Tag: BCCI

BCCI

  • Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই! পেল ২ সমর্থকও

    Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই! পেল ২ সমর্থকও

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বিসিসিআই ও আইসিসি-র সঙ্গে লড়াইয়ে নেমেছে। কারণ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। আর ভারতীয় দল (India) পাক মুলুকে খেলতে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে পাকিস্তান থেকে। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১ মার্চ। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডও ক্রীড়াসূচির খসড়া আইসিসি-কে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। 
    আইসিসি-র এই প্রতিযোগিতাটি পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশে গিয়ে খেলতে রাজি না-ও হতে পারে ভারত। গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি তারা। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে যেতে রাজি হবে বলেও মনে করা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই পাকিস্তানে পাঠানো হবে রোহিত শর্মাদের। 

    কোথায় হতে পারে টুর্নামেন্ট? (Champions Trophy)

    জানা গিয়েছে, ভারতীয় দল পাক মুলুকে খেলতে না গেলে পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হতে পারে। ভেতরের খবর অনুযায়ী, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সমর্থন করবে। তারাও পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছে। 
    উল্লেখ্য, ৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছিল পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হয়েছিল। সেই অনুযায়ী লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা ছিল মেন ইন ব্লু’র। কিন্তু ভারত আপত্তি  জানানোয় এখন এই ম্যাচ (Champions Trophy) কোথায় অনুষ্ঠিত হবে সেটাই দেখার। 

    আরও পড়ুন: বিমানবন্দরে ফিরল পুরনো স্মৃতি, যাত্রীরা পেলেন হাতে লেখা বোর্ডিং পাস

    ভারতের ওয়ানডে দলে অনিশ্চিত হার্দিক পান্ড্য

    অন্যদিকে জানা গিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের (India) ওডিআই স্কোয়াডের জন্য নিশ্চিত নয় হার্দিক পান্ড্য। রিপোর্টে বলা হয়েছে যে, যার বারবার খেলার মাঠে আহত হওয়ার ইতিহাস রয়েছে, তাকে আগে ঘরোয়া সার্কিটে নিজেকে প্রমাণ করতে হবে। ম্যানেজমেন্ট তার অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে আরও ভালো করে যাচাই করে নিতে চায়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অলরাউন্ডারদের ক্ষেত্রে প্রাথমিক বাছাই-এ ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে অগ্রাধিকার দিতে পারে বলে এমনটাই খবর মিলেছে। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: দ্রাবিড়ে মুগ্ধ বিসিসিআই! পুরস্কারের অতিরিক্ত টাকা ৩ সহকারীর সঙ্গে ভাগ করলেন রাহুল

    Rahul Dravid: দ্রাবিড়ে মুগ্ধ বিসিসিআই! পুরস্কারের অতিরিক্ত টাকা ৩ সহকারীর সঙ্গে ভাগ করলেন রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: বরাবরই অন্যরকম মানুষ তিনি। অতীতেও দেখা গিয়েছে, কখনও অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পছন্দ করেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অতীতে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল যখন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তখনও কোচের হটসিটে ছিলেন রাহুল দ্রাবিড়ই। তবে বাকি সাপোর্ট স্টাফদের সমান পুরস্কার অর্থ বা ইনসেন্টিভ নিয়েছিলেন তিনি। বোর্ডের তরফে কোচের জন্য যে স্পেশাল প্যাকেজ বা পুরস্কার দেওয়া হয়, তা নিয়ে অস্বীকার করেছিলেন দ্রাবিড়। এবারও টি-টোয়েন্টি বিশ্বজয়ী  ভারতীয় ক্রিকেটদলের হেড কোচ তিনি। তাঁর জন্য রোহিত-বিরাটদের সমান ৫ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছিল বিসিসিআই কিন্তু তা নিতে অস্বীকার করলেন দ্রাবিড়। সকলের সঙ্গে সমানভাবে ভাগ করে নিলেন পুরস্কার মূল্য। তাই তো তিনি সকলের থেকে আলাদা। 

    দ্রাবিড়ের যুক্তি মানল বোর্ড (Rahul Dravid)

    বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে রোহিত শর্মাদের। ১৫ জন ক্রিকেটারের মতো কোচ রাহুল দ্রাবিড়ও পেয়েছেন ৫ কোটি টাকা। কিন্তু তিন সহকারী কোচের জন্য বরাদ্দ হয়েছে আড়াই কোটি টাকা করে। এই সিদ্ধান্ত পছন্দ হয়নি দ্রাবিড়ের। তাই পুরস্কারের অর্ধেক টাকা বিসিসিআইকে ফিরিয়ে দিয়েছেন দ্রাবিড়। পুরস্কার নিতে অস্বীকার করেননি দ্রাবিড়। তাঁর বক্তব্য, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনও অংশে কম নয়। তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তিনি সহকারীদের থেকে আড়াই কোটি টাকা বেশি নিতে পারবেন না। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা চার জন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
    দ্রাবিড় এবং তিন জন সহকারী কোচ পাচ্ছেন ৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা করে। 

    এবারই প্রথম নয় (Rahul Dravid)

    ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। সে বার বিশ্বকাপ জেতার পর বিসিসিআই দ্রাবিড়কে আর্থিক পুরস্কার হিসাবে ৫০ লাখ টাকা এবং সহকারী কোচদের ২০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে বারও সহকারীদের থেকে বেশি টাকা নিতে রাজি হননি দ্রাবিড়। বোর্ডকে অনুরোধ করেছিলেন, মোট টাকা সকলকে সমান ভাবে ভাগ করে দিতে। বোর্ড কর্তারা দ্রাবিড়ের এই সিদ্ধান্তে মুগ্ধ। 

    আরও পড়ুন: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    কী করবেন দ্রাবিড়

    ভারতীয় কোচ হিসেবে দ্রাবিড় (Rahul Dravid) আর কাজ করবেন না। টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে বোর্ড ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে। শ্রীলঙ্কা সফর থেকেই দলের দায়িত্ব নেবেন তিনি। গম্ভীর কোচ হওয়ার আগে বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন, কোচ হলে দলের সহকারী বাছাই করবেন তিনিই। সেই হিসেবে পরশ মামরে, বিক্রম রাঠোরদের যুগও শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে, গৌতম গম্ভীরের জায়গায় রাহুল দ্রাবিড়কে মেন্টর করতে পারে  কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতীয় দল ফেরার পরেই দ্রাবিড়ের সঙ্গে নাকি কথা বলেছেন নাইটের শীর্ষ আধিকারিকরা। কেকেআর সূত্র খবর, নাইট অধিপতি শাহরুখ খানও নাকি ভারতের প্রাক্তন কোচের সঙ্গে কথা বলেছেন। 

     

    শের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    Gautam Gambhir: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গৌতম গম্ভীরকেই (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অবশেষে মঙ্গলবার সরকারি ভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। আইপিএলে মেন্টর হিসাবে সাফল্য, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতের ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গম্ভীর এগিয়ে ছিলেন। এবার সিল মোহর পড়ল।

    আবেগ ভরা পোস্ট গম্ভীরের (Gautam Gambhir) 

    সব ঠিকঠাকই ছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। মঙ্গলবার রাতে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয় শাহ ভারতীয় দলের কোচ হিসেবে স্বাগত জানান গম্ভীরকে (Gautam Gambhir) ।

    নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতি। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর।

    শাহরুখ ফ্যাক্টর

    সূত্রের খবর, আইপিএল ফাইনালের পর গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে একান্তে বৈঠক হয় কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখের। দীর্ঘ বৈঠকের পর দেশের স্বার্থে গম্ভীরকে ছাড়তে রাজি হন শাহরুখ। তাঁর সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর। তাঁকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন। বিরাট কোহলিও নাকি গম্ভীরের নাম সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে। কেকেআর কর্ণধার রাজি হতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয়। নির্দিষ্ট পদ্ধতি মেনে গম্ভীর বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন। সূত্রের খবর, কমিটির সদস্যদের পাঁচটি শর্তের কথা জানিয়েছিলেন তিনি। গম্ভীরের শর্তগুলি মেনে নেন বিসিসিআই কর্তারা। 

    কেন গম্ভীর (Gautam Gambhir) 

