Tag: Jasprit Bumrah

Jasprit Bumrah

  • India vs South Africa: টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য দেখাল ভর্তি ইডেন, প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

    India vs South Africa: টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য দেখাল ভর্তি ইডেন, প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটের উন্মাদনা যে এরকম হতে পারে, তা ইডেন না দেখলে বিশ্বাস করা যায় না। একেবারে হাউসফুল গ্যালারি বলা চলে। মধ্যাহ্নভোজের পর তো গ্যালারির কোথাও সেভাবে ফাঁকা দেখাই গেল না। টেস্ট ক্রিকেটেও ইডেনের গ্যালারি যেন টি-টোয়েন্টির মেজাজ দেখাল। বুমরা, সিরাজ, কুলদীপদের জন্য দর্শকদের চিৎকার আর চেনা মেক্সিকান ওয়েভ। ইডেন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিন গ্যালারিতে উপস্থিত ৩৫০২২ দর্শক। প্রথম দিনের শেষে ২০ ওভারে ভারতের স্কোর ৩৭/১। কে এল রাহুল ১৩ রানে ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত। দ্বিতীয় দিন শনিবারও গ্যালারি ভরবে বলার অপেক্ষা রাখে না। একে ছুটির দিন, তার উপর ব্যাট করবেন গিল-রাহুলরা।

    বুমরার বাউন্সে কাহিল

    ইডেনে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হারেন ভারত অধিনায়ক শুভমন গিল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন বাভুমা। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকেলটন। দিনের শুরুতে তাঁদের আগ্রাসী মেজাজে দেখে মনে হচ্ছিল টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক করেছেন বাভুমা। কিন্তু বুমরা-কুলদীপদের দাপট শুভমন গিলের টস-হতাশা উধাও করে দিল প্রথম দু’ঘণ্টাতেই। বুমরার লাইন-লেংথে বার বার ঠকে গেলেন প্রোটিয়া ব্যাটারেরা। নিখুঁত জায়গায় বল রেখে গেলেন। খেলার অযোগ্য ইয়র্কার দিলেন। ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নিলেন অনায়াসে। তাঁকে সঙ্গ দিলেন কুলদীপ যাদব। কয়েক দিন পরই তাঁর বিয়ে। ভাল ফর্মে রয়েছেন। ২ উইকেট নিলেন ৩৬ রান খরচ করে। প্রথম দিনের ২২ গজ থেকে যে স্পিনারেরা দারুণ সাহায্য পেয়েছেন, তা নয়। তবু কুলদীপের বল পড়তে পারলেন না টেম্বা বাভুমা, উইয়ান মুলডারেরা। দুটি উইকেট নিলেন সিরজাও আর একটি নিলেন অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারই দলকে ভরসা দিতে পারলেন না। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ইনিংস শেষ হল ১৫৯ রানে। ৫৫ ওভার ব্যাট করলেন তাঁরা।

    সাবধানী ভারত

    ভারতের ব্যাটারেরা ২২ গজে বেশ সাবধানী। দক্ষিণ আফ্রিকার হাল দেখে লোকেশ রাহুলেরা ঝুঁকি নিয়ে হাল (পড়ুন ব্যাট) চালাতে চাইছেন না। যশস্বী জয়সওয়াল (১২) রান পেলেন না। মার্কো জানসেনের বলের লাইন বুঝতে পারলেন না। রাহুল দুর্গ আগলাচ্ছেন ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। কেএল রাহুল ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে ব্যাট করছেন। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ১২২ রানে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে রয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের ২২ গজ নিয়ে গত কয়েক দিন ধরে যথেষ্ট টানাপোড়েন চলেছে। গৌতম গম্ভীরের পছন্দ হয়নি ২২ গজ। সিএবির প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিজের আপত্তি জানান ভারতীয় দলের কোচ। সুজন অবশ্য পিচের চরিত্র পরিবর্তনের চেষ্টা করেননি। তবু যতটা পেরেছেন শেষ তিন-চার দিনে ২২ গজকে গম্ভীরের পছন্দ মতো করে দেওয়ার চেষ্টা করেছেন। তাতে সমস্যা কিনা, তা এখনই বলা কঠিন। তবে ইডেনের ২২ গজে আপাতত সাবধানী ভারতও।

    কড়া নিরাপত্তা ইডেনে

    দীর্ঘ ৬ বছর পর কলকাতায় টেস্ট (Test Cricket)। তাও আবার টেস্ট বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলছে শুভমন গিলের ভারত (India)। ইডেন জুড়ে এবারে নিরাপত্তা বেশ জোরদার করা হয়। রাজধানীতে বিস্ফোরণের জেরে আরও টাইট সিকিউরিটি শহরের একাধিক জায়গায়। টেস্টের প্রথম আধঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও দেখা গেল একাধিক গেটের বাইরে লম্বা লাইন। কড়া চেকিংয়ের পরই গ্যালারিতে ঢুকতে পারছেন দর্শকরা। গ্যালারিতেও দেখা গেল পুলিশের কড়া নজরদারি।

