মাধ্যম নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগ! বিএসএফ জওয়ানকে প্রায় পাঁচ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (BSF Jawan in Bangladesh)। দুই দেশের আধিকারিকদের মধ্যে পতাকা বৈঠকের পর অবশেষে ওই জওয়ানকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বিএসএফ। সীমান্তে ফের ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা। সূত্রের খবর, মেঘালয়ের জোয়াই সংলগ্ন সিলেট সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন এক বিএসএফ জওয়ান। এরপরই তাঁকে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)।
কীভাবে ঘটানাটি ঘটে
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েছিলেন ওই জওয়ান। সেই সময় টহলরত বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন। জানা গিয়েছে, ওই জওয়ানের কাছে একটি ওয়াকিটকি, একটি ইনসাস রাইফেল এবং একটি পাম্প-অ্যাকশন বন্দুক ছিল। তাঁকে স্থানীয় এক ব্যক্তির মোটরবাইকে চাপিয়ে নিয়ে যান বিজিবি জওয়ানরা। পরে বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্পে রাখা হয় তাঁকে। বাংলাদেশের ৪৮ নম্বর বিজিবি ব্যাটালিয়নের সিলেট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমের কাছে ওই বিএসএফ জওয়ানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবর।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় পাঁচ ঘণ্টা পর ওই জওয়ানকে বিএসএফ আধিকারিকদের হাতে তুলে দেয় BGB। এরপর তাঁকে নিরাপদে ভারতের ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সীমান্তের ওই অংশে বেড়া না থাকা এবং সীমান্ত চিহ্নিতকরণের অস্পষ্টতার কারণে ভুলবশত বাংলাদেশের দিকে চলে গিয়ে থাকতে পারেন ওই জওয়ান। তবে কীভাবে তিনি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পরিচয় এবং সীমান্ত পার হওয়ার প্রকৃত কারণও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বিএসএফ
ঘটনার পরই গোটা বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বিএসএফ। কর্তব্যরত অবস্থায় কীভাবে একজন সশস্ত্র জওয়ান সীমান্ত পেরিয়ে অন্য দেশের ভূখণ্ডে পৌঁছে গেলেন, তা তদন্ত করে দেখা হবে। উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ। আপাতত পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সীমান্তে নজরদারি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

