Tag: Home Ministry

Home Ministry

  • Amit Shah: সীমান্তে কড়া অ্যাকশন অমিত শাহের, ১৫ কিমির মধ্যে সব অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ

    Amit Shah: সীমান্তে কড়া অ্যাকশন অমিত শাহের, ১৫ কিমির মধ্যে সব অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবার আরও কড়া অবস্থান নিল কেন্দ্র। সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি সীমান্ত জেলায় বেআইনি আর্থিক লেনদেন, জাল আধার চক্র, মাদক পাচার, অনুপ্রবেশ এবং ভুয়ো সংস্থার বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজস্থানের বিকানেরে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিক, পাঁচ সীমান্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। এই পাঁচ জেলা হল বিকানের, জয়সলমের, বারমের, শ্রীগঙ্গানগর এবং ফলোদি।

    ১৫ কিমি সীমান্ত এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ

    বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যে, সীমান্ত থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে বেআইনিভাবে তৈরি হওয়া সমস্ত নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই ধরনের সমস্ত অবৈধ কাঠামো চিহ্নিত করে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের মতে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ নির্মাণ অনেক সময় অনুপ্রবেশ, চোরাচালান, বেআইনি আর্থিক লেনদেন এবং জঙ্গি কার্যকলাপের আড়াল হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এই ধরনের নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    ব্যাঙ্ক লেনদেন ও ভুয়ো সংস্থার উপর কড়া নজর

    স্বরাষ্ট্র মন্ত্রক সীমান্তবর্তী জেলার জেলাশাসকদের আরও বেশি ক্ষমতা ও দায়িত্ব দিয়েছে। নির্দেশ অনুযায়ী, সীমান্ত এলাকায় সমস্ত ব্যাঙ্কের আর্থিক লেনদেনের বৈধতা খতিয়ে দেখতে হবে। বিশেষ করে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলির অর্থের উৎস যাচাই, ভুয়ো সংস্থা বা শেল কোম্পানি শনাক্ত করা, মিউল অ্যাকাউন্টের সন্ধান এবং জাল আধার কার্ড চক্র ধরতে হবে প্রশাসনকে। আধিকারিকদের মতে, সীমান্তবর্তী অঞ্চলে অনেক সময় ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচার, জঙ্গি অর্থায়ন এবং আন্তর্জাতিক চোরাচালান চালানো হয়। সেই কারণেই আর্থিক নজরদারিকে এবার নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ করা হচ্ছে।

    মাদক পাচার ও অপরাধ চক্রের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

    বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলিকে মাদক পাচার ও অপরাধ চক্রের উৎস, নেটওয়ার্ক এবং কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাৎক্ষণিক অভিযান নয়, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ ফের মাথাচাড়া না দেয়, সেই লক্ষ্যে দীর্ঘমেয়াদি সমাধান তৈরির উপর জোর দিয়েছেন শাহ। তিনি বলেন, ‘‘সীমান্ত সুরক্ষা শুধু নিরাপত্তা বাহিনীর কাজ নয়, এর সঙ্গে সাধারণ মানুষ, প্রশাসন এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকেও একযোগে কাজ করতে হবে। সেই কারণে প্রতিটি সীমান্ত জেলার জন্য ‘৩৬০ ডিগ্রি সিকিউরিটি কভার’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।’’

    বিএসএফ, এনসিবি ও কর দফতরের যৌথ সমন্বয়ের উপর জোর

    অমিত শাহ সীমান্ত ব্যবস্থাপনায় বিএসএফ, সিবিডিটি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বিত পদক্ষেপের উপর বিশেষ গুরুত্ব দেন। অনুপ্রবেশ, মাদক পাচার, জমি দখল, জঙ্গি অর্থায়ন এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় যৌথ কৌশল গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম-২ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

    সীমান্তবর্তী গ্রামের উন্নয়নেও জোর দিয়েছে কেন্দ্র। বৈঠকে ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম-২’ দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য সীমান্ত গ্রামের পরিকাঠামো উন্নয়ন, প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া, অর্থনৈতিক অপরাধ রোধ এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করা। শাহ নির্দেশ দেন, সীমান্ত গ্রামের প্রতিটি পরিবার যাতে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ ১০০ শতাংশ ‘স্যাচুরেশন’ নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

    সাইবার অপরাধ রুখতে ‘১৯৩০’ হেল্পলাইনের ব্যবহার বাড়ানোর নির্দেশ

    সাইবার অপরাধ মোকাবিলাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন, জাতীয় সাইবার প্রতারণা হেল্পলাইন ‘১৯৩০’-এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। সীমান্তবর্তী এলাকায় অনলাইন প্রতারণা, ডিজিটাল আর্থিক জালিয়াতি এবং সাইবার অপরাধ রুখতে এই ব্যবস্থাকে আরও সক্রিয় করার কথা বলা হয়েছে।