     

     

     

  • India England 2nd Test: শুভমনের দ্বিশতরান, ছাপিয়ে গেলেন সচিন-কোহলিকে! যোগ্য হাতেই ভারতের টেস্ট ক্রিকেটের ব্যাটন

    India England 2nd Test: শুভমনের দ্বিশতরান, ছাপিয়ে গেলেন সচিন-কোহলিকে! যোগ্য হাতেই ভারতের টেস্ট ক্রিকেটের ব্যাটন

    মাধ্যম নিউজ ডেস্ক: এজবাস্টনে ইতিহাস লিখলেন শুভমন গিল (Shubman Gill)। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে (India England 2nd Test) তাঁর ২৬৯ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৮৭ রান করল ভারত। ১৮ বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে ৫০০ রানের বেশি করল ভারত। একের পর এক নজির গড়লেন ভারত অধিনায়ক। ছাপিয়ে গেলেন সুনীল গাভাসকর, শচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের। প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে থেকে এজবাস্টনে প্রথম ইনিংসে একাই প্রায় ৬৫ ওভারের বেশি ব্যাট করে ফেলেছেন শুভমন গিল।

    শুভমনের নজির

    ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেললেন শুভমন। এর আগে সেই রেকর্ড ছিল কোহলির দখলে। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান করেছিলেন। শুভমনই এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করেছেন। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশান ইংল্যান্ডের মাটিতে ১৯৩ রান করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করলেন শুভমন। এত দিন সেই রেকর্ড ছিল সুনীল গাভাসকরের দখলে। ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন তিনি। ৪৬ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন শুভমন। এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন শুভমন। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ২৪১ রান করেছিলেন তিনি। ২১ বছর পর এজবাস্টনে ভাঙল সেই রেকর্ড।

    শক্ত হাতে ভারতীয় ক্রিকেট

    ত্রিশতরান হাতছাড়া হলেও কঠিন পরিস্থিতিতে যে সামনে থেকে নেতৃত্ব দিতে ভালবাসেন, তা বুঝিয়ে দিলেন শুভমন গিল। তাঁর হাতে দলের ব্যাটন তুলে দিয়ে বিসিসিআই যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তা-ও বুঝিয়ে দিলেন আইপিএলে গুজরাট-টাইটান্সের ক্যাপ্টেন। গত ৫০ বছরে টেস্টে ভারতীয় ক্রিকেটের ব্যাটন বদলেছে। সুনীল গাভাসকরের কাছ থেকে পেয়েছিলেন শচিন তেন্ডুলকর। দুই দশকের বেশি সময় ধরে তিনি সেই দায়িত্ব সামলেছেন। নিজের চার নম্বর জায়গা তিনি ছেড়ে গিয়েছিলেন কোহলিকে। শচিনের মান রেখেছেন কোহলি। শুধু ব্যাটার হিসেবে নয়, অধিনায়ক হিসেবে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। কোহলির ছেড়ে দেওয়ার চার নম্বর জায়গা মাত্র দুই টেস্টেই নিজের করে নিয়েছেন শুভমন। মাত্র দুই টেস্টেই তিনি বুঝিয়ে দিয়েছেন, শক্ত হাতে রয়েছে ভারতের টেস্ট ক্রিকেট।

    কোন রসায়নে সাফল্য

    শুভমন যখন ১৯৯ রানে খেলছেন তখনও তাঁকে বাউন্সার করেন জশ টং। তাতে শুভমনের কোনও সমস্যা হয়নি। ফাইন লেগে পুল মেরে নিজের প্রথম দ্বিশতরান করেছেন তিনি। তার পরেও থামেননি। শেষ পর্যন্ত থেমেছেন ২৬৯ রানে। তাঁর ইনিংসে ছিল ৩০টি চার ও তিনটি ছক্কা। ধুম-ধারাকা আইপিএলের পর ক্লাসিকাল ক্রিকেটে ধ্রুপদী ইনিংস। শুভমন বলেন, ‘আমাদের দল ভাল জায়গায় আছে। আমি কয়েকটা দিক নিয়ে পরিশ্রম করেছিলাম। আইপিএল শেষ হওয়ার পর বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম যা টেস্ট ক্রিকেটের আগে খুব জরুরি ছিল। এখনও পর্যন্ত যা দেখছি, সেগুলো আমাকে সাহায্য করেছে।’

