Tag: DRDO

DRDO

  • Hypersonic Glide Missile Test: হাইপারসনিক যুগে ভারতের বড় লাফ! নতুন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    Hypersonic Glide Missile Test: হাইপারসনিক যুগে ভারতের বড় লাফ! নতুন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিতে বড়সড় সাফল্য পেল ভারত। শুক্রবার ওড়িশা উপকূলের কাছে দীর্ঘ-পাল্লার অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের (Long-Range Anti-Ship Missile বা LR-AShM) সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শীর্ষ প্রতিরক্ষা সূত্রের দাবি, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ১,৫০০ কিলোমিটার দূরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে, যা দেশের সমুদ্র প্রতিরক্ষার পরিসর আরও বাড়ানোর ক্ষেত্রে বড় মাইলফলক।

    গতি ঘণ্টায় ৬১০০ কিমি…

    প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ম্যাক ৫ (শব্দের পাঁচগুণ বা আনুমানিক ঘণ্টায় ৬১০০ কিমি)-এর বেশি গতিতে উড়তে সক্ষম। ফলে আধুনিক যুদ্ধজাহাজে থাকা ইন্টারসেপশন সিস্টেম বা প্রতিরোধী প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এই ক্ষেপণাস্ত্রে রয়েছে। পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির উন্নত টার্মিনাল গাইডেন্স সিস্টেমের নির্ভুলতাও যাচাই করা হয়েছে। উৎক্ষেপণ থেকে চূড়ান্ত আঘাত পর্যন্ত সব মিশন উদ্দেশ্য সফলভাবে পূরণ হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ছিল মিড-কোর্স ম্যানুভার এবং দীর্ঘ সময় ধরে উচ্চগতির ফ্লাইট।

    বিরাট সাফল্য ভারতের…

    ভারতীয় নৌসেনার জন্য তৈরি অ্যান্টি-শিপ মিসাইল (LR-AShM) হল একটি হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র, যা স্থির ও চলমান—দুই ধরনের লক্ষ্যবস্তুকেই নিশানা করতে পারে। এতে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাভিওনিক্স এবং উচ্চ-নির্ভুলতার সেন্সর। ক্ষেপণাস্ত্রটি আধা-ক্ষেপণাস্ত্র গতিপথ (quasi-ballistic trajectory) অনুসরণ করে এবং সর্বোচ্চ ম্যাক ১০ (শব্দের দশ গুণ) পর্যন্ত গতি অর্জন করতে পারে, যদিও গড় গতি থাকে প্রায় ম্যাক ৫। একাধিক ‘স্কিপ’ কৌশল, কম উচ্চতায় উড়ান এবং দ্রুত গতির কারণে শত্রুপক্ষের রাডারে এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন।

    হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র..

    দুই-ধাপের সলিড রকেট মোটরের সাহায্যে চালিত এই ক্ষেপণাস্ত্র প্রথমে বুস্টারের মাধ্যমে গতি অর্জন করে। এরপর প্রাথমিক ধাপ শেষে এটি পৃথক হয়ে যায় এবং দ্বিতীয় ধাপে এটি ইঞ্জিনবিহীন গ্লাইড পর্যায়ে (unpowered glide phase) প্রবেশ করে, তারপর লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই সফল পরীক্ষা ভারতের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রগতিকে আরও একবার সামনে আনল। বিশেষজ্ঞদের মতে, এর ফলে দূরপাল্লায় শত্রুর গুরুত্বপূর্ণ নৌ-সম্পদ ধ্বংস করার ক্ষেত্রে ভারতের সক্ষমতা অনেকটাই বেড়ে গেল।

    দুটি পৃথক হাইপারসনিক প্রকল্প….

    চলতি সপ্তাহের গোড়ায় জাতীয় নিরাপত্তা সম্মেলনে (National Security Summit) বক্তব্য রাখতে গিয়ে ডিআরডিও-র (DRDO) প্রধান ড. সমীর ভি কামাত জানিয়েছিলেন, ভারত বর্তমানে দুটি পৃথক হাইপারসনিক প্রকল্পে কাজ করছে— একটি হল হাইপারসনিক গ্লাইড মিসাইল (Hypersonic Glide Missile) এবং দ্বিতীয়টি হাইপারসনিক ক্রুজ মিসাইল (Hypersonic Cruise Missile)। তিনি বলেন, “হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে এয়ার ব্রদিং স্ক্র্যামজেট ইঞ্জিন (air-breathing scramjet engine) থাকে এবং পুরো উড়ানের সময় সেটি চালু থাকে। অন্যদিকে হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র বুস্টারের মাধ্যমে প্রাথমিক গতি পেয়ে পরে কোনও প্রোপালসান (ইঞ্জিন) ছাড়াই গ্লাইড করে বা বাতাসে ভেসে যায়।” কামাত আরও জানান, গ্লাইড মিসাইল প্রকল্পটি তুলনামূলকভাবে বেশি উন্নত পর্যায়ে রয়েছে। তাঁর কথায়, “গ্লাইড মিসাইলই আগে আসবে।”

    কনভেনশনাল মিসাইল ফোর্স গঠনের ভাবনা

    একই সঙ্গে তিনি একটি সম্ভাব্য কনভেনশনাল মিসাইল ফোর্স (conventional missile force) গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর মতে, স্বল্প, মধ্যম এবং প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার ব্যালিস্টিক মিসাইলের (ballistic missile) পাশাপাশি ক্রুজ মিসাইল (cruise missile) এবং হাইপারসনিক মিসাইল (hypersonic missile) সহ বহুমুখী অস্ত্রভান্ডার দরকার, যাতে বিভিন্ন কৌশলগত ব্যবহারের (tactical application) প্রয়োজন অনুযায়ী জন্য আলাদা আলাদা আঘাত হানার ক্ষমতা (strike capability) তৈরি হয়।

    “ঐতিহাসিক অর্জন” বলেছেন রাজনাথ

    উল্লেখ্য, গত কয়েক বছরে হাইপারসনিক প্রযুক্তিতে ভারত ধারাবাহিক অগ্রগতি করেছে। ২০২৪ সালের নভেম্বরে ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দীর্ঘ-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ডিআরডিও। এর আগে ২০২০ সালে হাইপারসনিক টেকনোলজি ডেমোন্সট্রেটর ভেহিক্যল (Hypersonic Technology Demonstration Vehicle বা HSTDV)-এর সফল পরীক্ষা এবং পরবর্তী স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষাও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য এনে দেয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আগেই এই ধরনের সাফল্যকে “ঐতিহাসিক অর্জন” বলে উল্লেখ করেছিলেন। তাঁর কথায়, এর মাধ্যমে ভারত বিশ্বের সেই নির্বাচিত কয়েকটি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, যাদের হাতে উন্নত হাইপারসনিক প্রযুক্তি রয়েছে।

  • PM Modi: পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, কারা কারা উপস্থিত থাকবেন?