    দু’মাস পর ফের পর্যালোচনা

    স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আগামী দু’মাস পর এই সমস্ত নির্দেশের অগ্রগতি নিয়ে ফের পর্যালোচনা বৈঠক করা হবে। তাই প্রতিটি জেলাকে ফলপ্রসূ ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান সীমান্ত ঘেঁষা রাজস্থানের মরু অঞ্চলে সাম্প্রতিক সময়ে মাদক পাচার, ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ এবং বেআইনি আর্থিক লেনদেনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র এবার আরও কড়া নিরাপত্তা নীতি গ্রহণ করছে।

  • Amit Shah: ‘অস্বাভাবিক জনবিন্যাসের পরিবর্তন’ যাচাই করতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা শাহের

    Amit Shah: ‘অস্বাভাবিক জনবিন্যাসের পরিবর্তন’ যাচাই করতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুপ্রবেশ এবং অন্যান্য অনির্দিষ্ট কারণের ফলে হওয়া ‘অস্বাভাবিক জনবিন্যাসের পরিবর্তন’ (Demographic Shifts) যাচাই করতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার এই ঘোষণা করেন শাহ। তিনি এই বিষয়টিকে ভারতের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, সামাজিক ভারসাম্য এবং আদিবাসী সমাজের সংরক্ষণের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

    কী লিখলেন শাহ? (Amit Shah)

    এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি জানান, গত বছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্যানেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শাহ লিখেছেন, “অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট অস্বাভাবিক জনবিন্যাসের পরিবর্তন বর্তমান ও ভবিষ্যতের জন্য যে কোনও দেশের কাছে অত্যন্ত গুরুতর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ১৫ অগাস্ট, ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ‘হাই-লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জ’-এর কথা ঘোষণা করেছিলেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার এখন এই কমিটি গঠন করেছে।”

    কমিটির সদস্য কারা?

    শাহ জানান, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর। সদস্য হিসেবে থাকবেন প্রাক্তন আইএএস অফিসার দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব, অর্থনীতিবিদ শামিকা রবি এবং জনগণনা কমিশনার। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স-গ্রেড ওয়ান বিভাগের যুগ্মসচিব এই কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করবেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই কমিটি অবৈধ অভিবাসন এবং অন্যান্য অস্বাভাবিক কারণের ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে যে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে, তার একটি বিস্তৃত মূল্যায়ন করবে। ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ভিত্তিক অস্বাভাবিক জনসংখ্যা পরিবর্তনের ধরণ বিশ্লেষণ করে এজন্য একটি পরিকল্পিত ও নির্দিষ্ট সমাধান প্রস্তাব করবে (Amit Shah)।

    সীমান্তবর্তী গ্রামে নিবিড় নজরদারি

    শাহের এই ঘোষণাটি হয়েছে এমন এক দিনে, যেদিন তিনি রাজস্থানের বিকানের জেলার বিএসএফের সাঞ্চু আউটপোস্ট পরিদর্শন করেন। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, অনুপ্রবেশ, চোরাচালান এবং ড্রোনের মাধ্যমে মাদক পাচারের মতো নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে বিএসএফের কার্যক্ষেত্র বাড়িয়েছে ৫০ কিলোমিটার পর্যন্ত (Amit Shah)। তিনি বলেন, “সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের কারণে হওয়া জনবিন্যাস পরিবর্তনের (Demographic Shifts) বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং সীমান্তবর্তী গ্রামের কার্যকলাপের ওপর নিবিড় নজরদারি চালাতে হবে।”

     

  • Nitish Kumar: স্বরাষ্ট্রমন্ত্রকের রাশ ছাড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, দায়িত্ব বর্তাল বিজেপির হাতে

    Nitish Kumar: স্বরাষ্ট্রমন্ত্রকের রাশ ছাড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, দায়িত্ব বর্তাল বিজেপির হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের রাশ এবার ছাড়তেই হল বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar)। প্রায় দু’দশক ধরে এই দফতরটি নিজের হাতে রেখেছিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ। এবার সেটাই তাঁকে ছেড়ে দিতে হল বিজেপিকে। এই দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হাতে।

    মুখ্যমন্ত্রী পদে নীতীশ (Nitish Kumar)

    সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের ফল বের হলে দেখা যায়, রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে নীতীশের দল জিতেছে ৮৫টিতে। জোট রাজনীতির ধর্ম মেনে তারা প্রার্থী দিয়েছিল ১০১টি আসনে। এনডিএর আর এক শরিক বিজেপিও প্রার্থী দিয়েছিল সম সংখ্যক কেন্দ্রে। তবে পদ্মঝুলিতে পড়ে ৮৯টি আসন। এর পরেই ফের মুখ্যমন্ত্রী পদে বসানো হয় নীতীশকে। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির সম্রাট এবং বিজয় সিনহা। বিজয়কে দেওয়া হয়েছে রাজস্ব ও খনি মন্ত্রকের দায়িত্ব। বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে কৃষি (রাম কৃপাল যাদব), অন্যান্য অনগ্রসর শ্রেণি কল্যাণ (রামা নিশাদ), দুর্যোগ ব্যবস্থাপনা (নারায়ণ প্রসাদ), শিল্প (দিলীপ জয়সওয়াল) এবং শ্রম (সঞ্জয় সিং টাইগার) দফতর। বিহারের প্রাক্তন বিজেপি সভাপতি মঙ্গল পাণ্ডেকে একই সঙ্গে দেওয়া হয়েছে দুই মন্ত্রকের দায়িত্ব – স্বাস্থ্য ও আইন।

    যেসব দফতর বিজেপির হাতে

    বিজেপিকে যে আরও কয়েকটি দফতর দেওয়া হয়েছে, সেগুলি হল, সড়ক ও আবাসন (নিতিন নবীন), এসসি ও এসটি কল্যাণ (লখেন্দ্র রৌশন), পর্যটন (অরুণ শঙ্কর প্রসাদ), আইটি ও ক্রীড়া (শ্রেয়সী সিং), মৎস্য ও প্রাণিসম্পদ (সুরেন্দ্র মেহতা) এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন (প্রমোদ কুমার)। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল জেডিইউ পেয়েছে সামাজিক কল্যাণ (মদন সাহনি), গ্রামীণ কর্ম (অশোক চৌধুরি), খাদ্য ও ভোক্তা সুরক্ষা (লেশি সিং), গ্রামীণ উন্নয়ন ও পরিবহণ (শ্রবণ কুমার), জলসম্পদ (ভিকে চৌধুরি), জ্বালানি (বিজেন্দ্র যাদব) এবং শিক্ষা (সুনীল কুমার) বিভাগ। ছোট শরিকদলগুলির হাতে তুলে দেওয়া হয়েছে ইক্ষু শিল্প ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (লোক জনশক্তি পার্টির হাতে), মাইনর ওয়াটার রিসোর্সেস (হিন্দুস্তান আওয়াম মোর্চার হাতে), এবং পঞ্চায়ত রাজ (রাষ্ট্রীয় লোক মঞ্চের হাতে) (Bihar)।

    বিজেপিই ‘দাদা’

    প্রসঙ্গত, নীতীশ কুমার (Nitish Kumar) প্রথমবার বিহারের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেন ২০০৫ সালের নভেম্বর মাসে। এর পর থেকে প্রায় সব সময়ই এই গুরুত্বপূর্ণ দফতরটি তিনি রেখেছেন নিজের হাতে। একমাত্র ব্যতিক্রম ২০১৪ সালের মে থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জেডিইউয়ের ভরাডুবির পর পদত্যাগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী হন হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতন মাঝি। ওয়াকিবহাল মহলের মতে, সেই স্বরাষ্ট্র দফতর এবার বিজেপিকে দিয়ে দেওয়াটা একটি বড় বার্তা। এই বার্তায় স্পষ্ট, যে এই দল দু’টির মধ্যে আপাতত বিজেপিই ‘দাদা’। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনেও বিজেপি এবং নীতীশের দল একসঙ্গে লড়েছিল। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল পেয়েছিল ৭৪টি আসন, আরজেডির চেয়ে মাত্র একটি কম। আর ২৮টি আসন খুইয়ে তৃতীয় স্থানে চলে গিয়েছিল জেডিইউ। তখনই গুঞ্জন শুরু হয়েছিল, বিজেপি কি এই সুযোগে মুখ্যমন্ত্রীর পদটি নীতীশের হাত থেকে কেড়ে নেবে? তা হয়নি। নীতীশ মুখ্যমন্ত্রীর পদ এবং স্বরাষ্ট্র দফতর দু’টিই রাখেন নিজের হাতে। তবে দুই উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয় বিজেপিকে (Bihar)। পাঁচ বছর পর এখন জেডিইউ ফের ঘুরে দাঁড়িয়েছে। প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয়েছে নীতীশকে (Nitish Kumar)।

    শুরু হয়ে গেল সলতে পাকানোর কাজ!