    মুগ্ধ ইংল্যান্ডও

    শুভমনের ইনিংস দেখে উচ্ছ্বসিত ইংল্যান্ড শিবিরও। মুগ্ধতার ছবিটা কেমন? প্রসিদ্ধ কৃষ্ণ দিনের শেষ বলটা করতেই ব্যাট বগলদাবা করে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করলেন হ্যারি ব্রুক। অপর অপরাজিত ব্যাটার জো রুটকে দেখা গেল উল্টো দিকে হাঁটা দিলেন। তিনি এগিয়ে গেলেন শুভমন গিলের দিকে। করমর্দন করলেন ভারতের অধিনায়কের সঙ্গে। ইংল্যান্ড তো বটেই, বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার অভিনন্দন জানাতে এগিয়ে যাচ্ছেন, এটাই শুভমনের ইনিংসের সার্থকতা।

    অ্যাডভান্টেজ ভারত

    এজবাস্টনে শুভমনের সামনে অসহায় দেখিয়েছে ইংরেজ বোলিংকে। এখানকার পাটা উইকেটে ২১১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। শুভমন জানতেন, অন্তত ৪০০ রান করার লক্ষ্য ছিল তাঁর। শুভমনকে সাহায্য করলেন রবীন্দ্র জাদেজা। তিন বছর আগে এই মাঠেই শতরান করেছিলেন জাদেজা। তিনি ভাল খেললেন। দু’জনের মধ্যে ২০৩ রানের জুটি হল। তাতে চাপ অনেক কমে গেল শুভমনের উপর। জাদেজা আউট হওয়ার পর শুভমনের ঢাল হয়ে দাঁড়ালেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। বাংলার পেসার আকাশ দীপ পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন। তৃতীয় ওভারে দুই উইকেট খুইয়ে ইংল্যান্ড যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল, তখন আবার মহম্মদ সিরাজ বাধা হয়ে দাঁড়ান। অপর ওপেনার ক্রলিকে ফেরান তিনি। মাত্র ২৫ রানে তিন উইকেট খুইয়ে বসে ইংরেজ বাহিনী। এরপর জো রুট ও হ্যারি ব্রুক ম্যাচের হাল ধরেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ৩ উইকেটে ৭৭ রানে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ম্যাচের যা পরিস্থিতি তাতে বলাই যায়, অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।

  • India vs England 2nd Test: সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, রেকর্ড বলছে অন্য কথা! এজবাস্টনে আজ শুরু দ্বিতীয় টেস্ট

    India vs England 2nd Test: সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, রেকর্ড বলছে অন্য কথা! এজবাস্টনে আজ শুরু দ্বিতীয় টেস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার এজবাস্টনে দ্বিতীয় টেস্টে (India vs England 2nd Test) মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। সিরিজ নিজেদের দখলে রাখতে হলে দ্বিতীয় ম্যাচেই সমতা ফেরাতে হবে ভারতকে। বিদেশ সফর, তার উপর আবার অনভিজ্ঞ দল। পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়া সমস্যায় ফেলেছে গৌতম গম্ভীরের দলকে। এজবাস্টন টেস্ট হাতছাড়া হলে, বাকি ৩ ম্যাচই জিততে হবে। সেটা বেশ কঠিন কাজ। তাই কাজটা একেবারেই কঠিন করতে নারাজ শুভমন গিলরা। লাল বলের ক্রিকেটে এজবাস্টনে কোনও সুখস্মৃতি সরবরাহ নেই ভারতের। কারণ, এ মাঠে কখনও টেস্ট জেতেনি ভারত।

    অনিশ্চিত বুমরা

    এজবাস্টনে সচরাচর ফাস্ট বোলাররা (Jasprit Bumrah) মদত পেয়ে থাকেন। প্রায়শই আকাশে মেঘ দেখা যায় ফলে টেস্টের শুরুর দিকে বিশেষত বল স্যুইং করানোর জন্য একেবারে ঠিকঠাক পরিবেশ থাকে। এই ম্যাচের পিচ দেখেও কিন্তু তেমনটারই পূর্বাভাস মিলছে। টেস্টের প্রথম দুই দিনে ডিউক বলে ফাস্ট বোলাররা মদত পেতে পারেন। তাই এই ম্যাচে বুমরাকে প্রয়োজন ভারতের। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। আগেই জানা গিয়েছিল তিনি সিরিজের সব ম্যাচ খেলবেন না। ফলে বার্মিংহ্যামে তাঁর বদলে খেলতে পারেন আকাশ দীপ ও অর্শদীপ সিং-এর মধ্যে এক জন। তবে বুমরা ছাড়া দল নামাতে ব্যাকফুটে ভারত। দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অধিনায়ক শুভমন বলেছেন, ‘‘জসপ্রীত বুমরাকে পাওয়া যাবে। আমরা সঠিক বোলিং আক্রমণ বেছে নেওয়ার চেষ্টা করছি, যাতে বিপক্ষের ২০টি উইকেট নেওয়া যায় এবং কিছু রানও হয়। অনুশীলনের পর পিচ দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ আসলে, ব্যাটাররা পাঁচটি সেঞ্চুরি করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারতে হয়েছে ভারতীয় দলকে। জসপ্রীত বুমরা ছাড়া বাকি বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই হারতে হয় টিম ইন্ডিয়াকে।

