মধ্যে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠক সংক্রান্ত একটি গোপন কূটনৈতিক বার্তা বা সাইফার পরবর্তীকালে বিতর্কের কেন্দ্রে আসে।

    আমেরিকার ভূমিকা নিয়ে বিতর্ক

    ২০২৬ সালের মে মাসে প্রকাশিত বলে উল্লেখ করা কিছু প্রতিবেদনে ওই নথির বিষয়বস্তু নিয়ে নতুন করে আলোচনা হয়। নথিটি থেকে আমেরিকা ও পাকিস্তানের সম্পর্ক এবং ইমরান খানের রাশিয়া নীতিকে ঘিরে ওয়াশিংটনের মনোভাব সম্পর্কে প্রশ্ন উঠেছে বলে দাবি করা হয়। তবে ওই নথির উল্লেখ থেকেই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা ষড়যন্ত্র করেছিল—এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয় না ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার আমেরিকার সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করে। একই সময়ে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহে পাকিস্তানের ভূমিকা নিয়েও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আলোচনা হয়। ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) পাকিস্তানের জন্য ৩০০ কোটি ডলারের একটি স্ট্যান্ডবাই ব্যবস্থা অনুমোদন করেছিল। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সরাসরি সম্পর্ক ছিল কি না, তা নিয়ে প্রকাশিত অভিযোগকে সতর্কতার সঙ্গে বিচার করা প্রয়োজন।

    কেন তাৎপর্যপূর্ণ ভারতের এই মন্তব্য?

    রাষ্ট্রসংঘের মঞ্চে ‘ফর্ম ৪৭ সরকার’ শব্দবন্ধ ব্যবহার করে ভারত শুধু পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত বক্তব্যের জবাব দেয়নি, বরং সে দেশের নির্বাচনী প্রক্রিয়া এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিতর্ক এখনও গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিতর্ককেই আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে তুলে ধরে ইসলামাবাদের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছে নয়াদিল্লি। সব মিলিয়ে, ‘ফর্ম ৪৭ সরকার’ কোনও সরকারি সাংবিধানিক পরিচয় নয়। এটি মূলত পাকিস্তানের ২০২৪ সালের নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে জনপ্রিয় হওয়া একটি রাজনৈতিক কটাক্ষ। এর মাধ্যমে পিটিআই-সমর্থকরা শাহবাজ শরিফের সরকারের জনসমর্থন ও নির্বাচনী বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। রাষ্ট্রসংঘে ভারতের সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্ককেই নতুন করে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসেছে।

     

     

     

     

     

  • Nandigram By-Election: নন্দীগ্রামে বড় ধাক্কা কংগ্রেসের, বিজেপির হাসিরানি রথের প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ হাইকোর্টে

    Nandigram By-Election: নন্দীগ্রামে বড় ধাক্কা কংগ্রেসের, বিজেপির হাসিরানি রথের প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। নন্দীগ্রামের (Nandigram by Election) বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রার্থীপদ বাতিল করার দাবি জানিয়ে কংগ্রেস যেই আবেদন জানিয়েছিল, সেটা খারিজ করে করে দিল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও মঙ্গলবার কংগ্রেসের আবেদনটি খারিজ করে দিয়েছেন। যার ফলে হাসিরানি রথের নির্বাচনে লড়ার ক্ষেত্রে কোনও বাধা রইল না। শুক্রবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক নিহত চন্দ্রনাথ করের মা হলেন হাসিরানি রথ। তিনিই নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির হয়ে লড়াই করছেন। আর তাঁরই নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য নিয়ে আপত্তি রয়েছে কংগ্রেসের।

    হাসিরানি রথের মনোনয়নে আপত্তি

    হাসিরানির নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তাদের অভিযোগ ছিল যে, নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি যে মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছেন, তাতে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের কথা বলা আছে। অথচ, প্রার্থী জানিয়েছেন, তাঁর বয়স ৬০ বছরের বেশি। সেই হিসেবে ১৯৬৬ সাল নাগাদ তাঁর জন্ম। কী ভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করে ফেললেন তিনি, তা নিয়ে কটাক্ষ করে কংগ্রেস। তা নিয়েই হাইকোর্টে মামলা করেছিল তারা। কংগ্রেসের দাবি, হয় হাসিরানি রথ নিজের বয়স ভুল বলছেন। অথবা তিনি মাধ্যমিক পাসের যেই সার্টিফিকেট দিয়েছেন, সেটা জাল। আর সেই কারণেই কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন বাতিলের আবেদন করা হয়েছিল।

