Tag: Bangladesh Cricket

Bangladesh Cricket

  • Taskin Ahmed: ঘুমের কারণে ভারতের বিরুদ্ধে খেলতেই পারেননি! প্রশ্নের মুখে তাসকিনের কেরিয়ার

    Taskin Ahmed: ঘুমের কারণে ভারতের বিরুদ্ধে খেলতেই পারেননি! প্রশ্নের মুখে তাসকিনের কেরিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: কুম্ভকর্ণের ঘুমকেও হার মানিয়েছেন তাসকিন আহমেদ (Taskin Ahmed)। এমন গভীর ঘুম, যে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলাই হল না তাঁর। সকালে ঘুম ভাঙেনি তাঁর। সতীর্থরা ডাকাডাকি করলেও সাড়া দেয়নি তাসকিন। ফলে টিম বাস ধরতে পারেননি। পরে, কোনও মতে দেরিতে মাঠে পৌঁছলেও তাঁকে আর খেলানো হয়নি। টিম বাস বেরিয়ে যাওয়ার পর, দেরিতে মাঠে পৌঁছে কোচ ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়েও কাজ হয়নি।

    তাসকিনের কেরিয়ার প্রশ্নের মুখে  (Taskin Ahmed)

    সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ খেলেননি বাংলাদেশের ফাস্ট বোলার ও সহ অধিনায়ক তাসকিন আহমেদ (Taskin Ahmed) । তিনি না খেলায় অনেকেই চমকে গিয়েছিলেন। ওই ম্যাচে দুই ফাস্ট বোলার খেলেছিলেন বাংলাদেশের হয়ে। তাঁরা হলেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাসকিন অনেক গভীর রাতে ঘুমিয়ে ছিলেন। সেদিনের ম্যাচের আগে সকালে সঠিক সময়ে উঠতে পারেননি। তিনি টিম বাস মিস করেছিলেন। এমনকি তিনি ফোনও ধরেননি। পরে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন। বাংলাদেশের (Bangladesh) কোচ অসন্তুষ্টির কারণে তাসকিনকে কয়েকটা ম্যাচ সাইডলাইনে কাটাতে হবে বলে জল্পনা তৈরি হয়েছে।

    তাসকিনের প্রতিক্রিয়া  

    তবে এ বিষয়ে তাসকিন আহমেদ (Taskin Ahmed) বলেন, “আমি একটু দেরি করেছিলাম ঠিকই। কিন্তু আমি টসের আগে মাঠে পৌঁছেছিলাম। আমি টসের প্রায় ৩০-৪০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলাম। আমি টিম বাস মিস করেছিলাম। সকাল ৮:৩৫ এ হোটেল ছেড়েছিল টিম বাস। আমি ৮:৪৩-এ রওনা দিয়েছিলাম। টিম বাসের সঙ্গে যাইনি ঠিকই। তবে মাঠে নামতে দেরি হয়নি। দেরি হওয়ার জন্য আমার মাঠে নামা হয়নি, বিষয়টা তেমন নয়।”

    সাকিবের প্রতিক্রিয়া

    সাকিব আল হাসান জানান, বাস সাধারণত নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়। টিম বাসের জন্য প্লেয়ারকে অপেক্ষা করতে হয়। টিম বাস নির্দিষ্ট কারও জন্য অপেক্ষা করে না। কেউ যদি বাস মিস করে, তাহলে ম্যানেজারের গাড়ি বা ট্যাক্সি করে আসতেই পারে। যিনি টসের ৫ বা ১০ মিনিট আগে আসবেন, তাঁকে ম্যানেজমেন্টের পক্ষে নির্বাচন করা কঠিন কাজ। এটা খেলোয়াড়দের জন্য একটা বিকট পরিস্থিতি। তাসকিন যা করেছে তা অনিচ্ছাকৃত। সবাই খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছে। বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে।

