Tag: digital census

  • Digital Census: আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল সেন্সাস! ঘরে বসেই নাম রেজিস্টার, কোন কোন বিষয়ে প্রশ্ন থাকবে?

    Digital Census: আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল সেন্সাস! ঘরে বসেই নাম রেজিস্টার, কোন কোন বিষয়ে প্রশ্ন থাকবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার ভারতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা (Digital Census) শুরু হতে চলেছে। দেশের জনসংখ্যার তথ্য সংগ্রহের পদ্ধতিতে এক বড় পরিবর্তন আনতে চলেছে এই পদ্ধতি। আজ, ১ এপ্রিল থেকে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস ধাপের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে। এই জনগণনা দু’টি পর্যায়ে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে পরিবারের তথ্য সংগ্রহ করা হবে—যার মধ্যে থাকবে বাসস্থানের অবস্থা ও মৌলিক পরিষেবার প্রাপ্যতা। দ্বিতীয় পর্যায়, অর্থাৎ জনসংখ্যা গণনার সময়, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে।

    প্রথম পর্বে ৩৩টি প্রশ্ন

    দীর্ঘ সময় পর ভারতে হবে আদমশুমারি। এই প্রথমবার দেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সেন্সাস (Digital Census) করাবে সরকার। যেখানে বাড়ি, পেশা, শিক্ষা, জাতি সব তথ্য় দিতে হবে আপনাকে। সব মিলিয়ে প্রথম পর্বে ৩৩টি প্রশ্ন থাকবে এই ডিজিটাল সেন্সাসে। এর মধ্যে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, স্নানঘর, রান্নাঘর, এলপিজি-পিএনজি সংযোগ, ইন্টারনেট সুবিধা, বিদ্যুৎ, বাসস্থানের ধরন এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত তথ্য। সরকারের দাবি, এই তথ্য ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও জনকল্যাণমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    ডিজিটাল পদ্ধতিতে কেন

    প্রথমবারের মতো জাতিগত (কাস্ট) তথ্যও ডিজিটালভাবে নথিভুক্ত করা হবে। রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, ডিজিটাল পদ্ধতিতে যাওয়ার মূল লক্ষ্য হল নির্ভুলতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। প্রায় ৩০ লক্ষ গণনাকারী অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে উপলব্ধ মোবাইল অ্যাপ ব্যবহার করবেন। এই অ্যাপটি ১৬টি ভাষায় কাজ করতে পারে এবং ইন্টারনেট ছাড়াও ব্যবহারযোগ্য, ফলে দূরবর্তী ও গ্রামীণ এলাকাতেও এটি কার্যকর হবে।

    কীভাবে পূরণ করবেন ফর্ম

    সাধারণ মানুষ চাইলে স্ব-নিবন্ধন (self-enumeration) পোর্টালের মাধ্যমে অনলাইনেও নিজেদের তথ্য জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পর একটি ইউনিক সেলফ-এনুমারেশন আইডি দেওয়া হবে, যা যাচাইকরণের সময় কর্মকর্তাদের দেখাতে হবে। প্রথম পর্যায়ের প্রশ্নপত্রে মোট ৩৩টি প্রশ্ন থাকবে। এর মধ্যে থাকবে বাড়ির ধরন, নির্মাণ সামগ্রী, মালিকানার অবস্থা, পরিবারের সদস্যসংখ্যা, ইন্টারনেট, স্মার্টফোন, যানবাহন ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীর প্রাপ্যতা সম্পর্কিত তথ্য। । এর বাইরে গৃহস্থের ঘরে ফ্রিজ , টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন আছে কিনা তা নথিভুক্ত করতে হবে ফর্মে। স্ব-নিবন্ধনের সুযোগটি কর্মকর্তারা বাড়িতে যাওয়ার প্রায় ১৫ দিন আগে চালু হবে, যাতে মানুষ আগেভাগেই নিজেদের তথ্য জমা দিতে পারেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোনও নথির প্রয়োজন হবে না এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে।

    লিভ-ইন সম্পর্কে থাকলেও ‘বিবাহিত’