    বিহারে এনডিএ জোটের বৃহত্তর দল হল বিজেপি। তাই নীতীশের মন্ত্রিসভার প্রথম পদ্ম-প্রার্থী রয়েছেন ১৪ জন। আর জেডিইউয়ের আছে মাত্র ন’জন। বিহারের রাজনীতি সম্পর্কে যাঁরা সম্যক অবগত, তাঁরা জানেন, নীতীশ-উত্তর বিহার রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত করছে সম্রাটকে। বছর সাতান্নর এই বিজেপি নেতা বর্তমানে উপমুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, তাঁকে প্রস্তুত করতেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ দফতরের রাশ। বর্তমানে নীতীশের বয়স কমবেশি ৭৪। তাই নির্বাচনী প্রচারে বেরিয়ে শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। সেই কারণেই শুরু হয়েছে সলতে পাকানোর কাজ, যার জেরে সম্রাটের হাতে তুলে দেওয়া হল স্বরাষ্ট্র দফতরের রাশ।

    প্রসঙ্গত, বৃহস্পতিবারই পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ফের একবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ। তিনি যদি তাঁর এই () মেয়াদ পূর্ণ করতে পারেন, তাহলে আরও একটি রেকর্ড গড়বেন জেডিইউ সুপ্রিমো। তখন তিনিই হবেন ভারতের দীর্ঘতম-মেয়াদি মুখ্যমন্ত্রী, ভেঙে ফেলবেন সিকিমের পবন চামলিংয়ের রেকর্ডও (Nitish Kumar)।

  • Sonam Wangchuk: লেহ্-তে হিংসায় উসকানি দিয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, বলল কেন্দ্র

    Sonam Wangchuk: লেহ্-তে হিংসায় উসকানি দিয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, বলল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বুধবার লেহ্-তে যে হিংসাত্মক (Leh Violence) ঘটনা ঘটেছিল, তা উসকে দিয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।’ এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন হিংসায় আগুন লাগানো হয়েছে বিজেপির পার্টি অফিসে। পোড়ানো হয়েছে সিআরপিএফের গাড়ি। ভাঙচুর করা হয়েছে সরকারি সম্পত্তি। বুধবার সন্ধ্যার পরে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, ওয়াংচুক হিংসা উসকে দেন। যদিও তাঁর দাবিগুলি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির সঙ্গে যে আলোচনা চলছে, তার অবিচ্ছেদ্য অংশ ছিল।

    স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি (Sonam Wangchuk)

    স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “যেসব দাবির ভিত্তিতে ওয়াংচুক অনশন করেছিলেন, সেগুলি ইতিমধ্যেই এইচপিসি আলোচনার অংশ। বহু নেতা তাঁকে অনশন ভাঙার আহ্বান জানালেও তিনি অনশন চালিয়ে যান এবং আরব বসন্তধর্মী আন্দোলনের উল্লেখ ও নেপালে জেন জি প্রতিবাদের উদাহরণ টেনে জনগণকে বিভ্রান্ত করেন।” বিবৃতিতে এও বলা হয়েছে, “২৪ সেপ্টেম্বর সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ তাঁর উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে একদল লোক অনশন মঞ্চ থেকে বেরিয়ে এসে একটি রাজনৈতিক দলের কার্যালয় এবং লেহ্-এর সিইসি-র সরকারি কার্যালয়ে হামলা চালায়। তারা এই অফিসগুলিতে আগুন ধরিয়ে দেয়, নিরাপত্তা কর্মীদের আক্রমণ করে এবং পুলিশের গাড়িতে আগুন লাগায়। উন্মত্ত জনতা পুলিশের ওপর হামলা চালায়, যাতে ৩০ জনেরও বেশি পুলিশ এবং সিআরপিএফ কর্মী জখম হন। জনতা সরকারি সম্পত্তি ধ্বংস করতে থাকে এবং পুলিশকে আক্রমণ করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশকে গুলি চালাতে হয়, যাতে দুর্ভাগ্যবশত হতাহতের ঘটনা ঘটে।”

    উসকানিমূলক বক্তব্য

    মন্ত্রক জানিয়েছে, বিকেল ৪টের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিবৃতিতে ফের উল্লেখ করা হয়, “এটি পরিষ্কার যে, শ্রী সোনম ওয়াংচুক তাঁর উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে হিংসায় প্ররোচিত করেছিলেন (Sonam Wangchuk)।” বিবৃতিতে বলা হয়েছে, এই হিংসার ঘটনার মধ্যেই সোনাম ওয়াংচুক অনশন ভঙ্গ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনও চেষ্টা না করেই অ্যাম্বুলেন্সে করে নিজের গ্রামে ফিরে যান তিনি (Leh Violence)। মন্ত্রক আরও জানিয়েছে, “এটি সুপরিচিত যে ভারতের সরকার একই বিষয়ে লেহ্ এপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে আসছে। এ সংক্রান্ত একাধিক বৈঠক হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির আনুষ্ঠানিক চ্যানেল এবং উপকমিটির মাধ্যমে, এছাড়াও নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে অসাধারণ ফল পাওয়া গিয়েছে। লাদাখের তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করা হয়েছে। কাউন্সিলগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হয়েছে। ভুটি ও পুরগি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে। একই প্রক্রিয়ায় ১৮০০ পদে নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে (Sonam Wangchuk)।”