    গম্ভীরের (Gautam Gambhir) নির্বাচন নিয়ে নির্বাচক (BCCI) কমিটির গুরুত্বপূর্ণ সদস্য যতীন পরাঞ্জপে বলছেন, ‘ দলের মধ্যে কোচের প্রতি গ্রহণযোগ্যতা আর সম্মান আসে তখনই যখন তাঁর অতীতের ট্র্যাক রেকর্ড ভালো হয়। আর গৌতম গম্ভীরের ট্র্যাক রেকর্ড অসাধারণ। যুব ক্রিকেটারদের সব সময়ই গৌতম গম্ভীর খুব সাহায্য করে। আর ক্রিকেটারদের মধ্যে ওর জন্য আলাদা একটা সম্মানের জায়গা রয়েছে কারণ গম্ভীর সব সময় বড় ম্যাচের ক্রিকেটার। এখনকার ক্রিকেটারদের মনে আছে ওর ২০০৭ আর ২০১১ সালের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা। ‘উল্লেখ্য, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর।

    যতীন পরাঞ্জপে আরও বলেন, ‘ উঠতি প্রতিভাদের জন্য ক্যালেন্ডার প্ল্যান করার চিন্তাভাবনা রয়েছে গৌতম গম্ভীরের। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও জোর দিতে বলা হয়েছে, আর দলের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে গম্ভীর। আমরা আগেই ওর নাম ঘোষণা করলে ভুল বার্তা যেত, তাই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। বিশ্বকাপের সময় কোচের নাম ঘোষণা করলে দলের ফোকাস নষ্ট হতে পারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই এখন ভারতীয় দলের লক্ষ্য, বলে জানান গম্ভীর। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ’

  • Jay Shah: আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় শাহ! কী বলছে ক্রিকেট মহল?

    Jay Shah: আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় শাহ! কী বলছে ক্রিকেট মহল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট মহলে এমনই গুঞ্জন। এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান পদে রয়েছেন নিউজিল্যান্ডের বার্কলে। তিনি বিশ্ব নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে এসেছিলেন জয় শাহের সমর্থনের জোরেই। সেই কারণেই জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে বার্কলে লড়াই থেকে সরে আসবেন, এমনই অনুমান। দীর্ঘদিন ধরে বিসিসিআই (BCCI) সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ (Jay Shah)। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট তিনি। 

    কেন আলোচনায় জয় শাহ (Jay Shah)

    সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে গিয়ে আইসিসির (ICC) মুখ পুড়েছে। বর্ষার মরসুমে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ করায় অনেক ম্যাচই ভেস্তে গিয়েছে। তাতে আইসিসির রোজগার কমেছে। উল্টে সমালোচনার মুখে পড়তে হয়েছে। যার পর বলা হচ্ছে, আইসিসিকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে যোগ্য লোক হতে পারেন জয়। যদিও বিসিসিআইয়ের সচিব এ নিয়ে একটিও শব্দ খরচ করেননি। জয় (Jay Shah) অবশ্য আইসিসির ফিন্যান্স কমিটির চেয়ারম্য়ান। শুধু তাই নয়, বিসিসিআইয়ের সচিব হওয়ার দরুণ আইসিসিতেও যথেষ্ট দাপট রয়েছে তাঁর।

    আরও পড়ুন: ‘‘ভারতবাসীর হিতে সময় নষ্ট না করে আপনি সিদ্ধান্ত নেন’’, মোদির প্রশংসায় পুতিন

    দুবাই থেকে মুম্বইয়ে (Jay Shah)

    ক্রীড়া মহলে গুঞ্জন, আগামী বছর জয়ের বোর্ডের (BCCI) মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি কুলিং অব পিরিয়ডে চলে যাবেন। সেই অঙ্ক কষেই জয় (Jay Shah) আইসিসি-তে চলে যেতে চাইছেন। সেক্ষেত্রে দুবাই থেকে আইসিসি-র দফতর চলে আসতে পারে মুম্বইয়ে। আগামী ১৯-২২ জুলাই কলম্বোতে হবে আইসিসি-র বার্ষিক সম্মেলন। ওই সভায় অবশ্য চেয়ারম্যান নির্বাচিত হবে না। সেটি হবে নভেম্বর মাসে। সেইসময় জয় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নভেম্বরে চেয়ারম্যান পদের নির্বাচন। হাতে তিন মাস সময় আছে। জয়ের বয়স মাত্র ৩৫। যদি আইসিসির চেয়ারম্যান হন, সর্বকনিষ্ঠ হিসেবে ওই পদে বসবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বিশ্বকাপ জয়ের পুরস্কার! রিঙ্কুরাও পাচ্ছেন ১ কোটি, রোহিত-বিরাটরা কত?