    PM Modi: পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, কারা কারা উপস্থিত থাকবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার সঙ্কট (West Asia Conflict) নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। বুধবার বৈঠক হবে বিকেল ৫টায়। এই বৈঠকে সভাপতিত্ব করতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।

    সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের (PM Modi)

    পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এই বৈঠক (PM Modi) অনুষ্ঠিত হচ্ছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের ওপর। উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। মঙ্গলবারই প্রতিরক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি বৈঠকে সভাপতিত্ব করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান, ডিআরডিওর চেয়ারম্যান সমীর কামাত-সহ অন্যরা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (CCS) বৈঠকে পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের পরিস্থিতি এবং তার মোকাবিলায় নেওয়া প্রস্তাবিত পদক্ষেপগুলি পর্যালোচনা করেন। তিনি পরিস্থিতি মোকাবিলার জন্য মন্ত্রী ও সচিবদের একটি বিশেষ দল গঠনের নির্দেশও দেন।

    প্রধানমন্ত্রীর বক্তব্য

    পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সংসদীয় ভাষণের পর আয়োজিত হচ্ছে এই সর্বদলীয় বৈঠক। মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জ্বালানি, সরবরাহ ব্যবস্থা, সার-সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশল তৈরির জন্য সরকার সাতটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করেছে, যাতে ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের প্রভাব কমানো যায়।” সোমবার লোকসভায় তিনি বলেন, “পশ্চিম এশিয়ার সংঘাতজনিত কঠিন বৈশ্বিক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। এজন্য দেশকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে, যেমনটি কোভিড-১৯ অতিমারির সময় ছিল। পশ্চিম এশিয়ার এই সংঘাত এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে, ব্যাহত হয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজের অনায়াস যাতায়াত। ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে (PM Modi)।

    বৈঠকে থাকছেন না রাহুল

    এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় বিভিন্ন দেশে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদকে লক্ষ্য করে হামলা চালায়। যার ফলে সামুদ্রিক পথে জাহাজ চলাচল আরও বিঘ্নিত হয়। এর ভয়ঙ্কর প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর (West Asia Conflict)। এদিনের সর্বদলীয় বৈঠকে হাজির থাকবেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানান, কেরালায় একটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। প্রসঙ্গত, এর আগে কংগ্রেস প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেছিল, “সঙ্কট নিয়ে তাঁর বক্তব্য ছিল নিজের প্রশংসায় ভরা আগেভাগেই তৈরি করে দেওয়া একটি লেখা”। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “পশ্চিম এশিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রায় এক কোটি ভারতীয় সেখানে বসবাস ও কাজ করেন। তাছাড়া এই অঞ্চলের সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে বিপুল সংখ্যক ভারতীয় নাবিকও কাজ করেন (PM Modi)।”

    ঐক্যবদ্ধ ও সর্বসম্মত বার্তা দিতেই বৈঠক

    তিনি এও বলেন, “এই বিভিন্ন কারণেই ভারতের উদ্বেগ স্বাভাবিকভাবেই বেশি। তাই এই সঙ্কট নিয়ে ভারতের সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ ও সর্বসম্মত বার্তা বিশ্বে পৌঁছনো অত্যন্ত জরুরি।” ২৪ মার্চ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ মতবিনিময়ও হয়েছে তাঁদের মধ্যে। তিনি বলেন, “ভারত দ্রুত উত্তেজনা প্রশমনের এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। হরমুজ প্রণালী খোলা, নিরাপদ এবং সকলের জন্য সহজলভ্য রাখা (West Asia Conflict) অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টায় আমরা যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছি (PM Modi)।”

  • Project Kusha: প্রজেক্ট কুশ-এর পরীক্ষায় সাফল্য ডিআরডিও-র, দেশীয় ‘সুদর্শন’ নির্মাণে গুরুত্বপূর্ণ মোড়ে ভারত

    Project Kusha: প্রজেক্ট কুশ-এর পরীক্ষায় সাফল্য ডিআরডিও-র, দেশীয় ‘সুদর্শন’ নির্মাণে গুরুত্বপূর্ণ মোড়ে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সামরিক স্বনির্ভরতার পথে আরও একধাপ এগোল ভারত। দেশীয় দীর্ঘ-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্রজেক্ট কুশ’-এর (মতান্তরে ‘কুশা’) প্রথম উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এর যৌথ উদ্যোগে ডুয়াল-পালস রকেট মোটরসহ গুরুত্বপূর্ণ সাব-সিস্টেমের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ধাপটি সাধারণত যে কোনও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রযুক্তিগত বিশ্বাসযোগ্যতার ভিত্তি তৈরি করে। এই সাফল্যের ফলে প্রকল্পটি প্রাথমিক নকশা পর্যায় পেরিয়ে এখন ২০২৬ সালে সম্ভাব্য সমন্বিত ফ্লাইট পরীক্ষার দিকে এগোচ্ছে।

    এস-৪০০ ‘সুদর্শন’-এর দেশীয় বিকল্প

    ভারতের আকাশ প্রতিরক্ষা কাঠামোয় এক গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ‘প্রজেক্ট কুশ’। সরকারি ভাবে ‘এক্সটেন্ডেড রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’ (ERADS) নামে পরিচিত এই প্রকল্পের লক্ষ্য রাশিয়ার এস-৪০০ ও ভবিষ্যতের এস-৫০০ শ্রেণির সিস্টেমের দেশীয় বিকল্প গড়ে তোলা। প্রায় ২১,৭০০ কোটি টাকার এই প্রকল্প শুধু একটি প্রতিরক্ষা প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি নেটওয়ার্ক-কেন্দ্রিক এয়ার ডিফেন্স দর্শনের প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এই প্রকল্পকে অনুমোদন দিয়েছে।এই সিস্টেমের লক্ষ্য দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও শহরগুলিকে বহুস্তরীয় সুরক্ষা প্রদান করা। স্টেলথ যুদ্ধবিমান, ড্রোন থেকে শুরু করে ক্রুজ ক্ষেপণাস্ত্র—বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি মোকাবিলায় সক্ষম হবে এই ব্যবস্থা।

    মাল্টি-লেয়ারড ডিফেন্স: তিন স্তরের প্রতিরক্ষা বলয়

    ‘প্রজেক্ট কুশ’-এর মূল শক্তি এর তিন-স্তরবিশিষ্ট ইন্টারসেপ্টর আর্কিটেকচার— এম১, এম২ ও এম৩। এই স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘লেয়ার্ড ডিনায়াল’ কৌশলকে বাস্তবায়িত করে, যেখানে শত্রুপক্ষের আকাশপথে প্রবেশ ও অপারেশন ক্রমশ কঠিন হয়ে ওঠে।

    • এম১ (≈১৫০ কিমি): প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের সাব-সিস্টেম যাচাই সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই প্রথম ফ্লাইট টেস্ট হতে পারে। এটি ‘পয়েন্ট ডিফেন্স’ ও ‘এরিয়া ডিফেন্স’-এর মধ্যে ভারসাম্য তৈরি করে। ট্যাকটিক্যাল ফাইটার, স্ট্যান্ড-অফ ওয়েপন এবং লো-অবজারভেবল প্ল্যাটফর্মের বিরুদ্ধে কার্যকর।
    • এম২ (≈২৫০ কিমি): প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত প্রতিরক্ষা বলয় বিস্তৃত করে। AESA সিকার প্রযুক্তির মাধ্যমে উচ্চ নির্ভুলতা বজায় রাখে। এটি মধ্যম স্তরের প্রতিরক্ষা বলয় তৈরি করে এবং এইএসএ সিকার প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিশীল ও ইভেসিভ টার্গেট ট্র্যাকিং সক্ষমতা প্রদান করে। এই স্তরটি মূলত শত্রুপক্ষের স্ট্রাইক প্যাকেজকে ভেঙে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
    • এম৩ (৩৫০–৪০০+ কিমি): ৩৫০-৪০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সম্পদ—যেমন আর্লি ওয়ার্নিং বিমান বা রিফুয়েলার—ধ্বংস করতে সক্ষম। কৌশলগত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এটি শত্রুপক্ষের ‘হাই-ভ্যালু এয়ারবর্ন অ্যাসেট’—যেমন অ্যাওয়াক্স, এয়ার-টু-এয়ার রিফুয়েলার—এবং নির্দিষ্ট ধরনের ব্যালিস্টিক হামলাকে দূর থেকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এর মাধ্যমে শত্রুর ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ ক্ষমতা ভেঙে দেওয়া সম্ভব।