    আরও পড়ুন : “বিরাট-রোহিত” দুই ভাই, ঘোষণা বিশ্বকাপজয়ী পুত্রের মায়ের

    সেদিন সহ অধিনায়ক হলেও ভারতের বিরুদ্ধে খেলানো হয়নি তাসকিনকে (Taskin Ahmed) । তাঁর বদলে জাকির আলিকে দলে নেওয়া হয়েছিল। বাংলাদেশের (Bangladesh) এই সিদ্ধান্তের সমালোচনাও হয়। তাসকিন থাকলে হয়তো পরিস্থিতির একটু হলেও বদল হতে পারত। এই সিদ্ধান্ত পুরোপুরি কোচের ছিল, জানিয়েছে দলের একাংশ। বাংলাদেশ সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলে তাঁদের সেমিফাইনাল খেলার সুযোগ ছিল। শেষ ম্যাচে আফগানিস্তান প্রথম ব্যাট করে ১১৫ রান করেছিল। বাংলাদেশ যদি ১২.৩ ওভারে সেই রান তাড়া করে জিততে পারত, তাহলে শেষ চারে জায়গা হয়ে যেত। কিন্তু সেই ম্যাচেও হারে বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরে ফের একবার খালি হাতে বিদায় নিতে হল সাকিব আল হাসানদের।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন পাওয়ার আফগানিস্তান। সম্ভাবনাময় ক্রিকেট উপহার দিচ্ছে রশিদ খানরা। প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান। মঙ্গলবার সকালে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে উঠল তারা। রশিদরা (Afghanistan vs Bangladesh) লিখে ফেলল ইতিহাস। একই সঙ্গে লজ্জার মুখে পড়ল ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়া। সেমিফাইনালেই উঠতে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্যাগি গ্রিনরা।

    শেষ ম্যাচ পর্যন্ত লড়াই 

    ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। সেমিফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত। মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল শেষ চারে ওঠার। তেমনই এই ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। তিন দলের কাছেই সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার। এদিন প্রথমে ব্যাট করে ১১৫ রান করে আফগানিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে সেই রান করতে হত ১২.১ ওভারে। কিন্তু সেটা করতে পারলেন না শাকিব আল হাসানেরা। বৃষ্টির কারণে বার বার বন্ধ হল খেলা। বাংলাদেশের লক্ষ্যও বদলে গিয়েছিল। জয়ের জন্য ১৯ ওভারে ১১৪ রান প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত ৮ রানে হেরে গেল বাংলাদেশ। সুপার এইট থেকেই বিদায় নিল বেঙ্গল টাইগার্সরা। ছিটকে গেল ক্যাঙ্গারু বাহিনীও। চার পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রশিদেরা। 

    আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

    সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। সেমিফাইনালে (T20 World Cup) তাঁদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিন প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৪৩ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানিস্তান (Afghanistan vs Bangladesh)। জবাবে বাংলাদেশ দল ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। আফগানিস্তানের হয়ে অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। শেষ বেলায় ঝটকা দিয়ে নবীন-উল-হকও নেন ৪ উইকেট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে অঘটন আফগানদের, জয় দিয়ে শুরু বাংলাদেশেরও

    T20 World Cup 2024: নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে অঘটন আফগানদের, জয় দিয়ে শুরু বাংলাদেশেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: অঘটনের বিশ্বকাপ! পাকিস্তানকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল আমেরিকা। শনিবার সকালে  আরও বড় ঝটকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিউ জিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে দিল আফগানিস্তান। এই প্রথম বার রশিদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও ম্যাচ হারল কিউইরা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশও (Bangladesh vs Sri Lanka)।

    দাপট আফগানদের

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আফগানিস্তান দলটিকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেকে। শনিবার রশিদেরা ব্যাটে-বলে যে ভাবে কিউইদের শাসন করলেন, তাতে সেই স্বপ্নকে বাস্তব হতে দেখা যেতেই পারে। টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (New Zealand vs Afghanistan)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যে বিশ্বকাপে শুরু করেছেন গুরবাজ। এদিন ৫৬ বলে ৮০ রান  করলেন তিনি। পাঁচটি ছক্কা এবং পাঁচটি চার মারেন। মূলত তাঁর দাপটেই প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।  প্রথম বলেই ফিন অ্যালেনকে বোল্ড করেন ফারুকি। রান পাননি উইলিয়ামসন, ড্যারিল মিচেলরাও। ফারুকি চারটি উইকেট নেন। চার উইকেট নেন রশিদ খানও। মহম্মদ নবি নেন ২ উইকেট। ১৫.২ ওভারে ৭৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

