Tag: Central Asian Community

  • S Jaishankar: আজারবাইজানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনে ভারতের কূটনৈতিক উদ্যোগ, দক্ষিণ-মধ্য এশিয়ার ভূরাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত

    S Jaishankar: আজারবাইজানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনে ভারতের কূটনৈতিক উদ্যোগ, দক্ষিণ-মধ্য এশিয়ার ভূরাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে সক্রিয় হয়ে উঠেছে (Azerbaijan) ভারত। সম্প্রতি আজারবাইজান সফর করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ২০১৮ সালের পর এই প্রথম কোনও ভারতীয় বিদেশমন্ত্রী এককভাবে আজারবাইজান সফর করলেন। সফরে তিনি আজারবাইজানের বিদেশমন্ত্রীর পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও বৈঠক করেন। দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

    উল্লেখ্য, নাগর্নো-কারাবাখ সংঘাত এবং কাশ্মীর ইস্যুতে আজারবাইজানের অবস্থানের কারণে গত কয়েক বছরে ভারত-আজারবাইজান সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা সেই অস্বস্তি কাটিয়ে নতুন করে সহযোগিতার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।

    এই সফরকে কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রচেষ্টা হিসেবে দেখলে ভুল হবে। এর পিছনে রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতার বিস্তৃত হিসাব। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে এই সফরের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। প্রথমত, তুরস্কের উপর নির্ভরতা কমিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে আজারবাইজান।

    তুরস্ক ও আজারবাইজান সম্পর্কে অবনতি (S Jaishankar)

    দীর্ঘদিন ধরেই তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। দুই দেশ নিজেদের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম বলে বর্ণনা করে। তবে সাম্প্রতিক সময়ে আজারবাইজানের অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপ নিয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষত, আজারবাইজানের স্কুলগুলিতে হিজাব সংক্রান্ত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এই টানাপোড়েনের বিষয়টি আলোচনায় এসেছে।

    এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, তুরস্কের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর পাশাপাশি ইজরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইরানের মধ্যে যে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমিত করতেও ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রায় আড়াই দশক ধরে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে আলিয়েভ এই কৌশলগত ভারসাম্যের গুরুত্ব উপলব্ধি করেছেন বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, তুর্কি রাষ্ট্রগুলির সংগঠনের তুলনায় মধ্য এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় বেশি গুরুত্ব দিতে পারে বাকু (আজারবাইজানের রাজধানী)।

    সম্পর্ক জোরদার করার প্রবণতা

    আজারবাইজানের ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের নেতৃত্বাধীন তুর্কি রাষ্ট্রগুলির সংগঠনের পাশাপাশি মধ্য এশিয়ার বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা কাঠামোর সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রবণতা দেখা যাচ্ছে।

    এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-ইরান-রাশিয়ার সঙ্গে যুক্ত উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক পরিবহণ করিডর আজারবাইজানের মধ্যে দিয়েও বিস্তৃত হয়েছে। এদিকে, এই করিডরের পূর্ব দিকের যোগাযোগ ব্যবস্থা মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সংযোগের সুযোগ তৈরি করছে। ফলে ভারত, আজারবাইজান এবং মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্য ও পরিবহণ সহযোগিতা বৃদ্ধি পেলে প্রত্যেকেই লাভবান হতে পারে। তৃতীয়ত, আজারবাইজান ও ইরানকে নিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা। রাশিয়ার কৌশলগত চিন্তাভাবনায় মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়াকে একত্র করে একটি বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক পরিসর গড়ে তোলার ধারণা গুরুত্ব পাচ্ছে। এই অঞ্চলকে কাসা নামে অভিহিত করা হচ্ছে (S Jaishankar)।

    এই সম্ভাব্য কাঠামোয় আজারবাইজান ও ইরানকেও অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, আজারবাইজান মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে পশ্চিম দিকের অর্থনৈতিক যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ইরান দক্ষিণ দিকের যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। উত্তর-দক্ষিণ পরিবহণ করিডরকে কেন্দ্র করে ভারত, ইরান ও আজারবাইজানের স্বার্থও পরস্পরের সঙ্গে যুক্ত। ফলে এই দেশগুলির মধ্যে সম্পর্কের উন্নতি হলে বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে। চতুর্থত, আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলিয়েভকে সতর্ক করতে পারে ভারত।

    ২০২০ সালের নাগর্নো-কারাবাখ যুদ্ধের সময় পাকিস্তান আজারবাইজানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের কার্যকলাপ মধ্য এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

    মধ্য এশিয়ার ছ’টি দেশের মধ্যে তিনটির সঙ্গে আফগানিস্তানের সরাসরি সীমান্ত রয়েছে। ফলে আফগানিস্তানে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব গোটা অঞ্চলের উপর পড়তে পারে। ভারতের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের আঞ্চলিক গোপন কার্যকলাপ এবং নিরাপত্তা সংক্রান্ত কৌশল সম্পর্কে। পাশাপাশি তালিবান নেতৃত্বাধীন আফগান প্রশাসনের সঙ্গেও ভারতের যোগাযোগ রয়েছে।

    জয়শঙ্করের সফর

    এই পরিস্থিতিতে জয়শঙ্কর তাঁর সফরে পাকিস্তানের ভূমিকা এবং আফগানিস্তানকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা সংকটের বিষয়ে আলিয়েভকে অবহিত করে থাকতে পারেন বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে মধ্য এশিয়ার আঞ্চলিক সহযোগিতা কাঠামোয় আজারবাইজানের নতুন সদস্যপদ পাওয়ার পর বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পঞ্চমত, পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে তুরস্ককে নিরুৎসাহিত করতে পারেন আলিয়েভ।

    পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। সাম্প্রতিক মক্কা চুক্তির সুযোগ নিয়ে পাকিস্তান সৌদি আরবের কাছে তুরস্কের তৈরি চালকবিহীন যুদ্ধবিমান কেনার জন্য আর্থিক সহায়তা চাইতে পারে। সেই অস্ত্র আফগানিস্তানে তালিবানবিরোধী শক্তিগুলির সহায়তায় অথবা পাকিস্তানের নিজস্ব সামরিক প্রয়োজনে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

    তবে আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার তুর্কিভাষী দেশগুলির স্বার্থ তুরস্কের কাছে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের সামরিক তৎপরতা এই দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। ফলে তুরস্কের পক্ষে পাকিস্তানের প্রতি সমর্থন দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক স্বার্থের বিষয়টি বিবেচনা করা জরুরি হয়ে উঠতে পারে।

    ভূরাজনৈতিক সমীকরণে নয়া সম্ভাবনা

    সব মিলিয়ে জয়শঙ্করের আজারবাইজান সফর দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্বব্যবস্থার পরিবর্তনশীল পরিস্থিতিতে দক্ষিণ ককেশাস, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ ও সহযোগিতার গুরুত্ব ক্রমশ বাড়ছে। আজারবাইজানও আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মধ্যশক্তি হিসেবে উঠে আসছে।

    আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে আজারবাইজানের দায়িত্বও বাড়ছে (Azerbaijan)। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করা দুই দেশের পক্ষেই লাভজনক হতে পারে। কূটনৈতিক সম্পর্কের (S Jaishankar) পাশাপাশি বাণিজ্য, পরিবহণ, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বাড়লে ভবিষ্যতে ভারত-আজারবাইজান অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞ।

     

LinkedIn
Share