    এই তিনটি স্তরের সমন্বয়ে একটি ‘ডিফেন্স-ইন-ডেপথ’ মডেল গড়ে উঠছে, যা আধুনিক নেটওয়ার্ক-সেন্ট্রিক যুদ্ধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    প্রযুক্তিগত দিক: সেন্সর-শুটার ইন্টিগ্রেশন

    প্রজেক্ট কুশ-এর কার্যকারিতা নির্ভর করছে উন্নত সেন্সর, রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইলের মধ্যে রিয়েল-টাইম ডেটা লিঙ্কের উপর। এইএসএ রেডার (AESA Radar), উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং কিল ভেহিকলের সমন্বয় একটি ‘সেন্সর-টু-শুটার’ চেইন তৈরি করবে, যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিক্রিয়া নিশ্চিত করবে। ডুয়াল-পালস রকেট মোটরের ব্যবহার মিসাইলকে শেষ পর্যায়ে অতিরিক্ত গতি ও ম্যানুভারেবিলিটি প্রদান করে—যা হাই-স্পিড ও ইভেসিভ টার্গেট ইন্টারসেপ্টে গুরুত্বপূর্ণ।

    পরবর্তী ধাপ ও সময়সীমা

    গ্রাউন্ড ট্রায়াল সফল হওয়ার পর এখন মূল লক্ষ্য এম১ ক্ষেপণাস্ত্রের ফ্লাইট টেস্ট। এরপর ধাপে ধাপে এম২ ও এম৩-এর পরীক্ষাও হবে। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই একাধিক স্কোয়াড্রনের জন্য ‘অ্যাকসেপ্ট্যান্স অফ নেসেসিটি’ অনুমোদন দিয়েছে। প্রাথমিক ভাবে ২০২৮ সালের মধ্যে সিস্টেমের কিছু অংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ তিন-স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমা বাস্তবায়িত হলে, ভারত প্রথমবারের মতো সম্পূর্ণ দেশীয় লং-রেঞ্জ মাল্টি-লেয়ারড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক পাবে।

    কৌশলগত গুরুত্ব: ‘মিশন সুদর্শন চক্র’ ও ভবিষ্যৎ রফতানি

    ‘মিশন সুদর্শন চক্র’-এর অংশ হিসেবে প্রজেক্ট কুশ ভারতের ভবিষ্যৎ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ। ২০৩৫ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতীয় প্রতিরক্ষা জাল গড়ে তোলাই লক্ষ্য। ‘আকাশ-এনজি’ এবং ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করে এই প্রকল্প ভারতের বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাবে।
    বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু প্রতিরক্ষা শক্তি বাড়াবে না, ভবিষ্যতে ভারতের জন্য উন্নত সামরিক প্রযুক্তি রফতানির নতুন দরজাও খুলে দিতে পারে। প্রজেক্ট কুশ শুধুমাত্র একটি মিসাইল সিস্টেম নয়, এটি ভারতের প্রতিরক্ষা নীতিতে একটি মৌলিক পরিবর্তনের প্রতীক। মাল্টি-লেয়ারড, নেটওয়ার্ক-সেন্ট্রিক এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফল হলে, ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছবে—এবং বৈশ্বিক প্রতিরক্ষা মানচিত্রে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

  • India’s Pralay Missile: রেঞ্জে বাংলাদেশ, পাকিস্তান! একই লঞ্চার থেকে পর পর দু’বার ছোড়া হল প্রলয়

    India’s Pralay Missile: রেঞ্জে বাংলাদেশ, পাকিস্তান! একই লঞ্চার থেকে পর পর দু’বার ছোড়া হল প্রলয়

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা বিশ্ব যখন বর্ষবরণ উৎসবের প্রস্তুতিতে মগ্ন, তখনই দেশের সুরক্ষায় কঠোর ভারত। বছরের শেষ দিনে শত্রুদের নিজের শক্তির কথা জানিয়ে সতর্ক করল ভারত। তবে কোনও হামলা নয়, নিজের আত্মরক্ষার প্রস্তুতিতে মগ্ন দিল্লি। ওড়িশার চাঁদিপুরে গর্জে উঠল ভারত। ৩১ ডিসেম্বর ২০২৫, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও ডিআরডিও পরপর একই লঞ্চার থেকে দু’টি ‘প্রলয়’ মিসাইল (India’s Pralay Missile) উৎক্ষেপণ করল। এই প্রথম ব্যাক-টু-ব্যাক টেস্ট। আর দুই ক্ষেত্রেই সফল ভারত। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশার চাঁদিপুর উপকূলের ‘ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ’ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। বুধবারের সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডিআরডিও, ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

    পিনাকারের পরে প্রলয়

    পিনাকার পরে প্রলয়- এক সপ্তাহের মধ্যেই পরপর দুটি মিসাইল পরীক্ষায় সাফল্য পেল ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ ওড়িশা উপকূল থেকে পরীক্ষামূলকভাবে দুটি প্রলয় মিসাইলের উৎক্ষেপণ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। রুটিন পরীক্ষার অংশ হিসেবে সেই মিসাইল লঞ্চ করা হয়েছে। আর চাঁদিপুরে থাকা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ট্র্যাকিং সেনসর এবং জাহাজ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে দুটি মিসাইলই নির্দিষ্ট পথ ধরেই এগিয়ে গিয়েছে। পূরণ করেছে যাবতীয় মাপকাঠি।

    প্রলয় মিসাইলের রেঞ্জ

    প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্রগুলি উড়ন্ত অবস্থায় অভিমুখ বদলাতেও পারে। ২০২২ সালে ভারতীয় সেনার অস্ত্রাগারে প্রথম শামিল হয়েছিল প্রলয়। তার পর থেকে সেটি উন্নত করার কাজ করছে ডিআরডিও। ৩৫০ থেকে ৭০০ এবং ৫০০ থেকে হাজার কেজির উচ্চ শক্তির বিস্ফোরক ব্যবহার করে প্রলয়। শত্রুপক্ষের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে প্রলয়। ভারতীয় সেনার পাশাপাশি বায়ুসেনাও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে।

    সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি প্রলয়

    সম্পূর্ণ দেশীয় সরঞ্জাম এবং পদ্ধতিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। ২০২০ সালে পূর্ব লাদাখে চিনা ফৌজের আগ্রাসন এবং গালওয়ান উপত্যকায় রক্তাক্ত সংঘর্ষের পরে এলএসি-তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সক্রিয় হয়েছিল ভারতীয় সেনা। সেই প্রক্রিয়া অনুসরণ করে ২০২২ সালে পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে প্রলয়।

    প্রলয় কেন আলাদা

    প্রলয় কেবল কোনও সাধারণ মিসাইল নয়, এটি একটি আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো এটি নির্দিষ্ট পথে চলে না। ওড়ার সময় এটি নিজের গতিপথ বদলে ফেলতে পারে। ফলে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স একে ট্র্যাক করতে গিয়ে খেই হারিয়ে ফেলবে। ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পাল্লার এই মিসাইলটি মোবাইল লঞ্চার থেকে যে কোনও সময় ছোড়া সম্ভব।