    দলে বাংলার আকাশ দীপ

    বুমরা এজবাস্টনে না খেলা মানে, ভারতের উপর চাপ আরও কয়েকগুণ বেড়ে যাওয়া। সমর্থক থেকে প্রাক্তনী, সকলেই প্রবলভাবে চাইছেন বুধবার বুমরাকে নামিয়ে দেওয়া হোক। ঘুরে দঁড়াতে মরিয়া ভারতীয় দল আসলে বড় বেশি বুমরা নির্ভর হয়ে পড়েছে। ম্যাচ জেতালে তিনিই জেতাবেন। বাকিরা তালপাতার সেপাই। হেডিংলে টেস্টে ৩৭১ রানের টার্গেট দিয়েও ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার, সেই ধারণাকে আরও দৃঢ় করেছে। তাই বুধবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বুমরাকে নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে বার বার হোঁচট খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে বুমরাকে না পাওয়া গেলে তাঁর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। এজবাস্টনের নেটে চেনা ছন্দে দেখা গেল আকাশ দীপকে। আরেকটা সুবিধা হচ্ছে, দুদিকেই বল ঘোরাতে পারেন তিনি।

    কেমন হবে দল

    প্রথম টেস্টে হারের পর একাধিক প্লেয়ারের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। ফলে দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd Test) ভারতের একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। প্রথম টেস্টে ভারতীয় দলে যার সুযোগ পাওয় নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠেছে তিনি শার্দুল ঠাকুর। না বোলিংয়ে, না ব্যাটিংয়ে কোনও কিছুতেই নিজের সেরাচা দিতে পারেনি তিনি। ফলে দ্বিতীয় ম্যাচে তার বাদ পড়ার সম্ভাবনা প্রবল। শার্দুলের জায়গায় সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। এছাড়া মিডল অর্ডারে প্রথম ডাউন অভিষেক টেস্টে হতাশ করেছেন সাই সুদর্শনও। প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন তিনি। ফলে দ্বিতীয় টেস্টে তারও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তার বাদলে দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর, অভিমন্যু ঈশ্বরণ, নীতিশ কুমার রেড্ডি। সমস্যা হচ্ছে, প্রথম টেস্টে ভারতকে ভুগিয়েছে ফিল্ডিংও। একাই চারটি ক্যাচ মিস করেছেন যশস্বী জয়সওয়াল। জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টের স্লিপ কর্ডনে থাকবেন না যশস্বী।

    এজবাস্টনে জেতেনি ভারত

    ইংল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। লিডস টেস্টে জয়ের কাছে পৌঁছেও হার মানতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে। এই অবস্থায় এজবাস্টনের (India vs England 2nd Test) রেকর্ডও ভারতের অনুকূলে নয়। ১৯৬৭ সালে ভারতীয় দল এজবাস্টনে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামে। তারপর থেকে ৫৮ বছর কেটে গিয়েছে। এই মাঠে আরে সাতবার ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। দুর্ভাগ্যবশত আটবারের মধ্যে টিম ইন্ডিয়া এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট ম্য়াচ জিততে পারেনি। তিন ম্যাচে তো ইনিংসে হেরেছে টিম ইন্ডিয়া। কেবল ১৯৮৬ সালে টেস্ট ম্য়াচ ড্র করতে সক্ষম হয়েছিল ভারতীয় দল। বাকি সাত ম্যাচেই পরাজিত হয়েছে ভারত। শেষবার তিন বছর আগেও সাত উইকেটে হেরেছিল ভারত। তবে কাজটা কঠিন হলেও শুভমন-গম্ভীরের তরুণ ভারত অবশ্য ইতিহাস পাল্টানোর অপেক্ষাতেই রয়েছে।

  • India vs Australia: গোলাপি টেস্টে ফিরছেন রোহিত! পারথে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা, ওপেনার কে?

    India vs Australia: গোলাপি টেস্টে ফিরছেন রোহিত! পারথে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা, ওপেনার কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টে খেলছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। পারথ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। রোহিতের জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে দেবদত্ত পাড়িক্কলকে। ওপেনার হিসেবে কেএল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। সেটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। তার আগে গোলাপি বলে ভারতের একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। সূত্রের খবর, প্রস্তুতি ম্যাচের আগেই টিমের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা।

    অনুপস্থিত রোহিত, নেতা বুমরা

    সদ্য বাবা হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আরও কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বোর্ড সূত্রে খবর, রোহিত বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে এখনই অস্ট্রেলিয়া (India vs Australia) যেতে পারবেন না। পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চান। দিন-রাতের টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। মাঝে ন’দিনের ব্যবধান রয়েছে। তাই অ্যাডিলেড টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন বুমরা। এর আগে ইংল্যান্ডে একটি টেস্টে বুমরা নেতৃত্ব দিয়েছিলেন।