    কেন খারিজ কংগ্রেসের আবেদন

    সাধারণত কোনও প্রার্থী হলফনামা জমা দিলে তার তথ্য স্ক্রুটিনিতে দেখেন রিটার্নিং অফিসার। এ ক্ষেত্রে কমিশনের বক্তব্য হল, ওই স্ক্রুটিনির সময় কেউ আপত্তি তুললে তা বৈধ। কিন্তু সেই প্রক্রিয়ার পর মামলাকারীর এ বিষয়ে প্রশ্ন তোলার আর এক্তিয়ার নেই। জনস্বার্থ মামলা হলে এই প্রশ্ন তোলা যেত। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় যেহেতু কোনও আপত্তি আসেনি, তাই পরে আর কোনও পদক্ষেপ করা যায় না। মাধ্যমিকের শংসাপত্র জাল কি না, তা প্রার্থীর মনোনয়ন বাতিলের জোরালো কারণ হতে পারে না বলেও কমিশনের আইনজীবী দাবি করেন। হাসিরানির আইনজীবী জয়দীপ কর শুক্রবারের শুনানিতে আদালতে জানান, যে সময় হলফনামার তথ্যের ভিত্তিতে আপত্তি জানানোর কথা ছিল, সেই সময় তা করা হয়নি। এখন আদালত প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারে না। তা ছাড়া, এটি ইচ্ছাকৃত কোনও ভুল নয়। তাই হাসিরানিকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন আইনজীবী। শুক্রবার বিচারপতি রাও সব পক্ষের বক্তব্যই শোনেন। শুনানি শেষে রায় স্থগিত রাখার সিদ্ধান্ত জানান তিনি। মঙ্গলবার কংগ্রেসের করা মামলাটি খারিজ করে দেওয়ার কথা জানান বিচারপতি।

  • Petroleum Supplier: সৌদি আরব-আমিরশাহিকে টপকে কেনিয়ায় সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ মোদির ভারত!

    Petroleum Supplier: সৌদি আরব-আমিরশাহিকে টপকে কেনিয়ায় সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ মোদির ভারত!

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে জ্বালানি বাণিজ্যের প্রচলিত পথে বিঘ্ন তৈরি হওয়ায় নতুন উৎসের দিকে ঝুঁকেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া (Petroleum Supplier)। আর সেই সুযোগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিকে পেছনে ফেলে কেনিয়ার সবচেয়ে বড় শোধিত পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহকারী দেশে পরিণত হয়েছে ভারত।

    জ্বালানি অর্থনীতিবিদ আনাস আলহাজ্জির উদ্ধৃত বেলজিয়ামের পণ্যবাজার-তথ্য সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, কেনিয়ায় পেট্রোল, ডিজেল, বিমানের জ্বালানি এবং জ্বালানি তেল সরবরাহে ভারত এখন শীর্ষে। এর আগে এই বাজারে (Kenya) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির।

    কেনিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এই পরিবর্তনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলির ওপর জ্বালানির জন্য ব্যাপকভাবে নির্ভরশীল ছিল কেনিয়া। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সেই নির্ভরতার জায়গায় এখন বিকল্প সরবরাহকারী হিসেবে ভারতের গুরুত্ব দ্রুত বাড়ছে।

    কেন ভারতের দিকে ঝুঁকল কেনিয়া (Petroleum Supplier)

    ঐতিহাসিকভাবে সৌদি আরামকো, আবুধাবির আদনক এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির মতো বড় উপসাগরীয় জ্বালানি সংস্থার মাধ্যমেম শোধিত পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহ করত কেনিয়া। কিন্তু মধ্যপ্রাচ্যে জ্বালানি বাণিজ্যের পথে বিঘ্ন তৈরি হওয়ায় সরবরাহের উৎস বৈচিত্র্যময় করার প্রয়োজন দেখা দেয়। বিপুল পরিশোধন ক্ষমতা এবং শক্তিশালী রফতানি পরিকাঠামো থাকায় সেই বাড়তি চাহিদা পূরণের সুযোগ পায় ভারত।