    রণক্ষেত্রের গেম-চেঞ্জার

    প্রলয়ের আসল শক্তি লুকিয়ে আছে এর ওয়ারহেডে। পিএফ ওয়ারহেড: একটি ৭০০ কেজির ওয়ারহেডে থাকে ৮৩ হাজার ৫০০টি টাংস্টেনের টুকরো। বিস্ফোরণের পর ১০০ মিটার এলাকা কার্যত গুঁড়িয়ে দেয় এই মিসাইল। রানওয়ে ধ্বংস: এর আরডিপিএস প্রযুক্তি মাত্র কয়েক সেকেন্ডে শত্রু বিমানঘাঁটির রানওয়েতে বড় বড় গর্ত তৈরি করে দিতে পারে। ফলে যুদ্ধবিমান সেখানে থাকলেও তা ওড়ার সুযোগই পাবে না।

    সতর্ক পাকিস্তান-বাংলাদেশ

    প্রলয় মিসাইলের সেই পরীক্ষামূলক উৎক্ষেপণের দিনদুয়েক আগেই ওড়িশার উপকূল থেকে পিনাকা দূরপাল্লার মিসাইলের পরীক্ষা করা হয়। এই মিসাইলের এটি প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই মিসাইল। এই পিনাকা গাইডেড রকেটটির সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ ভারতের উত্তরপূর্ব সীমান্ত থেকে ঢাকা থেকে চট্টগ্রামের মতো শহর অনায়াসে সেই মিসাইলের রেঞ্জে চলে আসতে পারে। এছাড়াও বাংলাদেশের খুলনা, রাজশাহির মতো যে কোনও বড় শহরই এই মিসাইলের রেঞ্জে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর প্রলয়ের রেঞ্জেও বাংলাদেশ থাকবে। যেমন কলকাতা থেকে ঢাকার দূরত্ব মেরেকেটে ৩৫০ কিমি। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, ভারতের এমন অনেক মিসাইল আছে, যেগুলির রেঞ্জে আছে বাংলাদেশ। ব্রহ্মোস মিসাইলের তো রেঞ্জে আছে পাকিস্তানও। গত অক্টোবরেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তো বলেছিলেন, ‘দেশ আত্মবিশ্বাসী যে আমাদের প্রতিপক্ষরা আর কোনওভাবেই ব্রহ্মোসের গ্রাস থেকে পালাতে পারবে না। পাকিস্তানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রহ্মোসের নাগালের মধ্যে আছে।’ সামরিক বিশেষজ্ঞদের মতে, এই জোড়া উৎক্ষেপণ নিছক পরীক্ষা নয়। পূর্ব এবং পশ্চিম—দুই সীমান্তের প্রতিবেশীদের জন্যই এটি কড়া বার্তা। ভারতের কৌশলগত লক্ষ্য এখন পরিষ্কার, যুদ্ধের শুরুতেই শত্রুর তেল ভাণ্ডার এবং সেনা ছাউনি ধ্বংস করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া।

  • Delhi: সুরক্ষিত দিল্লির আকাশ! দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক দুই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে পাহারায় ডিআরডিও

    Delhi: সুরক্ষিত দিল্লির আকাশ! দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক দুই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে পাহারায় ডিআরডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির আকাশকে আরও সুরক্ষিত করতে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। দিল্লি ও দিল্লি এনসিআরকে আকাশ হামলা থেকে বাঁচাতে রাজধানীতে মোতায়েন করা হচ্ছে ইন্ট্রিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন্স সিস্টেম (IADWS)। মূলত ড্রোন হামলা থেকে রাজধানীকে বাঁচাতেই এই ব্যবস্থা। অপারেশন সিঁদুরের সময় একের পর ড্রোন হামলা করেছিল পাকিস্তান। অত্যন্ত দক্ষতার সঙ্গেই সেই হামলা প্রতিহত করেছিল ভারত। তার পরেও রাজধানীর জন্য নেওয়া হচ্ছে এই সাবধানতা। এই নেটওয়ার্কে দুই ধরনের দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা গোটা বিশ্বের কাছে ভারতের সক্ষমতাও আরও একবার তুলে ধরবে বলেই মনে করা হচ্ছে।

    দেশীয় প্রযুক্তির উপর জোর

    আমেরিকার কাছ থেকে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার ব্যাপারে কথাবার্তা বলছিল ভারত। আমেরিকার রাজধানী এই মিসাইল ডিফেন্স সিস্টেম দ্বারাই সুরক্ষিত থাকে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওই কথাবার্তা আপাতত থমকে রয়েছে কারণ ওই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বিপুল দাম চাইছিল আমেরিকা। তার পরই বিদেশি নির্ভরতা কাটিয়ে উঠে ভারত নিজের প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে চাইছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্যুইক রিঅ্য়াকশন সার্ফেস টু এয়ার মিসাইল (QRSAM) ও ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমে (VSHORADS) যুক্ত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এই এয়ার ডিফেন্স সিস্টেমটি চালনা করবে ভারতীয় বায়ুসেনা। এটি আটকে দেবে সুপারসনিক, সাবসনিক ক্রুজ মিসাইল থেকে শক্তিশালী সব ড্রোনের হামলাও। এই এয়ার ডিফেন্স সিস্টেম চোখের পলকে কান ধরে নিচে নামাতে পারে শত্রুর ফাইটার জেটকে। এগুলির স্ট্যাটিক লঞ্চার সম্ভবত ব্যাটারির বদলে কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই পাবে। ফলে প্রযুক্তিগত দিক থেকে এটি অন্যদের থেকে আরও কয়েকধাপ এগিয়ে রয়েছে।

    কীভাবে কাজ করবে এই এয়ার ডিফেন্স সিস্টেম

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দিল্লির উপরে তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেমে থাকবে ৩টি স্তর। একেবারে ভেতরের স্তরে থাকবে ৬ কিলোমিটার উচ্চতার উড়তে থাকা ড্রোন ও কপ্টার ধ্বংস করার মতো পরিকাঠামো। দিল্লি আয়রন ডোমের মাঝের স্তরে থাকছে এমন এক ব্যবস্থা যা ফাইটার জেট, ক্রুজ মিসাইল ও আনম্যানড ভেহিকেলস ৩০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ধ্বংস করতে পারবে। একটি সেন্সরের সাহায্য়ে দুটি স্তরের সমন্বয় বজায় থাকবে। এই অত্যাধুনিক প্রযুক্তি মাত্র তিন থেকে ৫ সেকেন্ডের মধ্যে যে কোনও আসন্ন হুমকি ধরে ফেলতে পারে। এমনকী ধরার সঙ্গে সঙ্গে পাল্টা প্রত্যাঘাতী ক্ষেপণাস্ত্রও ছুড়ে দিতে পারে। ফলে আকাশেই খতম হয়ে যাবে শত্রুর খেলা। গোটা ব্যবস্থাটাই দেখাশোনা করছে ডিআরডিও। উল্লেখ্য, ডিআরডিও ইতিমধ্য়েই তৈরি করেছে কিউআরস্যাম ও মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল (MRSAM)। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে ভারত এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চেষ্টা করছে। এই নতুন মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম চালু হলে দিল্লির আকাশসীমা আরও নিরাপদ হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

  • Agni-Prime Missile Launch: ট্রেন থেকে অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ! বিশ্বকে তাক লাগাল ভারত

    Agni-Prime Missile Launch: ট্রেন থেকে অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ! বিশ্বকে তাক লাগাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সামরিক ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত। এই প্রথমবার ট্রেন থেকে ২ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Agni-Prime Missile Launch) সফল পরীক্ষা সম্পন্ন করল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। ওড়িশার চাঁদিপুরে অবস্থিত আব্দুল কালাম দ্বীপ থেকে একটি রেল মোবাইল লঞ্চার (Rail-Based Mobile Launcher) থেকে ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ করা হয়। এর ফলে, বিশ্বের হাতে গোনা গুটিকয়েক সেই সব দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত, যাদের হাতে এই বিশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রযুক্তি রয়েছে। এই উৎক্ষেপণের ফলে ভারতের সাফল্যে মুকুটে যে আরও একটা সাফল্যের পালক জুড়ল, তা বলাই যায়।

    কী বললেন রাজনাথ সিং?

