Tag: BJP Party Meet

  • BJP Meet: পাঁচ রাজ্যে ভোটের প্রস্তুতি ও সংসদের বিশেষ অধিবেশন, দু’দিনের বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    BJP Meet: পাঁচ রাজ্যে ভোটের প্রস্তুতি ও সংসদের বিশেষ অধিবেশন, দু’দিনের বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের বিধানসভা নির্বাচন এবং সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিজেপির (BJP) জাতীয় নেতৃত্ব। শুক্রবার থেকে শুরু হতে চলা এই বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় পদাধিকারী, বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সহ-দায়িত্বপ্রাপ্তরা।

    উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন

    দলীয় সূত্রে খবর, গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির আগে সংগঠনের প্রস্তুতি খতিয়ে দেখার যে রীতি বিজেপির (BJP Meet) রয়েছে, সেই ধারাবাহিকতাতেই এই বৈঠকের আয়োজন। তবে এবারের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর এবং গোয়ায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এই পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। একমাত্র পঞ্জাবে ক্ষমতার বাইরে গেরুয়া শিবির। সেখানে প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দলের সঙ্গে ফের জোট বেঁধেছে বিজেপি।

    সংসদের চার দিনের বিশেষ অধিবেশন

    আসন্ন বিধানসভা নির্বাচন ছাড়াও, ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের চার দিনের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে সীমানা পুনর্নির্ধারণ বিল (Delimitation Bill) এবং মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করতে সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা হতে পারে। ২০২৯ সাল থেকে মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে এই বিলগুলি পাশ করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষভাবে উদ্যোগী বলে জানা গিয়েছে। দলীয় সূত্রের খবর, বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বৈঠকের শেষ দিনে উপস্থিত পদাধিকারীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুসা ক্যাম্পাসে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে দলের পদাধিকারীরা রাত্রিবাসও করবেন। তাঁদের সঙ্গে ব্যক্তিগত কর্মীদের থাকার অনুমতি দেওয়া হবে না বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচন এবং সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করাই এই দু’দিনের বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

LinkedIn
Share