    কেনিয়ার জ্বালানি বাজার দাপাচ্ছে ভারতের ‘সিক্কা’

    তথ্য অনুযায়ী, কেনিয়ায় সংযুক্ত আরব আমিরশাহির জ্বালানি সরবরাহ জানুয়ারিতে দৈনিক প্রায় ৯০ হাজার ব্যারেল থেকে অগাস্টে নেমে প্রায় ১৫ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। কেনিয়ার জ্বালানি বাজারে ভারতের ভূমিকা যে বাড়ছে, তার প্রমাণ অবশ্য বছরের গোড়াতেই পাওয়া গিয়েছিল। ‘বিজনেস ডেইলি আফ্রিকা’র পর্যালোচনা করা সরকারি নথি অনুযায়ী, ভারতের সিক্কা বন্দর থেকে পাঠানো ৮ কোটি ২৩ লাখ ৮০ হাজার লিটার কেরোসিন গত ১৯ মার্চ কেনিয়ার মোম্বাসা বন্দরে খালাস করা হয়। এর পর এপ্রিল মাসে সিক্কা বন্দর থেকে আরও ১৫ কোটি ৬৭ লাখ ৫০ হাজার লিটার কেরোসিন ও ডিজেল পাঠানো হয়েছিল।

    পরিশোধন ক্ষমতায় ভারতের সুবিধা

    ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৯০ শতাংশেরও বেশি আমদানি করে। তবে বিপুল পরিশোধন ক্ষমতা গড়ে তোলার ফলে আমদানি করা অপরিশোধিত তেলকে প্রক্রিয়াজাত করে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও শোধিত পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করতে পারে দেশটি। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের হিসাব অনুযায়ী, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল পরিশোধনকারী এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পরিশোধনকারী দেশ।

    বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার ভারতেই!

    দেশে বর্তমানে ২২টি চালু তেল শোধনাগার রয়েছে। সব মিলিয়ে এ সবের বার্ষিক পরিশোধন ক্ষমতা ২৫ কোটি ৮১ লাখ টন। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ৬ কোটি ১৫ লাখ টন পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করেছে। বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার কমপ্লেক্সও ভারতে অবস্থিত। গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বিশাল পরিশোধন কমপ্লেক্স ভারতের জ্বালানি রফতানির সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে (Petroleum Supplier)।

    আফ্রিকায় ভারতীয় জ্বালানির বড় বাজার

    কেনিয়ার বাজারে ভারতের উত্থান আফ্রিকায় ভারতীয় পেট্রোলিয়ামজাত পণ্যের রফতানি বৃদ্ধির বৃহত্তর প্রবণতারই অংশ। আনাস আলহাজ্জির দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসে আফ্রিকায় ভারতের পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এক বছরের এই একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ৬৬ শতাংশ।

    ইউরোপের জ্বালানি বাজারের পরিবর্তনও এই প্রবণতার অন্যতম কারণ। রাশিয়ার অপরিশোধিত তেল থেকে তৃতীয় কোনও দেশে পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধের ফলে ভারতীয় জ্বালানির কিছু চালান ইউরোপের পরিবর্তে আফ্রিকা-সহ অন্য বাজারের দিকে যাচ্ছে (Kenya)। এদিকে বিশ্বের অন্যতম প্রধান অপরিশোধিত তেল রফতানিকারী দেশ রাশিয়াও নিজেদের পরিশোধন ক্ষমতায় বিঘ্ন তৈরি হওয়ার পর ভারত থেকে কিছু পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি শুরু করেছে। ইউক্রেনীয় হামলার কারণে রাশিয়ার অভ্যন্তরীণ তেল শোধনাগারগুলির কার্যক্রম ব্যাহত হওয়াই এর অন্যতম কারণ।