    এই সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন তিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার আরও একটি প্রক্রিয়া সফল হল। এর জন্য গোটা দেশ গর্বিত। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি লেখেন, “অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এবং ভারতীয় সেনাকে অভিনন্দন। এই সফল উৎক্ষেপণ (Agni-Prime Missile Launch) ভারতকে সেই সমস্ত নির্বাচিত দেশগুলির দলে জায়গা করে দিল, যারা মোবাইল রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম তৈরির ক্ষমতা রাখে।” রাজনাথ আরও বলেন, “আগামীদিনে কী কী পরিস্থিতি তৈরি হতে পারে সে কথা মাথায় রেখেই এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে৷ বিভিন্ন উন্নত সরঞ্জাম বা প্রযুক্তির মাধ্যমে সেভাবেই এটিকে ডিজাইন করা হয়েছে৷”

    রেল লঞ্চার সিস্টেম ঠিক কী?

    এটি এক ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণকারী ক্যানিস্টারকে (সিলিন্ডার সদৃশ যার মধ্যে বসানো থাকে ক্ষেপণাস্ত্রটি) একটি পণ্যবাহী ট্রেনের পিছনে বগির মতো জুড়ে দেওয়া হয়। কোনও ভাবেই বাইরে থেকে বোঝা সম্ভব নয় যে, এটি একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (Agni-Prime Missile Launch। দেখতে সাধারণ পণ্যবাহী ট্রেনের মতোই মনে হতে পারে। ফলে, একে রেলপথে যে কোনও জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে সেখান থেকেই উৎক্ষেপণ করা যায়। এতদিন পর্যন্ত কেবলমাত্র স্থায়ী লঞ্চপ্যাড থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা নিক্ষেপ করা সম্ভব হত। কিন্তু, এখন থেকে রেল মোবাইল লঞ্চার (Rail-Based Mobile Launcher) ব্যবস্থাও ভারতের হাতের মুঠোয় চলে এল। এর ফলে, শত্রু ঠাওর করতে পারবে না, কোথায় রয়েছে ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের নজর সহজে এড়ানো যাবে। চলতে চলতেই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা।

    অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব কী?

    অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ২০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা। এই মিসাইলের আরেকটি বিশেষত্ব হল, এটি যে কোনও স্থান থেকে নিক্ষেপ (Rail-Based Mobile Launcher) করা সম্ভব। একে দেশের যে কোনও সীমান্তে দ্রুত স্থানান্তর করা সম্ভব, কারণ এটি রেল নেটওয়ার্কের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম। ক্যানিস্টারাইজড সিস্টেমে ক্ষেপণাস্ত্রটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে এটিকে খুব সহজেই স্টোরেজ করা যেতে পারে। এছাড়া, ক্ষেপণাস্ত্রটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর রেডার ফাঁকি দেওয়া এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমের মাধ্যমে শত্রুর অবস্থানকে সঠিকভাবে নিশানা করার ক্ষমতা। অত্যাধুনিক ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম ছাড়াও এই ক্ষেপণাস্ত্রে (Agni-Prime Missile Launch) রয়েছে অপটিক্যাল জিপিএস এবং দেশীয় নাবিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি দুই ধরনের জ্বালানি ব্যবহার করে। এই মিসাইল অগ্নি-১ এবং অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের তুলনায় হালকা, আরও আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত।

  • DRDO: রুখবে আকাশ পথে হামলা! ওড়িশা উপকূলে সফল ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপনস সিস্টেমের পরীক্ষা

    DRDO: রুখবে আকাশ পথে হামলা! ওড়িশা উপকূলে সফল ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপনস সিস্টেমের পরীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার উপকূলে সফলভাবে পরীক্ষা করা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS)। এই পরীক্ষাকে (Air Defence Weapon System) দেশের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই সফল পরীক্ষার কথা জানায়। তারা জানায়, শনিবার গভীর রাত ১২টা ৩০ মিনিট নাগাদ ওড়িশার উপকূলে এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়।

    IADWS হল একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

    IADWS হল একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিভিন্ন ধরনের শত্রু বিমান ও আকাশপথে (Air Defence Weapon System) আক্রমণের হুমকি প্রতিহত করতে সক্ষম। এতে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার-নির্ভর নির্দেশিত অস্ত্র ব্যবস্থা, উন্নত রাডার, লঞ্চার, লক্ষ্য নির্ধারণ ও নির্দেশিকা ইউনিট, ক্ষেপণাস্ত্র, এবং কমান্ড-এন্ড-কন্ট্রোল ব্যবস্থা—যা সম্মিলিতভাবে একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা চক্র গড়ে তোলে (DRDO)। ‘অপারেশন সিঁদুর’-এর প্রায় সাড়ে তিন মাস পর এই প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা দেশীয় প্রযুক্তির (Air Defence Weapon System) ওপর ভারতের আত্মনির্ভরতার প্রতিফলন।

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কী বলছেন?

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও (DRDO), ভারতীয় সেনাবাহিনী এবং এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আইএডিডব্লুএস-এর সফল পরীক্ষার জন্য আমি ডিআরডিও (DRDO), ভারতীয় সেনাবাহিনী এবং এর সঙ্গে যুক্ত বাকি সকলকে অভিনন্দন জানাই। এই অনন্য পরীক্ষা আমাদের দেশের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা সক্ষমতার স্পষ্ট প্রমাণ। এই সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করবে এবং আকাশপথে শত্রু হামলার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” এই উন্নত প্রযুক্তি ভারতের আকাশপথকে (Air Defence Weapon System) আরও নিরাপদ করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Akash Prime Air Defence System: চিনের কাছে লাদাখে ১৫ হাজার ফুট উচ্চতায় সফল পরীক্ষা, এবার পাকিস্তানের হামলা রুখবে আকাশ প্রাইম

    Akash Prime Air Defence System: চিনের কাছে লাদাখে ১৫ হাজার ফুট উচ্চতায় সফল পরীক্ষা, এবার পাকিস্তানের হামলা রুখবে আকাশ প্রাইম

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুরের সময়ে জাত চিনিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়া থেকে আনা এস ৪০০ ও দেশে তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম জুটি একেবারে আটকে দেয় পাকিস্তানের ড্রোন-মিসাইলকে। এরই মধ্যে বুধবার এয়ার ডিফেন্স টেকনোলজিতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। দেশি এয়ার ডিফেন্স সিস্টেমের আরও শক্তিশালী সংস্করণ আনল ডিআরডিও। লাদাখে সফল পরীক্ষা হল ‘আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের’ (Akash Prime Air Defence System)। লাদাখের অতি উচ্চ পার্বত্য এলাকায় সম্পূর্ণ দেশীয় প্রযু্ক্তিতে তৈরি আকাশ প্রাইম ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হলো।

