Tag: Bangladesh Hindu Attacks

  • Hindus Under Attack: ভারত-বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, সাপ্তাহিক ঘটনার খতিয়ান

    Hindus Under Attack: ভারত-বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, সাপ্তাহিক ঘটনার খতিয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা, খুন, অপহরণ, ধর্মান্তরের চাপ, মন্দিরে ভাঙচুর এবং সম্পত্তি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে (Hindus Under Attack)। গত ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময়কালের ঘটনাবলির একটি সাপ্তাহিক সংকলনে এমন বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। সংকলনটির দাবি, ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দুদের উপর আক্রমণ ও বৈষম্যের প্রবণতা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। ভারত ও বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও এই ধরনের পরিস্থিতি নিয়ে মানবাধিকার মহলে উদ্বেগ বাড়ছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে (Weekly Roundup)।

    মুম্বইয়ে হিন্দু দম্পতিকে মারধরের অভিযোগ (Hindus Under Attack)

    মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলা পশ্চিমে প্রমোদ মহাজন উদ্যানে এক হিন্দু দম্পতিকে ঘিরে ধরে অশালীন মন্তব্য এবং মারধরের অভিযোগ উঠেছে আট নাবালকের বিরুদ্ধে। অভিযোগ, একদল কিশোর ওই দম্পতিকে ঘিরে ধরে কটূক্তি করে এবং লাঠি, ঘুষি ও লাথি দিয়ে আক্রমণ চালায়। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে ঘাটকোপার পুলিশ। অভিযুক্তদের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সি ছয় নাবালককে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছে কিশোর আদালত। বিজেপি নেতা কিরীট সোমাইয়া অভিযোগ দায়েরের ক্ষেত্রে ওই দম্পতিকে সহযোগিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ

    পশ্চিমবঙ্গের মালদহের ঋষিপুরে একটি ষড়ানন কার্তিক পুজোর মেলায় গোলমাল থামাতে গিয়ে খুন হয়েছেন বিজেপির মণ্ডল সহ-সভাপতি চন্দন মণ্ডল। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রী পূর্ণিমা মণ্ডল স্থানীয় তৃণমূল নেতা কানাই চৌধুরী-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি নেতা তারাশঙ্কর রায়ের দাবি, মেলায় অবৈধ মদের কারবার ও জুয়ার আসর চালানোর প্রতিবাদ করায় চন্দন মণ্ডলকে খুন করা হয়েছে। যদিও অভিযোগগুলির সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    ভারত সম্মেলনে বিতর্কিত ব্যক্তিত্বদের উপস্থিতি

    তেলঙ্গানার কংগ্রেস পরিচালিত সরকারের উদ্যোগে হায়দরাবাদে আয়োজিত দ্বিতীয় ভারত সম্মেলনে একাধিক বিতর্কিত ব্যক্তিত্বের উপস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন হিন্দুধর্মের সমালোচক হিসেবে পরিচিত কাঁচা ইলাইয়া শেফার্ড, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ এবং জর্জ সরোসের সঙ্গে যুক্ত বলে পরিচিত কয়েকজন ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন সলিল শেট্টি, গিয়োম লং এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি প্যাট্রিক গ্যাসপার্ড। উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনায় পুলিশের অভিযোগপত্রেও অপূর্বানন্দের নাম রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    সম্মেলনে ৭০টি দেশের এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন। ইউরোপীয় সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক মঞ্চ থেকে রাহুল গান্ধীর ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান তোলেন। সেই সময় রাহুল গান্ধী হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানান বলে সংকলনে উল্লেখ করা হয়েছে (Hindus Under Attack)।

    স্ত্রীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগ

    কর্নাটকের বেঙ্গালুরুতে সুজাতা নামে  বছর চৌত্রিশের এক মহিলাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী ফয়াজ পাশার বিরুদ্ধে। অভিযোগ, খুনের পর মহিলার দেহ টুকরো করে একটি প্লাস্টিকের বস্তায় ভরে কোডিগেনাহাল্লি গ্রামের আবর্জনা ফেলার জায়গার কাছে ফেলে দেওয়া হয়। জায়গাটি বেঙ্গালুরুর মারুতি মন্দিরের কাছাকাছি। পুলিশ ফয়াজকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা ঘটনার বিভিন্ন সূত্র জোড়ার চেষ্টা করছেন।

    গরু পাচারের চেষ্টা ব্যর্থ

    কর্নাটকের ম্যাঙ্গালুরুতে অবৈধভাবে গবাদি পশু পরিবহণের একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। পাম্পওয়েলের কাছে একটি ডিমবাহী লরি আটক করে তল্লাশি চালিয়ে ডিমের ট্রের আড়ালে লুকিয়ে রাখা ১৬টি ষাঁড় উদ্ধার করা হয়। অভিযোগ, কর্নাটকের বেলগাভি জেলা থেকে কেরলের কাসারগোড়ের একটি কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল পশুগুলিকে। পুলিশের নজর এড়াতেই ডিমের ট্রের আড়ালে সেগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল (Weekly Roundup) বলে অভিযোগ।

