Tag: Chandranath Rath WB Election 2026

  • Suvendu Adhikari: “মমতাকে হারানোর বদলা নিল তৃণমূল”, কেঁদে কেঁদে বললেন চন্দ্রনাথের মা

    Suvendu Adhikari: “মমতাকে হারানোর বদলা নিল তৃণমূল”, কেঁদে কেঁদে বললেন চন্দ্রনাথের মা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র থেকে বায়ুসেনায় চাকরি, সেখান থেকে দাপুটে রাজনীতিবিদের ছায়াসঙ্গী— চন্দ্রনাথের (Chandranath Rath) এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিজন ও প্রতিবেশীরা। ঘটনাটিকে কেন্দ্র করে যে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। বিজেপির অবশ্য দাবি এই ঘটনার পিছনে তৃণমূল দুষ্কৃতীদের একটা চক্র রয়েছে। তবে শপথ গ্রহণের আগেই এই হত্যাকাণ্ড রাজ্যরাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

    মেধাবী ছাত্র থেকে বায়ুসেনা হয়ে রাজনীতির আঙিনায়, কেমন ছিলেন চন্দ্রনাথ (Suvendu Adhikari)?

    পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ রথ ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত বিনয়ী এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী। ২০০০ সালে সসম্মানে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই যুবক ছিলেন এলাকার গর্ব। তাঁর সহপাঠী ও বাল্যবন্ধু শিবশঙ্কর দাসের স্মৃতিচারণায় উঠে এসেছে এক আদর্শবাদী তরুণের ছবি।

    • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পরীক্ষায় ছয়টি বিষয়ে লেটার মার্কস-সহ স্টার মার্কস পেয়েছিলেন চন্দ্রনাথ।
    • ব্যক্তিত্ব: বন্ধুমহলে তিনি পরিচিত ছিলেন পরোপকারী ও মিষ্টভাষী হিসেবে। কাউকেও কোনোদিন উচ্চস্বরে কিছু বলা বা কোনও বিবাদে জড়ানোর বিন্দুমাত্র ইতিহাস তাঁর ছিল না।
    • রাজনৈতিক বিবর্তন: কর্মজীবন শুরু করার পর একসময় তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে দল পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক হিসেবে কাজ শুরু করেন।

    শোকাতুর পরিবার ও প্রতিবেশীদের হাহাকার

    শুভেন্দুর পিএ (Suvendu Adhikari) চন্দ্রনাথের মৃত্যুর খবর পৌঁছানো মাত্রই চণ্ডীপুরে তাঁর গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়ে। গতকাল রাত থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন উদ্বিগ্ন গ্রামবাসী ও পরিচিতরা। পরিবারের একমাত্র ছেলের এমন মর্মান্তিক পরিণতির কথা শুনে ভেঙে পড়েছেন তাঁর মা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে চিন্তিত পরিজনেরা। প্রতিবেশীরা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তাঁকে চেনা প্রতিবেশীরা বলছেন, “এমন মার্জিত ও অমায়িক ছেলে এ তল্লাটে বিরল।” ভোটের ঠিক আগের দিনও গ্রামে এসে সবার সঙ্গে হাসিমুখে কথা বলে গিয়েছিলেন তিনি। সেই স্মৃতিই এখন গ্রামবাসীর চোখে জল এনে দিচ্ছে।

    মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের যেন শাস্তিটুকু হয়

    চন্দ্রনাথের (Chandranath Rath) মা হাসি রানী রথের অভিযোগ, সবটাই তৃণমূলের সাজানো গল্প। তিনি বলেন, “আজ আমরা ক্ষমতায় আসার পর, যখন আমাদের নেতা বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসকদের যাঁরা গরম গরম বক্তৃতা দিয়েছিল যে চার তারিখের পর কোনও বাপ রক্ষা করতে পারবে না, সেটাই করে দেখাল। আমি নতুন সরকারের কাছে আবেদন করব আমার ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের যেন শাস্তিটুকু হয়।”

    রাজনৈতিক চক্রান্তের অভিযোগ ও বিচারের দাবি

    চন্দ্রনাথের (Chandranath Rath) এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ তাঁর বন্ধু ও অনুগামীরা। শিবশঙ্কর দাসের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে চন্দ্রনাথকে। তিনি বলেন, ‘‘যিনি কোনওদিন কাউকে একটি চড় পর্যন্ত মারেননি, তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা থাকা অসম্ভব। বিজেপি করার ‘অপরাধেই’ তাঁকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’’ বর্তমানে এই ঘটনার তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব চন্দ্রনাথের গ্রাম ও রাজনৈতিক মহল।

LinkedIn
Share