Tag: india beats pakistan

india beats pakistan

  • SAFF Championship 2026: ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস ভারতের! টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন ব্লু টাইগার্স

    SAFF Championship 2026: ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস ভারতের! টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন ব্লু টাইগার্স

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship 2026) ইতিহাস গড়ল ভারত। টানটান উত্তেজনার ফাইনালে ২-১ গোলে পাকিস্তানকে (India vs Pakistan) পরাজিত করে রেকর্ড দশমবারের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নিল ব্লু টাইগার্স। শুধু তাই নয়, এই প্রথম টানা তিনবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ভারতীয় ফুটবল দল। ম্যাচের ৮৮ মিনিটে সন্দীপ মান্ডির দুরন্ত হেডেই নিশ্চিত হয় ভারতের ঐতিহাসিক জয়।

    তিনটি সংস্করণে চ্যাম্পিয়ন হওয়ার নজির

    এই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি সংস্করণে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ভারত।  ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। প্রথমার্ধে ভারতের রক্ষণভাগকে একাধিকবার চাপে ফেলে তারা। ভারতীয় গোলরক্ষক অর্শ আনোয়ার শেখকে বেশ কয়েকবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। অন্যদিকে, ভারতীয় দল প্রথমার্ধে নিজেদের মধ্যে সেভাবে বোঝাপড়া তৈরি করতে পারেনি। আক্রমণে বারবার উঠলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় পাকিস্তান। বাম দিক থেকে জুনেইদ শাহের বাড়ানো নিচু ক্রস ভারতীয় ডিফেন্ডার খাইমিনথাং লুংডিমের গায়ে লেগে আলমগির গাজির কাছে পৌঁছয়। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের দুরন্ত শটে ভারতের জালে বল জড়িয়ে দেন গাজি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পাকিস্তান।

    লাল কার্ড পাকিস্তানের

    দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পরিবর্তন আনেন ভারতীয় দলের কোচ নওশাদ মুসা। বিরতির পর ম্যাকার্টন নিকসনকে মাঠে নামানো হয়। তাঁর উপস্থিতিতে ভারতের আক্রমণে গতি বাড়ে। ৫১ মিনিটে নিকসনের পাস থেকে বিষ্ণু পিভির শট পাকিস্তানের গোলরক্ষক বাটকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য সমতায় ফেরা হয়নি ভারতের এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একটি লাল কার্ড। ৫৯ মিনিটে ব্রিসন ফার্নান্ডেজের উপর জুনেইদ শাহের বিপজ্জনক ট্যাকল প্রথমে নজর এড়িয়ে গেলেও ভার পর্যালোচনার পর তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় ১০ জনে খেলতে হয় পাকিস্তানকে।

    দুরন্ত প্রত্যাবর্তন ভারতের

    এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। ৬০ মিনিটে ডান দিক থেকে খাইমিনথাং লুংডিমের ক্রস থেকে বল পান নিকসন। তাঁর শট ঠিকমতো না হলেও সামনে থাকা সুহেল আহমেদ ভাট দুরন্ত ফিনিশে বল জালে জড়িয়ে দেন। ১-১ গোলে সমতায় ফেরে ভারত। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে ব্লু টাইগার্স। একের পর এক আক্রমণ তৈরি হলেও পাকিস্তানের রক্ষণ এবং গোলরক্ষক বাটের বাধায় বারবার আটকে যায় ভারতের চেষ্টা। ৭২ মিনিটে আবদুল রাবি ও ইরফান ইয়াদওয়াদকে মাঠে নামিয়ে আক্রমণে আরও শক্তি বাড়ান কোচ মুসা। তাঁদের যুগলবন্দিতেও গোলের সুযোগ তৈরি হয়।

    পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয়

    মনে হচ্ছিল, ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৮৮ মিনিটে আবদুল রাবির নেওয়া কর্নার থেকে দুরন্ত হেড করেন সন্দীপ মান্ডি। নিচের দিকে আছড়ে পড়ে বল উঠে যায় গোলের উপরের কোণে। পাকিস্তানের গোলরক্ষক বাটের কিছুই করার ছিল না। ২-১ গোলে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি পাকিস্তান। রেফারির শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয় তুলে নিয়ে দশমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত।

  • India vs Pakistan: কোন মন্ত্রে পাকবধ? জানালেন হরমন-দীপ্তি, টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬৪ রানে হারাল ভারত