    কেনিয়ায় ভারতের রফতানি বাড়ল ১৫১ শতাংশ

    কেনিয়ার সঙ্গে ভারতের সামগ্রিক বাণিজ্যও সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় ২০২৬ সালের জুলাইয়ে কেনিয়ায় ভারতের পণ্য রফতানি বেড়েছে ১৫১ দশমিক ৪১ শতাংশ। এই হিসাব শুধু পেট্রোলিয়ামজাত পণ্য নয়, সব ধরনের পণ্য রফতানিকে অন্তর্ভুক্ত করে।

    তবে সামগ্রিক রফতানি বৃদ্ধিতে পেট্রোলিয়ামজাত পণ্যের অবদান ছিল উল্লেখযোগ্য। জুলাই মাসে ভারতের বিশ্বব্যাপী পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি ৬৭ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। আগের বছরের ৪১৩ কোটি ডলারের রফতানি বেড়ে চলতি বছরের জুলাইয়ে হয়েছে ৬৯২ কোটি ডলার।

    নাইরোবিতে ভারতের হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেনিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল ভারত। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩১ কোটি ডলার। এর মধ্যে কেনিয়ায় ভারতের রফতানির পরিমাণ ছিল ৪০১ কোটি ডলার এবং কেনিয়া থেকে ভারতের আমদানির পরিমাণ ২৯ কোটি ডলার (Petroleum Supplier)। কেনিয়ায় ভারতের প্রধান রফতানি পণ্যের তালিকায় পেট্রোলিয়ামজাত পণ্য অন্যতম।

    বিশ্ব জ্বালানি বাণিজ্যে ভারতের গুরুত্ব বাড়ছে

    কেনিয়ার শীর্ষ পেট্রোলিয়াম সরবরাহকারী হিসেবে ভারতের উঠে আসা বিশ্ব জ্বালানি বাণিজ্যে ভারতের তেল পরিশোধন শিল্পের ক্রমবর্ধমান গুরুত্বেরই ইঙ্গিত দিচ্ছে। অপরিশোধিত তেলের জন্য ভারত এখনও ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু দেশের বিশাল পরিশোধন ক্ষমতার কারণে সেই অপরিশোধিত তেলকে উচ্চমূল্যের পেট্রোলিয়ামজাত পণ্যে রূপান্তর করে বিদেশের বাজারে পাঠানো সম্ভব হচ্ছে।

    কেনিয়ার পরিস্থিতি আরও দেখিয়ে দিচ্ছে, ভূ-রাজনৈতিক অস্থিরতা কীভাবে খুব দ্রুত দীর্ঘদিনের জ্বালানি সরবরাহের পথ বদলে দিতে পারে। ভৌগোলিক নৈকট্য এবং দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কারণে পূর্ব আফ্রিকায় উপসাগরীয় দেশগুলির জ্বালানি সরবরাহের ভূমিকা এতদিন গুরুত্বপূর্ণ ছিল। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সেই ব্যবস্থায় ফাঁক তৈরি করেছে, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে ভারতীয় তেল শোধনাগারগুলি।

    এই ঝোঁক ভারতের পরিশোধন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ

    আফ্রিকার দিকে ভারতীয় জ্বালানি রফতানির এই ঝোঁক ভারতের পরিশোধন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ। ইউরোপের নতুন বিধিনিষেধের কারণে কিছু প্রচলিত রফতানি বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়ায় আফ্রিকার বাড়তে থাকা চাহিদা ভারতীয় পেট্রোলিয়ামজাত পণ্যের জন্য বিকল্প বাজার তৈরি করছে। এর ফলে পরিশোধিত জ্বালানি রফতানিকারী হিসেবে বিশ্ববাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হতে পারে (Kenya)।

    অন্যদিকে, কেনিয়ার জন্য ভারত থেকে বেশি জ্বালানি আমদানি করার অর্থ হল সরবরাহের উৎস আরও বৈচিত্র্যময় করা। বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তার সময়ে এটি দেশটির জন্য গুরুত্বপূর্ণ সুবিধা। তবে এই পরিবর্তন দীর্ঘমেয়াদে কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে পরিবহণ খরচ, অপরিশোধিত তেলের দাম, তেল শোধনাগারের অর্থনীতি, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং উপসাগরীয় দেশগুলির জ্বালানি সরবরাহ আগের মাত্রায় ফিরে আসে কি না, তার ওপর (Petroleum Supplier)।

LinkedIn
Share