মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফের বড় দায়িত্ব ভারতের (Cricket in India) কাঁধে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত। ইন্দোনেশিয়ার বালিতে বৈঠকের পর ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের একাধিক বড় আইসিসি (ICC) টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত। ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
২০৩১-বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত-বাংলাদেশ
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আয়োজন করবে ভারত। ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। এর আগে ২০২৩ সালে সফলভাবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। পাশাপাশি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও রয়েছে ভারতের হাতে। এবার পরপর আরও দুটি বড় আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল বিসিসিআই।
লন্ডনে হবে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
আইসিসির ঘোষণায় আরও জানানো হয়েছে, ২০২৯ এবং ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লন্ডনে। তবে ২০৩৩ এবং ২০৩৫ সালের ফাইনালের আয়োজক দেশের নাম এখনও ঘোষণা করা হয়নি। আইসিসি জানিয়েছে, এই প্রতিযোগিতাগুলি বিশ্ব ক্রিকেটের ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ক্রিকেটে প্রতিযোগিতার মান, উত্তেজনা এবং গুরুত্ব আরও বাড়বে।
সদস্য দেশগুলির আগাম পরিকল্পনায় সুবিধা
আইসিসির তরফে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি সূচি প্রকাশের ফলে ক্রিকেটার ও সদস্য দেশগুলি আগাম পরিকল্পনা করতে পারবে এবং প্রতিভা বিকাশের উপর আরও বেশি গুরুত্ব দিতে পারবে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩৫ সাল পর্যন্ত একাধিক বড় প্রতিযোগিতার আয়োজক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি। তবে ২০৩২ থেকে ২০৩৫ সালের কয়েকটি প্রতিযোগিতার আয়োজক দেশের নাম এখনও চূড়ান্ত হয়নি। পরবর্তী সময়ে তা ঠিক করে দ্রুত ঘোষণাও করা হবে, বলে জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।