    মহিলা সংশোধনাগারে ধর্মান্তরের অভিযোগ

    অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজামুন্দ্রির বিশেষ মহিলা সংশোধনাগারে খ্রিস্টধর্মে ধর্মান্তরের জন্য বন্দিদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে। অভিযোগ, কয়েকজন বন্দিকে খ্রিস্টধর্ম গ্রহণে উৎসাহিত করা হচ্ছিল এবং হিন্দু বন্দিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছিল। বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর অন্ধ্রপ্রদেশের পুলিশ প্রধান হরিশ কুমার গুপ্ত আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মাদুরাইয়ে কার্তিক দীপম নিয়ে উত্তেজনা

    তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুপরাঙ্কুন্দ্রমে কার্তিক দীপম প্রজ্বলনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সরকারি একটি প্রতিবেদনে মন্দিরসংলগ্ন পাহাড়কে ‘সিকান্দার মালাই’ নামে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, দীপস্তম্ভে কার্তিক দীপম জ্বালানোর দাবিতে আন্দোলনকারী হিন্দু ভক্তদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    সুপ্রিম কোর্টের এককালীন নির্দেশ অনুযায়ী দীপস্তম্ভে কার্তিক দীপম জ্বালানোর দাবি জানাচ্ছিলেন ভক্তরা। পুলিশ তাঁদের হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ। তামিলগা ভেত্রি কাজাগমের নেতৃত্বাধীন রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

    কোটায় শিবমূর্তি ভাঙচুর, প্রতিবাদে হিন্দু সংগঠন

    রাজস্থানের কোটার উদ্যোগ নগর থানা এলাকার থেকড়া রোডের কাছে একটি শিব পরিবারের মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। একটি খালের পাশে অশ্বত্থ গাছের নীচে অবস্থিত ছোট ধর্মীয় স্থানে নিয়মিত পুজো করতেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, যন্ত্রের সাহায্যে মূর্তিটি কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন হিন্দু সংগঠনের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। শুরু হয়েছে প্রতিবাদও।

    মহিলাকে হোটেলে আটকে রেখে মারধরের অভিযোগ

    গাজিয়াবাদের বসুন্ধরার এক হিন্দু মহিলাকে মিরাটের একটি হোটেলে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে সলমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, রোঠা এলাকার জৈনপুর গ্রামের বাসিন্দা সলমনের সঙ্গে ওই মহিলার দীর্ঘদিনের পরিচয় ছিল। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে অন্যত্র তাঁর বিয়ের ব্যবস্থা করা হয়।

    অভিযোগ অনুযায়ী, ২৪ নভেম্বর মহোকমপুরে এক বন্ধুর বাড়ি থেকে ওই মহিলাকে আবু লেনের একটি হোটেলে নিয়ে যান অভিযুক্ত। সেখানে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে আটকে রাখা হয়। পরে মহিলা পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁর পিছু ধাওয়া করে রাস্তায় মারধর করেন। পুলিশ মারধর, বেআইনি আটক ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছে এবং হোটেলটি বন্ধ করে দিয়েছে। পরিচয়পত্র যাচাই না করে তিনটি যুগলকে ঘর দেওয়ার অভিযোগও উঠেছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

    নেপালি বংশোদ্ভূত যুবককে পিটিয়ে খুন

    কর্নাটকের বেঙ্গালুরুতে অম্বর নামে বছর বাইশের এক নেপালি বংশোদ্ভূত হিন্দু যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর পরিচিত কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, কন্যাসন্তানের জন্মের পর পরিবারকে বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ওই যুবক পরিচিতদের সঙ্গ এড়িয়ে চলতে শুরু করেছিলেন। এরপর থেকেই সৈয়দ ইউনুস ও তাঁর দলের সদস্যরা তাঁকে বারবার ভয় দেখাতেন এবং ডাকলেই দেখা করতে বাধ্য করার চেষ্টা করতেন বলে পরিবারের অভিযোগ। এই বিরোধের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

    জনজাতি সম্প্রদায়ের নাবালিকা নিখোঁজ

    বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার সিপাহিজলা জেলার মধুপুরের বাসিন্দা কার্তিক দেববর্মার বছর সতেরোর জনজাতি হিন্দু কন্যা গত ১৫ নভেম্বর সকাল থেকে নিখোঁজ। পরিবারের অভিযোগ, বাবা-মা কাজে বেরিয়ে যাওয়ার সুযোগে সাব্বির হোসেন ও তাঁর সহযোগীরা একটি গাড়িতে করে মেয়েটিকে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।