    T20 World Cup 2024: বিশ্বকাপ জয়ের পুরস্কার! রিঙ্কুরাও পাচ্ছেন ১ কোটি, রোহিত-বিরাটরা কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের জন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পুরস্কৃত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড (BCCI) সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ (Jay Shah)। 

    কারা কত টাকা পেলেন

    ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার ১১ বছর পর ভারতের কোনও আইসিসি ট্রফি এল। বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে। দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন রয়েছেন, তেমনই কোনও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চহালও রয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি টাকা পাবেন। 

    সাপোর্ট স্টাফেরা কত পেলেন (T20 World Cup 2024) 

    দ্রাবিড় ছাড়া যে তিন জন কোচ রয়েছেন, অর্থাৎ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মামব্রে, তাঁরা ২.৫ কোটি টাকা করে পাবেন। দলের বাকি সাপোর্ট স্টাফ, অর্থাৎ, তিন জন ফিজিয়ো, তিন জন থ্রোডাউন বিশেষজ্ঞ, দু’জন ম্যাসিয়োর এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ২ কোটি টাকা করে পাবেন।

    আরও পড়ুন: ম্যাচ জেতানো ইনিংস অভিষেকের, কোহলির পরিবর্ত কি খুঁজে পেল ভারত?

    রিজার্ভ প্লেয়াররাও পাবেন অর্থ (T20 World Cup 2024) 

    ভারতীয় দলে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন রিঙ্কু সিং, খলিল আহমেদ, শুভমন গিল ও আবেশ খান। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাবেন। নির্বাচক প্রধান অজিত আগরকর-সহ পাঁচ জন নির্বাচকও ১ কোটি টাকা করে পাবেন বলে জানা গিয়েছে। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিয়ো বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের মধ্যে। সবমিলিয়ে ভারতীয় দলের (BCCI) ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪২ জনের দল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল৷ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের আসরে ভারতীয় টেস্ট দল এবং একদিনের দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহের (Jay Shah) তেমনই ইঙ্গিত। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত রোহিতকেই জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান জয়। রোহিত‌ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাফল্যের ব্যাপারে আশাবাদী বিসিসিআই সচিব।

    কী বললেন জয় শাহ (BCCI)

    এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর তিনি বলেছিলেন, এই দলই ২০ ওভারের বিশ্বকাপ জিতে আনবে। নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় উচ্ছ্বসিত জয় বলেছেন, ‘‘আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।’’ বোর্ড সচিবের (BCCI) এই কথা থেকেই মনে করা হচ্ছে। ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লু-এর ব্যাটন থাকবে কুল ক্যাপ্টেন রোহিতের হাতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন জয়। এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করেছেন তিনি।

    চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি (Champions Trophy 2025)

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, ইতিমধ্যেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পুরো সূচি তৈরি করে আইসিসি-কে দিয়েছে। সেই হিসেবে টুর্নামেন্টের শুরু ১৯ ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ফাইনাল ৯ মার্চ লাহোরে। টুর্নামেন্টের হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১ মার্চ লাহোরে। ভারতের সীমান্ত থেকে কাছে থাকা এবং নিরাপত্তার জন্য লাহোরে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি। ভারতের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি।

    রোহিতদের ম্যাচ লাহোরে করার প্রস্তুতি পাকিস্তান নিলেও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। বিসিসিআই সূ্ত্রে খবর, টিম ইন্ডিয়া যদি পাকিস্তান সফরে যায়, তাহলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। সেটাই মেনে চলবে বোর্ড। যদি ভারতীয় দল টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে না যায়, তাহলে হাইব্রিড মডেল গ্রহণ করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: দেশবাসীকে বিশ্বকাপ উৎসর্গ, মুম্বইয়ে জনসমুদ্রে ভাসলেন রোহিত-বিরাটরা 