    ওপেনিংয়ে রাহুল না ঈশ্বরণ

    রোহিত (Rohit Sharma) না থাকায় টপ অর্ডারেও চাপ বাড়ছে। যশস্বীর সঙ্গে ওপেনার কে, এই প্রশ্ন জোরালো। তার অন্যতম কারণ, শুভমন গিলের চোট। সূত্রের খবর, পারথে শুভমনকে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। সে কারণে ওপেনিংয়ের পাশাপাশি তিন নম্বর নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চোটমুক্ত হয়ে রবিবার অনুশীলনে ফিরেছেন কেএল রাহুল। বোর্ডের পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, “ম্যাচের প্রথম দিন খারাপ ভাবে লেগেছিল। আজ ভালো লাগছে। প্রথম ম্যাচের জন্য তৈরি হচ্ছি। এ দেশে তাড়াতাড়ি এসে প্রস্তুতির অনেকটা সময় পেয়েছি ভেবে খুশি। সিরিজের জন্য অনেকটা প্রস্তুতির সময় পেয়েছি।” তবে, রাহুল খেলতে না পারলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার এই ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে সাফল্য পেয়ে আসছেন। ভারত এ দলের হয়েও সাফল্য পেয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Border Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতীয় দলে নেই শামি, ডাক পেলেন বাংলার অভিমন‍্যু, আকাশ 

    Border Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতীয় দলে নেই শামি, ডাক পেলেন বাংলার অভিমন‍্যু, আকাশ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে বর্ডার-গাভাস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া (India-Australia) সফরের ১৮ জনের দলে বাংলা থেকে জায়য়া পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ এবং আকাশ দীপ। দলে ফেরেননি মহম্মদ শামি। তাঁর চোটের সম্পর্কেও বিসিসিআই-এর তরফে কিছু বলা হয়নি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে বিসিসিআই।

    কেন নেই শামি

    বেঙ্গালুরু টেস্টের পর পুরোদমে বল করতে দেখা গিয়েছিল শামিকে। তাঁর বোলিং দেখে খুশি হয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। পরে এক অনুষ্ঠানে হাজির হয়ে শামি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া (India-Australia) সফরে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে দু’-একটি ম্যাচ খেলে নিতে চান। দেখা গেল, অস্ট্রেলিয়া সফরের দলেই সুযোগ পেলেন না তিনি। বোর্ড আলাদা করে উল্লেখ করেনি ক’টি টেস্টের দল ঘোষণা হয়েছে। ফলে পুরো সিরিজের দলই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই গোটা সিরিজেই পাওয়া যাবে না শামিকে। অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। হবে যথাক্রমে পার্‌থ (২২-২৬ নভেম্বর), অ্যাডিলেড (দিন-রাতের, ৬-১০ ডিসেম্বর), ব্রিসবেন (১৪-১৮ ডিসেম্বর), মেলবোর্ন (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনি (৩-৭ জানুয়ারি ২০২৫)।

    দলে হর্ষিত, নীতীশ

    টিম ইন্ডিয়ার টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেন কেকেআর তারকা হর্ষিত রানা (Harshit Rana) ও ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ। পাশাপাশি সুযোগ পেয়েছেন ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান করা অভিমন্যু ঈশ্বরণ। সফরকারী রিজার্ভ ক্রিকেটারদের মধ্যে রয়েছে বাংলার মুকেশ কুমারও। দীর্ঘ চোট সমস্যা কাটিয়ে দলে ফিরলেন আরেক ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক ঘটানোর পর চোটের কারণে দীর্ঘদিন খেলতে পারেননি প্রসিদ্ধ। তবে দলীপ ট্রফিতে নজর কেড়েছিলেন কর্নাটকের ফাস্ট বোলার।

    অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

    রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Bangladesh: বুমরার বিধ্বংসী বলে বেকায়দায় বাংলাদেশ, ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে

    India vs Bangladesh: বুমরার বিধ্বংসী বলে বেকায়দায় বাংলাদেশ, ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুতে ক্রিজে ছিলেন ভারতীয় ব্যাটাররা (India vs Bangladesh)। দিনের শেষেও ক্রিজে ব্যাট করছে ভারত। মাঝে বুমরার বিধ্বংসী স্পেলে দিশাহারা বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের টার্গেট সামনে রেখে খেলতে নেমে শাকিবরা ১৪৯ রানেই প্রথম ইনিংস শেষ করে। সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অন করায়নি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত আপাতত ৩০৮ রানে এগিয়ে রয়েছে। আপাতত ম্যাচের রাশ যে সম্পূর্ণভাবে ভারতের হাতে, তা বলাই বাহুল্য।

