Tag: First Metro 6 AM

  • Kolkata Metro: এ বার ভোর ৬টা থেকেই মেট্রো, রাতেও বাড়ছে পরিষেবার সময়! কলকাতার যাতায়াতে বড় স্বস্তি, বদল এই মাস থেকেই

    Kolkata Metro: এ বার ভোর ৬টা থেকেই মেট্রো, রাতেও বাড়ছে পরিষেবার সময়! কলকাতার যাতায়াতে বড় স্বস্তি, বদল এই মাস থেকেই

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে কলকাতার ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে আরও এক ধাপ এগোতে চলেছে মেট্রো পরিষেবা। অফিসগামী, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিদিনের হাজার হাজার যাত্রীর সুবিধার্থে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর (Kolkata Metro)। এবার ব্লু ও গ্রিন- দুই গুরুত্বপূর্ণ করিডরেই প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তনের সিদ্ধান্ত। তবে শুধু সময়ই নয়, বাড়ছে ট্রেনের সংখ্যাও (Metro Service Increase)। আপাতত পরীক্ষামূলকভাবে আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে এই নতুন সূচি কার্যকর হবে।

    ভোর ৬টা থেকেই প্রথম মেট্রো

    এখনও পর্যন্ত ব্লু লাইনে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম করিডরে দুই প্রান্ত থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী, সোমবার থেকে সেই সময় এগিয়ে এসে হবে ভোর ৬টা। একই পরিবর্তন হচ্ছে হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিন লাইনেও। বর্তমানে এই লাইনে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৩৯ মিনিটে। ২৭ জুলাই থেকে এখানেও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টায়।

    রাতেও বাড়ছে পরিষেবার সময় 

    শুধু সকালেই নয়, রাতেও যাত্রীদের জন্য বাড়ছে মেট্রোর সময়সীমা। বর্তমানে ব্লু লাইনে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম- দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪৪ মিনিটে। নতুন সূচিতে তা পিছিয়ে রাত ১০টা ৩০ মিনিট করা হচ্ছে। একইভাবে গ্রিন লাইনে এখন শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ৫ মিনিটে। আগামী সোমবার থেকে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ- দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

    সপ্তাহের কোন দিন কী নিয়ম?

    নতুন সময়সূচি কার্যকর থাকবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। তবে রবিবার কিছুটা আলাদা নিয়ম থাকবে। ওই দিন ব্লু ও গ্রিন- দুই লাইনেই প্রথম মেট্রো চলবে সকাল ৯টায়। তবে শেষ মেট্রোর সময় থাকবে রাত ১০টা ৩০ মিনিট।

    শুধু সময় নয়, বাড়ছে ট্রেনের সংখ্যাও (Metro Service Increase)

    যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামলাতে দুই লাইনেই পরিষেবার সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার- ২৬০ থেকে বেড়ে ২৭২টি পরিষেবা। শনিবার- ২৪৬ থেকে বেড়ে ২৫৮টি ও রবিবার- ১৫২ থেকে বেড়ে ১৫৮টি মেট্রো চলবে। পাশাপাশি, গ্রিন লাইনে সোমবার থেকে শুক্রবার চলবে ২২৮ থেকে বেড়ে ২৩৬টি মেট্রো। শনিবার- ২০৪ থেকে বেড়ে ২১২টি ও রবিবার- ১০৮ থেকে বেড়ে ১১১টি মেট্রো চলবে।

    আপাতত পরীক্ষামূলক ব্যবস্থা

    কলকাতা মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সময়সূচি প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যাত্রীদের সাড়া, যাতায়াতের চাহিদা এবং পরিষেবার কার্যকারিতা পর্যালোচনা করে পরবর্তীতে এই সময়সূচিকেই স্থায়ী করা হতে পারে। তবে পরীক্ষামূলক পর্যায় কতদিন চলবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কলকাতার জনজীবনে মেট্রো এখন শুধু একটি পরিবহণ ব্যবস্থা নয়, বরং প্রতিদিনের জীবনযাত্রার অপরিহার্য অংশ। সেই কারণেই ভোরের পরিষেবা আরও আগে শুরু হওয়া এবং রাত পর্যন্ত ট্রেন চলার সময় বাড়ানো- দুই মিলিয়ে শহরের যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। অফিসের তাড়া হোক কিংবা রাতের বাড়ি ফেরা, নতুন সূচি কলকাতার চলার গতি আরও কিছুটা বাড়িয়ে দেবে।

LinkedIn
Share