মাধ্যম নিউজ ডেস্ক: ফরাক্কায় (Farakka) কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করুন। তৃণমূল বিধায়কের আচরণে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারী নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কমিশনকে বলেন, “তৃণমূল নেতার মন্তব্য মহা জঙ্গলরাজের পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যে এসআইআর আবহে তৃণমূল নেতাদের উত্তেজক ভাষণে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে।” একই ভাবে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিডিও অফিসে এসআইআর শুনানিতে আক্রমণ করে উন্মত্ত জনতা। কার্যত আগুন লাগিয়ে রণক্ষেত্র করে তোলে গোটা সরকারি দফতর।
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগের দাবি (Suvendu Adhikari)
বুধবার রাজ্যের ফরাক্কায় তৃণমূল নেতার বিরাট দৌরাত্ম্য দেখা গিয়েছে। তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। ওইদিন সকাল থেকে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়ক এবং তাঁর অনুগামীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল নেতা মণিরুল ইসলাম স্লোগান দেন “এসআইআর মানছি না মানব না।” এরপর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিধায়কের নেতৃত্বে ব্যাপক ভাঙচুর চলে বিডিও অফিসে। শাসক দলের বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলাকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। জ্ঞানেশ কুমারকে অনুরোধ করে বিরোধী দলনেতা বলেন, “সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্য প্রশাসনের বাধা উপেক্ষা করে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানাই। শুভেন্দু আরও বলেন, “ভয়মুক্ত ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন, না হলে গণতন্ত্রই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে।”
হিন্দুদের সব খোয়াতে হবে
একই ভাবে রাজ্যে একাধিক জায়গায় (Farakka) এসআইআর বিরোধিতার নামে তৃণমূল শাসনের দৌরাত্ম্যের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “বর্তমানে এই রাজ্যে মমতা সরকারের তোষণনীতি চরমসীমায় পৌঁছে গিয়েছে, উদ্দেশ্যে সেই ভোটব্যাঙ্ক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কুর্সি টিকিয়ে রাখতে হবে। সুতরাং এই সব জেহাদিরা রাজ্যের যেখানে যা খুশি করুক তাদের বিরুদ্ধে কোনোও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না। আসলে এই সরকারটা দ্বিতীয় বাংলাদেশ সৃষ্টি করতে চায়। রাজ্যের হিন্দুদের একত্রিত হয়ে অবিলম্বে এই সরকারটাকে শিকড় সমেত উপড়ে ফেলতে হবে, না হলে এই সব ঘটনা তো ট্রেলার মাত্র, আগামী দিনে হিন্দুদের ভিটে মাটি সব এভাবে প্রশাসনের সামনেই দখল হবে, আর হিন্দুদের সব খোয়াতে হবে। বাংলাদেশ থেকে সব হারিয়ে হিন্দুরা তাদের একমাত্র হোমল্যাণ্ড পশ্চিমবঙ্গে এসেছিলেন, এর পর তাঁদের ভাবতে হবে তাঁরা কোথায় যাবেন? তাই সময় থাকতে হিন্দুরা এই হিন্দু-বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে অবিলম্বে একত্রিত হন।”
চাকুলিয়ায় বিজেপি অফিসে আগুন ভাঙচুর!
একই ভাবে ফরাক্কার পরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিডিও অফিসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসআইআর-এর শুনানির কাজকে ঘিরে দুষ্কৃতীরা সরকারি দফতরে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। তবে বিরোধীদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সড়ককে অবরোধ করে প্রথমে বিক্ষোভ দেখানো হয়। তবে যাদের শুনানিতে ডাকা হয়েছে তারাই এই হামলার ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে চাকুলিয়া থানার আইসিকে ব্যাপক মারধর করা হয়।
আবার চাকুলিয়ার বিডিও-র করা অভিযোগ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ বিডিও দফতরে জোর করে প্রবেশের চেষ্টা করেন প্রায় ৩০০ জন। পুলিশ প্রথমে উত্তেজিত জনতাকে আটকানোর চেষ্টা করে। এরপর দফতরের ভিতরে ঢুকে বৈদ্যুতিন যন্ত্র থেকে চেয়ার-টেবিল সব ভেঙে ফেলা হয়। প্রচুর নথি নষ্ট করা হয়। অফিসের ২০ লক্ষ টাকার জিনিস ধ্বংস করে দিয়েছে বলে বিডিও নিজে জানিয়েছেন। ইতিমধ্যে ইসলামপুর জেলা পুলিশের তরফে সর্তকতা জারি করা হয়েছে।
বিভাজনের রাজনীতি মণিরুলের
তবে ফারক্কার বিধায়ক মণিরুল উস্কানি মূলক ভাষণ দিয়ে বলেন, “হিন্দুরা আমায় বলেছে, রামের নাম শুনলে বলছে আপনার কিছু লাগবেনা। আর আর রহিমের নাম শুনলে তখন চোদ্দ গুষ্ঠির খতিয়ান চাই। এই দ্বিচারিতা চলবে না। আমরা সকলে এই দেশকে স্বাধীন করেছি। যদি ফরাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে গুলি খেতে হয় এই মণিরুল ইসলাম গুলি খাবেন প্রথমে।” বারাসত থেকে বাঁকুড়া সর্বত্র এক দল এস আইআরকে ঘিরে গোলমাল করছে। তবে তৃণমূলের ছোট বড় নেতাদের কমিশন বিরোধী মন্তব্য একমাত্র দায়ী বলে দাবি করেছে বিজেপি। আগামী সময়ে কমিশন এখন কী ব্যবস্থা গ্রহণ করেন তাই এখন দেখার।