    প্রতিকূল পরিবেশে সফল পরীক্ষা

    হাই-অল্টিটিউডে ভারতের প্রকৌশল কী ভাবে কাজ করবে সেটা দেখার জন্যই বুধবার ট্রায়াল দেয় ভারতীয় সেনা। ১৫০০০ ফুট উচ্চতায় আর্মি এয়ার ডিফেন্স এবং ডিআরডিও-র সিনিয়র অফিসারদের উপস্থিতিতে এর সফল পরীক্ষা হয়েছে। ডিআরডিও কর্তারা জানিয়েছেন, দ্রুতবেগে ওড়া লক্ষ্যবস্তুতে ২ বার নিখুঁত আঘাত করেছে এই নয়া যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে একটি বড় অগ্রগতি। পরীক্ষার সময় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দুটি উচ্চ-গতির এয়ার টার্গেটে সরাসরি হিট করে, যা এই সিস্টেমের ব্যতিক্রমী ও নির্ভুল পারদর্শিতা দর্শায়। এই পরীক্ষা একটি বিরল পরিবেশে উচ্চ ভূখণ্ডে করা হয়। যেখানে বেসিক অপারেশনও চ্যালেঞ্জিং হতে পারত। এই পরীক্ষার সাফল্য প্রমাণ করেছে অত্যন্ত প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যেও এই সিস্টেম কাজ করতে পারবে।

    কোথায় কাজ করবে আকাশ প্রাইম

    ভারতীয় সেনার তৃতীয় ও চতুর্থ আকাশ রেজিমেন্টে ঢোকানো হবে আকাশ প্রাইম। যা দেশের সামগ্রিক বিমান প্রতিরক্ষা ঢালকে উন্নত করবে। এই এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানের জেট থেকে মিসাইল কিংবা তুরস্কের দেওয়া আধুনিক ড্রোন- সবই অকেজো করেছে। ফলে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বহু আলোচনা হয়েছে। এই আবহে ভারতের নিরাপত্তা আরও সুসংহত করতে দেশীয় প্রযুক্তির উপরেও জোর দিচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। আকাশ প্রাইম মিসাইলটিতে রয়েছে অত্যাধুনিক ‘রেডিও ফ্রিকুয়েন্সি সিকার’। এই যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুকে সহজেই খুঁজে বের করতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি। এটি অতিউচ্চতায় কম তামপাত্রায় কাজ করতে সক্ষম। পরীক্ষার সময় রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম ও টেলিমেট্রি স্টেশন-সহ পরীক্ষার জায়গায় রেঞ্জ স্টেশগুলি ক্ষেপণাস্ত্রের গতিপথ ও ফ্লাইটের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।

    কেন এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ

    লাদাখের মতো উঁচু এবং কঠিন অঞ্চলে ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পরীক্ষা করা সহজ নয়। পাতলা বাতাস এবং ঠান্ডা আবহাওয়াতেও মিসাইলটির নির্ভুল আঘাত ভারতের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ। এই সিস্টেমটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি, যা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করে। এই সিস্টেম শত্রুর দ্রুতগতির বিমান এবং ড্রোনকে বাধা দিতে সক্ষম, যা সীমান্তের নিরাপত্তার জন্য অপরিহার্য। এই পরীক্ষার পর আকাশ প্রাইম শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই সিস্টেমটি কেবল সীমান্তে নয়, দেশের অভ্যন্তরে সংবেদনশীল স্থানগুলির সুরক্ষার জন্যও ব্যবহার করা হবে। প্রতিরক্ষা কর্তারা বলছেন যে এই সিস্টেমটি ভারতের এয়ার ডিফেন্স নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে, বিশেষ করে চিন এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির হুমকির পরিপ্রেক্ষিতে।

    দেশে তৈরি অস্ত্রের উপর জোর

    ভারত ইউএভি এবং সি-ইউএএস ডোমেন সম্পর্কিত প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতা বাড়াচ্ছে। গুরুত্বপূর্ণ উপাদানগুলির জন্য আমদানি নির্ভরতা কমাতে, বুধবার প্রতিরক্ষা মন্ত্রক একটি কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করেছে। ইউএভি (UAV) এবং সি-ইউএএস (C-UAS) ডোমেনে বর্তমানে আমদানি করা গুরুত্বপূর্ণ উপাদানগুলির স্বদেশীকরণের জন্য এটি একটি বড় পদক্ষেপ। প্রদর্শনীটি নয়াদিল্লির মানেকশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (HQ IDS) এবং সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজ (CENJOWS) এর সহযোগিতায় এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল আনম্যানড এরিয়াল ভেহিকেলস (UAVs) এবং কাউন্টার-আনম্যানড এরিয়াল সিস্টেমস (C-UAS) -এ ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদানগুলির জন্য বিদেশি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স (OEMs) -এর উপর ভারতের নির্ভরতা কমানো।

  • Agni-5 Bunker Buster: মার্কিন এমওপি বনাম অগ্নি বাঙ্কার-বাস্টার, মারণশক্তির বিচারে এগিয়ে কে? অঙ্ক কষে তুলনা

    Agni-5 Bunker Buster: মার্কিন এমওপি বনাম অগ্নি বাঙ্কার-বাস্টার, মারণশক্তির বিচারে এগিয়ে কে? অঙ্ক কষে তুলনা

    সুশান্ত দাস

    মার্কিন জিবিইউ-৫৭এ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (GBU 57A MOP) নাকি ভারতের অগ্নি-৫ বাঙ্কার বাস্টার (Agni-5 Bunker Buster)— কে বেশি শক্তিশালী? কার মারণ ক্ষমতা বেশি? ভারতের সুপার-অস্ত্র কি সত্যি আমেরিকাকেও ছাপিয়ে যাবে? আবেগ নয়, একেবারে অঙ্ক দিয়ে ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হল, দুই শক্তিশালী বোমার ক্ষমতাকে (Agni-5 Bunker Buster vs GBU 57A MOP)।

    জনমানসে ‘বিবি’ নিয়ে বিরাট কৌতুহল

    যবে থেকে সংবাদমাধ্যমে খবর প্রচার হতে শুরু করেছে যে, ভারত নিজস্ব এবং সম্পূর্ণ স্বদেশীয় বিধ্বংসী বাঙ্কার বাস্টার (সংক্ষেপে ‘বিবি’ উল্লেখ করা হয়) তৈরি করছে, তখন থেকেই জনমানসে বিরাট একটা কৌতুহল তৈরি হয়েছে। কাগজ থেকে চ্যানেল, বা পোর্টাল হোক বা সোশ্যাল— সর্বত্র এই নিয়ে জোর চর্চা। শুধু তাই নয়। সদ্য ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বোমারু বিমান বি-২ থেকে নিক্ষিপ্ত বাঙ্কার বাস্টার জিবিইউ-৫৭এ বোমা নাকি ভারতের অগ্নি বাঙ্কার-বাস্টার, কোনটা বেশি শক্তিশালী তা নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু, সেই সব আলোচনা, তর্ক-বিতর্ক একটা বিষয়তেই সীমাবদ্ধ। তা হল ওজন দিয়ে তুলনা। আবার সেটাও সঠিকভাবে করা হচ্ছে না। ফলে, যুক্তির থেকে সেখানে অগ্রণী ভূমিকা নিচ্ছে আবেগ। অঙ্কের থেকে বেশি প্রাধান্য পাচ্ছে দেশপ্রেম। কিন্তু, এই দুই ভিন্ন বোমার তুল্যমূল্য বিচার করতে হলে আগে জানতে হবে কতটা বিস্ফোরক আছে? হিসেব করতে হবে বেগ। তার পর গণনা করতে হবে কতটা শক্তি উৎপন্ন করছে এই বোমাগুলি। সেই সব করে তুলনা টানা সম্ভব হবে।

