Tag: bengal coal scam

bengal coal scam

  • Coal Scam: কোটি কোটি টাকার লেনদেন! ৫ দিনের সিবিআই হেফাজতে  ৭ ইসিএল আধিকারিক

    Coal Scam: কোটি কোটি টাকার লেনদেন! ৫ দিনের সিবিআই হেফাজতে  ৭ ইসিএল আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার-কাণ্ডে ধৃত ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড (ECL)-এর সাত জন বর্তমান ও প্রাক্তন কর্তাকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এই নির্দেশ দিয়েছেন। বুধবার সকাল থেকে দফায় দফায় জেরা শেষে গ্রেফতার করা হয় সাত কর্তাকে। যাদের মধ্যে বর্তমান জেনারেল ম্যানেজার পদমর্যাদা’র বেশ কয়েকজন রয়েছেন আবার রয়েছেন দুইজন সিকিউরিটি ম্যানেজারও। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। সেখানে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানান তদন্তকারীরা। 

    আরও পড়ুন: কয়লা-পাচার কাণ্ডে আজ সিবিআই আদালতে সাত ইসিএল কর্তা

    সিবিআইয়ের দাবি, কয়লা-কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এই অভিযুক্তদের। পাশাপাশি, তাঁদের অর্থ লেনদেনের বিভিন্ন তথ্য সিবিআই এর হাতে এসেছে। সরকারি আধিকারিকও হয়েও অভিযুক্তেরা সরকারি সম্পত্তি রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেননি বলে সিবিআইয়ের দাবি। বরং নিজেদের পদে থেকে বিভিন্ন ভাবে ব্যক্তিগত লাভের বিনিময়ে কয়লা-কাণ্ডের মূল অভিযুক্তদের সাহায্য করেছেন তাঁরা। তদন্তকারীদের কথায়, ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে ধৃতদের মদতেই কয়লা কেলেঙ্কারি ঘটে। এমনকি মোটা অঙ্কের টাকাও লেনদেন হয়েছে বলে অভিযোগ। 

    আরও পড়ুন: এবার কয়লা পাচারকাণ্ডে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

    উল্লেখ্য, ধৃতদের মধ্যে রয়েছেন বর্তমান ইসিএল আধিকারিক এসসি মৈত্র। রয়েছেন, ইসিএলের তিন প্রাক্তন জেনারেল ম্যানেজার সুশান্ত ব্যানার্জি, অভিজিৎ মল্লিক এবং তন্ময় দাস। তন্ময় দাস আগে ইসিএলের প্রধান নিরাপত্তা আধিকারিক ছিলেন। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা আধিকারিক ম্যানেজার মুকেশ কুমার, নিরাপত্তা আধিকারিক রিঙ্কু বেহেরা ও দেবাশিস মুখোপাধ্যায়কে। অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, তাঁদের মক্কেলদের হিসাব বহির্ভূত কোনো সম্পত্তি বা অর্থের হদিস সিবিআই পায়নি। ধৃত তন্ময় দাসের আইনজীবী জানান, তাঁর মক্কেল রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এমনকি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি দিয়েছেন। সিআইএসএফ আধিকারিকদেরও বিষয়টি জানিয়েছেন। অর্থাৎ যা যা করণীয় সবই করেছেন। সব অভিযোগ মিথ্যা। তবে সিবিআইয়ের দাবি, তাঁরা প্রমাণ হাতে নিয়েই সব কাজ করছেন।

  • Coal Scam: কয়লা-কাণ্ডে বিনয় ও বিকাশ মিশ্রের ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত!

    Coal Scam: কয়লা-কাণ্ডে বিনয় ও বিকাশ মিশ্রের ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত!

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) অভিযুক্ত বিনয় মিশ্র (Vinay Mishra) ও বিকাশ মিশ্রর একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত (Property Seized) করল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কয়লা দুর্নীতিতে (Coal Scam) অভিযুক্ত বিনয় ও বিকাশের ওই সম্পত্তির মূল্য আনুমানিক ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের (East Burdwan) গোপীনাথপুরে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। সেখান থেকে বিনয় ও বিকাশের দু’টি সম্পত্তি বেআইনি লেনদেন প্রতিরোধ আইন, ২০২২-এর (PMLA) আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দু’টি সম্পত্তির মালিকানা রয়েছে ‘এলটিবি ইনফ্রা কনসালট্যান্ট’ নামে একটি সংস্থার হাতে। তদন্ত চলছে।

    আরও পড়ুন: পার্থ, পরেশের বাড়ি সহ ১৩ জায়গায় হানা ইডি-র, কী মিলল তল্লাশিতে?

    পশ্চিমবঙ্গের কয়লা দুর্নীতি (Bengal Coal Scam) মামলায় এর আগেই একাধিক অভিযুক্তের ২০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই বিনয় ও বিকাশের বিপুল অঙ্কের লেনদেনের খবর পেয়েছেন। ৭৩১ কোটি টাকা লেনদেন হয়েছে বলে খবর। লালা ওরফে অনুপ মাঝির (Anup Majhi) মারফত এই লেনদেন হয়েছে বলে ইডির প্রাথমিক অনুমান। তবে কেবল কয়লা মামলা নয়। বিনয় মিশ্রর বিরুদ্ধে গরু পাচারেরও অভিযোগ রয়েছে,তার তদন্ত চালাচ্ছে সিবিআই। বিনয়ের বিরুদ্ধে আগেই হুলিয়া জারি করেছে তারা।

    আরও পড়ুন: কোটি কোটি টাকার লেনদেন! ৫ দিনের সিবিআই হেফাজতে ৭ ইসিএল আধিকারিক

    এবার ইডির পালা। প্রসঙ্গত, কিংফিশারের কর্ণধার বিজয় মালিয়া (Vijay Mallya), শিল্পপতি মেহুল চোকসি (Mehul Choksi) ও নীরব মোদির (Nirav Modi) বিরুদ্ধে আইনের যে-ধারায় তদন্ত চলছে, বিনয়ের বিরুদ্ধেও সেই ধারা প্রয়োগের জন্য আইনি প্রস্তুতি শুরু করেছে ইডি। ইতিমধ্যেই দিল্লিতে ইডির সদর দফতরে বিনয়ের নামে মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা জানান, ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ (পলাতক আর্থিক অপরাধী) হিসেবে আইনের ধারায় বিনয়কে অভিযুক্ত বলে ঘোষণা করার জন্য সম্প্রতি নিম্ন আদালতে আবেদন করা হয়েছে। দেশ ও বিদেশে থাকা তাঁর সমস্ত বিষয়সম্পত্তি বাজেয়াপ্ত করার যে আইনি প্রস্তুতি শুরু করেছিল ইডি, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে হানা তারই প্রথম ধাপ বলে অনুমান।

LinkedIn
Share