Tag: Cabinet Extends Agniveer Service

  • Agniveer: অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের! আরও ২ বছর বাড়ল চাকরির মেয়াদ, মিলবে সেনায় স্থায়ী নিয়োগের সুযোগ

    Agniveer: অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের! আরও ২ বছর বাড়ল চাকরির মেয়াদ, মিলবে সেনায় স্থায়ী নিয়োগের সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিবীরদের (Agniveer) জন্য বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। চার বছরের নির্ধারিত চাকরির মেয়াদ শেষ হওয়ার পর আরও দু’বছর সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন অগ্নিবীররা। শুধু তাই নয়, এই অতিরিক্ত দু’বছরের মেয়াদ শেষে নির্দিষ্ট যোগ্যতা ও নির্বাচনী মাপকাঠি পূরণ করতে পারলে নিয়মিত সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগের সুযোগও মিলবে তাঁদের। বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এন এস রাজা সুব্রামণি। কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই প্রথম ব্যাচের প্রায় ৭৫ শতাংশ অগ্নিবীরকে ধাপে ধাপে অব্যাহতি দেওয়ার কথা ছিল। হিসেব অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চার বছরের মেয়াদ শেষ করে প্রায় ১৮,৩০০ অগ্নিবীরের সেনাবাহিনী ছাড়ার কথা ছিল।

    অগ্নিবীরদের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে কী জানালেন সিডিএস?

    বুধবার সাংবাদিক বৈঠকে জেনারেল এন এস রাজা সুব্রামণি জানান, চার বছরের কাজের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা পর্যালোচনা করে অগ্নিবীরদের সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সেই মূল্যায়নের ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিডিএস বলেন, “প্রাথমিকভাবে ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাবাহিনীতে রাখার পরিকল্পনা ছিল। এবার বাকি ৭৫ শতাংশ অগ্নিবীরকেও আরও দু’বছরের জন্য কাজের সুযোগ দেওয়া হবে।” এই বর্ধিত সময়ের জন্য তাঁদের পারিশ্রমিকও আগের তুলনায় বেশি হবে বলে জানিয়েছেন তিনি। অতিরিক্ত দু’বছরের মেয়াদ শেষ হওয়ার পর যাঁরা নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী, তাঁদের সকলকেই নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের সুযোগ দেওয়া হবে। তবে এই নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও বস্তুনিষ্ঠ নির্বাচনী মাপকাঠি পূরণ করতে হবে।

    মোদি সরকারকে ধন্যবাদ রাজনাথের

    কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই অতিরিক্ত দু’বছরের চাকরির মেয়াদকে ‘সেকেন্ড ট্যুর অফ ডিউটি’ (Second Tour of Duty) বলে উল্লেখ করেছেন। রাজনাথ সিংয়ের বক্তব্য, চার বা ছ’বছরের মেয়াদ শেষে নির্ধারিত নির্বাচনী মাপকাঠি পূরণ করতে পারলে ইচ্ছুক অগ্নিবীরদের নিয়মিত সেনা হিসেবে নিয়োগের সুযোগ তৈরি হবে। তাঁর মতে, এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, তরুণ, দক্ষ এবং প্রযুক্তিনির্ভর করে তোলার দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ। বদলে যাওয়া যুদ্ধের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এর লক্ষ্য।

    কী এই অগ্নিপথ প্রকল্প?

    ২০২২ সালের জুন মাসে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনায় নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় অগ্নিবীরদের চার বছরের জন্য নিয়োগ করা হয়। চার বছরের মেয়াদ শেষে সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাবাহিনীতে আরও ১৫ বছরের জন্য রাখার ব্যবস্থা ছিল। বাকি ৭৫ শতাংশকে অব্যাহতি দেওয়ার নিয়ম ছিল। তবে এই নিয়োগ পদ্ধতি চালুর পর থেকেই চাকরির মেয়াদ কমে যাওয়া এবং নিয়মিত সেনাকর্মীদের মতো সুযোগ-সুবিধা না পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনায় মোট প্রায় ২৪,৪০০ জন অগ্নিবীর নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে সেনাবাহিনীতে প্রায় ১৯ হাজার, বায়ুসেনায় ২,৮৫০ এবং নৌসেনায় ২,৫৫০ জন যোগ দিয়েছিলেন। এবার কেন্দ্রের নতুন সিদ্ধান্তে প্রথম ব্যাচের অগ্নিবীরদের পাশাপাশি ভবিষ্যতের নিয়োগপ্রাপ্তদের জন্যও পরিষেবার মেয়াদ ও নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হল।

LinkedIn
Share