Tag: Cyclone in odisha

  • Cyclone Akvan: গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণ ওড়িশায় আছড়ে পড়ার আশঙ্কা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

    Cyclone Akvan: গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণ ওড়িশায় আছড়ে পড়ার আশঙ্কা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের ওপর ফুঁসতে থাকা অতি শক্তিধর ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan) তার গতিপথ বদলে ফেলল ঘূর্ণিঝড় আকভান। এতদিন মনে করা হচ্ছিল অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে আকভান। তবে বৃহস্পতিবার তার গতিপথ দেখে আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণ ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে আকভান। সেটি নারসাপুর ও পুরীর মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। শুক্রবার দুপুরেই তা আছড়ে পড়বে স্থলভাগে। সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আকভান মুখ ঘোরানোর পর যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি হচ্ছে ওড়িশা। পুরীতে সমুদ্রের ধারে যেতে পর্যটকদের নিষেধ করা হয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার আগে অবশ্য শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও বঙ্গে দুর্যোগের আশঙ্কা বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

    কলকাতাও দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি

    বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এমনকী, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবারও। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও থাকছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলবর্তী এলাকার জন্য। সেখানে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার ও শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

    ঘূর্ণিঝড় আকভান-কে আটকাতে প্রস্তুত ওড়িশা

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে ঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। রাজ্যের ১৩টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় গড়ে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দক্ষিণ ওড়িশা এবং উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা বেশি। ঝড় মোকাবিলায় জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    প্রায় ২ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি

    ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। প্রায় ২ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় পর্যটন, নৌকাবিহার, বোটিং, জলক্রীড়া এবং সমুদ্রসৈকতে বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধারকারী দল এবং সাইক্লোন সেন্টারগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া দফতর উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২১ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জন্য যে অস্থায়ী শিবিরগুলি তৈরি করা হয়েছে সেখানে জেনারেটর ঠিকমত কাজ করছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। মজুত রাখার ব্যবস্থা হচ্ছে খাবার, পানীয় জলের। ব্যবস্থা রাখা হচ্ছে চিকিৎসার।

    ওড়িশার কোন কোন জেলায় প্রভাব

    পুরী সহ গজপতি, গঞ্জাম, খুরদা, জগতসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, নয়াগড়, জাজপুর, ঢেঙ্কানল, কেন্দুঝড় এবং ময়ূরভঞ্জ জেলায় প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকছে প্রশাসন। প্রবল ঝড় এবং অতি বৃষ্টির মুখে পড়তে পারে ওড়িশার বিস্তীর্ণ অংশ। নভেম্বর ১৯ থেকে ২১ পর্যন্ত পুরী, গজপতি, গঞ্জাম, কেন্দ্রাপাড়া, কান্ধামল এবং জগতসিংহপুরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া সমুদ্রের কাছাকাছি বসবাসকারী মানুষকে বাড়ি থেকে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খাবার ও পানীয় জল মজুত রাখবার পরামর্শও দেওয়া হয়েছে।

    ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব রেল পরিষেবাতেও

    ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব পড়তে পারে রেল পরিষেবাতেও। পূর্ব উপকূলীয় রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা মজুত রাখার প্রস্তুতি শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই বৃহস্পতিবার তিনটি ট্রেনের সময় বদল করা হয়েছে। ১৮০৪৬ নম্বর চার্লাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৩টা ৪০ মিনিটে ছাড়বে। ১২৭০৪ নম্বর সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস বিকেল ৩টা ৫৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ১৫২২৭ নম্বর এসএমভিটি বেঙ্গালুরু-মুজফফরপুর এক্সপ্রেস রাত ১২টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ৩০ মিনিটে ছাড়বে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের পরিবর্তিত সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    রাজ্যে শীতের প্রবেশ, উত্তরবঙ্গের পরিস্থিতি

    ঘূর্ণিঝড় কাটলে রাজ্যে ধীরে ধীরে প্রবেশ করতে পারে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের। রাজ্যে সাধারণত উত্তরবঙ্গে আগে শীতের প্রবেশ ঘটে । তবে এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম।

LinkedIn
Share