    T20 World Cup 2024: দেশবাসীকে বিশ্বকাপ উৎসর্গ, মুম্বইয়ে জনসমুদ্রে ভাসলেন রোহিত-বিরাটরা 

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকে রাত বৃহস্পতিবার ক্রিকেট আবেগে ভাসল দেশ। দিল্লি থেকে মুম্বই চলল বিশ্বজয়ের (T20 World Cup 2024) বন্দনা। রাজধানীর রাজপথে চলল ভাঙরা। মেরিন-ড্রাইভে জনসমুদ্রে ভাসলেন রোহিত, কোহলি,  হার্দিক, বুমরারা। সকাল ৬.০৭ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে রোহিত শর্মাদের বিশেষ বিমান। সেখান থেকে হোটেলে যেতেই সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। একটু বিশ্রাম নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যায় ভারতীয় দল (Team India)। মোদি-সাক্ষাতের পর মুম্বই চলে যায় তারা। সেখানে হুডখোলা বাসে রোড শো এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান। গোটা একটা দিন কার্যত ঘোরের মধ্যে কাটে ক্রিকেটারদের। দেশবাসীর অফুরান ভালবাসায় ভরে গেল তাঁদের মন। 

    বিশেষ বিমানে রোহিত-কোহলিকে সম্মান

    দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষ করেই বিমান সংস্থা ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই রওনা দেন রোহিতেরা। সেই বিমানের ‘কল সাইন’ রাখা হয় ‘ভিটিআই ১৮৪৫’। বিমানের ‘ফ্লাইট নম্বর’ ছিল ‘ইউকে১৮৪৫’। কোহলি ১৮ নম্বর জার্সি পরে খেলেন। রোহিতের জার্সি নম্বর ৪৫। দুই ক্রিকেটারকেই সম্মান জানানো হয়।

    মেরিন-ড্রাইভে সারি সারি মাথা

    ভারতীয় (Team India) ক্রিকেটারদের বিমান নামার অনেক আগে থেকে রাস্তার দখল নিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। ভারত অধিনায়কের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন।  জনসমুদ্র পেরিয়ে হুডখোলা বাসে ওঠেন ভারতীয় ক্রিকেটারেরা। রাস্তা জুড়ে ছিল প্রচুর মানুষ। তাঁদের সরিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করতে থাকে পুলিশ। জনসমুদ্রের মধ্যে দিয়ে রোহিতদের হুডখোলা বাসের এগোতে সমস্যা হচ্ছিল। ধীর গতিতে বাস এগোচ্ছিল। বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। রোহিতদের দেখতে রাস্তার ধারে গাছের উপরেও লোক উঠে পড়েছিলেন।

    উদ্বেলিত ওয়াংখেড়ে

    ফিরে এসেছিল ২০১১-এর সেই রাত। এখানেই বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনির দল। এবার রোহিত-ব্রিগেড। থিকথিক করছিল ভিড়। বন্দেমাতরমের সুরের মূর্চ্ছনায় আরবসাগরের পাড় তখন উদ্বেলিত। মাঠের মাঝে একটি মঞ্চ করা হয়েছিল। তার সামনে চেয়ারে বসে ক্রিকেটারেরা। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকেরা। ট্রফি রেখে জাতীয় সঙ্গীত গান তাঁরা। তাতে গলা মেলান দর্শকেরা। এর পর একে একে রোহিত, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাকে ডেকে নেন সঞ্চালক। প্রত্যেকে বিশ্বজয়ের মুহূর্তের কথা তুলে ধরেন। শেষে ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করে গোটা দল। র‌্যাকেটে করে বল ছুড়ে দেওয়া হয় দর্শকদের দিকে। এদিনই বিশ্বজয়ের পুরস্কার স্বরূপ ১২৫ কোটি টাকার চেক ভারতীয় দলের হাতে তুলে দেয় বিসিসিআই। এই টাকা দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 

