Tag: BJP Suvendu Adhikari

BJP Suvendu Adhikari

  • Municipal elections: রাজ্যে পুরভোটের প্রস্তুতি, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে তৎপর শুভেন্দুর সরকার

    Municipal elections: রাজ্যে পুরভোটের প্রস্তুতি, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে তৎপর শুভেন্দুর সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যে পুরভোটের (Municipal elections) প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচনের জন্য এখন থেকেই প্রশাসনকে কোমর বেঁধে নামার নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে নতুন সরকার। এই লক্ষ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং আসন সংরক্ষণের (রিজার্ভেশন) কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি অনুকূল থাকলে, আগামী নভেম্বর মাসেই কলকাতায় পুর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

    নির্বাচন কমিশনের শূন্যতা ও বড় চ্যালেঞ্জ (Municipal elections)

    আগামী ৯ মাসের মধ্যে রাজ্যের মোট ১২৭টি পুরসভার মেয়াদ শেষ হতে চলেছে। নতুন রাজ্য সরকারের পক্ষে এই বিপুল কর্মযজ্ঞ নির্দিষ্ট সময়ের মধ্যে সুচারুভাবে সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ। এর প্রধান কারণ হল, রাজ্য নির্বাচন কমিশন এই মুহূর্তে কার্যত নেতৃত্বহীন। গত বছরের সেপ্টেম্বর মাসে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পদত্যাগ করার পর থেকে এই পদটি এখনও শূন্য রয়েছে।

    তাছাড়া, সম্প্রতি এক নির্দেশিকার মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্যের মেয়াদ বৃদ্ধি বাতিল করা হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠন এবং শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর, নির্দেশ মোতাবেক তিনি পদত্যাগ করেছেন। বর্তমানে কমিশনে যুগ্ম সচিব পর্যায়ের কোনও আধিকারিকও কর্মরত নেই। এই প্রশাসনিক শূন্যতার মধ্যে কীভাবে দ্রুত সীমানা পুনর্গঠন ও ভোটপ্রক্রিয়া চালানো সম্ভব, তা নিয়ে নবান্নের অন্দরে চিন্তাভাবনা চলছে।

    দীর্ঘদিনের বকেয়া ভোট ও হাওড়া প্রসঙ্গ

    বর্তমানে রাজ্যের ১২টি জেলার মোট ১৫টি পুরসভায় (Municipal elections) কোনও নির্বাচিত বোর্ড নেই। দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসকের মাধ্যমেই নাগরিক পরিষেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত এলাকাটি হলো হাওড়া, যেখানে বিগত ১৩ বছর ধরে কোনও পুর নির্বাচন হয়নি। নতুন মন্ত্রিসভা গঠনের পরেই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে তিনি বলেন, “হাওড়ার নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু হাওড়া নয়, রাজ্যের সব ক’টি পুরসভার নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত উচ্চপর্যায়ের বৈঠক করবেন।”

    বহু পুরসভায় বকেয়া ভোট…

    উল্লেখ্য, কয়েক দিন আগেই হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, প্রায় এক দশক ধরে হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। তাই ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ দ্রুত শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ও বালি পুরসভায় ভোট গ্রহণ করা হবে। হাওড়া ছাড়াও ২০১৭ সালের পর থেকে রাজ্যের যে সমস্ত পুরসভায় দীর্ঘদিন নির্বাচন (Municipal elections) বকেয়া রয়েছে, সেই তালিকায় রয়েছে— দুর্গাপুর পুরনিগম, ডোমকল, রায়গঞ্জ, বুনিয়াদপুর, পূজালি, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প, নলহাটি এবং ধূপগুড়ি পুরসভা।

    রাজনৈতিক সমীকরণ ও নবান্নের কড়া বার্তা

    অন্য দিকে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা পুরবোর্ডগুলিতে (Municipal elections) ভাঙন দেখা দিয়েছে। গত সোমবার দুপুরে ডায়মন্ড হারবার পুরসভায় এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়, যেখানে পুরসভার চেয়ারম্যানের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন তৃণমূলের ৮ জন কাউন্সিলর। এই ধরনের রাজনৈতিক ডামাডোলের জেরে যে সমস্ত পুরবোর্ড ভেঙে যাচ্ছে বা সংখ্যালঘু হয়ে পড়ছে, সেখানে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে সরকারি প্রশাসক নিয়োগের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

  • Summer Vacation: কেন্দ্রের টাকা মারতেই কি স্কুলে গরমের ছুটিবৃদ্ধি? তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    Summer Vacation: কেন্দ্রের টাকা মারতেই কি স্কুলে গরমের ছুটিবৃদ্ধি? তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত ঘিরে তৈরি বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার ছুটির মেয়াদ বৃদ্ধির ঘোষণা মমতা প্রশাসনের। রাজ্যে স্কুলের ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়াল স্কুল শিক্ষা দফতর (West Bengal School Department)। স্কুল ছুটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ জুন।  কিন্তু এখন স্কুলে গরমের ছুটির মেয়াদ আগামী ২৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