    তুল্যমূল্য বিশ্লেষণ শুরুর আগে, প্রথমেই বলে রাখা দরকার, এই দুই বোমা, অর্থাৎ জিবিইউ-৫৭এ এবং অগ্নি বাঙ্কার বাস্টার— একেবারে ভিন্ন চরিত্রের। এর প্রধান কারণ হল, মার্কিন ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর আদতে একটি বোমা। অন্যদিকে, অগ্নি বাঙ্কার বাস্টার একটি মডিফায়েড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

    বোমা বনাম ক্ষেপণাস্ত্র

    প্রথমে দেখে নেওয়া যাক জিবিইউ-৫৭এ বোমা ঠিক কীভাবে কাজ করে। বোমারু বিমানে চাপিয়ে অনেক উচ্চতায় নিয়ে গিয়ে সেখান থেকে একে স্রেফ ড্রপ বা ফেলে দেওয়া হয়। অর্থাৎ, একে বিমানে বহন করে লক্ষ্যের কাছে পর্যন্ত পৌঁছে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হয়। এর পিছনে কোনও রকেট/মিসাইল ইঞ্জিন নেই। ফলে, লাগে না কোনও জ্বালানির। স্রেফ মাধ্যাকর্ষণ শক্তির ওপর ভর করে এটি মাটিতে আছড়ে পড়ে। নির্দিষ্ট লক্ষ্যে যাতে এটি পৌঁছতে পারে, তার জন্য ছোট ডানা (ফিন) এবং পিছনে প্রপেলার আছে, যা একে দিশা দেয়। ফলে, বাতাসে কার্যত ভেসে এটি দ্রুত গতিতে নামতে থাকে। ভারী হওয়ায় এটি বিপুল গতি উৎপন্ন করে, যা পড়তে পড়তে ক্রমশ বাড়তে থাকে। একটি জিবিইউ-৫৭এ বোমায় বিস্ফোরক থাকে ২,৩০০ কেজির মতো। তবে, গোটা বোমার ওজন যা নেমে আসে, তা প্রায় ১৩,৫০০ কেজির মতো।

    অন্যদিকে, এবার দেখে নেওয়া যাক ভারতের অগ্নি বাঙ্কার বাস্টার ঠিক কেমন। অগ্নি বাঙ্কার বাস্টার একটি মডিফায়েড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ভারতের অগ্নি-৫ হল পরমাণু অস্ত্রবহণে সক্ষম ভারতের সবচেয়ে শক্তিশালী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম)। এর পাল্লা ৫ হাজার কিলোমিটার। কিন্তু, ভারতের ডিআরডিও- বিজ্ঞানীরা ওই ক্ষেপণাস্ত্রে বদল ঘটিয়ে এর একটি বাঙ্কার বাস্টার ভেরিয়েন্ট তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রে দুই প্রধান বদল করা হয়েছে। এর ওয়ারহেড বা বিস্ফোরকের পরিমাণ বাড়িয়ে পাল্লা বা দূরত্ব কমানো হয়েছে। যেখানে অগ্নি-৫ আইসিবিএমের ওয়ারহেড ৩ থেকে ৪ হাজার কেজি, সেখানে অগ্নি বাঙ্কার বাস্টার সংস্করণটির ওয়ারহেডে ৭,৫০০ কেজি সাধারণ বা অপারমাণবিক বিস্ফোরক বহন করা যায়। ফলে, এর পাল্লা ৫০০০ থেকে কমে ২৫০০ করা হয়েছে।

    অগ্নি-৫ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলির ওজন (নিক্ষেপের সময়) ৫০ থেকে ৫৬ হাজার কেজি। কারণ, এতে কঠিন জ্বালানি থাকে। থাকে থ্রি-স্টেজ বা তিন-স্তরের রকেট, যা ক্ষেপণাস্ত্রটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পৌঁছে দেয়। সেখান থেকে এটি আবার প্যারাবোলিক কার্ভ বা পরাবৃত্তীয় বক্ররেখা পথ অনুসরণ করে ফিরে আসে এবং নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়ে। তবে, নিচে নামার সময় গোটা ক্ষেপণাস্ত্র থাকে না। বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে রকেটের মতো এরও স্টেজ সেপারেশন হয়। অর্থাৎ, নামার আগে স্টেজ সেপারেশন হওয়ার সময় এই ক্ষেপণাস্ত্রের মাথার (ওয়ারহেড থাকে যেখানে) অংশ বাকি অংশের থেকে আলাদা হয়ে যায়। অগ্নি সিরিজের সব সংস্করণের কার্যপদ্ধতি একই রকম। ধরে নেওয়া যেতে পারে, সাড়ে সাত হাজার বিস্ফোরক সমেত বাঙ্কার-বাস্টার সংস্করণটির ওজন সেই সময় দাঁড়াবে আনুমানিক ১০ থেকে ১২ হাজার কেজি।

    তফাত গড়ে দেয় বেগ

    এতো গেল ওজনের কথা। এবার আসা যাক, দ্বিতীয় তথা অধিক গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের বিষয়ে। তা হল বেগ। সংবাদমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বোমা যখন নেমে আসে তখন এর বেগ প্রায় মাক ৩। অর্থাৎ বাতাসে শব্দের গতির ৩ গুণ। অন্যদিকে, অগ্নি-৫ যখন নামে তখন তার বেগ দাঁড়ায় মাক ২০। অর্থাৎ, শব্দের গতির ২০ গুণ! স্পষ্ট, আছড়ে পড়ার সময় প্রবল হাইপারসনিক মোড-এ চলে যায়। আর, এই বেগই ফারাক গড়ে দেয়। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে কোনওভাবে আটকানোর ক্ষমতা নেই। এমনকী, এস-৪০০ বা তার সমগোত্রীয় ক্ষেপণাস্ত্রের পক্ষেও একে রোখা দুঃসাধ্য।

    দুটি ফ্যাক্টর— অর্থাৎ ওজন বা ভর এবং বেগ — এই দুইয়ের তুল্যমূল্য পরিসংখ্যান তো মিলল। কিন্তু, মারণক্ষমতা! সেটা পেতে ভর এবং বেগের প্রয়োজন হবে। তার আগে, এটা বুঝে নেওয়া যাক, একটি কনভেনশনাল বা অপারমাণবিক অস্ত্রের ক্ষমতা নির্ভর করে সে কতটা শক্তি উৎপন্ন করতে সক্ষম। যা আবার নির্ভর করে ভর ও বেগের সমীকরণের ওপর। কাইনেটিক এনার্জি (কেই) বা গতিশক্তির একক হচ্ছে জুল। আর এই গতিশক্তিকে ধরে বের করতে হয় মারণ ক্ষমতা। গণিতের ফর্মুলা অনুযায়ী, কোনও বস্তুর গতিশক্তি বের করতে হলে, প্রথমে বস্তুটির মাস বা ভরের অর্ধেক বের করতে হবে। সেই সংখ্যাকে বস্তুর ভেলোসিটি বা বেগের বর্গফলের সঙ্গে গুণ করতে হবে। যে সংখ্যা প্রাপ্ত হবে, সেটাই ওই বস্তুর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এখানে ভর ধরা হবে কিলোগ্রামের হিসেবে, আর বেগ মাপা হবে মিটার প্রতি সেকেন্ড হিসেবে। অর্থাৎ, গতিশক্তি = ১/২ * m * v²। এখানে, m = বস্তুর ভর, v = বস্তুর বেগ। 

    আসল তুলনা, কার শক্তি কতটা?