    বেঙ্গল টাইগার্সের হুঙ্কার

    প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) তোলে ১২৫ রান। ওপেনার পাথুম নিশঙ্ক করেন ৪৭ রান। ধনঞ্জয় ডি সিলভা করেন ২১ রান। বাকি ব্যাটারেরা তেমন রান পাননি। তিনটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি উইকেট তানজিম হাসান শাকিবের।  টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হওয়ার আগে বাংলাদেশের চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। শনিবার সকালেও দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার রান পাননি। অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেন মাত্র ৭ রান। তবে লিটন দাস এবং তোহিদ হৃদয় মিলে দলকে ভরসা দেন। তাঁরা জুটিতে ৬৩ রান যোগ করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Election: ভক্তকে চড় মেরে বিতর্কে! বাংলাদেশের ভোট ময়দানে ছক্কা হাঁকালেন শাকিব

    Bangladesh Election: ভক্তকে চড় মেরে বিতর্কে! বাংলাদেশের ভোট ময়দানে ছক্কা হাঁকালেন শাকিব

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদ নির্বাচনে (Bangladesh Election) বিপুল ভোটে জয় পেলেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাইশ গজের পর এবার ভোটের ময়দানেও ছক্কা হাঁকালেন শাকিব। বাংলাদেশে মাগুরা-১ থেকে আওয়ামী লিগের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ভোটে জিতলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

    বিপুল ভোটে জয়ী শাকিব

    প্রথম বার ভোটে (Bangladesh Election) দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে সাংসদ হলেন শাকিব (Shakib Al Hasan)। তিনি পেয়েছেন ১,৮৫,৩৮৮টি ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫,৯৯৪ ভোট। শাকিব বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার, যিনি সাংসদ হলেন। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন। শাকিব এখনও ক্রিকেট থেকে বিদায় নেননি। তিনি ক্রিকেট এবং রাজনীতি, দু’টি ময়দানই একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রংপুর রাইডার্সের অধিনায়ক শাকিব। সেই দলের হয়ে মাঠে নামবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও ভোটে জিতেছেন। প্রায় দুই লাখ ভোট পেয়ে জয়ী হন তিনি।

    আরও পড়ুন: “আমরা ভাগ্যবান যে ভারতের মতো বন্ধুরাষ্ট্র পেয়েছি”, ভোটের দিন কৃতজ্ঞতা প্রকাশ হাসিনার

    বিতর্ক সঙ্গী শাকিবের

    বাইশ গজের মতোই রাজনীতির (Bangladesh Election) পিচেও বিতর্ক সঙ্গী হল শাকিব-আল-হাসানের (Shakib Al Hasan)। বাংলাদেশে নির্বাচনের দিনেই মেজাজ হারাতে দেখা গেল তাঁকে। এক ভক্তকে সপাটে চড় মেরে বসলেন ক্রিকেট বিশ্বের জনপ্রিয় অলরাউন্ডার। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, শাকিব হাঁটছেন। তাঁকে ঘিরে অনেকে রয়েছেন। তাঁকে দেখতেই অনেক লোক জড়ো হয়ে গিয়েছে এলাকায়। এক যুবক প্রিয় তারকার একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন। ভিড়ের মধ্যেই তিনি পিছন দিক থেকে শাকিবকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তাঁর কাঁধে তুলে দেন হাত। এর পরেই মেজাজ হারাতে দেখা গিয়েছে শাকিবকে। তিনি পিছন দিকে ঘুরে যুবকের গালে চড় মারেন। আচমকা চড় খেয়ে হতভম্ব হয়ে যান ওই ভক্ত। আশপাশের বাকিরাও অপ্রস্তুত হয়ে পড়েন। মনে করা হচ্ছে, ভিডিওটি রবিবার ভোট গ্রহণের দিনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারতই ভরসা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের

    ICC World Cup 2023: ভারতই ভরসা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সাহায্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেল বাংলাদেশ। বিশ্বকাপের রাউন্ড রবিন পর্যায়ের শেষ ম্যাচে ভারতের কাছে নেদারল্যান্ডস হারায় শাকিব আল হাসানেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন।বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থাকা প্রথম আটটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় তারা সরাসরি সুযোগ পেয়েছে। যদিও বিশ্বকাপে বাবরদের স্থান পাঁচ নম্বরে। 

    ছিটকে গেল শ্রীলঙ্কা 

    বাংলাদেশ সুযোগ পাবে কি না তা নির্ভর করছিল শেষ ম্যাচের উপর। ভারতকে যদি কোনও ভাবে নেদারল্যান্ডস হারাত তা হলে ৬ পয়েন্ট হয়ে যেত তাদের। সে ক্ষেত্রে ছিটকে যেত বাংলাদেশ। কিন্তু ভারত জেতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে উপরে শেষ করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। তালিকায় তাদের স্থান নয় নম্বরে।

    আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    শাকিবকে সরাতে নোটিস

    দলের খারাপ খেলার দায় অধিনায়ক শাকিব আল হাসানের উপর চাপিয়ে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বাংলাদেশে। আইনি নোটিস পাঠনো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেখানকার সুপ্রিম কোর্টের আইনজীবী খুন্দকার হাসান শাহরিয়র এই মর্মে নোটিস পাঠিয়েছেন। তিন জনকে এই নোটিস পাঠানো হয়েছে। শাকিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামুদ্দিন চৌধুরী। নোটিসে লেখা রয়েছে, বিশ্বকাপে দলের খারাপ খেলার জন্য অধিনায়ক, পুরো কোচিং দল ও নির্বাচকদের বরখাস্ত করা হোক। একটি তদন্ত কমিটি তৈরি করে খতিয়ে দেখা হোক, কেন এত খারাপ খেলল দল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ শেষের আগেই বড় সিদ্ধান্ত! বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

    ICC World Cup 2023: বিশ্বকাপ শেষের আগেই বড় সিদ্ধান্ত! বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যালান ডোনাল্ড। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাংশ ডোনাল্ডের উপর ক্ষুব্ধ ছিলেন। কারণ তাঁর পরামর্শেই বাংলাদেশ এবার পাঁচজন পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিল। বোলারদের ব্যর্থতার পর অ্য়ালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি বাড়াতে অনাগ্রহী হন বাংলাদেশ কর্তারা। ডোনাল্ডও চাননি বাংলাদেশের সঙ্গে থাকতে। শাকিবের সঙ্গে তাঁর মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। বিশ্বকাপ শেষ হলেই তিনি চুক্তি ছাড়তেন। 

    কেন ছাড়লেন পদ

    শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলার সময় অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইম্‌ড আউট করেছিলেন শাকিব। যা মেনে নিতে পারেননি ডোনাল্ড। তাঁর মনে হয়েছিল মাঠে নেমে শাকিবকে আটকাবেন। শাকিবের সমালোচনা করার ফলে বোর্ড শোকজ করে ডোনাল্ডকে। এরপরই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার। গুঞ্জন, বিশ্বকাপ শেষে টাইগারদের কোচিং প্যানেল ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড। এজন্য লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে ইতোমধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন সাদা বিদ্যুৎ খ্যাত কিংবদন্তি পেস বোলার।

    ডোনাল্ড বলেন, “আমি মৌখিক ভাবেই চুক্তি করেছিলাম বাংলাদেশ বোর্ডের সঙ্গে। কোথাও সই না করেই চলে এসেছিলাম বিশ্বকাপের জন্য। তৈরি ছিলাম বিশ্বকাপের পর ঢাকায় গিয়ে চুক্তি করার জন্য। ভেবেছিলাম বাংলাদেশের পেসারদের সঙ্গে কাজ করব। কিন্তু বিশ্বকাপের মাঝে কাজ করতে করতে নিজের সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করার সময় পেয়েছিলাম। তাতে মনে হল এক বছর অনেকটা বড় সময়। খুব কঠিন এত দিন ধরে কাজ করা। আমি পরিবারকে সময় দিতে চাই। আমার দু’বছরের নাতি আছে। তার কথা মনে পড়ছে। টানা ৮২ দিন আমি পরিবারের সঙ্গে নেই। এ বার ফিরতে চাই।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Bangladesh Cricket Board: টাইম্ড আউটের বিরোধিতা কেন? কোচ ডোনাল্ডের কাছে ব্যাখ্যা তলব 

    Bangladesh Cricket Board: টাইম্ড আউটের বিরোধিতা কেন? কোচ ডোনাল্ডের কাছে ব্যাখ্যা তলব 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতবিরোধ চলে এল প্রকাশ্যে। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের টাইমড আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ডোনাল্ড। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ অধিনায়কের সেই সিদ্ধান্ত তিনি সমর্থন করেন না। এবার তাঁর ওই মন্তব্যের ব্যাখ্যা চাইল বিসিবি।