    ট্রফি দেশবাসীর

    বিশ্বকাপ ট্রফি (T20 World Cup 2024) দেশবাসীকে উৎসর্গ করেলেন রোহিত। তিনি বলেন, “আমরা যেমন ১১ বছর অপেক্ষা করেছি তেমন দেশবাসীও করেছে। ওরা আমাদের হাতে ট্রফি দেখতে চেয়েছিল। সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। এই জয় শুধু আমাদের নয়, দেশবাসীর জয়।” মুম্বই যে কখনও তাঁকে খালি হাতে পাঠায়নি সে কথাও জানিয়েছেন রোহিত। ট্রফি জিতে তাই মুম্বইয়ে ফিরে উচ্ছ্বসিত তিনি। প্রশংসায় ভরিয়ে দিলেন হার্দিক, সূর্যকুমার, বুমরা, কোহলি-সহ পুরো দলকে। বৃহস্পতিবার সকালে দেশে ফিরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই অভিজ্ঞতার কথাও জানিয়ে রোহিত বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ওঁর খেলায় খুব আগ্রহ। ওঁর সঙ্গে কথা বলে খুব ভাল লাগল।”

    কেন কাঁদলেন কোহলি

    এবার বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতে চোখের জল ধরে রাখতে পারেনি কোহলি। গত শনিবারের কথা বলতে গিয়ে কোহলি বলেন, ‘‘২০১১ সালে এই মাঠে যখন বিশ্বকাপ জিতেছিলাম, খুব আনন্দ হয়েছিল। তখন আমার বয়স ২১ কী ২২। তখন দলের সিনিয়রদের চোখে জল দেখেছিলাম। তাঁদের কান্নার গুরুত্ব বুঝতে পারিনি। মনে আছে সচিন তেন্ডুলকরকে কাঁধে নিয়ে ঘুরেছিলাম আমরা। তাও মনে হয়েছিল, আমরা তো সহজেই বিশ্বকাপ জিতলাম। এ বার উপলব্ধি করলাম একটা বিশ্বকাপ জেতা কত কঠিন। নিজে কেঁদে বুঝলাম ২০১১ সালে সিনিয়রেরা কেন কেঁদে ছিল। আমি আর রোহিত শর্মা ১৫ বছর ধরে এক সঙ্গে খেলছি। আমরা দু’জনেই এক বার করে বিশ্বকাপ জিতেছি। দেশকে আরও একটা বিশ্বকাপ দেওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা করেছি। পারিনি। এ বার জেতার পর দু’জনেই কাঁদছিলাম। কাঁদতে কাঁদতেই আমরা পরস্পরকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তটা আমার ক্রিকেটজীবনের অন্যতম সেরা।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: ‘ট্রফি আসছে ঘরে’! কখন ফিরছে বিশ্বজয়ী ভারতীয় দল, জানাল বিসিসিআই

    T20 World Cup 2024: ‘ট্রফি আসছে ঘরে’! কখন ফিরছে বিশ্বজয়ী ভারতীয় দল, জানাল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দলকে দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাডোজে। এই বিমানেই বার্বাডোজ ছাড়বেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সূত্রের খবর বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের (Team India)। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় দিল্লিতে পৌঁছবেন কোহলি-রোহিতরা। বুধবার সকাল ৮.২৬ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট, ‘ট্রফি ঘরে আসছে।’ এ নিয়েই উৎসাহে ভাসতে থাকেন ক্রিকেট অনুরাগীরা।

    কেন ফিরতে দেরি রোহিতদের (T20 World Cup 2024)

    মঙ্গলবার জানা গিয়েছিল যে, ভারতীয় দল (Team India) বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) রওনা দিতে পারে দেশের উদ্দেশে। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় ফিরতে আরও কিছুটা দেরি হচ্ছে রোহিতদের। বিশ্বকাপ ফাইনাল (T20 World Cup 2024) অনুষ্ঠিত হয় শনিবার। তার পর থেকে বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা।  এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটার ও আটকে পড়া ভারতীয় সাংবাদিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেন। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দলকে ফেরানোর ব্যবস্থা করেছে বিসিসিআই।

    বরণ করে নেওয়ার অপেক্ষা (T20 World Cup 2024)