    প্রথমে জিবিইউ-৫৭এ এমওপি-র গতিশক্তি দেখে নেওয়া যাক। ওজন – ১৩৫০০ কেজি বা ১৩.৫ টন। বেগ – মাক ৩ বা প্রতি সেকেন্ডে ১০২৯ মিটার (বাতাসে শব্দের গতি = ৩৪৩ মিটার/সেকেন্ড। যাকে ‘মাক ১’ বলা হয়)। ফলে, এর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দাঁড়াবে: ৬৭৫০ * ১০৫৮৮৪১ = ৭১৪৭১৭৬৭৫০ জুল বা ৭.১৪ গিগাজুল। যা ১.৭ টন টিএনটির সমতুল্য। ফলে, জিবিইউ-৫৭এ এমওপি-র ইমপ্যাক্ট পাওয়ার (বিস্ফোরণের প্রতিঘাতে তৈরি হওয়া শক্তি) বা মারণ ক্ষমতা হল ৭.১ + ১৩.৫ = ২০.৬ টন টিএনটির সমতুল্য।

    এবার দেখে নেওয়া যাক, অগ্নি-৫ বাঙ্কার বাস্টারের গতিশক্তি। ওজন – ১০০০০ কেজি বা ১০ টন। বেগ – মাক ২০ বা প্রতি সেকেন্ডে ৬৮৬০ মিটার। ফলে, এর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আনুমানিক: ৫০০০ * ৪৭০৫৯৬০০ = ২৩৫২৯৮০০০০০০ জুল বা ২৩৫ গিগাজুল। যা ৫৬ টন টিএনটির সমতুল্য। ফলে, অগ্নি-৫ বাঙ্কার বাস্টারের মারণ ক্ষমতা হল ৫৬ + ১০ = ৬৬ টন টিএনটির সমতুল্য।

    তিনগুণ বেশি মারণ ক্ষমতা ভারতের অগ্নি-র

    পরিসংখ্যানে স্পষ্ট, মার্কিন এমওপি-কে একেবারে কার্যত উড়িয়ে দেবে ভারতের অগ্নি-৫ বাঙ্কার বাস্টার। আবেগ নয়, একেবারে অঙ্ক কষে বলা হচ্ছে, ভারতের অগ্নি বাঙ্কার বাস্টার মার্কিন এমওপি-র তুলনায় কতটা বেশি শক্তিশালী হতে চলেছে। যে কারণে, ডিআিডিও জোরালো দাবি, ভারতের বাঙ্কার বাস্টার মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীর পর্যন্ত শক্ত কংক্রিটের নিচে লুকানো শত্রুপক্ষের বাঙ্কার, কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা পারমাণবিক পরিকাঠামো ধ্বংস করতে সক্ষম। এখন ভারত কবে এই বাঙ্কার বাস্টারের পরীক্ষা করে, সেটাই দেখার।

  • Smart Anti Airfield Weapon: শত্রুর সীমান্তে না গিয়েই ১০০ কিমি দূরে বিমানঘাঁটি গুঁড়িয়ে দিতে পারবে ভারতের ‘স্মার্ট দেশি বোমা’

    Smart Anti Airfield Weapon: শত্রুর সীমান্তে না গিয়েই ১০০ কিমি দূরে বিমানঘাঁটি গুঁড়িয়ে দিতে পারবে ভারতের ‘স্মার্ট দেশি বোমা’

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মুকুটে যুক্ত হল প্রতিরক্ষা প্রযুক্তির আরও এক গর্বের সংযোজন। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র (Smart Anti Airfield Weapon)। এর ওজন ১২৫ কেজি। ১.৮৫ মিটার লম্বা এই গ্লাইড বোমা, ১০০ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের রানওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস করতে সক্ষম।

    বিমানঘাঁটি অচল করতে বিশেষভাবে নির্মিত

    স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্রের (SAAW) মধ্যে রয়েছে ৮০ কেজির উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন ওয়ারহেড, যা রানওয়ে, ট্যাক্সিওয়ে, বাঙ্কার এবং জ্বালানির ডিপোগুলি অচল করে দিতে পারে। এটি রকেট চালিত নয় বরং গ্লাইড করে লক্ষ্যবস্তুতে পৌঁছয়, ফলে উৎপাদন খরচ অনেক কম। এই স্মার্ট বোমাটিতে ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম (INS) ও স্যাটেলাইট সিগন্যাল (GPS ও NavIC) সংযুক্ত করা হয়েছে, যা লক্ষ্যভ্রান্তি মাত্র সাত মিটারের মধ্যে সীমাবদ্ধ রাখে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল ও ইমেজিং-ইনফ্রারেড সিকার, যার ফলে চূড়ান্ত পর্যায়ে নিশানার ভুলত্রুটি তিন মিটারের নিচে নেমে আসে।

    ঝুঁকির বাইরে থেকেই আঘাত

    এই বোমা ১০০ কিলোমিটার দূরত্ব থেকে আক্রমণ চালাতে পারে। এর ফলে যুদ্ধবিমানগুলি শত্রু অঞ্চলের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ না করে বাইরে থেকেই আঘাত হনতে পারে। কম ওজনের কারণে এটি বিভিন্ন ধরণের ভারতীয় যুদ্ধবিমানে ব্যবহার করা যায়, ওড়ার ক্ষমতাতেও কোনও প্রভাব ফেলে না। ২০১৬ সাল থেকে জাগুয়ার, মিরাজ, মিগ-২৯, এসইউ-৩০, এলসিএ তেজস, হক (Jaguar, Mirage 2000, MiG‑29, Su‑30 MKI, LCA Tejas, Hawk) সহ বিভিন্ন বিমানে এটি সফলভাবে পরীক্ষিত হয়েছে। এমনকি হ্যাল-এর ভবিষ্যতের ড্রোন যুদ্ধে ব্যবহৃত হবে এমন ক্যাটস ওয়ারিয়র (CATS Warrior) প্ল্যাটফর্মের জন্যও এটি উপযুক্ত।

    উৎপাদন ও রফতানি

    ২০১৩ সালে অনুমোদনের পর ২০২১ সালের ডিসেম্বর থেকে এর উৎপাদন শুরু হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বায়ুসেনা হাতে এর প্রথম সংস্করণ তুলে দেন। চলতি মাসেই স্যাটেলাইট-নির্ভর সংস্করণ কেনার প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা (IAF)। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন মিললেই অর্ডার চূড়ান্ত হবে। এই স্মার্ট দেশি বোমা উৎপাদনের দায়িত্বে রয়েছে ভারত ডাইনামিক্স লিমিটেড। এই অস্ত্র বিদেশে রফতানির কথাও ভাবা হচ্ছে।

LinkedIn
Share