Tag: Gokul Mission

  • Cow Protection Bill: গোমাতা হত্যা করলে আর রেহাই নয়! নতুন বিলের পথে শুভেন্দু সরকার, গোশালার জন্য বড় ঘোষণা

    Cow Protection Bill: গোমাতা হত্যা করলে আর রেহাই নয়! নতুন বিলের পথে শুভেন্দু সরকার, গোশালার জন্য বড় ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে গোহত্যা সম্পূর্ণ বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। গোমাতা হত্যার বিরুদ্ধে শীঘ্রই কড়া বিল আনা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রচলিত আইন থাকা সত্ত্বেও কেউ লুকিয়ে বেআইনি কাজ চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য গোশালা, প্রতিষ্ঠান, পরিবার কিংবা ব্যক্তিবিশেষকে বছরে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছেন তিনি।

    গোহত্যা বন্ধে আসছে কড়া বিল

    মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে কোনওভাবেই গোমাতা হত্যা বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য, প্রতিটি জীবেরই স্বাভাবিক আয়ুষ্কাল রয়েছে। কিন্তু সেই যুক্তিতে বলপূর্বক হত্যাকে কোনওভাবেই সমর্থন করা যায় না। ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্টে এ বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশও এসেছে। রাজ্য সরকারের নীতিগত অবস্থানও একই।

    শুভেন্দু বলেন, “এখানে গোমাতাকে হত্যা করতে দেওয়া যাবে না। এবারে পরিষ্কার, তার যা ব্যাখ্যা করতে পারেন করবেন। এটা করতে পারবেন না।” এই বিষয়ে প্রচলিত আইনের পাশাপাশি নতুন করে আরও কঠোর বিল আনার প্রস্তুতি চলছে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বয়স্ক গরুর পরিচর্যায় বছরে ১ লক্ষ টাকা

    গোহত্যা বন্ধের পাশাপাশি বয়স্ক ও অসুস্থ গরুর রক্ষণাবেক্ষণের বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই গোপালক ও দুগ্ধপালকরা বয়স্ক এবং অসুস্থ গরুর পরিচর্যার জন্য সরকারি আর্থিক সাহায্যের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির কথা মাথায় রেখেই মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রাজ্যে ভারত সরকারের ‘গোকুল মিশন’ চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি, বয়স্ক ও অসুস্থ গরুর সেবাযত্ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাঁরা নেবেন, তাঁদের বছরে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। ব্যক্তি, পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠান— সকলেই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।

    এই আর্থিক সাহায্য কীভাবে দেওয়া হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রাণিসম্পদ বিকাশ দফতর (এআরডি) শীঘ্রই নির্দিষ্ট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রকাশ করবে। গরুর সংখ্যার ভিত্তিতে আর্থিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ, আবেদন ও সহায়তা পাওয়ার বিস্তারিত নিয়ম এসওপি প্রকাশের পরই স্পষ্ট হবে।

    বেআইনি কারবারে প্রশাসনের কড়া নজরদারি

    উৎসবের মরশুমে পশুবলি এবং বেআইনি মাংসের কারবার নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে ক্যাটল অ্যাক্ট কার্যকর রয়েছে। তাই আড়ালে থেকে কেউ আইন ভাঙার চেষ্টা করলেও প্রশাসনের নজর এড়াতে পারবে না।

    উদাহরণ হিসেবে হাওড়ার বাঁকড়ার কয়েক জনের বিরুদ্ধে হওয়া অভিযানের কথা উল্লেখ করেন তিনি। ওই ঘটনায় চারটি গাড়ি এবং ৫৫৫ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তারা এখনও জেলেই রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বারুইপুরেও একই ধরনের দু’টি ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করেছে।

    ‘লুকিয়ে করলে ধরা পড়বে, ভুগতে হবে’

    আইন অমান্যকারীদের উদ্দেশে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ১৯৫০ সালের আইন এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রশাসনের হাতে প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। এমনকী, ভেটেরিনারি সার্জনদেরও নির্দিষ্ট আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না।

    মুখ্যমন্ত্রীর কথায়, “লুকিয়ে করলে ধরা পড়বে এবং ভুগবে। আমাদের হাতে আইন রয়েছে, হাইকোর্টের নির্দেশ রয়েছে, ১৯৫০ সালের আইন রয়েছে, সবই রয়েছে। ভেটেরিনারি সার্জনের হাতেও ক্ষমতা রয়েছে। সকলকে আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে। বেআইনি কাজ কোনওভাবেই চলবে না।”

    সব মিলিয়ে, একদিকে গোহত্যা রুখতে নতুন আইনি পদক্ষেপের ঘোষণা, অন্যদিকে বয়স্ক ও অসুস্থ গরুর পরিচর্যায় আর্থিক সহায়তা— এই দুই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যে পশুসম্পদ সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইন কার্যকরের ক্ষেত্রে নতুন উদ্যোগের বার্তা দিল রাজ্য সরকার।

LinkedIn
Share