    প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্প্রতি গরম ও আর্দ্রতার কারণে রাজ্যে একাধিক মৃত্যু। পরিস্থিতির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বলে জানাল সরকার। অসহনীয় গরমে পড়ুয়াদের কথা মাথায় রেখে এর আগে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। নবান্নর (Nabanna) এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। 

    আরও পড়ুন: হয় ছুটি নয় অনলাইন, রাজ্যের চাপ বেসরকারি স্কুলগুলিকে, কটাক্ষ বিজেপির

    সেই ‘সমালোচনা’র রেশ কাটতে না কাটতেই ফের স্কুলে গরমের ছুটি নিয়ে দ্বিমত তৈরি হল। গরমের ছুটি বাড়ানো নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা দফতরের ভূমিকা। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন শিক্ষাবিদদের একাংশ। তাঁদের মতে, এই সিদ্ধান্ত একেবারে ‘অযৌক্তিক’।

    শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, ‘এই তো বর্ষা এসে যাবে। দু’একদিনের মধ্যে বর্ষা এসে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। অতিমারী গেল, স্কুল এতদিন বন্ধ। অন্তত সপ্তাহে চারদিন খোলা থাক। নয়তো সপ্তাহে অন্তত তিনদিন খোলা থাক।’ একইভাবে, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, এটা নিয়ে ভাববার সময় এসেছে। তাঁর মতে, করোনা কালে দুবছর পড়াশোনা হয়নি, তারপর আগেই গরমের ছুটি বেড়েছে। এরপর ছুটি বাড়ানো হলে পড়াশোনার অভ্যাসটাই চলে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

    আরও পড়ুন: পঁচিশে পাশ, পঁয়ত্রিশে বিজ্ঞানের পাঠ

    তবে, রাজ্যের এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য সমীকরণ দেখছে বিজেপি (BJP)। রাজ্যের বিরোধী দলনেতার (Leader of Opposition) শুভেন্দু (Suvendu) অধিকারীর দাবি, কেন্দ্রের টাকা মারতেই এই সিদ্ধান্ত তৃণমূল সরকারের। তিনি জানান, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের টাকা মারতেই মমতার সরকারের এই সিদ্ধান্ত।

  • Suvendu Attacks Mamata: “দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Attacks Mamata: “দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) সরকারের পাশ করা আচার্য বিলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu) অধিকারী। তিনি জানিয়ে দিলেন, এখানে পাশ করে কোনও লাভ নেই। বিল দিল্লি পাঠাতে হবে। তাঁর কটাক্ষ, দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না।  

    বিরোধীদের শত আপত্তি সত্বেও বাদল অধিবেশনের প্রথম দিনেই পাশ হয়েছে আচার্য বিল। এই বিলে বলা হয়েছে, রাজ্যপাল (Jagdeep Dhankhar) নন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন এবার মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়। বিলের পক্ষে এদিন ভোট পড়ল ১৮২, বিপক্ষে ভোট পড়ল ৪০টি। বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল (University Act Amendment Bill) পাস হয়েছে। এবার রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে সংশোধনী বিল।

    আরও পড়ুন: কেন্দ্রের টাকা মারতেই কি স্কুলে গরমের ছুটিবৃদ্ধি? তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    এই প্রেক্ষিতে এদিন বিধানসভার বাইরে শুভেন্দু জানিয়ে দেন, দাবি করেন, “বিধানসভায় সংখ্যা আছে, বিল পাস করিয়ে নিয়েছে৷ কিন্তু আমাদের আপত্তি নথিভুক্ত করেছি৷ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়নি৷ আগামী সোমবার আমরা বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে তাঁকে বলব যে বিলে সই না করতে৷ আমি এখনই বলে দিচ্ছি, রাজ্যপাল বিলে সই করবেন না৷”

    রাজ্যের বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, শিক্ষা যুগ্মতালিকার অন্তর্ভুক্ত। ফলে, তা যাবে কেন্দ্রের কাছে। তিনি বলেন, বিধানসভায় বিল পাশ হলেও তা যাবে রাজ্যপালের কাছে। এরপর বিষয়টি যুগ্ম তালিকা ভুক্ত হওয়ায় কেন্দ্রের কাছে পাঠাতে হবে। তবে তা রাজ্যের নাম পরিবর্তনের মতোই সেখানে গিয়ে পড়ে থাকবে। 

    আরও পড়ুন: কয়লাকাণ্ডে অভিষেক-পত্নীকে তলব সিবিআইয়ের, আগামীকাল জেরা কলকাতাতেই?

    অর্থাৎ, শুভেন্দু জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আপাতত কার্যকরী হচ্ছে না। মমতাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না।”

    বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী— এই সিদ্ধান্তের বিরোধিতায় বিবৃতি দিয়েছে বিশিষ্টজনরাও। তাঁদের তরফে জানানো হয়, কোনও শিক্ষাবিদকে আচার্য করা হোক। বিবৃতি দিয়ে বলা হয়, ‘রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে ভঙ্গ হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার’। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, সমীর আইচ, অনীক দত্ত-সহ আরও অনেক বিশিষ্টরা। 

     

LinkedIn
Share