Tag: HS Examination

HS Examination

  • Madhyamik Examination 2027: মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের প্রস্তাব, সপ্তম-অষ্টম শ্রেণির জন্য নতুন সংস্কৃত বই প্রকাশ পর্ষদের

    Madhyamik Examination 2027: মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের প্রস্তাব, সপ্তম-অষ্টম শ্রেণির জন্য নতুন সংস্কৃত বই প্রকাশ পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল আসতে পারে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2027) আগামী বছরের ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত আয়োজনের প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তবে এখনও কোনও পরীক্ষার সূচিই চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যসচিব।

    ২০২৭, কবে থেকে হতে পারে মাধ্যমিক পরীক্ষা

    প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রক্রিয়া ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। জনগণনার কাজে বহু শিক্ষক-শিক্ষিকাকে যুক্ত থাকতে হবে। ফলে একই সময়ে মাধ্যমিক পরীক্ষা হলে শিক্ষক সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই গত ২ নভেম্বর পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এদিন শিক্ষামন্ত্রী জানান, পর্ষদের প্রস্তাব অনুযায়ী ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হতে পারে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব অনুযায়ী ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত পরীক্ষা আয়োজনের কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই দুই পরীক্ষার প্রস্তাবিত সূচি নবান্নে পাঠানো হয়েছে। আলোচনা শেষে মুখ্যসচিবের অনুমোদন পেলেই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।

    পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই

    এদিকে, সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই প্রকাশের কথাও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। বই দুটির নাম ‘অরুণ’ ও ‘কিরণ’। মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে প্রকাশিত এই বইগুলিতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথাবার্তা ও শব্দের মাধ্যমে সংস্কৃত ভাষা শেখানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, সংস্কৃত একটি ধ্রুপদী ভাষা হলেও আধুনিক জীবনেও এই ভাষার ব্যবহার সম্ভব। সেই ভাবনা থেকেই বই দু’টি তৈরি করা হয়েছে। প্রতিটি বইয়ে সাড়ে ৪৫০টিরও বেশি ছবি রাখা হয়েছে। পাশাপাশি, ছাপার মান উন্নত করার দিকেও নজর দেওয়া হয়েছে। নতুন বই দু’টিতে শিক্ষকদের সুবিধার জন্য বিশেষ নির্দেশিকা ও প্রয়োজনীয় পরামর্শ সংযোজন করা হয়েছে। কীভাবে পড়ুয়াদের বিষয়গুলি শেখাতে হবে, সেই বিষয়ে শিক্ষকদের সাহায্য করবে এই নির্দেশিকা। এছাড়া বইয়ের মধ্যেই অনুশীলনী, প্রশ্নোত্তর ও হোমওয়ার্ক লেখার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, নতুন সংস্কৃত বই দুটিতে ভারতের সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জায়গা পেয়েছে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’।

LinkedIn
Share