    পরিবারের দাবি, এর আগেও একই কিশোরীকে দু’বার অপহরণ করা হয়েছিল। ২০২৪ সালের মে মাসে, মাত্র ১৪ বছর বয়সে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদের পর তাকে ফিরিয়ে এনে একটি সুরক্ষিত আবাসনে রাখা হয়েছিল। প্রায় ১৮ মাস আগে ফের অপহৃত হয় সে। প্রশাসনের হস্তক্ষেপে সাব্বিরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি বলে পরিবারের দাবি।

    সম্পর্কের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ

    উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১১৩ এলাকায় এক হিন্দু মহিলাকে সম্পর্কের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন, ব্ল্যাকমেল এবং আর্থিকভাবে শোষণের অভিযোগ উঠেছে সৈয়দ মহম্মদ রিজওয়ান আহমেদের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে ওই মহিলাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করা হয়। পাশাপাশি ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁকে বিয়ে করার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছিল। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    বাংলাদেশে হিন্দুদের উপর হামলার একাধিক অভিযোগ

    বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক হামলা ও বৈষম্যের অভিযোগ নতুন করে সামনে এসেছে। মন্দিরে ভাঙচুর, জমি দখল, মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণপিটুনি, মহিলাদের উপর যৌন নির্যাতন এবং জোর করে ধর্মান্তরের মতো ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক সংকলনে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাতের একটি সমীক্ষার উল্লেখ করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত নিপীড়ন অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কার্যত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এই দাবি সমীক্ষার পূর্বাভাস হিসেবে উল্লেখ করা হয়েছে।

    অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

    বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায় গত ২০ নভেম্বর রাতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, আওয়ামি লীগের সমর্থকদের অন্তত ১০০টি বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে অন্তত ৩০টি হিন্দু পরিবারের বলে দাবি করা হয়েছে।

    ১৮ নভেম্বর বিএনপি-ঘনিষ্ঠ দুই নেতার মৃত্যুর পর এই হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গির আলম, কেন্দ্রীয় সম্পাদক রিজভী এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মদতে বিএনপি কর্মীরা এই হামলা চালান। যদিও অভিযোগগুলির সত্যতা যাচাই করা হয়নি।

    আরও দাবি করা হয়েছে, ঘোষপাড়ায় যুবদলের সদস্যরা এক হিন্দু মহিলাকে অপহরণ করে সারা রাত ধরে নির্যাতন করেন। দুর্গাপুর থেকে দুই নাবালিকা হিন্দু মেয়েকেও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি অন্তত আটজন হিন্দু মহিলা ও কিশোরীর উপর হামলা ও নির্যাতন চালানোর অভিযোগ সামনে এসেছে (Hindus Under Attack)।

    অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ

    বাংলাদেশের নেত্রকোনার আটপাড়ায় কচ্ছরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা দেবের উপর হামলার অভিযোগ উঠেছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, ৭০ থেকে ৮০ জনের একটি দল তাঁর কর্মস্থলে ঢুকে হামলা চালায়। ওই দলের নেতৃত্বে ছিলেন তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং নুরুজ্জামান খান পুতুল।

    অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে মারধর ও তলপেটে লাথি মারা হয় বলে অভিযোগ। তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আনোয়ার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় বিএনপির পক্ষ থেকে দুই অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যদিও এখনও কোনও ফৌজদারি মামলা দায়ের হয়নি বলেই খবর।

    চার হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও লুটপাট

    বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাজপাট ইউনিয়নের হাইসুর গ্রামে চারটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিবারগুলির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক যোগাযোগ থাকার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে (Weekly Roundup) অভিযোগ।

    এলাকাটি দীর্ঘদিন ধরে আওয়ামি লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সংশ্লিষ্ট এলাকায় কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্য নিয়ে উদ্বেগ

    সাপ্তাহিক সংকলনটির শেষাংশে বলা হয়েছে, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সংঘটিত বিদ্বেষমূলক অপরাধের পিছনে সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত নানা কারণ কাজ করে। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার প্রকাশ যেমন সরাসরি হামলা ও হিংসার মাধ্যমে দেখা যায়, তেমনই কিছু ক্ষেত্রে তা প্রাতিষ্ঠানিক বৈষম্য ও সামাজিক আচরণের মধ্যেও প্রকাশ পায়।

    ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রেও হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবকে কেন্দ্র করে বিধিনিষেধের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে ওই সংকলন। উদাহরণ হিসেবে দীপাবলিতে বাজি পোড়ানোর উপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের বক্তব্য, পরিবেশদূষণ নিয়ন্ত্রণের যুক্তি সামনে রাখা হলেও বিভিন্ন ধর্মীয় উৎসবের ক্ষেত্রে বিধিনিষেধ প্রয়োগের ধারাবাহিকতা ও তার যুক্তিসঙ্গত ভিত্তি নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

    সব মিলিয়ে, গত এক সপ্তাহের এই ঘটনাগুলি ভারত ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনের সমান প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার এবং আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন বিশেষ গুরুত্বের দাবি (Hindus Under Attack) রাখে।

     

LinkedIn
Share