    ১৯৪৮ সালের আদমশুমারি আইন এবং ১৯৯০ সালের আদমশুমারি বিধি অনুযায়ী ২০২৭ সালে হবে জনগণনা। আর সেই জনগণনার সময় লিভ-ইন যুগলদেরও ‘বিবাহিত’ হিসেবেই গণ্য করা হবে। দেশের জনগণনা নিয়ে মানুষের একাধিক প্রশ্নের উত্তর দিতে একটি পোর্টাল চালু করেছে কেন্দ্র। সেখানেই জানানো হয়েছে এমন তথ্য। আদমশুমারির সরকারি পোর্টালে ‘ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে’ (FAQ)-এ বলা হয়েছে এই কথা। সেখানে জানানো হয়েছে, লিভ-ইন কাপল যদি নিজেদের সম্পর্ককে স্থিতিশীল বলে বর্ণনা করে তবে তাদেরকে বিবাহিত ধরা হবে।

    দুই ধাপে হবে জনগণনা

    জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। প্রথমটি চলবে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যার মধ্যে ৪৫ দিনের প্রাথমিক যে সময়কাল, তার প্রথম ১৫ দিন নিজেই সব তথ্য দেওযা যাবে পোর্টালে। প্রসঙ্গত, আদমশুমারিতে উত্তরদাতাদের তাঁদের উত্তরের সপক্ষে প্রমাণ দাখিল করার প্রয়োজন হয় না। দ্বিতীয় পর্যায়ে হবে জনগনণা। যেখানে ব্যক্তির নাম, বয়স, লিঙ্গ, শিক্ষা, পেশা, ধর্ম ও বৈবাহিক অবস্থান সম্পর্কে জানাতে হবে। এই পর্বে বাড়িতে পরিদর্শনে আসা কর্মী এবং কর্মকর্তারা পরিচয়পত্রের ভিত্তিতে কিছু তথ্য জানতে চাইবেন। যেগুলির উত্তর দেওয়া বাধ্যতামূলক। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর কোনও ভাবে ভুল দেওয়া যাবে না। নাহলে আইনি জটিলতায় পড়তে হতে পারে। ১১,৭১৮.২৪ কোটি টাকার বাজেট এবং ৬.৩৯ লক্ষেরও বেশি প্রশাসনিক ইউনিটের অংশগ্রহণে এই জনগণনা ভবিষ্যতের সরকারি নীতি ও উন্নয়ন পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    কোন-কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ

    ১ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের (India’s First Digital Census) কাজ শুরু হচ্ছে নির্দিষ্ট ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে (যেমন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিম)। এরপর পর্যায়ক্রমে বাকি রাজ্যগুলোতেও এই কাজ চলবে। সোমবার এই ঘোষণা করেছেন রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। তিনি জানান স্বাধীনতার পর এই নিয়ে অষ্টমবার এই সেন্সাস করা হবে দেশে। এই কাজ করবে ৩০ লক্ষ তথ্য দাখিলকারী। যার মধ্যে পর্যবেক্ষক ছাড়াও আধিকতারিকরা থাকবেন।

  • Census 2027: মোদি সরকারের অভিনব আদমশুমারি! জিও-ট্যাগিংয়ের আওতায় আসবে দেশের সব বাড়ি ও প্রতিষ্ঠান

    Census 2027: মোদি সরকারের অভিনব আদমশুমারি! জিও-ট্যাগিংয়ের আওতায় আসবে দেশের সব বাড়ি ও প্রতিষ্ঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৭ সালে অনুষ্ঠিত হতে চলেছে আদমশুমারি, আর এই আদমশুমারি (Census 2027) ভারতের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় তথ্য সংগ্রহ প্রকল্প হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই আদমশুমারিতে শুধুমাত্র দেশের বিপুল জনসংখ্যার গণনা করা হবে, এমনটাই নয়—এই জনগণনার সময়ে প্রত্যেকটি বাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জিও-ট্র্যাগিং (Geo Tag) করারও পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