    হাসান মামুদের রেকর্ড

    ভারতীয় দল (India vs Bangladesh) দিনটা শুরু করেছিল ৩৩৯ রানে ছয় উইকেট নিয়ে। দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজা ৮৬ রানে ফেরেন। অশ্বিনও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিন সকালে তাসকিন আমেদের ঝাঁঝালো বোলিংয়ে ভারতীয় দল ৩৭৬ রানে অল আউট হয়ে যায়। যশপ্রীত বুমরাকে আউট করে নিজের পাঁচ উইকেট পূরণ করেন হাসান মামুদ। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন তিনি। 

    বুমরার মাইলফলক

    ব্যাট করতে নেমে বাংলাদেশও (India vs Bangladesh) দাঁড়াতে পারল না চিপকের পিচে। প্রথম ওভারেই শাদমানকে ফেরান বুমরা। আকাশদীপ পর পর বলে মোমিনুলকে শূন্য ও জাকির হাসানকে তিন রানে ফেরালে লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শাকিব হাসান, লিটন দাস এবং মেহদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কারও মধ্যে উইকেট আঁকড়ে থেকে লড়াই করার চেষ্টা দেখা যায়নি। শুক্রবার বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে ছুঁয়ে ফেলেন নতুন মাইলফলক। ভারতের দশম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন বুমরা (Jasprit Bumrah)। চেন্নাই টেস্টের আগে বুমরার সংগ্রহে ছিল ৩৯৭টি আন্তর্জাতিক উইকেট। টেস্টে ১৫৯টি, এক দিনের ক্রিকেটে ১৪৯টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৯টি। ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর দরকার ছিল ৩টি উইকেট। এদিন ৫০ রান দিয়ে বাংলাদেশের ৪ উইকেট নেন বুমরা।

    ভালো জায়গায় ভারত

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের রান পেলেন না রোহিত (৫) ও যশস্বী (১০)। সাবধানে খেলার চেষ্টা করেও লাভ হল না কোহলির। ১৭ রান করে মেহদির বলে ফিরলেন সাজঘরে। মেহদির বল কোহলির ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। বাংলাদেশের (India vs Bangladesh) আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু কোহলি বুঝতেই পারেননি বল তাঁর ব্যাটে সামান্য লেগেছে। তিনি শুভমনের সঙ্গে আলোচনা করলেও রিভিউ নেননি। পরে রিপ্লেতে বোঝা যায়, কোহলি আউট ছিলেন না। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত শুভমন (৩৩) এবং ঋষভ পন্থ (১২)। শনিবার ভারত আরও ১৫০ রান করতে পারলেই চাপে পড়ে যাবে বাংলাদেশ। চিপকের পিচে চতুর্থ ইনিংসে ৪০০-এর উপর রান তোলা বেশ কঠিন, তা ভালোই জানে ক্রিকেট মহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: সূর্যের ব্যাটিং ও বুমরার বিষাক্ত স্পেলে বিধ্বস্ত আফগানিস্তান, সহজে জিতল ভারত

    T20 World Cup 2024: সূর্যের ব্যাটিং ও বুমরার বিষাক্ত স্পেলে বিধ্বস্ত আফগানিস্তান, সহজে জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরার বিষাক্ত স্পেল ও সূর্যের ব্যাটিং তেজে সুপার এইটের প্রথম ম্যাচে (T20 World Cup 2024) আফগানিস্তানের বিপক্ষে সহজেই জয় পেল ভারত। রোহিতদের ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান স্লো পিচের কবলে পড়ে। স্লোয়ার দিয়েই বাজিমাত করেন ভারতীয় বোলাররা। দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ ও হজরতুল্লা জাজাইকে ফেরান জশসপ্রীত বুমরা।  এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান (India vs Afghanistan)। ১৩৪ রান অলআউট হয় আফগানরা। বিশ্বকাপের আসরে সুপার এইটের প্রথম ম্যাচে ৪৭ রানে জিতে নেট রান রেটে অনেকটা এগিয়ে গেল ভারত।

    সূর্যের তেজ

    বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স বজায় রাখল ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। টস জেতার পর তিনি জানান, পিচটা তাঁর কাছে অচেনা, পিচ কীরকম আচরণ করে সেটা তিনি দেখতে চান। যদিও শুরু থেকে টু পেসড উইকেটে খুব একটা বেশি সুবিধা করতে পারেননি ভারতের ব্যাটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি ফের ব্যর্থ হলেন। রোহিত করলেন ৮ রান ও বিরাট ২৪ রান। পন্থ ঝোড়ো ইনিংস শুরু করতে গিয়ে ২০ রানে আটকে যান। দুবেও ১০ রান করে ফেরেন। এক সময় ১১ ওভারে ভারতের রান দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে ৯০। এরপর সূর্যকুমার যাদব দলের হাল ধরেন। তাঁকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। ৯০ রান থেকে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ১৫০-এ নিয়ে যায় দলকে। সূর্য ৫৩ রান করে আউট হন। হার্দিক ২৪ বলে ৩২ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। শেষে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রান দলকে ১৮১ রানে নিয়ে যায়। আফগানিস্তানের হয়ে বল হাতে দাপট দেখান রশিদ খান। রশিদ ও ফজলহক ফারুকি তিনটে করে উইকেট নেন। 