    India vs Pakistan: কোন মন্ত্রে পাকবধ? জানালেন হরমন-দীপ্তি, টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬৪ রানে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বাইশ গজে দাপট ভারতের। পুরুষ হোক বা মহিলা, একই ছবি দেখা যাচ্ছে গত কয়েক বছরে। বিশ্বক্রিকেটে ভারতের সামনে খেলতে নামলেই এক অজানা আতঙ্ক গ্রাস করে পাকিস্তানকে (India vs Pakistan)। শুরুটা ভাল করলেও যত ম্যাচ গড়ায় তত পিছিয়ে পড়ে তারা। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও (ICC Women T20I World Cup 2026) সেই ছবি দেখা গেল। ভারতের সামনে দাঁড়াতে পারল না পাকিস্তান। বার্মিংহ্যামে দাপট দেখালেন হরমনপ্রীত কৌরেরা। পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু হল তাঁদের। ব্যাট হাতে নায়ক স্মৃতি মন্ধানা ও রিচা ঘোষ। বল হাতে ৫ উইকেট নিয়ে দাপট দেখালেন দীপ্তি শর্মা।

    দুরন্ত বাংলার রিচা

    এই জয়ের রহস্য ফাঁস করেছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত ও ম্যাচের সেরা খেলোয়াড় দীপ্তি। হরমনপ্রীত দুই ক্রিকেটারকে জয়ের প্রধান কৃতিত্ব দিয়েছেন। তাঁরা হলেন স্মৃতি মন্ধানা ও দীপ্তি শর্মা। অধিনায়ক বলেন, “যখনই দরকার পড়ে, ওরা এগিয়ে আসে। দলকে জেতায়। ওদের নিয়ে বেশি কিছু বলার নেই। ওদের খেলায় আমি খুব খুশি। আশা করছি, আগামী দিনেও ওরা এ ভাবে খেলবে।” ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। দেখে মনে হচ্ছিল, এই পিচে ব্যাট করা কঠিন। পিচ ততটাও কঠিন ছিল না বলে জানিয়েছেন হরমনপ্রীত। তিনি বলেন, “পিচ ঠিকই ছিল। আমার মনে হয়, শুরুতে অকারণে বেশি চাপ নিয়ে ফেলেছিলাম। পরে আমি ও স্মৃতি জুটি বাঁধলাম। সেখান থেকে খেলায় ফিরলাম।” ভারতের রান ১৭০ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব রিচা ঘোষের। ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেন বাংলার রিচা। হরমন চান, রিচা শুরু থেকে খেলুন। কিন্তু তা সম্ভব নয়। হরমনপ্রীত বলেন, “আমি চাই রিচা প্রথম বল থেকে ব্যাট করুক। আমার হাতে ক্ষমতা থাকলে ওকে শুরুতে নামাতাম। কিন্তু এই দলে ওর নির্দিষ্ট ভূমিকা রয়েছে। সেটাই ও খুব ভাল ভাবে পালন করছে।”

    দীপ্তির আভায় উজ্জ্বল ভারত

    ভারতের জয়ের নেপথ্যে একটা বড় ভূমিকা রয়েছে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার দীপ্তি শর্মার (Deepti Sharma)। এই ম্য়াচে তিনি ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায় যোগ করেছেন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দীপ্তি ৫ উইকেট শিকার করেন। ভারতীয় টি-২০ ক্রিকেট ইতিহাসে এটাই সর্বকালের সেরা পরিসংখ্যান। কোন মন্ত্রে এই সাফল্য! ম্য়াচ শেষ হতেই ফাঁস করলেন সিক্রেট। টিম ইন্ডিয়ার ম্য়াজিশিয়ান বললেন, একটি ছোট্ট পরিবর্তন করেই সফল হয়েছেন তিনি। দীপ্তি বলেন, “আমি এই ধরনের পিচে বল করতে ভালবাসি। বলের গতি কিছুটা কম রাখছিলাম। উইকেট লক্ষ্য করে বল করছিলাম। বাকিটা পিচ করে দিয়েছে।” যে ভাবে সমর্থকেরা তাঁদের উৎসাহ দিয়েছেন সে কথাও জানিয়েছেন হনুমানজির ভক্ত দীপ্তি। পাশাপাশি স্মৃতি ও হরমনপ্রীতের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি।

LinkedIn
Share