    ডোনাল্ডের মত

    দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডোনাল্ড বলেন, “আমি হতাশ। বুঝতে পারছি শাকিব জেতার জন্য এটা করেছে। ও বলেছে যে, জেতার জন্য সব কিছু করতে পারে। কিন্তু আমার একেবারেই এটা পছন্দ হয়নি। শ্রীলঙ্কার সর্বকালের সেরা খেলোয়াড়দের এক জন মাঠ ছেড়ে বার হয়ে আসছেন একটিও বল না খেলে। কারণ তাঁকে টাইম্‌ড আউট দেওয়া হয়েছে। এটা আমি মেনে নিতে পারছি না।” তিনি বলেন, “সকলকে সম্মান দিতে হয়। এটাই ক্রিকেটে হয়ে থাকে। আমি এমন জিনিস দেখতে চাই না। কখনও কোনও খেলাতেই এমনটা দেখতে চাই না। কেউ যদি আমাকে বলেও টাইম্‌ড আউটের আবেদন করতে, আমি বলব এটা হতে পারে না। এক জন মানুষের যদি সাধারণ বোধ থাকে, তাহলে হেলমেট ঠিক করে নিতে বলবে। আমার মনে হচ্ছিল মাঠে গিয়ে বলি, আবেদন ফিরিয়ে নিতে। কিন্তু আমি তো আর প্রধান কোচ নই। আমার অধিকার নেই মাঠে ঢুকে যাওয়ার। অবাক হয়ে গেলাম দেখে যে, আম্পায়ার বলল ম্যাথেউজকে মাঠ থেকে বার হয়ে যেতে। আর তাঁকে হেলমেট হাতে নিয়ে বার হয়ে আসতে হল।”

    আরও পড়ুন: লিওনেল মেসির পাশে কিং কোহলি! বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় এ বার বিরাট

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মত 

    ডোনাল্ডের এই বক্তব্য ভাল ভাবে নেননি বাংলাদেশের ক্রিকেট কর্তারা। তাঁরা শাকিবের পাশেই দাঁড়াচ্ছেন। বিসিবির এক কর্তা বলেছেন, ‘‘ডোনাল্ড অন্য সময় তাঁর ব্যক্তিগত মতামত জানাতে পারতেন। এখন উনি টিম ম্যানেজমেন্টের অংশ। তাই দলের কোনও সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা আচরণবিধি লঙ্ঘনের সামিল। চাইলে তিনি দলের মধ্যে আলোচনা করতে পারতেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারতেন। বিসিবিকে মতামত জানতে পারতেন। কিন্তু এ ভাবে প্রকাশ্যে ব্যক্তিগত মতামত জানাতে পারেন না।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই ক্রিকেট উৎসবে গা ভাসাচ্ছে শহরবাসী। বিশ্বকাপ শুরু হয়েছে ২০দিন হয়ে গেল। রাত পোহালেই, লক্ষ্মীপুজোর দিন কলকাতায় প্রথম ম্যাচ। শনিবার বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে ইডেনে। ভারতের খেলা অবশ্য আগামী রবিবার। শনিবার ইডেনে বিশ্বকাপের বোধন হলেও, প্রচুর ক্রিকেট প্রেমীর নজর ৫ নভেম্বরে। কারণ, ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ওই দিনই আবার ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। অনুমতি মিললে সিএবির তরফ থেকে ওই দিনের ম্যাচে বিরাটকে কেক উপহার দেওয়া হবে।

    ইডেনে দুর্ঘটনা

    বিশ্বকাপের ম্যাচের একদিন আগেই  ইডেনের চার নম্বর গেট ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার আচমকা ইডেনের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। তাতেই গেট ভেঙে যায়। শনিবারের ম্যাচের আগে ইডেনের গেট সারিয়ে ফেলতে হবে সিএবি-কে। বিশ্বকাপের জন্য ইডেন সাজানোর কাজ হচ্ছিল। অনেক কিছুই নতুন করে করা হয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপের ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এমন দুর্ঘটনা চিন্তায় ফেলল সিএবি-কে। 