    বিবৃতিতে আরও বলা হয়েছে, “তবে কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি এইচপিসির অধীনে হওয়া অগ্রগতিতে সন্তুষ্ট নয় এবং তারা আলোচনার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে।” মন্ত্রক জানিয়েছে, উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির পরবর্তী বৈঠক ৬ অক্টোবর নির্ধারিত হয়েছে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর লাদাখের নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করা হয়েছে (Leh Violence)।

  • Sukanta Majumdar: সুকান্তকে কেন আটকেছিল পুলিশ? কলকাতা বিমানবন্দরের ঘটনায় কড়া পদক্ষেপ লোকসভার সচিবালয়ের

    Sukanta Majumdar: সুকান্তকে কেন আটকেছিল পুলিশ? কলকাতা বিমানবন্দরের ঘটনায় কড়া পদক্ষেপ লোকসভার সচিবালয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দিন বিমানবন্দরে কেন আটকানো হয়েছিল কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চাইল লোকসভার সচিবালয়। সেদিন ঠিক কী ঘটেছিল? এবার তা জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে রিপোর্ট তলব করবে। ১৫ দিনের মধ্যে এই নিয়ে জবাব চাওয়া হয়েছে। সুকান্ত মজুমদার রাজ্য পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেওয়ার পর এই পদক্ষেপ করেছে লোকসভার সচিবালয়। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে।

    সুকান্তর অভিযোগ

    ওম বিড়লাকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে তিনি গত ১৫ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু, বিমানবন্দরে প্রথম ব্যারিকেডেই তাঁর গাড়ি আটকান একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল। কিন্তু, একই সময়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে ৪ নম্বর ভিভিআইপি গেট দিয়ে যেতে দেওয়া হয়। কোনও বাধাই দেওয়া হয়নি। সুকান্ত চিঠিতে আরও লেখেন, তাঁকে আটকানোর কারণ জানতে চাইলে ওই পুলিশকর্মীরা জানান, বিধাননগরের পুলিশ কমিশনার ঐশ্বর্য সাগরের নির্দেশে এই কাজ করেছেন। সুকান্ত মজুমদারের অভিযোগ, এতে স্পষ্ট যে ইচ্ছাকৃতভাবে তাঁকে আটকানো হয়েছে। স্বাধিকার ভঙ্গ ও লোকসভার মর্যাদাহানির অভিযোগ করেন তিনি। এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

    শোকপ্রকাশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

    মঙ্গলবার সকালে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই শোকের সময় নিহতদের পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।’’ সেই সঙ্গে তিনি বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে অনুরোধ করেছেন, সাময়িক ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসনের সহযোগিতায় দ্রুত উদ্ধারকার্য শুরু করতে। সেই সঙ্গে রাজ্য সরকারের কাছেও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

  • Amit Shah: পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ অমিত শাহের

    Amit Shah: পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিটি রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত তাঁদের দেশে ফেরাতে মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা গিয়েছে, আজ শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন অমিত শাহ (Amit Shah)। সেখানেই তিনি জানান, রাজ্যগুলিতে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থাকেন, তবে তাঁকে শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। এক্ষেত্রে বলা দরকার, মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের এই কথোপকথনের বিষয়ে কেন্দ্র বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যমে এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

    বিশেষ অনুরোধ করা হয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও রাজস্থানকে

    সূত্রের খবর, এক্ষেত্রে বিশেষ অনুরোধ করা হয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও রাজস্থানকে। তাদের রাজ্যে কত পাকিস্তানি রয়েছে, তা চিহ্নিত করে, সকল পাকিস্তানিকে ফেরত পাঠাতে বলেছেন অমিত শাহ (Amit Shah)। পহেলগাঁওয়ে হামলার পরেই দুই দেশের মধ্যে বাড়ছে উত্তেজনা। গতকাল বৃহস্পতিবার বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “প্রত্যেকটা জঙ্গিকে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। যারা এর নেপথ্যে রয়েছে, তাদেরও ছাড়া হবে না।”

    রণংদেহী মোদি সরকার

    পাকিস্তানকে যে ছেড়ে কথা বলবে না ভারত, তা মোদি সরকারের প্রতিটি পদক্ষেপেই বোঝা যাচ্ছে। পহেলগাঁও হামলার জবাবে ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। এই আবহে এবার আরও এক ধাপ কঠোর হল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক (Amit Shah) নির্দেশ দিল রাজ্য থেকেও পাকিস্তানিদের (Pakistanis) উৎখাতের। আগামী ২ দিন অর্থাৎ ২৭ এপ্রিলের মধ্যে সকল পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে। এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্যেই বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সহযোগিতা করার কথা বলেন।