    এতদিন ব্যবহার হত হাতে আঁকা মানচিত্র

    এই অভিনব উদ্যোগটিকে (Census 2027) ঐতিহাসিক মাইলফলকও বলা যায়। কারণ, এর মাধ্যমে সঠিক ও স্বচ্ছ তথ্য উঠে আসবে। এর আগে সাধারণভাবে হাতে আঁকা মানচিত্রের উপর নির্ভর করতে হত, এবং এগুলো ভুল ও অসঙ্গতিপূর্ণ হত। কিন্তু এবার জিও-ট্র্যাগিংয়ের ফলে সে সমস্যা আর থাকবে না। দীর্ঘদিন ধরেই ভারতে যখন আদমশুমারি হতো, তখন কর্মীরা গ্রাম ও শহরগুলিতে ঘুরে হাতে আঁকা মানচিত্র ব্যবহার করতেন। বিশেষ করে বর্তমান আমলে, যখন দ্রুত নগরায়ন ঘটছে, সেখানে উন্নয়নের গতি দেখে এই সমস্ত হাতে আঁকা মানচিত্র একেবারেই কার্যকর ছিল না।

    নির্ভুলভাবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ধারণ করে ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে

    ২০২৭ সালের মধ্যে এই পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লেআউট ম্যাপিং চালু হবে এবং জিআইএস প্রযুক্তির ব্যবহারে নির্ভুলভাবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ধারণ করে ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে। এ নিয়ে আধিকারিকরা জানিয়েছেন, নতুন এই ডিজিটাল পদ্ধতিতে (Census 2027) পূর্বের ভুল আর হবে না এবং গ্রাম ও শহরের প্রতিটি আবাসনের স্বচ্ছ রেকর্ড রাখা যাবে। এক্ষেত্রে বাড়িগুলিকে বিভিন্নভাবে ভাগ করা হবে—যেমন, যেখানে মানুষ বসবাস করেন সেগুলি আবাসিক, যেখানে কেউ থাকেন না সেগুলি অনাবাসিক, আংশিকভাবে বসবাসযোগ্য বাড়ি এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও সরকারি ভবন।

    ২০১১ সালের আদমশুমারিতে ভারতে মোট ৩৩.০৮ কোটি বাড়ি ছিল

    ২০১১ সালের আদমশুমারির সংজ্ঞা অনুযায়ী, একটি পরিবার মানে একসঙ্গে থাকা এবং একই রান্নাঘর ব্যবহার করা কয়েকজন মানুষকে বোঝানো হয়। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট ৩৩.০৮ কোটি বাড়ি ছিল। এর মধ্যে ৩০.৬১ কোটি ছিল বসবাসযোগ্য এবং বাকি ২.৪৬ কোটি বাড়ি ছিল খালি। এই পরিসংখ্যান অনুযায়ী, গ্রামীণ ভারতে বাড়ির সংখ্যা ছিল ২২.০৭ কোটি এবং শহরাঞ্চলে ছিল ১১.০১ কোটি। কিন্তু বিগত দশকে দ্রুত বেড়েছে নগরায়ন। ফলে ২০২৭ সালের আদমশুমারিতে শহরাঞ্চলে বাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। নতুন এই ব্যবস্থার ফলে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, যাতে শহর পরিকল্পনা, পরিকাঠামো এবং বিভিন্ন সরকারি কর্মসূচি সঠিকভাবে নেওয়া যায়।

    দুটি ধাপে হবে আদমশুমারি

    জানা যাচ্ছে, ২০২৭ সালের আদমশুমারি সম্পন্ন হবে দুই ধাপে। প্রথম ধাপ শুরু হবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই পর্যায়ে হাউস লিস্টিং অপারেশন (Geo Tag) চলবে। এই ধাপে যারা তথ্য সংগ্রহ করবেন, তাঁরা বিভিন্ন আবাসন, আবাসনের মালিকানা ও জিও-ট্যাগ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। দ্বিতীয় ধাপে হবে আসল জনগণনা, যেটি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসেই দেশের বেশিরভাগ অংশে অনুষ্ঠিত হবে।

LinkedIn
Share