    দলের সঙ্গে শাকিব

    কলকাতায় দলের সঙ্গে যোগ দিলেন শাকিব আল হাসান। বাংলাদেশ পাঁচটির মধ্যে চারটি ম্যাচে হেরে গিয়েছে। ১০ দলের মধ্যে তারা রয়েছে আট নম্বরে। পর পর চারটি ম্যাচে হারতে হয়েছে তাদের। শাকিব নিজেও ফর্মে নেই। এমন অবস্থায় হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। শাকিবের ব্যক্তিগত কোচ নাজমুল জানিয়েছেন যে, কেন তাঁর কাছে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নাজমুল বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ধরনের শট খেলতে পারছিল না শাকিব। অফ স্টাম্পের বাইরে বল করা হয়নি ওকে। তাই কাট বা ড্রাইভ করতে পারেনি। অন সাইডে খেলে যেতে হচ্ছিল। স্পিনারেরা সারা ক্ষণ লেগ স্টাম্প লক্ষ্য করে বল করে যাওয়ায় সমস্যা হচ্ছিল শাকিবের। সেই কারণেই বড় শট খেলতে গিয়ে আউট হয় ও। শাকিবের আসল শক্তি অফ সাইড। কিন্তু ওই দিকে বল না পাওয়ায় সমস্যা হচ্ছিল। তাই আমার কাছে এসেছিল সেই সমস্যা দূর করতে।”

    আরও পড়ুন: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    ইডেনে টিকিটের চাহিদা

    ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপের পরের ম্যাচ ৩১ অক্টোবর। তারপর ৫ নভেম্বর বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে রয়েছে ভারতের ম্যাচ। সেই ম্যাচের জন্য বিশেষ ভাবনা রয়েছে সিএবির। বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজ হয়েছে। তাই আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে ক্রিকেটের নন্দনকানন। ইডেন চত্বরে দেখা গিয়েছে একাধিক বাংলাদেশের সমর্থকদের। যাঁরা এখনও শনিবারের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের খোঁজ করছেন। অনেকেই আবার ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের যে ম্যাচ, তার টিকিটের খোঁজও করছেন। এদিকে ৩১ অক্টোবর ক্রিকেটর নন্দনকাননে রয়েছে পাকিস্তানের ম্যাচ। ইডেনে টিকিটের আসল চাহিদা ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের। বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা সকলে সেই ম্যাচের টিকিট পাননি। সেই নিয়ে বৃহস্পতিবারও বিক্ষোভ দেখান তাঁরা।  সিএবি-র ১১ হাজার সদস্য রয়েছে। কিন্তু মাত্র তিন হাজার টিকিট সদস্যদের জন্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) বৃত্তে ঢুকে পড়েছেন রোহিত শর্মারা। আজ, শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (India vs England) প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ম্যাচে দুই দলই চাইবে সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার। সুযোগ রয়েছে ১৫ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়ার। যেহেতু ওয়ার্ম-আপ ম্যাচ, তাই দুই শিবিরও পুরো শক্তি নিয়ে হয়তো ঝাঁপাতে চাইবে না।

    ছন্দে টিম ইন্ডিয়া

    দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। সদ্য জিতেছে এশিয়া কাপ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ২-১ ব্যবধানে একদিনের সিরিজে হারিয়েছে রোহিত ব্রিগেড। তাই চোট পেয়ে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে অক্ষর প্যাটেল ছিটকে গেলেও তেমন বিচলিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ, বিকল্প হিসেবে দলে ঢুকেছেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ষীয়ান এই অফস্পিনার ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। খেলেছেন ২০১৫ বিশ্বকাপও। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে ভারত। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন অশ্বিনই।

    দুরন্ত ফর্মে বোলাররা

    লড়াইটা হতে চলেছে মূলত ইংল্যান্ডের ব্যাটিংয়ের সঙ্গে ভারতীয় বোলিংয়ের। একদিকে, জস বাটলার, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, দাবিদ মালান ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকার উপস্থিতি। অন্যদিকে, ভারতীয় বোলাররাও দুরন্ত ফর্মে। তাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা চলবে। তবে ভারতীয় ব্যাটিংকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনও সুযোগ নেই। ফর্মে আছেন শুভমান গিল। রানে ফিরেছেন বিরাট রোহিত শর্মা। তাছাড়া বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আয়াররা বড় ইনিংস খেলে খোশ মেজাজে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বোলারদেরও কঠিন পরীক্ষায় পড়তে হবে।

    কী বললেন দ্রাবিড়

    বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘‘আগে উপমহাদেশের উইকেটে আমরা যে সুবিধা পেতাম সেটা আর এখন পাই না। কারণ, গত ১০ বছরে বিদেশি ক্রিকেটারেরা ভারতের মাটিতে অনেক বেশি ক্রিকেট খেলছে। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় দু’মাস ভারতে থাকছে তারা। ফলে এখানকার উইকেটের সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারছে। তাই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না।’’ ভারতীয় কোচ বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপে ভালো খেলতে মুখিয়ে তারা। আশা করছি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারব। বিশ্বকাপে ভাল ফল করতে পারব।’’