    শেষপর্যন্ত দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। এয়ার ইন্ডিয়া ক্রিকেট ২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্লাইট করে দিল্লিতে ফিরতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দল। সেজন্য ইতিমধ্যে ভারতীয় দলের টিম হোটেলে কমপক্ষে তিনটি বাস এসে গিয়েছে। কখন ভারতে পৌঁছাবে টিম ইন্ডিয়া? ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) তরফে যে বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়েছে, তা শুধুমাত্র তেল ভরার জন্য দাঁড়াবে। তাছাড়া একদম সরাসরি দিল্লিতে এসে পৌঁছাবে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ দিল্লিতে অবতরণ করবে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ বিমান। সোনার ছেলেদের সাদরে বরণ করে নেওয়ার অপেক্ষায় দেশবাসী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটার হিসেবে বিশ্বজয়ের স্বাদ পাননি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচ হিসেবে স্বপ্ন পূরণ হয়েছে। বিদায়বেলায় দ্রাবিড়কে ষোল আনা গুরু দক্ষিণা দিয়েছেন রোহিত-কোহলিরা। জুলাই মাস থেকেই তাঁর নামের পাশে প্রাক্তন শব্দটা জুড়ে যাবে। শেষ মুহূর্তে তাই গলা ধরে আসছিল সহজে আবেগের বহিঃপ্রকাশ না করা দ্রাবিড়ের। ধন্যবাদ জানালেন প্রিয় ছাত্র রোহিতকে। টার্গেট দিয়ে গেলেন ক্লাসের ফার্স্ট বয় কোহলিকে।  

    কোহলিকে দ্রাবিড়ের টার্গেট (Rahul Dravid)

    আইসিসির ইন্সটাগ্রামে ভারতের ড্রেসিংরুমের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট কোহলিকে ভারতের হেড স্যার দ্রাবিড় বলেন, ‘সাদা বলে তিনটে টিক হয়ে গিয়েছে। একটা লাল বাকি রয়েছে। সেটায় টিক করো।’ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আসলে বিরাট কোহলিকে বলতে চেয়েছিলেন, তিনি তো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024), ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বাকি শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেটাই এ বার জিততে হবে বিরাটকে। এখনও অবধি মোট দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। প্রথম বার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তাখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত। দু’বার ফাইনাল খেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাব জিততে পারেনি ভারত। বিদায়বেলায় টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি আনার আর্জি কোহলির কাছে রেখে গেলেন দ্রাবিড়। কোহলিকেও হয়তো দিয়ে গেলেন তাঁর ক্রিকেট জীবনের শেষ লক্ষ্য।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by ICC (@icc)

    রোহিতকে ধন্যবাদ (Rahul Dravid)

    টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)  জয়ের পরে আবেগতাড়িত হয়ে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে ধন্যবাদ জানালেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ধরা গলায় নিজের বিদায়বেলায় ছাত্র রোহিতকে বললেন, ‘রোহিত, নভেম্বরে ফোনটা করার জন্য ধন্যবাদ’। ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকতে চাননি। কিন্তু রোহিত প্রবলভাবে চেয়েছিলেন যে দ্রাবিড়ই যেন ভারতীয় দলের হেড কোচ থাকেন। আর ক্যাপ্টেনের কথা ফেলতে পারেননি দ্রাবিড়। শেষ বেলায় সাপোর্ট স্টাফ থেকে বিসিসিআই সকলকেই কৃতজ্ঞতা জানান দ্রাবিড়।

    দ্রাবিড়ে মুগ্ধ স্কাই (Rahul Dravid)

    কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে আপ্লুত সূর্যকুমার যাদব। সূর্যের কথায়,  ‘ওয়ালকে কখনও লুকিয়ে রাখা যায় না। ইন্দিরানগরের ওয়ালকে (একটি বিজ্ঞাপনে দ্রাবিড়ের সেই ইন্দিরানগরের গুন্ডা লাইনটা পুরো বিখ্যাত হয়ে আছে) কখনও লুকিয়ে রাখতে পারবেন না। উনি একটা দেওয়াল তৈরি করে রেখেছিলেন, যা মানুষের প্রত্যাশা এবং চাপ থেকে আমাদের রক্ষা করে রেখেছিল। আমাদের কাছে সেই প্রত্যাশার চাপটা আসতে দেননি। যা খেলোয়াড়দের অনেক স্বস্তিতে রেখেছিল।’ বিশ্বকাপ (T20 World Cup 2024) হাতে দ্রাবিড়ের উচ্ছ্বাসের ভিডিও সারাজীবন নিজের কাছে রেখে দেবেন বলে জানান, ফাইনালে অবিশ্বাস্য ক্যাচ নেওয়া সূর্য। বলেন, ‘ওই ৩০ সেকেন্ডের মুহূর্তটা….যখন উনি হাতে ট্রফি নিযে উল্লাস করতে শুরু করেন….যখন উনি নিজের আনন্দ প্রকাশ করতে থাকেন, (সেটা অবিশ্বাস্য ছিল)। আমার মনে হয়, আমি সারা জীবনের জন্য ওই ভিডিয়োটা রেখে দেব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indian Women’s Cricket Team: ঝুলনের রেকর্ডে ভাগ বসালেন স্নেহ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী ভারতের মেয়েরাও

    Indian Women’s Cricket Team: ঝুলনের রেকর্ডে ভাগ বসালেন স্নেহ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী ভারতের মেয়েরাও

    মাধ্যম নিউজ ডেস্ক: রোহিত-বিরাটরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। হরমনপ্রীতরাও পিছিয়ে নেই। দেশের মাটিতে টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পর্যদুস্ত করল ভারতের মেয়েরা (Indian Women’s Cricket Team)। ভারতের ৬০৬ রানের জবাবে প্রথম ইনিংসে প্রোটিয়ারা ২৬৬ রানে অল আউট হয়ে যায়। দ্বীতীয় ইনিংসে তাঁরা ৩৭৩ রান করেন। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৭ রান। সহজেই সে রান তুলে নেয়ে দেশের মেয়েরা। হরমনপ্রীতদের এই লড়াইকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই (BCCI)সচিব জয় শাহ।

    ম্যাচ আপডেট (India Women vs South Africa Women)

    এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত এই টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটং করেন ভারতের শেফালি বর্মা। ১৯৪ বলে তিনি দুর্দান্ত একটি ডবল সেঞ্চুরি করেন। এই ইনিংসে তিনি ২২টি বাউন্ডারি এবং আটটি ছক্কা হাঁকিয়েছেন। ভারতীয় ক্রিকেট দল (Indian Women’s Cricket Team) প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬০৬ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা মাত্র ২৬৬ রানে  অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে একাই আট উইকেট শিকার করেছেন স্নেহ রানা (Sneh Rana)। এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে লরা উলভার্ট এবং সিউন লুস দুর্দান্ত ব্যাটিং শুরু করেছিলেন। তাঁরা দুজনেই শতরান করেন। লরার ব্যাট থেকে বেরিয়ে আসে ১২২ রানের ইনিংস। অন্যদিকে সিউন ১০৩ রানের ইনিংস খেলেন। এই ইনিংসেও দুটি উইকেট নেন স্নেহ। ম্যাচে মোট ১০টি উইকেট নিয়ে ঝুলন গোস্বামীর রোকর্ডে ভাগ বসালেন তিনি। দ্বিতীয় ইনিংসে শেষপর্যন্ত ৩৭৩ রান করে এবং টিম ইন্ডিয়ার সামনে ৩৭ রানের টার্গেট রেখেছে দক্ষিণ আফ্রিকা। 


    ঝুলনের রেকর্ডে ভাগ

    ভারতের জার্সিতে যে যে মহিলা ক্রিকেটার (Indian Women’s Cricket Team) টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তাঁদের মধ্য প্রথমেই রাখতে হয় ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামীর নাম। তিনি টনটনে ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর এই তালিকায় রয়েছেন স্নেহ রানা। ভারতের ডান হাতি বোলার স্নেহ রানা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫.৩ ওভারে ৭৭ রান খরচ করে ৮টি উইকেট নিয়েছিলেন। তাতে ছিল ৪ ওভার মেডেন। আর তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারে ১১১ রান দিয়ে নেন ২টি উইকেট।

    এই তালিকায় তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে — দীপ্তি শর্মা (২০২৩ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে), হরমনপ্রীত কৌর (২০১৪ সালে মাইসোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) এবং নীতু ডেভিড (১৯৯৫ সালে জামশেদপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share