    হামলায় পাক-যোগ, বিভিন্ন দেশ প্রমাণ দিয়েছে দিল্লি

    প্রসঙ্গত, গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জনের। পর্যটকদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেই তাঁদের ওপর গুলি চালায় ইসলামিক জঙ্গিরা। ভারত এই হামলার জন্য পাকিস্তানের (Pakistanis) দিকেই আঙুল তুলেছে। নিজেদের দাবির সপক্ষে দিল্লি তথ্যপ্রমাণও দিয়েছে আমেরিকা, ইটালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিনের বিদেশি কূটনীতিকদের।

  • 5G Jammer in Jail: বন্দিদের মধ্যে মোবাইলের রমরমা! কেন্দ্রের পরামর্শে রাজ্যের জেলগুলিতে বসছে ৫জি জ্যামার

    5G Jammer in Jail: বন্দিদের মধ্যে মোবাইলের রমরমা! কেন্দ্রের পরামর্শে রাজ্যের জেলগুলিতে বসছে ৫জি জ্যামার

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্দিদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার ঠেকাতে নতুন প্রযুক্তির আধুনিক জ্যামার (5G Jammer in Jail) বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্য কারা দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের  (Home Ministry) পরামর্শে রাজ্যের জেলগুলিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি, রাজ্যের বিভিন্ন জেলে বাংলাদেশি জঙ্গিদের কার্যকলাপের সন্ধান পাওয়ার পর রাজ্যের কারা ও কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে একাধিক বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জেলের ভেতরে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ করার জন্য অত্যাধুনিক জ্যামার প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দেয়।

    কেন জ্যামার লাগানোর চিন্তা

    রাজ্যের কারা দফতর সূত্রে খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানকার জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ সম্পর্কে নির্দিষ্ট খোঁজখবর নেওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিছু বিশেষ পরামর্শ পাঠানো হয় রাজ্যের কাছে। সেই পরামর্শে বলা হয়, জেলের মোবাইল ফোনের ব্যবহার ঠেকাতে নতুন প্রযুক্তির জ্যামার (5G Jammer in Jail) বসাতে হবে। তার পরেই রাজ্যের প্রায় সব জেলে জ্যামার বসানোর প্রস্তুতি নিতে শুরু করেছে কারা দফতর। বর্তমানে জেলে যে সব জ্যামার রয়েছে, সেগুলির প্রযুক্তি টু-জি মোবাইল নেটওয়ার্ক আটকানোর জন্য। ফলে পুরোনো জ্যামারে টু-জি ফোনের নেটওয়ার্ক ‘ব্লক’ করা যায়। কিন্তু এখন ফোনে ব্যবহার করা হয় ফোর-জি এবং ফাইভ-জি নেটওয়ার্ক। ফলে জেলের জ্যামারগুলি সে ভাবে কাজে লাগছে না। সেই পরিস্থিতি সাপেক্ষেই জেলে জ্যামারের ‘প্রযুক্তিগত চরিত্র’ বদলাচ্ছে রাজ্যের কারা দফতর। 

    আরও পড়ুন: বিশ্বের আধ্যাত্মিক হৃদয় মহাকুম্ভ, প্রয়াগরাজের মহাতীর্থে মিশল ইউরোপ থেকে আমেরিকা

    কীভাবে লাগানো হবে জ্যামার

    প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের জেলগুলিতে অত্যাধুনিক জ্যামার না থাকায় বাংলাদেশি জঙ্গিরা জেলের ভিতর থেকে নানা নাশকতার ছক কষছে পশ্চিমবঙ্গে। যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। এরপরই বিষয়টি নিয়ে সচেতন হয় রাজ্য। পশ্চিমবঙ্গে মোট ৬০টি জেল রয়েছে। তবে একসঙ্গে সব জেলে জ্যামার বসানো সম্ভব নয়। তাই ধাপে ধাপে এই কাজ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রেসিডেন্সি জেল (Presidency Jail) এবং দমদম সেন্ট্রাল জেলে (Dum Dum Central Jail) ‘টাওয়ার হারমোনিয়াস কল ব্লকিং সিস্টেম’ নামের অত্যাধুনিক জ্যামার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে এটি পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হবে। পরে রাজ্যের অন্যান্য জেলেও আধুনিক জ্যামার বসানো হবে বলে জানা গিয়েছে। তবে নতুন প্রযুক্তি চালু হলে সংশ্লিষ্ট জেল এবং তার আশপাশের এলাকায় মোবাইল পরিষেবা ব‍্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই সংশ্লিষ্ট জেলের সরকারি আধিকারিক বা আশপাশের এলাকার কিছু নম্বর যাতে ‘ছাড়’ পায়, তার বন্দোবস্ত আগে থেকে রাখা হবে। তবে তা নির্দিষ্ট কিছু মোবাইল নম্বরের জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyber Crime: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ভাড়া নিয়ে’ গজিয়ে উঠেছে সাইবার প্রতারণা-চক্র, সতর্কবার্তা কেন্দ্রের