    আরও পড়ুন: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    হারল পাকিস্তান

    এদিকে, শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তবে বাবরের ৮০ রিজওয়ানের সেঞ্চুরির (১০৩) উপর ভর করে পাক দল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৪৫ রান তুলেছিল। যা দেখে অনেকেরই হয়তো মনে হয়েছিল, কিউয়িদের পক্ষে এই রান চেজ করা সম্ভভ হবে না। কিন্তু টিম গেমে অসাধ্য সাধন করে নিউজিল্যান্ড। মাত্র ৪৩.৪ ওভারেই তারা লক্ষ্য হাসিল করে। ওপেনার রাচিন রবীন্দ্র (৯৭) অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। বড় রান পেলেন কেন উইলিয়ামসন (৫৪), ড্যারিল মিচেল (৫৯)। ঝোড়ো ব্যাটিং করেন মার্ক চ্যাপম্যানও (অপরাজিত ৬৫)। 

    জিতল বাংলাদেশ

    এদিকে, শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চমক দিল বাংলাদেশও। তামিম বিতর্কে বেশ চাপে ছিলেন সাকিব-আল-হাসান। তার উপর চোট, তাই এই ম্যাচে তিনি খেলেননি। তাতেও অবশ্য দল জিতেছে। যা বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shakib Al Hasan: দোলাচলে বাংলাদেশ ক্রিকেট! কবে অবসর? জানালেন শাকিব 

    Shakib Al Hasan: দোলাচলে বাংলাদেশ ক্রিকেট! কবে অবসর? জানালেন শাকিব 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে অস্থির পরিস্থিতি বাংলাদেশ শিবিরে। দলে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন তামিম ইকবাল। পাল্টা দিতে ছাড়েননি শাকিব-আল-হাসানও। এবার সেই লড়াইয়ে ঢুকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। তিনিও একটি ভিডিও পোস্ট করে তামিম ও শাকিব, দু’জনকেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর মতে, বিশ্বকাপের আগে তামিমের অধিনাকত্ব ছাড়া ঠিক হয়নি। উল্লেখ্য,যা নিয়ে বিরাট জলঘোলা হয়েছিল।  হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে বড় ভূমিকা ছিল মাশরাফির। তাই তামিমের বিশ্বকাপ দলে না থাকাটা তাঁর কাছে বেশ অস্বস্তির। নীচের দিকে ব্যাট করা নিয়ে তামিমের সঙ্গে শাকিব ও টিম ম্যানেজমেন্টের যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা কথা বলে মিটিয়ে নেওয়া উচিত ছিল বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘শাকিব তো একবার ফোন করতে পারত তামিমকে, বোঝাতে পারত। তাহলে জল এত দূর গড়াত না।’

    কবে অবসর নিচ্ছেন শাকিব

    এটাই হতে চলেছে শাকিবের শেষ বিশ্বকাপ। কারণ, তিনি জানিয়ে দিয়েছেন ২০২৫ সালে ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন। তার আগেই অর্থাৎ বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত টি-২০  আন্তর্জাতিক ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরের ডেট লাইন ঘোষণা করে শাকিব আসলে চাপমুক্ত হতে চেয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ, তিনি জানেন, এবারের বিশ্বকাপে ব্যর্থ হলে সামোলচা অনেক তীব্র হবে। তাই আগেভাগেই নিজের পিঠ বাঁচানোর পথ খুঁজে নিলেন শাকিব। বিতর্কের মধ্যেই শুক্রবার গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে তামিমের অভাব ঢাকা বড় চ্যালেঞ্জ শাকিবের সামনে। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে তিনি টপ অর্ডার ব্যাটিং গুছিয়ে নিতে চাইবেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ৭ অক্টোবর খেলাটি হবে ধরমশালায়।

    আরও পড়ুন: শ্যুটিংয়ে ব্যক্তিগত ভাবে একই বিভাগে সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    গুয়াহাটিতে বিশ্বকাপের ছোঁয়া

    গুয়াহাটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলাটি শুরু হবে দুপুর ২ টোয়। দেখা যাবে স্টার স্পোর্টস -২ চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিং হবে ডিজনি হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছে ভারতও। শনিবার ভারত মুখোুমখি হবে ইংল্যান্ডের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share