Tag: Hijab

Hijab

  • Italy: ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধের পথে মেলোনি সরকার, সংসদে পাশ আইন

    Italy: ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধের পথে মেলোনি সরকার, সংসদে পাশ আইন

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে ছাত্রীদের অধিকার রক্ষা এবং শিক্ষাক্ষেত্রে সামাজিক সংহতি জোরদার করার যুক্তিতে বড় পদক্ষেপ করল ইতালি (Italy)। দেশটির সংসদে পাশ হয়েছে এমন একটি বিতর্কিত আইন, যার ফলে স্কুলে বোরখা ও নিকাবের (Burqa Niqab) মতো মুখ ঢাকা পোশাক পরার উপর নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে। গত ২৬ নভেম্বর ইতালির সংসদের নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভায় ১৪২টি ভোট আইনটির পক্ষে পড়ে। বিপক্ষে ভোট দেন ১১২ জন সাংসদ। ভোটদানে বিরত ছিলেন চারজন।

    রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় বিল (Italy)

    এর আগে গত ২০ নভেম্বর সংসদের উচ্চকক্ষ সেনেটে বিলটি অনুমোদিত হয়েছিল। এবার রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলার স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে আইনটি। চূড়ান্ত অনুমোদনের পর ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা জানান, প্রকৃত সামাজিক সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার এই পদক্ষেপ করেছে। তাঁর কথায়, “এই বিধির মাধ্যমে আমরা ইতালির পরিবারগুলিকে বাস্তবসম্মত সমাধান দিতে চাই এবং প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের অধিকারকে আরও শক্তিশালী করতে চাই।”

    উল্লেখযোগ্য বিষয় হল, নতুন আইনে সরাসরি বোরখা বা নিকাবের নাম উল্লেখ করা হয়নি। বরং এমন কোনও পোশাক বা আবরণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে স্কুলে কোনও শিক্ষার্থীর মুখ ঢেকে যায় এবং তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হয়। তবে হিজাবের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, কারণ এতে মুখ দৃশ্যমান থাকে। চিকিৎসা বা শারীরিক স্বাস্থ্যের কারণে মুখ ঢাকার প্রয়োজন হলে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

    আইন অনুযায়ী, মুখ ঢেকে স্কুলে আসা শিক্ষার্থীদের পাঠদান এবং অন্যান্য শিক্ষামূলক কার্যকলাপে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কোনও অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী এই নিয়ম লঙ্ঘন করলে তার অভিভাবককে ২০০ থেকে ১,০০০ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ভারতীয় মুদ্রায় এই জরিমানার পরিমাণ ২০ হাজার থেকে ১ লক্ষ টাকারও বেশি।

    তবে আইনটি পাশ হওয়ার সময় সংসদে বিরোধীদের প্রতিবাদও দেখা গিয়েছে। বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ইতালিতে কাউকেই বিদেশি হিসেবে চিহ্নিত করা উচিত নয়। অন্যদিকে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এই আইনকে নারী-পুরুষের সমানাধিকার এবং সামাজিক সংহতি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে তুলে ধরেছে।

    প্রধানমন্ত্রীর বক্তব্য

    গত ২০ সেপ্টেম্বর আইনটির প্রস্তাব দেওয়ার সময় প্রধানমন্ত্রী মেলোনি বলেছিলেন, কোনও ব্যক্তি বা গোষ্ঠী তথাকথিত ঐতিহ্যের দোহাই দিয়ে কোনও তরুণীকে মুখ ঢেকে রাখতে বাধ্য করতে পারে না। তাঁর বক্তব্য ছিল, “প্রকৃত বা কথিত কোনও ঐতিহ্যের নামে দেশের কেউই সিদ্ধান্ত নিতে পারে না যে একজন তরুণীকে নিজের মুখ আড়াল করে রাখতে হবে।”

    তিনি জানান, যাঁরা ইতালিতে এসে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাঁদের ইতালীয় ভাষা শিখতে হবে, দেশের সংস্কৃতি বুঝতে হবে এবং সেখানকার আইন মেনে চলতে হবে। মেলোনির মতে, এই আইনের লক্ষ্য বিভাজন তৈরি করা নয়, বরং বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে বিদেশি নাগরিকদের সমাজের মূলস্রোতে যুক্ত করা।

    শুধু পোশাক সংক্রান্ত বিধিনিষেধ নয়, বিদেশি শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করতেও একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে নতুন আইনে। জাতীয় পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনার আওতায় বিদেশি অভিভাবকদের জন্য বিনামূল্যে ইতালীয় ভাষা শেখার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনও অভিভাবকের ভাষাগত দুর্বলতার কারণে সন্তানের পড়াশোনা ব্যাহত হলে, শ্রেণিকক্ষে তার আচরণে প্রভাব পড়লে কিংবা স্কুলের সঙ্গে করা প্রতিশ্রুতি পালনে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট স্কুলকে সেই বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে (Italy)।

    ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষের শ্রেণিগুলিতে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই, এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশনের আপত্তি সত্ত্বেও এই বিধি কার্যকর করার উদ্যোগ নিয়েছে ইতালি। বিদেশে জন্মগ্রহণকারী এবং অন্তত দু’বছর ইতালীয় প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়ে কিংবা মাধ্যমিক স্তরে তিন বছর ইতালির শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করেনি, এমন অ-নাগরিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

    শিক্ষাক্ষেত্রে আর্থিক চাপ কমানোর দিকে নজর

    শিক্ষাক্ষেত্রে আর্থিক চাপ কমানোর দিকেও নজর দিয়েছে সরকার। নতুন আইন অনুযায়ী, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই প্রকাশকদের মুদ্রিত বইয়ের মূল্যের অর্ধেক দামে তার ডিজিটাল সংস্করণ সরবরাহ করতে হবে। এর ফলে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে পড়াশোনার উপকরণ পাবে এবং পরিবারগুলির উপর বই কেনার আর্থিক চাপও কমবে বলে মনে করছে সরকার।

    প্রসঙ্গত, জনসমক্ষে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার ক্ষেত্রে ইতালি ইউরোপের প্রথম দেশ নয়। এর আগে ফ্রান্স ২০১১ সালে জনসমক্ষে বোরখা ও মুখ ঢাকা (Burqa Niqab) পর্দা নিষিদ্ধ করেছিল। ২০১৮ সালে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডেনমার্ক। ২০১৯ সালে নেদারল্যান্ডস স্কুল, হাসপাতাল এবং গণপরিবহণে মুখ ঢাকা পোশাকের উপর বিধিনিষেধ আরোপ করে। এবার ইতালির এই নতুন আইন ইউরোপে ধর্মীয় পোশাক, ব্যক্তিস্বাধীনতা, নারী অধিকার এবং অভিবাসীদের সামাজিক সংহতি নিয়ে বিতর্ককে আরও (Italy) উসকে দিল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

LinkedIn
Share