    Cyber Crime: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ভাড়া নিয়ে’ গজিয়ে উঠেছে সাইবার প্রতারণা-চক্র, সতর্কবার্তা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইবার জালিয়াতি (Cyber Crime) নিয়ে ফের দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র। অবৈধ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে নেট দুনিয়ায় প্রতারণার জাল বুনছে অপরাধীরা। কোনও পেমেন্ট গেটওয়ে ব্যবহার করার আগে ভালো করে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। কেন্দ্রের রিপোর্ট, অনলাইনে আর্থিক লেনদেনের একাধিক বেআইনি মাধ্যম চালু করেছে প্রতারকরা, তাই সেই অ্যাকাউন্টগুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত। কেন্দ্রের তরফে এই অ্যাকাউন্টগুলো চিহ্নিত করার কাজ চলছে।

    তৃতীয় কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার

    অনলাইন প্রতারণার (Cyber Crime) ক্ষেত্রে বেশিরভাগ সময়েই দেখা যায় প্রতারকরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে না। কারণ এতে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তৃতীয় কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এগুলিকে অনেকটা ভাড়ায় নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা যায়। সম্প্রতি এই ভাড়ায় নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি ‘পেমেন্ট গেটওয়ে’ তৈরি করে ফেলেছে প্রতারকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি) থেকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গুজরাট পুলিশ এবং অন্ধ্রপ্রদেশ পুলিশ সম্প্রতি দেশের একাধিক প্রান্তে হানা দিয়েছিল। সেই অভিযান চলাকালীনই এই তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। মূলত সাইবার অপরাধের জন্যই এই ধরনের বেআইনি লেনদেন মাধ্যমগুলি ব্যবহার করা হচ্ছে।  

    আরও পড়ুন: আখনুরে সেনা কনভয়ে হামলায় ব্যবহৃত স্টিল-বুলেট, পাল্টা অভিযানে খতম তিন জঙ্গি

    কোন ধরনের অ্যাকাউন্টের ব্যবহার

    ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন (Home Ministry) সেন্টারের তথ্য অনুসারে, প্রতিদিন প্রায় চার হাজারের আশপাশে এই ধরনের ভাড়া নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করছে বিভিন্ন তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে সমাজমাধ্যম ব্যবহার করেই ভাড়া নেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোঁজে প্রতারকরা। মূলত ব্যবহার হয় টেলিগ্রাম এবং ফেসবুক। কখনও ভুতুড়ে সংস্থা আবার কখনও কোনও ব্যক্তির নামে থাকা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সাধারণত বিদেশ থেকে পরিচালিত হয়। প্রতারণার কাজে ব্যবহারের জন্য এগুলিকেই আগে পছন্দ করে সাইবার জালিয়াতরা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ‘পিস পে’, ‘আরটিএক্স পে’, ‘পোকো পে’, ‘আরপি পে’-সহ এমন আরও বেশ কিছু ভুয়ো ‘পেমেন্ট গেটওয়ে’ জালিয়াতরা ব্যবহার করছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sky Marshal: বোমাতঙ্ক-ছিনতাইয়ের হুমকি! এবার বিমানেই থাকবেন কমান্ডোরা, ভাবনা এনএসজি-র

    Sky Marshal: বোমাতঙ্ক-ছিনতাইয়ের হুমকি! এবার বিমানেই থাকবেন কমান্ডোরা, ভাবনা এনএসজি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অসামরিক বিমানগুলির নিরাপত্তা বাড়াতে স্কাই মার্শাল মোতায়েন করার সিদ্ধান্ত নিল এনএসজি। যে সমস্ত অসামরিক বিমান দেশের বিভিন্ন সংবেদনশীল অঞ্চলে যায়, তাদের নিরাপত্তা বাড়াতে এই স্কাই মার্শাল বা সশস্ত্র কমান্ডোদের গোপনে মোতায়েন করা হবে। আন্তঃদেশীয় এবং আন্তর্জাতিক – উভয় রুটেই এই স্কাই মার্শালদের মোতায়েন করা হবে। সরকারি সূত্রে খবর, ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের ৫২ স্পেশাল অ্যাকশন গ্রুপ (এসএজি) থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের এর জন্য নিয়োগ করা হবে। 

    বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ

    দেশে সন্ত্রাস মোকাবিলায় ১৯৮৪ সালে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি গঠন করা হয়। তাদের ভিতর থেকেই বিশেষভাবে কাউন্টার-হাইজ্যাক মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় আরও একটি দলকে। এরা বিশেষত বিমান-সুরক্ষার দায়িত্বেই মোতায়েন থাকে। জাতীয় সুরক্ষা গার্ড (এনএসজি) ‘স্কাই মার্শাল’-এর সংখ্যা বর্তমানে ৪০। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সংখ্যা বাড়িয়ে ১১০-এরও বেশি করা হবে বলে খবর। এই কমান্ডোরা ভারতীয় বিমান সংস্থাগুলিতে বিচক্ষণতার সঙ্গে কাজ করবে, গোপন অস্ত্র এবং বিশেষ সরঞ্জাম নিয়ে এঁরা সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে যাবে। তাঁদের প্রাথমিক ভূমিকা হল হাইজ্যাকারদের বিরুদ্ধে লড়াই করা এবং সম্ভাব্য হুমকির সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। ‘স্কাই মার্শাল’-দের পরিচয় গোপন রাখা হয় এবং কেবলমাত্র ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) তাঁদের চেনেন।

    আরও পড়ুন: যত নষ্টের গোড়া ট্রুডো! নিজ্জর খুনে কানাডার প্রধানমন্ত্রীকে তুলোধনা ভারতের

    কেন স্কাই মার্শাল নিয়োগ

    সন্ত্রাসী হামলা বা অপহরণ ঠেকাতে বাণিজ্যিক বিমানে নিযুক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের স্কাই মার্শাল বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পরিচালিত হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। তারাই স্কাই মার্শালদের তৈরি করে। সারা বিশ্বে বিমান অপহরণের ঘটনা ক্রমে বাড়ছে। তাই এই বাহিনী বাড়ানোর চিন্তা করা হয়েছে। দেশের ভিতরে পশ্চিমমুখী বিমানে স্কাই মার্শালের সংখ্যা বেশি। দেশের বাইরেও বিভিন্ন রুটে স্কাই মার্শাল নিয়োগ করা হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: বিকেলের মধ্যে সিআইএসএফ-এর থাকার সমস্যা মেটাতে হবে, রাজ্যকে সুপ্রিম নির্দেশ

    Supreme Court: বিকেলের মধ্যে সিআইএসএফ-এর থাকার সমস্যা মেটাতে হবে, রাজ্যকে সুপ্রিম নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল আরজি করে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়ার ব্যবস্থা ঠিকমতো করেনি রাজ্য, এমন অভিযোগ তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবারই আরজি কর মামলার শুনানিতে, বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকারকে সিআইএসএফ জওয়ানদের জন্য থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট (Supreme Court) এদিন এও জানিয়েছে, সিআইএসএফের আরও যে সমস্ত সরঞ্জাম লাগবে তা রাত্রি ন’টার মধ্যে বাহিনীর হাতে তুলে দিতে হবে রাজ্যকে এবং রাজ্যের দুজন অফিসার এই গোটা বিষয়টি তদারকি করবেন।

    সম্প্রীতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা দাখিল করে

    সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানায় যে, সিআইএসএফের জওয়ানদের নানা অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে আরজি করে। তাঁদের থাকার ব্যবস্থা সঠিকভাবে করছে না রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এও জানায়, শীর্ষ আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের এমন আচরণ আসলে আদালত অবমাননা। আরও অভিযোগ, জওয়ানদের ন্যূনতম ব্যবস্থাটুকুও করেনি মমতার সরকার। শুধু তাই নয়, আরজি কর (RG Kar) হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় মেটাল ডিটেক্টর-এর মতো একান্ত প্রয়োজনীয় জিনিসও দেওয়া হয়নি জওয়ানদের (RG Kar)। শীর্ষ আদালতে যে হলফনামা জমা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাতে এই ঘটনাকে ‘অমার্জনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠির জবাব দেয়নি রাজ্য (RG Kar)

    প্রসঙ্গত, রাজ্যের তরফে সিআইএসএফ জওয়ানদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে কলকাতার উপকণ্ঠে এক জায়গায়। সেখান থেকে তাঁদের আরজি কর হাসপাতালে পৌঁছাতেই সময় লাগছে এক ঘণ্টা। এর ফলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিআইএসএফ (Supreme Court) কীভাবে ব্যবস্থা নিতে পারবে সে প্রশ্ন উঠছে, আর এর জন্য দায়ী করা হচ্ছে রাজ্যকে। এই বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আসার পরেই গত ২ সেপ্টেম্বর এই মর্মে মমতা সরকারকে চিঠি দেওয়া হয়, তাতে অনুরোধ জানানো হয় জওয়ানদের সমস্যার দ্রুত সমাধানের জন্য। কিন্তু অভিযোগ, রাজ্যের তরফে কোনও উত্তরই দেওয়া হয়নি। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share