    বুমরার স্বপ্নের স্পেল

    ভারতের ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফগানিস্তান। বুমরার প্রথম ওভারের প্রথম বলেই হার মানেন গুরবাজ। বুমরার স্বপ্নের স্পেল ভারতকে খেলায় চালকের আসনে বসিয়ে দেয়। মাত্র সাত রানে তিন উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন বুমরা। চলতি বিশ্বকাপে হার্দিককে টপকে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ভারতীয় পেসার। বুমরার পাশে অর্শদীপ সিং ও কুলদীপ যাদব ম্যাচ জেতানো বোলিং করেছেন। বার্বাডোজের মন্থর পিচে মহম্মদ সিরাজের জায়গায় এদিন কুলদীপ যাদবকে খেলানো হয়। প্রথম ম্যাচেই জোড়া উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার। তিন উইকেট নেন অর্শদীপ।

    আফগানদের বিরুদ্ধে অনায়াসে জিতলেও এদিনের পর ব্যাটিং চিন্তায় রাখবে রোহিতকে। নিউ ইয়র্কের পিচে বড় রান পায়নি ব্যাটাররা।‌ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ ভারতীয় ব্যাটিং। একমাত্র সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া ছাড়া কেউ রান পায়নি। টপ অর্ডারের ব্যর্থতা ভাবাবে কোচ দ্রাবিড়কে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jasprit Bumrah: তিন ফর্ম্যাটেই বোলারদের তালিকায় শীর্ষে! ক্রিকেটে বিশ্বরেকর্ড যশপ্রীত বুমরার

    Jasprit Bumrah: তিন ফর্ম্যাটেই বোলারদের তালিকায় শীর্ষে! ক্রিকেটে বিশ্বরেকর্ড যশপ্রীত বুমরার

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টে সব থেকে বেশি উইকেট নিয়ে এক ঐতিহাসিক নজির গড়লেন তিনি। টেস্ট ম্যাচের বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন। তাঁর এই অসাধারণ সাফল্য ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে।

    ৯ উইকেটে নিয়ে টেস্ট-তালিকার শীর্ষস্থানে

    ক্রিকেটের তিন রকমের তালিকার ক্রম প্রকাশ করে থাকে আইসিসি। টেস্ট ম্যাচ, এক দিনের ক্রিকেট এবং টি২০ ক্রিকেটে বোলার, ব্যাটার, ফিল্ডারদের আলাদা ক্রমতালিকা প্রকাশ করা হয়। বিশাখাপত্তনমের টেস্ট ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিবেচিত হয়েছিলেন বুমরা (Jasprit Bumrah)। ফলস্বরূপ, বুধবার আইসিসি-র টেস্ট-র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ পেলে দেখা যায়, বুমরা এক নম্বর জায়গাটি দখল করেছেন। আগে থেকেই তিনি একদিনের ক্রিকেট ও টি-২০ বোলারদের র‌্যাঙ্কিয়েও শীর্ষে ছিলেন। ফলে, তিনিই হলেন বিশ্ব ক্রিকেটের এখনও পর্যন্ত প্রথম ও একমাত্র বোলার, যিনি তিন ফর্ম্যাটেই শীর্ষে রয়েছেন। এটাই বিশ্বরেকর্ড।

    অশ্বিন-রবীন্দ্র-বিষেণ ছিলেন তালিকায় আগে

    বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় রবিচন্দন অশ্বিনকে টপকে শীর্ষ উঠে এসেছেন বুমরা (Jasprit Bumrah)। আইসিসি থেকে তাঁর পয়েন্ট ঘোষণা করা হয়েছে ৮৮১। তাঁর পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিনসো রাবাদা, তাঁর পয়েন্ট ৮৫১। আর তৃতীয় স্থান দখল করেছেন ৮৪১ পয়েন্টে রবিচন্দন অশ্বিন। পাশাপাশি, এই প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটের বোলারদের তালিকায় প্রথম স্থান দখল করেছেন। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং বিষেণ বেদি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: চতুর্থ টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই, বিশ্রাম বুমরাকে, রাঁচিতেও নেই রাহুল 

    India vs England: চতুর্থ টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই, বিশ্রাম বুমরাকে, রাঁচিতেও নেই রাহুল 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে  যশপ্রীত বুমরাকে ছাড়াই খেলবে ভারত। রাজকোট টেস্টের পরই শোনা গিয়েছিল, রাঁচীতে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের সহ-অধিনায়ককে। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। পেশির চোটের কারণে এই টেস্টেও খেলতে পারবেন না লোকেশ রাহুল। নেই সম্প্রতি দ্বিতীয় বার বাবা হওয়া বিরাট কোহলিও।

    কী কী পরিবর্তন

    ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিসিসিআই বিবৃতিতে জানায়, ‘যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিরিজের দৈর্ঘ্য এবং ও সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, তার দিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত নেওয়া হল।’ দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টেও খেলতে পারবেন না রাহুল। তাঁর চোট এখনও সম্পূর্ণ সারেনি। বোর্ড সূত্রে খবর তিনি ৯০ শতাংশ ফিট। তাই তাঁকেও দলে রাখা হয়নি। 

    ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হবে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test)। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের জন্য ১৬ জনের দলে এসেছেন বাংলার মুকেশ কুমার। তৃতীয় টেস্টে তাঁকে ছেড়ে দিয়েছিল ভারতীয় শিবির। বাংলার হয়ে বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেন তিনি। দলে রয়েছেন বাংলার আকাশ দীপও। দলে উইকেট কিপার হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল। তাঁর কিপিং রাজকোটে সকলের নজর কেড়েছে। ধোনিকে আদর্শ করেই বড় হয়েছেন ধ্রুব। তাই রাঁচিতে ধোনির সাক্ষাত চান ভারতের তরুণ উইকেট রক্ষক।

    চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশ দীপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs England: রাঁচিতে নেই বুমরা! সুযোগের অপেক্ষায় বাংলার দুই তারকা পেসার

    India Vs England: রাঁচিতে নেই বুমরা! সুযোগের অপেক্ষায় বাংলার দুই তারকা পেসার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাঁচি টেস্টে নেই বুমরা। বল হাতে টানা তিন টেস্টে ইংল্যান্ডের নাভিশ্বাস তুলে দিয়েছেন জসপ্রীত বুমরা। আপাতত তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কিন্তু বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য চতুর্থ টেস্টে রাঁচিতে বিশ্রাম দেওয়া হবে। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন মুকেশ কুমার। আবার ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে বাংলার পেসার আকাশদীপকেও। 

    সিরাজের সঙ্গী কে   

    ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে ভারত। রাঁচিতে চতুর্থ টেস্ট। প্রথম তিন ম্যাচেই খেলেছেন জসপ্রীত বুমরা। চতুর্থ টেস্টে বিশ্রামের সম্ভাবনা বুমরার। রাজকোটেই সেই সম্ভাবনা ছিল। যদিও দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে ১০ দিনের বিরতি থাকায় বুমরাকে আর বিশ্রাম দেওয়া হয়নি। প্রথম টেস্টে বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে ছিলেন মহম্মদ সিরাজ। বিশাখাপত্তনমে বুমরার বোলিং সঙ্গী হন মুকেশ কুমার। তৃতীয় ম্যাচে দেখা যায় ফের বুমরা-সিরাজ জুটিকে। চতুর্থ টেস্টে এই জুটি ভাঙতে পারে। মুকেশের লড়াইটা বাংলার হয়ে খেলা পেসার, আকাশ দীপের সঙ্গে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন আকাশ দীপ। শুধু তাই নয়, ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও চোখ ধাঁধানো পারফর্ম করেছেন। মুকেশের তুলনায় তাঁর বলের গতি বেশি। টিম ম্যানেজমেন্ট তাঁকেও সুযোগ দিয়ে দেখতে পারে। হয়তো রাঁচিতেই বাংলা আরও এক টেস্ট ক্রিকেটার পেয়ে যাবে।

    আরও পড়ুন: শীর্ষে ওঠার সুযোগ মোহনবাগানের সামনে, ছয় নম্বরে চলে আসতে পারে লাল-হলুদ

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডের বোলিং ব্রিগেডকে তৃতীয় টেস্টে বেশ নিম্নমানের লেগেছে। জেমস অ্যান্ডারসনের মত তারকা পেসারকেও গলি স্তরে নামিয়ে এনেছিলেন যশস্বী জয়সওয়াল। ইংরেজ পেসারের এক ওভারে ২১ রান তুলেছিলেন যশস্বী।  রাজকোট টেস্টে একদিন বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২০৯ রান এবং তৃতীয় টেস্টে ২১৪ রান করেছেন। জয়সওয়াল এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১৩ টেস্ট ইনিংসে ৮৬১ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী যদি ১৩৯ রান করেন, তাহলে টেস্ট ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করবেন। অর্থাৎ ১৪তম ইনিংসে সহস্রাধিক টেস্ট রান পূর্ণ করতে পারবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share